Home Blog Page 252

স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিচ্ছেন না চিত্রনায়ক শাকিল খান

বিনোদন প্রতিবেদক

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার জন্য বাগেরহাট-৩ (মোংলা-রামপাল) আসন থেকে আওয়ামী লীগের মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন চিত্রনায়ক শাকিল খান। তবে তাকে সেই আসন থেকে মনোনয়ন না দেওয়ায় স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড়াতে চেয়েছিলেন।

এ বিষয়ে মঙ্গলবার (২৮ নভেম্বর) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেন শাকিল। সাক্ষাতের পর বিষয়টি নিয়ে গণমাধ্যমে কথা বলেন তিনি।

এ সময় শাকিল জানান, প্রধানমন্ত্রীর নির্দেশেই আসন্ন নির্বাচনে অংশগ্রহণ করা থেকে বিরত থাকছেন তিনি।

তিনি বলেন, নেত্রী আমাকে নির্দেশনা দিয়েছেন স্বতন্ত্র প্রার্থী হিসেবে আসন্ন নির্বাচনে অংশ না নেওয়ার জন্য। এ কারণেই নির্বাচনে অংশ নিচ্ছি না। নির্বাচনে অংশ না নিলেও আমার আসনে আওয়ামী লীগের পক্ষে কাজ করব।

চিত্রনায়ক আরও বলেন, গতকাল আমি নেত্রীর সঙ্গে দেখা করেছি। উনি (প্রধানমন্ত্রী) আমাকে বলেছেন, ‘শাকিল আমি তোমার বিষয়টি ভেবেছি। তোমার জন্য ভালোকিছু অপেক্ষা করছে।

শাকিল খান যে আসন থেকে আওয়ামী লীগের মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন, ওই আসনে মনোনয়ন পেয়েছেন আওয়ামী লীগের হাবিবুন নাহার।

আবারও হুমকির মুখে ভাইজান খ্যাত সালমান খান

বিনোদন ডেস্ক

বলিউড ভাইজান সালমান খান আবারও হুমকির মুখে পড়েছেন। ফেসবুক পোস্টে পরোক্ষভাবে হুমকি দেওয়া হয়েছে তাকে। তারপরই দ্রুত ভাইজানের নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখে মুম্বাই পুলিশ। পাশাপাশি তাকে সতর্ক করে দেওয়া হয়েছে।

গ্যাংস্টার লরেন্স বিষ্ণৈর হুমকির পরে এরই মধ্যে সালমানকে ‘ওয়াই প্লাস’ নিরাপত্তা দেওয়া হয়েছে মুম্বাই পুলিশের পক্ষ থেকে।

রবিবার গ্যাংস্টার লরেন্স বিষ্ণৈ নামের একটি অ্যাকাউন্ট থেকে ফেসবুকে একটি মেসেজ পোস্ট করা হয়েছে। তাতে পাঞ্জাবি গায়ক-অভিনেতা জিপ্পি গ্রেওয়ালের উদ্দেশ্যে লেখা হয়েছে, আপনি সালমান খানকে ভাই সম্বোধন করেন। এবার আপনার ‘ভাইকে’ এসে আপনাকে রক্ষা করতে হবে। এ মেসেজটা সালমান খানের জন্যও। এ ভুল ধারণায় থাকবেন না যে, দাউদ এসে আপনাকে রক্ষা করবে। কেউ আপনাকে বাঁচাতে পারবে না। সিধু মুসেওয়ালার মৃত্যু নিয়ে আপনার নাটকীয় জবাব অদেখা ছিল না। আমরা সকলে জানি, উনি কী ধরনের লোক ছিলেন এবং কীরকম অপরাধ জগতের সঙ্গে তার যোগ ছিল। এবার আপনি আমাদের রাডারে চলে এসেছেন। এটাকে ট্রেলার হিসেবে নিন। পুরো সিনেমাটি শিগগির মুক্তি পাবে। পৃথিবীর যে কোনো দেশে উড়ে যান, কিন্তু মনে রাখবেন, মৃত্যুর কোনো ভিসার প্রয়োজন নেই। হঠাৎই তা নিমন্ত্রণ ছাড়াই আসে।

এর আগে গ্রেওয়াল জানিয়েছেন, তার কানাডার ভ্যাঙ্কোভারের বাড়ির বাইরে গুলি চলেছে। যার দায় নিয়েছে বিষ্ণৈ। সেই ঘটনার পর, গ্রেওয়াল বলেছেন, সালমানের সঙ্গে তার বন্ধুত্ব নেই। অভিনেতার সঙ্গে মাত্র দুবার দেখা হয়েছে তার।

এদিকে নতুন করে হুমকি আসায় বলিউডের ভাইজানকে সতর্ক করে দিয়েছে মুম্বাই পুলিশ। মুম্বাই পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, সংশ্লিষ্ট সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের কাছে জানতে চাওয়া হয়েছে কোথা থেকে এ পোস্ট করা হয়েছে। জানতে চাওয়া হয়েছে ওই অ্যাকাউন্টটি কি সত্যিই বিষ্ণৈর। যদি সে হয়, তাহলে কে তা পরিচালনা করছে? কারণ এ মুহূর্তে জেলে রয়েছে বিষ্ণৈ। তারা ইন্টারনেট প্রোটোকল অ্যাড্রেস পাওয়ার চেষ্টা করছে।

২০২২ সালের নভেম্বর মাস থেকে, অভিনেতাকে ওয়াই প্লাস ক্যাটেগরির নিরাপত্তা দেওয়া হচ্ছে। এছাড়া সালমানকে ব্যক্তিগত অস্ত্র সঙ্গে রাখার লাইসেন্সও দেওয়া হয়েছে। এর পাশাপাশি বুলেট প্রুফ গাড়ি কিনেছেন ভাইজান। এবছরই এপ্রিল মাসে হুমকির মেইল পান সালমানের সহকারী। তার পরেই সালমানের বাড়ি ঘিরে নিরাপত্তা বাড়িয়ে দেয় মুম্বাই পুলিশ।

কণ্ঠশিল্পী ডলি সায়ন্তনী নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিলেন

বিনোদন প্রতিবেদক

দেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী ডলি সায়ন্তনী রাজীতিতে নাম লিখিয়েছেন। শুধু তা-ই নয় তিনি আসন্ন নির্বাচনে অংশ নেওয়ারও ঘোষণা দিয়েছেন।

নতুন রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনে (বিএনএম) যোগ দিয়েছেন এ শিল্পী। আসছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনা থেকে অংশ নেবেন তিনি।

এ প্রসঙ্গে ডলি সায়ন্তনী জানান, তিনি রাজধানীর গুলশানে ‘বিএনএম’- এর কেন্দ্রীয় কার্যালয়ে সোমবার (২৭ নভেম্বর) যোগদানের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছেন। তবে একদিন আগেই মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।

ডলি সায়ন্তী আরো বলেন, ‘এ দলটি থেকে আমাকে নির্বাচনে অংশ নেওয়ার জন্য প্রস্তাব করা হয়। এরপরে চিন্তা করলাম, প্রস্তাবটি মন্দ নয়। আমি যদিও এর আগে কখনোই কোনো রাজনৈতিক দলের সঙ্গে সক্রিয় হয়ে কাজ করিনি। রাজনীতির মাঠে আমি একেবারেই নতুন মুখ। আমি আশা করছি সুষ্ঠু ও অবাধ নির্বাচন হলে আমি জয়ী হব। আমার এলাকার মানুষের উন্নয়নে কাজ করব।’

ডলি সায়ন্তী তার জন্মস্থান পাবনা-২ আসন থেকে নির্বাচনে অংশ নেবেন বলে জানিয়েছেন। বিএনএমের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শাহ মো. আবু জাফর এবং মহাসচিব মো. শাহ্জাহানের হাতে ফুল দিয়ে আনুষ্ঠানিকভাবে রাজনীতে যোগ দিয়েছেন তিনি।

বিয়ে করছেন কণ্ঠশিল্পী অবন্ত সিঁথি

বিনোদন প্রতিবেদক

এ সময়ের জনপ্রিয় কণ্ঠশিল্পী অবন্তী সিঁথি বিয়ে করেছেন । তার হবু বরের নাম অমিত দে। এ বিষয়টি জানিয়েছেন সিঁথি নিজেই।

তিনি বলেন, অমিতের সঙ্গে আমার পরিচয় বেশি দিনের না। সাত-আট মাস হবে। ও খুব ভালো গান করে। আমাদের একসঙ্গে একটা গান করতে গিয়ে পরিচয় হয়েছে।

সিঁথি আরও বলেন, বিয়ে উপলক্ষে একটা গান করছি। যা চমক হিসেবে থাকবে। আগামী ১৫ ডিসেম্বর রাজধানীর মিরপুরের একটি পার্টি সেন্টারে বিয়ে অনুষ্ঠান হবে।

ভারতীয় টেলিভিশন রিয়েলিটি শো ‘সারেগামাপা’খ্যাত কণ্ঠশিল্পী অবন্তী সিঁথি। অবন্তি সিঁথি বেড়ে উঠেছেন জামালপুরে। জামালপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয় থেকে মাধ্যমিক আর দিগপাইত শামসুল হক ডিগ্রি কলেজে উচ্চ মাধ্যমিক শিক্ষার্থী থাকার সময় গান গেয়ে পরিচিতি পান তিনি।

গিটার আর হারমোনিয়াম বাজানো শিখেছেন ছোটবেলাতেই। কলেজে পড়ার সময় বিভিন্ন অনুষ্ঠানেও গান করতেন তিনি।

পররাষ্ট্রমন্ত্রীর প্রস্তাবক-সমর্থক হলেন দুই বন্ধু

উৎসবমুখর পরিবেশে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র দাখিল করেছেন সিলেট-১ আসনে আওয়ামী লীগ মনোনিত প্রার্থী পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এমপি।

বুধবার দুপুর ১২টায় সিলেট জেলা প্রশাসন কার্যালয়ে অবস্থিত রিটার্নিং অফিসারের কাছে তিনি এ মনোনয়নপত্র জমা দেন। সিলেটের জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসারের দায়িত্বপ্রাপ্ত শেখ রাসেল হাসান এ মনোনয়নপত্র গ্রহণ করেন।

পরে দুপুর ১টায় সিলেট সদর উপজেলা নির্বাচন অফিসে দ্বিতীয়বার মনোনয়নপত্র জমা দেন পররাষ্ট্রমন্ত্রী। সেখানে তাঁর কাছ থেকে মনোনয়নপত্র গ্রহণ করেন সহকারী রিটার্নিং অফিসার নাছরীন আক্তার।
 
এদিকে, সিলেট-১ আসনে সংসদ সদস্য প্রার্থী ড. এ কে আব্দুল মোমেনের মনোয়নপত্রে প্রস্তাবক হয়েছেন সিটি করপোরেশনের (সিসিক) মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী। আর সমর্থক হয়েছেন সিলেট মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সিসিক কাউন্সিলর আজাদুর রহমান আজাদ। আনোয়ারুজ্জামান ও আজাদের রয়েছে পারষ্পরিক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক।

জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র দেওয়ার সময় পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খান, সিসিক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী, মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আজাদুর রহামন আজাদ ও পররাষ্ট্রমন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা শফিউল আলম জুয়েল।
 
সিলেট সদর উপজেলা নির্বাচন কার্যালয়ে মনোনয়নপত্র দাখিলের সময় পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন সদর উপজেলার চেয়ারম্যান আশফাক আহমদ, জেলা আওয়ামী লীগের সহসভাপতি সুজাত আলী রফিক ও সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি নিজাম উদ্দিন প্রমুখ।
 
মনোনয়নপত্র দাখিলের পর সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেন-  সারাদেশে এখন নির্বাচনী জোয়ার বইছে। নির্বাচন কমিশন ও সরকার একটি সুষ্ঠু এবং সুন্দর নির্বাচনের জন্য অঙ্গীকারাবদ্ধ। আশা করি দল মত নির্বিশেষে সবাই এ নির্বাচনে অংশগ্রহণ করবেন।

তিনি আরও বলেন, আমি বিএনপিকে আহবান জানাবো- জ্বালাও-পোড়াও না করে, দেশের সম্পদ ধ্বংস না করে নির্বাচনে আসুন এবং জনসমর্থন প্রমাণ করুন।

পদত্যাগ না করেই স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনের ঘোষনা মেয়র মুহিবের

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট ২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনে পদত্যাগ না করেই স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করতে চান বিশ্বনাথের বর্তমান পৌর মেয়র মুহিবুর রহমান।

বুধবার বিকেলে বিশ্বনাথ নতুন বাজারস্থ মুহিবুর রহমান মার্কেটের সামনে প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাথে মতবিনিময় ও সূধী সমাবেশে তিনি এ ঘোষণা দেন।

মেয়র মুহিবুর রহমান বলেন, বিশ্বনাথ উপজেলা পরিষদ নির্বাচনে আমি প্রথম চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলাম। উপজেলা চেয়ারম্যান হিসেবে এই এলাকার অনেক উন্নয়ন করেছি, যা বিশ্বনাথবাসী অবগত। আমি বিভিন্ন সময় সংসদ নির্বাচনে প্রার্থী হয়েছি। কিন্তু নানা ষড়যন্ত্র ও ভোট জালিয়াতির জন্য নির্বাচিত হতে পারি নাই।
তিনি বলেন গত বছর যখন বিশ্বনাথ পৌরসভার প্রথম নির্বাচন আসলো তখন জনগণের আগ্রহে নির্বাচনে অংশ গ্রহন করি। সেই নির্বাচনে সকল দলের প্রার্থী থাকা সত্ত্বেও আমাকে বিপুল ভোটে মেয়র নির্বাচিত করেন বিশ্বনাথবাসী। আমি মানুষের জন্য কাজ করতে চাই। কিন্তু পৌরসভার পরিধি সীমিত। ইচ্ছা থাকলেও অনেক কাজ করা যায় না। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি আসন্ন সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহন করবো। যদিও মেয়র পদে থেকে নির্বাচনে অংশগ্রহন করা আমার জন্য চ্যালেঞ্জের ব্যাপার। আমি সেই চ্যালেঞ্জ নিতে চাই।
এসময় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সংবাদকর্মী এবং উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে মেয়র মুহিবুর রহমানের সমর্থকরা উপস্থিত ছিলেন।

সুনামগঞ্জ ৫ আসনে নির্বচন করতে৯ জন প্রার্থীর মনোনয়ন পত্র সংগ্রহ

ছাতক প্রতিনিধিঃ

সংসদীয় আসন ২২৮ সুনামগঞ্জ-৫, ছাতক-দোয়ারাবাজার নির্বাচনী এলাকায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন ৭ জন প্রার্থী। এ আসনে নির্বচন করতে এ পর্যন্ত ৮ জন প্রার্থী তাদের নিজ-নিজ মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন।

জেলা এবং উপজেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে এসব তথ্য নিশ্চিত করেন।

ছাতক-দোয়ারাবাজার নির্বাচনী এলাকায় নির্বাচন করতে যারা মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন এর মধ্যে রয়েছেন, বর্তমান সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক, জেলা আওয়ামীগের যুগ্ম সাধারণ সম্পাদক শামীম আহমদ চৌধুরী (স্বতন্ত্র প্রাথী), জাতীয় পার্টি (ছাতক) সভাপতি আবুল লেইছ মোহামম্মদ কাহার, জাপার লন্ডন মহানগর শাখার সাধারন সম্পাদক রুহুল আমিন, জাতীয় পার্টি (দোয়ারাবাজার) নাজমুল হুদা হিমেল, বিএনএফ আশরাফ আহমদ,আওয়ামীলীগ (ছাতক), আইয়ুব করম আলী, গণফোরাম (ছাতক), শেখইয়াকুব আলী,জাকের পার্টি( ছাতক),আবু সালেহ বাংলাদেশ সুপ্রিম কোর্ট,(দোয়ারা বাজার),আজিজুল হক,ন্যাশনালিষ্ট পার্টি (দোয়ারাবাজার)।

দলীয় কোন্দলে বর্ধিত সভায় অনুপস্থিত আ’লীগের তিন-চতুর্থাংশের বেশি নেতাকর্মী

আধুনিক ডেস্ক:

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গোলাপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। বর্ধিত সভায় দলীয় কোন্দল থাকায় অনুপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের তিন-চতুর্থাংশের বেশি নেতাকর্মী।

বুধবার (২৯ নভেম্বর) সকালে পৌর অডিটোরিয়ামে এ বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট-৬ আসনের বর্তমান সংসদ সদস্য ও নৌকার মাঝি নুরুল ইসলাম নাহিদ।

জানা যায়, দীর্ঘদিন ধরে গোলাপগঞ্জে উপজেলা আওয়ামীলীগ দুই গ্রুপে বিভক্ত। গ্রুপ উপগ্রুপে বিভক্ত হওয়ার কারণে উপজেলা আওয়ামী লীগের যে কোন অনুষ্ঠানে আওয়ামী লীগের তিন- চতুর্থাংশের বেশি নেতাকর্মী অনুপস্থিত থাকেন। এতে করে বিভিন্ন গ্রুপে প্রায় সময় প্রতিহিংসা লেগেই থাকে।

এদিকে আজ বুধবার আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গোলাপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে নুরুল ইসলাম নাহিদ উপস্থিত থাকলেও ছিলেন না আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের তিন-চতুর্থাংশের বেশি নেতাকর্মী। নুরুল ইসলাম নাহিদ নৌকা প্রতীক নিয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করবেন। আওয়ামী লীগের এ কোন্দল তার বিজয়ে বড় ধরণের প্রভাব পড়তে পারে বলে মনে করেন অনেক নেতাকর্মী।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিলেট-৬ আসন থেকে আওয়ামী লীগের ১৫ জন মনোনয়ন প্রত্যাশী ছিলেন। এদের মধ্যে মনোনয়ন পাওয়ার দৌড়ে এগিয়ে ছিলেন- কানাডা আওয়ামী লীগের সভাপতি সরওয়ার হোসেন, গোলাপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুর কাদির শাফি এলিম, বিয়ানীবাজার উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম পল্লব। নৌকার মাঝির নাম ঘোষণা হওয়ার আগে মনোনয়ন প্রত্যাশী এসকল নেতাদের হয়ে মিছিল-মিটিং-সমাবেশ করতে দেখা গেছে আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের। যে কারণে নৌকার মাঝির নাম ঘোষণা হওয়ার পর এসকল নেতাকর্মীরা নিরব ভূমিকা পালন করছেন। নৌকার মাঝি নুরুল ইসলাম নাহিদের মিছিল-মিটিং-সমাবেশে সচরাচর তাদের কাউকে উপস্থিত হতে দেখা যায়না।

নাম প্রকাশে অনিচ্ছুক উপজেলা ও পৌর আওয়ামী লীগের অনেক নেতারা জানান, দলীয় কোন্দল জিউয়ে রেখে কতিপয় সিন্ডিকেটের কবলে সরকারের সকল উন্নয়ন কর্মকাণ্ড পরিচালিত হওয়া, দল বিভক্ত করা, বিভিন্ন নির্বাচনে নৌকার প্রার্থীকে পরাজিত করে বিদ্রোহীদের পক্ষে প্রকাশ্যে অবস্থান, প্রশাসনিক সহায়তা, ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন না করা সহ নানা কারণে আজকের এই পরিস্থিতি। যার দায় তারা নেবে যারা গত ১৫ বছরে হেন অনিয়ম দুর্নীতি দলীয় কোন্দল সৃষ্টি করেছিল। উন্নয়নে দলকে সম্পৃক্ত না করে যারা ক্ষমতার দাপট দেখিয়েছিলো তারা দায় নেবে। মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে যথাসময়ে নৌকার পক্ষে আমরা মাঠে কাজ শুরু করবো

দেশের মানুষ শান্তি ও উন্নয়ন চায় : ড. মোমেন

সারা দেশে এখন নির্বাচনী উৎসব শুরু হয়েছে মন্তব্য করে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল বলেছেন, দেশের মানুষ শান্তি ও উন্নয়ন চায়। তারা চান শেখ হাসিনার উন্নয়নের ধারা অব্যাহত থাকুক। তাই তারা ধ্বংসাত্মক রাজনীতিকে পরিহার করেছেন। উন্নয়ন, শান্তি ও স্থিতিশীলতা অব্যাহত রাখতে মানুষ উৎসবমুখর পরিবেশে পরিবার-পরিজন নিয়ে ভোটকেন্দ্রে যাবেন এবং নৌকায় ভোট দেবেন।

বুধবার (২৯ নভেম্বর) দুপুরে সিলেটের জেলা প্রশাসক ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের রিটার্নিং অফিসার রাসেল হাসানের কার্যালয়ে নিজের মনোনয়নপত্র জমা দেওয়ার আগে গণমাধ্যম কর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

ড. এ কে আব্দুল মোমেন বলেন,আমি প্রচুর উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করেছি। আরো অনেক কিছু করার আছে। অনেক প্রকল্পের কাজ চলছে। সেগুলো বাস্তবায়নের জন্য সিলেটবাসী অতীতের মতো আবারো আমাকে নির্বাচিত করবেন বলে আমার দৃঢ় বিশ্বাস।

তিনি বলেন, সিলেটবাসীর ভালোবাসায় আমি ধন্য। তারা অতীতে আমাকে ভোট দিয়েছেন। আবারো আমাকে ভোট দিয়ে তাদের প্রতিনিধি হিসেবে সংসদে পাঠাবেন। সিলেট বিভাগজুড়ে নৌকার অগ্রযাত্রা অব্যাহত থাকবে, নৌকাই জয়ী হবে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ড. এ কে আব্দুল মোমেন বলেন, আওয়ামী লীগের যারা স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন বা দিচ্ছেন। দলের জন্য তারা ত্যাগ স্বীকার করে তাদের সেই সিদ্ধান্ত প্রত্যাহার করবেন বলেই আমি মনে করি। তারা আবার নৌকার প্রার্থীদের জয় নিশ্চিতে নির্বাচনী মাঠ থাকবেন।

আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, বিচ্ছিন্ন দু’একটা ঘটনা ছাড়া সারা দেশে দারুণ নির্বাচনী পরিবেশ বিরাজ করছে। কোথাও কোনো সমস্যা নেই। যারা নির্বাচন বয়কটের সিদ্ধান্ত ঘোষণা করেছেন, তাদের প্রতি আমার আহ্বান, সিদ্ধান্ত পরিবর্তন করে নির্বাচনে আসুন। একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন করতে আওয়ামী লীগ বদ্ধপরিকর।

এরপরই জেলা প্রশাসকের কার্যালয়ে যান এবং নিজের মনোনয়নপত্র জমা দেন পররাষ্ট্রমন্ত্রী।

যুদ্ধবিরতির পঞ্চম দিনে ১২ জিম্মি, ৩০ ফিলিস্তিনি বন্দীর মুক্তি

মঙ্গলবার (২৮ নভেম্বর) ১২ ইসরাইলি জিম্মিকে মুক্তি দেয় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। পরে ৩০ ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দেয় ।

ইসরাইলের প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) বরাত দিয়ে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, রেডক্রসের প্রতিনিধিরা ১২ জিম্মিকে মিশরে স্থানান্তর করেছে।

ইসরাইলের প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে, হামাসের হাতে জিম্মি হওয়া আরও ১২ জন ইসরাইলি ভূখণ্ডে ফিরে এসেছে মুক্তিপ্রাপ্তদের নাম উল্লেখ করে তারা বলছে, মুক্তিপ্রাপ্তদের মধ্যে ১০ জন ইসরাইলি এবং দুইজন থাই নাগরিক।

এদিকে ইসরাইলি কারাগার থেকে ৩০ ফিলিস্তিনি মুক্তি পেয়েছেন। কাতার জানিয়েছে, মঙ্গলবার রাতে ইসরায়েলি কারাগার থেকে ৩০ ফিলিস্তিনিকে মুক্তি দেওয়া হয়েছে। মুক্তি পাওয়া ফিলিস্তিনিদের মধ্যে ১৫ জন নারী ও ১৫ জন নাবালক রয়েছেন। তাদেরকে গাজা থেকে মুক্তিপ্রাপ্ত জিম্মিদের বিনিময়ে হস্তান্তর করা হচ্ছে।

প্রসঙ্গত, এ নিয়ে গত শুক্রবার (২৪ নভেম্বর) থেকে চলা যুদ্ধ বিরতিতে ১৮০ ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দিয়েছে ইসরাইল। অন্যদিকে হামাস মুক্ত করে দিয়েছে অর্ধশতাধিক ইসরাইলিকে।