Home Blog Page 228

ক্যাম্পাসে ধর্ষণের দায় জাবি কর্তৃপক্ষ এড়াতে পারে না : র‍্যাব

0

আধুনিক ডেস্ক:
র‍্যাবের মুখপাত্র কমান্ডার খন্দকার আল মঈন বলেছেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে স্বামীকে আটকে রেখে দলবদ্ধ ধর্ষণের ঘটনার দায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এড়াতে পারে না। কারণ সেখানে বিভিন্ন সময় মাদক, ধর্ষণসহ বিভিন্ন অপরাধের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় বহিরাগতদের প্রবেশের দায় কর্তৃপক্ষকে নিতে হবে।

বৃহস্পতিবার দুপুরে রাজধানীর কারওয়ান বাজার র‍্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, সম্প্রতি দলবদ্ধ ধর্ষণের ঘটনায় গ্রেপ্তারদের দেওয়া বক্তব্য অনুযায়ী বিষয়টি খুবই অ্যালার্মিং। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের এখনই আরও কঠোর হতে হবে। কারণ আমরা শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেছি, ক্যাম্পাসে মাদকসহ বিভিন্ন অবৈধ কাজ হয়। এসব ঘটনা প্রতিরোধে সেখানে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের সঙ্গে সমন্বয়ের বিষয় রয়েছে।

খন্দকার মঈন বলেন, শিক্ষার্থীদের অপরাধে জড়ানোর বিষয়ে আগেই সতর্ক হওয়া দরকার ছিল। আমরা সবাইকে খারাপ বলব না। কারণ যারা এসব বিশ্ববিদ্যালয়ে পড়ে তারাই তো আগামী দিনে দেশ পরিচালনা করবে। তাই আমি মনে করি, শুধু এখন না সবসময় তাদের নজরদারিতে রাখা উচিত। কারণ শিক্ষার্থীদের বয়স অনেক কম।

চুনারুঘাটে খালে পাওয়া গেল টমটম-চালকের ক্ষতবিক্ষত মরদেহ

0

চুনারুঘাট প্রতিনিধি:

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার বালিয়ারি গ্রামের খালের পাশে আতাউর রহমান (৫০) নামের এক টমটম চালকের ক্ষতবিক্ষত মরদেহ পাওয়া গেছে। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।

আতাউর চুনারুঘাট উপজেলার উবাহাটা ইউনিয়নের বালিয়ারি গ্রামের মৃত আব্দুল খালেকের ছেলে।

তার পরিবারের লোকজন বলেন, বুধবার রাত ১০টার দিকে আতাউর ব্যাটারিচালিত টমটম নিয়ে বাড়ি থেকে বের হলে আর বাড়ি ফিরেনি। পরদিন বৃহস্পতিবার ভোর ৬টার দিকে বালিয়ারি গ্রামের খালের পাশে তার নিথর দেহ পড়ে থাকতে দেখেন লোকজন। লাশের পেট, পা-সহ শরীরের বিভিন্ন স্থানে ছুরির আঘাত ছিল। ঘটনাটি পুলিশকে জানানো হলে তারা এসে মরদেহটি উদ্ধার করে নিয়ে যায়।

চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) হিল্লোল রায় বলেন, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে ময়নাতদন্তের জন্য প্রেরণ করেছে।

জাবিতে ধর্ষণ: শাবিপ্রবিতে মানববন্ধন

0

আধুনিক ডেস্ক:

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) আবাসিক হলে স্বামীকে আটকে রেখে স্ত্রীকে ধর্ষণের ঘটনায় জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধন করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার ভবনের সামনের এ কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা।

মানববন্ধনে শিক্ষকদের মধ্যে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের পলিটিক্যাল স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. জায়েদা শারমিন ও বাংলা বিভাগের প্রধান অধ্যাপক ফারজানা সিদ্দিকা। শিক্ষার্থীদের মধ্যে পদার্থ বিজ্ঞান বিভাগের মেহরাব সাদাত, বাংলা বিভাগের মাধুর্য চাকমা ও জেনেটিক ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি জিইবি ফাহিম সিজান প্রমুখ বক্তব্য দেন।

বক্তারা বলেন, জাবির এই ঘটনা নতুন নয়। বিগত সময়েও আমরা এমন ঘটনা ঘটতে দেখেছি। ঘটনায় দোষীরা চিহ্নিত হওয়ার পরও তাদের দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়ায় এ ঘটনার পুনরাবৃত্তি ঘটছে। তাই অবিলম্বে দোষীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক, ভবিষতে যাতে এরূপ ঘটনার পুনরাবৃত্তি না ঘটে।

জানা যায়, গত শনিবার রাত সাড়ে ৯টার দিকে বহিরাগত এক দম্পতিকে ডেকে স্বামীকে বিশ্ববিদ্যালয়ের মীর মশাররফ হোসেন হলের একটি কক্ষে আটকে রেখে তার স্ত্রীকে পাশের জঙ্গলে ধর্ষণ করা হয় বলে অভিযোগ ওঠে। এ ঘটনায় আশুলিয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে।

ধর্ষণে জড়িত থাকার অভিযোগে বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ৪৫তম ব্যাচের সাবেক শিক্ষার্থী ও শাখা ছাত্রলীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোস্তাফিজুর রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ। পাশাপাশি অভিযুক্ত ব্যক্তিদের পালাতে সহায়তা করার অভিযোগে আরও তিন ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

তবে ধর্ষণে মূল অভিযুক্ত মামুনুর রশিদ নামের এক বহিরাগত এখনো গ্রেপ্তার হয়নি। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে বিশ্ববিদ্যালয়ের বর্তমান ও প্রাক্তন ছয় শিক্ষার্থীর সনদ স্থগিত করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বর্তমান তিন শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে বলে জানা গেছে।

শনিবার বিদ্যুৎ থাকবে না সিলেটের যেসব এলাকায়

0

আধুনিক ডেস্ক:

মেরামত ও সঞ্চালন লাইনের উপরে থাকা গাছের শাখা-প্রশাখা কর্তনকাজের জন্য শনিবার (১০ ফেব্রুয়ারি) সিলেট মহানগরের বেশ কয়েকটি এলাকায় সকাল থেকে দুপুর পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে।

বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) বিক্রয় ও বিতরণ বিভাগ সিলেট-২ এর নির্বাহী প্রকৌশলী শামছ-ই-আরেফিন এক বিজ্ঞপ্তিতে জানান- শনিবার সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত মহানগরের টিবি হাসপাতাল, মিতালিটিলা, রায়নগর, রাজবাড়ী, নাইওরপুল, কুমারপাড়া, চারাদিঘীরপাড়, বারুতখানা, জিন্দাবাজার, কাজীটুলা, মিরবক্সটুলা, নয়াসড়ক, জেলরোড আরামবাগ, বালুচর, কৃষি বিশ্ববিদ্যালয় ও ইঞ্জিনিয়ারিং কলেজ এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

৫টি মেধাবৃত্তি পেল ইকরা চাইল্ডকেয়ার

0

কোম্পানিগঞ্জ প্রতিনিধি:

বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন বৃত্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। শনিবার (৩ ফেব্রুয়ারি) রাজধানীর ধলপুর কমিউনিটি সেন্টারে জেলা প্রতিনিধি সম্মেলনে আনুষ্ঠানিকভাবে এ ফলাফল ঘোষণা করা হয়।

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার দয়ার বাজারস্থ ইকরা চাইল্ড কেয়ার কিন্ডারগার্টেন সফলতার সহিত ৫টি মেধাবৃত্তি পেয়েছে।৪র্থ শ্রেণী থেকে মোঃ নাহিয়ান উদ্দিন নিহাদ, ২য় শ্রেণী থেকে ফাহাদ, মোঃ ইব্রাহিম আহমেদ জারিফ,বদিউজ্জামান বাদন চৌধুরী ও অনন্যা রাণী শীল।

ইকরা চাইল্ড কেয়ার কিন্ডারগার্টেন এর পরিচালক হানিফ মাহমুদ জানান, আমাদের প্রতিষ্ঠানের এই সাফল্য আমরা আনন্দিত।আমাদের বিদ্যালয় থেকে সফলতার সহিত ৫টি মেধাবৃত্তি অর্জন করায় সবাইকে অভিনন্দন ও শুভেচ্ছা।সবাই আমাদের প্রতিষ্ঠানের জন্য দো’য়া করবেন। ভবিষ্যতে যেন আমাদের এই ধারা অব্যাহত থাকে।

সংবাদ সম্মেলনে আফঈদা: আমরা ভারতকে ভয় পাই না

0

স্পোর্টস ডেস্ক:
সাফ অনূর্ধ্ব- ১৯ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। শিরোপা ধরের রাখার মিশনে আত্মবিশ্বাসী বাংলাদেশ দলের অধিনায়ক আফঈদা খন্দকার।

প্রতিপক্ষ ভারতকে ভয় পান না বলে জানিয়েছেন তিনি। তার মতে, বাংলাদেশ-ভারত সমমানের দল।
সাম্প্রতিক সময়ে নারী ফুটবলে বাংলাদেশ-ভারত লড়াই বাড়তি উত্তেজনার খোরাক জোগায়। গ্রুপ পর্বের ম্যাচে বাংলাদেশ ভারতকে হারিয়েছে। সাগরিকার শেষ মুহুর্তের গোলে জয় পায় স্বাগতিকরা। তাই ফাইনালেও জয়ের ব্যাপারে আশাবাদী আফঈদা। তার মতে, দুই দলের শক্তিমত্তা প্রায় সমান। তাই প্রতিপক্ষকে ভয়ের কারণ দেখেন না তিনি। ফাইনালের আগে সংবাদ সম্মেলনে বাংলাদেশ দলের অধিনায়ক বলেন, ‘সবাই ভাবে ভারতের নাম শুনলে আমরা ভয় পাই। আসলে বিষয়টা তেমন না। ভারত যেমন খেলে আমরাও তেমনই খেলি। গত ম্যাচেও আপনারা দেখেছেন। ’
ভারতের বিপক্ষে ফাইনাল নিয়ে কোনও বাড়তি চাপ নিচ্ছে না বাংলাদেশ। নিজেদের পরিশ্রমের ওপর আস্থা রাখছেন আফঈদারা। তিনি বলেন, ‘ফাইনাল ম্যাচের জন্য যতটুকু টেনশন থাকার অতটুকুই আছে, এর বেশি না। আমরা যতটুকু কঠোর পরিশ্রম করেছি ঐটার ওপর আমার আত্মবিশ্বাস আছে। এ নিয়েই আগামীকাল মাঠে নামবো আমরা,’ যোগ করেন তিনি।

জাবিতে দলবদ্ধ ধর্ষণের পরিকল্পনাকারী ও সহায়তাকারী গ্রেপ্তার

0

আধুনিক ডেস্ক:
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) হলরুমে স্বামীকে আটকে রেখে এক গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের মূল পরিকল্পনাকারী মামুনুর রশিদ ওরফে মামুন ও ধর্ষণের অন্যতম সহায়তাকারী মো. মুরাদকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। বুধবার রাজধানীর ফার্মগেট ও নওগাঁ থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক আল-আমিন জানান, আলোচিত জাবির হলরুমের একটি কক্ষে স্বামীকে আটকে রেখে স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণের মূল পরিকল্পনাকারী মামুনুর রশিদ মামুনকে ফার্মগেট এলাকা থেকে এবং ধর্ষণের অন্যতম সহায়তাকারী মুরাদকে নওগাঁ থেকে গ্রেপ্তার করা হয়েছে।
উল্লেখ্য, শনিবার জাবিতে স্বামীকে আবাসিক হলে বেঁধে রেখে স্ত্রীকে জঙ্গলে নিয়ে ধর্ষণের অভিযোগ ওঠে মোস্তাফিজ এবং মামুন নামে এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী নারীর স্বামী আশুলিয়া থানায় ছয়জনকে আসামি করে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করেছেন। এরমধ্যে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন— ছাত্রলীগের আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক মোস্তাফিজুর রহমান, একই বিভাগের সাগর সিদ্দিকী ও হাসানুজ্জামান এবং উদ্ভিদবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সাব্বির হাসান।

বিএসটিআই’র মোবাইল কোর্ট পরিচালনা, জরিমানা আদায়

0

আধুনিক ডেস্ক: নগরীর শিবগঞ্জে বিএসটিআই পণ্যের মান নিয়ন্ত্রণ, ওজন ও পরিমাপ যাচাই করতে মোবাইল কোর্ট পরিচালনা করে। বুধবার নগরীর শিবগঞ্জ এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

এসময় শিবগঞ্জের রুবী বেকারি ও আমিন সুপার শপকে ওজন যন্ত্রের ভেরিফিকেশন সনদ না থাকায় এবং রোমান ডেইরীকে পণ্যের মোড়ক না থাকায় জরিমানা আদায় করা হয়।

সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুশফিকীন নূরের নেতৃত্বে বিএসটিআই এই মোবাইল কোর্ট পরিচালনা করে।

এছাড়াও উপস্থিত ছিলেন, বিভাগীয় অফিস সিলেটের প্রকৌশলী মরিয়ম ,সহকারী পরিচালক মো. আল -আমিন উপস্থিত ছিলেন। জনস্বার্থে সিলেটের এরকম কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান বিএসটিআই কর্মকর্তা।

গোয়াইন নদীর তীরে অরক্ষিত বধ্যভূমি

0

কে.এ.রাহাত,গোয়াইনঘাট:

উপজেলার পশ্চিম আলীরগাঁও ইউনিয়নে গোয়াইন নদীর তীরে পূর্ণানগর গ্রাম। মুক্তিযুদ্ধের সময় এই গ্রামে পাকিস্তানি হানাদার বাহিনী একটি ক্যাম্প স্থাপন করেছিল। বিভিন্ন সময়ে সে ক্যাম্পে নিরীহ বাঙালীদের আটকে রেখে চালানো হতো অমানবিক নির্যাতন। সে সময় অনেক মানুষকে সেখানে গুলি করে হত্যা করে ভাসিয়ে দেওয়া হত গোয়াইন নদীতে। যায়গাটি বধ্যভূমি হিসেবে পরিচিত হলেও বিভিন্ন প্রতিবন্ধকতার কারণে স্থানটি সংরক্ষণ করা হয়নি।

বিগত ২০২২ সালের জুন মাসে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড বধ্যভূমিটি সংরক্ষণ করে স্মৃতিফলক নির্মাণের দাবিতে মানববন্ধন করে। তাদের দাবির প্রেক্ষিতে গোয়াইনঘাট উপজেলা প্রশাসন বধ্যভূমিটি দখলে এনে স্থায়ীভাবে সংরক্ষণের উদ্যোগ নেয়। পরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানভীর হাসানকে প্রধান করে স্থানীয় ব্যক্তিদের সঙ্গে কথা বলে বধ্যভূমি চিহ্নিত করার জন্য একটি কমিটি গঠন করা হয়। সে কমিটি যাচাই বাছাই করে স্থানটি চিহ্নিত করে। এবং স্বাধীনতার ৫২ বছর পর অবশেষে সেখানে একটি স্মৃতিফলক নির্মাণ করা হয়। তবে বেশ কিছু জায়গা জুড়ে থাকা বধ্যভূমিটি নদীগর্ভে থাকায় সেখানে স্মৃতিফলক নির্মাণ করা সম্ভব হয়নি। তাই নদীর তীরে ৬ শতক ব্যক্তি মালিকানাধীন জায়গায় স্মৃতিফলক নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। স্মৃতিফলক নির্মাণের জন্য গ্রামের আতিকুর রহমান, হাফিজ উদ্দিন ও আবদুল মুতলিব জায়গাটি দান করেছেন।

সরেজমিনে দেখা যায়, পুর্ণানগর বধ্যভূমির যে স্থানে স্মৃতিফলক নির্মাণ করা হয়েছে, সেখানে গরুর গোবর, মাছের শুটকি ও লাকড়ি শুকাতে দেওয়া হয়েছে। গণকবরের স্থানটিতে সীমানাপ্রাচীর নেই। ঝোপঝাড়ে ছেয়ে যাওয়া গণকবরের জায়গায় চড়ে বেড়াচ্ছে গরু ছাগল। অপরদিকে বধ্যভূমিতে নির্মিত স্মৃতিফলকটি নদীর একদম কিনারে হওয়ায় নদী ভাঙ্গনের কবলে পড়েছে। যে কোন মুহুর্তে নদীগর্ভে বিলীন হওয়ারও সম্ভাবনা রয়েছে।

উপজেলার বেশ ক’জন মুক্তিযোদ্ধা আক্ষেপ করে বলেন, এখানে গরু-ছাগল চড়ে বেড়ায় তা অত্যন্ত দুঃখজনক, এখানে আমাদের সহযোদ্ধারা শহীদ অবস্থায় শুয়ে আছেন, এখানকার অগোছালো পরিবেশ দেখতে আমাদের ভীষণ কষ্ট হয়।

উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক গোলাম সারওয়ার বলেন ‘এখানে গরু-ছাগল চড়ে বেড়ায়, আমাদের অনেক কষ্টের আন্দোলনের ফসল এই স্মৃতিফলক, সেটাও নষ্ট হয়ে যাচ্ছে, তা অত্যন্ত দুঃখজনক। এটা রক্ষণাবেক্ষণ করা জরুরি।

এ বিষয়ে জানতে চাইলে গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা সিদ্ধার্থ ভৌমিক আধুনিক কাগজকে জানান, যারা এখানে শুটকি কিংবা গোবর শুকাচ্ছে তাদের বিরুদ্ধে ব্যাবস্থা নেয়া হবে এবং শীঘ্রই এখানে গার্ড ওয়াল নির্মাণসহ স্মৃতিফলকটি রক্ষণাবেক্ষণের যাবতীয় কাজ সম্পন্ন করা হবে।

মিয়ানমারের সীমান্তরক্ষীদের ফিরিয়ে নেওয়ার আলোচনা চলছে: পররাষ্ট্রমন্ত্রী

0

আধুনিক ডেস্ক:

পররাষ্ট্রমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, মিয়ানমারের সীমান্তরক্ষী বিজিপি সদস্যদের ফিরিয়ে নেওয়ার বিষয়ে আলোচনা চলছে। আর এ বিষয়ে বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর বিরূপ মন্তব্য পাগলের প্রলাপ। মঙ্গলবার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
ড. হাছান বলেন, আজ মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব করে তাদের সীমান্তরক্ষীদের আশ্রয় নেওয়া ও মর্টার শেলের আঘাতে দু’জন নিহত হওয়ার ঘটনার কড়া প্রতিবাদ জানানো হয়েছে।

পররাষ্ট্রমন্ত্রী জানান, মিয়ানমারের অভ্যন্তরে চলমান সংঘর্ষের জেরে এ পর্যন্ত দেশটির সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) সদস্য ও তাদের পরিবার মিলিয়ে দুপুর পর্যন্ত ২২৯ জন বাংলাদেশে প্রবেশ করেছে। বিজিপি ক্যাম্পে থাকা তাদের পরিবারের কয়েকজন বেসামরিক সদস্যও এর মধ্যে রয়েছে। কয়েকজন আহত কক্সবাজার ও চট্টগ্রামের হাসপাতালে চিকিৎসাধীন। এছাড়া তাদের মর্টার শেলে বাংলাদেশের সীমানায় দু’জন নিহত হয়েছে। তাদের ফেরত পাঠানোর বিষয়ে আলাপ চলছে এবং নৌপথে নেয়ার সম্ভাবনা রয়েছে।
ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্করের আমন্ত্রণে ৭ ও ৮ ফেব্রুয়ারি দিল্লিতে ড. হাছান মাহমুদের প্রথম দ্বিপাক্ষিক সফর নিয়ে সাংবাদিকদের প্রশ্নে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ভারতের পররাষ্ট্রমন্ত্রী, বাণিজ্য মন্ত্রী ও নিরাপত্তা উপদেষ্টার সাথে সাক্ষাতের কথা রয়েছে। সেখানে গিয়ে সার্বিক বিষয়ে আমরা আলোচনা করব। মিয়ানমার ইস্যুতে আমরা আগেও ভারতের সহযোগিতা চেয়েছি, এবারেও এই বিষয়ে আলোচনাটা স্বাভাবিক।

সাংবাদিকরা বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহল কবির রিজভী মিয়ানমার সংকটের জন্য সরকারের নীতিকে দায়ী করেছেন- এমন প্রশ্ন করলে পররাষ্ট্রমন্ত্রী বলেন, মিয়ানমারের অভ্যন্তরীণ কোন্দলের কারণে এই সংকট সৃষ্টি হয়েছে। এক্ষেত্রে বাংলাদেশ সরকারের কোনো ব্যর্থতা নেই। বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহল কবির রিজভী যা বলেছেন সেটা পাগলের প্রলাপ। তারা ভেবেছিল নির্বাচন পরবর্তী সময়ে বিদেশিরা হস্তক্ষেপ করবে। কিন্তু তারা এখন হতাশ হয়ে এই ধরনের কথা বলছে।

এর আগে মন্ত্রণালয়ে নরওয়ের রাষ্ট্রদূত এসপেন রিক্টার ভেন্ডসেন এবং ভ্যাটিকানের দূত আর্চবিশপ কেভিন স্টুয়ার্ট র‌্যান্ডাল মন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাতে মিলিত হন।
নরওয়ের রাষ্ট্রদূত পররাষ্ট্রমন্ত্রী ড. হাছানের হাতে তার দেশের পররাষ্ট্রমন্ত্রীর অভিনন্দন বার্তাটি হস্তান্তর করেন।
নরওয়ের সাথে দূষণমুক্ত শক্তি বা ক্লিন এনার্জি বিষয়ে সহযোগিতার পাশাপাশি ভ্যাটিকানের সাথেও দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও এগিয়ে নিতে সংশ্লিষ্ট দুই দূতের সঙ্গে আলোচনা করেন মন্ত্রী।