Home Blog Page 84

প্রবাসীদের সম্মাননা জানাবে সিলেটের জেলা প্রশাসন

0

ডেস্ক রিপোর্ট ::

দেশের অর্থনীতি ও সামাজিক উন্নয়নে অবদান রাখার স্বীকৃতি হিসেবে প্রবাসী বাংলাদেশিদের সম্মাননা জানাবে সিলেটের জেলা প্রশাসন। এ উপলক্ষে যোগ্য প্রবাসীদের কাছ থেকে ৬ ক্যাটাগরি আবেদন আহ্বান করে বিজ্ঞপ্তি জারি করেছে জেলা প্রশাসন।

সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলমের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে- দেশের উন্নয়ন ও অর্থনৈতিক অগ্রযাত্রায় প্রবাসীদের অবদান অনন্য ও অনস্বীকার্য। সেই অবদানকে শ্রদ্ধা জানাতেই জেলা প্রশাসন সিলেট জেলার গর্বিত প্রবাসীদের সম্মাননা প্রদানের উদ্যোগ নিয়েছে।

সম্মাননার জন্য সফল প্রবাসী শ্রমিক, সফল প্রবাসী ব্যবসায়ী, প্রবাসী কমিউনিটি নেতা, নারী উদ্যোক্তা, সমাজসেবায় অবদানকারী প্রবাসী এবং দেশে পণ্য সংযোজনে ভূমিকা রাখা প্রবাসীরা আবেদন করতে পারবেন।

আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ ৫ ডিসেম্বর ২০২৫। আবেদন পাঠানো যাবে ই-মেইলে adeeducitzszlhet@mopa.gov.bd। এছাড়া আবেদনপত্র জেলা প্রশাসকের ওয়েবসাইট www.szlhet.gov.bd থেকে সংগ্রহ করা যাবে। আবেদনকারীরা সরাসরি প্রধান কর্মসংস্থান কর্মকর্তা, সিলেট কার্যালয়ে যোগাযোগ করতে পারবেন অথবা বাংলাদেশ থেকে WhatsApp এর মাধ্যমে আবেদন করতে পারবেন।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে, প্রবাসীরা দেশের উন্নয়নের এক অগ্রণী শক্তি। তাদের অবদানকে স্বীকৃতি দিতে সিলেট জেলা প্রশাসন নিয়মিতভাবে ‘প্রবাসী সম্মাননা’ প্রদান অব্যাহত রাখবে।

সারা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতার নির্দেশ

0

আধুনিক ডেস্ক ::

সারা দেশে সহিংসতা ও অগ্নিসংযোগের মতো নাশকতার ঘটনাকে বিবেচনায় নিয়ে দেশের সব বিমানবন্দরকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। মঙ্গলবার বেবিচকের সহকারী পরিচালক (জনসংযোগ) মুহাম্মাদ কাউছার মাহমুদ প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, এ বিষয়ে দেশের সব বিমানবন্দর কর্তৃপক্ষকে একটি চিঠি পাঠানো হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, বিমানবন্দরের নিরাপত্তা নিশ্চিত করতে সিসিটিভির মাধ্যমে সার্বক্ষণিক নজরদারি, ভেহিকেল ও ফুট প্যাট্রোল বাড়ানো এবং মনিটরিং ব্যবস্থা জোরদার করতে হবে। পাশাপাশি সম্ভাব্য অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় তাৎক্ষণিক পদক্ষেপ নেওয়ার প্রস্তুতিও রাখতে হবে।

বেবিচকের নির্দেশনায় আরও বলা হয়েছে, সব বিমানবন্দরে সর্বোচ্চ জনবল মোতায়েন ও ফায়ার সার্ভেইল্যান্স কার্যক্রম জোরদার করতে হবে। কেপিআই নিরাপত্তা নীতিমালা যথাযথভাবে বাস্তবায়ন, বিমানবন্দরে শুধু দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারী ও অনুমোদিত যাত্রীদের প্রবেশ নিশ্চিত করা এবং সাধারণ জনগণের প্রবেশ কঠোরভাবে নিয়ন্ত্রণের কথা বলা হয়েছে।

এ ছাড়া বিমানবন্দরের প্রবেশ ও প্রস্থান পথে যত্রতত্র তল্লাশি, যাত্রী ও কার্গোর নিরাপত্তা পরীক্ষা, স্পর্শকাতর এলাকায় ঘন ঘন টহল, প্রতিদিন নিরাপত্তা সরঞ্জাম পরীক্ষা, কর্মকর্তাদের নিয়মিত ব্রিফিং এবং ২৪ ঘণ্টা সিসিটিভি মনিটরিং চালু রাখার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে গ্যাস, বৈদ্যুতিক লাইনসহ সব স্থাপনার অগ্নিনিরাপত্তা নিশ্চিত করা এবং অগ্নিনিরাপত্তাব্যবস্থা সব সময় সক্রিয় রাখার ওপরও জোর দিয়েছে বেবিচক।

সিলেটে ছাত্রলীগের মিছিলে অংশ নেওয়ার অভিযোগে সাবেক মেয়র কামরানের ভাতিজা গ্রেপ্তার

0

আধুনিক রিপোর্ট ::

ছাত্রলীগের মিছিলে অংশ নেওয়ার অভিযোগে সিলেটে সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরানের ভাতিজা আকরাম আহমদকে গ্রেপ্তার করেছে পুলিশ। আকরাম সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র প্রয়াত বদর উদ্দিন আহমদ কামরানের ছোট ভাই এনাম আহমেদর ছেলে ও নগরের খাজাঞ্চিবাড়ি ইন্টারন্যাশনাল স্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী। সোমবার মধ্যরাতে অভিযান চালিয়ে ছড়ারপাড় এলাকার বাসা থেকে তাকে আটক করা হয়। পুলিশ বলছে, সোমবার রাতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলে অংশগ্রহণ করায় আকরামকে গ্রেপ্তার করা হয়েছে। এর আগে সোমবার রাত আটটার দিকে সিলেট-ঢাকা মহাসড়কের দক্ষিণ সুরমা উপজেলার লালাবাজার এলাকায় এ মশাল মিছিল করে ছাত্রলীগ।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) সাইফুল ইসলাম। তিনি বলেন, `আকরাম আহমদ নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মিছিলে অংশ নিয়েছিলেন। ওই অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

তবে বদরউদ্দিন কামরানের ছেলে সিলেট মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আরমান আহমেদ শিপলুর অভিযোগ, পুলিশ তাদের বাড়িতে এসে তাকে এবং তার চাচা এনাম আহমদকে খুঁজছিল। তাদের না পেয়ে আকরামকে ধরে নিয়ে যায়।

আকরামের বাবা এনাম আহমদ বলেন, পুলিশ বাসায় আমার ভাতিজা ডা. আরমান আহমদ শিপলু ও আমাকে খুঁজত থাকে। পরে তারা আমার ভাতিজাকে না পেয়ে আমার ঘরে ডাকাডাকি করতে থাকে। এক পর্যায়ে স্কুল পড়ুয়া আমার ছোট ছেলে আকরাম দরজা খুলে দিলে পুলিশ তাকে কোনো কারণ ছাড়াই ধরে নিয়ে যায়।

শাকসু’র ‎নির্বাচনের জন্য কমিশন কর্তৃক ওয়েবসাইট উদ্বোধন‎

0

শাবি প্রতিনিধি:

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনের জন্য অনুষ্ঠানিকভাবে ওয়েবসাইটের উদ্বোধন করেছে নির্বাচন কমিশন।

মঙ্গলবার(১১ নভেম্বর)বিকাল সাড়ে ৩ টায় উপাচার্যের সভাকক্ষে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ. এম. সরওয়ারউদ্দিন চৌধুরী এই ওয়েবসাইটের উদ্বোধন করেন।

বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইটে এই শাকসু মেনু চালু করা হয়েছে। শাকসু মেনু থেকে শিক্ষার্থীরা নির্বাচন কমিশন, গঠনতন্ত্র, তফসিল, ভোটার তালিকা, ভোটার কক্ষ বিন্যাস, প্রার্থী তালিকা, নির্দেশিকা, আচরণ বিধিমালা, ফলাফল ও বিজ্ঞপ্তিসহ গুরুত্বপূর্ণ তথ্য দেখতে পারবেন।

উদ্বোধনকালে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. আবুল মুকিত মোহাম্মদ মোকাদ্দেছ বলেন, শাকসু নির্বাচন সঠিকভাবে পরিচালনায় আমরা ওয়েবসাইট চালু করেছি। যেখান থেকে শিক্ষার্থীরা প্রয়োজনীয় তথ্য পাবেন। এছাড়া, আচরণ বিধিমালার কাজ শেষ হয়েছে শিগগিরই ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

তিনি আরও বলেন, গঠনতন্ত্র অনুযায়ী ভোটার তালিকা করা হচ্ছে ৷ মাস্টার্স পর্যায়ে কিছু কাজ চলছে, এগুলো শেষে ভোটার তালিকা প্রকাশ করা হবে। আবাসিক অনাবাসিক সকল শিক্ষার্থী উৎসবমুখর পরিবেশে ভোটে অংশ নিবেন। আমরা শিগগিরই তফসিল ও ভোটের তারিখ ঘোষণা দিব।

এসময় উপাচার্য অধ্যাপক ড. এ এম সরওয়ারউদ্দীন চৌধুরী ওয়েবসাইটের মাধ্যমে শিক্ষার্থীরা শাকসু নির্বাচনে উপকৃত হবেন এই প্রত্যাশা ব্যক্ত করেন। সভায় বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য অধ্যাপক ড. মো. সাজেদুল করিম, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইসমাইল হোসেনসহ নির্বাচন কমিশনরা উপস্থিত ছিলেন।

শাবি’র রিসার্চ সেন্টারের ১৩তম বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

0

শাবি প্রতিনিধি:

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি)রিসার্চ সেন্টারের ১৩তম বার্ষিক‘গবেষণা ও উদ্ভাবন’শীর্ষক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের রিসার্চ সেন্টারের আয়োজনে তিন দিনব্যাপী এই সম্মেলন এর উদ্বোধন করা হয়।

মঙ্গলবার(১১ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটোরিয়ামে উপাচার্য অধ্যাপক ড. এ. এম. সরওয়ারউদ্দিন চৌধুরীর সভাপতিত্বে এই সম্মেলনে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সাজেদুল করিম, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইসমাইল হোসেন এবং পূবালী ব্যাংক পিএলসির ম্যানেজিং ডিরেক্টর ও চিফ এক্সিকিউটিভ অফিসার মোহাম্মদ আলী।

অনুষ্ঠানে কি-নোট স্পিকার হিসেবে বক্তব্য রাখেন জাপানের কিউশু ইউনিভার্সিটির ডিভিশন অব হেলথকেয়ার ডিজিটাল ট্রান্সফরমেশন-এর সহযোগী অধ্যাপক ড. রফিকুল ইসলাম মারুফ।

প্রধান অতিথির বক্তব্যে ইউজিসি সদস্য অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন বলেন, এখানে উপস্থিত হতে পেরে আমি অত্যন্ত সম্মানিত বোধ করছি। শাবিপ্রবিতে যে গবেষণা ইকোসিস্টেম গড়ে উঠেছে তা সত্যিই প্রশংসনীয়। প্রতিষ্ঠালগ্ন থেকেই শাবিপ্রবি একটি গুরুত্বপূর্ণ বিশ্ববিদ্যালয় হিসেবে যাত্রা শুরু করে। আর বর্তমানে তা দেশের উচ্চশিক্ষা ও গবেষণায় এক অনন্য অবস্থানে পৌঁছেছে। বিশ্ববিদ্যালয়টির এই অগ্রগতি ও অর্জন নিঃসন্দেহে গর্বের বিষয়।

সভাপতির বক্তব্যে ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. এ. এম. সরওয়ারউদ্দিন চৌধুরী বলেন, আমরা গবেষণায় সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি। আমরা চাচ্ছি সিনিয়র ও জুনিয়র স্কলারদের সমন্বয়ে একাডেমিক ও গবেষণার ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে। তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা খাতে পূবালী ব্যাংকের অবদানের প্রশংসা করেন এবং এ আয়োজনের সঙ্গে সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

অনুষ্ঠানে গবেষণায় বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে পাঁচজন শিক্ষককে ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড-২০২৫ প্রদান করা হয়।

অ্যাওয়ার্ডপ্রাপ্তরা হলেন ফিজিক্যাল সায়েন্সেস অনুষদ থেকে গণিত বিভাগের অধ্যাপক ড. পাবেল শাহরিয়ার, সামাজিক বিজ্ঞান অনুষদ থেকে লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক ড. মোঃ আশরাফ সিদ্দিকী, ম্যানেজমেন্ট অ্যান্ড বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন অনুষদ থেকে ব্যবসায় প্রশাসন বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ মিজানুর রহমান, এগ্রিকালচার অ্যান্ড মিনারেল সায়েন্সেস অনুষদ থেকে ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের অধ্যাপক স্বপন কুমার সরকার এবং এপ্লাইড সায়েন্সেস অ্যান্ড টেকনোলজি অনুষদ থেকে ফুড ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টি টেকনোলজি বিভাগের অধ্যাপক ড. মোঃ জহুরুল ইসলাম।

উল্লেখ্য, তিন দিনব্যাপী এই বার্ষিক সম্মেলনে ২৪টি টেকনিক্যাল সেশনে মোট ২৪৫টি গবেষণা প্রবন্ধ উপস্থাপন করা হবে।

শাবিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে বিদেশে উচ্চশিক্ষা ও ক্যারিয়ার বিষয়ক সেমিনার

0

শাবি প্রতিনিধিঃ

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি ) অনুষ্ঠিত হতে যাচ্ছে বিদেশে উচ্চশিক্ষা ও ক্যারিয়ার বিষয়ক সেমিনার ‘শাবি স্পিকার হান্ট ৪.০’। সিলেটের বিখ্যাত আন্তর্জাতিক উচ্চশিক্ষা পরামর্শ দাতা প্রতিষ্ঠান এডুফ্যাক্স গ্লোবালের আয়োজনে এ সেমিনারের রেজিষ্ট্রেশন চলবে আগামী ১৩ নভেম্বর পর্যন্ত।

সোমবার (২৩ নভেম্বর)দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামে এই সেমিনার অনুষ্ঠিত হবে।

দুই ঘণ্টা ব্যাপী এই আয়োজনে থাকবে বিদেশে উচ্চশিক্ষা ও স্কলারশিপ সংক্রান্ত তথ্যবহুল আলোচনা, ভিসা ও আবেদন প্রক্রিয়া সম্পর্কিত প্রয়োজনীয় নির্দেশনা এবং শিক্ষার্থীদের জন্য একটি বিশেষ প্রশ্ন-উত্তর পর্ব।

টাইটেল স্পন্সর হিসেবে প্রতিষ্ঠানটি সেমিনারে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন করে মূল্যবান পরামর্শ ও নির্দেশনা দেবে।

জানা যায় সেমিনারের প্রস্তুতি হিসেবে ইতোমধ্যে ০৯ থেকে ১৩ নভেম্বর পর্যন্ত চলমান রেজিস্ট্রেশন রাউন্ডে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ চোখে পড়ার মতো রয়েছে । রেজিস্ট্রেশনের পাশাপাশি চলছে গেম জোন কার্যক্রম, যেখানে শিক্ষার্থীরা অংশগ্রহণের মাধ্যমে বিভিন্ন আকর্ষণীয় উপহার জেতার সুযোগ পাচ্ছে।

উল্লেখ্য,এডুফ্যাক্স গ্লোবাল দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়া, যুক্তরাজ্যসহ বিশ্বের বিভিন্ন দেশে উচ্চশিক্ষার আবেদন, ই-ভিসা ও ইএপি প্রক্রিয়ায় শিক্ষার্থীদের সফলভাবে সহায়তা করে আসছে।

শাবিতে শিক্ষার্থীদের হলে শিবিরের উদ্যোগে পানির ফিল্টার স্থাপন

0

শাবি প্রতিনিধিঃ

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) নারী শিক্ষার্থীদের বিশুদ্ধ পানির সংকট নিরসনে পানির ফিল্টার বিতরণ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের শাবিপ্রবি শাখা।

মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুর ১টায় নারী শিক্ষার্থীদের তিনটি আবাসিক হল এবং ছেলেদের বিজয়–২৪ হলে এসব ফিল্টার হস্তান্তর করা হয়। ফিল্টারগুলো হল প্রভোস্টদের হাতে তুলে দেন শিবির শাখার সেক্রেটারি মাসুদ রানা তুহিন। এ সময় সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মাসুদ রানা তুহিন বলেন, “মেয়েদের হলে দীর্ঘদিন বিশুদ্ধ পানির সমস্যা ছিল। শিক্ষার্থীদের স্বাস্থ্য ও স্বাচ্ছন্দ্যের কথা ভেবে আমরা এই উদ্যোগ নিয়েছি। বিশুদ্ধ পানি সরবরাহ নিশ্চিতের মাধ্যমে একটি পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত পরিবেশ গড়ে তোলাই আমাদের উদ্দেশ্য।”

ফাতিমাতুজ জাহরা হলের প্রভোস্ট ড. ইসমত আরা বলেন, “এর আগেও ছাত্রশিবির আমাদের ফার্স্ট এইড বক্স দিয়েছে। এবার পানির ফিল্টার দিয়েছে, যা শিক্ষার্থীদের জন্য খুব দরকারি ছিল। এরকম কল্যাণমূলক কাজ ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশা করি।”

শিক্ষার্থীরা জানান, দীর্ঘদিন ধরে হলে বিশুদ্ধ পানির অভাব ছিল। ফিল্টার স্থাপনের ফলে এখন তারা সহজেই বিশুদ্ধ পানি পেতে পারছেন। এ উদ্যোগে তারা সন্তোষ প্রকাশ করেছেন।

সিলেট রেঞ্জের শ্রেষ্ঠ ওসি কোম্পানীগঞ্জ থানার রতন শেখ

0

কোম্পানিগঞ্জ প্রতিনিধিঃ

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রতন শেখ ধারাবাহিক কৃতিত্বের স্বীকৃতি হিসেবে সিলেট রেঞ্জের পাশাপাশি সিলেট জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হয়েছেন।

মঙ্গলবার (১০ নভেম্বর) সিলেট রেঞ্জ কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সেপ্টেম্বর–২০২৫ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় সিলেট রেঞ্জের ডিআইজি মুশফেকুর রহমান তার হাতে রেঞ্জ পর্যায়ের সম্মাননা স্মারক তুলে দেন।কোম্পানীগঞ্জ থানা-পুলিশের সফল অভিযানে বিপুলসংখ্যক মাদকদ্রব্য উদ্ধার হওয়ায় তাকে এ সম্মাননা প্রদান করা হয়।

এর আগে রোববার (৯ নভেম্বর) সিলেট জেলা পুলিশ কল্যাণ সভায় অক্টোবর মাসে মাদক উদ্ধার, গ্রেফতারি পরোয়ানা তামিল, মামলা নিষ্পত্তি এবং আইন–শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার স্বীকৃতি হিসেবে তিনি সিলেট জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হন। ওইদিন সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ মাহবুবুর রহমান স্বাক্ষরিত প্রত্যয়নপত্র ও শ্রেষ্ঠত্বের সনদ গ্রহণ করেন তিনি।

দুই পর্যায়ের এই অর্জনের বিষয়ে ওসি মো. রতন শেখ পিপিএম বলেন, “সিলেট রেঞ্জের ডিআইজি মহোদয় ও জেলা পুলিশ আমাকে যোগ্য মনে করে এই স্বীকৃতি দিয়েছেন। মাদকের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স। আমরা ২৪ ঘণ্টা কোম্পানীগঞ্জবাসীর সুবিধা–অসুবিধায় পাশে থাকার চেষ্টা করেছি এবং ভবিষ্যতেও থাকব। জনগণের যে কোনো সমস্যায় দ্রুত সাড়া দিয়ে সমাধানে সর্বোচ্চ চেষ্টা অব্যাহত থাকবে।”

তার এই সাফল্যে কোম্পানীগঞ্জবাসী ও থানার পুলিশ সদস্যদের সম্মান ও মর্যাদা আরও সুদৃঢ় হয়েছে বলে মনে করছেন স্থানীয় সুধীজন।

ওসি রতন শেখ, চলতি বছরের (২ সেপ্টেম্বর) মঙ্গলবার কোম্পানীগঞ্জ থানায় এসে যোগদান করেন। রতন শেখ ১৯৭৩ সালের ৫ নভেম্বর বাগেরহাট সদর থানার হরিণখানা গ্রামে জন্মগ্রহণ করেন রতন শেখ। তিনি ১৯৯৪ সালে সাব-ইন্সপেক্টর (এসআই) পদে বাংলাদেশ পুলিশে যোগ দেন। দীর্ঘ কর্মজীবনে মাগুরা, ঢাকা মেট্রোপলিটন, কুষ্টিয়া, সাতক্ষীরাসহ দেশের বিভিন্ন থানায় দায়িত্ব পালন করেন।

২০১০ সালে ইন্সপেক্টর পদে পদোন্নতি পেয়ে সাতক্ষীরায় প্রথমবারের মতো ওসি (তদন্ত) হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে তিনি গোয়াইনঘাট ট্যুরিস্ট পুলিশ জোন এবং মাদারীপুর জেলার শিবচর থানার অফিসার ইনচার্জ ছিলেন। জাফলং ট্যুরিস্ট পুলিশের ওসি থাকাকালীন সময়ে দায়িত্বশীল ভূমিকার স্বীকৃতিস্বরূপ তিনি একাধিক সম্মাননা অর্জন করেন। এর মধ্যে রয়েছে, রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম-সেবা), আইজিপি এক্সেমপ্ল্যারি গুড সার্ভিসেস ব্যাজ, শুদ্ধাচার পুরস্কার (২০২২) এবং জাতিসংঘ শান্তি মিশন (সুদান) পদক (২০১৪)

সিলেট দক্ষিণ সুরমা ইউ এসএ ইনক এর আহবায়ক কমিটি গঠন

0

আধুনিক ডেস্ক:

সিলেটের দক্ষিণ সুরমার ইউ,এস,এ ইনক এর আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। সোমবার (১০ নভেম্বর) ব্রঙ্কস গোল্ডেন প্যালেস এ সিলেট দক্ষিণ সুরমা ইউ,এস,এ ইনক এর সৌজন্যে মত বিনিময় সভায় এ কমিটি হঠন করা হয়।

উক্ত মতবিনিময় সভায় প্রফেসর আব্দুল কাইয়ুম এর সভাপতিত্বে সর্বসম্মতিক্রমে শাহেদ আহমদকে আহবায়ক ও মারুফ রশিদকে সদস্য সচিব করে কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। কমিটিতে যারা রয়েছেন- আহবায়ক : শাহেদ আহমদ.

যুগ্ম আহবায়ক: অলিউড ইসলাম তুরন, বিলাল ইসলাম, কামরুজ্জামান খান, তাওহিদুল ইসলাম সজীব।
সদস্য সচিব: মারুফ রশিদ।
সদস্য: মহাক্কেন খান, ফজলে এলাহি তারিন, মোহাম্মদ তাহের আহমদ, ইব্রাহিম আহমদ, ফখরুল ইসলাম।

সভায় আরো উপস্থিত ছিলেন, মইনুল হক চৌধুরী হেলাল, কাহের মিয়া ,জালাল উদ্দিন রুমি ,জামাল ইসলাম, ফখরুল ইসলাম, আব্দুর রব চৌধুরী, জিলাল ইসলাম ,মোহাম্মদ কামরুজ্জামান খান, অলিউল ইসলাম তুরন, কবির আহমেদ লিলু, শাহেদ আহমদ, মজনুর রহমান , তৌহিদ খান ইমন, তাহের আহমদ, মোহাম্মদ ফাহিম ,তৌহিদুল ইসলাম সজিব , বিলাল ইসলাম, বখতিয়ার রাব্বি শাহি. পাভেল আহমেদ ফজলে এলাহী তারিন, শাহরিয়ার চৌধুরী সাফি, মোস্তাকুর রহমান লিটন তারেক আহমদ, জাহিদ খান, ইমরান উদ্দিন, নাহিয়ান চৌধুরী, ওয়াফা চৌধুরী, শুয়াইবুর রহমান, রেজাউল ইসলাম রেজা, অপূ রহমান, আব্দুল খালেক, ইহসানুল হক শানু, মমিন চৌধুরী, ইকরাম হাকিম প্রমুখ।

সিলেটে নাশকতার পরিকল্পনা, ছাত্রলীগের ৫ নেতাকর্মী আটক

0

আধুনিক ডেস্ক ::

সিলেটে গুরুত্বপূর্ণ স্থাপনা ও রেললাইনে নাশকতার পরিকল্পনা ভেস্তে দিয়েছে পুলিশ। আটক করা হয়েছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ৫ নেতাকর্মীকে। পুলিশের দাবি, আটক ৫ জন নাশকতার পরিকল্পনা নিয়েছিলেন। মঙ্গলবার তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো  হয়েছে। আটককৃতরা হলেন- ফেঞ্চুগঞ্জ উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক ও উপজেলার হাটুভাঙা গ্রামের জিল্লুর রহমানের ছেলে কাবিলুর রহমান সোহেল (২৪), পশ্চিম ফরিদপুর গ্রামের মাহতাব উদ্দিনের ছেলে মিনহাজ উদ্দিন মাহিন (২০), পূর্ব ফরিদপুর গ্রামের মৃত আনোয়ার হোসেনের ছেলে সায়মন আহমদ (২০), কায়েস্তগ্রামের আবদুল খালেকের ছেলে মুহিবুল ইসলাম কাওসার ও হবিগঞ্জের বাহুবল থানার বড়গাঁও’র ফরিদ চৌধুরীর ছেলে সিজিল চৌধুরী।

ফেঞ্চুগঞ্জ থানার ওসি মো. মনিরুজ্জামান জানান, নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা মাইজগাঁও রেলওয়ে স্টেশন ও উপজেলা পরিষদ, শাহজালাল সারকারখানাসহ গুরুত্বপূর্ণ স্থাপনায় ককটেল বিস্ফোরণ ও রেললাইন খুলে নাশকতার পরিকল্পনা নিয়েছিল। গোপন সংবাদ পেয়ে সোমবার গভীর রাতে ফেঞ্চুগঞ্জ থানার কচুয়াবহর এলাকায় সিলেট-মৌলভীবাজার আঞ্চলিক সড়কে চেকপোস্ট পরিচালনা করে ফেঞ্চুগঞ্জ উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক কাবিলুর রহমান সোহেলকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে রাতভর অভিযান চালিয়ে বিভিন্ন স্থান থেকে ৫ জনকে আটক করা হয়েছে।

ওসি জানান, জিজ্ঞাসাবাদে ছাত্রলীগ নেতা কাবিলুর রহমান সোহেল জানিয়েছে, যুক্তরাষ্ট্রপ্রবাসী নিউইয়র্ক যুবলীগের সাধারণ সম্পাদক মাহমুদুর রহমানের নির্দেশ ও অর্থায়নে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা বৃহস্পতিবার লকডাউন কর্মসূচিকে সামনে রেখে নাশকতার পরিকল্পনা নিয়েছিল তারা। ফেঞ্চুগঞ্জে রেল লাইনের স্লিপার খুলে বড় ধরণের নাশকতা করতে চেয়েছিল তারা। এছাড়া উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় ককটেল বিস্ফোরণ করে তারা এলাকায় ভীতি সঞ্চার ও জানমালের ক্ষতি সাধনের পরিকল্পনা নিয়েছিল।

ওসি জানান, আটককৃতদের বিরুদ্ধে নাশকতার পরিকল্পনা ও চেষ্টার অপরাধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে। তাদের কাছ থেকে ককটেল তৈরির সরঞ্জাম স্কচটেপ, টোপকাটা, মারবেল, বালতিসহ বিভিন্ন ধরণের সামগ্রী জব্দ করা হয়েছে।