Home Blog Page 37

জৈন্তাপুরে হাওরে ঝুলন্ত মরদেহ উদ্ধার

0

জৈন্তাপুর প্রতিনিধি:

জৈন্তাপুর উপজেলায় হাওরের ভেতর থেকে এক কাপড় ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (৪ মার্চ) দুপুর আনুমানিক ২টার দিকে জৈন্তাপুর থানাধীন ৫নং ফতেপুর ইউনিয়নের পশ্চিম বালিপাড়া হাওরের ‘আঁকাবাঁকা’ নামক স্থানে একটি হিজল গাছের ডালের সঙ্গে ফাঁস দেওয়া অবস্থায় মরদেহটি দেখতে পান স্থানীয়রা।

নিহত হাফেজ মিজানুর রহমান (৩৫) কানাইঘাট উপজেলার ওমাগড় গ্রামের মৃত শফিকুর রহমানের ছেলে। তিনি কানাইঘাট বাজারে ‘আম্মাজান কাপড় দোকান’র স্বত্বাধিকারী ছিলেন।

খবর পেয়ে জৈন্তাপুর মডেল থানা-এর একটি টিম ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করছে পুলিশ।

এ বিষয়ে জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুবর রহমান মোল্লা জানান, খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল সম্পন্ন করেছে। ময়নাতদন্তসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

শাবিপ্রবিতে চাইনিজ বর্ষবরণ উদযাপিত

0

শাবি প্রতিনিধি:

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে চাইনিজ কর্ণারের উদ্যোগে চাইনিজ বর্ষবরণ উদযাপিত হয়েছে। বুধবার (৪ মার্চ) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের আইআইসিটি ভবনে চাইনিজ কর্ণারের কনফারেন্স রুমে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাবি উপাচার্য অধ্যাপক ড. এ এম সরওয়ারউদ্দিন চৌধুরী। এতে বিশেষ অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইসমাইল হোসেন ও গেস্ট অব অনার হিসেবে ভার্চুয়ালি ঢাকাস্থ চাইনিজ দূতাবাসের কালচারাল কাউন্সিলর লি শাওপিং অংশ নেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন চাইনিজ কর্ণারের সমন্বয়ক অধ্যাপক ড. মো. সাহাবুল হক।

অনুষ্ঠানে বক্তারা চায়নার সাথে বাংলাদেশের সম্পর্কের গুরুত্ব তুলে ধরেন এবং বিশ্ববিদ্যালয়ে চাইনিজ কর্ণারের কার্যক্রমের প্রশংসা করেন।

এসময় প্রধান অতিথি উপাচার্য অধ্যাপক ড. এ. এম. সরওয়ারউদ্দিন চৌধুরী বলেন, চায়না ও বাংলাদেশের মধ্যে সম্পর্ক শত বছরের। বাংলাদেশের বিভিন্ন প্রয়োজনে চায়না বন্ধুর মতো পাশে দাঁড়াচ্ছে। আমাদের দেশ থেকে প্রতিবছর অনেক শিক্ষার্থী চায়নায় উচ্চশিক্ষা নিতে যাচ্ছে এবং নিজেদের প্রযুক্তিগত দিক দিয়ে আরো উন্নত করছে। এটি আমাদের জন্য খুশির খবর। এ ধারাবাহিকতা অব্যাহত থাকুক এবং চায়না বাংলাদেশের সম্পর্ক আরো উন্নত হোক এ প্রত্যাশা করছি।

চায়নার দূতাবাসের কালচারাল কাউন্সিলর লি শাওপিং বলেন, বাংলাদেশ চায়নার অন্যতম বন্ধুরাষ্ট্র। বাংলাদেশের সুখে দুঃখে চায়না সবসময় সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। ভবিষ্যতে এ দুটি দেশের মধ্যে সম্পর্ক আরো জোরদার হবে বলে আশা রাখছি।

অনুষ্ঠান শেষে পবিত্র রমজান মাস উপলক্ষে ইফতার পার্টির আয়োজন করা হয়। এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।





শাবিতে রুদ্র মেমোরিয়াল শর্ট পিচ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

0



শাবি প্রতিনিধি:

‎জুলাই গণঅভ্যুত্থানের শহীদ রুদ্র সেনের নামে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে( শাবিপ্রবির) শর্ট পিচ ক্রিকেট টুর্নামেন্টর উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

‎  মঙ্গলবার(৩ ফেব্রুয়ারি) রাত ১০টায় বিশ্ববিদ্যালয়ের  মুক্তমঞ্চে  টুর্নামেন্টের উদ্বোধনী করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. এ. এম সারওয়ারউদ্দিন চৌধুরী ।

‎এ সময় উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সাজেদুল করিম, ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক. মো.সাইফুল ইসলাম।

‎উপাচার্য এ. এম. সরওয়ারউদ্দিন চৌধুরী বলেন, লেখাপড়ার পাশপাশি শরীর ও মনের বিকাশের জন্য শিক্ষার্থীদের এমন টু্র্নামেন্টের আয়োজন ভালো উদ্যোগ। এই আয়োজনকে স্বাগত জানাই। আশা করি শৃঙ্খলার সহিত সুন্দরভাবে তোমরা খেলা পরিচলনা করবে। শিক্ষার্থীবান্ধব কাজে সবসময় আমরা শিক্ষার্থীদের পাশে আছি।’

‎টুর্নামেন্টের আহ্বায়ক সজীব সাজ বলেন, শহীদ রুদ্র সেনকে স্মরণে  রাখতে আমাদের এই উদ্যোগ। টুর্নামেন্টের শিক্ষার্থীদের অংশগ্রহণ আছে। টুর্নামেন্টটি রুদ্রের অনুপ্রেরণায় সকলের  সহযোগিতা ও  উপভোগ করতে আমন্ত্রণ জানান।

‎টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে আখালিয়া ডর্টমান্ডের বিপক্ষে  লিগ্যাসি স্ট্রাইকার্সের খেলা অনুষ্ঠিত হয়। টুর্নামেন্টের অন্য দলগুলোর  র্অনিরুদ্ধ ২৭, বাইনারি স্ট্রাইকারস, কারাভা মার্টার্স, গ্রিন গার্ডিয়ান, হান্টার্স, লেনসিয়েন্সি সিগমা স্কয়াড, কোয়ান্টাম স্ট্রাইকার,  সার্ভাইভরস ইউনাইটেড, সুপার ৮,
‎টিম হাইপোথিসিস, করপোরেট স্ট্রাইকার, হিট এন্ড রান, এপিক এক্সআই, একন এসেস।

‎উল্লেখ্য, টুর্নামেন্ট উদ্বোধনের শুরুতে রুদ্র সেনের স্মরণে ১ মিনিট নিরবতা পালন করা হয়।



ছেলে মোজতবা খামেনিই কি আয়াতুল্লাহ আলী খামেনির উত্তরসূরি হচ্ছেন

0

আধুনিক ডেস্ক ::

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর তার উত্তরসূরি নির্বাচনপ্রক্রিয়া শুরু হয়েছে। গতকাল মঙ্গলবার দেশটির জ্যেষ্ঠ ধর্মীয় নেতাদের একটি পর্ষদ পরবর্তী সর্বোচ্চ নেতা নির্বাচনসংক্রান্ত আলোচনা করতে এক বৈঠকে বসেছিলেন। জ্যেষ্ঠ ধর্মীয় নেতাদের এই পর্ষদটি ইরানে সর্বোচ্চ নেতা নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত। ওই বৈঠকে হওয়া আলোচনা সম্পর্কে জানেন এমন তিনটি সূত্র বলেছে, সর্বোচ্চ নেতা হওয়ার দৌড়ে নিহত আলী খামেনির ছেলে মোজতবা খামেনি অনেকটা এগিয়ে আছেন।

ওই কর্মকর্তারা বলেন, ধর্মীয় নেতারা স্থানীয় সময় আজ বুধবার সকালের মধ্যেই মোজতবা খামেনিকে তাঁর বাবার উত্তরসূরি ঘোষণার বিষয়টি বিবেচনা করছেন। তবে কেউ কেউ বিষয়টি নিয়ে সতর্ক করেছেন। তাঁদের ভয়, এটি মোজতবাকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের নিশানায় পরিণত করতে পারে। ওই তিন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে ইরানের অত্যন্ত সংবেদনশীল এই অভ্যন্তরীণ বিষয় নিয়ে কথা বলেছেন।

ইরানের জ্যেষ্ঠ ধর্মীয় নেতাদের ওই পর্ষদ ‘অ্যাসম্বলি অব এক্সপার্টস’ নামে পরিচিত। ওই কর্মকর্তারা বলেন, এই পর্ষদ মঙ্গলবার সকালে এবং সন্ধ্যায় দুটো ভার্চ্যুয়াল বৈঠক করেছেন। এদিকে ইরানের কোমে একটি ভবনে হামলা চালিয়েছে ইসরায়েল। ভবনটি শিয়া মুসলিমদের প্রধান শক্তিকেন্দ্রগুলোর একটি এবং যেখানে নতুন সর্বোচ্চ নেতা নির্বাচনের জন্য ‘অ্যাসম্বলি অব এক্সপার্টস’–এর সভা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল বলে জানা গেছে। তবে ফার্স নিউজ এজেন্সির খবর অনুযায়ী, হামলার সময় ভবনটি খালি ছিল।

জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের ইরান ও শিয়া মুসলিম বিষয়ে বিশেষজ্ঞ ভালি নাসর বলেন, (মোজতবা) খামেনিকে নির্বাচন অবাক করার বিষয়–ই হবে। একই সঙ্গে এটি একটি গুরুত্বপূর্ণ ইঙ্গিতও দিতে পারে।

নাসর বলেন, ‘অনেক দিন ধরেই তাঁকে উত্তরাধিকারী হিসেবে ঠিক করে রাখা হয়েছিল। কিন্তু গত দুই বছর ধরে মনে হয়েছে, তার ওপর থেকে নজর সরে গেছে। যদি তিনি নির্বাচিত হন; তবে তা এই ইঙ্গিত দেবে যে এটা অধিক কট্টরপন্থী ইসলামি বিপ্লবী গার্ডের পক্ষ থেকে এসেছে, এই বাহিনী এখন দায়িত্ব আছে।’

৫৬ বছর বয়সী মোজতবা খামেনি একজন প্রভাবশালী ব্যক্তি। কিন্তু সাধারণ মানুষের কাছে তিনি খুব একটা পরিচিত নন। তিনি তার বাবার শাসনকালে ছায়ায় কাজ করেছেন। গত শনিবার ইরানের ওপর যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলায় দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন।

মোজতবা খামেনি ইসলামি বিপ্লবী গার্ডের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রাখার জন্য পরিচিত। ওই তিন কর্মকর্তার মতে, বিপ্লবী গার্ড তার নিয়োগের পক্ষে জোর দিয়েছে। তারা এই যুক্তি দেখিয়েছেন, সংকটের এই সময়ে ইরানকে পরিচালনা করার জন্য তার প্রয়োজনীয় যোগ্যতা রয়েছে।

তেহরানের বিশ্লেষক মেহদি রহমাতি বলেন, এখনকার সময়ে মোজতবা সবচেয়ে বিচক্ষণ নির্বাচন। কারণ, তিনি নিরাপত্তা ও সামরিক ব্যবস্থাগুলো পরিচালনা ও সমন্বয় করার সঙ্গে ঘনিষ্ঠভাবে পরিচিত। তিনি আগে থেকেই এই দায়িত্বে ছিলেন। তবে নিশ্চিতভাবেই মোজতবাকে নির্বাচন করা হলে সবাই খুশি হবেন না—যোগ করেন এই বিশ্লেষক।

রহমাতি বলেন, ‘জনগণের একাংশ এই সিদ্ধান্তের প্রতি নেতিবাচক ও শক্তিশালী প্রতিক্রিয়া দেখাবে। তাকে নির্বাচিত করা হলে প্রতিবাদ বা বিক্ষোভের সৃষ্টি হতে পারে।’

রহমাতির মতে, সরকারের সমর্থকেরা মোজতবার নির্বাচনকে তাঁর বাবা আয়াতুল্লাহ আলী খামেনির শাসনের ধারাবাহিকতা হিসেবে দেখবেন এবং দ্রুত তাঁকে সমর্থন দেবেন। তবে সরকারের বিরোধীরাও মোজতবাকে একই রকমভাবে বর্তমান শাসনব্যবস্থার ধারাবাহিকতা হিসেবেই দেখবেন, যারা কঠোর হাতে বিক্ষোভ দমন করতে গিয়ে কয়েক মাসে কয়েক হাজার মানুষকে হত্যা করেছে বলে অভিযোগ রয়েছে।

অন্য প্রার্থীদের মধ্যে যাঁরা চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছেন তাদের মধ্যে রয়েছেন—আলেম ও আইনজ্ঞ আলিরেজা আরাফি। তিনি তিন সদস্যের নেতৃত্ব পরিবর্তন পর্ষদের অংশ। আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার পর এই কমিটি গঠন করা হয়েছে। অন্যজন হলেন সৈয়দ হাসান খোমেনি। তিনি ইসলামি বিপ্লবের প্রতিষ্ঠাতা আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির নাতি।

ইরানের ‘অ্যাসম্বলি অব এক্সপার্টস’ বা বিশেষজ্ঞ পর্ষদে ৮৮ জন জ্যেষ্ঠ শিয়া ধর্মীয় নেতা রয়েছেন। তাঁরা জনগণের ভোটের মাধ্যমে নির্বাচিত হন। ইসলামি প্রজাতন্ত্র ইরানের সংবিধান অনুযায়ী, এই পর্ষদ সর্বোচ্চ নেতা নিয়োগ, তদারকি ও অপসারণের দায়িত্বে থাকে। ইসলামি প্রজাতন্ত্রের ৪৭ বছরের ইতিহাসে এর আগে মাত্র একবার সর্বোচ্চ নেতা নির্বাচন করা হয়েছিল।

ইরান সরকার বলেছে, শনিবারের হামলায় বাবা আয়াতুল্লাহ আলী খামেনির সঙ্গে মোজতবা খামেনির স্ত্রী জাহরা আদেল, তার মা মানসুরেহ খোজাস্তেহ বাঘেরজাদেহ এবং মোজতবার এক ছেলে নিহত হয়েছেন।
আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির মৃত্যুর পর ১৯৮৯ সালে বিশেষজ্ঞ পর্ষদ আয়াতুল্লাহ আলী খামেনিকে সর্বোচ্চ নেতা নির্বাচন করেছিল।

৮ প্রতিমন্ত্রীর দায়িত্ব কমল, দায়িত্ব বাড়ল ২ উপদেষ্টার

0

আধুনিক ডেস্ক ::
নতুন সরকারের আট প্রতিমন্ত্রীর দপ্তর পুনর্বণ্টন করা হয়েছে। এর মাধ্যমে তাঁদের হাতে থাকা মন্ত্রণালয়ের সংখ্যা কমানো হয়েছে। এ ছাড়া প্রধানমন্ত্রী তারেক রহমানের দুই উপদেষ্টার দায়িত্ব বাড়ানো হয়েছে। বুধবার মন্ত্রিপরিষদ বিভাগের জারি করা পৃথক এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়। রুলস অব বিজনেস অনুযায়ী, প্রধানমন্ত্রী তারেক রহমান দপ্তর ও দায়িত্ব পুনর্বণ্টন করেন।

প্রতিমন্ত্রীদের মধ্যে বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা মো. শরীফুল ইসলামকে বস্ত্র ও পাট মন্ত্রণালয়; কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ এবং খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা সুলতান সালাউদ্দিন টুকুকে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়; সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদকে রেলপথ এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগে; সড়ক পরিবহন ও সেতু , রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের আরেক প্রতিমন্ত্রী মো. রাজিব আহসানকে নৌপরিবহন ও সেতু বিভাগে; অর্থ এবং পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আব্দুর রহিম সাকিকে (জোনায়েদ সাকি) পরিকল্পনা, মহিলা ও শিশু এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফারজানা শারমীনকে সমাজকল্যাণ মন্ত্রণালয়; শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. নুরুল হক নুরকে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে; শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে।

পৃথক প্রজ্ঞাপনে প্রধানমন্ত্রী তারেক রহমানের ১০ উপদেষ্টার মধ্যে মধ্যে দুজনের দায়িত্ব পুনর্বণ্টন করা হয়েছে। এর মধ্যে নজরুল ইসলাম খান রাজনৈতিক উপদেষ্টার পাশাপাশি কৃষি মন্ত্রণালয় এবং রুহুল কবীর রিজভী আহমেদকে রাজনৈতিক উপদেষ্টার পাশাপাশি শিল্প মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে।

১৭ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন সরকারে মন্ত্রী–প্রতিমন্ত্রীর পদমর্যাদায় এই ১০ জনকে উপদেষ্টা পদে নিয়োগ দেওয়া হয়। এর আগে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রী এবং ২৫ জন পূর্ণ মন্ত্রী ও ২৪ জন প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেন।

খামেনিকে ইরানের মাশহাদ শহরে দাফন করা হবে

0

আধুনিক ডেস্ক ::

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিকে দেশটির পবিত্র শহর মাশহাদে সমাহিত করা হবে। দেশটির সংবাদ সংস্থা ফারস নিউজ এজেন্সি এ তথ্য জানিয়েছে। তবে দাফনের সুনির্দিষ্ট কোনো তারিখ এখনো প্রকাশ করা হয়নি।

৩৬ বছর ইরান শাসন করার পর ৮৬ বছর বয়সে নিহত হন খামেনি। মাশহাদ ইরানের দ্বিতীয় বৃহত্তম শহর এবং খামেনির জন্মস্থান। এখানেই ইমাম রেজা মাজার কমপ্লেক্সে তার বাবার সমাধি রয়েছে।

নবীগন্জ স্টুডেন্টে এসোসিয়েশন সাস্ট‘র সভাপতি ঋত্বিক সম্পাদক মাঈন

0

শাবিপ্রবি প্রতিনিধি:

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নবীগন্জ উপজেলার শিক্ষার্থীদের আন্চলিক সংগঠন নবীগন্জ স্টুডেন্টে এসোসিয়েশন সাস্ট‘র নতুন কমিটি গঠিত হয়েছে। এতে সভাপতি হিসেবে নৃবিজ্ঞান বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ঋত্বিক দাশ ও সাধারণ সম্পাদক অর্থনীতি বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মাঈন উদ্দিন মনোনীত হয়েছেন।

মঙ্গলবার (৩রা মার্চ ) সন্ধ্যায় সামাজিক বিজ্ঞান ভবনে সংগঠন কর্তৃক আয়োজিত এক ইফতার মাহফিলে এ কমিটি ঘোষণা করেন সিলেট জেলা কর আইনজীবী সমিতির সাবেক সভাপতি এডভোকেট মো আবুল ফজল এবং নবীগন্জ স্টুডেন্টে এসোসিয়েশনের উপদেষ্ঠা সহযোগী অধ্যাপক সুব্রত দাশ।

নতুন কমিটিতে মনোনীত অন্য সদস্যরা হলেন, সহ-সভাপতি দৈপায়ন দাস, মাহফুজ আহমেদ রাফি, যুগ্ম সাধারণ সম্পাদক রাজীব দাশ, কোষাধ্যক্ষ সজীব দাশ, সহকারী কোষাধ্যক্ষ আজিজুর রহমান ।

এছাড়াও সাংগঠনিক সম্পাদক ফারিহা মাহবুবা , দপ্তর সম্পাদক ফখরুল আমিন, প্রচার সম্পাদক সিদ্দিকুর রহমান তারেক, শিক্ষা বিষয়ক সম্পাদক অমিত হাসান , নারী বিষয়ক সম্পাদক সুমি দাশ ও নুসরাত জাহান নীলা ।

কার্যকরী সদস্য হিসেবে রয়েছেন তাসনিম আল মামুন ও সামীহাত রেজা । এর আগে নবীগন্জ থেকে আগত ২০২৪-২৫ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের ক্রেস্ট দিয়ে বরণ করে নেন অতিথিরা ।

এসময় আরো উপস্থিত ছিলেন সংগঠনের সদ্য বিদায়ী সাবেক সভাপতি , সাধারণ সম্পাদক, সাবেক সদস্য, বর্তমান সদস্যসহ অনেকে।

প্রতীকের বিষয়টি নিষ্পত্তি হওয়ার পর স্থানীয় সরকার নির্বাচন: প্রতিমন্ত্রী

0

আধুনিক রিপোর্ট ::

স্থানীয় সরকার নির্বাচন দলীয় বা জাতীয় প্রতীকে হবে কি না—বিষয়টি নিষ্পত্তি হওয়ার পরই নির্বাচনের আয়োজন করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। আজ মঙ্গলবার দুপুরে সিলেট সিটি করপোরেশন কার্যালয়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, বিগত সরকারের সময় আইন পরিবর্তন করে স্থানীয় সরকার নির্বাচনে জাতীয় বা দলীয় প্রতীক ব্যবহারের সুযোগ রাখা হয়, যা নিয়ে নানা প্রশ্ন ও আলোচনা আছে। পরবর্তী সময়ে অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার একটি অধ্যাদেশ জারি করে ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে উপজেলা পরিষদ, জেলা পরিষদ, পৌরসভা ও সিটি করপোরেশন নির্বাচনে দলীয় বা জাতীয় প্রতীকের পরিবর্তে সাধারণ প্রতীকে ভোট গ্রহণের বিধান করে।

জারি করা অধ্যাদেশগুলো ১২ মার্চ ত্রয়োদশ জাতীয় সংসদে উপস্থাপন করা হবে জানিয়ে মীর শাহে আলম বলেন, সংসদ কোন অধ্যাদেশ গ্রহণ করবে আর কোনটি করবে না, সে বিষয়ে সেদিনই সিদ্ধান্ত হবে। স্থানীয় সরকার নির্বাচনে প্রতীকসংক্রান্ত সংশোধনীটি গৃহীত হলে তা আইন আকারে মন্ত্রণালয়ের মাধ্যমে আবার সংসদে তোলা হবে। আইন পাস হওয়ার পরই নির্বাচনের প্রস্তুতির পরবর্তী ধাপে যাওয়া হবে।

প্রতীকের বিষয়টি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত নির্বাচন আয়োজনের সম্ভাবনা কম বলেও ইঙ্গিত দেন বিএনপির এই সংসদ সদস্য। তাঁর ভাষ্য, ‘দলীয় প্রতীকে হবে নাকি সাধারণ প্রতীকে—এটি আইন আকারে পাস না হলে আমরা কীভাবে সিদ্ধান্ত নেব? যদি সাধারণ প্রতীকে নির্বাচন করার আইন পাস হয়, তাহলে দ্রুততম সময়ে নির্বাচনের দিকে এগোব। আমরা চাই সব জায়গায় নির্বাচিত প্রতিনিধি থাকুক।’

সিলেটে জলাবদ্ধতা নিরসন প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, দেশের ১২টি সিটি করপোরেশনের মধ্যে সিলেট অন্যতম সুন্দর। খাল ও ছড়া খনন এবং সুরমা নদী খননসংক্রান্ত নতুন প্রকল্প নেওয়া হলে তা একনেক বা পরিকল্পনা কমিশনে পাঠিয়ে দ্রুত অনুমোদনের উদ্যোগ নেওয়া হবে।

সকালে সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী। সভায় বিভিন্ন উন্নয়ন কর্মসূচি ও নতুন প্রকল্প নিয়ে আলোচনা হয়।

এর আগে সকালে প্রতিমন্ত্রী ঢাকা থেকে সিলেটে পৌঁছে হজরত শাহজালাল (রহ.) মাজার জিয়ারত করেন। পরে রিকাবিবাজারে সিলেট সিটি করপোরেশনের বাস্তবায়নাধীন এম সাইফুর রহমান অডিটরিয়াম পরিদর্শন করেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন এমরান আহমদ চৌধুরী ও এম এ মালিক।

এ পর্যন্ত ১৪৭ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে যাত্রীরা

0

আধুনিক ডেস্ক ::

ঢাকা থেকে মধ্যপ্রাচ্যের বিভিন্ন গন্তব্যে একের পর এক ফ্লাইট বাতিল হচ্ছে। মঙ্গলবার বেলা একটা পর্যন্ত ৩৮টি ফ্লাইট বাতিল হয়েছে বলে জানিয়েছে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ। এ নিয়ে গত শনিবার থেকে এ পর্যন্ত মোট ১৪৭টি ফ্লাইট বাতিল হলো। ফ্লাইট বাতিলের কারণে চরম ভোগান্তিতে পড়েছেন মধ্যপ্রাচ্যগামী যাত্রীরা। বিমানবন্দর সূত্র জানায়, কাতার, কুয়েত, বাহরাইন ও সংযুক্ত আরব আমিরাতের শারজাহর ফ্লাইট পুরোপুরি বন্ধ রয়েছে। তবে চালু আছে সৌদি আরবের রিয়াদ, জেদ্দা ও দাম্মামের ফ্লাইট।

ইরানে যুক্তরাষ্ট্র–ইসরায়েলের যৌথ হামলার জেরে মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের আকাশসীমা সাময়িকভাবে বন্ধসহ উদ্ভূত নিরাপত্তাঝুঁকির কারণে ফ্লাইট বাতিল করা হচ্ছে। মঙ্গলবার দুপুরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গিয়ে মধ্যপ্রাচ্যগামী অনেক যাত্রীকে বাড়িতে ফেরত যেতে দেখা যায়। আবার অনেকে বিমানবন্দরে অপেক্ষা করছিলেন। তারা বলছিলেন, বাতিল হওয়া ফ্লাইট আবার কবে কখন চালু হবে, সে ব্যাপারে নিশ্চিত করে কিছু জানেন না। তাই অপেক্ষা করছেন।

দুদক চেয়ারম্যান ও দুই কমিশনারের পদত্যাগ

0

আধুনিক ডেস্ক ::

পদত্যাগ করেছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন ও দুই কমিশনার। মঙ্গলবার (৩ মার্চ) মন্ত্রিপরিষদ বিভাগে পদত্যাগপত্র জমা দেন তারা। পদত্যাগপত্র জমা দিয়ে বের হয়ে যাওয়ার সময় কমিশনার মিঞা মহাম্মদ আলী আকবর আজিজী বলেন, কোনো চাপ নয়, নিয়মতান্ত্রিকভাবে পদত্যাগ করেছেন দুদকের চেয়ারম্যান ও দুই কমিশনার।

মঙ্গলবার সকালে যথাসময়ে অফিসে এসে চেয়ারম্যান ও কমিশনাররা কর্মকর্তাদের সিনিয়রিটিসহ বেশকিছু গুরুত্বপূর্ণ দাপ্তরিক ফাইলে সই-স্বাক্ষর সম্পন্ন করেন। পরে পদত্যাগ প্রসঙ্গে আলোচনা করতে মন্ত্রিপরিষদ বিভাগে যান তারা।

এর আগে, সকালে দুদক চেয়ারম্যান ড. এম এ মোমেন গণমাধ্যমকে বলেন, আমরা বিষয়টি নিয়ে কথা বলতে মন্ত্রিপরিষদ বিভাগে যাচ্ছি। সেখানে কথাবার্তা বলে দেখি। যদি সিদ্ধান্ত নিতে হয়, তবে কমিশনে ফিরে এসে পদত্যাগ করবো। এর বেশি এখন কিছু বলতে পারছি না।

পদত্যাগের আইনি প্রক্রিয়া সম্পর্কে তিনি জানান, নিয়ম অনুযায়ী পদত্যাগ করতে হলে রাষ্ট্রপতিকে সম্বোধন করে এক মাস আগে জানাতে হয়। তবে বর্তমান পরিস্থিতিতে শেষ পর্যন্ত কী ঘটে, তা দেখার বিষয়।

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ড. মুহাম্মদ ইউনূস নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার ১২ ডিসেম্বর চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্ত সিনিয়র সচিব ড. এম এ মোমেনকে দুদকের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেয়। এছাড়া ১০ ডিসেম্বর কমিশনার হিসেবে নিয়োগ পান অবসরপ্রাপ্ত জেলা জজ মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী (তদন্ত) এবং ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হাফিজ আহসান ফরিদ (অনুসন্ধান)। তারা যথাক্রমে ১১ ও ১৫ ডিসেম্বর নিজ নিজ পদে যোগদান করেছিলেন।

২০০৪ সালের ২১ নভেম্বর তৎকালীন বিএনপি-জামায়াত সরকার দুর্নীতি দমন ব্যুরো বিলুপ্ত করে স্বাধীন দুর্নীতি দমন কমিশন (দুদক) গঠন করে। সে সময় বিচারপতি সুলতানকে চেয়ারম্যান এবং ঢাবির সাবেক ভিসি মনিরুজ্জামান মিঞা ও অডিটর মনিরুদ্দিনকে কমিশনার নিয়োগ দেওয়া হয়েছিল। পরবর্তীকালে ২০০৭ সালে জরুরি সরকার ক্ষমতা নিয়ে আগের কমিশন সরিয়ে সাবেক সেনাপ্রধান লে. জেনারেল হাসান মশহুদ চৌধুরীকে চেয়ারম্যান এবং জেলা জজ হাবিবুর রহমান ও অডিট বিভাগের মঞ্জুর মান্নানকে কমিশনার নিয়োগ দেয়।

২০০৮ সালের জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ বিশাল জয় পেয়ে জরুরি সরকারের নিয়োগ দেওয়া কমিশন ভেঙে দেয়। তবে তৎকালীন চেয়ারম্যান লে. জেনারেল হাসান মশহুদ চৌধুরী পদত্যাগ করতে তিন মাস সময় পেয়েছিলেন। এর ধারাবাহিকতায় ২০০৯ সাল থেকে ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন পর্যন্ত সংস্থাটিতে সরকার তাদের পছন্দমতো ব্যক্তিদের চেয়ারম্যান ও কমিশনার পদে নিয়োগ প্রদান করে আসছিল।