Home Blog Page 222

বিপিএলে তামিমের ছক্কার সেঞ্চুরি

0

স্পোর্ট ডেস্কঃ

তামিম ইকবালের ব্যাটে চার-ছক্কার বন্যা দেখা যায়নি দীর্ঘদিন। এবার অভাব পূরণ করে দিলেন দেশসেরা এই ওপেনার।

বেদম পিটিয়ে তুলে নিলেন দারুণ এক ফিফটি। সেই সঙ্গে বিপিএলে প্রথম বাংলাদেশি ব্যাটার হিসেবে ছক্কার সেঞ্চুরিও পেয়ে গেছেন এই বাঁহাতি ব্যাটার।
আজ চট্টগ্রামে দিনের প্রথম ম্যাচে দুর্দান্ত ঢাকার মুখোমুখি হয় ফরচুন বরিশাল। আগে ব্যাট করতে নামা বরিশালকে দারুণ শুরু এনে দেন ওপেনার তামিম। খেলেন ৪৫ বলে দলীয় সর্বোচ্চ ৭১ রানের ইনিংস। যা ৭টি চার ও ৪টি ছক্কায় সাজানো। তাতেই বিপিএলে ছক্কার সেঞ্চুরি হয়ে যায় তার।

আজ ঢাকার বিপক্ষে প্রথম ছয় মেরেই ছক্কার সেঞ্চুরি স্পর্শ করেন তামিম। ৯৭ ইনিংসে তার মোট ছক্কা এখন ১০৩টি। তার আগে টুর্নামেন্টের ইতিহাসে প্রথম ব্যাটার হিসেবে ছক্কার সেঞ্চুরি করার কীর্তি গড়েছিলেন ক্রিস গেইল। ক্যারিবীয় ‘ব্যাটিং দানব’ ৫২ ইনিংসে ১৩৭টি ছক্কা হাঁকিয়েছিলেন।

বিপিএলে সবচেয়ে বেশি ছক্কা হাঁকানোর তালিকায় তামিমের পরে আছেন মুশফিকুর রহিম ও ইমরুল কায়েস। দুজনেরই ছক্কার সংখ্যা ৯৭টি। এছাড়া নব্বইয়ের বেশি ছক্কা আছে মাহমুদউল্লাহ রিয়াদেরও। ১০৭ ইনিংসে তিনি ৯৪টি ছক্কা হাঁকিয়েছেন।

এদিকে তামিমের বিধ্বংসী ব্যটিংয়ে ভর করে আজ ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৮৬ রান করে বরিশাল। জবাবে ৮ উইকেটে ১৫৯ রান তুলতে পারে ঢাকা। ফলে বরিশাল জয় প্রায় ২৭ রানে। ম্যাচ সেরা নির্বাচিত হন দলটির অধিনায়ক তামিম।

তামিমের ঝুলিতে বিপিএলের আরও কয়েকটি রেকর্ড আছে। টুর্নামেন্টের ইতিহাসে সবচেয়ে বেশি রান (৩২০৩) ও ফিফটির (২৬টি) রেকর্ড তো আছেই, সবচেয়ে বেশি সেঞ্চুরির তালিকাতেও যৌথভাবে দ্বিতীয় সেরা (২টি) তিনি। সবচেয়ে বেশি সেঞ্চুরির মালিক ক্রিস গেইল (৫টি)। ২টি করে সেঞ্চুরি আছে জনসন চার্লস, এভিন লুইস, আন্দ্রে ফ্লেচারেরও।

হৃদয়ের দুর্দান্ত ব্যাটিংয়ে খুলনাকে হারালো কুমিল্লা

0

স্পোর্ট ডেস্ক

খুলনা টাইগার্সের হয়ে বড় রান করতে পারলেন না কোনো ব্যাটারই। কিন্তু তবুও তারা পেলো লড়াই করার মতো পুঁজি।

ব্যাটিংয়ে নামার পর কুমিল্লাকে শুরুতে চাপেও রেখেছিল তারা। কিন্তু তাওহীদ হৃদয়ের আরও এক দুর্দান্ত ইনিংসে শেষ হয়ে যায় সব আশা।
মঙ্গলবার জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে খুলনা টাইগার্সকে ৭ উইকেটে হারিয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। শুরুতে ব্যাট করে ৮ উইকেট হারিয়ে ১৬৪ রান করে খুলনা। রান তাড়ায় নেমে ২২ বল হাতে রেখেই জয় পায় কুমিল্লা। ৯ ম্যাচে সাত জয় পেয়েছে কুমিল্লা। ৯ ম্যাচ খেলে খুলনার জয় চারটি।

টস জিতে ব্যাট করতে নামা খুলনার ইনিংস ছিল অনেকটা ‘দশে মিলে করি কাজ’ এর মতো। দলের পক্ষে সর্বোচ্চ ২০ বলে ৩৬ রান আসে এভিন লুইসের ব্যাট থেকে। তবুও দলের রান ছাড়িয়ে যায় দেড়শ।

আরও তিন ব্যাটার ২০ পেরোন। ৩৩ বলে ২৯ রান করেন আফিফ হোসেন। এছাড়া ১৯ বলে ২৯ রান আসে মাহমুদুল হাসান জয়ের ব্যাটে, ১১ বলে ২০ রান করেন ওয়েন পারনেল। কুমিল্লার হয়ে দুটি করে উইকেট নেন মঈন আলি ও ম্যাথু ফোর্ড। এছাড়া একটি করে উইকেট নেন আলিস আল ইসলাম ও মোস্তাফিজুর রহমান।

রান তাড়ায় নেমে শুরুতে কিছুটা বিপদেই পড়েছিল কুমিল্লা ভিক্টোরিয়ান্স। ৪৪ বানে তারা হারিয়ে ফেলে দুই ওপেনারকে। ৪ বলে ২ রান করে লিটন দাস ও ১০ বলে ১৮ রান করে আউট হন উইল জ্যাকস। তবে এরপরই দলের হাল ধরেন তাওহীদ হৃদয় ও জনসন চার্লস। ইনিংস অবশ্য বড় করতে পারেননি চার্লস। ৮ বলে ১৩ রান করে আউট হয়ে যান তিনি।

তবে শেষ অবধি অপরাজিত থাকেন তাওহীদ হৃদয়। সেঞ্চুরির পর শূন্য রানে গত ম্যাচে আউট হয়ে গিয়েছিলেন তিনি। খুলনার বিপক্ষে হয়তো লক্ষ্যে রানটা আরেকটু বেশি না হওয়ার আফসোসই করছেন হৃদয়। শেষ অবধি ৪৭ বলে ৯১ রান করে অপরাজিত থাকেন হৃদয়। ৭টি করে চার ও ছক্কা হাঁকিয়েছেন তিনি। আর ৩১ বলে ৪০ রান করা জাকের আলি ছিলেন তার জয়ের মুহূর্তের সঙ্গী।

সংবাদ সম্মেলনে সামসুন্নেহার স্বামীর সম্পদ থেকে বঞ্চিত, মামলায় জর্জরিত

0

আধুনিক ডেস্ক:
সিলেটে সৎপূত্রদের অপতৎপরতা ও অত্যাচারে স্বামীর সম্পদ থেকে বঞ্চিত এক মুক্তিযোদ্ধার স্ত্রী মানবেতর জীবন-যাপন করছেন। মিথ্যা অভিযোগে দায়েরকৃত মামলা ও হামলায় তিনি এবং তার পক্ষের লোকজনের জীবন অতিষ্ঠ।

বুধবার দুপুরে সিলেট জেলা প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন নগীরর সুবিদবাজারের বনকলাপাড়াস্থ ৭৮ নূরানী আবাসিক এলাকার বীরমুক্তিযোদ্ধা ও সরকারি চাকরিজীবী মরহুম সৈয়দ তছির আহমদের তৃতীয় স্ত্রী সমছুন্নেহার সমছুন। সংবাদ সম্মেলনে তার পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন তার সৎপূত্র সৈয়দ আবু নাঈম আজাদ।

তিনি বলেন, আমার আরও দু’জন সতিন ও তাদের সন্তান আছে। এরমধ্যে বড় সতিন যুক্তরাষ্ট্র প্রবাসী রুনি বেগম চৌধুরী ও তার দুই ছেলে ও এক মেয়ে যুক্তরাষ্ট্র প্রবাসী সৈয়দ আবুল হাসনাত আজাদ ও সৈয়দা লাকি এবং যুক্তরাজ্য প্রবাসী সৈয়দ এনামুল আজাদ জাকির ও সৈয়দ আব্দুস সামাদ আজাদ, আমি ও আমার সন্তানকে স্বামীর সম্পদ থেকে বঞ্চিত করতে নানা ষড়যন্ত্রে লিপ্ত। আমার মেজো সতিনের ছোটো ছেলে সৈয়দ আবু নাঈম আজাদ আমার পক্ষে থাকায় তারা তাকে নিবৃত্ত করার চেষ্টা করে ব্যর্থ হয়ে মেজো সতিন, তার ছোটো ছেলে নাঈম ও মেজো ছেলে ফাহিমকে আসামি করে জালিয়াতির মামলা দায়ের করেছিলেন। মামলটি তদন্ত শেষে আদালত খারিজ করে দেন।

পিবিআই প্রতিবেদনে আমার স্বামীর উত্তরাধিকারী হিসাবে আমি ও আমার মেয়েসহ ১৫জন বলে উল্লেখ করে। ২০১৭ সালে সমাজসেবা অফিসে অসত্য তথ্য দিয়ে আমার পাওয়া মুক্তিযোদ্ধা ভাতা স্থগিত করায় তারা। তবে তদন্ত শেষে ৩ সতিনের মধ্যে সমানভাবে ভাতার টাকা বন্টন করে হয়। কিন্তু আমার স্বামীর পেনশনের টাকা ও বাড়ির ন্যায্য অংশ থেকে আমরা বঞ্চিত। মেজো সতিনের বড় ছেলে শাহীন আজাদ খোকনকে তারা অর্থ দিয়ে আমাদের বিপক্ষে লেলিয়ে দিয়েছে।

সে বাদি হয়ে ২০২৩ সালে আমি ও আমার মেয়েকে আসামি করে সিলেটের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালতে (বিয়ানীবাজার) একটি মামলা (নং ৮৮/২৩) দায়ের করে। মামলাটি তদন্ত শেষে আদালত খারিজ করে দেন। সে তার সহোদর নাঈমের বিরুদ্ধে জালিয়াতির মামলাও (নং ৪/২৩) দায়ের করে। এই মামলা তদন্তের দায়িত্ব পায় সিআইডি। তদন্ত কর্মকর্তা অতীতের সব কাগজপত্র প্রমাণাদি দেখেও আমাদের বঞ্চিত করে নাঈমের বিপক্ষে প্রতিবেদন দাখিল করেন। টাকার কাছে ওই তদন্ত কর্মকর্তা তার বিবেক বিক্রি করে দিয়েছেন বলে জানতে পেরেছি। নইলে দু’দুটি পিবিআই’র প্রতিবেদন ও সমাজসেবা অফিসের তদন্তে প্রমানিত সত্যে বিরুদ্ধে তিনি কিভাবে এমন প্রতিবেদন দেন? এই মামলায় নাঈম গ্রেফতার হয় এবং ১ মাস ১৮ দিন পর সে জামিনে বের হয় ১ ফেব্রুয়ারি।

সেদিন নাঈমের মা ও বোন রুজিনার উপর ৫নং বারের সামনে খোকন চড়াও হয়। তার সঙ্গে ছিলেন জাহেদুল আজাদ জুয়েল, মাহবুবুল আজাদ লিটন ও শাহিন আহমদ। তারা ৩ মাসের গর্ভবতি রুজিনার পেটে লত্থি ও কিল ঘুষি মারে। রুজিনাকে হাসপাতালে ভর্তি করা হলে ডাক্তাররা জানান, তার গর্ভের সন্তান নষ্ট হয়ে গেছে। এ ব্যাপারে গত ৫ ফেব্রুয়ারি খোকনের মা সাহেনা বেগম (৬০) নিজে বাদি হয়ে সিলেট মহানগর ম্যাজিস্ট্রেট ১ম আদালতে একটি মামলা (নং কোতোয়ালি সিআর, ১১৬/২০২৪) দায়ের করেছেন। এতেও ক্ষান্ত হয়নি খোকন। গত ৮ ফেব্রুয়ারি অপর একটি মামলায় হাজিরা দিতে এলে ৫নং বার হলের সামনে আবারও নাঈমের উপর চড়াও হয়। এ ব্যাপারেও জিডি করা হয়েছে।

তিনি বলেন, এর বাইরেও আমাদের নামে মিথ্যা অভিযোগে অন্তত ১৯/২০টা মামলা দিয়ে অযথা হয়রানি করা হচ্ছে। পাশাপাশি আমাদের হত্যার হুমকিও দেয়া হচ্ছে। আমার মেয়ে রুজিনার নামে মিথ্যা ফেসবুক আইডি খুলে নানা অসম্মানজনক পোস্টও দিচ্ছে তারা।

তিনি এসব ব্যাপারে ন্যায় বিচার দাবি করেছেন। পাশাপাশি রুনি চৌধুরী ও তার দুই ছেলে এবং খোকনকে ভাইয়ে ভাইয়ে হানাহানি, মামলা দিয়ে হয়রানি থেকে বিরত থাকারও আহ্বান জানান।

সংবাদ সম্মেলনে তার মেয়ে এবং ভাগ্না ময়না মিয়া উপস্থিত ছিলেন।

ভালোবাসা দিবসে এলো ‘দরদ’র ফার্স্ট লুক পোস্টার

0

বিনোদন ডেস্কঃ

ঢালিউডের সুপারস্টার শাকিব খান অভিনীত প্রথম প্যান-ইন্ডিয়ান সিনেমা ‘দরদ’। অনন্য মামুন পরিচালিত সিনেমাটিতে এই নায়কের বিপরীতে অভিনয় করেছেন বলিউড অভিনেত্রী সোনাল চৌহান।

ভালোবাসা দিবস উপলক্ষে ফেব্রুয়ারিতে মুক্তি পাওয়ার কথা থাকলেও তা পিছিয়ে যায়। তবে ভক্তদের হতাশ না করে আজ ভালোবাসা দিবসে প্রকাশ্যে এসেছে সিনেমাটির ফার্স্ট লুক পোস্টার।
বেলা সড়ে ১১টায় দরদের ফার্স্ট লুক প্রকাশ্যে আসার পরই রীতিমতো ভাইরাল। ফার্স্ট লুকে নতুনত্ব না থাকলেও শাকিব খানের ক্ষিপ্র দৃষ্টি নজর কেড়েছে। হাত ও মুখমণ্ডলে তাজা রক্তের মাখামাখির সঙ্গে তার চোখে যেন আগ্নেয়গিরির উত্তাপ।

ভালোবাসার দিনে ফেসবুকে ফার্স্ট লুকের মন্তব্যের ঘরে ভালোবাসায় ভরিয়ে দিচ্ছেন শাকিবিয়ানরা। কেউ জানিয়েছেন, শুভকামনা। আবার কেউ লেখেন, ‘মুখিয়ে আছি, তর সইছে না। ’

সাইকো থ্রিলার গল্পের সিনেমা ‘দরদ’। গত বছর শুরু হয় এর দৃশ্যধারণের কাজ। বাংলা, হিন্দি, তামিল, তেলেগু, মালায়লাম, কন্নড় ছয়টি ভাষায় মুক্তি পাবে সিনেমাটি।

অনন্য মামুন পরিচালিত ‘দরদ’ সিনেমাটি যৌথভাবে প্রযোজনা করছে ভারতের এসকে মুভিজ, ওয়ান ওয়ার্ল্ড মুভিজ, বাংলাদেশের অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট ও কিবরিয়া ফিল্মস। এতে শাকিব-সোনাল ছাড়াও অভিনয় করছেন শহীদুজ্জামান সেলিম, পায়েল সরকার, রাজেশ শর্মা, মিশা সওদাগর, এলিনা শাম্মী, জেসিয়া ইসলাম, রাহুল দেব প্রমুখ।

সংরক্ষিত নারী আসন : রুমা চক্রবর্তী পেলেন এমপির মনোনয়ন

0

আধুনিক ডেস্ক:

দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে সিলেট থেকে মনোনয়ন পেয়েছেন বীর মুক্তিযোদ্ধা রুমা রায় চৌধুরী ওরফে রুমা চক্রবর্তী।

বুধবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের চূড়ান্ত হওয়া ৪৮ জন নারীর নাম ঘোষণা করেন।

সিলেট থেকে দলটির মনোনয়ন পেয়েছেন বিয়ানীবাজার উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ও সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা রুমা রায় চৌধুরী (রুমা চক্রবর্তী)।

রুমা চক্রবর্তী১৯৫৬ সালের ৫ মার্চ সিলেটের বিশ্বনাথ উপজেলার কালিগঞ্জের মৌজপুর গ্রামের জন্মগ্রহণ করেন। তিনি বাবা রবীন্দ্র রায় চৌধুরী ও মা সরুজু বালা রায় চৌধুরীর পাঁচ কন্যার মধ্যে চতুর্থ। বাবা বরীন্দ্র রায় চৌধুরী সিলেট পৌরসভায় ১৯৫৬ সাল পর্যন্ত (আমৃত্যু) এম. বি. ডাক্তার হিসেবে কর্মরত ছিলেন। অবিভক্ত ভারতে কাকা (চাচা) গিরিন্দ্র রায় চৌধুরী নেতাজী সুভাস চন্দ্র বসুর ফরওয়ার্ড ব্লকে যোগদান করেন। গোপন বিপ্লবী আন্দলনের সাথে যুক্ত থাকা অবস্থায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর তিনি নিখোঁজ হন।

রুমা চক্রবর্তী একাত্তরে স্কুল ছাত্রী ছিলেন। দেশের টানে ঝাঁপিয়ে পড়েন মুক্তিযুদ্ধে। ঢাকা বিশ্ববিদ্যালয় চত্বরে অস্ত্র প্রশিক্ষণ নেন তিনি। এছাড়া আহত মুক্তিযোদ্ধাদের চিকিৎসা সেবা প্রদানের জন্য আগে থেকেই নিজেকে তৈরি করেন এই সাহসী নারী।

বিয়ের পর থেকে তিনি রুমা চক্রবর্তী হিসেবে পরিচিত। মুক্তিযুদ্ধ শুরুর সময় নবম শ্রেণির ছাত্রী ছিলেন রুমা রায়। তিনি ঢাকায় বড় বোনের বাসায় থেকে পড়াশোনা করার কারণে তৎকালীন আন্দোলন-সংগ্রামের সাথে জড়িয়ে পড়েন।

রুমা মিরপুর হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা সেবার প্রশিক্ষণ নেন। এছাড়া মুক্তিযুদ্ধের জন্য প্রস্তুতি হিসেবে ঢাকা চিকিৎসা মহাবিদ্যালয়েও নার্সিং প্রশিক্ষণ নিয়ে সহকারী সেবিকা হিসেবে কাজ শুরু করেন। পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হলে এবং বিশ্ববিদ্যালয় চত্বরে কাঠের বন্দুক নিয়ে প্রশিক্ষণ নেন কিশোরী রুমা রায়।

মির্জা ফখরুল-খসরুর জামিন ও কারামুক্তিতে বাধা নেই

0

আধুনিক ডেস্ক:

বিএনপির মহাসমাবেশ চলাকালে সংঘর্ষের সময় প্রধান বিচারপতির বাসভবনে হামলা ও নাশকতার অভিযোগে রমনা থানার মামলায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলটির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীর জামিন মঞ্জুর করেছেন আদালত।

বুধবার ঢাকা মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক ফয়সাল আতিক বিন কাদেরের আদালত এ শুনানি এ আদেশ দেন।

এর আগে গত ৬ ফেব্রুয়ারি তাদের পক্ষে জামিনের আবেদন করেন তাদের আইনজীবী সৈয়দ জয়নাল আবেদীন মেজবাহ। তিনি বলেন, এর আগে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এই মামলায় তাদের জামিনের আবেদন নামঞ্জুর হয়। এই এক মামলায় জামিন পাওয়ায় তাদের কারামুক্ত হতে আর বাধা নেই।

জানা যায়, গত বছরের ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশ শুরুর আগে প্রধান বিচারপতির বাসভবনের সামনে গাছের ডাল ভেঙে ও হাতের লাঠি দিয়ে নামফলক, গেটে হামলা চালানো হয়। অভিযুক্তরা ভেতরে ইটপাটকেল ছুড়তে থাকেন। এ ঘটনায় মির্জা ফখরুলসহ বিএনপির ৫৯ নেতার বিরুদ্ধে রমনা থানায় মামলা করা হয়।

গত ২৯ অক্টোবর সকাল সাড়ে ৯টার দিকে গুলশানের বাসা থেকে মির্জা ফখরুলকে গ্রেপ্তার করে নিয়ে যায় গোয়েন্দা পুলিশ (ডিবি)। গত ২ নভেম্বর দিনগত রাত পৌনে ১টার দিকে গুলশানের বাসা থেকে আমীর খসরুকে আটক করে ডিবি পুলিশ। পরদিন ৩ নভেম্বর তার ৬ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

৯ নভেম্বর রিমান্ড শেষে তাকে কারাগারে পাঠানো হয়। এরপর থেকে তিনিও কারাগারে রয়েছেন। গ্রেপ্তারের পর মির্জা ফখরুলের বিরুদ্ধে ১১ মামলা ও আমীর খসরুর বিরুদ্ধে ১০ মামলা দায়ের করা হয়।

দু’টি কিডনিই নষ্ট, রুহেল বাঁচতে চায়

0

বালাগঞ্জ প্রতিনিধি:

সিলেটের বালাগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের জগৎপুর গ্রামের মৃত আব্দুল খালিকের কণিষ্ট পুত্র মো. রুহেল মিয়ার দু’টি কিডনি নষ্ট হয়ে গেছে। সে তিলকচাঁনপুর-আদিত্যপুর ইসলামিয়া মোহাম্মদিয়া আলিম মাদরাসার দশম শ্রেণির ছাত্র।

অর্থের অভাবে সঠিক চিকিৎসা করাতে পারছে না রুহেলের পরিবার। সে বর্তমানে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের বিশেজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে চিকিৎসা গ্রহণ করছে। বেশ কিছুদিন আগ থেকে অসুস্থতায় ভুগছিল সে। প্রায় মাসখানেক পূর্বে ডাক্তারের কাছে গেলে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে তার কিডনীর সমস্যা ধরা পড়ে। রুহেলের হত-দরিদ্র গরীব পরিবারের কৃষিজীবী বড় ভাইয়ের উপার্জনের উপর নির্ভরশীল।

রুহেলের অসহায় মা জমিরুন নেছা কান্নাজড়িত কণ্ঠে বলেন, কিডনী রোগের মতো জটিল রোগের চিকিৎসা করানোর সামর্থ আমাদের নেই। কৃষি কাজ দিনমজুরি করা আমার ছেলের উপার্জনের উপর আমরা নির্ভরশীল। এরমধ্যে আমিও অসুস্থ, আমার চিকিৎসা করাতেও প্রতিমাসে অনেক টাকা ব্যয় করতে হচ্ছে। তাই ছেলের সুচিকিৎসার জন্য সমাজের সামর্থবানদের কাছে আর্থিক সহযোগিতার আকুল আবেদন জানিয়েছেন রুহেলের মা।

অসুস্থ রুহেল আহমদ এই সুন্দর পৃথিবীতে বাঁচার আকুতি জানিয়েছে, সে সুস্থ হয়ে লেখাপড়া করতে চায়, সহপাঠীদের সাথে আবারো মাদরাসায় যেতে চায়।

তিলকচাঁনপুর-আদিত্যপুর ইসলামিয়া মোহাম্মদিয়া আলিম মাদরাসার অধ্যক্ষ আব্দুল জব্বার বলেন, রুহেলের অসুস্থতার বিষয়টি এখন জানতে পারলাম, আমরা তার পাশে দাঁড়ানোর চেষ্টা করবো।

বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি শামীম আহমদ বলেন, রুহেলকে নিয়মিত ডায়ালাইসিস করানোর জন্য চিকিৎসকরা জানিয়ে দিয়েছেন। কিন্তু, ব্যয় বহুল এই চিকিৎসায় রুহেলের পরিবার নিঃস্ব হতে চলেছে। দেশ ও প্রবাসের বিত্তবানরা মানবতার হাত প্রসারিত করে এগিয়ে আসলে ফুটফুটে একটি জীবন অকালে ঝরে যাওয়া থেকে বাঁচতে পারবে।

কেউ সাহায্য পাঠাতে চাইলে বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আ.হ ইমন শাহ্’র সাথে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছেন রুহেলের পরিবার। যোগাযোগ- আ.হ ইমন শাহ্ মোবাইল-০১৮১৬-৩৩২৬৮১।

দায়িত্ব গ্রহণের ১শ দিন, প্রথম ‘পাওয়ার প্লে’তে ছক্কা নেই সিসিক মেয়রের

0

আহমেদ সবুজ:

গেলো বছরের ৭ নভেম্বর ঘটা করে দায়িত্ব গ্রহণ করেন সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী। নগরভবনের চেয়ারে বসার ১শ দিন পূর্ণ হলো আজ। সাফল্য-ব্যর্থতা বিচার করার জন্য সময়টি নিতান্তই নগণ্য। তবে পাঁচ বছরের মেয়াদে প্রথম ১শ দিনকে একটি মাইলফলক হিসেবেই বিবেচনা করা হয়। সিসিকের ক্ষেত্রেও এর ব্যতিক্রম নয়।

সিটি কর্পোরেশনের ক্ষেত্রে সকল আলোর কেন্দ্রে থাকেন মেয়র। কথায় বলে, ‘মর্নিং শোজ দ্য ডে’ অর্থাৎ সকালটাই বলে দেয়, দিনটা কেমন যাবে। সেই হিসেবে মেয়রের ১শ দিনের বিচার-বিশ্লেষণ একটি ভিন্ন তাৎপর্য বহন করে। আনোয়ারুজ্জামানের দায়িত্ব গ্রহণের দুদিনের মাথায় সুখবর পান সিলেট নগরবাসী। ৯ নভেম্বর জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় সিসিক এলাকার উন্নয়নে ১ হাজার ৪শ কোটি ৫৯ লক্ষ টাকার অনুমোদন দেওয়া হয়।

মেয়র হিসেবে দায়িত্ব গ্রহণের পরপরই সামনে আসে দ্বাদশ জাতীয় নির্বাচন। সে নির্বাচনে ‘ম্যাজিক ম্যান’ হিসেবে আবির্ভূত হন সিটি মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী। তার প্রতি সাধারণের প্রত্যাশা আরও বেড়ে যায়। তবে এখন পর্যন্ত সে প্রত্যাশার পুরোটা মেটাতে পারেননি তিনি। সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে ফুটপাথ নিয়ে। দ্রুততম সময়ে ফুটপাথকে হকারমুক্ত করার ঘোষণা থাকলেও এর প্রতিফলন দেখতে পাননি নগরবাসী। তবে নগরের প্রধান সমস্য জলাবদ্ধতার নিরসনে মেয়র যে কাজ শুরু করছেন তার প্রমাণ মিলছে নগরের বিভিন্ন এলাকায় জোরেশোরে ড্রেন নির্মাণের কাজ থেকে। তবে এ জন্য ভোগান্তি পোহাতে হচ্ছে নগরবাসীকে। এ কারণে অনেকেই দায়ী করছেন পরিকল্পনার অভাবকে।

ক্রিকেটে যেমন পাওয়ার প্লেতে চমকে দিতে চান ব্যাটাররা তেমন চমক কিন্ত প্রথম ১শ দিনে দেখাতে পারেননি সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী। নিয়মিত উন্নয়ন কাজের মাধ্যমে ‘রানের চাকা’ সচল রাখলেও ‘চার-ছক্কা’ এখনও হাঁকাতে পারেননি আনোয়ারুজ্জামান। তবে তার ঘনিষ্টরা বলছেন, সামনে চমক আসছে।

বানসালির ছবিতে রামচরণ?

0

বিনোদন ডেস্কঃ


ব্লকবাস্টার ছবি ‘ ট্রিপল আর’ এরপর এবার নতুন কাজের কথা চলছে দক্ষিনী অভিনেতা রামচরণের। শোনা যাচ্ছে, আবারও একটি প্যান ইন্ডিয়া ছবিতে দেখা যাবে তাকে।সূত্রের খবর, তেলুগু সুপারস্টার আরও একটি বলিউড ছবিতে কাজ করতে চলেছেন, যার পরিচালনায় থাকছেন জনপ্রিয় পরিচালক সঞ্জয় লীলা বানশালি। যদিও এখনও কোনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি নির্মাতাদের তরফে।তবে সূত্রের খবর, নির্মাতাদের সঙ্গে কথাবার্তা চলছে অভিনেতার এবং ইতিমধ্যেই তারা চিত্রনাট্যও শুনে ফেলেছেন। শোনা যাচ্ছে, সঞ্জয় লীলা বানশালীর এই প্যান ইন্ডিয়া ছবি তৈরি হবে আমিশের বইয়ের ওপর ভিত্তি করে। তার জনপ্রিয় বই ‘দ্য লেজেন্ড অফ সুহেলদেব’-এর ওপর ভিত্তি করে তৈরি হবে ছবি।সূত্রের আরও খবর, ছবিতে রাজপুত যোদ্ধার চরিত্রে দেখা যাবে রামচরণকে, যার নাম সুহেলদেব বারহাজ। শোনা যাচ্ছে, খুব শিগগিরি এই ছবির ব্যাপারে আনুষ্ঠানিক ঘোষণা করবেন নির্মাতারা।এছাড়াও রাম চরণকে খুব দ্রুত দেখা যাবে ‘গেম চেঞ্জার’ ছবিতে। যেখানে তিনি অভিনয় করবেন আইএএস আধিকারিকের চরিত্রে। রামচরণ ছাড়াও এই ছবিতে আরো অভিনয় করছেন কিয়ারা আদভানী, অঞ্জলি, এসজে সুরিয়া, জয়ারাম, সামুতিরাকানি, সুনীল, শ্রীকান্ত ও নাসার সহ একাধিক তারকা।

মেডিকেলে ভর্তির ফল প্রকাশ, পাসের হার ৪৭.৮৩ শতাংশ

0

আধুনিক ডেস্ক:

দেশের সরকারি-বেসরকারি মেডিক্যাল কলেজে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের এমবিবিএস প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। এবারের ভর্তি পরীক্ষায় অংশ নিয়েছেন ১ লাখ ২ হাজার ৩৬৯ জন। পাস করেছেন ৪৯ হাজার ৯২৩ জন শিক্ষার্থী। পাসের হার ৪৭ দশমিক ৮৩ শতাংশ।

রোববার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের সভাকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে পরীক্ষার ফল ঘোষণা করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. সামন্ত লাল সেন।

গত ৯ ফেব্রুয়ারি ২০২৩-২৪ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ বছর ৩৭টি সরকারি মেডিক্যাল কলেজের ৫ হাজার ৩৮০টি আসনে এবং ৬৭টি অনুমোদিত বেসরকারি মেডিক্যাল কলেজের ৬ হাজার ২৯৫টি আসনে শিক্ষার্থী ভর্তি করা হবে।

‘বাংলাদেশ মেডিক্যাল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল’ কর্তৃক প্রণীত নীতিমালার শর্তানুযায়ী ভর্তি পরীক্ষার প্রাপ্ত নম্বর ও এসএসি/সমমান এবং এইচএসসি/সমমান পরীক্ষায় প্রাপ্ত জিপিএ হতে প্রাপ্ত নম্বর যোগ করে অর্জিত স্কোরের ভিত্তিতে মেধা ও পছন্দক্রম অনুযায়ী ৫ হাজার ৩৮০ জন পরীক্ষার্থীদের ৩৭টি সরকারি মেডিক্যাল কলেজে ভর্তির জন্য প্রাথমিকভাবে নির্বাচিত করা হয়েছে। তাদের মধ্যে মেধা কোটায় ৫ হাজার ৭২ জন, ৫ শতাংশ মুক্তিযোদ্ধা কোটায় ৫৬৯ জন ও পশ্চাদপদ জনগোষ্ঠীর জন্য সংরক্ষিত আসনের ৩৯ জন নির্বাচিত হয়েছে।