Home Blog Page 256

নোবেলকে মাদকাসক্ত পুনর্বাসন কেন্দ্রে ভর্তি!

বিনোদন প্রতিবেদক

বহুল বিতর্কিত – সমালোচিত ও নিন্দিত গায়ক মইনুল হাসান নোবেলকে মাদকাসক্ত পুনর্বাসন কেন্দ্রে (রিহ্যাব) নেওয়া হয়েছে বলে জানা গেছে। বিষয়টি গণমাধ্যমকর্মীদের নিশ্চিত করেছেন গায়কের পারিবারিক একটি সূত্রে। সূত্রমতে, ক্রমেই তার মাদকাসক্তির মাত্রা বেড়ে যাওয়ায় পরিবারের লোকজন তাকে বৃহস্পতিবার ঢাকার নিকটবর্তী একটি মাদকাসক্ত পুনর্বাসন কেন্দ্রে ভর্তি করেছেন।

জানা যায়, কয়েক মাস আগে বারবার বিতর্ক তৈরি করা নোবেল কুড়িগ্রামে একটি কনসার্টে মাতাল অবস্থায় মঞ্চে ওঠেন। সেখানে জড়ানো কণ্ঠে বেসুরো গান গাইতে শুরু করলে দর্শক – শ্রোতারা তাকে পানির বোতল ছুঁড়তে শুরু। বিষয়টি নিয়ে তখন দেশব্যাপী তোলপাড় হয়।

সম্প্রতি খুলনা থেকে এক তরুণীকে নিয়ে আসার অভিযোগ ওঠে নোবেলের বিরুদ্ধে। ওই তরুণীর পরিবার তাকে নোবেলের কাছ থেকে নিয়ে যেতে ঢাকায় এসে দেখেন, নোবেলের সঙ্গে ওই তরুণীও মাদক সেবন করছেন। এই  বিষয়টি ফেসবুক লাইভে জানিয়েছেন ওই তরুণীর স্বামী। পরিবারের সঙ্গে সম্প্রতি মেয়েটি খুলনায় ফিরে গেছেন বলে জানা গেছে।

খোঁজ নিয়ে জানা গেছে, তরুণীর স্বামী ও ভাই নোবেলের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। গুঞ্জন ওঠেছে – এই মামলা থেকে বাঁচানোর জন্যই তাকে রিহ্যাবে নেওয়া হয়েছে।

ওয়েব সিরিজে জুটি বাঁধলেন চিত্রনায়িকা মৌসুমী-হাসান জাহাঙ্গীর

বিনোদন প্রতিবেদক

সম্প্রতি চিত্রনায়িকা মৌসুমী আমেরিকাতে গিয়েছিলেন। সেখানে আগেই অবস্থান করছিলেন নির্মাতা ও অভিনেতা হাসান জাহাঙ্গীর। ১৮ই নভেম্বর আমেরিকার ফ্যামিলি কোর্টে বিকেল ৩ টা ৪০ মিনিটে দুই বছরের কন্টাকে হাসান জাহাঙ্গীরকে বিয়ে করেন মৌসুমী। তবে বিয়েটি ছিল একটি ওয়েব সিরিজের শুটিংয়ের দৃশ্য। ‘কন্টাক বিয়ে’ নামের ওয়েব সিরিজটির শুটিং হয়েছে আমেরিকাতে।

সিরিজটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন মৌসুমী ও হাসান জাহাঙ্গীর। আরও রয়েছেন জনপ্রিয় কিছু তারকারাও। অসহায় মানুষের সহায়তা করা – ওয়ার্ল্ড ওয়াইজ সংগঠন হিউম্যান রাইটস এর তত্ত্বাবধানে এস এ এস প্রোডাকশনের ব্যানারে শামসুল আলম সোহাগ এবং মাসুদ রানার সার্বিক সহযোগিতায় নির্মিত হচ্ছে এই ওয়েব সিরিজটি। অভিনয়ের পাশাপাশি গল্প এবং নির্মাণের দায়িত্বেও আছেন হাসান জাহাঙ্গীর।

সাসপেন্স থ্রিলার গল্পে দেখা যাবে মৌসুমিকে। মৌসুমির চরিত্র কে ঘিরেই রহস্যের ঘেরা পুরো ওয়েব সিরিজটি। আমেরিকাতে পাড়ি জমানোর পর সেটেল হওয়ার জন্যে আমাদের দেশের মেয়েরা দুই বছরের কন্টাক বিয়ে করেন । তার পরের গল্পে উঠে আসবে পুরো বাংলাদেশ – আমেরিকার বাস্তব পরিস্থিতির দৃশ্যপট।

হাসান জাহাঙ্গীর সম্প্রতি আমেরিকাতে গোল্ডেন এইজ হোম কেয়ার এর বিজ্ঞাপন নির্মাণ করেছেন। এতে জাহাঙ্গীর অভিনয় করেছেন বরেণ্য অভিনেতা আবুল হায়াতের সঙ্গে। বৈশাখী টিভির দীর্ঘ ধারাবাহিক নাটক ‘ফ্যামিলি ডিসটেন্স’ এবং এনটিভির ‘প্রবাসী পরিবার’ সিরিয়াল দুটিতে নিয়মিতভাবে অভিনয় করছেন এই অভিনেতা । হাসান জাহাঙ্গীর দেশে ফিরেই সিনেমা নির্মাণের ঘোষণা দিবেন বলে জানিয়েছেন।

মুরাদ নূরের সুরে বিজয় উল্লাসে গাইলেন মাটি রহমান

বিনোদন প্রতিবেদক

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতি মন্ত্রণালয় ও জাতীয় শিল্পকলা একাডেমির পৃষ্ঠপোষকতায় শহীদুল্লাহ ফরায়জীর কথায়, মুরাদ নূরের সুরে, শেখ সাদী খানের সঙ্গীত পরিচালনায় ‘আমার বাংলাদেশ’ শিরোনামের একটি দেশের গানে কণ্ঠ দিলেন তরুণ প্রতিশ্রুতিশীল কণ্ঠশিল্পী মাটি রহমান।

এ প্রসঙ্গে মাটি রহমান বলেন, ভীষণ ভালো লাগছে। এই প্রথম শেখ সাদী খান স্যারের সঙ্গীত পরিচালনায় গাইলাম। অনেকদিনের স্বপ্ন ছিলো বরেণ্যজনদের সাথে কাজ করার। মুরাদ নূর ভাইয়ের দেওয়া সুযোগের কারনে তা পূরণ হলো।
‘আমার বাংলাদেশ’ শিরোনামের গানটি আমার জীবনে অন্যতম মৌলিক গান। সবার দোয়া চাই।

সুরকার ও আয়োজক প্রধান মুরাদ নূর বলেন, বরেণ্য গীতিকবিদের কথায়, শেখ সাদী খান গুরুজ্বির সঙ্গীত পরিচালনায়, আমার সুরে পাঁচটি গানই গেয়েছেন সময়ের জনপ্রিয় তরুণ কণ্ঠেশিল্পীরা। মাটি তাঁর যোগ্যতায় বিজয় উল্লাসে স্থান পেয়েছে। তাঁর জন্য শুভ কামনা।

বিজয়ের উল্লাস আসছে ১লা ডিসেম্বর, শুক্রবার জাতীয় শিল্পকলা একাডেমির সঙ্গীতশালা মিলনায়তনে সাংস্কৃতিক ব্যক্তিবর্গের উপস্থিতিতে পাঁচটি গান’ই প্রকাশিত হবে।

অভিনেত্রী তানজিন তিশা সাংবাদিকদের কাছে ক্ষমা চাইলেন

বিনোদন প্রতিবেদক:

ছোট পর্দার অভিনেত্রী তানজিন তিশা অবশেষে সাংবাদিকের বিরুদ্ধে অভিযোগ তুলে নিয়ে ক্ষমা চাইলেন।
শনিবার (২৫ নভেম্বর) ডিবি কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে ভুল বোঝাবুঝি হয়েছে উল্লেখ করে ক্ষমা চেয়ে একটি বিবৃতি দেন তিশা। পাশাপাশি পুনোরায় একসঙ্গে কাজ করার জন্য আহ্বানও জানান এই অভিনেত্রী।

এসময় সেখানে উপস্থিত ছিলেন ডিবি প্রধান হারুন অর রশিদন, অভিনয় শিল্পী সংঘের সভাপতি আহসান হাবিব নাসিম, সাধারণ সম্পাদক রওনক হাসানসহ আরও অনেকে৷

তিশা বলেন, আপনাদের সকলের ভালোবাসা ও সহযোগিতায় অভিনয়শিল্পী তানজিন তিশা। আমি কয়েকদিন আগে অসুস্থ হয়ে হাসপাতালে ছিলাম। সেখান থেকে বাসায় ফেরার পর দেখলাম দুই-একটি নিউজ পোর্টাল আমার আত্মহত্যার চেষ্টা শিরোনামে নিউজ করেছে। এমন সময় সাংবাদিক তামিম, যার সঙ্গে আমার পূর্ব পরিচয় নেই সে আমাকে একটি মেসেজ করে যেটি পড়ে আমার কাছে মনে হয়েছে প্রশ্নটি এই সময়ের জন্য যৌক্তিক ছিলো না।

অভিনেত্রী আরও বলেন, আমি ভাবতেই পারিনি এই সময়ে আমাকে কেউ এমন বিষয়ে মেসেজ করতে পারে বা একজন নারীকে এমন প্রশ্ন করতে পারে। আমি নিজেকে সামলাতে না পেরে উত্তেজিত হয়ে তাকে কল দিয়ে মেসেজের বিষয় নিয়ে নিউজ করলে আমি সর্বোচ্চ ব্যবস্থা নেব বলি। আমি তার সঙ্গে ফোনে যে শব্দ উচ্চারণ করেছি আমি জানি আমি তা সঠিক নয়। পরবর্তীতে আমি আমার ভুল বুঝতে পেরে সকলের কাছেই দুঃখ প্রকাশ করেছি।

এরমধ্যে আমার ফোনের রেকর্ড শুনে অন্যান্য সাংবাদিকরা রেগে গিয়ে প্রতিবাদ করেন। যা খুবই যৌক্তিক। তবে আমাকে এবং আমার পরিবারকে ঘিরে অনেকেই অসত্য, মনগড়া আজেবাজে সংবাদ ও লেখা সোশ্যাল মিডিয়াতে লেখেন যাতে একজন নারী হিসেবে একজন শিল্পী হিসেবে ভীষণ অসম্মানজনক।

তিশা বলেন, এমনকি অনেকে আমি ছাড়াও সকল শিল্পীদেরকে সাইবার বুলিং, হুমকি ও নানান কুৎসা রটনা করতে থাকেন। এসব দেখে আমি ডিবি অফিসে অভিযোগ করতে আসি। সেখানেও গণমাধ্যমকর্মীরা আমাকে প্রশ্ন করলে আমি তামিমের সঙ্গে তার প্রতিষ্ঠানের কথাও উল্লেখ করি। যা একদমই উদ্দেশ্যমূলক ছিলো না এবং এটা আমি তামিমের পরিচয় বুঝাতে গিয়ে উল্লেখ করি। সেজন্যও আমি প্রতিষ্ঠানের সকলের প্রতি দুঃখ প্রকাশ করছি। তামিম তার ভুল বুঝতে পেরেছে বিধায় আমি পুলিশের কাছে যে অভিযোগ করেছি সেটাও তুলে নিচ্ছি।

তবে যারা আমার এবং আমার পরিবার ঘিরে অসত্য ও অসম্মানজনক নিউজ ও লেখা প্রকাশ করেছেন তারাও তাদের কৃতকর্মের জন্য অনুতপ্ত হবেন এবং লেখা গুলো সরিয়ে নেবেন সেটাও আমি প্রত্যাশা করি।

সবশেষে তিশা বলেন, আমিও এটাও চাই মূলধারার সংবাদ মাধ্যম ও সাংবাদিক যারা আছেন তারাও সাংবাদিকতার নামে যে সকল অপসাংবাদিক আছে, পোর্টাল আছে, যারা শিল্পীদের অসম্মান করে ফায়দা লুটতে চায় তাদের প্রতিহত করতে আমার পাশে, শিল্পীদের পাশে সবসময় যেমন ছিলেন তেমনি থাকবেন। যারা সবসময় আমার পাশে ছিলেন আছেন এবং আমার সংগঠন অভিনয়শিল্পী সংঘ বাংলাদেশ এর প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি। সবাই ভালো থাকবেন। সুন্দর থাকবেন।

সিলেটে বাসে আগুন দিল দুর্বৃত্তরা

স্টাফ রিপোর্টার:

সিলেটে বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার ( ২৫ নভেম্বর) সন্ধা সাড়ে ৭ টায় কুমারগাঁও বাস স্ট্যান্ডের পাশে দাঁড়িয়ে থাকা জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

স্হানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সন্ধায় কে বা কারা দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন দেয়। স্হানীয় বাসিন্দা ও ব্যবসায়ীরা বালু ও পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণ করেছেন। আগুনে লেগে বাসের অনেকগুলো সীট পুড়ে গেছে।

এছাড়াও, গাড়ির জানালা, দরজা ভাঙচুর করা হয়েছে ।

ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্হল পরিদর্শন করেন, সিলেট মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার( উত্তর) আজবাহার আলী শেখ, জালালাবাদ থানার সহকারী পুলিশ কমিশনার কামরুল ইসলাম, জালালাবাদ থানার ওসি সাইফুল ইসলাম, ওসি (তদন্ত) মো. খালেদ মামুন।

জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের বাসে আগুন লাগার বিষয়টি নিশ্চিত করেছেন জালালাবাদ থানার ওসি (তদন্ত) মো: খালেদ মামুন। তিনি বলেন, দুর্বৃত্তরা একটি বাসে আগুন দেয়ার চেষ্টা করেছে। আমরা খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনা স্হলে যাই। স্থানীয় বাসিন্দারা আগুন নিয়ন্ত্রণ করে ফেলেন। যে বা যারা এ ঘটনা ঘটিয়েছে তাদের ধরতে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।

সিলেট মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার (উত্তর) আজবাহার আলী শেখ বলেন, যে বা যারা এঘটনা ঘটিয়েছে তাদেরকে খুব দ্রুত আইনের আওতায় নিয়ে আসা হবে।

জোটের বিষয়ে সিদ্ধান্ত হয়নি এখনও: ওবায়দুল কাদের

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জোটের বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তার ভাষ্য, প্রয়োজন না হলে জোট নয়। জোটের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। একটি জোটের বিপরীতে আরেকটি জোট হয়। সেক্ষেত্রে জোটের প্রয়োজন না পড়লে কেন জোট করতে যাব? শনিবার দুপুরে ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

শরিকদের বিষয়ে আওয়ামী লীগের সিদ্ধান্ত কী? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘শেখ হাসিনা ১৪ দলীয় জোটের চেয়ারম্যান। আমরা শরিকদের বিষয়ে এখনো ঠিক করিনি। কারণ জোটের বিপরীতে জোট হয়। আমাদের প্রতিপক্ষের যদি একটা বড় জোট হয় সেটার বিপরীতে আমাদেরও জোট হবে। তাছাড়া আমরা কেন অহেতুক জোট করতে যাব। প্রয়োজন না থাকলে জোট করব না। জোট করব যাদের নিয়ে মানুষের কাছে তাদের গ্রহণযোগ্যতা থাকতে হবে।’

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নতুন মুখ কেমন আসছে? সাংবাদিকদের এমন এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘নতুন-পুরাতন মিলিয়েই আমরা মনোনয়ন দিচ্ছি। যেখানে পুরোনোরা জনগণের কাছে গ্রহণযোগ্যতা হারিয়েছে সেখানে আমাদের নতুন করে ভাবতে হবে। ইলেকট্যাবল ক্যান্ডিডেট যারা সেটাই হচ্ছে বিচারের মানদন্ড। এছাড়া কতজনকে বাদ দেব, কতজন রাখব এ ধরনের সংখ্যা এখনো নির্ধারণ করা হয়নি। আমাদের মাথায় রয়েছে কাকে দিলে আমাদের দল নির্বাচনে জনগণের কাছে অধিকতর যোগ্য হবে।’

কেস স্টাডি : পৈশাচিক আনন্দের শিকার ‘সূচনা’ ভাবছেন আত্মহত্যার কথা

ডা. সাঈদ এনাম 👨‍⚕️

সুচনা (ছদ্মনাম) একজন এসেছেন ডিপ্রেশন নিয়ে। তার ডিপ্রেশনের কারণ হিসেবে যা জানালেন তাতে মোটামুটি বুঝতে বাকি রইলো না তার স্বামী একজন ‘স্যাক্সুয়াল সেডিজম ডিসওর্ডার’ এর পেশেন্ট।

স্বামী যে মানসিক রোগ ‘স্যাক্সুয়াল স্যাডিসম ডিসওর্ডার’ এটি সূচনা আজই প্রথম জানলেন। ‘স্যাক্সুয়াল সেডিজম ডিসওর্ডার’ রোগ’টা কী সেটা সম্পর্কে তিনি সম্যক ধারণাও পেলেন। “সেক্সুয়াল সেডিজম ডিসওর্ডার” এ আক্রান্ত রোগী ‘স্যক্সুয়াল’ অ্যাকটিভিটির পূর্বে তার পার্টনারকে বেধড়ক পেটাতে থাকে, গালি গালাজ করতে থাকে, সেই সাথে চলে তাকে নিয়ে নানান অপমানসুচক, এবং সন্দেহমুলক অসভ্য কথাবার্তা। এতে রোগী সেক্সুয়াল আনন্দ পান। এটা রোগীকে একটা পৈশাচিক আনন্দ দেয়।

যাহোক, সুচনা বিগত ১৭ বছর এসব সহ্য করতে করতে এখন আর পারছেন না। এখন তিনি এতোটাই হতাশাগ্রস্ত এবং বিরক্তও, যে তিনি স্বামীকে এবার তালাক দিবেনই। আর পারছেন না, বরং একাই বাকি জীবন কাটিয়ে দেবেন। মাঝেমধ্যে ভাবেন সুইসাইড করতে। তাদের বিয়ের ১৭ বছর চলছে। সন্তান আছে ১টি। সন্তানকে ইংল্যান্ড নিয়ে গেছে স্যাডিস্ট বাবা। ‘স্যাডিস্ট’ সন্তানকে নিয়েছে কিন্তু ‘ওয়াইফ’কে নেয়নি, সে নিতে চায়ও না। কারন স্যাডিস্টটা প্রায়ই বলে, “তোকে ইংল্যান্ড নিলে তুই আমাকে ছেড়ে চলে যাবি, আমার নামে বদনাম করবি”। স্যাক্সুয়াল সেডিজম ডিসওর্ডার রোগে ভোগা তার স্বামী বাংলাদেশ বংশদ্ভূত বৃটিশ সিটিজেন।

সুচনা জানালেন তার গায়ে এমন কোনো জায়গা নেই যে মারা বা কাটার দাগ নেই। আর অপমান সূচক কথাবার্তাগুলো তিনি উচ্চারণই করতে পারলেন না, বলতে কাঁদতে থাকলেন। ভদ্রমহিলার সাথে আলাপে আরো বুঝা গেলো সেই স্যাডিস্ট লোকটার আবার ইরেকটাইল ডিসফাংশন যেমন আছে তেমনি আছে প্রিম্যাচ্যুর ইজাকুলেশন। মারামারি ও গালিগালাজ এর সময়ই তার অর্গাজম হয়ে যায়। অর্গাজম হলে সে কিছুটা নরম মেজাজের হতে থাকে। তবে তার ভয়ানক আচরণ নিয়ে কখনো সে অনুতপ্ত হয় না।

এখানে একটা কথা বলে রাখি সেক্সুয়াল সেডিজম ডিসওর্ডার এর সাথে অনেক সময় এন্টি সোশ্যাল পার্সোনালিটি ডিসঅর্ডারও থাকে। এতে ঘটে যায় মারাত্মক দূর্ঘটনা, হত্যাকাণ্ড। এ এক ভয়ানক পরিস্থিতি। এটা স্যাডিস্টের ছিলো ২য় বিয়ে। তার প্রথম স্ত্রী ছিলো বাংলাদেশ বংশোদ্ভূত বৃটিশ সিটিজেন। সে ডিভোর্স দিয়ে চলে গেছে বিয়ের এক বছরের মাথায়ই। আর সুচনা দ্বিতীয় বউ। সে হলো বাংলাদেশের গ্রামীণ পরিবারের সহজ সরল অল্প বয়সী গৃহবধূ । সে ১৭ বছর মুখ বুজে সব সহ্য করে ছিলো আশায় আশায়, হয়তো লোকটা ভালো হয়ে যাবে অথবা সে লন্ডন গেলে সব ঠিক হয়ে যাবে। কিন্তু তার আর লন্ডন যাওয়া হয়নি।

ভদ্রমহিলা ডিপ্রেশনের চিকিৎসা করাতে এসে এবারই প্রথম সব তার জীবনের মর্মান্তিক কাহিনী বললেন একজন সাইকিয়াট্রিস্টকে। এর আগে তিনি মাঝেমধ্যে ফ্লুপেনটিক্সল ম্যালিট্রাসিন সেবন করছিলেন। তবে দীর্ঘদিন এটা সেবনে অনেক সময় সুইসাইডল থিংক চলে আসে।

সেক্সুয়াল সেডিজম ডিসওর্ডার সাইকোথেরাপি, কগনিটিভ বিহেভিয়ার থেরাপি এবং এন্টিডিপ্রেসেন্ট বা অনেক ক্ষেত্রে এন্টিসাইকোটিক দিয়ে অত্যন্ত সফলভাবে চিকিৎসা করা যায়।

লেখক : সহকারী অধ্যাপক, মনোবিজ্ঞান, সিলেট মেডিকেল কলেজ।

সিলেট-৫ আসনে কপাল খুলবে কার?

আব্দুল্লাহ আল মাহবুব, কানাইঘাট:

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তফসিল ঘোষণার পর শনিবার বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় ২৩ বঙ্গবন্ধু এভিনিউ থেকে মনোনয়নপত্র সংগ্রহ শুরু হয়।

এ পর্যন্ত সিলেট-৫ (কানাইঘাট-জকিগঞ্জ) আসন থেকে ৮জন আওয়ামীলীগের মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বলে জানা গেছে।
তারা হচ্ছেন- সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, জেলা আওয়ামীলীগের সহসভাপতি অর্থনীতিবিদ ড. আহমদ আল কবির, যুক্তরাষ্ট্র নিউজার্সি যুবলীগের সভাপতি জুলিয়ান চৌধুরী রাহী, বাংলাদেশ আওয়ামীলীগের শিল্প ও বাণিজ্য উপ কমিটি সদস্য একে.এম.শামসুজ্জামান বাহার, ঢাকা সুপ্রিম কোর্ট বারের আইনজীবী এডভোকেট মোস্তাক আহমদ, যুক্তরাজ্য শাখা আওয়ামীলীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক খসরুজ্জামান খসরু, যুক্তরাজ্য ছাত্রলীগের সহসভাপতি সারওয়ার কবির ও যুক্তরাজ্য প্রবাসী আওয়ামীলীগ নেতা কাওছার রশিদ।

ঘোষিত তফসিল অনুযায়ী, নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ৩০ নভেম্বর।
বাছাই ১-৪ ডিসেম্বর, রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল ও শুনানি ৬-১৫ ডিসেম্বর এবং ১৭ ডিসেম্বরের মধ্যে মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে।
প্রতীক বরাদ্দ দেওয়া হবে ১৮ ডিসেম্বর।

এছাড়া নির্বাচনী প্রচারণা চলবে ১৮ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত। সবশেষ ভোটগ্রহণ ৭ জানুয়ারি ২০২৪।

কোম্পানীগঞ্জে বীর মুক্তিযোদ্ধার ইন্তেকাল : গার্ড অব অনার প্রদান

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার পূর্বইসলাম ইউনিয়নের কালীবাড়ি গ্রামের বীর মুক্তিযোদ্ধা ইছাক আলী ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টায় সিলেটের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। বীর ইছাক আলী দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। তাঁর পিতা মৃত আব্দুল মজিদ। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও পাঁচ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

শুক্রবার দুপুর ২টায় কালিবাড়ী যুবসংঘ স্পোর্টিং ক্লাব মাঠে জাতির সূর্যসন্তান মরহুম বীর মুক্তিযোদ্ধা ইছাক আলীকে রাষ্ট্রীয়ভাবে সম্মান প্রদর্শনের অংশ হিসেবে মরদেহের কফিন জাতীয় পতাকা দ্বারা আবৃত করণ, উপজেলা প্রশাসনের পক্ষ হতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে পুলিশ বাহিনীর সশস্ত্র সদস্যদের দ্বারা সশস্ত্র সালাম-এঁর মধ্যদিয়ে “গার্ড অব অনার” প্রদান করা হয়।

এতে নেতৃত্বে দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুমাইয়া ফেরদৌস ও উপজেলা মৎস্য কর্মকর্তা তৌফিক হাসান কবির, থানার উপ-পরিদর্শক শরিফুল ইসলামসহ সঙ্গীয়ফোর্স। এসময় উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শফি উদ্দিন রেনু, এসএম নাজিম উদ্দীনসহ বিভিন্ন গ্রামের বাসিন্দা ও বীর মুক্তিযোদ্ধাগনসহ শ্রেণী-পেশার মুসল্লিরা তাঁর জানাজাতে অংশ নেন।

মরহুম বীর মুক্তিযোদ্ধা ইছাক আলীর ছেলে রফিক মিয়া জানান, আমাদের পৈত্রিক বাড়ি  উপজেলা গৌরিনগর গ্রামে, সেখানে পারিবারিক কবরস্থানে তাঁকে সামাহিত করা হয়।

আধুনিক কাগজ অনলাইনের যাত্রা শুরু

‘স্মার্ট পাঠকের স্মার্ট দৈনিক’ স্লোগানে অনলাইন প্ল্যাটফর্মে যাত্রা শুরু করলো বিশ্বের প্রথম ভিউজ পেপার দৈনিক আধুনিক কাগজ। বৃহস্পতিবার (২৩ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় সিলেট নগরীর খাসদবিরস্থ পত্রিকার নিজস্ব কার্যালয়ে দৈনিক আধুনিক কাগজের নিউজপোর্টাল www.adhunikkagoj.com এর শুভ উদ্বোধন করা হয়।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পত্রিকার নিজস্ব কার্যালয় এবং অনলাইন নিউজপোর্টালের উদ্বোধন করেন সিলেট সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী।

এ সময় মেয়র বলেন, স্মার্ট পাঠকের স্মার্ট দৈনিক স্লোগানে প্রকাশিতব্য আধুনিক কাগজের নিজস্ব ভবনে যাত্রালগ্নে পত্রিকার সকল কলাকুশলিকে অভিনন্দন জানাই। এই টিমের সাথে আমি আগেও কাজ করেছি। তাদের বিশেষত্ব হলো, এখানে প্রত্যেকেই প্রতিশ্রুতিশীল সাংবাদিক। দৈনিক আধুনিক কাগক দেশ ও জাতির কল্যাণের লক্ষ্যে কাজ করবে, শুভ সূচনালগ্নে এটাই আমার প্রত্যাশা।

এ সময় উপস্থিত ছিলেন দৈনিক আধুনিক কাগজের সম্পাদক মঈন উদ্দিন, প্রকাশক দেওয়ান সাঈদ চৌধুরী টিপু, আওয়ামী লীগ নেতা এম এ হান্নান, সিলেট মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি, সিলেটপ্রতিদিন২৪.কমের সম্পাদক সাজলু লস্কর, দৈনিক আধুনিক কাগজের অনলাইন সম্পাদক এস এম সুজন, ম্যানেজমেন্ট ইনচার্জ মিঠু দাস জয়, সিনিয়র রিপোর্টার রাশেদুল হোসেন শোয়েব, প্রধান প্রতিবেদক জিকরুল ইসলাম, মফস্বল সম্পাদক মেহেদী হাসান, মাল্টিমিডিয়া ইনচার্জ জয়ন্ত কুমার দাস, নিজস্ব প্রতিবেদক মাহবুবুল করিম তুহিন, সহকারী মাল্টিমিডিয়া ইনচার্জ আহমেদ সবুজ, গোয়াইনঘাট প্রতিনিধি কাওছার আহমদ রাহাত, কোম্পানীগঞ্জ প্রতিনিধি ফখর উদ্দিন, কানাইঘাট প্রতিনিধি আব্দুল্লাহ আল মাহবুব, সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মুহিবুর রহমান, সিলেট জেলা যুবলীগের উপ দপ্তর সম্পাদক মনিরুল হক পিনু, যুবলীগ নেতা বদরুল হক, জামিল চৌধুরী, ছাত্রলীগ নেতা তানজির আহমদ, আরাফাত হক প্রমুখ।