Home Blog Page 224

বিয়ানীবাজারে প্রথমবারের মতো আন্তর্জাতিক কবিতা উৎসব

0

আধুনিক ডেস্ক:

বিয়ানীবাজারে প্রথমবারের মতো আন্তর্জাতিক কবিতা উৎসবের আয়োজন করা হয়েছে। শনিবার দিনব্যাপী বিয়ানীবাজার উপজেলা মিলনায়তনে জুঁই প্রকাশের আয়োজনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

জুঁই প্রকাশের কর্ণধার কবি আজিজ ইবনে গণির সার্বিক তত্ত্বাবধানে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের শুরু হয়। শিক্ষক ও কলামিস্ট আতাউর রহমানের সভাপতিত্বে এবং শিক্ষক ও নাট্যকার তন্ময় পাল চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক আব্দুল ওয়াদুদ।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন ভারত থেকে আসা কবি কমর উদ্দিন লস্কর, কবিল উদ্দিন ও কবি তৈয়বুর রহমান চৌধুরী।

আরো বক্তব্য রাখেন শিক্ষাবিদ মজির উদ্দিন আনসার, কবি আবুল কালাম আজাদ, কবি ওয়ালি মাহমুদ, কবি জসিম উদ্দিন ভুঁইয়া, কবি প্রিন্সেস হেনা, কবি মহি উদ্দিন চৌধুরী, মো. নজমুল ইসলাম, মো. মিছবাহ উদ্দিন, কামরুন্নাহার চৌধুরী শেফালী, কবির আহমদ মাহমুদ, ড. মো. হাফিজুর রহমান, নজরুল ইসলাম ও নিপু মল্লিক এবং কথাসাহিত্যিক আহমদ রেজা চৌধুরী।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জয়নুল আবেদীন, শিক্ষক ললিত মোহন বিশ্বাস, আনিসুর রহমান, ঔপন্যাসিক পলাশ আফজাল, নাদিরা বেগম, সমাজকর্মী শফিউর রহমান, কবি জুবেদা ইসলাম, কবি জবরুল আলম সহ আরো অনেকে।

অস্কারে যুক্ত হচ্ছে নতুন শাখা

0

বিনোদন ডেস্কঃ

সম্প্রতি ঘোষণা করা হয়েছে ৯৬তম অস্কারের জন্য চূড়ান্ত মনোনয়ন। অ্যাকাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেসের আয়োজনে আগামী ১০ মার্চ অনুষ্ঠিত হবে এবারের অ্যাওয়ার্ড শো।
যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে ক্যালিফোর্নিয়ার ডলবি থিয়েটারে ২৩টি শাখায় দেওয়া হবে বিজয়ীদের পুরস্কার। এবার নতুন করে জানা গেল আগামী ২০২৬ সাল থেকে ‘সেরা কাস্টিং’ এর জন্য একটি নতুন শাখা চালু করার ঘোষণা দিলো একাডেমি পুরস্কারের আয়োজকরা।

জানা গেছে, গেল কয়েক বছর ধরে কাস্টিং ডিরেক্টররা তাদের কাজের স্বীকৃতির জন্য আবেদন করছেন। শব্দ, পোশাক এবং চুল এবং মেক-আপের মতো অন্যান্য ফিল্ম কারুশিল্প মূলক কাজই তারা করে থাকেন, যেটি যেকোন সিনেমা নির্মাণের ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাদের সেই অবদানের ভিত্তিতেই একাডেমি পুরস্কারের আয়োজকদের এই সিদ্ধান্ত।

এক বিবৃতিতে একাডেমির কর্তারা বলেছিলেন যে, কাস্টিং ডিরেক্টররা ‘চলচ্চিত্র নির্মাণে একটি অপরিহার্য ভূমিকা পালন করে’। এছাড়াও একাডেমির সিইও বিল ক্রেমার এবং প্রেসিডেন্ট জ্যানেট ইয়াং বলেছেন যে, ‘অস্কারে কাস্টিং এর বিষয়টির গুরুত্ব বিবেচনা করে যোগ করতে পেরে আমরা গর্বিত।’

তবে ২০২৬ সালের অনুষ্ঠানের আগ পর্যন্ত বিভাগটি চালু করা হবে না। কারণ অগ্রিম পুরস্কার প্রচারাভিযানের পরিকল্পনা আগে করা হয়ে থাকে।

১৯২৭ সাল থেকে একাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেসের সদস্যদের ভোটে অস্কারের মনোনয়ন ও পুরস্কার প্রদান করা হচ্ছে। অভিনয়শিল্পী, পরিচালক, চিত্রগ্রাহকসহ অস্কারের মোট ১৮টি বিভাগে ১০ হাজারের বেশি সদস্য আছেন।

অভিনেত্রী শেহতাজের মা আর নেই

0

বিনোদন ডেস্ক:

জনপ্রিয় মডেল ও অভিনেত্রী শেহতাজ মুনিরা হাশেমের মা শাহিনা খন্দকার মারা গেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।

আজ শুক্রবার (৯ ফেব্রুয়ারি) ভোর ৬টা ৩০ মিনিটে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। ফেসবুকে তথ্যটি নিশ্চিত করেছেন শেহতাজের স্বামী কণ্ঠশিল্পী প্রীতম হাসান।

প্রীতম লিখেছেন, ‘আমার শাশুড়ি আজ ভোর ৬টা ৩০ মিনিটে মারা গেছেন। আপনারা সবাই তার জন্য দোয়া করবেন।’

এর আগে ২০২২ সালে মারা যান শেহতাজের বাবা মো. আবুল হাশেম মিয়া। তার প্রায় বছর দুয়েকের মাথায় মাকে হারালেন অভিনেত্রী।

শরীর নিয়ে পরিচালকের কটাক্ষ, মুখ খুললেন ম্রুণাল

0

বিনোদন ডেস্ক:

দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেত্রী ম্রুণাল ঠাকুর। ‘সীতা রামম’খ্যাত এই অভিনেত্রীকে নিজের শারীরিক গড়ন নিয়ে ক্যারিয়ারে কিছু ঘটনার সম্মুখীন হতে হয়েছে।

এমন অপ্রীতিকর পরিস্থিতি নিয়ে এবার মুখ খুললেন তিনি। গন মাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে বডি শেমিং নিয়ে কথা বলেছেন ম্রুণাল।

তিনি জানান, এক পরিচালক একবার মুখের ওপর তাকে বলেন, সে দেখতে একটুও সেক্সি নয়। অভিনেত্রী তখন পাল্টা জানতে চান, মন্তব্যটি কি তার অভিনীত চরিত্রটির জন্য নাকি পরিচালক বাস্তব জীবনে ম্রুণালকে দেখে এ মন্তব্য করেছেন।

ম্রুণালের প্রশ্নে পরিচালক তখন জবাব দেন, ‘হ্যাঁ, খুব সেক্সি একটা চরিত্র। তুমি তো এর ধারেকাছেও নেই। ’ ম্রুনাল ছেড়ে দেওয়ার পাত্রী নন, পরিচালককে তখন লুক টেস্ট নেওয়ার কথা বলেন অভিনেত্রী|

ফটোশুটের শুরুতে ফটোগ্রাফারও অপমান করেন ম্রুণালকে। বলে ওঠেন, ‘এই গেঁয়ো মেয়েটা কে?’ মুখে জবাব দেননি ম্রুণাল, জবাব দিয়েছেন কাজে। পরে মত বদলে ক্ষমা চান ওই ফটোগ্রাফার।

ম্রুণালের কথায়, ‘অভিনেতা হিসেবে জরুরি হল ন্যাচারাল থাকা। ’ হাসিমুখে তিনি বলেন, ‘যখন সেক্সি কথাটা বলা হয়, আর সেটা যদি আমি ভাবি, তাহলে আমার পায়ের মরা চামড়াও তখন সেক্সি লাগবে। ’

যৌন আবেদন ব্যাপারটা সবার কাছে সমান নয় জানান অভিনেত্রী। ম্রুণাল যোগ করেন, ‘আমি একবার একটা গান করেছিলাম। সেখানে লোকজন বলছিল আমাকে ওজন কমাতে হবে। আমি পাল্টা বলি, আমার থাই মোটা এবং সেটা একান্ত আমার নিজের। সেটা নিয়ে যদি আমার কোনও সমস্যা না হয়, তাহলে আপনাদের সমস্যাটা কোথায়?’

উল্লেখ্য, ২০২৩ সালে একাধিক কাজে দেখা গেছে ম্রুণালকে। এ বছরই বিজয় দেবেরাকোন্ডা এবং পরিচালক পরশুরাম পেটলার সঙ্গে ‘ফ্যামিলি স্টারে’ অভিনয় করবেন তিনি। এ ছাড়াও সামনে তাকে ‘পূজা মেরি জান’ সিনেমায়ও দেখা যাবে।

তাহিরপুরে ছাত্রলীগ নেতার ওপর হামলা

0

তাহিরপুর প্রতিনিধি:

সুনামগঞ্জের তাহিরপুরে পথ গতিরোধ করে পারভেজ মোশারফ (২০) নামে এক ছাত্রলীগ নেতার ওপর হামলার ঘটনা ঘটেছে। এসময় তার সঙ্গে থাকা মোটরসাইকেলটি ভাঙচুর করে হামলাকারীরা।

বৃহস্পতিবার বিকেলে উপজেলার বড়দল উত্তর ইউনিয়নের কড়ইগড়া এলাকায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় ভুক্তভোগীর পিতা বাদী হয়ে ৭ জনের নাম উল্লেখ করে তাহিরপুর থানায় একটি মামলা দায়ের করেছেন। এছাড়া আরও অন্তত ৭ থেকে ৮ জনকে অজ্ঞাত আসামি করা হয় |

মামলার বাদি দুলাল মিয়া জানান, বিবাদীপক্ষের লোকজন দীর্ঘদিন ধরে তাঁর পরিবারের ক্ষতিসাধনের জন্য বিভিন্নভাবে পাঁয়তারা করছিল। ঘটনার দিন তাঁর ছেলে পারভেজ মোশারফ ব্যবসায়িক কাজে মোটরসাইকেল করে বড়ছড়া যাচ্ছিল।

এসময় পূর্ব থেকে ওৎপেতে থাকা দশ থেকে পনের জনের একটি দল দেশীয় অস্ত্র নিয়ে মাহারাম-কড়ইগড়া রাস্তায় পারভেজের পথ গতিরোধ করে। পরে পারভেজকে মোটরসাইকেল থেকে টেনে-হিঁচড়ে নামিয়ে মাটিতে ফেলে বেধড়ক মারপিট করে মারাত্মক জখম করে ও তার বাইকটি ভাঙচুর করে চলে যায়।

খবর পেয়ে পরিবারের লোকজন পারভেজকে ঘটনাস্থল উদ্ধার করে। প্রথমে তাকে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে সেখানকার কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসাপাতালে প্রেরণ করে।

তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ নাজিম উদ্দিন মামলার সত্যতা নিশ্চিত করে বলেন, জড়িতদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।

২৭ প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে আহমেদ রুবেলের ‘পেয়ারার সুবাস’

0

আধুনিক ডেস্ক:

সারা দেশে ২৭টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ‘পেয়ারার সুবাস’। ৯২ মিনিটের এ সিনেমা প্রযোজনা করেছে আলফা-আই স্টুডিওজ লি. ও সহ-প্রযোজনায় চরকি। পেয়ারার সুবাস সিনেমায় আহমেদ রুবেল ছাড়াও অভিনয় করেছেন জয়া আহসান, তারিক আনাম খান, সুষমা, দিহান, নূর ইমরান মিঠুসহ আরও অনেকে।
পেয়ারার সুবাস ছাড়াও মুক্তির অপেক্ষায় আছে আহমেদ রুবেল অভিনীত সিনেমা ‘প্রিয় সত্যজিৎ’।

উপমহাদেশের কিংবদন্তি চলচ্চিত্র নির্মাতা সত্যজিৎ রায়। তার জন্মশতবর্ষ উপলক্ষে নির্মিত ট্রিবিউট ফিল্ম প্রিয় সত্যজিৎ পরিচালনা করেছেন প্রসূন রহমান। এরই মধ্যে সেন্সর ছাড়পত্র পেয়েছে সিনেমাটি। এ সিনেমার মধ্য দিয়ে আরও একবার বড় পর্দায় দেখা মিলবে গুণী অভিনেতা আহমেদ রুবেলের।

সারাদেশের ২৭টি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ‘পেয়ারার সুবাস’। সিনেমা হলগুলো হলো স্টার সিনেপ্লেক্স (বসুন্ধরা সিটি শপিং মল, এস.কে এস টাওয়ার, সীমান্ত সম্ভার, সনি স্কোয়ার, বঙ্গবন্ধু সামরিক জাদুঘর, বালি আর্কেড, চট্রগ্রাম), বঙ্গবন্ধু শেখ মুজিব হাই টেক পার্ক, রাজশাহী ব্লকবাস্টার সিনেমাস-যমুনা ফিউচার পার্ক, লায়নস সিনেমাস (জিনজিরা), সিলভার স্ক্রীন (চট্রগ্রাম), গ্র্যান্ড সিলেট মুভি থিয়েটার (সিলেট), শ্যামলী সিনেমা (ঢাকা), মমো-ইন (বগুড়া), ম্যাজিক মুভি থিয়েটার ফ্যান্টাসী পার্ক (দিয়াবাড়ী), সিনেস্কোপ (নারায়ণগঞ্জ), রুটস সিনেক্লাব (সিরাজগঞ্জ), গুলশান সিনেপ্লেক্স (নারায়ণগঞ্জ), মধুমিতা সিনেমা (ঢাকা), সেনা অডিটোরিয়াম (সাভার), সুগন্ধা (চট্রগ্রাম), শঙ্খ সিনেমা (খুলনা), শাপলা সিনেমা (রংপুর), ছায়াবাণী সিনেমা (ময়মনসিংহ), নন্দিতা সিনেমা (সিলেট), মর্ডান সিনেমা (দিনাজপুর), লিবার্টি সিনেমা (খুলনা) এবং স্বপ্নীল সিনেপ্লেক্স (কুষ্টিয়া)।

এমবিবিএস ভর্তি পরীক্ষার ফল প্রকাশ হতে পারে রোববার

0

আধুনিক ডেস্ক:

দেশের সরকারি-বেসরকারি মেডিকেল কলেজে এমবিবিএস ভর্তি পরীক্ষা হয়ে গেল শুক্রবার (৯ ফেব্রুয়ারি)। মোট ১১ হাজার ৬৭৫টি আসনের বিপরীতে এবার আবেদন করেন ১ লাখ ৪ হাজার ৩৭৪ জন ভর্তিচ্ছু।
দেশের ১৯টি কেন্দ্রের ৪৪টি ভেন্যুতে সকাল ১০টা থেকে ঘণ্টাব্যাপী এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। যার ফলাফল প্রকাশ হতে পারে আগামী রোববার (১১ ফেব্রুয়ারি)।

ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ নিয়ে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা. মহিউদ্দিন মাতুব্বর গণমাধ্যমকে বলেন, শনিবার (১০ ফেব্রুয়ারি) সব কিছু প্রস্তুত করা হবে। ইনশাআল্লাহ আগামী রোববার (১১ ফেব্রুয়ারি) ফল প্রকাশ হতে পারে।

এদিকে সকাল সাড়ে ১০টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবনে পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন।
পরীক্ষা সুষ্ঠু হচ্ছে জানিয়ে তিনি বলেন, রংপুর, সিলেট, চট্টগ্রাম, খুলনায় সবার সঙ্গে টেলিফোনে কথা বলেছি। আশা করি পরীক্ষা সুষ্ঠুভাবে হবে। সব রকমের ব্যবস্থা নেওয়া হয়েছে।

জয়াসুরিয়ার সামনে তারই রেকর্ড ভেঙে সেঞ্চুরি নিশাঙ্কার

0

স্পোর্টস ডেস্ক:

পাথুম নিশাঙ্কা যখন দুই রান নিয়ে শ্রীলঙ্কার ব্যক্তিগত সর্বোচ্চ স্কোরারের তালিকায় শীর্ষে উঠলেন তখন দর্শকসারীতে ছিলেন সনথ জয়াসুরিয়া। গত ২৪ বছর ধরে এই রেকর্ডধারী ছিলেন তিনিই। উত্তরসূরির সাফল্যে হাততালি দিচ্ছিলেন এই কিংবদন্তি। তখন আলোচনা ছিল শ্রীলঙ্কার হয়ে প্রথম ডাবল সেঞ্চুরিটা কি করতে পারবেন নিশাঙ্কা? কিন্তু এরপর স্রেফ দুই বল লেগেছে এই মাইলফলকে পৌঁছাতে।

শুক্রবার পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আফগানিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচে ২১০ রানের হার না মানা এক ইনিংস খেলেছেন নিশাঙ্কা। ১৩৯ বলে এই রান করেন এই ওপেনার। ২০টি চারের সঙ্গে ৮টি ছক্কায় সাজান নিজের ইনিংস। তাতে আফগানদের ৩৮২ রানের বিশাল লক্ষ্য ছুঁড়ে দিয়েছে লঙ্কান দলটি।

শ্রীলঙ্কার হয়ে এটাই কোনো ব্যাটারের সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস। এর আগে ২০০০ সালে ভারতের বিপক্ষে জয়াসুরিয়া করেছিলেন ১৮৯ রান। সেদিন ডাবল সেঞ্চুরি তুলে নেওয়ার সুযোগ ছিল তার। কিন্তু বিস্ময়করভাবে ৪৯তম ওভারে নিজেই বল হাতে তুলে নেন তৎকালীন ভারতীয় অধিনায়ক সৌরভ গাঙ্গুলি। এবং প্রথম বলেই জয়াসুরিয়াকে ফেলেন স্টাম্পিংয়ের ফাঁদে।

২৪ বছর পর আবার যখন কোনো শ্রীলঙ্কান ব্যাটার ডাবল সেঞ্চুরির সামনে ছিলেন তখন ফিরে আসছিল সেই স্মৃতি। সে সময়ে চলছিল ইনিংসের ৪৯তম ওভার। তবে গুলবাদিন নাইবের করা সেই ওভারে জয়সুরিয়াকে ছাড়িয়ে ১৯৬ রানে ছিলেন নিশাঙ্কা। এরপর ফরিদ আহমেদের করা শেষ ওভারে চারিথ আসালাঙ্কা সিঙ্গেল নিয়ে সুযোগ দিলে প্রথম বলেই বাউন্ডারি মেরে পৌঁছে যান ডাবল সেঞ্চুরির ক্লাবে।

সুনামগঞ্জে কোটি টাকার অবৈধ পেঁয়াজসহ গ্রেপ্তার ৮

0

সুনামগঞ্জ প্রতিনিধিঃ

সুনামগঞ্জে ৪৫ হাজার ৪৮০ কেজি ভারতীয় পেঁয়াজসহ ৮ জনকে গ্রেপ্তার করেছে সুনামগঞ্জ সদর থানা পুলিশ। যার বাজার মূল্য ১ কোটি ১৯ লক্ষ ৬৫ হাজার ৮০০ টাকা।

শুক্রবার (৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এক প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে সুনামগঞ্জ সদর থানা পুলিশ।

পুলিশ জানায়, সুনামগঞ্জের সীমান্ত দিয়ে সরকারের শুল্ক ফাঁকি দিয়ে অবৈধ ভাবে ৬টি ট্রাক ও ১টি পিকআপে করে মোট ৪৫ হাজার ৪৮০ কেজি ভারতীয় পেঁয়াজ পাচারের সংবাদ পায় পুলিশ। বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) রাতে এমন গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে পুলিশ।

পরে সুনামগঞ্জ পৌর শহরের আব্দুজ জহুর সেতু দিয়ে এই সব পেঁয়াজ বিভিন্ন জেলায় যাওয়ার পথে ট্রাকসহ পেঁয়াজ আটক করে পুলিশ। একই সময়ে পাচার কাজে জড়িত থাকায় ৮ জনকে গ্রেপ্তার পুলিশ।

সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি খালেদ চৌধুরী জানান, সীমান্ত দিয়ে অবৈধ ভাবে আসা ভারতীয় পেঁয়াজসহ গ্রেপ্তার ৮ জনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে।

সিলেটের তৃতীয় জয়, খুলনার টানা তিন হার

0

স্পোর্টস ডেস্ক:

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) টানা ৫ হারের পর সর্বশেষ ৪ ম্যাচের মধ্যে তিনটিই জিতল সিলেট স্ট্রাইকার্স। আজ শুক্রবার দুপুরে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে খুলনা টাইগার্সকে ৫ উইকেটে হারিয়েছে তারা। এটা ৯ ম্যাচে সিলেটের তৃতীয় জয়, আর ৭ ম্যাচে খুলনার তৃতীয় হার। টানা ৪ জয়ের পর টানা ৩ ম্যাচে হারল এনামুল হক বিজয়ের দল।

এই ম্যাচ বিদেশিদের কাছে হার মানলেন দেশিরা। অধিনায়ক এনামুল হক (৫৮ বলে ৬৭), হাবিবুর রহমান সোহান (৩০ বলে ৪৩) ও আফিফ হোসেনের (১৬ বলে ২৪) ব্যাটে ভর দিয়ে লড়াই করার মতো পুঁজি পায় খুলনা। যদিও আইরিশ খেলোয়াড় হ্যারি টেক্টর ও বার্লের দুর্দান্ত ব্যাটিংয়ে খুলনার সব প্রতিরোধ ভেঙে পড়ে। টেক্টর ৫২ বলে ৬১ ও বার্ল ১৬ বলে ৩২ রান করেন।

এছাড়া সিলেটের অধিনায়ক মোহাম্মদ মিথুন করেন ১৮ বলে ২৪ রান। শেষ ১২ বলে সিলেটের প্রয়োজন ছিল ১৯ রান। হাতে ৫ উইকেট। রুবেল হোসেন করলেন ১৯তম ওভার। ওই এক ওভারেই খেলা শেষ করে দিলেন জিম্বাবুইয়ান হার্ডহিটার রায়ান বার্ল। তিনি ৫ বল খেলে নিয়েছেন ২৩ রান, আরিফুল হক ১ বল খেলে নেন ১ রান। খুলনার ১৫৩ রানের জবাবে ১৯ ওভারশেষে সিলেটের স্কোরবোর্ডে ১৫৯/৩।

টানা তিন হারে বিপদের মুখে পড়তে পারে খুলনা। শীর্ষস্থান থেকে এখন তারা নেমে গেছে চতুর্থ স্থানে (৭ ম্যাচে ৮ পয়েন্ট)। আর সিলেট রয়েছে ষষ্ঠ স্থানে (৯ ম্যাচে ৬ পয়েন্ট)।