Home Blog Page 220

প্রেম-ভালোবাসা বলে কিছু নেই, এখন শরীরই সব : দেবলীনা

0

বিনোদন ডেস্কঃ

প্রেম-ভালোবাসা বলে কিছু নেই, এখন শরীরই সব : দেবলীনাভালোবাসা দিবসের আগেই প্রেম-ভালোবাসা নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন টলিউডের জনপ্রিয় অভিনেত্রী দেবলীনা দত্ত। তার মতে, এখনকার সময়ে প্রেম-ভালোবাসা বলে কিছু নেই, সবটাই শরীর-সর্বস্ব।

সম্প্রতি পহেলা ফাল্গুন, সরস্বতী পূজা ও বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে ভারতীয় একটি গণমাধ্যমের সঙ্গে কথা বলেন তিনি। সেখানে প্রেম ও ভালোবাসাকে সঙ্গায়িত করার পাশাপাশি নিজের প্রথম প্রেমের স্মৃতিচারণও করেন।

দেবলীনা বলেন, ‘আমার এলাকায় একজনের প্রেমে পড়েছিলাম। সেই ছেলেটিই ছিল আমার প্রথম প্রেমিক। তাকে মন দিয়েছিলাম। ৭ বছর সম্পর্কে ছিলাম। আমার পরিবার থেকেও এই সম্পর্কে সম্মতি ছিল। দশম শ্রেণিতে পড়ার সময় ওর সঙ্গে ভালোবাসা বিনিময় করি। কিন্তু এখন সে আমার অতীত।’

তিনি আরও বলেন, ‘প্রথম প্রেম বলে ভুলিনি। আমাদের এক অনাবশ্যক কারণে ভেঙে যায় সম্পর্ক। তবুও সেই সময়টা আজও ভুলতে পারি না। আসলে সময়টাই মনে থাকে, কিন্তু মানুষটা ফিকে হয়ে যায়।’

বর্তমান সময়ে সরস্বতী পূজা, ভালোবাসা দিবস— সবই বদলে গেছে জানিয়ে অভিনেত্রী বলেন, ‘এখনকার দিনের সরস্বতী পূজা কিন্তু আগের মতো নেই। সবকিছুই সোশ্যাল মিডিয়াকেন্দ্রিক। আমরা ছোটবেলায় এই বিশেষ দিনটির সারা বছর অপেক্ষা করতাম। শুধু তাই নয়, সারা বছর যার দিকে চোখ তুলে তাকাতে ইতস্ত বোধ করতাম, সরস্বতী পূজার দিন তার সঙ্গে একটু দৃষ্টি বিনিময় হবে— এই আশায় ৩৬৪ দিন অপেক্ষা করতাম। কিন্তু এখন তো প্রেম-ভালোবাসার সংজ্ঞাই বদলে গিয়েছে, এখন সবটাই শরীর-সর্বস্ব হয়ে গিয়েছে।’

বদলে যাওয়ার কারণ ব্যাখ্যা করে দেবলীনা বলেন, ‘এর কারণ মোবাইল ফোন। বর্তমানে ইন্টারনেটে এটা-ওটা সার্চ করে ছোট থেকেই নানা ধরনের কনটেন্ট দেখে ফেলছে তারা। এতে রোমান্সের পবিত্রতা কিংবা সারল্য হারিয়ে গেছে।’

ব্যক্তিজীবনে ভালোবেসে নির্মাতা তথাগত মুখার্জিকে বিযে করেন এই অভিনেত্রী। কিন্তু ২০২১ সালে গুঞ্জন ছড়ায়, অভিনেত্রী বিবৃতি চ্যাটার্জির সঙ্গে পরকীয়া সম্পর্কে জড়িয়েছেন তথাগত। এ নিয়ে তথাগতর সঙ্গে দাম্পত্য জীবনে টানাপড়েন তৈরি হয় দেবলীনার। বর্তমানে আলাদা বসবাস করলেও এখনও আনুষ্ঠানিক বিচ্ছেদ হয়নি এই তারকা দম্পতির।

মৌলভীবাজারে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

0

আধুনিক রিপোর্ট:

মৌলভীবাজারের রাজনগর উপজেলার ময়নাবাজার এলাকায় দুইটি সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চালকসহ তিনজন নিহত হয়েছেন। এ সময় গুরুতর আহত হয়েছেন চারজন। শুক্রবার বিকেল ৪টায় মৌলভীবাজার – সিলেট আঞ্চলিক মহাসড়কের ময়নার দোকান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, উপজেলার দাশটিলা গ্রামের বাছিত মিয়ার ছেলে অটোরিকশাচালক রাজু আহমেদ (২০) ও কুদ্দুস মিয়ার ছেলে সোহেল আহমদ (২২) এবং নাঈম আহমদ ফাহিম (২০) নামের আরেকজন।
আহতরা হলেন- দাশটিলা গ্রামের আমজাদ মিয়ার স্ত্রী সেনাই বেগম (৫০), তার দুই মেয়ে রিমা বেগম (১৫) ও পিমা বেগম (১২) এবং আরও একজন। তাদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ ও মৌলভীবাজার ২৫০ শয্যার হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নম্বরবিহীন দুটি অটোরিকশার একটি রাজনগরের দাশটিলা থেকে তারাপাশা এলাকায় ও অপরটি কলেজ পয়েন্ট থেকে দাশটিলা গ্রামে যাচ্ছিল। পথে উপজেলা ফায়ার সার্ভিস স্টেশনের পার্শ্ববর্তী মৌলভীবাজার-সিলেট আঞ্চলিক মহাসড়কের ময়নার দোকান এলাকায় পৌঁছালে মুখোমুখি সংঘর্ষ হয়। এ ঘটনায় ঘটনাস্থলে একজন ও হাসপাতালে নেওয়ার পথে দুজন মারা যান।

রাজনগর থানার ভারপ্রাপ্ত কমকর্তা (ওসি) আব্দুস ছালেক দুর্ঘটনায় হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

অমিতাভ কী ঘৃণা করেন, জানালেন তার নাতনি

0

বিনোদন ডেস্কঃ

বলিউড বিগবি অমিতাভ বচ্চন কী ঘৃণা করেন, তা জানালেন অভিনেতার মেয়ের ঘরের নাতনি।

নিজের পডকাস্ট শোতে নানার বিষয়ে সেই তথ্য ফাঁস করলেন শ্বেতা নন্দার মেয়ে নভ্যা নভেলি নন্দা।
তিনি জানালেন, বাড়ির মেয়েদের ছোট চুল একেবারেই পছন্দ করেন না তার নানা অমিতাভ বচ্চন।

ওই পডকাস্টে অমিতাভকন্যা শ্বেতাকে বলতে শোনা যায়, যৌবনে প্রায়শই চুল ছোট করতেন তিনি। তবে এতে তার বাবা মানে অমিতাভের অসম্মতি ছিল।

এ সময় নভ্যা চিৎকার করে বলে ওঠেন, “নানা এটা পছন্দ করেন না। তিনি এটাকে ঘৃণা করেন। এমনকি যখন আমি আমার চুল কাটতাম, সবসময় তিনি বলতেন, ‘তুমি এটা কেন করলে?’ উনি এটা ঘৃণা করেন। তিনি লম্বা চুল পছন্দ করেন। আমাদের কেউ চুল কাটলেই তিনি এটা পছন্দ করেন না। ”

চুল নিয়ে কথা উঠতেই ভাই অভিষেকের সঙ্গে লড়াই মনে পড়ে যায় শ্বেতা বচ্চনের। জানান কীভাবে একবার তার চুল মাথার মাঝখান থেকে কাঁচি দিয়ে কেটে দিয়েছিলেন জুনিয়ার বচ্চন। নভ্যাই তোলেন সেই প্রসঙ্গ।

বলেন, ‘মামা একবার তোমার চুল ছিঁড়ে নিয়েছিল না?’ জবাবে শ্বেতা বলেন, ‘ছিঁড়ে নিয়েছিল বলা ঠিক হবে না, কেটে দিয়েছিল’।

এরপর বিস্তারে বলেন সেদিনের ঘটনা। তাকে বলতে শোনা যায়, ‘মা-বাবা বাড়ি ছিল না। কিছু নিয়ে আমাদের মধ্যে তর্ক হয়। ওর হাতে কোথা থেকে একটা কাঁচি আসে। সেটা দিয়ে আমার মাথার মাঝখান থেকে চুল কেটে দিয়েছিল। ’

দাদা-দাদি ও মামা-মামীর মতো অভিনয় জগতে ক্যারিয়ার গড়তে চান না বচ্চনকন্যা শ্বেতা নন্দার মেয়ে নভ্যা নভেলি নন্দা। বড় ব্যবসায়ী হওয়াই তার লক্ষ্য। পাশাপাশি নানা ধরনের সামাজসেবামূলক কাজের সঙ্গেও যুক্ত তিনি।

এবার শোবিজে মেহজাবীনের বোন মালাইকা

0

বিনোদন ডেস্কঃ

এবার শোবিজে মেহজাবীনের বোন মালাইকামেহজাবীনের ছোট বোন মালাইকা
ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরীর। এবার তারই পথ অনুসরণ করলেন অভিনেত্রীর ছোট বোন মালাইকা চৌধুরী।

জানা গেছে, একটি বিজ্ঞাপনচিত্রের মাধ্যমে শোবিজে নাম লেখাচ্ছেন মালাইকা। বৃহস্পতিবার সামাজিকমাধ্যমে প্রকাশ করা হয়েছে ওই বিজ্ঞাপনচিত্র।

এদিকে, মালাইকার এই যাত্রায় অভিনন্দন জানিয়েছেন বড়বোন মেহজাবীন। নিজের ফেসবুকে বিজ্ঞাপনচিত্রটি শেয়ার করে তিনি লিখেছেন, মালাইকা চৌধুরী, তোমার ডেব্যু হলো বিজ্ঞাপনচিত্র দিয়ে। অভিনন্দন রইল।

মেহজাবীনের একনিষ্ঠ ভক্তদের সঙ্গে অবশ্য মালাইকার পরিচয় আগে থেকেই। কেননা চার বছর আগে সামাজিকমাধ্যমো তার ছবি প্রকাশ করেছিলেন মেহজাবীন। তা দেখে অনেকেই ধারণা করেছিলেন বোনকে শোবিজে আনার পূর্বাভাস দিলেন মেহজাবীন।

সে সময় শোনা গিয়েছিল ছোট পর্দায় নয়, বড় পর্দায়ই অভিষেক ঘটবে তার। তবে বিজ্ঞাপনচিত্র দিয়েই মিডিয়ায় পথচলা শুরু করলেন মালাইকা।

উইলিয়ামসনের রেকর্ড গড়া সেঞ্চুরিতে ইতিহাস নিউজিল্যান্ডের

0

স্পোর্ট ডেস্কঃ

দক্ষিণ আফ্রিকা টেস্টে বিধ্বংসী ছন্দ দেখালেন কেইন উইলিয়ামসন। দুই টেস্টের সিরিজে তিন সেঞ্চুরি হাঁকালেন কিউই স্টার। আজ হ্যামিল্টনে দ্বিতীয় টেস্টের চতুর্থ ইনিংসে শতক হাঁকিয়ে নিউজিল্যান্ডকে এনে দিলেন ইতিহাস গড়া জয়। আর উইলিয়ামসন নিজে গড়লেন রেকর্ড।
হ্যামিল্টনে ২৪২ রানে থামে দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংস। জবাবে নিজেদের প্রথম ইনিংসে ২১১ রান তুলতে সমর্থ্য হয় নিউজিল্যান্ড। দ্বিতীয় ইনিংসে প্রোটিয়ারা ২৩৫ রানে অলআউট হলে ২৬৭ রানের টার্গেট পায় ব্ল্যাক ক্যাপরা। ১ উইকেটে ৪০ রান তুলে তৃতীয় দিন শেষ করা নিউজিল্যান্ড চতুর্থ দিনে তুলে নিলো ৭ উইকেটের জয়। ২১ রান নিয়ে তৃতীয় দিন শেষ করা টম ল্যাথাম আউট হন ব্যক্তিগত সংগ্রহে ৭ রান যোগ করেই। ৫৩ রানে ২ উইকেট হারায় নিউজিল্যান্ড। তৃতীয় উইকেটে রাচিন রবীন্দ্রের সঙ্গে ৬৪ রানের জুটি গড়েন ওয়ানডাউন কেইন উইলিয়ামসন।

রাচিন ৭২ বলে ২০ রান করে আউট হলে ভাঙে এই জুটি। এরপর উইল ইয়ংয়ের সঙ্গে অপরাজিত ১৫২ রানের পার্টনারশিপে জয় নিয়েই মাঠ ছাড়েন উইলিয়ামসন। ইয়ং ১৩৪ বলে ৮ বাউন্ডারিতে ৬০* রান করেন। আর ২৬০ বলে ১২ চার ও ২ ছক্কায় ১৩৩ রানের অপরাজিত ইনিংস খেলেন কেইন। এতে ইতিহাস হয় দুই ম্যাচের টেস্ট সিরিজে শতভাগ জয় পাওয়া নিউজিল্যান্ডের। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথমবারের মতো টেস্ট সিরিজ জিতলো কিউইরা। ১৯৩২ সাল থেকে শুরু হওয়া লাল বলের আগের ১৭ সিরিজে ব্যর্থ হয়েছে নিউজিল্যান্ড।
দুর্দান্ত ধারাবাহিকতায় সবশেষ ৭ টেস্টে কেইন উইলিয়ামসনের সপ্তম সেঞ্চুরি এটি। ৩৩ বছর বয়সী ব্যাটারের টেস্ট সেঞ্চুরি হয়ে গেলো ৩২টি। আর চতুর্থ ইনিংসে তার পঞ্চম সেঞ্চুরি এটি। চতুর্থ ইনিংসের সবচেয়ে বেশি সেঞ্চুরির রেকর্ডে উইলিয়ামসন স্পর্শ করলেন পাকিস্তান লেজেন্ড ইউনিস খানকে। টপকালেন ৪ সেঞ্চুরি নিয়ে যৌথভাবে তালিকার দুইয়ে থাকা ভারতীয় কিংবদন্তি সুনীল গাভাস্কার এবং অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক রিকি পন্টিংকে।

ম্যাচ উইনিংস ইনিংস খেললেও ম্যাচসেরা হতে পারেননি কেইন উইলিয়ামসন। সেরা হয়েছেন অভিষেকে ৯ উইকেট নেয়া উইলিয়াম পিটার ও’রোর্ক। প্রথম ইিনংসে ৪ এবং দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট নেয়া এই ২২ বছর বয়সী পেসার নিউজিল্যান্ডের টেস্ট ইতিহাসে অভিষেকে সেরা বোলিং ফিগারের রেকর্ড গড়েছেন। আগের রেকর্ডটি ছিল মার্ক ক্রেইগের। ২০১৪ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে নিজের টেস্ট অভিষেকে ১৮৮ রানের খরচায় ৮ উইকেট নিয়েছিলেন নিউজিল্যান্ডের হয়ে সবশেষ ২০১৮ সালে ম্যাচ খেলা এই অফস্পিনার।
ম্যাচসেরা হতে না পারলেও কেইন উইলিয়ামসন হয়েছেন সিরিজ সেরা। দুই ম্যাচের সিরিজে ৪০৩ রান করেছেন ৩৩ বছর বয়সী এই মহাতারকা।

সিলেটে সিএনজি-ট্রাক্টর সংঘর্ষে নিহত ২

0

আধুনিক রিপোর্ট:

সিলেটের গোয়াইনঘাটে সিএনজি অটোরিকশা ও ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাতে উপজেলার সারি-গোয়াইনঘাট সড়কের গোয়াইন ব্রিজ সংলগ্ন পূর্ণানগর এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন ৭ জন ।

নিহতরা হলেন, উপজেলার কর্নি গ্রামের ইসমাইল আলীর ছেলে নজরুল ইসলাম (৫০) ও উপজেলার লেঙ্গুড়া গ্রামের আরফান মিয়ার ছেলে জসির উদ্দিন (৬৫)।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার লাফনাউট মাদরাসার বার্ষিক মাহফিল থেকে ছেড়ে আসা একটি অটোরিকশা (সিএনজি) যাত্রী নিয়ে উপজেলা সদরে যাচ্ছিল। পথে অটোরিকশাটি পূর্ণানগর এলাকায় পৌঁছালে অপরদিক থেকে আসা ট্রাক্টরের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলে ট্রাক্টর ও অটোরিকশা চালকসহ ৯ জন গুরুতর আহত হন। তাৎক্ষণিকভাবে তাদের উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে নজরুল ইসলাম নামে একজন মারা যান। চিকিৎসাধীন অবস্থায় জসির উদ্দিন নামে আরেকজন মারা যায়।

আহতরা হলেন হুসই মিয়ার ছেলে আলিম উদ্দিন (৪০), রহমত উল্লাহর ছেলে রায়হান (১০) এবং রায়হানের বাবা রহমতুল্লাহ (৩০), রাধানগর (দুভাগ) এলাকার আব্দুল খালেকের ছেলে জসীম উদ্দিন (২৮) ও আব্দুল মহল গ্রামের আব্দুল মুতলিবের ছেলে মারজান আহমদ (৩০)।

বিষয়টি নিশ্চিত করেছেন গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম। তিনি বলেন, খবর পেয়ে পুলিশ রাতেই ঘটনাস্থল পরিদর্শন করে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ভারতের ‘শাস্তির’ দিনই ৫০০ উইকেটের মাইলফলকে অশ্বিন

0

স্পোর্ট ডেস্কঃ

টেস্টে ৫০০ তম উইকেট নিয়েছেন রবিচন্দ্রন অশ্বিন।

রাজকোটে ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় টেস্টে এমনিতেই রানের বন্যা বইয়ে দিয়েছে ভারত। রানের পাহাড়ে চাপা পড়ার ম্যাচেও যেন একরকম ‘সুখবর’ পেল ইংল্যান্ড। ব্যাটিংয়ে নামার আগেই ৫ রান বোনাস পেয়েছে ইংলিশরা। যে রবিচন্দ্রন অশ্বিনের কারণে ৫ রান জরিমানা গুনল ভারত, সেই অশ্বিনই ছুয়েছেন আরও এক মাইলফলক।

ভারত-ইংল্যান্ড তৃতীয় টেস্টের দ্বিতীয় দিনের খেলা চলছে আজ। ভারতের প্রথম ইনিংসের ১০২ তম ওভারের তৃতীয় বলে রেহান আহমেদকে কাভারে ঠেলে রান নিতে যান অশ্বিন। তবে ধ্রুব জুড়েল তাকে ফিরে যেতে বলেন। এই সময় পিচের সুরক্ষিত এলাকা দিয়ে অশ্বিন দৌড়ানোয় ভারতকে ৫ রান জরিমানা করা হয়েছে। আম্পায়ার জোয়েল উইলসনের সঙ্গে তাঁর কথা কাটাকাটি হয়েছে। যদিও কোনো লাভ হয়নি ভারতের। শেষ পর্যন্ত ভারতের ৫ রানের পেনাল্টির সংকেত দিয়েছেন অশ্বিন।

ইংল্যান্ড এরপর যখন ইনিংস শুরু করেছে, তখন শুরু করেছে বিনা উইকেটে ৫ রান থেকে। শুরু থেকেই চড়াও হয়ে খেলতে থাকেন ইংল্যান্ডের দুই ওপেনার জ্যাক ক্রলি ও বেন ডাকেট। ৮০ বলে ৮৪ রানের উদ্বোধনী জুটি গড়েন তাঁরা। ক্রলিকে ফিরিয়ে টেস্টের ৫০০ তম উইকেট নিয়েছেন অশ্বিন। ক্রিকেটের রাজকীয় সংস্করণে ৫০০ উইকেট নিতে অশ্বিনের লেগেছে ৯৮ ম্যাচ। টেস্ট ইতিহাসে দ্বিতীয় দ্রুততম বোলার হিসেবে ৫০০ উইকেটের কীর্তি গড়েন ভারতীয় স্পিনার। ৮৭ টেস্টে ৫০০ উইকেট নিয়ে এই তালিকায় দ্রুততম মুত্তিয়া মুরালিধরন। তালিকার তিন নম্বরে থাকা অনিল কুম্বলে ১০৫ টেস্টে নিয়েছেন ৫০০ উইকেট।

দুই প্রান্তের পপিং ক্রিজের সমান্তরাল ও প্রতিটি থেকে ৫ ফুট বা ১.৫২ মিটার দূরে যে রেখা কল্পনা করা হয় এবং প্রত্যেক প্রান্তের মিডল স্টাম্প থেকে ১ ফুট বা ৩০.৪৮ সেন্টিমিটার দূরে কল্পনা করা হয়েছে আরেকটি রেখা। এই দুই রেখা দিয়ে আবদ্ধ আয়তক্ষেত্রই মূলত সুরক্ষিত অঞ্চল। ক্রিকেটের আইন প্রণয়নকারী সংস্থা মেরিলিবোন ক্রিকেট ক্লাবের (এমসিসি) ৪১.১১ ধারায় এভাবেই পিচের ‘সুরক্ষিত অঞ্চলের’ সংজ্ঞা দেওয়া হয়েছে।

৪১.১৪ নিয়ম অনুযায়ী, কোনো ব্যাটার ভুল করে সুরক্ষিত অঞ্চলে গেলে তাঁকে (ব্যাটার) জায়গা থেকে সরিয়ে দেওয়া হবে। প্রথমবার ঘটলে ব্যাটারকে সতর্ক করা হবে। দ্বিতীয়বার ঘটলে ব্যাটিং দলকে ৫ রান পেনাল্টি করা হবে। পেনাল্টির এই ৫ রান বোনাস হিসেবে পাবে অপর দল, যখন তারা ব্যাটিং করবে। যেখানে গতকাল রাজকোটে তৃতীয় টেস্টের প্রথম দিনই রবীন্দ্র জাদেজা এমনটা করলে তাঁকে সতর্ক করা হয়। অশ্বিন আজ ভুল করলে ভারত পায় ৫ রানের শাস্তি। ইংল্যান্ড যখন প্রথম ইনিংসের খেলা শুরু করে স্কোরকার্ডে যোগ হয় ৫ রান। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ইংল্যান্ডের স্কোর ২০ ওভারে ১ উইকেটে ১১০ রান। বেন ডাকেট ৬৮ বলে ৭৮ রানে ব্যাটিং করছেন। পোপ অপরাজিত আছেন ১৬ রান করে।

টেস্টে দ্রুততম ৫০০ উইকেট নেওয়া সেরা পাঁচ বোলার (ম্যাচের হিসেবে)

বোলার ম্যাচ
মুত্তিয়া মুরালিধরন (শ্রীলঙ্কা) ৮৭
রবিচন্দ্রন অশ্বিন (ভারত) ৯৮
অনিল কুম্বলে (ভারত) ১০৫
শেন ওয়ার্ন (অস্ট্রেলিয়া) ১০৮
গ্লেন ম্যাকগ্রা (অস্ট্রেলিয়া) ১১০

বঙ্গবীর ওসমানীর মৃত্যুবার্ষিকীতে সিলেট জেলা প্রেসক্লাবের শ্রদ্ধাঞ্জলি

0

আধুনিক ডেস্কঃ

মহান মুক্তিযুদ্ধে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সিইনসি ও মুক্তিবাহিনীর সর্বাধিনায়ক বঙ্গবীর জেনারেল মুহম্মদ আতাউল গণি ওসমানীর ৪০তম মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছেন সিলেট জেলা প্রেসক্লাব।

নগরীর নাইওরপুলস্থ ওসমানী যাদুঘরে বঙ্গবীর ওসমানীর প্রতিকৃতিতে পুস্পকস্তবক অর্পনের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন সিলেট জেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দ।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট জেলা প্রেসক্লাবের সহসভাপতি সাঈদ চৌধুরী টিপু, সহ-সাধারণ সম্পাদক রবিকিরণ সিংহ রাজেশ, কাযর্করি কমিটির সদস্য রণজিৎ সিংহ, সদস্য মনিরুজ্জামান রনি।

শৈশবের ক্লাবের বিপক্ষে মেসির ‘ভেরি স্পেশাল’ ম্যাচ

0

স্পোর্ট ডেস্কঃ

শৈশবের ক্লাব নিউওয়েলস ওল্ড বয়েজের বিপক্ষে মাঠে নামলেন লিওনেল মেসি। ম্যাচটিতে জয় পায়নি তার দল ইন্টার মায়ামি। কিন্তু তার সত্ত্বেও আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়কের চোখে ম্যাচটি ‘ভেরি স্পেশাল’।
২০২৪ সালে বড় চারটি শিরোপা জেতার লড়াইয়ে নামবে ইন্টার মায়ামি। এই লক্ষ্যে ডেভিড ব্যাকহামের মালিকানাধীন ক্লাবটি এরইমধ্যে তারকাবহুল দল গড়েছে। আক্রমণভাগে মেসির সঙ্গী হিসেবে দলে ভিড়িয়েছে তারই প্রিয় বন্ধু ও সাবেক বার্সা সতীর্থ লুইস সুয়ারেসকে। আছেন বার্সার সাবেক তারকা সের্হিও বুসকেতস, জর্দি আলবাও।

তারকা সমৃদ্ধ বহর নিয়ে এরইমধ্যে প্রাক-মৌসুম প্রস্তুতি সম্পন্ন করেছে ইন্টার মায়ামি। ওল্ড বয়েজের বিপক্ষে ম্যাচটি ছিল মৌসুম শুরুর আগে মেসির সপ্তম ও শেষ ম্যাচ। ঘরের মাঠ ডিআরভি পিএনকে স্টেডিয়ামের ম্যাচটিতে ১-১ গোলে ড্র করেছে ইন্টার মায়ামি। সবমিলিয়ে প্রাক-মৌসুমের সাত ম্যাচের মাত্র ১টিতে জয় পেয়েছে তারা।

এবারই প্রথম এত বড় আকারে প্রাক-মৌসুম প্রস্তুতির আয়োজন করেছিল ইন্টার মায়ামি। ঐতিহাসিক এই সফরে তারা এল সালভাদোর, সৌদি আরব, হংকং এবং জাপানে খেলে এসেছে। যেখানে শুধু হংকংয়ে জয়ের মুখ দেখেছে তারা। ওই ম্যাচে আবার খেলেননি মেসি ও সুয়ারেস। এমনকি যুক্তরাষ্ট্রের মাটিতে এফসি ডালাসের কাছেও ইন্টার মায়ামি হেরে গেছে ১-০ গোলে। এবার ওল্ড বয়েজের বিপক্ষেও জিততে পারল না তারা।

ওল্ড বয়েজের বিপক্ষে মেসির খেলা নিয়েই সংশয় ছিল। যে জার্সিতে উত্থান তার, সেই ক্লাবের বিপক্ষে মাঠে নামার আগে ইনজুরির সঙ্গে দীর্ঘ লড়াই করেছেন আর্জেন্টাইন ফরোয়ার্ড। অবশেষে মাঠে নেমেছিলেন ঠিকই, ঘণ্টাখানেক খেলেছেনও। কিন্তু তেমন প্রভাব ফেলতে পারেননি। সুয়ারেসও ছিলেন সমান সময় পর্যন্ত। কিন্তু এই উরুগুইয়ান স্ট্রাইকারও পারেননি নজর কাড়তে।

ম্যাচের ৬৩তম মিনিট পর্যন্ত ইন্টার মায়ামির আক্রমণভাগকে দারুণভাবে আটকে রাখে ওল্ড বয়েজ। তবে এক মিনিট পরেই ডেডলক ভাঙেন ইন্টার মায়ামি যুব দল থেকে উঠে আসা ২২ বছর বয়সী শ্যানিডার বোর্গেলিন। মেসি-সুয়ারেসদের নিষ্প্রভ থাকার রাতে নজর কাড়েন এই হাইতিয়ান স্ট্রাইকার।

বদলি হিসেবে নেমে রবার্ট টেইলরের কর্নার কিকে বল পেয়ে দারুণ হেডে বল জালে জড়ান বোর্গেলিন। তবে ৮৩তম মিনিটে গোল শোধ করে দেয় ওল্ড বয়েজ। ইন্টার মায়ামির জয় ছিনিয়ে নেওয়া এই গোলটি করেন আর্জেন্টাইন মিডফিল্ডার ফ্রাঙ্কো মার্তিন দিয়াজ।

ম্যাচ শেষে সামাজিক যোগাযোগমাধ্যমে এক আবেগঘন পোস্টে খেলার কয়েকটি মুহূর্ত শেয়ার করেছেন মেসি। ক্যাপশনে লিখেছেন, ‘প্রাক-মৌসুমের আগে খুবই বিশেষ একটি ম্যাচ। ‘

লিওনেল মেসির ইচ্ছা ক্যারিয়ারের শেষদিকে নিউওয়েলস ওল্ড বয়েজের হয়ে খেলার। আর্জেন্টাইন এই ক্লাব থেকেই ১৩ বছর বয়সে তাকে তুলে নিয়েছিল বার্সেলোনা। মাত্র ৭ বছর বয়সে এই ক্লাবে নাম লেখান বর্তমান বিশ্বসেরা ফুটবলার মেসি। ১৯৯৪ সাল থেকে ২০০০ সাল পর্যন্ত খেলেছেন সেখানে।

এদিকে প্রাক-মৌসুম প্রস্তুতি শেষ হওয়ার পর এবার আসল লড়াইয়ে নামবে ইন্টার মায়ামি। আগামী ২১ ফেব্রুয়ারি মেজর লিগ সকারের নতুন মৌসুমে নিজেদের প্রথম ম্যাচে রিয়াল সল্ট লেকের মুখোমুখি হবেন মেসিরা। এই ম্যাচ দিয়েই ঘুরে দাঁড়াতে চাইবে টাটা মার্টিনোর দল।

বিএনপির কে কি বললেন তা নিয়ে মাথাব্যথা নেই: কাদের

0

আধুনিক ডেস্কঃ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপির নেতারা কে কি বললেন সেটা নিয়ে আমাদের কোন মাথাব্যথা নেই।

আজ বেলা ১১টায় বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কার্যালয়ে আয়োজিত সভায় তিনি এ কথা বলেন। কেন্দ্রীয় আওয়ামী লীগের সঙ্গে ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ, ঢাকা জেলা আওয়ামী লীগ এবং সব সহযোগী সংগঠনের সভাপতি-সাধারণ সম্পাদকদের এ যৌথসভা অনুষ্ঠিত হয়।

পরবর্তী আন্দোলনের কথা না ভেবে বিএনপিকে পরবর্তী নির্বাচনের প্রস্তুতি নেওয়ার আহবান জানান ওবায়দুল কাদের।

এ সময় দল ও দলের সহযোগী-ভাতৃপ্রতীম সব মেয়াদউত্তীর্ণ শাখায় কমিটি দেওয়ার আহবান জানান ওবায়দুল কাদের।