আধুনিক রিপোর্ট ::
সিলেট নগরের কিন ব্রিজ এলাকায় মাদকসেবীর ছুরিকাঘাতে র্যাব সদস্য নিহত হয়েছেন। শুক্রবার (২২ মে) দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে। নিহত র্যাব সদস্যের নাম ইমন আচার্য (বিপি- ৯৮১৮২১৯২০৫)। সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মুখপাত্র অতিরিক্ত উপ-কমিশনার মো. মনজুরুল আলম আধুনিক কাগজকে বিষয়টি নিশ্চিত করেন। হামলাকারীকে ছুরিসহ গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুরে কিনব্রিজ এলাকায় একদল যুবক মাদক সেবন করছিল। এ সময় পুলিশ তাদের ধাওয়া করলে মাদ্রকসেবীরা দৌড়ে পালাতে থাকে। পালানোর সময় সাদা পোশাকে দায়িত্বরত র্যাব-৯ এর সদস্যরা তাদের পথরোধ করে। এসময় মাদকসেবীরা র্যাব সদস্যদের ওপর হামলা চালায়। মাদকসেবীদের একজনের ছুরিকাঘাতে ইমন আচার্য গুরুতর আহত হন। দ্রুত তাকে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় দুপুর দেড়টার দিকে তার মৃত্যু হয়।


