Home Blog Page 212

অ্যাসাইলাম আবেদন খারিজ : ১০ হাজার বাংলাদেশিকে ফেরত পাঠাচ্ছে যুক্তরাজ্য

0

আধুনিক রিপোর্ট

অবৈধ বাংলাদেশি অভিবাসীদের ফেরত পাঠানো সহজ করতে বাংলাদেশের সঙ্গে একটি নতুন চুক্তি করেছে যুক্তরাজ্য। চুক্তির আওতায় যাঁদের আশ্রয়ের অর্থাৎ অ্যাসাইলাম আবেদন খারিজ হয়েছে, যাঁরা বিদেশি অপরাধী ও যাঁদের ভিসার বৈধ মেয়াদ অতিবাহিত হয়ে গেছে, তাঁদের ‘ফাস্ট-ট্রাক’(দ্রুত) পদ্ধতিতে বাংলাদেশে ফেরত পাঠানো হবে। সে হিসেবে ১০ হাজার বাংলাদেশিকে ফেরত পাঠাতে যাচ্ছে যুক্তরাজ্য।

চলতি সপ্তাহে লন্ডনে দুই পক্ষের মধ্যে চুক্তিটি হয়। অবৈধ অভিবাসীদের বের করে দেওয়ার জন্য শক্ত প্রমাণ রয়েছে—এমন ক্ষেত্রে বাধ্যতামূলক সাক্ষাৎকার ছাড়াই তাদের দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়াকে সহজতর করবে চুক্তিটি।

প্রায় ১১ হাজার বাংলাদেশি ছাত্র গত বছর ভ্রমণ কিংবা কাজের ভিসায় যুক্তরাজ্যে যান। সেখানে তারা বসবাসের জন্য আশ্রয়ের আবেদন করেছিলেন। দেশটিতে প্রাথমিক আশ্রয়ের জন্য তাদের মধ্যে মাত্র ৫ শতাংশের আবেদন মঞ্জুর হয়। বাকি ১০ হাজারের বেশি বাংলাদেশির আবেদন খারিজ করে দিয়েছে যুক্তরাজ্যের অভিবাসন কর্তৃপক্ষ। আবেদন খারিজ হওয়া এসব আশ্রয়প্রার্থীদের এখন বাংলাদেশে ফেরত পাঠাবে যুক্তরাজ্য। যুক্তরাজ্য ও বাংলাদেশ ফাস্ট ট্র্যাক রিটার্ন চুক্তির আওতায় এই বাংলাদেশি নাগরিকদের দেশে ফেরত পাঠানো হবে।

যুক্তরাজ্যের অবৈধ অভিবাসনবিষয়ক মন্ত্রী মাইকেল টমলিনসন বলেছেন, অবৈধভাবে লোকজনের এখানে আসা ও থাকা ঠেকাতে তাঁদের পরিকল্পনার একটি গুরুত্বপূর্ণ অংশ অপসারণ ত্বরান্বিত করা। যুক্তরাজ্যের একটি মূল্যবান অংশীদার বাংলাদেশ। এটা একটা চমৎকার ব্যাপার যে এই বিষয়সহ অন্যান্য ইস্যুতে বাংলাদেশের সঙ্গে তাঁরা সম্পর্ক জোরদার করছেন।

চলতি সপ্তাহে লন্ডনে অনুষ্ঠিত স্বরাষ্ট্রবিষয়ক যুক্তরাজ্য-বাংলাদেশ প্রথম যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠকে চুক্তির ব্যাপারে দুই দেশ সম্মত হয়। ওয়ার্কিং গ্রুপে উভয় দেশ অংশীদারত্ব জোরদারে অঙ্গীকার করে। পাশাপাশি অর্থনৈতিক, সাংস্কৃতিক ও সামাজিক বিষয়ে সহযোগিতা জোরালো করতে প্রতিশ্রুতি দেয়।

ওয়ার্কিং গ্রুপ বিদ্যমান ভিসা রুটগুলোর মাধ্যমে বৈধ অভিবাসনের সুবিধা অব্যাহত রাখা, অবৈধ অভিবাসন মোকাবিলা, তথ্য ভাগাভাগি জোরদার করা, গুরুতর সংগঠিত অপরাধ মোকাবিলায় নিজ নিজ পন্থা সম্পর্কে পরস্পরের সঙ্গে বোঝাপড়া বাড়ানোর ব্যাপারেও প্রতিশ্রুতিবদ্ধ হয়।

ভিসা একটি নির্দিষ্ট সময়ের জন্য অন্য দেশের মানুষকে যুক্তরাজ্যে থাকার অনুমতি দেয়। কিন্তু যুক্তরাজ্যে প্রবেশের পর কেউ আশ্রয়ের আবেদন করলে সেখানে তার অবস্থান অনির্দিষ্ট হয়ে যায়। ২০২৩ সালের মার্চ পর্যন্ত রেকর্ড ২১ হাজার ৫২৫ জন ভিসাধারী যুক্তরাজ্যে আশ্রয়ের আবেদন করেন যা আগের বছরের তুলনায় ১৫৪ শতাংশ বেশি।

ভিসা নিয়ে যুক্তরাজ্যে প্রবেশের পর আশ্রয় প্রার্থীর শীর্ষে রয়েছে পাকিস্তান, এরপরের অবস্থানে আছে বাংলাদেশ, ভারত, নাইজেরিয়া ও আফগানিস্তান। গত বছর যুক্তরাজ্য থেকে বিভিন্ন দেশের ২৬ হাজার নাগরিককে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে।

মিরাবাজার বিরতি পাম্পে আবারও আ গু ন

0

আধুনিক ডেস্ক:

সিলেট নগরীর মিরাবাজার দাদাপীর মাজার সংলগ্ন বিরতি ফিলিং স্টেশনে অগ্নিকান্ডে ঘটনার সাড়ে ৮ মাসের মাথায় একই পাম্পে ফের দুর্ঘটনা ঘটেছে। 

বৃহস্পতিবার ১২ টার দিকে ফিলিং স্টেশনটিতে ফের অগ্নিকান্ডের ঘটনা ঘটে। তবে দুর্ঘটনায় কেউ আহত হয়েছে কিনা তা এখন জানা যায় নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ১২টার দিকে বিরতি ফিলিং স্টেশনে বিকট শব্দে আগুনের সূত্রপাত ঘটে। কয়েক মুহুর্তের মধ্যে আগুন পাম্পে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে  সিলেট ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

বৃষ্টিতে লাউয়াছড়ায় প্রাণচাঞ্চল্যে বন্যপ্রাণি

0

নূরুল মোহাইমীন মিল্টন, কমলগঞ্জ:

বিলুপ্তপ্রায় উল্লুকসহ বিরল প্রজাতির বন্যপ্রাণী, উদ্ভিদ ও বৃক্ষরাজি সমৃদ্ধ লাউয়াছড়া জাতীয় উদ্যান। সম্প্রতি প্রচণ্ড গরমে জনজীবনের পাশাপাশি ওষ্ঠাগত হয়ে উঠে লাউয়াছড়া বনের প্রাণীকূলও। বন উজাড়, বৃক্ষ নিধনসহ নানা কারনে শুষ্ক মৌসুমে বন্যপ্রাণির খাবার পানি সঙ্কটও দেখা দেয়। সম্প্রতি কয়েকদফা বৃষ্টিতে প্রাণ ফিরেছে প্রকৃতিতে। প্রাণচাঞ্চল্য দেখা দিয়েছে বন্যপ্রাণির মধ্যে। জাতীয় উদ্যানে বানর, উল্লুক ও শূকরের সংখ্যাও বৃদ্ধির দাবি সংশ্লিষ্টদের। করোনার সময়ে বনের নিরব, নিস্তব্ধ পরিবেশ বৃক্ষকূল ও বন্যপ্রাণীর মধ্যেও স্বস্তি ফিরে আসে।

অনুসন্ধানে জানা যায়, ২০২০ সনের মার্চ মাসের শেষ সময় থেকে করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে এক বছরেরও বেশি সময় ধরে পর্যটকদের জন্য বন্ধ ছিল লাউয়াছড়া উদ্যান। সে সময়ে সংরক্ষিত বনে মানুষের উৎপাত, হাল্লা-চিৎকার বন্ধ ছিল। এক বছরের ব্যবধানেই বনের পরিবেশ ও জীববৈচিত্র্যে পরিবর্তন দেখা দেয়। পর্যটক শুন্য নি:স্তব্দ বনে হাল্লা-চিৎকার ও অবাদে বিচরণ করে বন্যপ্রাণী। গাছে গাছে পাখির কিচিরমিচির শব্দ আর বৃক্ষরাজিতে নতুন পত্রপল্লবে সুশোভিত হয়ে উঠে বন। উল্লুকের আওয়াজ, বানরের লাফালাফি, পাখির কলরব, বনমোরগের ডাক শুনা যেতো। করোনাকালীন পর্যটন কেন্দ্র বন্ধ থাকায় প্রাণ ফিরে প্রকৃতিতে। বন্যপ্রাণির মধ্যে প্রাণচাঞ্চল্য প্রকৃতি ও পরিবেশকে সমৃদ্ধ করে তুলে।

স্থানীয়রা জানান, বিরল প্রজাতির গাছ, নানা প্রজাতির পাখির ডাক, ছড়া, বনফুল, অর্কিড, চশমাবানর, বিশ্বের বিলুপ্ত প্রায় দূর্লভ উল্লুক এই বনের বিশেষ আকর্ষন। অরণ্যের আচ্ছাদিত, বন্যপ্রাণী, পাখি ও পাহাড়ী ঝর্ণার কলধ্বনিতে মুখরিত লাউয়াছড়া। ক্রমাম্বয়ে বনের প্রাকৃতিক গাছগাছালি বিলীন হওয়ায় শুষ্ক মৌসুমে পাহাড়ি ছড়া ও খাল শুকিয়ে যায়। তৃষ্ণা মেটাতে লোকালয়ে ছুটাছুটি করতে গিয়ে ট্রেন ও যানবাহনের নিচে কাটা পড়ে মারা যায় বন্যপ্রাণি। তবে অনুকূল পরিবেশে ও করোনাকালীন বনের স্বাভাবিকতা বর্তমানে লাউয়াছড়া বনে বিলুপ্তপ্রায় উল্লুকের প্রজননও কিছুটা বেড়েছে। তাছাড়া বানর ও শূকরের সংখ্যাও বৃদ্ধি পেয়েছে। বনের ঘন বনজঙ্গল হ্রাস পাওয়ায় বস্তির বাসাবাড়িতে বানর ও শূকরের উৎপাত বৃদ্ধি পেয়েছে।

১২৫০ হেক্টর আয়তনের বনটিকে ১৯৯৬ সালে লাউয়াছড়া জাতীয় উদ্যান হিসাবে ঘোষনা করা হয়। সে সময়ের সার্ভে অনুযায়ী ৪৬০ প্রজাতির প্রাণ বৈচিত্র্যে ভরপুর উদ্যানটিতে ১৬৭ প্রজাতির উদ্ভিদের মধ্যে সেগুন, গর্জন, মেনজিয়াম, চাপালিশ, ডুমুর, কদম, জলপাই, চাউর বা বন সুপারি, বনোকলা, শ্যাওড়া, কৃষ্ণচুড়া, গামাই, ছাতিম, বন পেঁপে, মৃর্তিংঙ্গা, কাঁকরা, বাতা, বাজনা, বন রুই, ঝাওয়া, জগডুমুর, কাইমুলা, করই, আওয়াল, জাম, জাম্বুরা লটকন প্রভৃতি উল্লেখযোগ্য। ৪ প্রজাতির উভয়চর প্রাণী, ৬ প্রজাতির সরিসৃপ, ২৪৬ প্রজাতির পাখি, ২০ প্রজাতির অর্কিড, ২০ প্রজাতির স্তন্যপ্রায়ী প্রাণী এবং ১৭ প্রজাতির পোকামাকড় রয়েছে। বৃষ্টিপাতের কারনে বৃক্ষরাজি গুলোতে পত্রপল্লবে সুশোভিত হয়ে উঠে। পাখির কলরব, বন্যপ্রাণী ও পোকামাকড়ের অবাধ বিচরন প্রকৃতিতে সজিবতা জাগিয়ে দেয়।

অনুকূল পরিবেশে পশু-পাখি ও পোকা মাকড়ের অদ্ভুত ঝিঝি শব্দ, বানরের ভেংচি, ভালুকের গাছে গাছে ছুটাছুটির দৃশ্য চোখে পড়ে। ঘন সন্নিবেসিত বনটি নানা কারণে অবক্ষয়ের সৃষ্টি হয়েছে। এতে বন্যপ্রাণীর আবাসস্থল ও খাবারের সংকট প্রবল হচ্ছে। ফলে লাউয়াছড়ায় আগ্রাসী হয়ে উঠছে বানরসহ অন্যান্য প্রাণী।
স্থানীয় প্রকৃতি প্রেমী জনক দেব বর্মা জানান, বনের নিরব, নিস্তব্দ খোলামেলা পরিবেশে গাছে গাছে বন্যপ্রাণী ঘুরাঘুরি করতে দেখা যায়। আগে সচরাচর এভাবে দেখা যায়নি।

লাউয়াছড়া বনরেঞ্জ কর্মকর্তা মো. সহিদুল ইসলাম বলেন, বৃষ্টিপাতের কারনে বনের সজিবতা ফিরে পেয়েছে। তাছাড়া এখন বানর, শূকরের সংখ্যাও বৃদ্ধি পেয়েছে। ২০২১ সালের দিকে নানা সময়ে বন্যপ্রাণী বনের বাইরে চলে যেতো। এখন সেরকম হচ্ছে না।

এব্যাপারে মৌলভীবাজারস্থ বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা মির্জা মেহেদী সরোয়ার বলেন, উল্লুকের প্রজনন বাড়ার কথা। তাছাড়া ধারণা করা হচ্ছে বানর ও শূকরের সংখ্যাও বৃদ্ধি পাচ্ছে। তবে সবচেয়ে বড় বিষয় সম্প্রতি প্রচণ্ড গরমে সারাদেশের তাপমাত্রার সাথে লাউয়াছড়াসহ শ্রীমঙ্গল-কমলগঞ্জ এলাকার তাপমাত্রার পার্থক্য ছিল। এটি বন্যপ্রাণীর জন্য অনুকূল পরিবেশ। তিনি আরো বলেন, লাউয়াছড়ায় মিশ্র ও ফলজ বনায়ন বন্যপ্রাণীর জন্য উপকার বয়ে আনতে পারে।

এটিএন বাংলা ইউকে’র সিলেট প্রতিনিধি হলেন সুজন

0

আধুনিক ডেস্ক:

যুক্তরাজ্যের বহুল সম্প্রচারিত টেলিভিশন চ্যানেল এটিএন বাংলা ইউকে’র সিলেট প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন দৈনিক আধুনিক কাগজের অনলাইন সম্পাদক ও সিলেট জেলা প্রেসক্লাবের সাবেক দপ্তর সম্পাদক এস এম সুজন।

গত ৮ মে এটিএন বাংলা ইউকে’র হেড অব নিউজ সাঈম চৌধুরী সিলেট প্রতিনিধি হিসেবে এস এম সুজনকে নিয়োগ প্রদান করেন।

এস এম সুজন বর্তমানে দৈনিক আধুনিক কাগজের অনলাইন সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি বিভিন্ন সময়ে স্থানীয় ও জাতীয় দৈনিকে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। ২০০৯ সালে দৈনিক শ্যামল সিলেট পত্রিকার স্টাফ রিপোর্টার হিসেবে এস এম সুজনের সাংবাদিকতার শুরু। পরবর্তীতে স্থানীয় দৈনিক শুভ প্রতিদিন, একাত্তরের কথা, অনলাইন নিউজ পোর্টাল সিলেট ভিউ২৪, রিয়েল টাইমস,২৪, জাতীয় দৈনিক সকালের খবর, মানবজমিন. টিভি চ্যানেল আরটিভিতে বিভিন্ন দায়িত্ব পালন করেন।
এস এম সুজন সিলেট জেলা প্রেসক্লাবে টানা দুবার কার্যনির্বাহী সদস্য ও দপ্তর সম্পাদকের দায়িত্ব পালন করেছেন।

সংবাদ প্রচার সংক্রান্ত বিষয়ে এস এম সুজনের এর মোবাইল নং ০১৭১৬৪৬৬৮০৮যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছেন।

এটিএন বাংলা ইউকে প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন কালে সকলের সহযোগিতা কামনা করেছেন সাংবাদিক সুজন।

স্কুল শিক্ষকের বিতর্কিত ফেসবুক পোস্ট, উত্তাল বিশ্বনাথ

0

বিশ্বনাথ প্রতিনিধি:

সিলেটের বিশ্বনাথ উপজেলার রামসুন্দর সরকারি হাইস্কুলের সহকারি শিক্ষক একে আজাদ ফেসবুক গ্রুপে বিশ্ব নবী হযরত মুহম্মদ (স.) ও ধর্মকে নিয়ে কটুক্তি করার প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে বিশ্নানাথ।

শনিবার সন্ধায় পৌর শহরে হাজারো জনতা প্রতিবাদী বিক্ষোভ মিছিল করেন। ওই শিক্ষককে দ্রুত গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তির দাবি জানান তারা। পাশাপাশি শিক্ষক একে আজাদকে রোববার সকাল ১১টার মধ্যে গ্রেপ্তার করা না হলে কঠোর কর্মসূচী দিবেন বলেও হুশিয়ারি দেন তারা। মিছিলটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাসিয়া সেতুতে এসে প্রতিবাদ সভায় মিলিত হয়।

প্রতিবাদ সভায় দুইটি দাবি তুলে ধরে বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা হাবিবুর রহমান, সদর ইউপি চেয়ারম্যান দয়াল উদ্দিন তালুকদার, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদ মোবারক হোসেনসহ রাজনৈতিক ও ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ।

দাবিগুলো হলো- ২৪ ঘন্টার মধ্যে শিক্ষক আজাদকে গ্রেপ্তার করে সুষ্ট বিচার ও রামসুন্দর স্কুল ও সরকারি চাকরি থেকে বরখাস্ত করতে হবে।

উল্লেখ্য, শুক্রবার রাতে ‘দর্শনের স্কুল’ নামের একটি ফেসবুক গ্রুপে নবী হযরত মুহম্মদ (স.) ও ধর্মকে নিয়ে শিক্ষক একে আজাদের লেখার স্ক্রিনশট ফেসবুকে ছড়িয়ে পড়ে। এ নিয়ে সামাজিক যোগযোগ মাধ্যমে প্রতিবাদের ঝড় ওঠে এবং মুসলমানদের মধ্যে প্রতিক্রিয়া সৃষ্টি হয়।

রোববার বিকেলে ফেসবুক লাইভে এসেও ক্ষমা চান ওই শিক্ষক। তবে, ওই শিক্ষক বিকেলেই পৌর শহরের নিজ বাসা থেকে পালিয়ে যান বলেও একটি বিশ্বস্থ সূত্রে জানা গেছে।

লন্ডনের মেয়র হিসেবে সাদিক খানের হ্যাট্রিক

0

ডেস্ক রিপোর্ট ::

যুক্তরাজ্যের রাজধানী লন্ডনের মেয়র হিসেবে আবারো নির্বাচিত হয়েছেন সাদিক খান। এর মধ্যদিয়ে টানা তৃতীয়বারের মতো মেয়র নির্বাচিত হলেন তিনি। বৃটিশ গণমাধ্যমগুলো তার এ বিজয়কে ঐতিহাসিক বলে অভিহিত করেছে । শতকরা ৪৩.৭ ভাগ ভোট পেয়েছেন সাদিক খান। তার প্রতিদ্বন্দ্বী কনজার্ভেটিভ পার্টির সুসান হল পেয়েছেন শতকরা ৩২.৬ ভাগ ভোট। স্থানীয় এই নির্বাচনে শতকরা ৪০.৫ ভাগ ভোটার ভোট দিয়েছেন।  লেবার পার্টির সাদিক খান পেয়েছেন মোট ১০ লাখ ৯৯ হাজার ২২৫ ভোট। সুসান হল পেয়েছেন ৮ লাখ ১১ হাজার ৫১৮ ভোট। এর ফলে লন্ডনের ইতিহাসে টানা তৃতীয় মেয়র হিসেবে তিনিই প্রথম দায়িত্ব পালন করবেন। লন্ডনের মেয়র হিসেবে তাঁর যাত্রা শুরু হয়েছিল ২০১৬ সালে। তখন থেকেই পদটি ধরে রেখেছেন পাকিস্তানি বংশোদ্ভূত এই রাজনীতিক।

সাদিক খানের জন্ম লন্ডনেই, ১৯৭০ সালের ৮ অক্টোবর। এর দুই বছর আগে ১৯৬৮ সালে তাঁর মা-বাবা পাকিস্তান থেকে যুক্তরাজ্যের অভিবাসী হিসেবে পাড়ি জমান। বাবা আমানউল্লাহ ছিলেন বাসচালক। মা শেহরুন করতেন দরজির কাজ। সাত ভাই ও এক বোনের মধ্যে সাদিক পঞ্চম।

সাদিক খানের পড়ালেখা ইউনিভার্সিটি অব নর্থ লন্ডন থেকে। বিষয় ছিল আইন। পড়াশোনা শেষে মানবাধিকার-বিষয়ক আইনজীবী হিসেবে কর্মজীবন শুরু করেন। কম বয়সেই তিনি যোগ দিয়েছিলেন লেবার পার্টির রাজনীতিতে।

১৯৯৪ সালে লেবার পার্টির হয়ে লন্ডনের ওয়ান্ডসওর্থ বারার কাউন্সিলর হিসেবে নির্বাচিত হন সাদিক খান। তখন তাঁর বয়স মাত্র ২৪ বছর। ২০০৬ সাল পর্যন্ত এ দায়িত্ব পালন করেছেন তিনি। ২০০৫ সালে যুক্তরাজ্যের জাতীয় নির্বাচনে দক্ষিণ লন্ডনের টুটিং আসন থেকে পার্লামেন্ট সদস্য নির্বাচিত হন।

২০০৮ সালে গর্ডন ব্রাউন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী থাকাকালীন স্থানীয় সরকারের পার্লামেন্টারি আন্ডার সেক্রেটারি এবং পরবর্তীতে যোগাযোগ মন্ত্রীর দায়িত্ব পালন করেন সাদিক খান। ২০১০ সালে লেবার পার্টি বিরোধী দলে গেলে তিনি ছায়া মন্ত্রিসভায় বিচার-বিষয়ক ছায়া মন্ত্রী, লর্ড চ্যান্সেলর (ছায়া অর্থমন্ত্রী) ও লন্ডন-বিষয়ক ছায়া মন্ত্রীর দায়িত্ব পালন করেন।

২০১৬ সালে লন্ডনের মেয়র পদে নির্বাচনে দাঁড়ানোর জন্য পার্লামেন্ট থেকে পদত্যাগ করেন সাদিক খান। সে বছরের ৯ মে কনজারভেটিভ পার্টির জেক গোল্ডস্মিথকে হারিয়ে প্রথমবার লন্ডনের মেয়র নির্বাচিত হন। এরপর ২০২১ সালে কনজারভেটিভ পার্টির সোন বেইলিকে পরাজিত করে মেয়র পদ ধরে রাখেন সাদিক।

এবার তৃতীয় দফায় সাদিক খানের জয় আগামী জাতীয় নির্বাচনে লেবার পার্টির মনোবল আরও বাড়িয়ে দিয়েছে। শনিবার বিকেল সাড়ে চারটা নাগাদ লন্ডনের মেয়র নির্বাচনের ফল প্রকাশ করা হয়। তাতে দেখা যায়, সাদিক খান পেয়েছেন ১০ লাখ ৮৮ হাজার ২২৫ ভোট। তাঁর প্রতিদ্বন্দ্বী সোসান হলের দখলে ৮ লাখ ১১ হাজার ৫১৮ ভোট। অর্থাৎ, দুজনের ব্যবধান প্রায় ৩ লাখ ভোট।

এবার লন্ডনের মেয়র নির্বাচনে ১৪টি নির্বাচনী এলাকার মধ্যে নয়টিতেই জিতেছেন সাদিক খান। এর মধ্যে কনজারভেটিভদের দুটি এলাকায় জিতেছেন তিনি। এবার নির্বাচনে মোট ভোট পড়েছে ২৪ লাখ, যা মোট ভোটারের ৪২ দশমিক ৮ শতাংশ। ভোট পড়ার হার গতবারের চেয়ে কিছুটা কম।

ব্যক্তিগত জীবনে সাদিক খানের দুই সন্তান রয়েছে। রাজনীতির পাশাপাশি খেলাধুলার প্রতিও আগ্রহ রয়েছে তাঁর। সাদিক খানের পছন্দের খেলা ফুটবল, ক্রিকেট ও বক্সিং। ২০১৪ সালে লন্ডন ম্যারাথনে অংশ নিয়েছিলেন তিনি। ২০১৮ সালে জনপ্রিয় সাময়িকী টাইম ম্যাগাজিনে বিশ্বের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় জায়গা করে নেন সাদিক খান।

প্রচণ্ড তাপদাহে চা গাছে লাল মাকড়শা’র আক্রমণ, উৎপাদন হ্রাসের আশংকা

0

নূরুল মোহাইমীন মিল্টন, কমলগঞ্জ:

গত কয়েকদিনের প্রচণ্ড তাপদাহে চা গাছে লাল মাকড়শা এর আক্রমন দেখা দিয়েছে। কমলগঞ্জ উপজেলার অধিকাংশ চা বাগানের সেকশন সমুহে এ চিত্র পরিলক্ষিত হচ্ছে। বাগানের চা গাছ সমুহ লালচে রং ধারণ করে মাকড়শা ও মড়কের প্রাদুর্ভাব দেখা দিচ্ছে। ডানকান ব্রাদার্স, ন্যাশনাল টি কোম্পানী ও ব্যক্তি মালিকানাধীন এসব চা বাগানে চা গাছে লাল রোগের (রেড স্পাইডারের) আক্রমন শুরু হয়েছে।

এতে চায়ের উৎপাদনেও প্রভাব ফেলার আশঙ্কা রয়েছে। তবে চা বাগান ম্যানেজমেন্ট এই রোগের প্রাদুর্ভাব কাটিয়ে উঠছে বলে দাবি করেছেন।

সরেজমিন কমলগঞ্জ উপজেলার শমশেরনগরসহ কয়েকটি চা বাগান ঘুরে সংশ্লিষ্টদের সাথে কথা বলে জানা যায়, সম্প্রতি সময়ে সিলেট অঞ্চলে বৃষ্টিপাত হলেও প্রচণ্ড তাপদাহে রেড স্পাইডারের (লাল রোগ) আক্রমন শুরু হয়েছে। উপজেলার ২২টি চা বাগানের অধিকাংশ বাগানেই এ রোগের প্রকোপ দেখা দিয়েছে। কিছু কিছু স্থানে সেচের সুবিধা থাকলেও চা বাগানের পার্শ্ববর্তী নদী, ছড়া ও জলাশয় সমুহে পানি শুকিয়ে যাওয়ায় চায়ের টিলায় যথাযথভাবে সেচ দেয়া সম্ভব হয়নি। চা বাগানের টিলাভূমিতেও ছায়াবৃক্ষের পরিমাণ মারাত্মকহারে কমেছে। ছায়াবৃক্ষ প্রচণ্ড তাপদাহ, অতিবৃষ্টি রোগবালাই থেকে চা গাছকে রক্ষা করে। তাছাড়া আবহাওয়ার বিরূপ প্রভাবে প্রচণ্ড তাপদাহে চা গাছে লাল রোগের আক্রমণ বাড়তে শুরু করেছে। ফলে কঁচি চা গাছ শুকিয়ে মাকড়শা ও মশার উপদ্রবে পাতা লালচে হয়ে মরে যেতে শুরু করেছে।

ন্যাশনাল টি কোম্পানী (এনটিসি) ও ডানকান ব্রাদার্সের চা বাগানের নাম প্রকাশে অনিচ্ছুক দু’জন কর্মকর্তা জানান, সাধারণত ফেব্রুয়ারি-মার্চ মাসে চা বাগানের প্লান্টেশন এলাকার চা গাছ কাটিং করা (আগাছা ছেটে দেওয়া) হয়। আর এসব কাজের পর নিয়মিত সেচ দেয়ার প্রয়োজন হয়। তবে পর্যাপ্ত সুবিধা না থাকায় সেচের অভাবে এবং প্রচণ্ড হিটে বিভিন্ন চা বাগানে লাল রোগের প্রাদুর্ভাব দেখা দিচ্ছে। এসব কারনে চায়ের উৎপাদনে প্রভাব ফেলতে পারে এবং চা শিল্পে ব্যাপক ক্ষতিরও আশঙ্কা রয়েছে।

বাংলাদেশ টি বোর্ড (বিটিবি) এর সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, প্রতিকুল আবহাওয়ায় দীর্ঘ দু’তিন মাস যাবত চা বাগানের বিভিন্ন টিলায় পাহাড়ি ছড়া, লেক ও গভীর নলকূপ থেকে সেচ দেওয়া হয়। বৃষ্টিপাত না হওয়ায় পানির স্তর নিচে নামতে শুরু করে এবং বিভিন্ন নদী, ছড়া শুকিয়ে যাওয়ায় সেচের অভাবে চা গাছে পানি দেওয়া সম্ভব হচ্ছে না।

চা শিল্পে কর্মরত সংশ্লিষ্টদের ধারণা, আবহাওয়ার তারতম্যের কারণে চা শিল্পেও বৈষ্ণিক উষ্ণায়নের প্রভাব পড়তে শুরু করেছে। গাছ চোরদের কারনে চা বাগানের ছায়াদানকারী মূল্যবান গাছ গাছালি কেটে উজাড় করছে। অন্যদিকে সম্প্রতি সময়ে প্রচণ্ড তাপদাহের কারণে লাল রোগের আক্রমন ব্যাপকতর হচ্ছে।

শমশেরনগর কানিহাটি চা বাগানের শ্রমিক নেতা সীতারাম বীন বলেন, চা বাগানের বিভিন্ন টিলাভূমিতে এখন দেখা যায় বৃক্ষ শুন্য। একদিকে চা বাগানে গাছগাছালি কমে যাচ্ছে, অন্যদিকে আবহাওয়ার বিরূপ প্রভাবে অতিরিক্ত গরমে চা গাছে লাল রোগ দেখা দিয়েছে। ফলে উৎপাদনও কম হওয়ার সম্ভাবনা রয়েছে।

শমশেরনগর চা বাগান ব্যবস্থাপক মো. জাকির হোসেন ও সহকারী ব্যবস্থাপক ইকবাল হোসেন বলেন, এটি চা গাছে লাল রোগের আক্রমন। তবে এখন নিয়ন্ত্রণের দিকে চলে আসছে। এই মৌসুমে সাধারনত চা গাছে লাল রোগের আক্রমন হয়ে থাকে।

ন্যাশনাল টি কোম্পানী (এনটিসি) ডিজিএম মো. শফিকুল ইসলাম আধুনিক কাগজকে বলেন, প্রচণ্ড গরমের কারনে চা গাছে লাল মাকড়শা এর আক্রমনে গাছের পাতা লালচে হয়ে গেছে। এতোদিন সেচ দিয়ে ও বালাইনাশক ব্যবহার করে চা গাছ ও চায়ের চারা কিছুটা রক্ষার চেষ্টা করলেও তা রোধ করা যায়নি। এই অবস্থায় কাটিয়ে উঠার চেষ্টা চলছে।

বিয়ানীবাজারে মোটর সাইকেল দূর্ঘটনায় যুবক নিহত

0

বিয়ানীবাজার প্রতিনিধি:

বিয়ানীবাজারে বালু বোঝাই ট্রাকের চাকায় পৃষ্ট হয়ে শিবলু আহমেদ নামে এক মোটরসাইকেল আরোহী ঘটনাস্থলে নিহত হয়েছেন। শুক্রবার রাত ৯টার দিকে বারইগ্রাম-সিলেট আঞ্চলিক মহাসড়কের বিয়ানীবাজার পৌরসভার খাসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সম্মুখে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।

নিহত মোটরসাইকেল আরোহী উপজেলার চারখাই ইউনিয়নের নাটেশ্বর গ্রামের মৃত কুতুব উদ্দিনের ছেলে। নিহত যুবক দীর্ঘদিন ধরে বিয়ানীবাজার পৌরসভার খাসা পণ্ডিতপাড়া এলাকায় পরিবারের সাথে বসবাস করতেন বলে স্থানীয়সূত্রে জানা গেছে।

দুর্ঘটনায় বালু বোঝাই ট্রাকের চাকায় পৃষ্ট মোটরসাইকেল আরোহী যুবকের শরীর ছিন্নভিন্ন ও দ্বিখণ্ডিত হয়ে যায়। ঘটনার পর পর ঘাতক ট্রাক চালক পালিয়ে যায়। খবর পেয়ে বিয়ানীবাজার থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে নিহতের লাশ ও ক্ষতিগ্রস্ত মোটরসাইকেলটি উদ্ধার করে এবং ঘাতক ট্রাকটি জব্দ করে থানায় আসে। থানা পুলিশ বলছে, এ ব্যাপারে আইনী প্রদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।

দুর্ঘটনার খবর পেয়ে থানা পুলিশের পাশাপাশি ঘটনাস্থল পরিদর্শন করেছে বিয়ানীবাজার উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ ও পৌরসভার দায়িত্বশীলরা। এসময় তারা নিহতের স্বজনদের শান্তনা জানানোর সাথে সাথে জড়িত ট্রাক চালকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

বড়লেখায় শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নিয়াজ উদ্দীন, শ্রেষ্ঠ শিক্ষক সনজিৎ কান্তি দেব

0

আধুনিক ডেস্ক:

মৌলভীবাজারের বড়লেখায় জাতীয় শিক্ষা সপ্তাহে বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ নির্বাচিতদের নাম ঘোষণা করা হয়েছে।উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হাওলাদার আজিজুল ইসলাম বৃহস্পতিবার নির্বাচিতদের নাম ঘোষণা করেন। এতে উপজেলা পর্যায়ে কলেজ ক্যাটাগরিতে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত হয়েছেন বড়লেখা সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. নিয়াজ উদ্দীন। 
এবং শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচিত হয়েছেন বড়লেখা সরকারি ডিগ্রি কলেজের পদার্থ বিজ্ঞান বিষয়ের প্রভাষক সনজিৎ কান্তি দেব।

এছাড়াও শ্রেষ্ঠ প্রতিষ্ঠান, শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক, শ্রেষ্ঠ রোভারসহ বিষয় ভিত্তিক আরো ১৫টি ইভেন্টে শ্রেষ্ঠত্ব অর্জন করেছে এই সরকারি কলেজের শিক্ষক ও শিক্ষার্থী। যা কলেজ প্রতিষ্ঠার পর সর্বোচ্চ ইভেন্টে বিজয়ী হওয়ার নতুন রেকর্ড। 

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, একই কলেজের ছাত্র রাহিন আহমদ শ্রেষ্ঠ রোভার, মো. লায়েক আহমদ শ্রেষ্ঠ বিএনসিসি, জাহাঙ্গীর আলম শ্রেষ্ঠ রোভার গ্রুপ নির্বাচিত হয়েছেন।

ওসমানীনগরে বোরোর বাম্পার ফলন, তবুওহাসি নেই কৃষকদের মুখে

0

জুবেল আহমদ, ওসমানীনগর প্রতিনিধি:


সিলেটের ওসমানীনগরে বিগত বছরের তুলনায় চলতি মৌসুমে বোরোর ফলন অনেক ভালো হয়েছে। তবে গত শুক্রবার রাতের অসময়ে শিলা বৃষ্টির ফলে মাঠের পাকা ধানের ব্যাপক ক্ষতি হয়েছে।

অন্যদিকে শ্রমিকের অতিরিক্ত মজুরির কারণে শ্রমিক সংকটে দিশাহারা কৃষক। সরকারের পক্ষ থেকে ভর্তুকির মাধ্যমে কম্বাইন হারবেস্টার দিলেও তা চাহিদার তুলনায় অপ্রতুল। পানি জমে থাকা ক্ষেতে মেশিনের মাধ্যমে ধানা কাটাও যায় না। সব মিলিয়ে বোরোর বাম্পার ফলন হলেও হাসি নেই কৃষকদের মুখে।

উপজেলার কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি বোরো মৌসুমে ওসমানীনগর উপজেলায় ৬ হাজার ৫শ ১৫ হেক্টর জমিতে আবাদের লক্ষমাত্রা নির্ধারণ করা হয়েছিল।

সেখানে লক্ষমাত্রা ছাড়িয়ে ৬ হাজার ৬শ ১০ হেক্টর জমিতে আবাদ হয়েছে। আর উৎপাদন ধরা হয়েছে ২৭ হাজার ২শ ১ মেট্রিক টন চাল। এরই মধ্যে বিভিন্ন ইউনিয়নে ধান কাটা ও মাড়াই শুরু হয়েছে।

সাদিপুর ইউনিয়নের কৃষক ঝিষু ধর বলেন , আমি প্রায় নয় বিঘা জমিতে বোরো ধানের চাষ করেছি। ফলন ও অনেক ভালো হয়েছে। কিন্তু গত শুক্রবার রাতে শিলা বৃষ্টির কারণে আমার ২ বিঘা জমির পাকা ধানের ব্যাপক ক্ষতি হয়েছে।

পশ্চিম পৈলনপুর ইউনিয়নের কৃষক সালমান হোসেন বলেন,আমি এ বছর ৩৮ বিঘা জমিতে বোরো ধান চাষ করেছি। ইতিমধ্যে ৩৫ বিঘা জমির ধান কম্বাইন হারভেস্টার মেশিন দিয়ে বীঘা প্রতি ২২’শ টাকা করে কাটিয়েছি। আলহামদুলিল্লাহ ভালো ফলনও হয়েছে। আশা করছি প্রায় ৩৩ মন ধান পাবো।

উপজেলা কৃষি অফিসার (অতিরিক্ত) সায়মা নাজনীন বলেন,এ বছর লক্ষ্যমাত্রা ছাড়িয়ে আবাদ হয়েছে। ফলনও ভালো হয়েছে। উপজেলার ৮ টি ইউনিয়নের বিভিন্ন গ্রামে প্রায় ৩৭টি কম্বাইন হারভেস্টার মেশিন ধান কাটছে । কৃষি অফিসের মাঠকর্মীরা কৃষকদের সব সময় পরামর্শ ও সহযোগিতা দিয়ে আসছেন। সময়মতো প্রয়োজনীয় সার,বীজ ও কীটনাশক প্রয়োগ করায় বোরো ধানের বাম্পার ফলন হয়েছে।