Home Blog Page 68

দোয়ারাবাজারে সুবিধাবঞ্চিত ১০১ জন কিশোরীর মাঝে ডিগনিটি কিটস বিতরণ

0

দোয়ারাবাজার প্রতিনিধিঃ

সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার উপজেলায় সুবিধাবঞ্চিত ও দুর্যোগে ক্ষতিগ্রস্ত কিশোরীদের মাঝে ডিগনিটি কিটস বিতরণ কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়েছে। রবিবার (১৪ ডিসেম্বর) এফ্যারটস ফর রুরাল এডভান্সমেন্ট (ইরা)-এর উদ্যোগে এই মানবিক সহায়তা প্রদান করা হয়। মাল্টিসার ইন্টারন্যাশনাল-এর সহযোগিতায় এবং জিএফএফও (GFFO)-এর আর্থিক সহায়তায় টুগেদার–২.০ প্রকল্পের আওতায় এ কর্মসূচি বাস্তবায়িত হয়।

দোয়ারাবাজার উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আয়োজিত বিতরণ অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন দোয়ারাবাজার উপজেলার মাননীয় উপজেলা নির্বাহী অফিসার জনাব অরুপ রতন সিংহ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইরা’র টুগেদার–২.০ প্রকল্পের প্রজেক্ট কো-অর্ডিনেটর জনাব প্রসূন রায়।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইরা’র প্রোগ্রাম ডিরেক্টর জনাব মোঃ কামরুজ্জামান। তিনি এই কার্যক্রমের উদ্দেশ্য ও গুরুত্ব তুলে ধরে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন।

এই কর্মসূচির আওতায় দোয়ারাবাজার উপজেলার দুটি ইউনিয়ন থেকে মোট ১০১ জন কিশোরীকে ডিগনিটি কিটস বিতরণ করা হয়। এর মধ্যে সুরমা ইউনিয়ন থেকে ৪৩ জন এবং দোয়ারাবাজার সদর ইউনিয়ন থেকে ৫৮ জন কিশোরী এই সহায়তা পায়। প্রতিটি ডিগনিটি কিটে স্যানিটারি ন্যাপকিন, সাবান, তোয়ালে এবং মাসিক স্বাস্থ্য ও ব্যক্তিগত পরিচ্ছন্নতা নিশ্চিতকরণে প্রয়োজনীয় অন্যান্য সামগ্রী অন্তর্ভুক্ত ছিল।

কর্মসূচির মূল লক্ষ্য হলো দুর্যোগকালীন বা আর্থিক সংকটের সময় কিশোরীদের মাসিক স্বাস্থ্য (Menstrual Hygiene) ও ব্যক্তিগত পরিচ্ছন্নতা বজায় রাখতে সহায়তা করা এবং তাদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা।

উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার ছাড়াও উপস্থিত ছিলেন দোয়ারাবাজার উপজেলার সমাজসেবা কর্মকর্তা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) এবং সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাবৃন্দ। এছাড়া সংস্থার পক্ষ থেকে মিল ও ডকুমেন্টেশন কর্মকর্তা অদিতি বিশ্বাস মৌসহ ইরা’র অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ইরা কর্তৃপক্ষ আশা প্রকাশ করেছে, ভবিষ্যতে এই ধরনের কার্যক্রম আরও বৃহৎ পরিসরে বাস্তবায়িত হবে, যা গ্রামীণ এলাকার কিশোরী ও নারীদের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

জরুরি মুহূর্তে স্বাস্থ্যসেবা দিতে শাবি ছাত্রদলের ‘আপন অ্যাপ’ চালু

0

শাবি প্রতিনিধিঃ

জরুরি মুহূর্তে স্বাস্থ্যসেবা দিয়ে মানুষের পাশে দাঁড়াতে ‘আপন অ্যাপ’ পরিষেবা চালু করেছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শাখা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।

রবিবার (১৪ ডিসেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন শাবি শাখা ছাত্রদলের সভাপতি রাহাত জামান।

বিশেষভাবে তৈরি এই অ্যাপের মাধ্যমে সহজে রক্ত দাতার খোঁজ, ডাক্তারের চেম্বার ও নিকটস্থ অ্যাম্বুলেন্স সেবা পাওয়া যাবে বলে জানান রাহাত জামান। তিনি জানান, ডোনারদের উৎসাহিত করতে অ্যাপে আছে বিশেষ গ্যামিফিকেশন ব্যাজ! এ ছাড়া বিশেষজ্ঞ ডাক্তারদের অ্যাপয়েন্টমেন্ট ফি ও রেটিং দেখে সহজেই খুঁজে বের করতে পারবেন রোগীরা।

অ্যাপ থেকে সেবা পাবার জন্য রেজিস্টার্ড ইউজার হিসেবে রক্তদাতা নিজের নাম, নিকটস্থ ভালো ডাক্তারদের চেম্বারের তথ্য ম্যাপে যোগ করতে পারবেন। পাশাপাশি এলাকার অ্যাম্বুলেন্স পরিষেবাগুলির যোগাযোগের বিবরণ ও ভাড়া তালিকাভুক্ত করা যাবে বলোও জানানো হয়।

এ বিষয়ে রাহাত জামান বলেন, ‘জরুরি অবস্থায় এক মিনিটের অপেক্ষা মানে জীবনের ঝুঁকি। সেই কঠিন সময়ে রোগীর পাশে থাকার জন্য আমরা নিয়ে এসেছি একটি ম্যাপভিত্তিক স্বাস্থ্য পরিষেবা অ্যাপ। রোগীরদের জন্য এটি হবে একটি ভালো প্ল্যাটফর্ম। আশা করি মানুষ এই প্লাটফর্ম থেকে সুবিধা পাবে।’

শহীদ বুদ্ধিজীবীদের প্রতি সিলেট জেলা প্রেসক্লাবের শ্রদ্ধা

0

আধুনিক ডেস্ক:

মুক্তিযুদ্ধের শেষ মুহূর্তে যখন পাকিস্তানি হানাদার বাহিনী বুঝতে পারে, তাদের পরাজয় অনিবার্য, তখন তারা স্বাধীন বাংলাদেশকে মেধাশূন্য করার লক্ষ্যে চূড়ান্ত আঘাত হানে। পরিকল্পিতভাবে বাংলার মেধাবী সন্তানদের ধরে নিয়ে হত্যা করা হয়।

প্রতিবারের ন্যায় শহীদ বুদ্ধিজীবী দিবসে জাতির শ্রেষ্ট সন্তানদের ফুলেল শ্রদ্ধা জানাল সিলেট জেলা প্রেসক্লাব।

রোববার (১৪ ডিসেম্বর) সকাল ১০টায় সিলেট নগরীর চৌহাট্টাস্থ শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করা হয়।

ফুলেল শ্রদ্ধা নিবেদনকালে উপস্থিত ছিলেন সিলেট জেলা জেলা প্রেসক্লাবের সভাপতি মঈন উদ্দিন, সাধারণ সম্পাদক মোহাম্মদ নাসির উদ্দিন, ক্লাবের সিনিয়র সদস্য ও ইউএনবি’র জেলা প্রতিনিধি মোহাম্মদ মহসীন, কার্যনির্বাহী কমিটির সদস্য রনজিত সিংহ, দৈনিক যুগান্তরের সিনিয়র ফটো সাংবাদিক ও ক্লাব সদস্য মামুন হাসান, চ্যানেল ২৪ এর সিলেট করেসপন্ডেন্ট ও ক্লাব সদস্য আজহার উদ্দিন শিমুল, আজকের সিলেট.কম এর সহকারি সম্পাদক ক্লাব সদস্য এসএম মিজানুর রহমান,  ক্লাব সদস্য মোজাম্মেল হক এবং ক্লাবের অফিস সহকারি সাদিকুর রহমান প্রমুখ।

উল্লেখ্য, ১৯৭১ সালের এই দিনে পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দোসর রাজাকার আল-বদর,আল-শামসরা বাংলার জমিনে বর্বর ধ্বংসলীলা চালায়। তারা বাংলার শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের পরিকল্পিতভাবে একে একে ধরে নিয়ে হত্যা করে। কেবল এই তারিখে নয়, ডিসেম্বর মাসের শুরু থেকে বিজয়ের আগমুহূর্ত পর্যন্ত তারা এই হত্যাযজ্ঞ অব্যাহত রাখে। এর আগে মার্চ মাসেও মুক্তিযুদ্ধের সূচনা মুহূর্তেও ঘাতক বাহিনী অনেক বুদ্ধিজীবীকে হত্যা করে।

১৯৭১ সালের ৯ এপ্রিল সিলেট মেডিক্যাল কলেজের সার্জারি বিভাগের প্রধান ডা. শামসুদ্দিন আহমদকে হত্যা করে। যিনি যুদ্ধ চলাকালে দিবারাত্রি যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের চিকিৎসা সেবা দিয়েছেন। একইভাবে সিলেট মেডিক্যাল কলেজের তদানিন্তন অধ্যক্ষ ও সুপারেনটেনডেন্ট লে. কর্ণেল ডা. জিয়াউর রহমানক, ইন্টার্ণ চিকিৎসক শ্যামল কান্তি লালা এবং অ্যাম্বুলেন্স চালক কোরবান আলীকে হত্যা করে পাক হানাদাররা।

মুক্তিযুদ্ধের প্রথম প্রহর থেকে বিজয়ের পূর্বমুহূর্ত পর্যন্ত যেসব বরেণ্য বুদ্ধিজীবীকে আমরা হারিয়েছি, তাঁদের মধ্যে আছেন অধ্যাপক গোবিন্দ চন্দ্র দেব, মুনীর চৌধুরী, জ্যোতির্ময় গুহঠাকুরতা, ড. মোফাজ্জল হায়দার চৌধুরী, রাশীদুল হাসান, ড. আবুল খায়ের, ড. আনোয়ার পাশা, সিরাজুদ্দীন হোসেন, শহীদুল্লা কায়সার, আলতাফ মাহমুদ, নিজামুদ্দীন আহমদ, গিয়াসউদ্দিন আহমদ, ডা. ফজলে রাব্বী, ডা. আলীম চৌধুরী, আ ন ম গোলাম মোস্তফা, সেলিনা পারভীন প্রমুখ।

অপারেশন ডেভিল হান্ট ফেজ-২: কোম্পানীগঞ্জে দুইজন গ্রেপ্তার

0

কোম্পানিগঞ্জ প্রতিনিধি:

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী সংগঠন ছাত্রলীগ ও শ্রমিকলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (১৩ ডিসেম্বর) দিবাগত রাত দেড়টায় দিকে উপজেলার ভোলাগঞ্জ এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করে কোম্পানীগঞ্জ থানা-পুলিশ।

পুলিশ জানায়, অভিযানে নেতৃত্ব দেন কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শফিকুর রহমান খান, ওসি (তদন্ত) সুজন চন্দ্র কর্মকার ও উপ-পরিদর্শক নাজমুল হক মামুনসহ সঙ্গীয়ফোর্স।

গ্রেপ্তারকৃতরা হলেন, কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ রাসেল তিনি ভোলাগঞ্জ গ্রামের হারুনুর রশিদের পুত্র এবং উপজেলার ১ নং পশ্চিম ইসলামপুর ইউনিয়ন শ্রমিকলীগের সাধারণ সম্পাদক আব্বাস আলী সে ভোলাগঞ্জ গ্রামের মৃত রইস আলীর পুত্র

কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শফিকুর রহমান খান বলেন, ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ-২’-এর অংশ হিসেবে এই অভিযান চালানো হয়েছে। তাদেরকে ২০২৪ সালের বৈষম্য বিরোধী মামলায় আটক করা হয়েছে’ তিনি আরও বলেন, ‘সাধারণ মানুষের জানমাল রক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে ডেভিল হান্ট ফেজ-২ অপারেশন চলমান থাকবে।’

শাবি প্রেসক্লাবের উদ্যোগে ‘ফটোগ্রাফি ও ফটোজার্নালিজম’ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

0

শাবিপ্রবি প্রতিনিধি:

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকদের সংগঠন ‘শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব’র উদ্যোগে দিনব্যাপী ‘ভিজুয়াল ট্রুথস: অ্যা ওয়ার্কশপ অন ফটোগ্রাফি অ্যান্ড ফটোজার্নালিজম’ শীর্ষক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৩ ডিসেম্বর) সকাল ১০টায় সাস্ট রিসার্চ সেন্টারের কনফারেন্স কক্ষে এ কর্মশালা শুরু হয় । বিকাল ৫ টায় অনুষ্ঠানের সমাপনী ও সার্টিফিকেট বিতরণী অনুষ্ঠিত হয়।

উদ্বোধনী সেশনে শাবি প্রেসক্লাবের সভাপতি জুবায়েদুল হক রবিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নাঈম আহমদ শুভর সঞ্চালনায় অতিথি হিসেবে বক্তব্য দেন ‘এখন টিভি’র সিলেটের ব্যুরোপ্রধান গোলজার আহমদ। কর্মশালায় দুজন রিসোর্স পার্সন ছিলেন। বেসিক ফটোগ্রাফি বিষয়ে আলোচনা করেন শাহজালাল ইউনিভার্সিটি ফটোগ্রাফার্স অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি আশিকুর রহমান সাকিব এবং ফটোজার্নালিজম বিষয়ে আলোচনা করেন দৈনিক প্রথম আলোর সিলেটের আলোকচিত্রী আনিস মাহমুদ।

সমাপনী সেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইসমাইল হোসেন। বক্তব্যে তিনি বলেন, ছবির মাধ্যমে অনেক বিষয়ে আমরা ধারণা পেয়ে থাকি। নিউজ লেখার পাশাপাশি সাংবাদিকদের ছবি তোলার দক্ষতা থাকা প্রয়োজন। আজ ফটোগ্রাফিতে দক্ষতা অর্জনের লক্ষ্যে এ আয়োজন করা হয়েছে। আশাকরি, এ আয়োজন ফলপ্রসূ ভুমিকা রাখবে।

তিনি আরো বলেন, শাবি প্রেসক্লাবের সাংবাদিকরা সুনামের সাথে কাজ করে যাচ্ছেন। পাশাপাশি সাংবাদিকদের দক্ষতা উন্নয়নে বিভিন্ন উদ্যোগ নিয়েছে ক্লাব নেতৃবৃন্দ। ইতোমধ্যে অনেকগুলো উদ্যোগ বাস্তবায়ন করা হয়েছে। এসব থেকে প্রাপ্ত জ্ঞান সাংবাদিকতার ক্ষেত্রে কাজে লাগবে বলে আশাবাদী। প্রেসক্লাবের সাংবাদিকদের উত্তরোত্তর সফলতা কামনা করছি।

শাবি প্রেসক্লাবের সভাপতি জুবায়েদুল হক রবিন বলেন, আমরা গতানুগতিক বিভিন্ন ধরনের ছবি তুলে থাকি। তবে সুন্দর ও অথপূর্ণ ছবি তুলতে কিছু কৌশল অবলম্বন করতে হয়। আর সেটির জন্য ফটো তোলার দক্ষতা অর্জন প্রয়োজন। ক্লাবের সাংবাদিকরা নিউজ লেখার পাশাপাশি ভালোমানের ছবি যেন তুলতে পারে সে লক্ষ্যে এ প্রোগ্রামের আয়োজন করেছি। আশাকরি, এটি থেকে তারা উপকৃত হবে এবং বাস্তবিক জীবনে কাজে লাগাতে পারবে।

ঢাকা-৮ আসনের প্রার্থী ওসমান হাদি গুলিবিদ্ধ

0

আধুনিক ডেস্ক ::

ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে রাজধানীর বিজয়নগরে গুলি করা হয়েছে। শুক্রবার দুপুরে রাজধানীর বিজয়নগরের বক্স কালভার্ট এলাকায় তাকে গুলি করা হয়। গুরুতর আহত অবস্থায় ওসমান হাদিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

গুরুতর আহত অবস্থায় ওসমান হাদিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে
এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান প্রথম আলোকে বলেন, ২টা ২৫ মিনিটে তিনটি মোটরসাইকেলে দুর্বৃত্তরা আসেন। এর মধ্যে একটি মোটরসাইকেল থেকে হাদিকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়।

‘অপমানিত বোধ করছেন’ রাষ্ট্রপতি সাহাবুদ্দিন, নির্বাচনের পর পদত্যাগ করতে চান

0

আধুনিক ডেস্ক ::

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর পদত্যাগের পরিকল্পনা করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। তিনি বলেছেন, অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের দ্বারা তিনি অপমানিত বোধ করছেন। বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে রাষ্ট্রপতি এসব কথা বলেন। ঢাকায় নিজের বাসভবন বঙ্গভবন থেকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে এ সাক্ষাৎকার দেন তিনি।

রাষ্ট্রপ্রধান হিসেবে সাহাবুদ্দিন সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক। তবে এ পদ অনেকটাই আলংকারিক। দেশের নির্বাহী ক্ষমতা প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার হাতে থাকে। অবশ্য ২০২৪ সালের আগস্টে শিক্ষার্থীদের নেতৃত্বাধীন অভ্যুত্থানে দীর্ঘ সময় প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করে আসা শেখ হাসিনা নয়াদিল্লি পালিয়ে যেতে বাধ্য হলে রাষ্ট্রপতির পদের গুরুত্ব বাড়ে। কারণ, অভ্যুত্থানের পর সংসদ ভেঙে দেওয়া হলে রাষ্ট্রপতিই একমাত্র সাংবিধানিক কর্তৃপক্ষ হিসেবে বহাল থাকেন।

শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগের মনোনয়নে ২০২৩ সালে বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাষ্ট্রপতি নির্বাচিত হন ৭৫ বছর বয়সী সাহাবুদ্দিন। কার্যক্রম নিষিদ্ধ থাকায় আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারছে না আওয়ামী লীগ।

রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে রাষ্ট্রপতি সাহাবুদ্দিন বলেন, আমি সরে যেতে চাই। আমি চলে যেতে আগ্রহী।’ তিনি বলেন, নির্বাচন না হওয়া পর্যন্ত আমার দায়িত্ব পালন করে যাওয়া উচিত। সাংবিধানিকভাবে রাষ্ট্রপতির পদে থাকায় আমি আমার দায়িত্ব পালন করে যাচ্ছি।

রাষ্ট্রপতি বলেন, প্রায় সাত মাস হয় অধ্যাপক ইউনূস তাঁর সঙ্গে সাক্ষাৎ করেননি। তাঁর জনসংযোগ বিভাগ নিয়ে নেওয়া হয়েছে। সেপ্টেম্বরে বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশের দূতাবাস থেকে তাঁর ছবি সরিয়ে নেওয়া হয়েছে।

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন বলেন, ‘সব কনস্যুলেট, দূতাবাস ও হাইকমিশনে রাষ্ট্রপতির প্রতিকৃতি, রাষ্ট্রপতির ছবি ছিল। হঠাৎ এক রাতেই সেগুলো উধাও করে ফেলা হয়েছে। এতে মানুষের কাছে একটি ভুল বার্তা গেছে যে সম্ভবত রাষ্ট্রপতিকে সরিয়ে দেওয়া হচ্ছে। আমি খুবই অপমানিত বোধ করেছিলাম।’

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন জানান, প্রতিকৃতি সরিয়ে ফেলার বিষয়ে অধ্যাপক ইউনূসকে তিনি লিখিতভাবে বলেছেন, কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। তিনি আরও বলেন, ‘আমার কণ্ঠরোধ করা হয়েছে।’

এ বিষয়ে বক্তব্যের জন্য যোগাযোগ করা হলে অধ্যাপক ইউনূসের প্রেস সচিবরা তাৎক্ষণিকভাবে সাড়া দেননি।

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন বলেন, সেনাপ্রধান জেনারেল ওয়াকার–উজ–জামানের সঙ্গে তাঁর নিয়মিত যোগাযোগ হয়। ২০২৪ সালে শেখ হাসিনার বিরুদ্ধে চলা প্রাণঘাতী বিক্ষোভের সময় সেনাবাহিনী নিরপেক্ষ অবস্থান নিলে প্রবীণ এই রাজনীতিকের ভাগ্য নির্ধারণ হয়ে যায়।

সাহাবুদ্দিন বলেন, জেনারেল ওয়াকার–উজ–জামান স্পষ্ট করেছেন দেশের ক্ষমতা নেওয়ার কোনো ইচ্ছা তার নেই। বাংলাদেশে সামরিক শাসনের ইতিহাস রয়েছে। তবে জেনারেল ওয়াকার–উজ–জামান বলে আসছেন, তিনি চান দেশে গণতন্ত্র ফিরে আসুক।

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন বলেন, যদিও কিছু ছাত্র বিক্ষোভকারী শুরুর দিকে তার পদত্যাগের দাবি জানিয়েছিল, কিন্তু সাম্প্রতিক মাসগুলোতে কোনো রাজনৈতিক দল তাকে পদত্যাগ করতে বলেনি।

জনমত জরিপগুলোতে আভাস পাওয়া যাচ্ছে যে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নেতৃত্বাধীন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং জামায়াতে ইসলামী সরকার গঠনের দৌড়ে এগিয়ে থাকবে। দল দুটি ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত ক্ষমতাসীন জোটের অংশ ছিল।

২০ বছর দেশ শাসন করা শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর যোগাযোগ করার চেষ্টা করেছেন কি না—এমন প্রশ্নের উত্তর দিতে অস্বীকৃতি জানান রাষ্ট্রপতি সাহাবুদ্দিন। তিনি বলেন, রাষ্ট্রপতি হওয়ার পর থেকে তিনি দলনিরপেক্ষ, কোনো দলের সঙ্গে সম্পৃক্ত নন।

রাজশাহীতে গর্ত থেকে উদ্ধার করা শিশু সাজিদ বেঁচে নেই

0

আধুনিক ডেস্ক ::

রাজশাহীর তানোরে গর্ত থেকে উদ্ধার করা দুই বছরের শিশুটি বেঁচে নেই। তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকের বরাত দিয়ে ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম এ কথা জানিয়েছেন। ভূগর্ভস্থ পানি তোলার জন্য তৈরি করা গভীর গর্তে পড়ে যাওয়া শিশু সাজিদকে ৩২ ঘণ্টা পর উদ্ধার করে ফায়ার সার্ভিস। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) রাত ৯টার দিকে শিশুটিকে উদ্ধারের পর তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। তানোর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বার্নাবাস হাসদাক জানান, শিশুটিকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল।

এর আগে বৃহস্পতিবার রাত ৯টার দিকে শিশুটিকে অচেতন অবস্থায় উদ্ধার করে ফায়ার সার্ভিস। প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, উদ্ধার অভিযান শুরুর পর থেকেই ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের অ্যাম্বুলেন্স প্রস্তুত রাখা ছিল। তবে সেখানে কোনো চিকিৎসক দল ছিল না। শিশুটিকে উদ্ধারের সঙ্গে সঙ্গে অ্যাম্বুলেন্সে করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

বুধবার (১০ ডিসেম্বর) বেলা একটার দিকে তানোর উপজেলার কোয়েল হাট পূর্বপাড়া গ্রামে মায়ের সঙ্গে মাঠে গিয়ে গভীর গর্তে পড়ে যায় দুই বছরের শিশু সাজিদ। সে কোয়েল হাট পূর্বপাড়া গ্রামের মো. রাকিবুল ইসলামের ছেলে।

স্থানীয় লোকজন জানান, তানোরের কোয়েল হাট গ্রামে ভূগর্ভস্থ পানির স্তর অনেক নিচে নেমে গেছে। এ এলাকায় এখন গভীর নলকূপ বসানোর বিষয়ে নিষেধাজ্ঞা আছে। এরপরও ওই গ্রামের এক ব্যক্তি তাঁর জমিতে পানির স্তর পাওয়া যায় কি না, সেটা যাচাই করার জন্য গর্তটি খনন করেছিলেন। সেই গর্ত ভরাটও করেছিলেন; কিন্তু বর্ষায় মাটি বসে গিয়ে নতুন করে গর্ত সৃষ্টি হয়। মায়ের সঙ্গে মাঠে গিয়ে শিশুটি সেই গর্তে পড়ে যায়।

শিশুটিকে উদ্ধারে বুধবার বেলা আড়াইটার দিকে অভিযান শুরু করে ফায়ার সার্ভিস। একে একে যোগ দেয় আটটি ইউনিট। মূল গর্তের পাশ থেকে কেটে শিশুটিকে উদ্ধারের জন্য গতকাল সন্ধ্যা থেকে এক্সকাভেটর (খননযন্ত্র) দিয়ে খননকাজ শুরু করা হয়। ৪৫ ফুট গভীর পর্যন্ত খনন করে শিশুটিকে উদ্ধার করা হয়।

বুধবার রাতে রাতে শিশু সাজিদের মা রুনা খাতুনকে গর্তের পাশ থেকে বাড়িতে নেওয়া হয়। বৃহস্পতিবার বাড়িতে গিয়ে দেখা যায়, রুনা খাতুনকে নিয়ে বসে আছেন তাঁর মা শেফালী বেগম। শেফালী বেগম সাজিদের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। কাঁদতে কাঁদতে রুনা খাতুন বলেন, ‘গ্রামের কছির উদ্দিন তিন জায়গায় গভীর নলকূপ বসানোর জন্য গর্ত খুঁড়েছিল। দুই বছর ধরে বন্ধ না করে গর্তগুলো এভাবে ফেলে রাখেন। আমি কছিরের শাস্তি চাই, তাঁর বিচার চাই।’ তিনি জানান, ঘটনার পর কছির একবার দেখতে এসেছিলেন। তারপর আর আসেননি। তিনি পালিয়ে গেছেন।

তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীনুজ্জামান বলেন, ‘আমাদের সঙ্গে কছিরের দেখা হয়নি। আমরা তাঁকে পাইনি।’ তাঁকে গ্রেপ্তার করা হবে কি না প্রশ্ন করলে ওসি বলেন, ‘তদন্ত চলছে। আমরা এটা দেখছি।’

‘ইলেক্টিভ ভেন্টিলেটর সাপোর্টে’ খালেদা জিয়া

0

আধুনিক ডেস্ক ::

হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার চিকিৎসার সর্বশেষ অবস্থা জানিয়েছেন তাঁর চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের প্রধান অধ্যাপক ডা. শাহাবুদ্দিন তালুকদার। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় এই চিকিৎসকের স্বাক্ষরিত এক বিবৃতিতে এ–সংক্রান্ত বিষয়ে বিস্তারিত জানানো হয়। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমে বিবৃতিটি পাঠান।

‘সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের সর্বশেষ আপডেট’ শীর্ষক ওই বিবৃতিতে বলা হয়, ‘গত কয়েক দিনের বিভিন্ন পরীক্ষা–নিরীক্ষায় তাঁর স্বাস্থ্যে বেশ কিছু জটিলতা পরিলক্ষিত হয়। তাঁর শ্বাসকষ্ট বেড়ে যাওয়া, রক্তে অক্সিজেনের পরিমাণ কমে যাওয়া এবং কার্বন ডাই–অক্সাইডের মাত্রা বেড়ে যাওয়ায় তাঁকে হাই ফ্লো নাজাল ক্যানুলা এবং বিআইপিএপি মেশিনের মাধ্যমে চিকিৎসা দেওয়া হয়। কিন্তু অবস্থার উন্নতি না হওয়ায় তাঁর ফুসফুস ও অন্যান্য অর্গানকে বিশ্রাম দেওয়ার জন্য তাঁকে ইলেক্টিভ ভেন্টিলেটর সাপোর্টে নেওয়া হয়।’

গত ২৭ নভেম্বর খালেদা জিয়ার ‘অ্যাকিউট প্যানক্রিয়েটাইটিস’ ধরা পড়ে, যেগুলোর নিবিড় চিকিৎসা এখনো চলছে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়। তাতে বলা হয়, ‘শরীরে গুরুতর ইনফেকশনের (ব্যাকটেরিয়া অ্যান্ড ফাঙ্গাল ইনফেকশন) কারণে তাঁকে উন্নত অ্যান্টিবায়োটিক ও অ্যান্টিফাঙ্গাল চিকিৎসা দেওয়া হচ্ছে।’

পাশাপাশি কিডনির কার্যক্ষমতা বন্ধ হয়ে যাওয়ায় তাঁর ডায়ালাইসিস শুরু করা হয়। এখনো নিয়মিত ডায়ালাইসিস দিতে হচ্ছে বলেও জানানো হয় বিবৃতিতে। এ ছাড়া পরিপাকতন্ত্রে রক্তক্ষরণ ও ‘ডিআইসি’র ফলস্বরূপ তাঁকে রক্ত ও রক্তের বিভিন্ন উপাদান (ব্লাড অ্যান্ড ব্লাড প্রোডাকশন) ট্রানফিউশন দিতে হচ্ছে।

সব চিকিৎসার পরও জ্বর না কমার কারণে এবং পাশাপাশি রেগুলার ইকোকার্ডিওগ্রাফিতে অরটিক ভাল্‌ভে কিছু সমস্যা পরিলক্ষিত হওয়ায় টিইই (ট্রান্স অয়েসোপিগাল ইকো) করা হয় এবং সেখানে ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিস ধরা পরে। সঙ্গে সঙ্গে মেডিকেল বোর্ডের দেশি-বিদেশি চিকিৎসকদের পরামর্শে এ রোগের চিকিৎসা গাইডলাইন অনুযায়ী চিকিৎসা শুরু করা হয়।

সাবেক এই সরকারপ্রধান দীর্ঘদিন ধরে বিভিন্ন জটিল ও দীর্ঘস্থায়ী স্বাস্থ্য সমস্যায় ভুগছেন। এর মধ্যে রয়েছে লিভারসংক্রান্ত জটিলতা, কিডনিসংক্রান্ত জটিলতা, হৃদ্‌রোগ, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস ও ইনফেকশন–জনিত সমস্যা। এগুলোর চিকিৎসা তিনি দীর্ঘদিন ধরে পেয়ে আসছেন।

নিজ বাসভবনে অবস্থানকালে তাঁর শ্বাসকষ্ট, কাশি, জ্বর ও শারীরিক দুর্বলতা দেখা যায়। কিন্তু ক্রমান্বয়ে শারীরিক অবস্থার অবনতি হলে গত ২৩ নভেম্বর তাঁকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। ভর্তি-পরবর্তী পরীক্ষা–নিরীক্ষায় তাঁর ফুসফুস, হৃদ্‌যন্ত্র ও কিডনির অবস্থার দ্রুত অবনতি পরিলক্ষিত হওয়ায় তাঁকে তাৎক্ষণিকভাবে কেবিন থেকে উন্নত চিকিৎসা ও নিবিড় পর্যবেক্ষণের জন্য ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে (সিসিইউ) স্থানান্তর করা হয়।

খালেদা জিয়ার চিকিৎসাসংক্রান্ত এসব তথ্য তুলে ধরার পাশাপাশি বিবৃতিতে তুলে ধরা হয় চিকিৎসকদের পর্যবেক্ষণও। তাতে বলা হয়, ‘দেশি-বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ড প্রতিদিন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে তাঁর চিকিৎসা দিয়ে আসছেন।’ সাবেক এই প্রধানমন্ত্রীর চিকিৎসা নিয়ে কোনো অনুমান বা ভুল তথ্য প্রচার না করে মেডিকেল বোর্ডের প্রতি আস্থা রাখার আহ্বানও জানানো হয় তাতে।

গত ২৩ নভেম্বর হাসপাতালে ভর্তি হওয়ার পর থেকে অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে দেশি-বিদেশি বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের অধীন খালেদা জিয়ার চিকিৎসা কার্যক্রম চলছে।

প্রশাসনের স্বৈরাচারিতা দমনের উদ্দেশ্যে শাকসু নির্বাচনে স্বতন্ত্র জোট গঠন

0

শাবি প্রতিনিধিঃ

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (শাকসু) নির্বাচনকে সামনে রেখে প্রার্থীদের একাংশ নিয়ে ‘স্বতন্ত্র সাস্টিয়ান জোট’ নামে প্ল্যাটফর্মের আত্মপ্রকাশ ঘটেছে।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বিকেল সাড়ে তিনটায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে সংবাদ সম্মেলন করে জোটের আত্মপ্রকাশ করেন। এসময় জোটের আটজন সদস্য উপস্থিত ছিলেন । জোটের আওতায় আরো কয়েকজন সদস্য রয়েছেন বলে জানিয়েছেন তারা।

সাংবাদ সম্মেলনের জোটের নেতা ফয়সাল হোসেন বলেন, এটা একক নির্দিষ্ট কোন প্যানেল নয়। স্বতন্ত্র বিভিন্ন একক প্রার্থীরা একত্রিত হয়ে এটি গঠন করেছি। বিশ্ববিদ্যালয়ে রাজনৈতিক সংগঠনের বাইরেও সামাজিক, স্বেচ্ছাসেবী ও স্বতন্ত্র শিক্ষার্থী রয়েছে। যারা শিক্ষার্থীদের জন্য সবসময় সোচ্চার ভূমিকা রাখে। কিন্তু তাদের ভয়েজ সম্মিলিত না হওয়ার কারণে তাদের আওয়াজ প্রশাসনের স্বৈরাচারী মনোভাবকে ডিঙাতে পারে না।

প্রশাসনের ও রাজনৈতিক দলের ছাত্রছায়ায় বেশিরভাগ সময় মিউচুয়াল বোঝাপড়ার মধ্যে দিয়ে নিয়োগ, বাণিজ্য ও দুর্নীতি শিক্ষার্থীদের সাথে বৈষম্যমূলক আচরণ করে থাকে। এমনকি কোন একক ব্যাক্তি বা তুলনামূলক ছোট সংগঠন থেকে প্রতিবাদ করলেও তাদেরকে বিভিন্ন কায়দায় কোণঠাসা করে রাখা হয়।

স্বতন্ত্র ছাত্রী বিষয়ক সম্পাদক নুসরাত জাহান সুমাইয়া লিখিত বক্তব্যে বলেন, জুলাই অভ্যুত্থানের আগে ছাত্ররাজনীতিতে আমাদের অভিজ্ঞতা ছিল অত্যন্ত নেতিবাচক। হল দখল, মাদক সেবন ও অনৈতিক কর্মকাণ্ডে ক্ষমতাসীন ছাত্র সংগঠনের দাপট ছিল স্পষ্ট। প্রশাসনও তাদের রক্ষক হয়ে নিজস্ব দুর্নীতিকে বাড়তে দিয়েছে। অভ্যুত্থানের পর ব্যক্তি বদল হলেও প্রশাসনের আচরণ ও কাঠামোগত সমস্যায় তেমন পরিবর্তন আসেনি। এই অবস্থায় শাকসু নির্বাচন বাস্তবায়নে স্বতন্ত্র সাস্টিয়ান জোট শিক্ষার্থীদের সৌহার্দ্য বজায় রেখে ঐক্যবদ্ধ থাকবে। আমরা একক প্যানেল নই তাই প্রত্যেকে নিজের সিদ্ধান্তের জন্য নিজেই দায়ী থাকবে। একজনের ভুলের দায় অন্যজনের নয়। তবে শিক্ষার্থীদের কমন ও যৌক্তিক দাবিতে আমরা সবাই একত্রে কাজ করব।

এসময় উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে স্বতন্ত্র সাধারণ সম্পাদক প্রার্থী ফয়সাল হোসেন, ছাত্রী বিষয়ক সম্পাদক নুসরাত জাহান সুমাইয়া, পরিবহন সম্পাদক মো. রিয়াজ হোসেন, তথ্য ও প্রযুিক্ত সম্পাদক সৈকত হোসেন, শিক্ষা, গবেষণা ও ক্যারিয়ার ডেভেলপমেন্ট সম্পাদক ফরহাদ হোসেন, ধর্ম ও সম্প্রীতি সম্পাদক মেহেদী হাসান, কার্যনির্বাহী সদস্য রবিউল হোসেন ও মুছা চৌধুরী।