স্টাফ রিপোর্ট
সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) নতুন কমিশনার হিসেবে দায়িত্ব পেয়েছেন ইন্ডাস্ট্রিয়াল পুলিশের ডিআইজি মো. জাকির হোসেন খান।
সোমবার নতুন কমিশনার ও এসপি নিয়োগের প্রস্তাবে অনুমোদন দিয়েছে ইসি।
ইন্ডাস্ট্রিয়াল পুলিশের ডিআইজি মো. জাকির হোসেন খান সদ্য বদলি হওয়া সিলেট মহানগরের পুলিশ কমিশনার মো. ইলিয়াছ শরীফের স্থলাভিষিক্ত হবেন। মো. ইলিয়াছ শরীফকে পিবিআইয়ের ডিআইজি করা হয়েছে।
এরআগে, সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) কমিশনার মো. ইলিয়াছ শরীফকে প্রত্যাহার করে নির্বাচন কমিশন (ইসি)।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের জ্যেষ্ঠ সচিবের মাধ্যমে সিলেটসহ দুই পুলিশের কমিশনার এবং পাঁচ জেলার পুলিশ সুপারদের (এসপি) অন্যত্র বদলির জন্য ইসিতে এই প্রস্তাব করা হয়েছিল। এরমধ্যে সিলেট রেঞ্জের হবিগঞ্জ জেলা পুলিশ সুপার এস এম মুরাদ আলীকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপ-পুলিশ কমিশনার পদে বদলি করা হয়েছে। আর হবিগঞ্জে নতুন এসপি হিসেবে যাচ্ছেন ডিএমপির উপ-পুলিশ কমিশনার আক্তার হোসেন।
গত রোববার সকালে ইসির উপ-সচিব মো. মিজানুর রহমানের স্বাক্ষর করা এ সংক্রান্ত নির্দেশনা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিবকে পাঠানো হয়। পরে সোমবার নতুন কমিশনার ও এসপি নিয়োগের প্রস্তাবে অনুমোদন দিয়েছে ইসি।
সিলেট মেট্রোপলিটন পুলিশের নতুন কমিশনার জাকির হোসেন খান
খাগড়াছড়ির পানছড়িতে ৪ জনকে গুলি করে হত্যা
স্টাফ রিপোর্ট
খাগড়াছড়ির পানছড়িতে প্রসীত নেতৃত্বাধীন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) চারজনকে গুলি করে হত্যা করা হয়েছে।
সোমবার রাতে পানছড়ি উপজেলার ৯ নম্বর ওয়ার্ডের ফতেহপুর এলাকায় এ ঘটনা ঘটে।
এতে এলাকায় আতঙ্ক ও থমথমে পরিস্থিতি বিরাজ করছে। এদিকে একাধিক অসমর্থিত সূত্র নিহতের সংখ্যা আরও বেশি বলে দাবি করেছে।
আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রসীত নেতৃত্বাধীন ইউপিডিএফের সঙ্গে ইউপিডিএফ গণতান্ত্রিকের এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- গণতান্ত্রিক যুব ফোরামের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বিপুল চাকমা, খাগড়াছড়ি জেলা সহ-সভাপতি লিটন চাকমা, পিসিপির সহ-সভাপতি সুনীল ত্রিপুরা ও ইউপিডিএফের সদস্য রুহিনসা ত্রিপুরা।
বিষয়টি নিশ্চিত করেছেন ইউপিডিএফের সংগঠক অংগ্য মারমা। তিনি জানান, বাড়িতে ঢুকে তাদের হত্যা করা হয়েছে। এ সময় পাহাড়ি ছাত্র পরিষদের সাবেক কেন্দ্রীয় নেতা হরি কমল ত্রিপুরাসহ দুজনকে অপহরণ করা হয়।
এ ঘটনার জন্য ইউপিডিএফ গণতান্ত্রিককে নব্য মুখোশ আখ্যায়িত করে হত্যাকাণ্ডের জন্য দায়ী করে তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে বিচার দাবি করেছে প্রসীত নেতৃত্বাধীন ইউপিডিএফ। তবে ইউপিডিএফ গণতান্ত্রিকের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।
খাগড়াছড়ি পুলিশ সুপার মুক্তা ধর জানান, বিষয়টি নিশ্চিত হতে পারিনি। খবর নিয়ে সঠিক তথ্য জানানো হবে।
সিসিইউতে খালেদা জিয়া
স্টাফ রিপোর্ট
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে কেবিন থেকে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) স্থানান্তর করা হয়েছে।
সোমবার সন্ধ্যায় চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন সাংবাদিকদের এ তথ্য জানান।
৭৮ বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, লিভার ও হৃদ্রোগে ভুগছেন।
দুর্নীতির দুই মামলায় সাজাপ্রাপ্ত খালেদা জিয়া ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি কারাবন্দি হন। দুই বছরের বেশি সময় কারাবন্দি ছিলেন সাবেক এ প্রধানমন্ত্রী।
২০২০ সালের ২৫ মার্চ সরকার নির্বাহী আদেশে জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সাজা স্থগিত করে শর্ত সাপেক্ষে মুক্তি দিয়েছিল।
এরপর থেকে ছয় মাস পরপর তার সাজা স্থগিত করে মুক্তির মেয়াদ বাড়াচ্ছে সরকার।
ছাতকে পেঁয়াজের বাজারে ভ্রাম্যমান আদালতের অভিযান
ছাতক প্রতিনিধি:
ছাতক বাজারে পেঁয়াজের বাজারে অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমান আদালত। সোমবার (১১ ডিসেম্বর) বিকেলে পেঁয়াজের বাজার নিয়ন্ত্রণে রাখতে ছাতক বাজারে বিভিন্ন দোকানে অভিযান চালান ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. ইসলাম উদ্দিন।
এসময় তিনি আড়ত থেকে পিঁয়াজ ক্রয়ের মুল্য তালিকা দেখেন এবং গোদামে পিঁয়াজের মজুদ আছে কি না, এসব প্রত্যক্ষ করেছেন। এবং আড়তের মুল্য তালিকা দেখে তিনি দোকানে-দোকানে পিঁয়াজের মুল্য নির্ধারণ করে দিয়েছেন।
পিঁয়াজের খুচরা মুল্য প্রতি কেজি ১২০ টাকা থেকে ১৭৫ টাকা নির্ধারণ করা হয়েছে। তবে কাউকে কোন জরিমানার আওতায় আনা হয়নি। প্রাথমিক পর্যায়ে সব দোকানীদের সতর্ক করে দিয়েছেন যাতে অতিরিক্ত মূল্যে পিঁয়াজ বিক্রি না করা হয়। এবং মুল্য তালিকা দোকানে প্রদর্শন করার কথাও বলা হয়েছে।
ছাতক শহরের সাদিক ষ্টোর, নেপাল ষ্টোর, শাহ জালাল ষ্টোর,বড়ভাই ষ্টোরে ১৭৫ টাকা কেজি, রহমত ষ্টোরে ১৬৫ টাকা কেজি,আরিফ ষ্টোরে ১৭৮ টাকা কেজি এবং মুহিবুর রহমান সাধু ষ্টোরে ১২০ টাকা কেজি মুল্যে পেঁয়াজ বিক্রির অনুমতি দেয়া হয়েছে।
মুহিবুর রহমান সাধু ষ্টোরে পুরানা পেঁয়াজ থাকায় প্রতি কেজি ১২০টাকা মুল্যে বিক্রির অনুমতি দেয়া হয়েছে।
সহকারী কমিশনার (ভুমি) মোঃ ইসলাম উদ্দিন জানিয়েছেন, পেঁয়াজের বাজার দর নিয়ন্ত্রণ রাখতে জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত রাখা হবে।
কোম্পানীগঞ্জে নতুন ইউএনও-ওসির যোগদান
কোম্পানিগঞ্জ প্রতিনিধি:
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার নতুন নির্বাহি কর্মকর্তা সুনজিত কুমার চন্দ ও ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম দস্তগীর আহমেদ যোগদান করেছেন।
সোমবার (১১ ডিসেম্বর) উপজেলার বিদায়ী উপজেলা নির্বাহি কর্মকর্তা লুসিকান্ত হাজং এর স্থলাভিষিক্ত হয়েছেন সুনজিত কুমার চন্দ ও ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি হিল্লোল রায়ের স্থলাভিষিক্ত হয়েছেন গোলাম দস্তগীর আহমেদ।
নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুনজিত কুমার চন্দ ২০১৬ সালের ৩৪ তম বিসিএস (প্রশাসন) ব্যাচের একজন কর্মকর্তা। তিনি কুমিল্লা জেলায় সহকারী কমিশনার হিসেবে যোগদান করেন। পরবর্তীতে সহকারি কমিশনার ও নির্বাহি ম্যাজিস্ট্রেট হিসেবে মৌলভীবাজার এবং বড়লেখা উপজেলার নির্বাহি কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন।
নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম দস্তগীর আহমেদ ২০০৭ সালে বাংলাদেশ পুলিশের সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) পদে নিয়োগ পান। তাঁর গ্রামের বাড়ি নরসিংদী জেলায়। এর আগে তিনি ওসি (তদন্ত) হবিগঞ্জ, ওসি জৈন্তাপুর ও কানাইঘাটের দায়িত্ব পালন করছেন।
উল্লেখ্য, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনের (ইসি) সিদ্ধান্ত অনুযায়ী দেশে বিভিন্ন উপজেলা নির্বাহি কর্মকর্তা (ইউএনও) এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) বদলির অংশ হিসেবে সরকারিভাবে এই বদলির আদেশ প্রদান করা হয়েছে।
১৯ জানুয়ারি শুরু বিপিএলের দশম আসর
স্পোর্টস ডেস্ক:
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আসন্ন আসরের জন্য প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হয়েছিল গত ২৪ সেপ্টেম্বর। এবার চূড়ান্ত হয়েছে আসরের সময় সূচিও। আগামী ১৯ জানুয়ারি থেকে মাঠে গড়াবে বিপিএলের দশম আসর।
সোমবার (১১ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
উদ্বোধনী দিনে অনুষ্ঠিত হবে একটি ম্যাচ। যেখানে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মুখোমুখি হবে দূরন্ত ঢাকা। ৭ দলের এই আসরে মোট ম্যাচ অনুষ্ঠিত হবে ৪৬টি। প্রায় দেড় মাসের এই আসরের পর্দা নামবে ১ মার্চ ফাইনালের মধ্য দিয়ে।
প্রত্যেক শুক্রবার দিনের ম্যাচ শুরু দুপুর ২টায়, রাতের ম্যাচ শুরু হবে সন্ধ্যা ৭টায়। শুক্রবার ছাড়া সপ্তাহের বাকি ছয় দিনই দিনের ম্যাচ শুরু হবে দুপুর দেড়টায়, রাতের ম্যাচ শুরু হবে সন্ধ্যা সাড়ে ৬টায়।
মোট তিনটি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে আসরের সবগুলো ম্যাচ। এই তালিকায় আছে মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম ও সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম।
এদিকে বিপিএলের এবারের আসরের ড্রাফটে সাত ক্যাটাগরিতে মোট ২০৩ জন দেশি ক্রিকেটারকে রাখা হয়েছিল। আর পাঁচ ক্যাটাগরিতে বিদেশি ক্রিকেটার ছিলেন ৪৪৮ জন। এর আগে একজন দেশি এবং একাধিক বিদেশি ক্রিকেটারকে সরাসরি চুক্তিতে দলে ভেড়ানোর সুযোগ পেয়েছে ফ্যাঞ্চাইজিগুলো। তাছাড়া গত আসর থেকে ৩ জন ক্রিকেটার করে ধরে রাখারও সুযোগ ছিল তাদের।
বোয়িং বিক্রির প্রস্তাব পিটার হাসের, বাংলাদেশ চায় ঢাকা-নিউইয়র্ক ফ্লাইট
একাত্তর ডেস্ক:
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান মো. মফিদুর রহমানের সাথে বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। বৈঠকের অ্যাজেন্ডা ছিল আকাশ পথের নিরাপত্তা ও ঢাকা-নিউইয়র্ক ফ্লাইট চালু।
বেবিচক সূত্রে জানা গেছে, বৈঠকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মাধ্যমে ঢাকা-নিউইয়র্ক রুট চালুর বিষয়ে মার্কিন রাষ্ট্রদূতের সহযোগিতা চান বেবিচক চেয়ারম্যান। এ বিষয়ে পিটার হাস সহযোগিতার আশ্বাস দেন। পাশাপাশি আকাশ পথের নিরাপত্তা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে সহযোগিতা ও বেবিচকের ক্যাটাগরি- ১ এ উন্নয়নে নেওয়া উদ্যোগের বিষয়ে আলোচনা হয়।
পিটার হাস বেবিচক চেয়ারম্যানের কাছে বিমানের জন্য বোয়িং কোম্পানির ড্রিমলাইনারের নতুন ভার্সন ৭৮৭-১০ কেনার প্রস্তাব দেন।
এ প্রসঙ্গে বেবিচক সূত্র জানায়, বৈঠকে এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমান তার প্রস্তাবগুলো তুলে ধরেন। তবে বোয়িং কেনার বিষয়ে তিনি কোনো মন্তব্য করেননি। বৈঠকে তিনি বলেন— উড়োজাহাজ কেনার বিষয়টি যেহেতু বেবিচকের আওতায় নয়, তাই বোয়িংয়ের প্রস্তাবের বিষয়টি নিয়ে বেশিকিছু আলোচনার নেই।
এর আগে গত ৫ ডিসেম্বর বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন পিটার হাস। বৈঠকে বিমানকে বোয়িংয়ের পক্ষ থেকে ড্রিমলাইনারের নতুন মডেলের ৭৮৭-১০ এয়ারক্রাফট কেনার প্রস্তাব দেওয়া হয়। বাংলাদেশ বিমানের বহরে বর্তমানে বোয়িং কোম্পানির ১৬টি উড়োজাহাজ রয়েছে। এসব বিমানের রক্ষণাবেক্ষণ ও স্পেয়ার পার্টস সংক্রান্ত আলোচনাও হয় ওই বৈঠকে।
উল্লেখ্য, বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষকে (বেবিচক) ২০০৯ সালে দ্বিতীয় ক্যাটাগরির নিয়ন্ত্রক সংস্থা হিসেবে চিহ্নিত করে মার্কিন ফেডারেল এভিয়েশন অথরিটি (এফএএ)। মূলত ফ্লাইট নিরাপত্তায় দুর্বলতার কারণ দেখিয়ে এটি করে এফএএ। এফএএর ক্যাটাগরি-১ ছাড়পত্র না থাকায় বিমান বাংলাদেশ এয়ারলাইনস ঢাকা-নিউইয়র্ক রুটে ফ্লাইট পরিচালনা করতে পারছে না।
শারীরিক অবস্থার অবনতি, খালেদা জিয়াকে সিসিইউতে স্থানান্তর
আধুনিক ডেস্ক:
শারীরিক অবস্থার অবনতি হওয়ায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে স্থানান্তর করা হয়েছে।
সোমবার (১২ ডিসেম্বর) বিএনপির চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনের বরাত দিয়ে দলের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান এ কথা নিশ্চিত করেন।
এর আগে, খালেদা জিয়ার ফুসফুসে পানি জমা ও রক্তক্ষরণ বন্ধে ট্রান্সজুগলার ইন্ট্রাহেপাটিক পোরটোসিসটেমিক সান্ট (টিপস) পদ্ধতিতে অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন করেছিলেন মার্কিন বিশেষজ্ঞ চিকিৎসকরা। পরে ২৭ অক্টোবর বিকেলে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সিসিইউ (করোনারি কেয়ার ইউনিট) থেকে তাকে কেবিনে স্থানান্তর করা হয়।
গত ৯ আগস্ট থেকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি খালেদা জিয়া। সাবেক এই প্রধানমন্ত্রী লিভার সিরোসিস, আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস, হার্ট, চোখের সমস্যাসহ নানা রোগে ভুগছেন।
হাসপাতালে ভর্তি হওয়ার পর খালেদা জিয়াকে চিকিৎসা দিতে গত ২৫ অক্টোবর দিবাগত রাতে যুক্তরাষ্ট্র থেকে তিন চিকিৎসক বাংলাদেশে আসে। তাদের নেতৃত্বে ২৬ অক্টোবর খালেদা অস্ত্রোপচার শেষে গত ২৭ অক্টোবর দিবাগত রাতে দুইজন এবং ২৮ অক্টোবর অন্যজন চলে যান।
নির্বাচনে থাকছে সেনাবাহিনী: ইসি
আধুনিক ডেস্ক:
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সেনাবাহিনী স্ট্রাইকিং ফোর্স হিসেবে থাকবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
সোমবার (১১ ডিসেম্বর) সন্ধ্যায় সেনাবাহিনীর প্রিন্সিপাল স্টাফদের সঙ্গে নির্বাচন কমিশনের (ইসি) বৈঠকে এ সিদ্ধান্ত হয় বলে সূত্রে জানা গেছে।
রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনের সভাকক্ষে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বে এ বৈঠক শুরু হয়। বৈঠক এ রিপোর্ট লেখার সময়ও চলছিল।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, এবারের নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীর সাড়ে ৭ লাখ সদস্য ভোটের মাঠে কাজ করবেন। এর মধ্যে আনসার সদস্য ৫ লাখ ১৬ হাজার, পুলিশ ও র্যাবের ১ লাখ ৮২ হাজার ৯১, কোস্টগার্ডের ২ হাজার ৩৫০, বিজিবির ৪৬ হাজার ৮৭৬ জন নিয়োজিত থাকবেন।
১৫ নভেম্বর প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল নির্বাচনের তফসিল ঘোষণা করেন। তফসিল অনুযায়ী প্রার্থীদের মনোনয়ন ফরম দাখিলের শেষ দিন ছিল ৩০ নভেম্বর, মনোনয়নপত্র যাচাই-বাছাই হয় ১-৪ ডিসেম্বর, ৬ ডিসেম্বর থেকে চলছে মনোনয়নের আপিল ও নিষ্পত্তি। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১৭ ডিসেম্বর, প্রতীক বরাদ্দ ১৮ ডিসেম্বর, নির্বাচনী প্রচার-প্রচারণা ১৮ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত এবং ভোটগ্রহণ ৭ জানুয়ারি।
নির্বাচনের আগে ১৯ পুলিশ পরিদর্শককে এএসপি হিসেবে পদোন্নতি
আধুনিক ডেস্ক:
দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে ১৯ জন পুলিশ পরিদর্শককে পদোন্নতি দিয়ে পুলিশ সুপার করার প্রস্তাবে অনুমোদন দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
সোমবার (১১ ডিসেম্বর) ইসির উপসচিব মো. মিজানুর রহমান এ সংক্রান্ত চিঠি জনিরাপত্তা বিভাগের সিনিয়র সচিবকে পাঠিয়েছেন।
মন্ত্রণালয় থেকে পুলিশের এই সদস্যদের যে বদলি/পদোন্নতি তালিকা দেওয়া হয়েছিল, কমিশন তাতে অনুমোদন করেছে।
চিঠিতে বলা হয়েছে, ‘দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে ১৯ জন ‘পুলিশ পরিদর্শক’ হতে ‘সহকারী পুলিশ সুপার’ পদে পদোন্নতির জন্য সুপারিশ করায়, পদোন্নতির প্রজ্ঞাপন জারির আগে প্রস্তাবিত কর্মস্থলে বদলি/পদায়নের লক্ষ্যে অনাপত্তি প্রদানের জন্য অনুরোধ করা হয়েছে। এ বিষয়ে নির্বাচন কমিশন অনাপত্তি প্রদান করেছেন।’
উল্লেখ্য, এর আগে ১১০ উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং ৩৩৮ থানার ওসিকে বদলি করার প্রস্তাব অনুমোদন দেয় নির্বাচন কমিশন।
