Home Blog Page 34

সিলেটে অনুষ্ঠিত হলো ‘হাওর হ্যাকাথন ২০২৬’

0

শাবি প্রতিনিধি:

হাওর অঞ্চলের জলবায়ুজনিত সমস্যার উদ্ভাবনী সমাধান খুঁজতে সিলেটে অনুষ্ঠিত হয়েছে ‘হাওর হ্যাকাথন ২০২৬’-এর চূড়ান্ত পর্ব। বুধবার (১১ মার্চ) নগরীর গ্র্যান্ড সিলেট হোটেল অ্যান্ড রিসোর্টে এ আয়োজন অনুষ্ঠিত হয়।

হ্যাকাথনটির আয়োজন করে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড এনভায়রনমেন্টাল রিসার্চ (সি৩ইআর)। আয়োজনে সহযোগিতা করে কেয়ার বাংলাদেশ এবং যুক্তরাজ্য সরকারের অর্থায়নে পরিচালিত প্রকল্প ‘নবপল্লব’। এছাড়া অনুষ্ঠানের সহযোগী হিসেবে ছিল আশার আলো, গ্রিনপাথ, ইউকেন, সানশাইন ফাউন্ডেশন, ইকো নেটওয়ার্ক গ্লোবাল ও ব্রাইটার্স।

অনুষ্ঠানে সিলেট বিভাগের চার জেলার বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ১২টি দল তাদের উদ্ভাবনী ধারণা উপস্থাপন করে। এ সময় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, পরিবেশবিদ, মিডিয়া প্রতিনিধি এবং তরুণ উদ্যোক্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সি৩ইআর-এর ডেপুটি পরিচালক রউফা খানম। নবপল্লব প্রকল্পের পটভূমি তুলে ধরেন নবপল্লবের ডেপুটি চিফ অব পার্টি মৃত্যুঞ্জয় দাশ। হ্যাকাথনের কার্যপ্রক্রিয়া নিয়ে আলোচনা করেন সি৩ইআর-এর সিনিয়র রিসার্চ অ্যাসোসিয়েট ইশতিয়াক ইবনে রউফ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাক বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক ও সি৩ইআর-এর উপদেষ্টা ড. আইনুন নিশাত। অনুষ্ঠান সঞ্চালনা করেন সি৩ইআর-এর অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর শারমিন নাহার নিপা।

হ্যাকাথনে অংশগ্রহণকারী ১২টি দলের মধ্যে উদ্ভাবন, কমিউনিটির উপর প্রভাব এবং স্কেলেবিলিটিসহ বিভিন্ন মানদণ্ড বিবেচনায় বিচারকরা তিনটি দলকে বিজয়ী ঘোষণা করেন। বিজয়ী দলগুলো হলো- কোয়ান্টাম ফাইভ, গ্রিন নেক্সাস ও ফার্ম নেক্সা। প্রত্যেক বিজয়ী দলকে ২৫ হাজার টাকা করে পুরস্কার প্রদান করা হয়।

উল্লেখ্য, হ্যাকাথনের প্রথম ধাপে আয়োজকরা সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ ও সুনামগঞ্জ- এই চার জেলার জন্য চারটি স্থানীয় সংগঠন এবং দুটি জাতীয় সংগঠনকে অংশীদার হিসেবে নির্বাচন করে। পরে প্রতিটি জেলার নির্বাচিত সংগঠন সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে প্রচারণা চালিয়ে গুগল ফর্মের মাধ্যমে তরুণদের কাছ থেকে উদ্ভাবনী আইডিয়া সংগ্রহ করে।

সিলেট জেলার দায়িত্ব পালন করে যুব সংগঠন গ্রিনপাথ। সংগঠনটি প্রচারণার মাধ্যমে তরুণদের কাছ থেকে বিভিন্ন উদ্ভাবনী ধারণা সংগ্রহ করে। পরবর্তীতে এসব ধারণা থেকে বাছাইকৃত আইডিয়াগুলো নিয়ে জেলা পর্যায়ে অফলাইন কর্মশালার আয়োজন করা হয়। সেখান থেকে নির্বাচিত সেরা আইডিয়াগুলো নিয়ে হ্যাকাথনের চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়।

দোয়ারাবাজারে ভিজিএফ কর্মসূচির চাল বিতরণ, উপকৃত ৮০০ অসহায় মানুষ

0

দোয়ারাবাজার প্রতিনিধি:‎‎

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় অসহায় ও নিম্নআয়ের মানুষের মাঝে সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির অংশ হিসেবে ভালনারেবল গ্রুপ ফিডিং ( ভিজিএফ) কর্মসূচির আওতায় চাল বিতরণ করা হয়েছে। এতে প্রায় ৮০০ জন নারী-পুরুষ উপকৃত হয়েছেন।

‎‎বুধবার (১১ মার্চ) সকালে উপজেলার সুরমা ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে আয়োজিত এ বিতরণ কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা অরূপ রতন সিংহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুরমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুন অর রশীদ।‎‎

এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা লুৎফুর রহমান, উপজেলা কৃষি অফিসের উপসহকারী কৃষি কর্মকর্তা, সুরমা ইউনিয়নের ট্যাক্স কর্মকর্তা মো. সৌকত আলী, ইউপি মহিলা সদস্য জোসনা রানী রায়, ইউপি সদস্য আব্দুর রউফ, মনির উদ্দিন, শাহজাহানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ।

‎‎এ সময় বক্তারা বলেন, সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় ভিজিএফ’র এই সহায়তা অসহায় ও নিম্ন আয়ের মানুষের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বিশেষ করে দরিদ্র পরিবারের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের উদ্যোগ অত্যন্ত সহায়ক।

স্পিকার–ডেপুটি স্পিকার কে হবেন, চূড়ান্ত করবেন তারেক রহমান

0

আধুনিক ডেস্ক ::

ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার ও ডেপুটি স্পিকার পদে প্রার্থী চূড়ান্ত করার ভার সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ওপর ছেড়ে দিয়েছে বিএনপির সংসদীয় দল। বুধবার (১১ মার্চ) জাতীয় সংসদ ভবনে সরকারি দলের সংসদ সদস্যদের বৈঠকে সংসদ নেতাকে এ দায়িত্ব দেওয়া হয়। বৈঠক শেষে জাতীয় সংসদের এলডি হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানান জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম। সংবাদ সম্মেলনে সরকারি দলের ছয় হুইপ উপস্থিত ছিলেন।

বৃহস্পতিবার (১২ মার্চ বেলা ১১টায় শুরু হবে ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশন। বৈঠকের শুরুতে স্পিকার ও ডেপুটি স্পিকার পদে নির্বাচন হবে। নূরুল ইসলাম বলেন, ‘স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচনের ক্ষেত্রে আমরা সংসদ নেতাকে দায়িত্ব দিয়েছি। সিদ্ধান্ত তিনি দেবেন। আগামীকাল (বৃহস্পতিবার) আমরা জানতে পারব।’

চিফ হুইপ জানান, বৃহস্পতিবার স্পিকারের চেয়ার খালি রেখে অধিবেশনের কার্যক্রম শুরু হবে। শুরুতে একজন পবিত্র কোরআন তিলাওয়াত করবেন। এরপর সংসদ নেতা এই সভায় সভাপতিত্ব করার জন্য কোনো একজন জ্যেষ্ঠ নেতার নাম প্রস্তাব করবেন। কোনো একজন সংসদ সদস্য তা সমর্থন করবেন। তারপর ওই সদস্য (যার নাম প্রস্তাব করা হবে) সভাপতিত্ব করবেন।

চিফ হুইপ জানান, অন্তর্বর্তী সরকারের সময় জারি করা ১৩৩টি অধ্যাদেশ বৃহস্পতিবার সংসদে উপস্থাপন করা হবে। এগুলো যাচাই-বাছাই করার জন্য   বৈঠকে একটি বিশেষ কমিটি গঠন করা হবে। সে কমিটিতে সরকারি দলের পাশাপাশি বিরোধী দলের সদস্যরাও থাকবেন।

চিফ হুইপ বলেন, প্রধানমন্ত্রী অত্যন্ত উদারতা দেখিয়ে বিরোধী দলকে ডেপুটি স্পিকার পদ দেওয়ার প্রস্তাব দিয়েছিলেন। কিন্তু এ বিষয়ে তাঁরা কোনো ‘পজিটিভ রেসপন্স’ পাননি। পেলে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

শাবিপ্রবিতে কর্মচারীদের সম্মানে ছাত্রশিবিরের ইফতার মাহফিল

0

শাবি প্রতিনিধি:

বিশ্ববিদ্যালয়ের কর্মচারীদের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা।

মঙ্গলবার (১০ মার্চ) সিলেট উদয়ন স্কুলে ইফতার মাহফিলের আয়োজন করা হয়। ইফতার মাহফিলে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দপ্তরের কর্মচারীরা অংশগ্রহণ করেন।

এসময় বক্তারা পবিত্র মাহে রমজানের তাৎপর্য তুলে ধরে পারস্পরিক সৌহার্দ্য, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধ জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শাখা সভাপতি মাসুদ রানা তুহিন, শাখা সেক্রেটারি মুজাহিদুল ইসলামসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

শাবি শাখা শিবিরের সভাপতি মাসুদ রানা তুহিন বলেন, ‘রমজান মাস আল্লাহর পক্ষ থেকে উপহার। এই মাস হল ত্বাকওয়া অর্জনের মাস। আমাদের সবারই ত্বাকওয়া অর্জনের চেষ্টা করা দরকার। কর্মচারী ভাইয়েরা ক্যাম্পাসকে সুন্দর ও পরিচ্ছন্ন রাখতে সবচেয়ে বেশি ভূমিকা রাখেন। কর্মচারী ভাইদের সাথে ছাত্রশিবির  অতীতেও সুসম্পর্ক বজায় রেখেছে, ভবিষ্যতেও রাখবে ইনশাআল্লাহ।’

জৈন্তাপুরে খাঁসিয়াপল্লীর নিরাপত্তায় পুলিশের টহল জোরদার

0

জৈন্তাপুর প্রতিনিধি:

সিলেটের জৈন্তাপুর উপজেলার সীমান্তঘেঁষা ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর বসতি মোকামপুঞ্জি খাঁসিয়া পল্লী পরিদর্শন করেছেন জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা।

সোমবার (৯ মার্চ) দুপুরে তিনি জৈন্তাপুর মডেল থানা পুলিশের একটি দল নিয়ে আকস্মিকভাবে মোকামপুঞ্জি এলাকায় যান এবং খাঁসিয়া কমিউনিটির নেতৃবৃন্দের সঙ্গে পল্লীর সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ও বাসিন্দাদের জীবনমান নিয়ে মতবিনিময় করেন।

আলোচনায় ওসি মাহবুবুর রহমান মোল্লা বলেন, সীমান্তঘেঁষা হওয়ায় কিছু অসাধু চক্র রাতের আঁধারে চোরাইপণ্য ও মাদক পাচারের রুট হিসেবে নির্জন এসব এলাকা ব্যবহার করার চেষ্টা করতে পারে। এ বিষয়ে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান তিনি।

এ সময় তিনি মোকামপুঞ্জি খাঁসিয়া পল্লীর প্রবেশমুখে স্থাপিত লোহার ফটক প্রতিদিন সন্ধ্যার পর বন্ধ ও রাতে তালাবদ্ধ রাখার নির্দেশ দেন। পাশাপাশি ফটক সংলগ্ন এলাকায় নিরাপত্তা নিশ্চিত করতে সিসি ক্যামেরা স্থাপনেরও পরামর্শ দেন।

ওসি আরও বলেন, পল্লীর ভেতরে সন্ধ্যার পর যেন কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত আড্ডা বা অনলাইন গেমে দলবদ্ধভাবে সময় নষ্ট না হয় সে বিষয়ে অভিভাবকদের সতর্ক থাকতে হবে। তিনি খাঁসিয়া কমিউনিটির নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে পল্লীর বিভিন্ন এলাকা ঘুরে দেখেন।

স্থানীয় সূত্রে জানা যায়, সাম্প্রতিক বছরগুলোতে মোকামপুঞ্জি এলাকা দিয়ে সুপারি, কসমেটিকসসহ বিভিন্ন চোরাইপণ্য ও মাদক পাচারের চেষ্টা বেড়েছে। এতে পল্লীর অর্ধশতাধিক ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পরিবারের নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।

এ বিষয়ে ওসি মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা বলেন, সীমান্তবর্তী মোকামপুঞ্জি এলাকায় পুলিশের নজরদারি আরও বাড়ানো হবে। শিগগিরই খাঁসিয়া কমিউনিটির সদস্যদের নিয়ে জৈন্তাপুর মডেল থানায় একটি মতবিনিময় সভার আয়োজন করা হবে বলেও তিনি জানান।

নারীর কণ্ঠে ন্যায়ের ডাক: দোয়ারাবাজারে আন্তর্জাতিক নারী দিবসে অধিকার ও ন্যায়ের বার্তা

0

দোয়ারাবাজার প্রতিনিধি:

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সুনামগঞ্জের দোয়ারাবাজারে “নারীর কণ্ঠে, ন্যায়ের ডাক” শীর্ষক এক প্রাণবন্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এবারের প্রতিপাদ্য ছিল “আজকের পদক্ষেপ আগামীর ন্যায়বিচার: সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার।”

সোমবার (৯ মার্চ) সকালে আয়োজিত এই অনুষ্ঠানের আয়োজন করে ইয়ুথ ফর চেঞ্জ বাংলাদেশ ফাউন্ডেশন। এতে সহযোগিতা করে প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ ও সুইডিশ ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট কো-অপারেশন এজেন্সি (সিডা)।

আন্তর্জাতিক নারী দিবসের মূল বার্তা তুলে ধরে অনুষ্ঠানে বলা হয়।প্রতিটি নারী ও কন্যাশিশু যেন নিরাপদ পরিবেশে নিজের অধিকার ভোগ করতে পারে, ন্যায়বিচার পায় এবং সমাজে ইতিবাচক পরিবর্তনের নেতৃত্ব দেওয়ার সক্ষমতা অর্জন করতে পারে। এই লক্ষ্যকে সামনে রেখে ইয়ুথ ফর চেঞ্জ বাংলাদেশ ফাউন্ডেশনের বাস্তবায়নাধীন “স্পেস টু লিড” প্রজেক্টের আওতায় আয়োজন করা হয় এ কর্মসূচি।

অনুষ্ঠানের শুরুতে ইয়ুথ ফর চেঞ্জ বাংলাদেশ ফাউন্ডেশনের এডভোকেসি অ্যান্ড ক্যাপাসিটি ডেভেলপমেন্ট অফিসার রাফিদ আমীন অক্ষর পরিচালিত আলোচনা সেশনে অংশগ্রহণকারী কিশোরীদের নারী অধিকার, অধিকার লঙ্ঘনের ধরন, জেন্ডার ভিত্তিক সহিংসতা (GBV), যৌন ও প্রজনন স্বাস্থ্য অধিকার (SRHR), অর্থনৈতিক নিয়ন্ত্রণ এবং ডিজিটাল সহিংসতা সম্পর্কে সচেতন করা হয়। আলোচনায় অংশ নিয়ে কিশোরীরা তাদের অভিজ্ঞতা ও মতামত তুলে ধরেন।

পরবর্তীতে অতিথিদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় একটি প্যানেল ডিসকাশন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোয়ারাবাজার উপজেলা নির্বাহী অফিসার অরুপ রতন সিংহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুমাইয়া আক্তার, মেডিকেল অফিসার, দোয়ারাবাজার এবং কানিজ সুলতানা, সভাপতি, সচেতন নাগরিক কমিটি (সনাক), দোয়ারাবাজার।
প্যানেল আলোচনায় বক্তারা নারী ও কিশোরীদের স্বাস্থ্য অধিকার, আইনি সুরক্ষা, SRHR সম্পর্কে সচেতনতা এবং নারী অধিকার প্রতিষ্ঠায় আইনের যথাযথ প্রয়োগের গুরুত্ব তুলে ধরেন। একই সঙ্গে তারা নারী ও কিশোরীদের ক্ষমতায়নে নিজ নিজ অবস্থান থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

অনুষ্ঠানে স্থানীয় কিশোরী, নারী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল লক্ষণীয়। বক্তারা বলেন, নারীর নিরাপত্তা, মর্যাদা ও অধিকার নিশ্চিত করতে পরিবার, সমাজ এবং রাষ্ট্র সবার সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। নারীর কণ্ঠ শক্তিশালী হলে তবেই প্রতিষ্ঠিত হবে ন্যায়বিচার ও সমতার সমাজ।

মোজতবা খামেনি ইরানের সর্বোচ্চ নেতা, আইআরজিসি ও সশস্ত্র বাহিনীর আনুগত্য প্রকাশ

0

আধুনিক ডেস্ক ::

মোজতবা খামেনিকে ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে ঘোষণা করা হয়েছে। দেশটির অ্যাসেম্বলি অব এক্সপার্টস তাঁকে এ পদে নির্বাচন করেছে। ইরানের রেভোল্যুশনারি গার্ডস কোর (আইআরজিসি) মোজতবা খামেনিকে অভিনন্দন জানিয়েছে। বাহিনীটি তাঁকে ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে স্বীকৃতি দিয়েছে।

রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে আইআরজিসি খামেনির প্রতি তাদের ‘আন্তরিক ও আজীবন আনুগত্য’ ঘোষণা করেছে। তারা জোর দিয়ে বলেছে, তারা সব আদেশ মেনে চলবে এবং তা বাস্তবায়নে সদা প্রস্তুত থাকবে। আইআরজিসি আরও যোগ করেছে, ৮৮ সদস্যের অ্যাসেম্বলি অব এক্সপার্টস (বিশেষজ্ঞ পরিষদ) দিয়ে খামেনির এই নির্বাচন ‘সবার কাছে প্রমাণ করেছে যে, ইসলামি ব্যবস্থার অগ্রযাত্রা থেমে থাকে না এবং এই বিপ্লব ও ইসলামি ব্যবস্থা কোনো নির্দিষ্ট ব্যক্তির ওপর নির্ভরশীল নয়।

অপরদিকে, মোজতবা খামেনির প্রতি ইরানের সশস্ত্র বাহিনীও আনুগত্য ঘোষণা করেছে, রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে সামরিক বাহিনী মোজতবা খামেনিকে ন্যায়পরায়ণ, জ্ঞানবান… ধর্মপ্রাণ ও বিচক্ষণ হিসেবে বর্ণনা করেছে। তারা আরও বলেছে, খামেনিকে নির্বাচিত করার মাধ্যমে বিশেষজ্ঞ পরিষদ (অ্যাসেম্বলি অব এক্সপার্টস) বুদ্ধিমত্তার প্রমাণ দিয়েছে।

গোলাপগঞ্জ প্রেসক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত, নতুন আহ্বায়ক কমিটি গঠন

0

গোলাপগঞ্জ প্রতিনিধি:

সি‌লে‌টের গোলাপগঞ্জ প্রেসক্লাবের সদস্যদের অংশগ্রহণে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার উপজেলার ধারাবহর শাহজাহান এস্টেটস্থ প্রেসক্লাব কার্যালয়ে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য ও সিলেট জেলা আইনজীবী বারের আইনজীবী অ্যাডভোকেট দেলোয়ার হোসেন দিলু, প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য এবং ভূমি ও ভবন দাতা আনোয়ার শাহজাহান, সা‌বেক সভাপ‌তি এনামুল হক এনাম, সা‌বেক আহবায়ক এম আব্দুল জলিল, যুগ্ম আহবায়ক মোহাম্মদ আব্দুল কুদ্দুস, সা‌বেক সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান চৌধুরী, সা‌বেক দফতর সম্পাদক ইমরান আহমদ, সাবেক কোষাধ‌্যক্ষ জালাল আহমদ চৌধুরী, সদস‌্য সাকিব আল মামুন, মাহমুদুল হাসান বাচ্চু, ফারহান মাসউদ আফসর প্রমুখ।

ইফতার পরবর্তী আলোচনায় গোলাপগঞ্জ প্রেসক্লাবের কার্যক্রমের স্থবিরতা নিয়ে আলোচনা করা হয়। ২০২২ সালের ৩ নভেম্বর তিন মাসের জন্য গঠিত আহ্বায়ক কমিটি দীর্ঘ সাড়ে তিন বছরেও নতুন সদস্য সংগ্রহ ও কার্যকরী কমিটি গঠন করতে না পারায় উপস্থিত সকলের সর্বসম্মতিক্রমে পূর্বের আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয় এবং সাবেক সভাপতি এনামুল হক এনামকে আহ্বায়ক, সাবেক সাংগঠ‌নিক সম্প‌াদক হা‌রিছ আলী‌কে যুগ্ম আহবায়ক ও ইমরান আহমদকে সদস্য সচিব করে ৫ সদস্যবিশিষ্ট নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়।
আহবায়ক কমিটির অন্যান্য সদস্যরা হলেন সাকিব আল মামুন ও মাহমুদুল হাসান বাচ্চু।
নবগঠিত আহ্বায়ক কমিটি আগামী ৩১ মা‌র্চের মধ্যে নতুন সদস্য সংগ্রহ এবং পুরাতনদের সদস‌্য পদ নবায়ন করে একটি পূর্ণাঙ্গ কার্যকরী কমিটি গঠন করার জন্য সভায় সিদ্ধান্ত নেয়া হয়।

চিকিৎসা বর্জ্য থেকে বৈশ্বিক মঞ্চে: শিকাগো যাচ্ছে শাবিপ্রবির ৮ শিক্ষার্থী

0

হিমেল হান্নান, শাবি:

চিকিৎসা বর্জ্যকে টেকসই নির্মাণ সামগ্রীতে রূপান্তরের উদ্ভাবনী ধারণা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে পা রাখছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) একদল তরুণ শিক্ষার্থী।

আগামী ২৯ মার্চ আমেরিকান কংক্রিট ইনস্টিটিউটের (এসিআই) সাস্ট স্টুডেন্ট চ্যাপ্টার এবং বিশ্ববিদ্যালয়ের গবেষণাধর্মী সংগঠন ‘ইকো জেনেসিস’-এর সদস্যদের সমন্বয়ে গঠিত নয় সদস্যের একটি দল যুক্তরাষ্ট্রের শিকাগোতে অনুষ্ঠিতব্য ‘এসিআই ফাইবার রিইনফোর্সড পলিমার (এফআরপি) কম্পোজিটস’ প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে।

সংগঠন সূত্রে জানা যায়, পুর ও পরিবেশ কৌশল বিভাগের অধ্যাপক ড. মোশতাক আহমেদের নেতৃত্বে এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন একই বিভাগের ২০২০-২০২১ সেশনের মিফতাহুল ইহসান দিহান, তৌরাত হোসাইন, ২০২১-২০২২ সেশনের প্রাপ্তি সাহা এবং ২০২২-২০২৩ সেশনের ফারহানা ইসলাম প্রমা, নাদির-উজ-জামান নায়েফ, আতেফ ইবনে শহিদ, মো. মারুফ ও আবু ইয়াহিয়া।

চিকিৎসা বর্জ্যের মধ্যে স্যানিটারি ন্যাপকিন, সার্জিক্যাল মাস্ক ও ডায়াপারে থাকে পলিপ্রোপিলিন নামক এক ধরনের প্লাস্টিক, যা প্রকৃতিতে মিশে যেতে প্রায় ৫০০ থেকে ৭০০ বছর সময় লাগে। এই ধারনাকে কাজে লাগিয়ে তৈরি করা তাদের উদ্ভাবনী ‘এফআরপি বিম’ বিশ্বদরবারে উপস্থাপন করবেন ।

এর আগে ‘ইকো জেনেসিস’ চিকিৎসা বর্জ্য ও পলিপ্রোপিলিন ব্যবহার করে ‘ছায়া’ নামে একটি পরিবেশবান্ধব ছাদ নিয়ে গবেষণা করে, যা প্রচলিত টিনশিটের বিকল্প হিসেবে ব্যবহারযোগ্য। নিম্ন আয়ের পরিবার, বন্যাকবলিত অঞ্চল এবং ক্ষুদ্র ব্যবসায়ীদের কথা মাথায় রেখে এটি তৈরি করা হয়, যা টেকসই ও সাশ্রয়ী আবাসনের সুবিধা প্রদান করে।

এই উদ্ভাবনী প্রকল্প নিয়ে গত বছরের ২৯ অক্টোবর যুক্তরাষ্ট্রের বাল্টিমোরে অনুষ্ঠিত ‘এগ প্রোটেকশন ডিভাইস’ প্রতিযোগিতায় দক্ষিণ এশিয়া থেকে একমাত্র দল হিসেবে শাবিপ্রবি প্রতিনিধিরা বৈশ্বিক পর্যায়ে ১৭তম স্থান অর্জন করেন। এ ছাড়া তারা ‘এসিআই চুয়েট স্টুডেন্ট চ্যাপ্টার’ আয়োজিত ‘এসিআই কংক্রিট ফেস্টে’ জাতীয় চ্যাম্পিয়ন এবং ‘ইউনিভার্সিটি ইনোভেশন হাবে’ প্রথম রানার-আপ হওয়ার গৌরব অর্জন করেন। ফলস্বরূপ প্রকল্পটি দ্রুতই জাতীয় পর্যায়ে স্বীকৃতি পায়।

শিক্ষার্থীদের মতে, বিভাগের শিক্ষক, সিনিয়র ও সহপাঠীদের সহযোগিতাই তাদের এই পথচলায় এগিয়ে যেতে বড় শক্তি হিসেবে কাজ করেছে। তবে গবেষণা ও আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য প্রয়োজনীয় অর্থসংস্থান এবং স্পন্সরশিপ পাওয়া এখনো বড় চ্যালেঞ্জ। তারা আশা করছেন, সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠানের পৃষ্ঠপোষকতা পেলে এই পরিবেশবান্ধব প্রযুক্তিকে দেশের আবাসন ও বর্জ্য ব্যবস্থাপনায় কাজে লাগাতে পারবেন।

ক্যাম্পাসের সুবিধাবঞ্চিত রিকশা চালকদের মাঝে ‘ট্যুরিস্ট ক্লাব সাস্টে’র ঈদ উপহার বিতরণ

0

শাবি প্রতিনিধি:

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) সুবিধাবঞ্চিত রিকশাচালকদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছে বিশ্ববিদ্যালয়ের অন্যতম ভ্রমণ বিষয়ক সংগঠন ‘ট্যুরিস্ট ক্লাব সাস্ট’।

শনিবার (৭ মার্চ) দুপুর ৩টায় বিশ্ববিদ্যালয়ের নতুন ফুডকোর্ট প্রাঙ্গণে ক্যাম্পাসে কর্মরত ২০ জন রিকশাচালকের হাতে এই উপহার সামগ্রী তুলে দেওয়া হয়।

সংগঠন সূত্রে জানা যায়, প্রতিটি প্যাকেটে নিত্যপ্রয়োজনীয় খাদ্যদ্রব্য ও বস্ত্র প্রদান করা হয়েছে। উপহারের মধ্যে ছিল লুঙ্গি, চাল, ডাল, আলু, পেঁয়াজ, সেমাই, চিনি ও গুঁড়া দুধ।

এ সময় উপস্থিত ছিলেন ট্যুরিস্ট ক্লাবের ২৪তম কার্যনির্বাহী কমিটির সভাপতি মো. জাহিদ হাসান ফাহিম, সাধারণ সম্পাদক রেহনুমা নাহরিন মীম ও সহ-সভাপতি আহমেদ শামসুল আরেফিন। এছাড়াও ক্লাবের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।

এ বিষয়ে মো. জাহিদ হাসান ফাহিম বলেন, “ক্যাম্পাসের নিম্নআয়ের মানুষের মুখে ঈদের হাসি ফুটিয়ে তুলতে আমাদের ক্লাবের চ্যারিটি উইং-এর উদ্যোগে রিকশাচালক মামাদের মাঝে এই উপহার বিতরণ করেছি। ভবিষ্যতেও আমাদের এমন মানবিক ও কল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।”