Home Blog Page 223

নিখোঁজের ৫ দিন পর জকিগঞ্জে খাল থেকে স্কুলছাত্রের লাশ উদ্ধার

0

জকিগঞ্জ প্রতিনিধি:

সিলেটের জকিগঞ্জে নিখোঁজের ৫ দিন পর হাওরের একটি খাল থেকে মোশাররফ হোসেন নামের স্কুলছাত্রের লাশ উদ্ধার করা হয়েছে। রোববার (১১ ফেব্রুয়ারি) বিকেল ৩টার দিকে বালাই হাওরের কুচিরখাল থেকে অর্ধগলিত লাশ উদ্ধার করে পুলিশ। সে মানিকপুর ইউপির এওলাসার গ্রামের জামিল আহমদের ছেলে। নিহত মোশাররফ হোসেন (১৪) স্থানীয় রতনগঞ্জের গোলাম মোস্তফা চৌধুরী একাডেমির অষ্টম শ্রেণীর ছাত্র।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ৬ ফেব্রুয়ারী বিকেল চারটার দিকে মোশাররফ হোসেন বাড়ি থেকে বের হয়ে পার্শ্ববর্তী নান্দিশ্রী গ্রামের একটি জলসায় যায়। এরপর থেকে সে নিখোঁজ হয়। বিভিন্ন স্থানে সন্ধান করে তাকে না পেয়ে তার বাবা ওই দিন জকিগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করেন। রোববার বিকেল ৩টার দিকে কুচিয়া শিকারে গিয়ে বালাই হাওরের কুছির খালে স্থানীয়রা অর্ধগলিত লাশ ভেসে থাকতে দেখতে পায়। পরে নিখোঁজ মোশাররফ হোসেনের স্বজনরা গিয়ে লাশটি মোশাররফ হোসেনের বলে সনাক্ত করেন। খবর পেয়ে জকিগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে সুরতহাল করে।

জকিগঞ্জ থানার ওসি (তদন্ত) সুকান্ত চৌধুরী বলেন, নিখোঁজ স্কুলছাত্রের লাশ উদ্ধার করা হয়েছে। হত্যাকান্ডের পেছনের রহস্য উদঘাটন ও জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে পুলিশ কাজ শুরু করেছে।
এদিকে, স্কুলছাত্র মোশাররফ হোসেন নিখোঁজের পর লাশ উদ্ধারের ঘটনায় শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীর মনে চরম ক্ষোভ দেখা দিয়েছে। এলাকাবাসীর দাবী, দ্রুত সময়ের মধ্যে মোশাররফের খুনীদের সনাক্ত করে দৃষ্ঠান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। নিরপরাধ স্কুলছাত্রকে কারা কেন হত্যা করে লাশ খালে ফেলে গেলো সেই রহস্য উদঘাটনে পুলিশের প্রতি আহবান জানিয়েছেন।

দক্ষিণ সুরমায় বেড়েছে সরিষা চাষের চাহিদা

0

এস এম ফাহিম, দক্ষিণ সুরমা:

মাঠের পরে মাঠ জুড়ে হলুদ ফুলের সমারোহ । যেদিকেই চোখ যাবে শুধু সরিষা চাষ চোখে পড়বে । শীতের এই মৌসুমে বিস্তৃত সরিষা চাষে সূর্যের কীরণ পড়ে যেন আলো জলমল করছে । দক্ষিণ সুরমা উপজেলার বিভিন্ন জায়গায় শীতের মৌসুমে অন্যান্য শাক-সবজি চাষের পাশাপাশি সরিষা চাষে বেশ উদ্বুদ্ধ হয়েছেন ।

জালালপুর ইউনিয়নের কাদিপুর ও আজমতপুর গ্রামে মোট সরিষা প্রদর্শনী করা হয়েছে ৮টি এর মধ্যে কাদিপুরে ৩টি ও আজমতপুরে ৫টি।

দক্ষিণ সুরমা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পরামর্শের পাশাপাশি বিনামূল্যে সার ও বীজ পেয়েছেন কৃষকরা।

কৃষক আজমান আলী বলেন, তিনি তার খালি জমিতে (বারি সরিষা) জাতের সরিষা চাষ করেছেন এবং তিনি বলেন বিগত বছরেও কয়েকজন কৃষক উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর মাধ্যমে সরিষা প্রদর্শনী করে সরিষা থেকে তেল উৎপাদন করে লাভবান হয়েছিলেন যা দেখে এবার আজমান আলী নিজের ৩০ শতক জমিতে সরিষা চাষ করেছেন যাতে এই সরিষা থেকে তেল উৎপাদন করে সাবলম্বী হতে পারেন ।

জালালপুর ইউনিয়ন এর দায়িত্বে থাকা কৃষি অফিসার মো. আবুল হাসান এর কাছে জানতে চাইলে তিনি বলেন, আজমতপুর গ্রামে কৃষকরা প্রায় ৮০ বিঘা ও কাদিপুরে ৩ বিঘা জমিতে সরিষা চাষ করেছেন । তিনি আরো জানান যে, ২০২৩-২৪ অর্থবছরে রাজস্বখাতের অর্থায়নে এই সরিষা প্রদর্শনী দেওয়া হয়েছে। কৃষকদের মধ্যে বিনামূল্যে সার ও বীজ দেওয়া হয়েছে। সরিষা চাষে এই এলাকায় কৃষকদের অসুবিধার কথা জানতে চাইলে তিনি বলেন, বৃষ্টির কারণে দেরিতে সরিষা আবাদ করতে হয়েছে।

সরিষা বীজ রোপনের পর থেকে শরু করে এক থেকে দেড় মাসের মধ্যে কৃষকরা ফসল তুলতে পারবেন বলে জানান। প্রদর্শনী ছাড়া কোন কৃষক আগ্রহী হয়ে সরিষা চাষ করতে চাইলে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে প্রণোদনা হিসেবে সার ও বীজ দেওয়া হয় বলে জানান।

উপস্থিত কয়েকজন কৃষকের মধ্যে কৃষক নবীন আহমদ লয়েছ বলেন উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে আমরা বিনামূল্যে সার ও বীজ পাচ্ছি। আমরা কৃষকরা এই সরিষা চাষের মাধ্যমে সাবলম্বী হতে পারব বলে আশা করি । উপজেলা কৃষি অফিস জানায় সরকারের আরো পৃষ্ঠপোষকতা পেলে সরিষা চাষ আরো সম্প্রসারণ করব।

ধাওয়া খেয়ে নদীতে যুবকের ঝাঁপ, একদিন পর মিললো লাশ

0

গোলাপগঞ্জ প্রতিনিধি:

সিলেটের গোলাপগঞ্জে একটি স্কুলের শিক্ষার্থীদের ধাওয়া খেয়ে নদীতে পড়ে মানসিক ভারসাম্যহীন এক যুবক মারা গেছেন। ২৪ ঘণ্টা খোঁজাখুঁজির পর রবিবার বিকাল ৩টার দিকে পুলিশের সহযোগিতায় কুশিয়ারা নদী থেকে লাশটি উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। নিহত আলী হোসেন (৩৫) গোলাপগঞ্জের চন্দরপুর গ্রামের মৃত আলাউদ্দিনের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাছুদুল আমিন।

স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, শনিবার গোলাপগঞ্জ উপজেলার চন্দরপুর এলাকার আল-এমদাদ হাই স্কুলে একটি অনুষ্ঠান চলছিল। বিকাল ৩টার দিকে আলী হোসেন এ অনুষ্ঠানস্থলে গেলে ওই স্কুলের শিক্ষার্থীরা তাড়িয়ে দিতে চেষ্টা করেন। এসময় আলী হোসেনকে শিক্ষার্থীরা ধাওয়াও করেন বলে জানা গেছে। শিক্ষার্থীদের ধাওয়া খেয়ে আলী হোসেন ছুটে গিয়ে স্কুলের নিকটস্থ চন্দরপুর ব্রিজের উপর থেকে কুশিয়ার নদীতে ঝাঁপ দিয়ে দেন।

এক পর্যায়ে নদীর পানিতে তলিয়ে যান আলী হোসেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে যায় এবং ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর দেয়। পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল সেখানে গিয়ে সন্ধ্যা পর্যন্ত খোঁজাখুঁজি করে আলী হোসেনের সন্ধান না পেয়ে গতকালের মতো সন্ধান কার্যক্রম মুলতবি ঘোষণা করা হয়। পরবর্তীতে রবিবার সকাল থেকে ফের খোঁজাখুঁজি শুরু করে বিকাল ৩টার দিকে চন্দরপুর ব্রিজের অদূরবর্তী স্থান থেকে আলী হোসেনের লাশ উদ্ধার করে ডুবুরি দল। পরে লাশটি থানায় নিয়ে যায় পুলিশ।

গোলাপগঞ্জ থানার ওসি মাছুদুল আমিন বলেন, লাশ উদ্ধার করে আমরা থানায় নিয়ে এসেছি। পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে। তারা আসছেন। লাশের ময়নাতদন্ত হবে এবং পরিবারের পক্ষ থেকে অভিযোগ দায়ের করলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

তিনি আরও বলেন, ঘটনাস্থলের ভিডিও ফুটেজ সংগ্রহের চেষ্টা করা হচ্ছে। শনিবার সেখানে আসলে কী ঘটেছে- তদন্ত সাপেক্ষে বলা যাবে। তবে প্রাথমিকভাবে জানতে পেরেছি- আলী হোসেনকে শিক্ষার্থীরা ধাওয়া দিয়েছিল এবং নদীতে ঝাঁপ দেওয়ার পরও তার দিকে তারা ইট-ঢিল ছুঁড়ে মেরেছিল।

সন্তানদের উজ্জ্বল ভবিষ্যৎ গঠনে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায় উৎসাহিত করুন : এমপি হাবিব

0

দক্ষিন সুরমা প্রতিনিধি:

সিলেট-৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব বলেছেন, শিক্ষার পাশাপাশি স্বাস্থ্য সম্মত খেলাধুলায় শিশুদের উংসাহিত করতে হবে। কারণ বর্তমান প্রজন্মের শিশুরা মোবাইল গেইমে বেশি আসক্ত, ফলে তারা শিক্ষা অর্জনে ও উদ্ধীপনা হারানোর পাশাপাশি সুস্বাস্থ্য গঠন থেকে বিরত থাকবে।

এজন্য অবিভাবকদের বলতে চাই আপনার সন্তানদের উজ্জ্বল ভবিষ্যৎ গঠনে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায় উৎসাহিত করুন।
তিনি রবিবার দক্ষিণ সুরমার জালালাবাদ দ্বি-পাক্ষিক উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য কথাগুলো বলেন।

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সফির আহমদ কামালের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক শাহ নেওয়াজ ও সম্পা রাণী চৌধুরী’র সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সাইফুল আলম, সাধারণ সম্পাদক এডভোকেট শামিম আহমদ, উপজেলা শিক্ষা অফিসার জাফর আহমেদ, বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক তজম্মূল ইসলাম, অভিভাবক সদস্য গিয়াস উদ্দিন।

এসময় উপস্থিত ছিলেন- সমাজসেবী ও শিক্ষানুরাগী এডভোকেট শাহীন আহমদ, অরুণ দেবনাথ সাগর প্রমুখ।

সুনামগঞ্জের কাবিটা স্কীম প্রণয়ন, বাস্তবায়ন ও মনিটরিং জেলা কমিটির সভা অনুষ্ঠিত

0

সুনামগঞ্জ প্রতিনিধি:

সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরী বলেছেন, সুনামগঞ্জ জেলার বিভিন্ন উপজেলার চলমান হাওরের ফসল রক্ষা বাঁধের কাজ পরিদর্শন করেছি। অনেক জায়গাতেই মাটি ভরাট কাজ চলছে। তবে কমপ্কেশন ঠিক মত হচ্ছে না, স্লোব ও ঠিক নেই। তিনি মনিটরিং জোরদার করে এসব কাজ সম্পন্ন করারও আহবান জানিয়েছেন সংশ্লিষ্টদের।

রবিবার দুপুরে সুনামগঞ্জের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে কাবিটা স্কীম প্রণয়ন ও বাস্তবায়ন ও মনিটরিং জেলা কমিটির সভায় জেলা প্রশাসক এসব কথা বলেন।

জেলা প্রশাসক আরও বলেন, বিভিন্ন ক্লোজারগুলো পরিদর্শন করার জন্য আলাদাভাবে এডিসিদের সমন্বয়ে বিশেষ কমিটি করে দিয়েছি। আগে সমস্যাগুলো চিহ্নিত করে পরে সমাধান করতে হবে। যেগুলোর কাজ বেশী গুরুত্বপূর্ণ সেগুলো আগে করার ও পরামর্শ দেন তিনি।

তিনি বলেন, হাওরের জীববৈচিত্র্য বজায় রেখেই বাঁধের কাজ সম্পন্ন করতে হবে। ভবিষ্যতে কিভাবে স্থায়ী সমাধান করা যায় সেটি চিন্তা করতে হবে এখনই। তিনি পিআইসির দ্বিতীয় কিস্তির টাকা পরিশোধ করলে কাজের গতি আরও বৃদ্ধি পাবে তাই বিল পরিশোধ করার ও আহবান জানান।

জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরীর সভাপতিত্বে ও স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক দেওয়ান মোহাম্মদ তাজুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. মামুন হাওলাদার (১), নির্বাহী প্রকৌশলী এমদাদুল হক (২) বীর মুক্তিযোদ্ধা আবু সুফিয়ান,নূরুল মোমেন, সুনামগঞ্জ জেলা প্রেসক্লাবের সভাপতি লতিফুর রহমান রাজু, মহিলা পরিষদের সভাপতি গৌরি ভট্টাচার্য, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোস্তফা আজাদ. ব্র্যাকের জেলা সমন্বয়ক একে আজাদ, এনজিও কর্মী কাশ্মীর রেজা প্রমুখ।

উল্লেখ্য, সুনামগঞ্জ জেলার ১২ উপজেলার ৭৩৪টি পিআইসির মাধ্যমে ১৩০ কোটি টাকা ব্যয়ে হাওরের ফসল রক্ষা বাঁধের কাজ চলমান আছে। এ পর্যন্ত ৬৩.৫০ ভাগ কাজের অগ্রগতি হয়েছে বলে সভায় দাবী করা হয়।

নিউইয়র্কে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি দম্পতি নিহত

0

আধুনিক ডেস্ক:

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি প্রবাসী দম্পতি নিহত হয়েছে। স্থানীয় সময় শনিবার সকাল ১১টার দিকে নিউইয়র্ক সিটি থেকে বিংহামটন শহরে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনার শিকার হলে ঘটনাস্থলেই হাফিজ আহম্মেদ অ্যাঞ্জেল (৫২) ও তাঁর স্ত্রী সাথী আহম্মেদ (৪৫) নিহত হন।

নিহত সাথী নিউইয়র্কের গাজীপুর সোসাইটির সাংস্কৃতিক সম্পাদক ছিলেন। দুজনের মৃত্যুতে নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্র প্রবাসীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

নিহত হাফিজ আহম্মেদের বাড়ি গাজীপুরে এবং তার স্ত্রী সাথী আহম্মেদের বাড়ি বরিশালে। পরিবারের চার সদস্যসহ তারা দীর্ঘদিন ধরে নিউইয়র্কেই থাকতেন। তাদের ৮ বছরের সন্তান মেয়ে রাইদাকে নিয়ে শনিবার নিউইয়র্ক থেকে আপস্টেট বিংহামটন যাচ্ছিলেন। যাওয়ার পথে নিউইয়র্ক সময় সকাল ১১টায় গাড়ি দুর্ঘটনায় স্বামী-স্ত্রী মৃত্যুবরণ করেন। মেয়ে রাইদা নিকটস্থ হাসপাতালে লাইফ সাপোর্ট আছে। তাদের ১৮ বছরের এক ছেলে রয়েছেন। তার নাম ইসাম।

প্রেসক্লাবে সংবাদ সম্মেলনবালাগঞ্জে সরকারি ভূমি দখল চেষ্টার অভিযোগ

0

বালাগঞ্জ প্রতিনিধি:

বালাগঞ্জ উপজেলার বালাগঞ্জ ইউনিয়নের গোড়াপুর মৌজার অর্ন্তগত সরকারি গোপাটের ভূমি প্রায় ৫০বছর যাবৎ ভোগ দখল করে আসছেন মহানন্দ গ্রামের আব্দুল জব্বারের ছেলে শাহ্ জাহেদ আহমদ তার পরিবার। কিন্তু, স্থানীয় একটি প্রভাবশালী পক্ষ এই ভূমি জোর পূর্বক দখলের অপচেষ্টায় লিপ্ত রয়েছেন। ভূমি দখলে বাধা দেয়ায় দখলদার পক্ষ শাহ্ জাহেদ আহমদ ও তার পরিবারের সদস্যদের নানাভাবে হুমকি দিচ্ছেন বলে অভিযোগ ওঠেছে। এসব বিষয়ে প্রশাসনের বিভিন্ন দপ্তরে বারবার লিখিত অভিযোগ দিয়েও কোনো প্রতিকার না পেয়ে রবিবার (১১ ফেব্রুয়ারি) শাহ্ জাহেদ আহমদ বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে শাহ জাহেদ আহমদ বলেন, আমাদের বসতবাড়ি সংলগ্ন গোড়াপুর মৌজার বিএস দাগ নং-২০’র অন্তর্ভুক্ত সরকারি গোপাট আমাদের দাদা হায়দর আলী জীবদ্দশা কাল থেকে প্রায় ৫০বছর যাবৎ আমরা ভোগ দখল করে আসছি। বিগত দিনে এই গোপাটের ভূমি সরকারি সার্ভেয়ার ও কোর্ট কমিশনারের মাধ্যমে সীমানা নির্ধারণ করা হয়। এসময় উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার ও স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত থেকে এই ভূমিতে লাল নিশান টাঙানো হয়। পাশাপাশি বালাগঞ্জ ইউনিয়নের চরভূতা গ্রামের ময়না খা’র ছেলে সুলতান মিয়া, হাসমত মিয়া ওরফে শুকুর, সুরুজ মিয়া, আয়না মিয়া, আয়না মিয়ার ছেলে বাচ্চু মিয়া, হুসন খা’র ছেলে মুজির খা, দুলাল খা ও কাদির খা তাদেরকে গাছপালা কর্তনসহ ভোগ দখলে বিরত থাকতে নিষেধাজ্ঞা প্রদান করা হয়। কিন্তু, নিষেধাজ্ঞা অমান্য করে ২০২১সালের ৭এপ্রিল সরকারি গোপাটসহ আমার বাড়ির আঙ্গিনার বাঁশ ও গাছ-পালা অন্যায়ভাবে জোর-জুলুম পূর্বক প্রকাশ্যে-অপ্রকাশ্যে কেটে নিয়ে যায় তারা।

শাহ জাহেদ আহমদ অভিযোগ করে বলেন, ২০২১ সাল থেকে চলতি বছরের ৩০ জানুযারি পর্যন্ত বাঁশ ও গাছ-পালা যা কেটে নেয়া হয়েছে এর মূল্য প্রায় সাড়ে ৪ লক্ষ টাকা। শুধু তাই নয়; সরকারি জায়গাতে সুলতান-হাসমতের ভাই চাঁন মিয়ার লাশ জোর পূর্বক কবরও দেওয়া হয়। এসব ঘটনার প্রতিবাদ করলে তারা আমিও আমার পরিবারের সদস্যদের দেশীয় অস্ত্র দ্বারা আক্রমন করে আহত করা হয়েছে বহুবার। অশ্লীল ভাষায় গালাগাল ও হত্যা করে লাশ গুম করার হুমকি দিয়েছে তারা। এসব ঘটনা উল্লেখ করে ২০২১সালের ৮এপ্রিল আমি উপজেলা সহকারী ভূমি কমিশনারের নিকট লিখিত অভিযোগ দেই। অভিযোগের পরিপ্রেক্ষিতে তদন্তকারী কর্মকর্তা সরেজমিনে তদন্ত করে ঘটনার সত্যতা পান এবং অভিযুক্তদের গাছ-বাঁশ কাটতে নিষেধ করেন।

শাহ জাহেদ আহমদ অভিযোগ করে আরো বলেন, দখলদাররা জগড়াটে, পরধনলোভী, সন্ত্রাসী, আইন অমান্যকারী ও রাষ্ট্রদ্রোহী প্রকৃতির লোক। তারা বারবার প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করেছে। এমনকী সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিভিন্ন পোস্ট করে আমাকে হেয় পতিপন্ন করা হয়েছে। এসব পোস্টে আমাকে প্রাণনাশের হুমকি ও রাজনৈতিক ইস্যু নিয়ে অপমান অপদস্তও করা হয়েছে। যার প্রমাণাদি আমার কাছে রয়েছে। দখলদারা বর্তমান সরকার বিরোধী রাজনৈতিকি মতাদর্শী। আমি বালাগঞ্জ উপজেলা যুবলীগের একজন সক্রীয় কর্মী। তারা আমাকে দলীয় কার্যক্রমে বাধা প্রদান করছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়েও তারা নানাভাবে কটুক্তি করে আসছে।

তারা লোক সমাজে বলে বেড়াচ্ছে- সরকারি সার্ভেয়ার কেনো, বর্তমান সরকারের প্রধানমন্ত্রী এসেও যদি এই ভূমির সীমানা নির্ধারণ করে দেন তবুও তারা মানবে না। কেউ নাকি তাদের কিছুই করতে পারবে না। চলতি বছরের ২৯ জানুয়ারি আমাদের নিজস্ব সম্পত্তিতে থাকা ২০হাজার টাকা মূল্যের মালিকানাধীন গাছ চুরি করে নিয়ে যায় দখলদাররা।

গাছ কর্তন ও ফেইসবুকে পোস্টের ঘটনায় আমি বাদী হয়ে চলতি বছরের ৩০ জানুয়ারি বালাগঞ্জ থানায় পৃথক দুটি লিখিত অভিযোগ দাখিল করি। দুটি অভিযোগ দাখিলের পর বালাগঞ্জ থানার এসআই মলাই মিয়া সরজমিন ঘটনাস্থলে গিয়ে স্বাক্ষী প্রমাণ ও এলাকার গণ্যমাণ্য ব্যক্তিদের জবানবন্দির মাধ্যমে অভিযোগের সত্যতা পান। কিন্তু, বালাগঞ্জ থানার ওসি মোহাম্মদ বদিউজ্জামান আমার লিখিত অভিযোগ মামলা হিসেবে রেকর্ড করেননি। উল্টো দখলদারা বলে বেড়াচ্ছে, পুলিশের উপর মহলে তাদের হাত রয়েছে, এসব মামলা দিয়ে নাকি তাদের কিছুই করতে পারবো না।

লিখিত বক্তব্যে শাহ জাহেদ আহমদ অভিযোগ করে আরো বলেন, চলতি বছরের ২ফেব্রুয়ারি বালাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা সহকারী ভূমি কমিশনারের নিকট লিখিত অভিযোগ দেই। অভিযোগের পরিপ্রেক্ষিতে বালাগঞ্জ থানার ওসি (তদন্ত) ঘটনাস্থলে গিয়ে আমার জবানবন্দি রেকর্ড করেন। এলাকার গণ্যমাণ্য ব্যাক্তিদের জিজ্ঞাসা করে বিভিন্ন তথ্য প্রমাণ সংগ্রহ করে অভিযোগের বিষয়ে সত্যতা পান। উভয় পক্ষকে সকল কাগজাদি নিয়ে থানায় যাওয়ার কথা বলেন। থানায় উভয় পক্ষের উপস্থিতিতে এবং এলাকার গন্যমান্য ব্যাক্তিদের মাধ্যমে এই সিদ্ধান্ত হয় যে, সরকারি সার্ভেয়ার দিয়ে গোপাটের সীমানা নির্ধারণ করতে হবে। সীমানা নির্ধারণের বিষয়য়ে ৩শ টাকা মূল্যের স্ট্যাম্পে দুই পক্ষের লিখিত অঙ্গিকারসহ স্বাক্ষর দিতে হবে।

দখলদাররা এ সিদ্ধান্ত মেনে নিলেও পরবর্তী সময়ে সালিশগণের মাধ্যমে তারা মনগড়া কিছু শর্ত জুড়ে দেয়। তাদের শর্তমতে না হলে সরকারি সার্ভেয়ার দিয়ে গোপাটের সীমানা নির্ধারণ করা হলেও তা তারা মানবে না। তাদের এমন অনৈতিক কর্মকান্ডে আমরা বারবার ক্ষতির সম্মুখীন হচ্ছি। অন্যদিকে তারা আমি ও আমার পরিবারের সদস্যদের নামে মিথ্যা বানোয়াট ও সাজানো মামলায় ফাঁসানোর অপচেষ্টায় লিপ্ত রয়েছে।

বর্তমানে দখলদারদের হুমকিতে আমিও আমার পরিবারের সদস্যরা জানমালের নিরাপত্ত্বা নিয়ে শঙ্কিত রয়েছি। তারা আমাদেরকে প্রাণনাশের ও গুমের হুমকি দিচ্ছে। এমতাবস্থায় আমি ও আমার পরিবারের নিরাপত্তার বিষয়ে প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, গোড়াপুর গ্রামের সজন মিয়া, চরসুবিয়া গ্রামের দিলাল মিয়া ও গহরমলি গ্রামের মনু মিয়া প্রমুখ।

সংবাদ সম্মেলন: চা-শিল্পে সংকটের সমাধান চান বাগানমালিকরা

0

আধুনিক ডেস্ক:

চা-শিল্প কঠিন সময় অতিক্রম করছে। এই শিল্পকে টিকিয়ে রাখা নিয়ে সংশয়ে রয়েছেন বাগানমালিকরা। রবিবার সিলেট নগরের একটি অভিজাত হোটেলে চা-বাগান মালিকদের পক্ষে সংবাদ সম্মেলনে এমন উদ্বেগের কথা জানালেন প্যারাগন গ্রুপ টি-স্টেটের উপদেষ্টা, কালিকাবাড়ি ও ম্যাকসন ব্রাদার্স টি-স্টেটের ডিরেক্টর মুফতি এম হাসান।

টি প্ল্যান্টার্স সিলেট ডিভিশন আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, চা-শিল্প বাংলাদেশের অন্যতম প্রাচীন শিল্প। রপ্তানিমুখর শিল্প হিসেবে ঐতিহ্যগতভাবে এ শিল্প আমাদের অর্থনীতিতে বিশেষ ভূমিকা পালন করেছে। অভ্যন্তরীণ চাহিদা বৃদ্ধির কারণে রপ্তানি হ্রাস পেলেও এ শিল্প জাতীয় অর্থনীতিতে বিশেষ অবদান রাখছে।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, চা-শিল্পের উপর কয়েক লক্ষ শ্রমিক, কর্মচারীর জীবন জীবিকা নির্ভরশীল। পরোক্ষভাবে আরো কয়েক লক্ষ লোক চা-শিল্পের মাধ্যমে জীবিকা নির্বাহ করে থাকেন। বর্তমানে চা-শিল্প কঠিনতম পরিস্থিতিতে নিমজ্জিত যা এই শিল্পের টিকে থাকার ভিত নাড়িয়ে দিচ্ছে।

উৎপাদন মূল্যের চেয়েও চা-নিলাম মূল্য কম বলে উল্লেখ করে মুফতি এম হাসান বলেন, বাগানের রোগবালাই দমনে ব্যবহৃত ঔষধ, সার এবং বিভিন্ন পণ্যের দাম বেড়ে যাওয়ায় উৎপাদন খরচ কয়েকগুণ বেড়েছে কিন্তু নিলামমূল্য তার চেয়েও বেশি মাত্রায় কমেছে। ভালো মানের চা ২২০ টাকা বা এর চেয়ে কিছু বেশি দামে বিক্রি হলেও উৎপাদন খরচ এর চেয়ে বেশি ছিলো। এর বিপরীতে বর্তমানে নিলামমূল্য ১৭০ টাকা ১৭৫ টাকা থেকে নেমে ১০০ বা ১১০ টাকায় এসেছে। এমনকি ১০০ টাকার নিচেও নিলামে বিক্রি হচ্ছে। চায়ের এই নিলামমূল্য দিয়ে লাভের প্রশ্নই উঠে না, উৎপাদন খরচও বহন করা কোনোভাবে সম্ভব নয়।

তিনি এ জন্য দেশের বাইরে থেকে চোরাই পথে নিম্নমানের চা আসা, অপরিকল্পিত পদ্ধতিতে পঞ্চগড় এলাকায় নিম্নমানের চা-উৎপাদন এবং আইন-বিধি না মেনে সেখানেই সরাসরি ফ্যাক্টরি থেকে চা-বিক্রয়; মজুরি, তেল, রেশন, ঔষধ (এগ্রো ক্যামিকেল) ও বিভিন্ন পণ্যের দাম বেড়ে যাওয়া; কয়েকটি বড় প্যাকেটিয়ার দ্বারা নিলাম বাজার নিয়ন্ত্রণ ও ব্যাংক ঋণ পরিশোধের উচ্চ হারকে দায়ী করেন।

এসকল সমস্যার দ্রুত সমাধান নাহলে অনেক বাগান বন্ধ হয়ে যাবে এবং চা-শিল্প ধ্বংসের মুখে পতিত হবে বলে সংবাদ সম্মেলনে শঙ্কা প্রকাশ করা হয়। সমস্যা সমাধানের লক্ষ্যে কেজি প্রতি চায়ের নিম্নতম মূল্য ৩৫০-৪০০ টাকা নির্ধারণ, চোরাই পথে চা-আসা বন্ধে পদক্ষেপ গ্রহণ, ছোট কোম্পানি বা বাগানকে প্যাকেজিংয়ের জন্য আর্থিক সহায়তা প্রদানসহ বিভিন্ন বাগানবান্ধব সুবিধা দেওয়ার প্রস্তাব দেওয়া হয়।

চা-বাগান মালিকদের পক্ষে উপস্থিত ছিলেন ম্যাকসন গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ খছরুজ্জামান, রেহানা চা-বাগানের পরিচারক শফিকুল বারী, খাদিম চা-বাগানের জেনারেল ম্যানেজার নোমান হায়দার, মালনি ছড়া চা-বাগানের ম্যানেজার আজম আলী, মাথিউরা ও মুমিন ছড়া চা-বাগানের ম্যানেজার রুকন উদ্দিন খান, এম আহমদ টি অ্যান্ড ল্যান্ড কোম্পানির জেনারেল ম্যানেজার সৈয়দ মহিউদ্দিন, এম আহমদ গ্রুপের পরিচালক সাজিদ চৌধুরী প্রমুখ।

উপশহরে একাধিক অটোরিকশায় বাসের ধাক্কা : ১০ যাত্রী আহত

0

আধুনিক রিপোর্ট:

সিলেট মহানগরীর উপশহরে অন্তত ৬ টি সিএনজি চালিত অটোরিকশাকে ধাক্কা দিয়েছে একটি বাস। এতে করে অটোরিকশাগুলোতে থাকা মহিলা সহ অন্তত ১০ জন যাত্রী আহত হয়েছেন। আহতদের স্থানীয়রা উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছেন। রোববার দুপুর বারোটার দিকে এই ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সুত্রে জানা যায়, রোববার দুপুর বারোটার দিকে মেন্দিবাগ পয়েন্টে একটি বাস (ঢাকা মেট্রো ১১-১৫৮০) বেপরোয়া গতিতে এসে পাঁচ থেকে ছয়টি সিএনজি চালিত অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে করে সিএনজি চালিত অটোরিকশাগুলো ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি গাড়িতে থাকা মহিলা সহ অন্তত ১০ জন যাত্রী আহত হয়েছেন। ঘটনার পর পরই বাসের চালক পালিয়ে গেছে।

এবিষয়ে সোবহানীঘাট পুলিশ ফাঁড়ি ইনচার্জ কাজী রিপন সরকার বলেন, বাসের চালক মনে হয় ভুল করে ব্রেকে চাপ দিতে গিয়ে এস্লেটারে চাপ দিয়ে দেয়। এতে করে বাসটি কন্ট্রোল করা সম্ভব হয় নি।

তিনি বলেন, এই ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন বলে জানা গেলেও ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে একজন চিকিৎসাধীন রয়েছেন। বাকীরা নগরীর প্রাইভেট হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

বালাগঞ্জে অবৈধভাবে বিল সেচ, ধ্বংস হচ্ছে দেশীয় মাছ, কৃষকেরা সংকিত

0

বালাগঞ্জ প্রতিনিধি:

সিলেটের বালাগঞ্জ উপজেলার সদরের ঘোরাপুর হাওরের পাশের সরকারের লিজকৃত ঝড়ঝড়ি জলমহল সেচ করে মাছের বংশ নির্বংশ করার খবর পাওয়া গেছে। বেশ কিছুদিন থেকে প্রকাশ্য এলাকার কিছু চিহ্নিত সংঘবদ্ধ কুচক্রী মহল অবৈধ এই কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। পানি শুকিয়ে মাছ ধরা এবং জলমহাল সাব-লিজের ক্ষেত্রে নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও সরকারী আইনকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে একটি মহল এসব অবৈধ কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। ফলে একদিকে দেশীয় মাছ বিলুপ্তির পথে অপর দিকে চলতি বোরো মৌসুমে পর্যাপ্ত পানি না থাকায় সেচ কার্যক্রম ব্যহত হচ্ছে।

১০ ফেব্রুয়ারি (শনিবার ) সরজমিনে গিয়ে দেখা যায় উপজেলা সদরের নারায়নপুর মৌজার (ঝড়ঝড়ি) বিলের পাড়ে নিয়ম বহির্ভূতভাবে কয়েকটি বড় বড় সেচ পাম্প বসিয়ে কয়েকদিন থেকে ঝড়ঝড়ি বিল প্রায় শুকিয়ে ফেলা হয়েছে। বিলের পাশে প্রায় ৪০ একর জমিতে বোরো ধান রোপন করেছেন কৃষকেরা। বিল শুকিয়ে ফেলায় কৃষকের মাথায় হাত!

এ ব্যাপারে স্থানীয় কৃষক লকুছ মিয়া বালাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ বলা হয়েছে, প্রভাবশালী মহল গেল দুই বছর থেকে অদ্যাবদি বিল সেচের কার্যক্রম চালিয়ে আসছে। যার ফলে বোরো ধানের পরিচর্যার জন্য পানি পাওয়া যায় না, এতে ফসলের ব্যাপক ক্ষতিসাধন হওয়ার সম্ভাবনা রয়েছে। অভিযোগকারী লকুছ মিয়া প্রভাবশালীদেরকে গেল দুইবছরের ন্যায় এবারও পানি সেচ করতে বাধা দিতে গেলে মারপিট এবং হত্যার হুমকি প্রদান করেছেন স্থানীয় গহরমলি (রহমতপুর) গ্রামের বুদু মিয়া, জলিল মিয়া, আরশ আলী, ইউনুছ মিয়া।

লকুছ মিয়া বলেন, ঝড়ঝড়ি বিলের পাশে প্রায় ৪০ একর জমিতে বোরো ধান রোপন করেছেন আমার মত শত কৃষক। মাছ-পানি খেকোরা যদি সেচ কাজ বন্ধ না করে তবে অসহায় কৃষকদের ফলানো সোনালী ফসল পানির অভাবে ধ্বংস হয়ে যাবে। এবিষয়ে স্থানীয় প্রশাসন সুদৃষ্টি কামনা করেন তিনি।

এসব অবৈধ কর্মকান্ডের বিরুদ্ধে জোরালো কোন পদক্ষেপ না নেয়ায় জলাশয় শুকিয়ে মাছ আহরণ ও মাছের বংশ ধ্বংস করেই যাচ্ছে এক শ্রেনীর অমৎস্যজীবি মানুষ। ফলে দেশীয় মাছের বিভিন্ন প্রজাতি ক্রমেই হারিয়ে যাচ্ছে এ জলাশয় থেকে। প্রতি বছরই জলাশয় শুকিয়ে মৎস্য আহরণের ঘটনা ঘটেই চলেছে। জলাশয় শুকিয়ে মৎস্য আহরণ করলে একদিকে যেমন মাছের বংশ ধ্বংস হচ্ছে, অন্যদিকে আশাপাশের বোরো ফসলে পানি সেচের সংকট সৃষ্টি হচ্ছে। পানি শুকিয়ে মাছ ধরা এবং জলমহাল সাব-লিজের ক্ষেত্রে নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও সরকারী আইনকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে একটি মহল এসব অবৈধ কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে।

জানা যায়, ১৪৪৪ থেকে ১৪৪৯ বাংলা ৬ বছরের জন্য বালাগঞ্জ উপজেলার সবুজ বাংলা মৎস্যজীবী সমবায় সমিতির সভাপতি মাহবুব আলম তুহিন সরকারীভাবে লিজ নিলেও মূলত একই উপজেলার অমৎস্যজীবি বুদু মিয়া গং নামের একদল প্রভাবশালী একটি সংঘবদ্ধ চক্র জলমহলটি ফিশিং করছে। নিয়ম বহির্ভূতভাবে পানি সেচের বিষয়টি মাহবুব আলম তুহিনের সাথে যোগাযোগ করা হলে বিষয়টি প্রথমে অস্বীকার করলেও পরে তিনি আর ফোন রিসিভ করেন নি।
এব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মারিয়া হক অভিযোগের বিষয়টি সত্যতা নিশ্চিত করে বলেন, বিষয়টির দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।