Home Blog Page 74

সিলেট-ফেঞ্চুগঞ্জ সড়কে গাড়ি আটকিয়ে ডাকাতি, গ্রেপ্তার ৩

0

সিলেট-ফেঞ্চুগঞ্জ সড়কের মোগলাবাজার থানাধীন লালমাটিয়ায় গাড়ি থামিয়ে ডাকাতির ২৪ ঘন্টার মধ্যে ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। লুণ্ঠিত মালামাল উদ্ধারের কথাও জানিয়েছে পুলিশ।

মঙ্গলবার ( ২ ডিসেম্বর) রাত ৩ টার দিকে অভিযান চালিয়ে ৩ জনকে গ্রেপ্তার করা হয়।

এরআগে সোমবার রাত ৩ টার লালমাটিয়া, রয়েল সিটি আবাসিক এলাকা সংলগ্ন সিলেট–ফেঞ্চুগঞ্জ সড়কে স্টেডফাস্ট কুরিয়ার সার্ভিস লিমিটেড-এর একটি কাভার্ড ভ্যানকে একটি সাদা নোহা গাড়ি ব্যারিকেড দেয়। নোহা ও একটি সাদা প্রাইভেট কার হতে ৬/৭ জন সশস্ত্র ডাকাত দল স্টেডফাস্ট কুরিয়ার সার্ভিস লিমিটেড-এর চালক ও হেলপারকে মারধর করে কনটেইনার খুলে প্রায় ২০ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। এসময় তারা গাড়ির হেলপারদের কাছ থেকে ২টি মোবাইল ফোন ছিনিয়ে নেয়।

পুলিশ জানায়, ডাকাতির ঘটনার সিসিটিভি ফুটেজ বিশ্লেষণের মাধ্যমে পুলিশ দক্ষিণ সুরমার পশ্চিমভাগ আবাসিক এলাকায় অভিযান পরিচালনা করে অভিযুক্ত সাকেল আহমদ (৩৩) কে তার শশুর বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।

সাকেলের তথ্য মোতাবেক ওই রাতেই পূর্ব শ্রীরামপুর এলাকা থেকে আক্তার হোসেন (৩৪) এবং সুলতানপুর এলাকা থেকে রিহাদ আহমেদ (৩৭) গ্রেপ্তার করা হয়।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল হাসান জানান, গ্রেপ্তারকৃত তিনজনেই উপস্থিত লোকজনের সামনে ডাকাতির ঘটনাটি স্বীকার করে। পরবর্তীতে মঙ্গলবার ভোরে আসামিদের দেওয়া তথ্য মতে, আটক রিহাদ আহমেদের বাড়ির বাউন্ডারি ভেতরে কচুর ঝোপের ভিতরে লুকানো ৩টি সাদা প্লাস্টিকের বস্তা ও ২টি কালো পলিথিনের বস্তা এবং ২টি খাকি রঙের কার্টুনে থাকা ডাকতির মালামাল উদ্ধার করা হয়।

তিনি জানান, আসামিরা স্বীকার করেছে, তারা একটি সংঘবদ্ধ ডাকাত দলের সদস্য এবং সিলেট মহানগর ও জেলার বিভিন্ন এলাকায় নিয়মিত ডাকাতি করে আসছিল। আসামীদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। অন্যান্য আসামিরদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।

এ ঘটনায় সোমবারই মোগলাবাজার থানার মামলা হয়েছে বলেও জানান তিনি।

‘খালেদা জিয়া চিকিৎসা গ্রহণ করতে পারছেন, যুক্তরাজ্য থেকে বিশেষজ্ঞ আসছেন’

0

আধুনিক ডেস্ক ::

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া চিকিৎসা গ্রহণ করতে পারছেন বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন। তিনি বলেন, খালেদা জিয়ার চিকিৎসায় মঙ্গলবার যুক্তরাজ্য থেকে বিশেষজ্ঞ আসবেন। মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের ফটকের সামনে এক ব্রিফিংয়ে এ কথা বলেন জাহিদ হোসেন। এই হাসপাতালে ১০ দিন ধরে চিকিৎসাধীন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। শারীরিক অবস্থার হঠাৎ অবনতি হওয়ায় তাঁকে আইসিইউতে স্থানান্তর করে চিকিৎসা দেওয়া হচ্ছে।

জাহিদ হোসেন বলেন, চিকিৎসা গ্রহণ করতে পারছেন খালেদা জিয়া; অথবা বলা যায়, তিনি চিকিৎসা মেনটেইন করতে পারছেন। মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত ও খালেদা জিয়ার শারীরিক অবস্থার ওপর ভিত্তি করে চিকিৎসার জন্য তাকে বিদেশে নেওয়ার সিদ্ধান্ত হবে বলে জানান জাহিদ হোসেন।

জাহিদ হোসেন, খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার জন্য বিএনপির সব প্রস্তুতি রয়েছে। তবে বর্তমান অবস্থা ও মেডিকেল বোর্ডের বাইরে কোনো কিছু করার সুযোগ নেই। জাহিদ হোসেন বলেন, যুক্তরাজ্য থেকে তাকে (খালেদা জিয়া) দেখার জন্য বিশেষজ্ঞ আসবেন। তাঁরা দেখবেন। দেখার পর তিনি যদি ট্রান্সফারেবল হন, যদি ট্রান্সফারের প্রয়োজন পড়ে, যদি মেডিকেল বোর্ড মনে করে, তখন তাঁকে যথাযথভাবে চিকিৎসার জন্য বাইরে নিয়ে যাওয়া হবে।

জাহিদ হোসেন বলেন, অনেক সরকার ও রাষ্ট্রপ্রধান খালেদা জিয়ার চিকিৎসার ব্যাপারে হাত বাড়িয়ে দিয়েছেন। খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে কোনো গুজবে কান না দিয়ে সর্বোচ্চ সংযমের জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান জাহিদ হোসেন। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমাদের দল কীভাবে আপনাদের ইনফরমেশন দেবে, সেটিও আপনাদের জানিয়ে দেওয়া হয়েছে।’

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সবাইকে ধৈর্যধারণের অনুরোধ জানিয়েছেন বলে উল্লেখ করেন জাহিদ হোসেন।

সিলেট নগরে অটোরিকশার ভাড়ার তালিকা প্রস্তাব করলো এসএমপি

0

আধুনিক কাগজ ::

নগরে সিএনজি চালিত অটোরিকশার ভাড়া নির্ধারণের উদ্যোগ দিয়েছে সিলেট মহানগর পুলিশ। এ লক্ষ্যে প্রস্তাবিত একটি ভাড়ার তালিকা প্রকাশ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে মহানগর পুলিশের ফেসবুক পেজে গণবিজ্ঞপ্তি আকারে এ তালিকা প্রদান করা হয়।

সিলেট মহানগর পুলিশের কমিশনার আব্দুল কুদ্দুস চৌধুরী স্বাক্ষরিত এ গণবিজ্ঞপ্তিতে বলা হয়- ‘সিলেট নগরের বিভিন্ন পয়েন্ট থেকে যাতায়াতের নিম্মিতে সিএনজি চালিত থ্রি হুইলার ভাড়ার হার পুণঃণির্ধারণের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রস্তাবিত ভাড়ার তালিকা প্রস্তুতকরণে নগরের রাজনীতিবিদ, ব্যবসায়ী, শিক্ষক, সাংবাদিক, সুশীল সমাজ, সিএনজি মালিক ও শ্রমিক নেতৃবন্দসহ সর্বস্তরের সাধারণ জনগনের প্রতিনিধিদের মতামত নেওয়া হয়েছে।’

এ ব্যাপারে নগরবাসীকেও মতামত প্রদানের আহ্বান জানিয়েছেন পুলি কমিশনার। মতামত পাঠানো যাবে ফোন, ই-মেইল ও সিলেট মেট্রোপলিটন পুলিশের ফেসবুক পেজে।

প্রস্তাবিত তালিকা অনুযায়ী সিলেট নগরের সিএনজিভাড়া সর্বনিম্ন ৬০ টাকা থেকে সর্বোচ্চ ১৮০ টাকা প্রস্তাব করা হয়েছে। আর ঘণ্টা ভিত্তিতে ভাড়ার জন্য প্রতি ঘণ্টা ১৫০ টাকা ও পরবর্তী প্রতি ৩০ মিনিট ৭৫ টাকা করে প্রস্তাব করা হয়েেছে।

এর আগে সিলেট নগরের রিকশা ভাড়ার খসড়া তালিকা প্র্রকাশ করেছিলো মহানগর পুলিশ।

প্রস্তাবিত তালিকা অনুযায়ী- বন্দরবাজার, কোর্ট পয়েন্ট থেকে আম্বরখানা, টিলাগড়, এমসি কলেজ, শিবগঞ্জ, হুমায়ূন রশিদ চত্তর, দক্ষিণ সুরমা বাস টার্মিনাল, ওসমানী মেডিকেল, রিকাবীবাজার, মধুশহীদ, ঘাসিটুলা, শেখঘাট, কলাপাড়া, লামাবাজার পর্যন্ত ৬০ টাকা, পাঠানটুলা, মদিনা মার্কেট, সুবিদবাজার, ইসলামপুর, মেজরটিলা, বাবনা পয়েন্ট ৭৫ টাকা, আখালিয়া, শাহজালাল বিশ্ববিদ্যালয়, কুমারগাঁও বাস টার্মিনাল ৯০ টাকা, টুকেরবাজার, শাহজালাল বিশ্ববিদ্যালয় গেইট, আখালিয়া, কুমারগাঁও বাস টার্মিনাল, শাহপরান (রহঃ) মাজার গেইট, খাদিম, টুকের বাজার ১২০ টাকা, মাসুক বাজার ১৫০, বিমানবন্দর, ক্যাডেট কলেজ, বড়শলা ১৭৫, বটেশ্বর, পীরের বাজার ১৮০ টাকা।

সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল গেইটের সম্মুখ থেকে বন্দরবাজার কোর্ট পয়েন্ট, আম্বরখানা পর্যন্ত ৬০ টাকা, কুমারগাও বাসটার্মিনাল, তেমুখি পয়েন্ট, টুকের বাজার ১০০ টাকা।

আম্বরখানা পয়েন্ট থেকে বন্দরবাজার পয়েন্ট, সুরমা পয়েন্ট, কোর্ট পয়েন্ট, পাঠানটুলা, মদিনা মার্কেট, সুবিদবাজার, বন্দরবাজার পর্যন্ত ৬০ টাকা, টিলাগড়, এমসি কলেজ, বালুচর, টুকেরবাজার ৭৫ টাকা,

বড়শলা, ক্যাডেট কলেজ, কোম্পানীগঞ্জ বাইপাস ৯০ টাকা, শাহপরান (রহঃ) মাজার গেইট, খাদিম, বিমানবন্দর, বাদাঘাট, সোনাতলা, মইয়ারচর, জালালাবাদ থানা ১২০ টাকা, সালুটিকর ১৫০ টাকা, লামাকাজী ১৮০ টাকা।

হুমায়ুন রশিদ চত্তর থেকে ওসমানী মেডিকেল ১২০ টাকা, কুমারগাঁও বাসটার্মিনাল ১৫০ টাকা।

রেলষ্টেশন পর্যন্ত বন্দরবাজার, জিন্দাবাজার, তালতলা, জিতু মিয়া পয়েন্ট, চকের বাজার, নয়াবাজার, সিলাম, মোহম্মদপুর, বলদী আলশপাশ এলাকা পর্যন্ত ৯০ টাকা, ওসমানী মেডিকেল, লামাবাজার, রিকাবীবাজার পর্যন্ত ১২০ টাকা, আম্বরখানা সুবিদবাজার, মাজার গেইট আশপাশ এলাকা ১৫০ টাকা, কুমারগাঁও, টুকেরবাজার ১৮০ টাকা। টুকেরবাজার, তেমুখি থেকে আম্বরখানা, সুবিদবাজার, লামাকাজী, মোঘলাগাঁও, শিবেরবাজার, পিটারগঞ্জবাজার পর্যন্ত ৯০ টাকা।

মোগলাবাজার থেকে জালালপুর বাজার ৭৫ টাকা, রাখালগঞ্জ বাজার, আনিলগঞ্জ ৯০ টাকা, ক্বীনব্রীজ, কদমতলী, বাসটার্মিনাল, হুমায়ুন রশিদ চত্তর আশপাশ এলাকায় ১২০ টাকা।

খালোমুখ থেকে কিনব্রিজ, কদমতলী, হুমায়ূন রশিদ চত্বর, কদমতলী বাসটার্মিনাল, রেলষ্টেশন পর্যন্ত ৯০ টাকা।

কদমতলী মুক্তিযোদ্ধা পয়েন্ট থেকে গোটাটিকর, পাসপোর্ট অফিস, কুশিঘাট আশপাশ এলাকায় ৬০ টাকা, পাঁচমাইল, সিরাজ উদ্দিন চত্তর পর্যন্ত ৬০ টাকা, হেতিমগঞ্জ (মেট্রোপলিটন এলাকার বাহিরে) ১৫০ টাকা।

শাহপরান মেইন গেইট থেকে আম্বরখানা, বন্দরবাজার, জিন্দাবাজার, সুরমা পয়েন্ট আশপাশ এলাকায় ১২০ টাকা।

কীন ব্রীজ, দক্ষিণপাড় (ভার্থখলা, বাবনা পয়েন্ট) থেকে চন্ডিপুল, দক্ষিণ সুরমা থানায় ৬০ টাকা, জালালপুর, কলাবাগান পর্যন্ত ১২০ টাকা, বিশ্বনাথ (কামাল বাজার হয়ে) ১৮০ টাকা।

চন্ডিপুল থেকে জালালপুর বাজার ৭৫ টাকা, বন্দরবাজার, সুরমা পয়েন্ট, জিতুমিয়া পয়েন্ট, তালতলা, সোবহানীঘাট বাজার, উপশহর পয়েন্ট পর্যন্ত ৯০ টাকা, রিকাবীবাজার, ওসমানী মেডিকেল আশপাশ এলাকায় ১২০ টাকা।

জেল রোড পয়েন্ট থেকে নোয়াগাঁও, সাদীপুর, সাদাটিকর, বুরহানউদ্দিন মাজার, কুশিঘাট পর্যন্ত ৭৫ টাকা, মুক্তিরচক, মীরেরচক/শাহপরাণ (রঃ) থানা গেইট, মুরাদপুর বাজার পর্যন্ত ১২০ টাকা।

জালালাবাদ গ্যাস অফিস সংলগ্ন মেন্দিবাগ থেকে শাহজালাল উপশহর, শিবগঞ্জ পর্যন্ত ৫০ টাকা।

শাহী ঈদগাহ থেকে আম্বরখানা ৫০ টাকা, জেলরোড পয়েন্ট ৬০ টাকা।

বালুচর পয়েন্ট এমসি কলেজ ছাত্রাবাস সংলগ্ন এলাকা থেকে টিলাগড় ৫০ টাকা, আম্বরখানা ৬০ টাকা।

জালালাবাদ গ্যাস অফিস সংলগ্ন মেন্দিবাগ থেকে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর পর্যন্ত ১৮০ টাকা।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে সিলেট শহরের জন্য ঘন্টা ভিত্তিতে সিএনজি ভাড়া প্রতি ঘন্টায় ১৫০ টাকা এবং পরবর্তী ৩০ (ত্রিশ) মিনিটের জন্য ৭৫ টাকা হারে ভাড়া নির্ধারণের প্রস্তাব করা হলো।

খালেদা জিয়া ‘খুব ক্রিটিক্যাল কন্ডিশনে’

0

আধুনিক ডেস্ক ::

বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান বলেছেন, খালেদা জিয়া ‘খুব ক্রিটিক্যাল কন্ডিশনে’ চলে গেছেন। রোববার রাত থেকে খালেদা জিয়া এ অবস্থায় গেছেন বলে তিনি জানান। সোমবার বেলা পৌনে দুইটার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে খালেদা জিয়ার শারীরিক অবস্থা সম্পর্কে ব্রিফিং করে আহমেদ আজম খান এ কথা জানান।

আজম খান বলেন, ‘গতকাল রাত থেকে ম্যাডাম খুব ক্রিটিক্যাল কন্ডিশনে চলে গেছেন। ফাইট করছেন আমাদের মাঝে ফিরে আসার জন্য। এখনো অবস্থা ক্রিটিক্যাল আছে। বলার মতো কোনো কন্ডিশনে এখনো তিনি আসেননি। সারা জাতির কাছে দোয়া চাওয়া ছাড়া আর কিছু বলার নেই।’

এই বিএনপি নেতা আরও বলেন, ‘বর্তমানে খালেদা জিয়া ভেন্টিলেশন সাপোর্টে আছেন। সিসিইউ থেকে আইসিইউ, এরপরে ভেন্টিলেশন বা লাইফ সাপোর্ট, যা–ই বলেন। আমি এগুলোর বাইরে বলব যে ম্যাডাম খুব ক্রিটিক্যাল কন্ডিশনে আছেন।’

খালেদা জিয়ার চিকিৎসায় যুক্তরাষ্ট্র ও ইংল্যান্ডের চিকিৎসকেরা যুক্ত ছিলেন। এখন চীনের চিকিৎসকেরাও যুক্ত হয়েছেন বলে জানান আজম খান। তিনি বলেন, ‘সবাই মিলে ক্লান্তিহীনভাবে চেষ্টা করছেন। বাদবাকি আল্লাহ ভরসা।’

এক সপ্তাহ ধরে হাসপাতালে শয্যাশায়ী খালেদা জিয়া। তাঁর লিভারজনিত সংকট, কিডনির কর্মক্ষমতা হ্রাস, শ্বাসকষ্টসহ একাধিক শারীরিক জটিলতা একসঙ্গে দেখা দিয়েছে। ২৩ নভেম্বর রাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন খালেদা জিয়া। পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকেরা জানান, তাঁর ফুসফুসে সংক্রমণ হয়েছে। এর মধ্যে বৃহস্পতিবার বিএনপির মহাসচিব বলেন, বিএনপির চেয়ারপারসনের শারীরিক অবস্থা ‘অত্যন্ত সংকটজনক’। পরদিন তিনি বলেন, উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে নেওয়ার মতো শারীরিক অবস্থা নেই খালেদা জিয়ার।

বিএনপিতে যোগ দিলেন রেজা কিবরিয়া

0

আধুনিক ডেস্ক ::

সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়ার ছেলে রেজা কিবরিয়া আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দিয়েছেন। সোমবার (১ ডিসেম্বর) গুলশানে বিএনপির চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের হাতে ফুল দিয়ে আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যুক্ত হন তিনি। যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।
রেজা কিবরিয়া হবিগঞ্জ-১ আসন থেকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে নির্বাচন করতে চান। বিএনপির আগামী সংসদ নির্বাচনে জন্য ২২৭ আসনের প্রার্থী ঘোষণা করেছে। সেখানে হবিগঞ্জ-১ আসনটি ফাঁকা রেখেছে। ২০১৮ সালে অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে রেজা কিবরিয়া বিএনপির জোটসঙ্গী জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী হিসেবে একই আসনে বিএনপির ধানের শীষ প্রতীকেই নির্বাচন করেছিলেন।
অর্থনীতিবিদ রেজা কিবরিয়া আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) চাকরি করেছেন দীর্ঘদিন। ২০১৮ সালে ওই চাকরি ছেড়ে বাংলাদেশে ফিরে ড. কামাল হোসেন গণফোরামে যোগ দেন এবং কিছু দিনের মধ্যে দলের সাধারণ সম্পাদক হন। পরে তাকে কেন্দ্র করে দলটি দুই ভাগে বিভক্ত হয়। এরপর তিনি ডাকসুর ভিপি নুরুল হক নুরের সঙ্গে গণঅধিকার পরিষদ গঠন করেন। সেখানে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন। কিন্তু সেখানে তাকে কেন্দ্র করে দলটিও দুই ভাগে বিভক্ত হয়। পরে বিভক্ত দল আমজনতার দলের প্রতিষ্ঠাতা আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন রেজা কিবরিয়া।
বিএনপিতে যোগ দিয়ে রেজা কিবরিয়া বলেন, আমি বিএনপিতে যোগ দিয়ে খুবই গর্বিত। আমি বিএনপিতে আজকে ফরমালি জয়েন করলাম। এই দলটার ইতিহাসটা হল গণতন্ত্রের ইতিহাস। দুই দুইবার তারা গণতন্ত্রকে রক্ষা করেছে ফ্যাসিবাদী আওয়ামী লীগের থেকে। একবার শেখ মুজিবের গণতন্ত্র ধ্বংস…সেখান থেকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এটাকে রক্ষা করলেন। আর দ্বিতীয় বার শেখ হাসিনা-জেনারেলের এরশাদের সাথে গণতন্ত্র ধ্বংস এবং আমাদের বেগম খালেদা জিয়া যিনি এখন অনেক অসুস্থ…সবাই দোয়া করবেন উনার জন্য। উনি আবার এটা রক্ষা করলেন।
এটা একটা ঐতিহাসিক ভূমিকা। একটা দল দুইবার বহুদলীয় গণতন্ত্র রক্ষা করেছে। আমি ইতিহাসে এরকম কোন উদাহরণ অন্য কোনো দেশে দেখি না। এইসব কারণে আমি বিএনপির প্রতি আকৃষ্ট এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আমার আদর্শ। উনার সাহস, উনার ব্যক্তিগত চরিত্র, উনার সততা এগুলো নিয়ে এত বছর পরও সবাই গর্ব করে। উনি যে কোয়ালিটির ছিলেন যে, এত বছর পরও গ্রামের লোক উনার কথা বলে, এরকম মানুষ আর বাংলাদেশে জন্মাবে না হয়ত।
রেজা কিবরিয়া বলেন, “আমরা মনে করি, বিএনপির এখন যে নেতৃত্বে আছে এবং যারা আছেন বিএনপির সিনিয়র নেতারা, আমাদের দেশের নতুন প্রজন্ম, তাদের সব স্বপ্ন পূরণ করতে পারবে। তাদের যে ভিশন দেশের জন্য, এটা আগের ভিশন না। অনেক কিছু বদলে গেছে। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব উনার যে রক্ত, এটা কোন কোয়ালিটির আপনারা যদি চিন্তা করেন, উনার বাপ কী ছিলেন, মা কী আছেন… এটা ইনক্রিডিবল, এটা বাংলাদেশে আর কারো ওই কোয়ালিটির ব্লাড লাইন নাই আপনাদেরকে বলতে পারি। আমরা সবাই উনাকে (তারেক রহমান) সাহায্য করব একটা নতুন বাংলাদেশ গড়ে তুলতে।
তারেক রহমানের লন্ডনবাসের প্রসঙ্গ ধরে তিনি বলেন, এটা একদিক থেকে দুঃখজনক, আমাদের দেশের মানুষের কাছে নাই। আরেক দিক থেকে আমি এটাতে খুশি যে, উনি (তারেক রহমান) বিদেশের সব কোয়ালিটি, সব প্রশাসনিক সব জিনিসগুলি উনি দেখছেন, শিখছেন এবং সেইগুলি বাংলাদেশে উনি আনবেন আমি এটা আশা করি। আমি মনে করি উনার ইংল্যান্ডে থাকাও দেশের মানুষের জন্যে একটা লাভজনক জিনিস। উনি অনেক কিছু নিয়ে আসবেন এ দেশে যেটা আগে ছিল না।
রেজা কিবরিয়া বলেন, বাংলাদেশটাকে উন্নত করা, এশিয়ার মধ্যে প্রথম তিন দেশের মধ্যে আনা অসম্ভব কিছু না। আপনারা ভাবছেন, আমি কি রূপকথার মতো বলছি? এটা পরে দেখবেন। আমি ৩৫টা দেশে কাজ করেছি প্রায় ৪০ বছর। আপনাদেরকে বলতে পারি, আমাদের দেশের মানুষের কোয়ালিটি এটা হলো ‘টপ ক্লাস’ এবং এই মানুষগুলোকে দিয়ে একটা ‘টপ ক্লাস’ দেশ প্রথম সারির দেশ তৈরি করা যাবে ইনশাল্লাহ।”
গণফোরাম, গণঅধিকার পরিষদ ঘুরে বিএনপিতে আসা এই রাজনীতিবিদ বলেন, বিএনপিকে এই সুযোগটা যদি ভোটাররা দেয়, তাহলে আপনারা দেখবেন তারা কী পারে এই দেশের জন্য এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্যে তারা কী করতে পারে, আপনারা তখন দেখতে পাবেন। আমি আশা করি আমার এলাকায় নবীগঞ্জ-বাহুবল, সেখানে আমার কাজ করার একটা সুবিধা হবে এবং যদি উনারা মনে করেন জাতীয় কোনো জায়গায় আমাকে কাজ করতে সুযোগ দেওয়ার। আমি চাই, দেশের জন্য কাজ করতে। আমি খুব ভালো চাকরি ছেড়ে এসেছি। আপনারা জানেন, আইএমএফের চাকরি লাভজনক লোভজনক একটা চাকরি। সেই চাকরি ছেড়ে আমি আসছি দেশের জন্যে, দেশের মানুষের জন্যে কাজ করার জন্যে। এটা ছিল আমার বাবার স্বপ্ন। আমি আশা করি সেটা পূরণ করতে পারব।
রেজা কিবরিয়াকে স্বাগত জানিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল বলেন, আমরা অত্যন্ত গর্বিত যে, রেজা কিবরিয়া এসে বিএনপিতে যোগ দিয়েছেন। আমি আমাদের দলের চেয়ারপার্সন খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে তাকে অভিনন্দন জানাই। তাকে আমরা স্বাগত জানাচ্ছি। বিএনপির ৩১ দফার আলোকে রেজা কিবরিয়া বাংলাদেশ গঠন ভূমিকা রাখতে পারবে বলে উল্লেখ করেন মির্জা ফখরুল।

টিউলিপের ২, শেখ রেহানার ৭ ও শেখ হাসিনার ৫ বছর কারাদণ্ড

0

আধুনিক ডেস্ক ::

পূর্বাচল নতুন শহর প্রকল্পে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) প্লট বরাদ্দে দুর্নীতির মামলায় ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকের ২ বছর, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৫ বছর, তাঁর বোন শেখ রেহানার ৭ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। কারাদণ্ডের পাশাপাশি টিউলিপ সিদ্দিককে এক লাখ টাকা জরিমানা, অনাদায়ে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও শেখ রেহানাকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। এই মামলার অন্য ১৪ আসামিকে ৫ বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে। সোমবার বেলা ১১টায় ঢাকার বিশেষ জজ আদালত-৪–এর বিচারক মো. রবিউল আলম এ মামলার রায় ঘোষণা করেন। পূর্বাচল নতুন শহর প্রকল্পে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে ১৭ জনের বিরুদ্ধে করা মামলায় তাঁদের এই কারাদণ্ড দেওয়া হয়। দুর্নীতি দমন কমিশন (দুদক) মামলাটি করেছিল গত ১৩ জানুয়ারি।

মামলার রায় ঘোষণার সময় ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি ও স্কাই নিউজের সাংবাদিকরা আদালত চত্বরে ছিলেন। যুক্তরাজ্যের সাংবাদিক ডেভিড বার্গম্যানও ছিলেন সেখানে।

দুদকের অভিযোগ, টিউলিপ সিদ্দিক যুক্তরাজ্যের ক্ষমতাসীন দল লেবার পার্টির এমপির ক্ষমতা ব্যবহার করে মা শেখ রেহানা, বোন আজমিনা সিদ্দিক ও ভাই রাদওয়ান মুজিবের নামে পূর্বাচল নতুন শহর প্রকল্পে প্লট বরাদ্দ নেন। তিনজনই পূর্বাচলে ১০ কাঠা করে প্লট বরাদ্দ পেয়েছেন। তবে এ মামলায় শুধু রেহানার প্লট পাওয়ার বিষয়টি উল্লেখ করা হয়েছে। যে কারণে এ মামলায় আজমিনা ও রাদওয়ানকে আসামি করেনি দুদক। দুজনকে অন্য দুটি মামলায় আসামি করেছে সংস্থাটি।

হাসিনা, রেহানা ও টিউলিপ ছাড়া এই মামলার অন্য ১৪ আসামি হলেন জাতীয় গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা মো. সাইফুল ইসলাম সরকার, একই মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব পূরবী গোলদার, অতিরিক্ত সচিব অলিউল্লাহ, সচিব কাজী ওয়াছি উদ্দিন, রাজউকের সাবেক চেয়ারম্যানের ব্যক্তিগত সহকারী (পিএ) মো. আনিছুর রহমান মিঞা, রাজউকের সাবেক চার সদস্য—মোহাম্মদ খুরশীদ আলম, তন্ময় দাস, মোহাম্মদ নাসির উদ্দীন ও মেজর (অব.) সামসুদ্দীন আহমদ চৌধুরী; রাজউকের সাবেক পরিচালক মো. নুরুল ইসলাম, সহকারী পরিচালক মাজহারুল ইসলাম, উপপরিচালক নায়েব আলী শরীফ, সাবেক প্রধানমন্ত্রীর একান্ত সচিব মোহাম্মদ সালাহ উদ্দিন এবং সাবেক গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ। ১৭ আসামির মধ্যে খুরশীদ আলম কারাগারে আছেন।

গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর শেখ হাসিনাসহ তাঁর পরিবারের অন্য সদস্যদের বিরুদ্ধে দুর্নীতির নানা অভিযোগ ওঠে। একপর্যায়ে টিউলিপ সিদ্দিকের নামও আসে। দুর্নীতির একাধিক অভিযোগে বাংলাদেশে তদন্ত শুরুর পর সমালোচনার মুখে যুক্তরাজ্যের অর্থ মন্ত্রণালয়ের অর্থনীতিবিষয়ক মিনিস্টারের (ইকোনমিক সেক্রেটারি) পদ থেকে গত ১৪ জানুয়ারি পদত্যাগ করেন তিনি।

সিলেটের পিডিবি বিক্রয় বিতরণ বিভাগে জাতীয় পতাকা ওড়ে না, বেখবর নির্বাহী প্রকৌশলী

0


এমকে তুহিন:

সব সরকারি ভবন, অফিস, শিক্ষাপ্রতিষ্ঠান এবং সরকার কর্তৃক নির্ধারিত ভবনে সকল কর্মদিবসে বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন বাধ্যতামূলক। জাতীয় পতাকা বিধিমালা অনুসারে অফিস শুরুর সময় নিয়ম করে পতাকা তুলতে অফিস শেষে নামাতে।

তবে সিলেট নগরের উপশহরে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড পিডিবির বিক্রয় বিতরণ বিভাগ ২-এর অফিসে এ নিয়ম মানার বালাই নেই। সরেজমিন দেখা গেছে এ অফিসে জাতীয় পতাকা তোলা হয় না। অফিসের সামনে পতাকা উত্তোলনের দণ্ড থাকলেও কর্মদিবসে সেটিতে পতাকা ওড়ে না। পতাকা যে ওড়ানো হয় না বিষয়টির খবরই নেই অফিসের বড়কর্তার। পতাকা না ওড়ানো প্রসঙ্গে কথা হয় বিক্রয় বিতরণ বিভাগ ২ এর নির্বাহী প্রকৌশলী আব্দুর রাজ্জাক সঙ্গে। তিনি বললেন,বিষয়টি খোঁজ নিয়ে দেখছেন।

খুলনায় আদালতে হাজিরা দিতে আসা দুজনকে গুলি করে হত্যা

0

আধুনিক ডেস্ক ::

খুলনা মহানগর দায়রা জজ আদালতের প্রধান ফটকের বাইরে দুর্বৃত্তদের গুলিতে দুজন নিহত হয়েছেন। রোববার দুপুর সোয়া ১২টার দিকে এ ঘটনা ঘটেছে। নিহত দুজন হলেন মো. ফজলে রাব্বি (রাজন) ও হাসিব হাওলাদার।

পুলিশ জানায়, রাজনের নামে ছয়টা মামলা আছে। হাসিবের নামেও একাধিক মামলা আছে। দুজনই শীর্ষ সন্ত্রাসীদের সহযোগী।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, জামিনে থাকা দুজন আসামি আদালতে হাজিরা দিয়ে আদালত ফটকের সামনে মোটরসাইকেল রেখে চা পান করতে দাঁড়িয়েছিলেন। এ সময় চার থেকে পাঁচজন দুর্বৃত্ত হেঁটে এসে তাঁদের লক্ষ্য করে গুলি ছোড়ে।

গুলিবিদ্ধ হয়ে তাঁরা দুজন মাটিতে পড়ে গেলে দুর্বৃত্তরা চাপাতি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে তাদের। দুর্বৃত্তরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। আশঙ্কাজনক অবস্থায় আহত দুজনকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

গুলিবিদ্ধ হাসিবের ভাই শাকিল হাওলাদার বলেন, কিছুদিন আগে তার ভাইয়ের নামে একটা অস্ত্র মামলা হয়। সেই মামলায় হাজিরা দিতে আদালতে এসেছিলেন তার ভাই।

খুলনা মহানগর পুলিশের খুলনা জোনের সহকারী কমিশনার শিহাব করিম বলেন, কারা হত্যাকাণ্ড ঘটিয়েছে, কেন তাদের গুলি করা হয়েছে এ বিষয়ে তদন্ত চলছে। পরবর্তীতে জানানো হবে।’

দোয়ারাবাজার প্রতিনিধি মাসুদ রানার পিতার মৃত্যুতে আধুনিক কাগজের সম্পাদক ও প্রকাশকের শোক

0

আধুনিক ডেস্ক:

দৈনিক আধুনিক কাগজ-এর দোয়ারাবাজার প্রতিনিধি মাসুদ রানা সোহাগের পিতা আলী আমজাদ হোসেন কালা মিয়া (৭৫) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

শনিবার (২৯ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে নিজ বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দীর্ঘ কয়েক মাস ধরে তিনি বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন।

মাসুদ রানা সোহাগের পিতার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন দৈনিক আধুনিক কাগজ-এর সম্পাদক মঈন উদ্দিন ও প্রকাশক সাঈদ চৌধুরী টিপু। এক শোকবার্তায় তারা মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সহমর্মিতা জানান।

মরহুম কালা মিয়া সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার সুরমা ইউনিয়নের শরীফপুর গ্রামের মৃত ফজর রহমানের ছেলে। তিনি এলাকায় একজন ব্যবসায়ী, সমাজসেবক ও গ্রামীণ শালিস ব্যক্তিত্ব হিসেবে সুপরিচিত ছিলেন। শরীফপুরস্থ ‘মেসার্স কালা মিয়া এন্টারপ্রাইজ’-এর স্বত্বাধিকারী ছিলেন তিনি।

মৃত্যুকালে তিনি স্ত্রী, ৫ ছেলে, ৪ মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

রেকর্ড গড়া জয়ে সিরিজে সমতায় ফিরল বাংলাদেশ

0

আধুনিক ডেস্ক ::

রেকর্ড গড়া জয়ে সিরিজে ১-১ সমতায় ফিরল বাংলাদেশ। বাউন্ডারি হাঁকিয়ে দলের জয় নিশ্চিত করেন শেখ মেহেদি হাসান। তিনি ৩ বলে ৬ রান করেন। তবে ৭ বলে দুই চার আর এক ছক্কায় ১৭ রানের বিধ্বংসী ইনিংস খেলে দলকে জয়ের দুয়ারে নিয়ে যান পেস বোলিং অলরাউন্ডার সাইফউদ্দিন।

দেশের মাটিতে সর্বোচ্চ ১৭১ রানের লক্ষ্য তাড়ায় জয়ের নজির গড়ল বাংলাদেশ। টি-টোয়েন্টিতে দেশের মাটিতে এর আগে গত বছর শ্রীলংকার বিপক্ষে সর্বোচ্চ ১৬৬ রানের লক্ষ‍্য তাড়া করে জিতেছিল টাইগাররা। আজ সেই রেকর্ড ভেঙে নতুন ইতিহাস গড়ল লিটন দাসের নেতৃত্বাধীন দলটি।

১৭১ রানের টার্গেট তাড়া করতে নেমে ২ বল হাতে রেখে ৪ উইকেটে জয় নিশ্চিত করে বাংলাদেশ। দলের জয়ে সর্বোচ্চ ৫৭ রান করেন লিটন কুমার দাস। ৪৩ রান করেন ওপোনার পারভেজ হোসেন ইমন।

লিটন দাস ক্যারিয়ারের ১১৯তম ম্যাচে ৩৭ বলে তিন চার আর তিন ছক্কায় ১৬তম ফিফটি হাঁকিয়ে ৫৭ রান করে সাজঘরে ফেরেন। তিনি ৩৪তম বলে ছক্কা হাঁকিয়ে ফিফটি পূর্ণ করেন।

তার আগে দারুণ এক ইনিংস খেলে সাজঘরে ফেরেন ওপেনার পারভেজ হোসেন ইমন। তিনি ২৮ বলে ৫টি চার আর দুটি ছক্কার সাহায্যে ৪৩ রান করে আউট হন।

এর আগে দলীয় ২৬ রানে রান আউট হন আরেক ওপেনার তানজিদ হাসান তামিম। এরপর লিটন দাসকে সঙ্গে নিয়ে ৪৩ বলে ৬০ রানের জুটি গড়েন পারভেজ হোসেন ইমন।

এদিন টস জিতে প্রথমে ব্যাট করে ৬ উইকেট হারিয়ে ১৭০ রান করে আয়ারল্যান্ড ক্রিকেট দল।

শনিবার চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে রীতিমতো তাণ্ডব চালায় আয়ারল্যান্ড। পাওয়ার প্লের ৬ ওভারে আয়ারল্যান্ড করে ১ উইকেটে ৭৫ রান।

এরপর ম্যাচের লাগাম টেনে ধরার চেষ্টা করলেও শেষ পর্যন্ত ৬ উইকেট হারিয়ে ১৭০ রান করে আয়ারল্যান্ড। দলের হয়ে ৩২ বলে চারটি বাউন্ডারির সাহায্যে সর্বোচ্চ ৪১ রান করেন লরকান টাকার।

২৫ বলে চারটি চার আর দুটি ছক্কার সাহায্যে ৩৮ রান করেন ওপেনার টিম ট্যাক্টর। ১৪ বলে তিন চার আর দুটি ছক্কায় ২৯ রান করেন ওপেনার পল স্টার্লিং।

বাংলাদেশ দলের হয়ে ৪ ওভারে ২৫ রানে ৩ উইকেট শিকার করেন শেখ মেহেদি হাসান। ১টি করে উইকেট নেন মোহাম্মদ সাইফউদ্দিন ও তানজিম হাসান সাকিব।