Home Blog Page 211

সিলেট অঞ্চল দিয়ে বিলীন হবে ঘূর্ণিঝড় রেমাল

0

আধুনিক ডেস্ক:
বৃষ্টি ঝরিয়ে দূর্বল হয়ে গভীর স্থল নিম্নচাপ হিসেবে পরবর্তী সময়ে সিলেট অঞ্চল দিয়ে ঘূর্ণিঝড় রেমাল বিলীন হবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

আবহাওয়া অফিস জানিয়েছে, সোমবার ভোরে বাংলাদেশের ক্ষেপুপাড়ার পায়রা এবং পশ্চিমবঙ্গের সাগর আইল্যান্ড দিয়ে উপকূল অতিক্রম করে এখন গভীর স্থল নিম্নচাপ হিসেবে উত্তর-পূর্ব দিকে এগুচ্ছে ঘূর্ণিঝড় রেমাল।

ঘূর্ণিঝড় রেমালের বিধ্বংসীর দিক থেকে মাঝারি মানের। এর প্রভাব ছিল মূলত ভারী বৃষ্টি এবং জলোচ্ছ্বাস। বৃষ্টি ঝরিয়ে দূর্বল হয়ে গভীর স্থল নিম্নচাপ হিসেবে এটি সিলেট অঞ্চলে বিলীন হবে।

রোববার রাত পৌনে নয়টা থেকে ঘুর্ণিঝড়টির কেন্দ্রভাগ বাংলাদেশের মোংলার কাছে ভারতের পশ্চিমবঙ্গের সাগর আইল্যান্ড উপকূল থেকে পটুয়াখালীর খেপুপাড়া হয়ে অতিক্রম করা শুরু করে।
এসময় খেপুপাড়াতে সবোর্চ্চ বাতাসের গতি ছিল ঘন্টায় সর্বোচ্চ ১১১ কিলোমিটার। প্রবল বৃষ্টির তোড়ের সাথে ঝড়ো দমকা বাতাস নিয়ে সোমবার সকাল ১০টার দিকে গভীর স্থল নিম্নচাপ হিসেবে যশোর অঞ্চলে অবস্থান করছিল।

গভীর স্থল নিম্নচাপটি আরও বৃষ্টি ঝরিয়ে ক্রমশ দুর্বল হয়ে দেশের উত্তর-পূর্ব অংশের ফরিদপুর, মানিকগঞ্জ এবং ঢাকা হয়ে সিলেট অঞ্চলে গিয়ে স্থল নিম্নচাপ হয়ে পরে বিলীন হবে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।

প্রবল ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে রাজধানী ছাড়াও, উপকূলীয় অঞ্চলসহ সারাদেশে আগামী মঙ্গলবার পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ভারী বর্ষণের কারণে ভূমিধ্বসের আশঙ্কাও করছে আবহাওয়া অফিস।

আসামির বিয়ে, পুলিশের খবর নাই

0

আধুনিক রিপোর্ট:

আসামির বিয়ে, তবুও পুলিশের খবর নাই। বরং ঢাকঢোল পিটিয়ে মহাসমারোহে চলছে বিয়ের আয়োজন। বরকে শুভেচ্ছা জানিয়ে নির্মাণ করা হয়েছে বিশাল তোরণ।

সোমবার দুপুরে যাত্রীর বিশাল বহর নিয়ে কনের বাড়ি যান বর। রোববার রাতে তার নিজ বাড়িতে হয় গায়ে হলুদের অনুষ্ঠান। কথিত আছে, জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে ম্যানেজ করে এ শুভ কাজটি সম্পন্ন করেছেন জসিম উদ্দিন নামের হবু বর।

এ বিয়ের বর জসিম উদ্দিন একটি মামলার আসামি। পুলিশের খাতায় পলাতক। তাকে খোঁজে পাওয়া যাচ্ছে না। অথচ নিজ বাড়িতে জাঁকজমক করে বিয়ের আয়োজন করেছেন। এই ঘটনা ঘটেছে সিলেটের জালালাবাদ থানার মানসীনগর গ্রামে।

জানা যায়, গত ১৭ মে মানসীনগর গ্রামে একটি সালিশ বৈঠককে ঘিরে দুপক্ষের মারামারি হয়। এ মারামারির ঘটনায় একই গ্রামের সৈয়দ মিয়া বাদী হয়ে জালালাবাদ থানায় একটি মামলা করেন। মামলায় ২২ জনের নামোল্লেখ করে অজ্ঞাতনামা আরও ১৫/২০ জনকে আসামি করা হয়। জসিম উদ্দিন এই মামলার ১৮ নম্বর আসামি। সোমবার তিনি বিয়ে করছেন।

এই মামলার বাদী সৈয়দ মিয়া অভিযোগ করে বলেন, মামলার আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়ালেও পুলিশ তাদের গ্রেপ্তার করছে না। এরমধ্যে সোমবার এক আসামির বিয়ে করছেন। কাল থেকে তার বাড়িতে ঢাকঢোল বাজিয়ে বিয়ের আয়োজন চলছে। অন্যান্য আসামিরাও সেখানে জড়ো হয়েছেন। বিষয়টি একাধিকবার পুলিশকে জানালেও তারা কোন ব্যবস্থা নেয়নি।

তিনি বলেন, আসামির বিয়ের বিষয়টি গত রাতে আমি মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই লিটনকে জানাই। এরপর থেকেই তার ফোন বন্ধ পাই। সোমবার দুপুরে আসামি বর যাত্রী নিয়ে কনের বাড়ি চলে যাওয়ার পর তদন্তকারী কর্মকর্তা আমাকে ফোন দিয়ে জানান, তিনি আসামিকে ধরতে অভিযানে যাচ্ছেন।
তবে এমন অভিযোগ অস্বীকার করে জালালাবাদ থানার এসআই লিটন বলেন, মামলা দায়েরের পর আসামিদের ধরতে একাধিকবার অভিযান চালিয়েছি। কিন্তু তাদের পাইনি। এক আসামির বিয়ের খবর শুনে আজকেও অভিযানে গিয়ে তাকে পাইনি। রাতে আবার অভিযানে যাবো।

এ ব্যাপারে জালালাদ থানার ওসি মিজানুর রহমান আধুনিক কাগজকে বলেন, আসামির বিয়ের ব্যাপারে আমার কাছে কোনো তথ্য নেই। এলাকার লোকজন বলছে, পুলিশকে ম্যানেজ করে বিয়ে করছে আসামি- এ ব্যাপারে জানতে চাইলে ক্ষেপে যান ওসি মিজান। তিনি বলেন, আপনি খোঁজ নেন, আমাকে ফোন দিচ্ছেন কেন?

শপথ নিলেন সিলেটের ১১উপজেলার চেয়ারম্যান

0

আধুনিক রিপোর্ট::

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম দফায় বিজয়ী সিলেটের ১১টি উপজেলা থেকে নির্বাচিত চেয়ারম্যানরা শপথ নেন। সোমবার (২৭ মে) সকাল ১১ টায় ও দুপুরে সিলেটের বিভাগীয় কমিশনার কার্যালয়ে শপথগ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সিলেট ও হবিগঞ্জ এবং সুনামগঞ্জ ও মৌলভীবাজার জেলার উপজেলাগুলোর নবনির্বাচিতরা শপথ নেন। শপথবাক্য পাঠ করান সিলেট বিভাগীয় কমিশনার আবু আহমদ ছিদ্দীকী (এনডিসি)।
শপথগ্রহণে উপস্থিত ছিলেন, সিলেট সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. সুজাত আলী রফিক, দক্ষিণ সুরমা উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. বদরুল ইসলাম, বিশ্বনাথ চেয়ারম্যান মোহাম্মদ সুহেল আহমদ চৌধুরী, গোলাপগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান মঞ্জুর কাদির শাফি চৌধুরী এলিম, দিরাই উপজেলা চেয়ারম্যান প্রদীপ রায়, শাল্লা উপজেলা চেয়ারম্যান অবনী মোহন, জুড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান কিশোর রায় চৌধুরী মণি, বড়লেখা উপজেলা পরিষদ চেয়ারম্যান রফিকুল ইসলাম সুন্দর, কুলাউড়ার উপজেলা চেয়ারম্যান ফজলুল হক খান, আজমিরীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান হোসেন খান।

শপথগ্রহণ শেষে নবনির্বাচিত চেয়ারম্যান স্বাগত জানিয়ে বিভাগীয় কমিশনার আবু আহমদ ছিদ্দীকী (এনডিসি) বলেন, মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে জনগনের সেবা দিতে এক সাথে আমরা কাজ করবো। সরকারী কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা মিলে যেকোনো পরিস্থিতি মোকাবেলা করবো। কোনো তথ্য পেলে আমাদের সাথে সাথে জানাবেন। জনগণ যে প্রত্যাশা নিয়ে আপনাদের নির্বাচিত করেছেন, তা পূরণে কাজ করে যেতে হবে।

উল্লেখ্য, গত ৮ মে সিলেট জেলায় চারটি, সুনামগঞ্জে দুটি, মৌলভীবাজারে তিনটি এবং হবিগঞ্জে দুটি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হয়। উপজেলাগুলো হলো-সিলেটের সদর, দক্ষিণ সুরমা, বিশ্বনাথ ও গোলাপগঞ্জ, হবিগঞ্জের আজমিরিগঞ্জ ও বানিয়াচং সুনামগঞ্জের দিরাই, শাল্লা এবং মৌলভীবাজারের কুলাউড়া, বড়লেখা ও জুড়ি।

প্রবীণ রাজনীতিবিদ নুরুল আমিনের মৃত্যু : কোম্পানীগঞ্জ আওয়ামীলীগের শোক

0

প্রবীণ রাজনীতিবিদ,বাংলাদেশ আওয়ামীলীগের জাতীয় পরিষদ সদস্য, কোম্পানীগঞ্জ আওয়ামীলীগের প্রতিষ্ঠাতা সভাপতি নুরুল আমিন ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

আজ সোমবার (২৭ মে) রাত ১২টা ১০ মিনিটের সময় আম্বরখানাস্থ নিজ বাসায় ইন্তেকাল করেন। প্রবীণ রাজনীতিবিদ নুরুল আমিনের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব আলী আমজদ ও সাধারণ সম্পাদক  হাজী আপ্তাব আলী কালা মিয়া।

কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী আপ্তাব আলী কালা মিয়া বলেন, কোম্পানীগঞ্জ উপজেলার একজন ত্যাগী ও নিবেদিত মানুষ হারালাম।যার হাত ধরে উপজেলা আওয়ামীলীগ সুসংগঠিত হয়ে আজকের এই অবস্থানে এসেছে। আমরা উনার আত্মার মাগফিরাত কামনা করছি। উনার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি।

মৃত্যুকালে তিনি স্ত্রী ২ ছেলে ২ মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

এমপি আনার হত্যার ঘটনা তদন্তে কলকাতায় গেল ডিবির প্রতিনিধি দল

0

এমপি আনার হত্যার ঘটনা তদন্ত করতে ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) মোহাম্মদ হারুন অর রশিদের নেতৃত্বে কলকাতা গেছেন তিন সদস্যের একটি দল। তদন্ত কমিটির অন্য দুই সদস্য হলেন, ওয়ারী বিভাগের ডিসি মুহাম্মদ আব্দুল আহাদ ও এডিসি শাহীদুর রহমান।

আজ (রোববার) সকাল ১০ টায় ইউএস বাংলার একটি ফ্লাইটে কলকাতার উদ্দেশ্যে রওনা দেন প্রতিনিধিদলটি। বাংলাদেশ সময় বেলা ১১টায় তারা কলকাতায় পৌঁছান বলে জানা গেছে।

বিমানবন্দরে ডিবিপ্রধান সংবাদ মাধ্যমকে বলেন, শাহীনকে এই হত্যার মাস্টারমাইন্ড বলে নিশ্চিত হয়েছে কলকাতা ও ঢাকার গোয়েন্দারা। বাংলাদেশের তদন্ত দল কলকাতায় প্রথমে ঘটনাস্থলে যাবে। এরপর ভারতে গ্রেপ্তার জিহাদ হাওলাদারকেও জিজ্ঞাসাবাদ করবে।

প্রসঙ্গত, গত ১২ মে চিকিৎসার জন্য এমপি আনোয়ারুল আজীম আনার দর্শনা-গেদে সীমান্ত দিয়ে ভারতে যান। এরপর গত ২২ মে কলকাতার নিউ টাউনের একটি ফ্ল্যাটে তার খুন হওয়ার বিষয়টি জানায় ভারতীয় পুলিশ।

এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে আমানুল্যা ওরফে শিমুল ভূইয়া, তানভীর ভূঁইয়া ও শিলাস্তি রহমানকে গ্রেপ্তার করে বাংলাদেশ পুলিশ। শুক্রবার (২৪ মে) তাদের ৮ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

সিলেটে রেকর্ড তাপমাত্রা, অতিষ্ঠ জনজীবন

0

আজ শনিবার (২৫ মে) বিকাল ৩টায় সিলেটে রেকর্ড করা হয় ৩৮.২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। যা এই বছরের সর্বোচ্চ। বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ শাহ মোহাম্মদ সজীব হোসেন।

সিলেট আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, শুক্রবার তাপমাত্রার পারদ ছিলো ৩৭.৭ ও এর আগের দিন (বৃহস্পতিবার) ছিল ৩৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

এমন গরমে অতিষ্ঠ সিলেটের লোকজন। প্রায় স্তব্ধ জীবনযাত্রা। সিলেটে গত ২ সপ্তাহ থেকে শুরু হয়েছে তাপপ্রবাহ। মাঝখানে সোমবার সিলেটের বিভিন্ন অঞ্চলে খানিক বৃষ্টি হলেও কমেনি তাপমাত্রা, বরং আরও বেড়ে যায়। এতে গরমে হাঁসফাঁস করছেন মানুষ। চাহিদা বেড়েছে আখের রস, ডাবসহ তরল খাবারের। নগরের বিভিন্ন স্থানে দেখা যায়, ভ্রাম্যমাণ বিক্রেতাদের কাছে লোকজন জড়ো হয়ে লেবুর শরবত, আখের রস ও ডাব কিনে তৃষ্ণা মেটাচ্ছেন।

এদিকে, চলমান তাপপ্রবাহ পরিস্থিতিতে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের যে আশঙ্কা তৈরি হয়েছিল, তা আরও বৃদ্ধি পেয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, নিম্নচাপটি আরও শক্তি অর্জন করে শুক্রবার মধ্যরাতে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। শনিবার বিকেলের মধ্যে সেটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। রবিবার (২৬ মে) ঘূর্ণিঝড়টি বাংলাদেশের উপকূলে আঘাত হানতে পারে। আর এ সময় দেশের বিভিন্ন স্থানে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। সিলেটেও হতে পারে বৃষ্টি।

অপরাধ ঠেকাতে একাট্টা তেররতন এলাকাবাসি, বিভিন্ন দপ্তরে অভিযোগ

0

আধুনিক ডেস্ক:

দীর্ঘদিন থেকে সিলেট নগরের শাহপরাণ (রহ.) থানাধীন তেররতন এলাকায় মাদক, জুয়াসহ নানা ধরণের অপরাধ কর্মকান্ড বৃদ্ধি পাওয়ায় এবার এলাকাবাসি একাট্টা হয়েছেন। এলাকার যুব সমাজসহ স্কুল-কলেজের শিক্ষার্থীদের অবক্ষয় থেকে রক্ষা করার জন্য এবার তারা দারস্থ হয়েছেন পুলিশের।

এলাকা রক্ষার্থে সোমবার সিলেট মহানগর পুলিশ কমিশনার, র‍্যাব-৯, মহানগর গোয়েন্দা পুলিশ, উপ পুলিশ কমিশনার (দক্ষিণ, সিলেট সিটি করপোরেশনের মেয়র ও শাহপরাণ (রহ.) ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দায়ের করেন। লিখিত অভিযোগে তারা তেররতন এলাকাকে রক্ষা করার পাশাপাশি কিশোর গ্যাংয়ের উৎপাত ঠেকাতে পুলিশের সার্বিক সহযোগীতা কামনা করেন।

এসময় উপস্থিত ছিলেন- আক্তার হোসেন, জালাল আহমদ সাহেদ, ফটিক মিয়া, সৈয়দ রহিম আলী রাসু, এনাম আহমদ, সবুজ আলী, দেলোয়ার হোসেন দিনার, রুহেল, মুন্না আহমদ, আব্দুস সাদিক তারেক, আবুল কাশেম, মান্না আহমদ, মাহফুজ আহমদ, মুক্তা আহমদ, মারুফ আহমদসহ এলাকার বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও শ্রমজীবী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

১১ বছর পর এভারেস্টের চূড়ায় আবার বাংলাদেশের পতাকা

0

আধুনিক রিপোর্ট ::
১১ বছর পর আবারও এভারেস্ট চূড়ায় ওড়লো বাংলাদেশের পতাকা। পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ এভারেস্টে বাংলাদেশের পতাকা ওড়ালেন চট্টগ্রামের বাবর আলী। রোববার ১৯ মে নেপালের স্থানীয় সময় সকাল সাড়ে আটটায় তিনি চূড়ায় পৌঁছান। বাবরের সংগঠন ভার্টিক্যাল ড্রিমার্সের পক্ষ থেকে রোববার সকাল ৮টা ৫৬ মিনিটে এক ফেসবুক পোস্টে এ তথ্য জানানো হয়। বাবর আলীর এভারেস্ট জয়ের বিষয়টি নিশ্চিত করে অভিযানের প্রধান সমন্বয়ক ফরহান জামান আধুনিক কাগজকে জানান, বিকেল সাড়ে ৫টার দিকে ক্যাম্প-৪ এ নেমে বিশ্রামে যান বাবর আলী।
এভারেস্ট জয়ের স্বপ্ন নিয়ে গত ১ এপ্রিল বাবর আলী বাংলাদেশ থেকে নেপালের উদ্দেশে রওনা হন। প্রস্তুতিমূলক কাজ শেষ করে ৪ এপ্রিল কাঠমান্ডু থেকে উড়ে যান লুকলা বিমানবন্দরে। এরপর পথচলা শুরু করেন এভারেস্ট বেজক্যাম্পের উদ্দেশে। ১০ এপ্রিল সেখানে পৌঁছান। এভারেস্ট অভিযানের অন্যতম গুরুত্বপূর্ণ কাজ হলো উচ্চতার সঙ্গে খাপ খাইয়ে নেওয়া। ভার্টিক্যাল ড্রিমার্সের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এ জন্য একাধিকবার উচ্চতায় ওঠানামা করতে হয়েছে বাবরকে। ২৬ এপ্রিল বেজক্যাম্প থেকে এভারেস্টের ক্যাম্প ২ পর্যন্ত ঘুরে এসে উচ্চতার সঙ্গে মানিয়ে নেওয়ার পর্ব সমাপ্ত করেন। এরপর অনুকূল আবহাওয়ার জন্য দীর্ঘ অপেক্ষা করতে হয় বাবরকে। ১৪ মে মাঝরাতে বেজক্যাম্প থেকে বাবরের যাত্রা শুরু হয় চূড়া অভিমুখে। প্রথম দিনেই সরাসরি উঠে যান ক্যাম্প ২-এ। পরিকল্পনা অনুযায়ী, সেখানে দুই রাত কাটিয়ে বাবর ১৮ মে উঠে যান ক্যাম্প ৩ এবং ১৯ মে পৌঁছান ক্যাম্প ৪-এ। ২৬ হাজার ফুট উচ্চতার এই ক্যাম্পের ওপরের অংশকে বলা হয় ‘ডেথ জোন।১৮ মে মাঝরাতে আবারও শুরু হয় বাবরের যাত্রা। ১৯ মে ভোরের প্রথম আলোয় ২৯ হাজার ৩১ ফুট উচ্চতার মাউন্ট এভারেস্টের শীর্ষে ওড়ান বাংলাদেশের পতাকা।
পৃথিবীর সর্বোচ্চ শিখর মাউন্ট এভারেস্টে প্রথম অভিযান পরিচালিত হয় ১শ বছরেরও বেশি সময় আগে থেকে। তবে সফলতা আসে৭১ বছর আগে। ১৯৫৩ সালের ২৯ মে নেপালের শেরপা তেনজিং নোরগেকে সঙ্গে নিয়ে প্রথমবারের মতো বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্টের চূড়ায় উঠেছিলেন নিউজিল্যান্ডের পর্বতারোহী এডমন্ড হিলারি। আর প্রথম কোনো বাংলাদেশি হিসেবে ২০১০ সালের ২৩ মে এভারেস্টের শীর্ষে ওঠেন মুসা ইব্রাহীম। এরপর ২০১১ ও ২০১২ সালে দুবার এভারস্ট জয় করেন এম এ মুহিত। প্রথম বাংলাদেশি নারী হিসেবে ২০১২ সালের ১৯ মে এভারেস্টের চূড়ায় আরোহণ করেন নিশাত মজুমদার। একই মাসের ২৬ মে ওয়াসফিয়া নাজরীন জয় করেন এভারেস্ট।
বাংলাদেশের এভারেস্ট জয়ের গল্পে আছে করুণ কাহিনীও। ২০১৩ সালের ২০ মে এভারেস্টজয়ী পঞ্চম বাংলাদেশি সজল খালেদ এভারেস্টচূড়া থেকে নেমে আসার সময় মারা যান।এরপর আর ১১ বছর ধরে কোনো বাংলাদেশির পা পড়েনি এভারেস্টের চূড়ায়।১১ বছরের অপেক্ষার অবসান ঘটালেন ৩৩ বছর বয়সী বাবর আলী।
অ্যাডভেঞ্চারপ্রিয় বাবর আলী পেশায় চিকিৎসক। চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস করে চিকিৎসা পেশা শুরু করলেও থিতু হননি। ডাক্তারি ছেড়ে দেশ-বিদেশ ঘোরা শুরু করেন। ২০২৩ সালের ১৩ এপ্রিল কাশ্মীরের রাজধানী শ্রীনগর থেকে সাইকেলযাত্রা শুরু করেছিলেন বাবর আলী। এক মাসের চেষ্টায় প্রায় চার হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে তামিলনাড়ুর কন্যাকুমারী গিয়ে থেমেছিলেন তিনি। পথে যেতে যেতে ১৩টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মনোরম দৃশ্য অবলোকন করার সুযোগ হয়েছিল তাঁর। এর আগে ২০১৯ সালে পরিবেশ রক্ষার ব্রত নিয়ে বাংলাদেশের ৬৪ জেলা হেঁটে পার করেন তিনি। এসব অভিযান নিয়ে লিখেছেন বই।
বাবর আলীর সাফল্যে অভিভূত তার টিমের সদস্যরাও। অভিযানের প্রধান সমন্বয়ক ফরহান জামান নিজের অনুভূতির কথা তুলে ধরে জানান, বেসক্যাম্পে ফিরে না আসা পর্যন্ত তারা নিশ্চিন্ত হতে পারছেন না।
বাবর আলীর সাফল্যে অভিভূত তার টিমের সদস্যরাও। অভিযানের প্রধান সমন্বয়ক ফরহান জামান নিজের অনুভূতির কথা তুলে ধরে জানান, বেসক্যাম্পে ফিরে না আসা পর্যন্ত তারা নিশ্চিন্ত হতে পারছেন না।
এভারেস্ট জয় করেই থামছেন না বাবর আলী। এর সঙ্গে লাগোয়া পৃথিবীর চতুর্থ শীর্ষ পর্বত লোৎসেও জয় করতে চান তিনি। ক্যাম্প ৪–এ নামার পরই শুরু হবে দ্বিতীয় লক্ষ্যের পথে যাত্রা।

স্মার্ট বাংলাদেশের জন্য স্মার্ট পুলিশ গড়ে তোলা হচ্ছে : আইজিপি

0

আধুনিক রিপোর্ট

বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আব্দুল্লাহ আল-মামুন বলেছেন, স্মার্ট বাংলাদেশের জন্য স্মার্ট পুলিশ বাহিনী গড়ে তোলা হচ্ছে। তিনি বলেন, স্মার্ট বাংলাদেশের জন্য স্মার্ট পুলিশ দরকার। সেই স্মার্ট পুলিশ গড়ে তোলার জন্য যে আধুনিকায়ন দরকার, সেটি আমরা গড়ে তুলেছি। পাশাপাশি প্রযুক্তির ব্যবহার আরো বৃদ্ধি করেছি। যুগপযোগী প্রশিক্ষণ এবং আধুনিকায়ন করছি। রোববার ১৯ মে দুপুরে সিলেটের পুলিশ সুপারের কার্যালয়ে বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন।

দেশে সন্ত্রাস ও জঙ্গিবাদ এখন প্রায় নির্মূল করা হয়েছে বলে মন্তব্য করে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আরও বলেন, সারা দেশে জঙ্গিরা এক সঙ্গে ৬৩ জেলায় বোমা বিস্ফোরণ ঘটিয়ে জানান দিয়েছিল তাদের সেই সক্ষমতা রয়েছে। তাদের সেই দৃষ্টতাকে কিন্তু গুঁড়িয়ে দেওয়া হয়েছে। আমরা বলি না যে আমরা পুরোপুরি নির্মূল করেছি। যেকোনো অপরাধ নির্মূল করা হয়তো সম্ভব না, তবে আমরা কার্যকরভাবে নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়েছি।

তিনি বলেন, ‘আগামী দিনে যথাযথভাবে পেশাদারিত্বের সঙ্গে আমাদের সকল সদস্য যেকোনো চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত রয়েছি। বাংলাদেশ পুলিশের সামনে যে কোনো চ্যালেঞ্জ আসলে সে চ্যালেঞ্জ কিভাবে মোকাবিলা করতে বাংলাদেশ পুলিশ প্রস্তুত রয়েছে।’

মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পেরে পুলিশ গর্বিত জানিয়ে তিনি বলেন, ঈদের সময় সাধারণ মানুষ, এদেশের সম্মানিত নাগরিকবৃন্দ যার যার গন্তব্যে যাচ্ছেন। আমাদের পুলিশ সদস্যরা এই নিরাপদ যাত্রা নিশ্চিত করার জন্য ট্রাফিক ডিউটি এবং আইনশৃঙ্খলার ডিউটি করছে। আমাদের আত্মীয়স্বজন টিভিতে দেখছে হাজার হাজার মানুষ যার যার গন্তব্যে যাচ্ছে। আমাদের সন্তানরা ভাবে আমাদের বাবারাও মনে হয় আসবে, আমাদের পরিবার ভাবে আমরাও যাবো। কিন্তু তারা দিন শেষে দেখে সবাই এসেছে কিন্তু আমাদের লোকজন আসেনি।

কিরগিজস্তানে বিদেশি শিক্ষার্থীদের ওপর হামলা: অনিশ্চয়তায় ৮শ বাংলাদেশি শিক্ষার্থী

0

ডেস্ক রিপোর্ট ::

কিরগিজস্তানে মিসরের কয়েকজন মেডিকেল শিক্ষার্থীর সঙ্গে স্থানীয় কয়েকজন ব্যক্তির সংঘর্ষের জেরে বিদেশিদের ওপর হামলা শুরু হয়েছে। এতে কিরগিজস্তানের রাজধানী বিশকেকে বাংলাদেশি শিক্ষার্থীরাও হামলার শিকার হয়েছেন বলে জানা গেছে। সেখানে নিরাপত্তাহীনতা আর অনিশ্চয়তায় দিন কাটছে বাংলাদেশের অন্তত ৮০০ মেডিকেল শিক্ষার্থীর।
পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, কিরগিজস্তানে বাংলাদেশি শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় সে দেশের সরকারকে উদ্বেগ জানানো হয়েছে।


রোববার দুপুরে ঢাকায় এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।তিনি জানান, কোনো বাংলাদেশি ছাত্র খুব জখম হয়েছে এমন খবর নেই। রাষ্ট্রদূতকে পরিস্থিতি পর্যবেক্ষণ করতে বলা হয়েছে বলেও জানান তিনি।
গত ১৩ মে বিশকেক শহরে স্থানীয় দু–তিনজন বাসিন্দার সঙ্গে মেডিকেল বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত মিসরীয় কয়েকজনের সংঘর্ষ হয়। এরপর ১৬ মে রাত থেকে বিশকেক শহরে থাকা বিদেশিদের ওপর হামলা শুরু করেন স্থানীয় লোকজন। সেখানে থাকা বাংলাদেশি, পাকিস্তানি ও ভারতীয় শিক্ষার্থীদের ওপর হামলা চালানো হয়েছে। শহরে বাড়ি বাড়ি গিয়ে বিদেশিদের মারধর ও ভাঙচুর করা হয়েছে। এমনকি মেডিকেল কলেজগুলোর হোস্টেলে তাঁরা ঢুকে পড়েছেন। দেশটিতে পড়তে যাওয়া নারীদের ওপরও নির্যাতন চালানোর অভিযোগ উঠেছে। শহরজুড়ে পুলিশ মোতায়েন থাকলেও পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয়েছে। এদিকে, বিদেশি শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনার পর ১৪০ শিক্ষার্থীকে দেশে ফিরিয়ে নিয়েছে পাকিস্তান।