Home Blog Page 254

ছাতক উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

ছাতক প্রতিনিধি

ছাতক উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা একই সাথে আগামী ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস পালন ও মহান বিজয় দিবস পালনের প্রস্তুতি মূলক এক সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৭ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা পরিষদের কনফারেন্স রুমে এই সভা অনুষ্ঠিত হয়। ছাতক উপজেলা নির্বাহী অফিসার গোলাম মোস্তফা মুন্নার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, ছাতক উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান আবু সাদাত লাহিন, মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ লিপি বেগমসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক উপস্থিত ছিলেন।

গোলাপগঞ্জের মাদক সম্রাট আয়লাফের যাবজ্জীবন কারাদণ্ড

মাদক মামলায় গোলাপগঞ্জের আয়লাফ আহমদ (৫০)নামের এক আসামির যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন সিলেটের সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মশিউর রহমান চৌধুরী।

সোমবার (২৭ নভেম্বর) দুপুরে এ রায় ঘোষণা করেন। আদালতের পিপি অ্যাডভোকেট মো. নিজাম উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।

যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আয়লাফ আহমদ সিলেটের গোলাপগঞ্জ উপজেলার, গোলাপগঞ্জ পৌরসভার উত্তর রণকেলী গ্রামের মৃত আতাউর রহমান আতাই মিয়ার ছেলে।

আদালত সূত্রে জানা যায়, ২০২২ সালের ৮ই আগস্ট সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে আয়লাফ আহমদের বসত ঘর থেকে ২লাখ ২৮ হাজার নগদ টাকা সহ মোট ১৭ লাখ ৩২ হাজার ৫০০ টাকা মূল্যের ৫ হাজার ৭৭৫ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ। এ ঘটনায় গোলাপগঞ্জ মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) পার্থ সারথি দাস বাদী হয়ে ওই দিন রাতে মাদক আইনে মামলা দায়ের করেন। মামলাটি জিআর ১৪৬/২০২২ মূলে রেকর্ডভুক্ত করা হয়। পরবর্তীতে মামলার তদন্তকারী কর্মকর্তা একই বছরের ১৫ সেপ্টেম্বর আদালতে অভিযোগপত্র দাখিল করেন( নং ১৮০)

মামলাটি আদালতে দায়রা ১৬/২০২৩ মূলে বিচারের জন্য রেকর্ড করে এ বছরের ২৯ জানুয়ারি আদালতে আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়।উক্ত মামলায় ১১ জন সাক্ষীর মধ্যে সাতজনের সাক্ষ্য গ্রহণ শেষে বিচারক এ রায় ঘোষণা করেন।

এছাড়াও, আসামিকে ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

রাষ্ট্রপক্ষে মামলার আইনজীবী ছিলেন অ্যাডভোকেট মো. নিজাম উদ্দিন এবং আসামিপক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট শফিকুল ইসলাম।

দলীয় মনোনয়নে সিলেট থেকে বাদ পড়লেন তারা

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে ইতোমধ্যে সিলেট বিভাগের ১৯ আসনে দলীয় প্রার্থী চূড়ান্ত করেছে আওয়ামী লীগ। রোববার (২৬ নভেম্বর) বিকালে সিলেটের ১৯ আসনে নৌকা প্রতীকের চূড়ান্ত প্রার্থীদের তালিকা প্রকাশ করে দলটি।

রোববার সকাল ১০টায় গণভবনে আওয়ামী লীগের সব মনোনয়নপ্রত্যাশীর সঙ্গে মতবিনিময় করেন দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে তাদের দিকনির্দেশনা দেওয়া হয়।

জানা যায়, একাদশ জাতীয় সংসদে থাকা সিলেটের বেশ কয়েকজন সংসদ সদস্য দলীয় মনোনয়ন পাননি। এ তালিকায় আছেন মৌলভীবাজার-৩ আসনের নেছার আহমেদ, সুনামগঞ্জ-১ আসনের মোয়াজ্জেম হোসেন রতন, সুনামগঞ্জ-২ আসনের জয়া সেনগুপ্ত, হবিগঞ্জ-১ আসনের গাজী মো. শাহনওয়াজ মিলাদ গাজী ও হবিগঞ্জ-২ আসনের আব্দুল মজিদ খান।

আর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের হয়ে নৌকার টিকিট পেয়েছেন কয়েকজন নতুন মুখ। তাদের মধ্যে সিলেট-৫ আসনে মাসুক উদ্দিন আহমদ, মৌলভীবাজার-২ আসনে শফিউল আলম চৌধুরী নাদেল, মৌলভীবাজার-৩ আসনে জিল্লুর রহমান, সুনামগঞ্জ-১ আসনে অ্যাডভোকেট রঞ্জিত চন্দ্র সরকার, সুনামগঞ্জ-২ আসনে চৌধুরী আব্দুল্লাহ আল মাহমুদ, সুনামগঞ্জ-৪ আসনে ড. মুহাম্মদ সাদিক, হবিগঞ্জ-১ আসনে অ্যাডভোকেট ড. মুশফিক হোসেন, হবিগঞ্জ-২ আসনে ময়েজ উদ্দিন শরিফ রুহেল।

এ ছাড়া বাকি ১০ আসনে প্রার্থী অপরিবর্তিত রেখেছে আওয়ামী লীগ। পুনরায় যারা আওয়ামী লীগের হয়ে নৌকার মনোনয়ন পেয়েছে তারা হলেন, সিলেট-১ আসনে ড. এ কে আব্দুল মোমেন, সিলেট-৩ আসনে হাবিবুর রহমান হাবিব, সিলেট-৪ আসনে ইমরান আহমদ, সিলেট-৬ আসনে নুরুল ইসলাম নাহিদ, মৌলভীবাজার-১ আসনে শাহাব উদ্দিন, মৌলভীবাজার-৪ আসনে উপাধ্যক্ষ আবদুস শহীদ, সুনামগঞ্জ-৩ আসনে এম এ মান্নান, সুনামগঞ্জ-৫ আসনে মুহিবুর রহমান মানিক, হবিগঞ্জ-৩ আসনে আবু জাহির ও হবিগঞ্জ-৪ আসনে মাহবুব আলী।

এদিকে সিলেট-৫ আসনের বর্তমান সংসদ সদস্য হাফিজ মজুমদার এবার আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিয়ে দ্বাদশ নির্বাচনি লড়াইয়ে অংশ না নেওয়ার সিদ্ধান্তের কথা জানান। আর সিলেট-২ আসন দশম ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মহাজোটকে ছেড়ে দেওয়া আসনে শফিকুর রহমান চৌধুরী আওয়ামী লীগের মনোনয়ন পান।

সোমবারের রাশিফল (২৭ নভেম্বর)

 
আজ ২৭ নভেম্বর ২০২৩, রোজ সোমবার। ভাগ্যরেখা অনুযায়ী আপনার আজকের দিনটি কেমন কাটতে পারে? ব্যক্তি, পারিবারিক ও কর্মক্ষেত্র সম্পর্কে কী বলছে জ্যোতিষশাস্ত্র?

এ বিষয়গুলো সম্পর্কে যারা দিনের শুরুতেই আগাম কিছুটা ধারণা নিয়ে রাখতে চান, তারা একবার পড়ে নিতে পারেন আজকের রাশিফল।

মেষ রাশি
মায়ের দিক থেকে কষ্ট পেতে পারেন। কাজের চাপ বাড়তে পারে।

বৃষ রাশি
সম্পত্তির অধিকার নিয়ে বিবাদ হতে পারে। কপালে অপমান জুটতে পারে।

মিথুন রাশি
অধিক খরচের জন্য চিন্তা বাড়বে। প্রেমের ব্যাপারে সিদ্ধান্ত নিতে দেরি হতে পারে।

কর্কট রাশি
শেয়ারে লগ্নি নিয়ে চিন্তা বাড়তে পারে। পেটের কষ্ট বাড়তে পারে।

সিংহ রাশি
সকাল থেকে শরীরে জড়তা বাড়তে পারে। মাথার যন্ত্রণা বৃদ্ধি পাবে।

কন্যা রাশি
প্রেমের ব্যাপারে মনঃকষ্ট বাড়তে পারে। বাড়তি আয় করতে গিয়ে বিপদ ঘটতে পারে।

তুলা রাশি
রাজনীতির লোকেদের একটু চিন্তার কারণ দেখা দিতে পারে। উচ্চশিক্ষার্থে বিদেশযাত্রার সুযোগ আসতে পারে।

বৃশ্চিক রাশি
প্রেমের অশান্তি মিটে যেতে পারে। কোনো কারণে মনে ভীষণ সংশয় বা ভয় কাজ করবে।

ধনু রাশি
কাউকে কোনো ব্যাপারে কথা দেবেন না। আধ্যত্মিক বিষয়ে বিশেষ মনোযোগী হয়ে উঠবেন।

মকর রাশি
গবেষণার কাজে সাফল্য লাভ। খুব নিকট কোনো মানুষের জন্য দাম্পত্য কলহ সৃষ্টি হতে পারে।

কুম্ভ রাশি
শখ মেটাতে বাড়তি খরচ হতে পারে। কোনো বন্ধুর জন্য বিপদ থেকে উদ্ধার লাভ।

মীন রাশি
মহিলাদের জন্য নতুন কিছু শুরু করার ভাল সময়। কল্যাণকর কাজে কিছু অর্থ ব্যয় হতে পারে।

হবিগঞ্জে পল্লী চিকিৎসক হত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবন সাজা

হবিগঞ্জের মাধবপুর উপজেলার কালিকাপুর গ্রামে পল্লী চিকিৎসক আফজালুর রহমান হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা মামলায় ৫ আসামির যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে প্রত্যেক আসামিকে ১ লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। 

সোমবার (২৭ নভেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে হবিগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ ২য় আদালতের বিচারক ইয়াছির আরাফাত এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় দন্ডপ্রাপ্ত আসামিরা আদালতে উপস্থিত ছিলেন। নিহত পল্লী চিকিৎসক আফজালুর রহমান উপজেলার কালিকাপুর গ্রামের বাসিন্দা। 

দন্ডপ্রাপ্ত আসামিরা হলেন- মাধবপুর উপজেলার কালিকাপুর গ্রামের জিয়া উদ্দিনের পুত্র সালাউদ্দিন ও তার ভাই জসিম উদ্দিন, একই উপজেলার বহরা গ্রামের ছনা মিয়ার পুত্র রফিজ উদ্দিন, মতিউর রহমানের পুত্র আজিজুর রহমান ও বাদশা মিয়ার পুত্র আক্তার মিয়া। 

আদালত সূত্রে জানা যায়, আসামিদের সাথে জমিজমা সংক্রান্ত বিরোধ ছিল পল্লী চিকিৎসক আফজালুর রহমানের। এরই জেরধরে আসামিরা ২০০৬ সালের ২১ মার্চ রাত সাড়ে ৮টার দিকে স্থানীয় একটি বাজার থেকে ফেরার পথে ধরাছড়া ব্রীজ এলাকায় আফজালুরকে একা পেয়ে বেধড়ক মারধর করে। এক পর্যায়ে মারা যান আফজালুর রহমান। পরদিন ২২ মার্চ এ হত্যাকাণ্ডের ঘটনায় নিহতের স্ত্রী ছকিনা বেগম বাদী হয়ে ৫ আসামীর বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলাটিতে ২৩ জন স্বাক্ষীর মধ্যে ১৯ জনের স্বাক্ষ্য প্রমান শেষে আদালত রায় ঘোষণা করেন। 

বাদী পক্ষের আইনজীবি এডভোকেট চৌধুরী আশরাফুল বারী নোমান রায়ে সন্তুষ্টি প্রকাশ করেন। আর আসামি পক্ষের আইনজীবি উচ্চ আদালতে আপিল করবেন বলে জানিয়েছেন। 

সূত্র : বাংলাদেশ প্রতিদিন

অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বরেকর্ড গড়লো ভারত

 
কেরালার তিরুঅনন্তপুরমে অস্ট্রেলিয়াকে হারিয়ে টি-২০ ক্রিকেটে বিশ্বরেকর্ড গড়েছে ভারত। আন্তর্জাতিক টি-২০তে সবচেয়ে বেশি জয়ের রেকর্ডে পাকিস্তানকে ছুঁয়ে ফেলেছে তারা। কিন্তু একটি ক্ষেত্রে বাবর আজমদের টপকে গেছেন যশস্বী জসওয়াল, রিঙ্কু সিংরা। পাকিস্তানকে ছুঁতে কম ম্যাচ খেলতে হয়েছে ভারতকে।

রোববার অস্ট্রেলিয়াকে হারিয়ে টি-২০তে ১৩৫তম ম্যাচ জিতেছে ভারত। ১৩৫টি টি-২০ জিততে ২১১টি ম্যাচ লেগেছে ভারতের। পাকিস্তানও টি-২০তে ১৩৫টি ম্যাচ জিতেছে। সেটা করতে ২২৬টি ম্যাচ লেগেছে পাকিস্তানের। অর্থাৎ, পাকিস্তানের থেকে ১৫টি ম্যাচ কম খেলে সমসংখ্যক ম্যাচ জিতেছে ভারত।

২০০৬ সালের ১ ডিসেম্বর প্রথম টি-২০ ম্যাচ খেলেছিল ভারত। জোহানেসবার্গে বীরেন্দ্র শেবাগের নেতৃত্বে দক্ষিণ আফ্রিকাকে ৬ উইকেটে হারিয়েছিল তারা। তারপর থেকে টি-২০তে আরো ১২ জন ভারতকে নেতৃত্ব দিয়েছেন। তাদের মধ্যে সবচেয়ে বেশি ৭২টি ম্যাচে দলকে নেতৃত্ব দিয়েছেন মহেন্দ্র সিং ধোনি। ২০০৭ সালে ভারতের একমাত্র টি-২০ বিশ্বকাপও তার নেতৃত্বে এসেছে।

তিরুঅনন্তপুরমে প্রথমে ব্যাট করে ২৩৬ রান করেছিল ভারত। হাফ সেঞ্চুরি করেন যশস্বী, ঋতুরাজ গায়কোয়াড় ও ঈশান কিষাণ। শেষ দিকে ৯ বলে ৩১ রানের ইনিংস খেলেন রিঙ্কু। জবাবে ব্যাট করতে নেমে ১৯১ রানে থামে অস্ট্রেলিয়ার ইনিংস। ৪৪ রানে ম্যাচ জিতে ৫ ম্যাচের সিরিজে ২-০ এগিয়ে যায় ভারত।

মাত্র ৪ ইনিংসেই শীর্ষে রিংকু সিং!

 
আন্তর্জাতিক ক্রিকেটে অনেক রেকর্ডই নিজের করে নিয়েছেন বিরাট কোহলি। ব্যাট হাতে দুর্দান্ত সব ইনিংস খেলে একের পর এক রেকর্ড গড়েছেন ভারতের তারকা ক্রিকেটার। তবে মাত্র চার ইনিংস খেলে সেই কোহলিকেই পেছনে ফেলে দিয়েছেন তার স্বদেশী রিংকু সিং। 

চলতি বছরের আগস্টে আয়ারল্যান্ডের বিপক্ষে টি-২০ ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে রিংকুর অভিষেক হয়। যদিও প্রথম ম্যাচে ব্যাটিংয়ে নামার সুযোগ পাননি তিনি। এরপর ২০ আগস্ট আইরিশদের বিপক্ষে ২১ বলে ৩৮ রান করে হন ম্যাচসেরা।

এশিয়ান গেমস থেকে অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-২০ সিরিজ- তিন ম্যাচে ব্যাটিংয়ের সুযোগ পেয়ে সবগুলো ম্যাচেই অপরাজিত থাকেন রিংকু। সর্বশেষ ম্যাচে অজিদের বিপক্ষে খেলেন ৯ বলে ৩১ রানের অপরাজিত ইনিংস। 

৪ ইনিংসের তিনটিতে অপরাজিত থাকায় রিংকুর ব্যাটিং গড় দাঁড়িয়েছে ১২৮! আর তাতেই তিনি পেছনে ফেলেছেন কোহলিকে। ১২৮ গড় নিয়ে আন্তর্জাতিক টি-২০তে সর্বোচ্চ ব্যাটিং গড় এখন রিংকুর।

১১৭ গড় নিয়ে দ্বিতীয় স্থানে আছেন ইসরায়েলের গ্যাব্রিয়েল স্কাকাট। টি-২০ ফরম্যাটে কোহলির ব্যাটিং গড় রিংকুর অর্ধেকেরও কম। ৫২.৭৩ গড় নিয়ে ভারতীয় ব্যাটারদের মধ্যে তিনে আছেন কোহলি।

আন্তর্জাতিক টি-২০তে সর্বোচ্চ গড়ের শীর্ষ পাঁচ ব্যাটার: 
রিংকু সিং (ভারত): ১২৮.০০ 
গ্যাব্রিয়েল স্কাকাট (ইসরায়েল): ১১৭.০০ 
মোহাম্মদ আওয়াইজ (গ্রিস): ৮২.০০
শেখ রাসিক (হাঙ্গেরি): ৭৮.০০ 
মা’আরা আভে (কুক আইল্যান্ড): ৭২.৫০

আজানের পর দোয়া পড়ার ফজিলত

 
আজান মুসলিমদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। প্রতিদিন ফরজ বিধান নামাজ আদায়ের জন্য আজান দেওয়া হয়। যিনি আজান দেন তাকেই মুয়াজ্জিন বলা হয়। নামাজের যেমন গুরুত্ব রয়েছে, ঠিক তেমনি আজানেও গুরুত্ব রয়েছে।

আজানের পর রাসুল (সা.) একটি দোয়া পড়তে বলেছেন-

اللَّهُمَّ رَبَّ هَذِهِ الدَّعْوَةِ التَّامَّةِ، وَالصَّلاَةِ الْقَائِمَةِ، آتِ مُحَمَّداً الْوَسِيلَةَ وَالْفَضِيلَةَ، وَابْعَثْهُ مَقَامَاً مَحمُوداً الَّذِي وَعَدْتَهُ

উচ্চারণ : আল্লাহুম্মা রববা হাজিহিদ দাওয়াতিত তাম্মাহ, ওয়াস সালাতিল কাইমাহ, আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলাহ, ওয়াবআছহু মাকামাম মাহমুদানিল্লাজি ওয়াআদতাহ।

অর্থ : হে আল্লাহ, আপনি এই পরিপূর্ণ আহ্বান এবং প্রতিষ্ঠিত সালাতের রব। মুহাম্মদ (সা.)-কে (জান্নাতে প্রবেশের) মাধ্যম এবং (সবার মধ্যে বিশেষ) সম্মান দান করুন। তাকে প্রশংসিত স্থানে পৌঁছে দিন, যার প্রতিশ্রুতি আপনি তাকে দিয়েছেন।

জাবির বিন আবদুল্লাহ (রা.) থেকে বর্ণিত, রাসুল (সা.) বলেছেন, যে ব্যক্তি আজান শুনে উল্লিখিত দোয়া পড়বে কিয়ামতের দিন তার জন্য আমার সুপারিশ থাকবে। (বুখারি, হাদিস : ৬১৪)

আজানের ফজিলত সম্পর্কে বুখারি শরিফে বলা হয়েছে, আবু হুরায়রা (রা.) বর্ণনা করেছেন যে, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন নামাজের জন্য আজান দেওয়া হয়, তখন শয়তান হাওয়া ছেড়ে পালায়, যাতে সে আজানের শব্দ না শোনে। যখন আজান শেষ হয়ে যায়, তখন সে আবার ফিরে আসে। আবার যখন নামাজের জন্য একামত বলা হয়, তখন আবার সে দূরে সরে যায়। একামত শেষ হলে সে পুনরায় ফিরে এসে লোকের মনে কুমন্ত্রণা দিয়ে বলে, এটা স্মরণ করো, ওটা স্মরণ করো। এভাবে বিস্মৃত বিষয়গুলো সে স্মরণ করিয়ে দেয়। তাতে লোকটি এমন অবস্থায় গিয়ে পৌঁছায় যে, সে কয় রাকাত নামাজ আদায় করেছে তা আর মনে করতে পারে না।

যুক্তরাষ্ট্রে দুর্বৃত্তের গুলিতে ফিলিস্তিনি ৩ শিক্ষার্থী আহত

 
যুক্তরাষ্ট্রে ৩ ফিলিস্তিনি শিক্ষার্থীকে গুলি করা হয়েছে। এতে তারা গুরুতর আহত হয়েছেন। দেশটির উত্তর-পূর্বাঞ্চলীয় ভার্মন্ট অঙ্গরাজ্যে শিক্ষাপ্রতিষ্ঠানের ক্যাম্পাসের কাছেই এই হামলার ঘটনা ঘটে।

সোমবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, গত শনিবার যুক্তরাষ্ট্রের ভার্মন্টে গুলিবিদ্ধ তিন ফিলিস্তিনি ছাত্রের পরিবার এই হামলাকে ঘৃণামূলক অপরাধ হিসেবে তদন্ত করার জন্য পুলিশের প্রতি আহ্বান জানিয়েছে। গুলিবিদ্ধ তিন শিক্ষার্থীর নাম হিশাম আওয়ারতানি, তাহসিন আহমেদ এবং কিন্নান আবদালহামিদ।

বার্লিংটন পুলিশ জানিয়েছে, ইউনিভার্সিটি অব ভার্মন্ট ক্যাম্পাসের কাছে তাদেরকে গুলি করা হয়।

হামলার ঘটনার পর কর্মকর্তারা হামলার সম্ভাব্য উদ্দেশ্য খুঁজে বের করতে তদন্ত করছেন। তারা বলছেন, হামলার সময় তারা ঐতিহ্যবাহী স্কার্ফ কেফিয়েহ পরা ছিলেন এবং আরবি ভাষায় কথা বলছিলেন। সন্দেহভাজন হামলাকারীকে খুঁজছে পুলিশ।

সূত্র: বিবিসি

সুবিদবাজারে বিএনপির মশাল মিছিল থেকে অ্যাম্বুলেন্স ভাঙচুর

সিলেট নগরীতে বিএনপির মশাল মিছিল থেকে একটি অ্যাম্বুলেন্সসহ বেশ কয়েকটি গাড়ি ভাঙচুরের অভিযোগ উঠেছে।

রোববার রাত ৮টার দিকে নগরীর সুবিদবাজার এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনাস্থলে পুলিশ গেলে মিছিলকারীরা পালিয়ে যান।

প্রত্যক্ষদর্শীরা জানান, অবরোধের সমর্থনে হঠাৎ বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা একটি মশাল মিছিল বের করেন। এ সময় তারা একটি অ্যাম্বুলেন্সসহ বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করেন। এতে পথচারী ও স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পথচারীরা দিগ্বিদিক ছোটাছুটি শুরু করেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে মিছিলকারীরা পালিয়ে যান।

ঘটনার পর যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের কিছু নেতাকর্মীরা পাল্টা শোডাউন দেন।

এ বিষয়ে কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) সুমন কুমার চৌধুরী বলেন, বিএনপি নেতাকর্মীদের মিছিল থেকে একটি অ্যাম্বুলেন্স ভাঙচুর করা হয়েছে। পুলিশ পৌঁছালে মিছিলকারীরা পালিয়ে যান। ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করা হয়েছে। জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।