আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আমরা কোটামুক্ত সিদ্ধান্তই নিয়েছিলাম। এখন আমাদের অবস্থান আদালতের ওপর নির্ভরশীল। আদালতের সিদ্ধান্তই চূড়ান্ত হবে। আশা করি, আদালত বাস্তবসম্মত সিদ্ধান্ত নেবেন।
ওবায়দুল কাদের বলেন, আদালত চূড়ান্ত রায়ের মাধ্যমে এ বিষয়ের নিষ্পত্তি করবেন। আদালত শিক্ষার্থীদের ক্লাসে ফিরে যেতে বলেছেন। শিক্ষার্থীদের অসন্তোষ বিবেচনা করে আদালত বাস্তবসম্মত রায় প্রকাশ করবেন বলে আশা করি। পুরো রায় না আসা পর্যন্ত ধৈর্য ধারণ করতে বলছি। মানুষের দুর্ভোগ যাতে না হয়, সেদিকে শিক্ষার্থীদের খেয়াল রাখতে হবে। ‘বাংলা ব্লকেড’ কর্মসূচি প্রসঙ্গে তিনি বলেন, শিক্ষার্থীরা কি ভাবছে তা এখনই বলা সম্ভব না। এক ঘণ্টার মধ্যে শিক্ষার্থীদের প্রতিক্রিয়া বলা যাবে না। আজ ও কাল দেখি। তারপর বুঝা যাবে, আপনারা ধৈর্য ধরুন।
তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের আন্দোলনের বিষয়ে আমাদের যোগাযোগ আছে। আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। অচিরেই সমস্যার সমাধান হবে।
এসময় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, এস এম কামাল হোসেন, আফজাল হোসেন, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, উপ-দপ্তর সম্পাদক সায়েম খান, কার্যনির্বাহী সদস্য সাহাবুদ্দিন ফরাজী প্রমুখ উপস্থিত ছিলেন।
কোটার বিষয়ে আদালতের সিদ্ধান্তই চূড়ান্ত: কাদের
‘কৃষকরা প্রকৃত মুক্তিযোদ্ধা’
জগন্নাথপুর প্রতিনিধি
সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এমপি বলেছেন, দেশের আসল বীর মুক্তিযোদ্ধা কৃষকরা, তারা লাঙ্গল কাঁধে নিয়ে মুক্তিযুদ্ধে গিয়েছে। যুদ্ধ করে যদি তারা বাঁচেন আবার লাঙ্গল নিয়ে মাঠে কাজ করবেন- এই আশা ছিল। তারা দেশের জন্য যুদ্ধ করেছে কিন্তু কিছু খারাপ লোক এখন মুক্তিযোদ্ধার সুবিধা ভোগ করতেছে। আমরা চাই স্বাধীন দেশে সকল মানুষ ন্যায় বিচার পাবে।
বুধবার সুনামগঞ্জের জগন্নাথপুরে ২৩-২৪ অর্থ বছরে কৃষি প্রণোদনা ও পুনর্বাসন কর্মসূচীর আওতায় রোপা আমন ধানের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণী অনুষ্টানের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, এই কৃষদের নাম নাই, ঠিকানা নাই তারা তো ভাতা পায় না ও কোন ধরনের সুযোগ সুবিধা পায় নায়। তাদের জন্য বর্তমান সরকার সব সময় কাজ করে যাচ্ছেন। আজ আমরা এই বঞ্চিত কৃষদের মধ্যে অল্প হলে কৃষি যন্ত্রপাতি ও সার বীজ বিতরণ করতেছি। কৃষি বান্ধব সরকারের প্রধানমন্ত্রী প্রতি ইঞ্চি জমিকে আবাদের আওতায় আনার জন্য কৃষি প্রণোদনা কর্মসূচীকে সর্বাধিক গুরুত্ব দিচ্ছেন।
জগন্নাথপুর উপজেলা সহকারী কমিশনার ভূমি কর্মকর্তা রিয়াদ বিন ইব্রাহিম ভুঞ্জা সা-আধ এর সভাপতিত্বে কৃষি অফিসার কাওছার আহমেদের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের উপদেষ্টা সিদ্দিক আহমেদ, জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম, ভাইস চেয়ারম্যান আবুল হোসেন লালন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু প্রমুখ। এ সময় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, উপ সহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং তিন শতাধিক কৃষকবৃন্দ উপস্থিত ছিলেন।
দিনভর বৃষ্টিতে ভিজে মহাসড়ক অবরোধ
মাইন উদ্দিন, শাবিপ্রবি
সরকারি চাকরির সকল গ্রেডে কোটা সংস্কারের এক দফা দাবিতে সিলেট-সুনামগঞ্জ মহাসড়ক ‘বাংলা ব্লকেড’ অবরোধ করে রেখেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থীরা।
বুধবার দুপুর সাড়ে ১১টা থেকে মিছিল নিয়ে শাবির বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন তাঁরা। এরপর বেলা ১২টায় বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে সিলেট-সুনামগঞ্জ সড়ক অবরোধ করে চলে শিক্ষার্থীদের অবরোধ কর্মসূচি।
প্রবল বৃষ্টির মধ্যে দিনব্যাপী ‘বাংলা ব্লকেড’ কর্মসূচি চালিয়ে যান আন্দোলনরত শিক্ষার্থীরা। আন্দোলন চলাকালে রোগী বহনকারী গাড়ি ও পরীক্ষার্থীদের নির্বিঘ্নে যাতায়াতের জন্য সহযোগিতা করছে আন্দোলনকারীরা। তবে তীব্র বৃষ্টিপাত ও যানজটের কারনে ভোগান্তি পোহাতে হয়েছে সাধারণ যাত্রীদের।
সাধারণ মানুষ অনেকেই এই আন্দোলনের সঙ্গে একাত্মতা পোষণ করেন। সিলেট টুকের বাজারের মিসফা বেগম বলেন, শিক্ষার্থীদের এই আন্দোলন যৌক্তিক। একটা স্বাধীন দেশে কখনই বৈষম্য থাকতে পারে না। কোটার বাতিলের জন্য যেদেশের মানুষ জীবন উৎসর্গ করে দেশ স্বাধীন করেছে, সেদেশে এখনো কোটাপ্রথা বহাল রয়েছে যা খুবই দুঃখের বিষয়। সরকারের উচিত শিক্ষার্থীদের দাবি মেনে নেওয়। ভোগান্তির কথা উল্লেখ করে তিনি বলেন, আন্দোলন যেহেতু যৌক্তিক তাহলে একটু ভোগান্তি তো পোহাতেই হবে। তবে সাধারণ যাত্রীদের মধ্যে অনেকেই আবার তিক্ত মনোভাব প্রকাশ করেন। তার মধ্যে অনেকে শিক্ষার্থীদের সাথে বাকবিতন্ডায় জড়ান। গাড়ি চালকরা বলেন, আমরা খেটে খাওয়া মানুষ। গাড়ি চালিয়ে সংসার চালাতে হয়।তাছাড়া গাড়ি বাড়ায় চালাই,এই অবরোধের কারনে দীর্ঘক্ষণ ধরে এখানে দাঁড়িয়ে আছি।যদি গাড়ি না চালাতে পারি তাহলে নিজেই খামু কি আর ভাড়াই দিমু কিভাবে। আন্দোলন পরবর্তীতে সমাপনী বক্তব্যে আন্দোলনকারী শিক্ষার্থী নুর উদ্দিন রাজু বলেন, একটি স্বাধীন দেশে কোটা প্রথা চালু মানে মেধাবীদের অবমূল্যায়ন করা। সরকারি চাকরিতে অযৌক্তিক ও বৈষম্যমূলক যে কোটা রাখা হয়েছে তা বাতিল করা হোক। অনগ্রসর ও প্রতিবন্ধীদের জন্য ন্যূনতম কোটা রেখে সংসদে আইন পাস করতে হবে। নতুবা ছাত্র সমাজের এ আন্দোলন চলমান থাকবে।
দীর্ঘ ৫ ঘণ্টা সড়ক অবরোধ করে রাখার পর বৃহস্পতিবার বিকেল ৩ টায় কর্মসূচি ঘোষণা করে সিলেট সুনামগঞ্জ মহাসড়ক ছাড়েন আন্দোলনকারী শিক্ষার্থীরা।
কুলাউড়া পৌরসভার বাজেট: ৬৯ কোটি টাকার বাজেট ঘোষণা
কুলাউড়া প্রতিনিধি
মৌলভীবাজারের কুলাউড়া পৌরসভার ২০২৪-২০২৫ অর্থবছরে ৬৯ কোটি ৭১ লাখ ৬২ হাজার ৫শত টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। বুধবার বিকেল সকাল ১১ টায় পৌরসভা মিলনায়তনে বাজেট ঘোষণা করেন পৌরসভার মেয়র অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ।
ঘোষিত বাজেটে রাজস্ব খাতে মোট আট আয় ৭ কোটি ৩৩ লাখ ২৪ হাজার ৩২০টাকা ২৫ পয়সা, ব্যয় ৭ কোটি ১০ লাখ ৬২ হাজার ৫শ টাকা। উন্নয়ন খাতে মোট আয় ৬২ কোটি ৫০ লাখ, ৬১ হাজার ৮২০ টাকা ২৫ পয়সা এবং ব্যয় ৬২ কোটি ৬১ লাখ ধরা হয়েছে। রাজস্ব ও উন্নয়ন খাত মিলিয়ে মোট আয় ৬৯ কোটি ৮৩ লাখ ৮৬ হাজার ১৪০টাকা ৫০ পয়সা এবং ব্যয় ধরা হয়েছে ৬৯ কোটি ৭১ লাখ ৬২ হাজার ৫শ টাকা। বাজেট উদ্বৃত্ত ১২ লাখ ২৩ হাজার ৬৪০ টাকা ৫০ পয়সা।
বাজেট পূর্ব বক্তব্যে মেয়ন অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ বলেন, কোন প্রকার নতুন করারোপ ছাড়াই নতুন বাজেট ঘোষণা করা হয়েছে। চলতি ভয়াবহ বন্যার কারণে মানুষ যে দূর্ভোগের শিকার হচ্ছেন তা থেকে পরিত্রাণে এবং পৌরসভার সার্বিক উন্নয়নে অচিরেই মহাপরিকল্পনা গ্রহণ করা হবে। শহরের মূল সড়কের দু’পাশের ড্রেন-ফুটপাত, জলাবদ্ধতা দূরিকরণে প্রয়োজনীয় ড্রেন নির্মাণ নির্মাণ করা হবে।
বাজেট পেশকালে উপস্থিত ছিলেন পৌরসভার সচিব শরদিন্দু রায়, প্যানেল মেয়র তানভীর আহমদ চৌধুরী শাওন, সহকারী প্রকৌশলী কামরুল ইসলাম, পৌরসভার হিসাবরক্ষণ কর্মকর্তা মোহাম্মদ পনির হোসেন মোল্লাসহ পৌরসভার কাউন্সিলর, কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
ধলাই নদী গর্ভে বিলীনের পথে একাধিক পরিবার; ঝুঁকির মধ্যে বসবাস
নূরুল মোহাইমীন মিল্টন, কমলগঞ্জ
সম্প্রতি সময়ে ভারী বর্ষন ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে কমলগঞ্জ উপজেলার খরস্রোতা ধলাই নদীর প্রতিরক্ষা বাঁধে ব্যাপক ভাঙন দেখা দিয়েছে। নদীতে স্রোতের পানি বৃদ্ধি পেলে নদীর তীরবর্তী প্রতিরক্ষা বাঁধ সমুহে ধ্বস নামতে শুরু করে। পরে পানি কমে যাওয়া নদী তীরবর্তী কয়েকটি গ্রামের বেশকিছু বাড়িঘর নদীতে বিলীন হওয়ার পথে রয়েছে। নদীর পুরো ৫৭ কি.মি. এর মধ্যে উপজেলার ইসলামপুর, মাধবপুর, কমলগঞ্জ সদর, মুন্সীবাজার, রহিমপুর ইউনিয়ন ও পৌরসভার বেশ কিছু এলাকা হুমকির মুখে রয়েছে। পশ্চিম ঘোড়ামারা গ্রামে ধলাই নদীর ভাঙন ভয়াবহ রূপ ধারণ করছে।
ঘোড়ামারা গ্রামের তাজউদ্দিন আহমেদসহ স্থানীয়রা জানান, গত জুন মাসের মাঝামাঝি সময়ে এবং গত সপ্তাহে আকস্মিক বন্যা ও নদীতে পানি বৃদ্ধিতে পশ্চিম ঘোড়ামারা এলাকার নদীর তীরে ব্যাপক ক্ষতি হয়েছে। গত কোরবানি ঈদের পর কমলগঞ্জে বন্যা দেখা দেয়। এসময় কমলগঞ্জ সদর, মুন্সীবাজার ও রহিমপুর ইউনিয়নে নদীর প্রতিরক্ষা বাঁধে ভাঙন দেখা দেয়। এতে উপজেলার অধিকাংশ এলাকা বন্যা কবলিত হয়। একই সময়ে খরস্রোতা ধলাই নদীর প্রতিরক্ষা বাঁধের দু’তীরে দেখা দেয় ধ্বস ও ফাটল। নদীভাঙনে নদী তীরবর্তী রমিজ আলী, আবেদা বেগমসহ ৩ পরিবার বাড়িঘর সরিয়ে নিলেও হোসেন আলী, হেলাল উদ্দীন, মজিদা বেগমসহ ৪ পরিবার তাদের বাপ-দাদার বসতভিটা আঁকড়ে ধরে রাখতে ঝুঁঁকি নিয়ে নদীর তীরে বসবাস করছেন।
পানি উন্নয়ন বোর্ড সুত্রে জানা যায়, উজানের পাহাড়ি ঢল এবং একের পর এক অকাল বন্যার ভাঙনে নদীর দুই পাড়ের ৫৭ কিলোমিটার বাঁধে ক্ষতিগ্রস্ত হয়েছে। একইসঙ্গে নদীর ৩৮ কিলোমিটার বাঁধ পুরোটাই নড়বড়ে হয়ে আছে। জুনের পাহাড়ি ঢলে চৈত্রঘাট, চৈতন্যগঞ্জ, লক্ষ্মীপুর গ্রামসহ নতুন পুরাতন মিলিয়ে নদীর অন্তত ৮টি স্থানে ভাঙন দেখা দিয়েছিল। এ ভাঙনে এলাকার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
আলাপকালে পশ্চিম ঘোড়ামারা গ্রামের হোসেন আলী বলেন, নদী গর্ভে বিলীন হওয়ায় ৩টি পরিবারকে সরিয়ে নেওয়া হয়েছে। বর্তমানে আমাদের ৪টি পরিবার অত্যন্ত ঝুঁকিতে পড়েছে। আমরা এখন আর ত্রাণ চাই না। ভাঙন রোধে স্থায়ী সমাধান চাই।
আদমপুর ইউপি চেয়ারম্যান মো. আবদাল হোসেন বলেন, ধলাই নদীর প্রতিরক্ষা বাঁধের পশ্চিম ঘোড়ামারাসহ ইউনিয়ন এলাকার ৪টি স্থান ঝুঁকিপূর্ণ। অনেক এলাকায় বসতঘর বিলীন হচ্ছে নদীগর্ভে। বিষয়টি উপজেলা প্রশাসনসহ পানি উন্নয়ন বোর্ডকে জানানো হয়েছে।
পানি উন্নয়ন বোর্ড মৌলভীবাজার এর নির্বাহী প্রকৌশলী মো. জাবেদ ইকবাল বলেন, ধলাই নদীতে পানি বৃদ্ধি পাওয়ার পর এবং পানি কমতে শুরু করলে বিভিন্ন স্থানে তীব্র ভাঙন শুরু হয়। এতে অনেক বসতবাড়ি নদীগর্ভে বিলীন হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে প্রতিরক্ষা বাঁধও। ধলাই নদীর স্থায়ীভাবে ভাঙন রক্ষায় সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে ৫৩০ কোটি টাকার একটি প্রকল্প প্রস্তাব অনুমোদনের অপেক্ষায় রয়েছে। এটি বাস্তবায়ন হলে ধলাই নদীভাঙন অনেকটা লাঘব হবে।
সুরমা-কুশিয়ারার টেকসই বেড়িবাঁধ দ্রুত চান জকিগঞ্জবাসী
জকিগঞ্জ প্রতিনিধি
সিলেটের জকিগঞ্জে বন্যা পরিস্থিতি ধীর গতিতে উন্নতি হচ্ছে। নিম্নাঞ্চলে এখনো জলাবদ্ধতা রয়েছে। খাবার পানি ও স্যানিটেশন ব্যবস্থা নিয়ে লোকজন বেশি কষ্টের মধ্যে রয়েছেন। চলতি বছরে টানা তিনবারের বন্যায় জকিগঞ্জের বিভিন্ন এলাকা প্লাবিত হয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এ নিয়ে পানি উন্নয়ন বোর্ডের প্রতি সাধারণ মানুষ ক্ষোভের শেষ নেই। গত সপ্তাহে কুশিয়ারা নদীর চারটি স্থানে বেড়িবাঁধ ভেঙে লোকালয়ে পানি ঢুকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, জকিগঞ্জ ফায়ার স্টেশন, শেওলা-জকিগঞ্জ সড়কসহ রাস্তাঘাট, মসজিদ, মাদ্রাসা, স্কুল পানিতে তলিয়ে যায়। এতে করে ক্ষয়ক্ষতির পরিমাণ আরো বেড়েছে। সরেজমিন ঘুরে দেখা গেছে, জকিগঞ্জে কুশিয়ারা নদীতে টেকসই বেড়িবাঁধ না থাকায় চলতি বছর টানা তিনবার বন্যায় আক্রান্ত হতে হয় উপজেলার শতাধিক গ্রামের লোকজন। সুরমা নদীর বেড়িবাঁধে দেড়মিটার উচুঁ করার কাজ শুরু হলেও কুশিয়ারা নদীতে নেই শক্ত বেড়িবাঁধ। এতে বর্ষা মৌসুমে নদীর পানি বিপৎসীমার উপর দিয়ে প্রবাহিত হলে বেড়িবাঁধ ভেঙে লোকালয়ে পানি ঢুকে বন্যা সৃষ্টি হয়।
বানভাসি এলাকার একাধিকজনের সাথে কথা বলে জানা গেছে, বন্যার পরিস্থিতিতে আশ্রয়কেন্দ্রে জায়গা নিলেও খুবই কষ্টে দিন কাটাতে হয়। গ্রামের ভেতরের লোকজনের মধ্যে অনেকে নামেমাত্র ত্রাণ পান। আবার কেউ কেউ তাও পাননা। তবে বন্যায় ত্রাণ নয় বন্যা থেকে বাঁচতে টেকসই বেড়িবাঁধ ও পাশাপাশি ভাঙন কবলিত এলাকায় দ্রুত ব্লক চান বন্যার্ত মানুষ। তড়িৎ গতিতে এই উদ্যোগ নেওয়া হলে বন্যা থেকে স্থায়ী মুক্তি পাওয়া যাবে বলে মনে করেন সাধারণ মানুষ।
বন্যা কবলিত এলাকা ছবড়িয়া গ্রামের জীবান উদ্দিন সেতুর সঙ্গে কথা হলে তিনি আক্ষেপ করে বলেন, প্রথম বন্যার সময় তার পানিতে ঘর ভেসে গেছে। তারপর আরও দুবার বন্যা হওয়ায় বাড়ি ফেরা সম্ভব হয়নি। এখনো আশ্রয়কেন্দ্রে আছেন তবে আশ্রয়কেন্দ্র থেকে বের হলে কোথায় যাবেন তা নিয়ে দুশ্চিন্তার শেষ নেই। তিনি বলেন, আমি আর আশ্রয়কেন্দ্রে কিংবা রাস্তাঘাটে থাকতে চাইনা। এমনকি ত্রাণও দরকার নেই। শুধু কুশিয়ারা নদীতে টেকসই বেড়িবাঁধ চাই।
আশ্রয়কেন্দ্রে আশ্রয় নেওয়া এক নারী জানান, পানির কারনে বাড়ি ছেড়ে চলে এসেছেন। বেড়িবাঁধ সময় মতো মেরামত না করায় বন্যার পানিতে জিনিসপত্র নষ্ট হচ্ছে। তিনি বলেন, বারবার আশ্রয়কেন্দ্রে আসতে চাই না। নদীর ডাইক কাজ ভালো করে মেরামত করা হোক দ্রুত।
উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এমএজি বাবর বলেন, কয়েকবছর পরপর নদী ভাঙন হয়। এতে কিছু রিলিফ আর কিছু আশ্রয়কেন্দ্র খোলা হয়। এসব স্থায়ী সমাধান নয়। টেকসই বেড়িবাঁধ নির্মাণ করা হলে স্থায়ী সমাধান হব। ২২শ কোটি টাকার একটি প্রকল্পে রাস্তা এবং ডাইক ছিল কিন্তু তা অনুমোদন না হওয়ায় বাস্তবায়ন হয়নি। ওই প্রকল্প অনুমোদনের জন্য প্রধানমন্ত্রীর টেবিল পর্যন্ত গেলে এই বঞ্চনা হতো না। বন্যার ক্ষতি থেকে রেহাই দিতে সুরমা-কুশিয়ারার নদীর বেড়িবাঁধ স্থায়ীভাবে কাজ করে জকিগঞ্জ-কানাইঘাট তথা সিলেটবাসীকে রক্ষা করা করতে তিনি আহবান জানিয়েছেন।
জকিগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী মাহফুজ আলম এ প্রসঙ্গে বলেন, বরাদ্দ না থাকায় যথাসময়ে বেড়িবাঁধে কাজ করা সম্ভব হয়নি। সুরমা নদীর বেড়িবাঁধের মতো কুশিয়ারার বেড়িবাঁধ এডিপি প্রকল্পের আওতায় আনতে পারলে দুই মিটার উচুঁ করে বাঁধ নির্মাণ করা সম্ভব হবে। এতে বন্যা থেকে রক্ষা পাওয়া যেতে পারে। আপাতত পানি একটু কমলে ক্ষতিগ্রস্থ বেড়িবাঁধ জরুরীভিত্তিতে মেরামত করা হবে।
জকিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আফসানা তাসলিম বলেন, চলতি মৌসুমে বন্যায় ক্ষতিগ্রস্থ বেড়িবাঁধগুলো মেরামত করার জন্য খুব কম সময় পাওয়া যায়। বন্যা পরিস্থিতি একটু উন্নতি হওয়ার আগে আবারও কুশিয়ারার নদীর পানি বিপদসীমার ১৫৬ সে.মি. উপর দিয়ে প্রবাহিত হয়ে বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়ে মানুষ পানিবন্দী হয়ে পড়েন। শুকনো মৌসুমে কিংবা যখন বন্যার পানি থাকে না তখন বেড়িবাঁধে স্থায়ীভাবে কাজ করতে পারলে বছর বছর এই বন্যা থেকে জকিগঞ্জকে রক্ষা করা যাবে।
এ নিয়ে সিলেট-৫ আসনের সংসদ সদস্য মাওলানা হুছামুদ্দিন চৌধুরী বলেন, জকিগঞ্জ-কানাইঘাটে এমন কোন ইউনিয়ন নেই যেখানে বন্যায় ক্ষতিগ্রস্থ হয়নি। বন্যা নিয়ে তিনি প্রথম থেকেই সংসদে কথা বলতেছেন। ডিপার্টমেন্ট পরিদর্শনের পর পরিদর্শন করছে। তারা যে কাজটি করে তা বন্যা নিয়ন্ত্রনের জন্য যথাযথ নয় বলে আমি মনে করি। এ নিয়ে মাননীয় পানিসম্পদ মন্ত্রীর সাথে আমিসহ সিলেটের কয়েকজন সংসদ প্রস্তাব দিয়েছি। সপ্তাহের মধ্যে আমরা বৈঠকে মিলিত হবো এবং পানি উন্নয়ন বোর্ডকে ডাকবো। আসলে পানি উন্নয় বোর্ডে যাদেরকে দায়িত্ব দেয়া হয়েছে তারা নিজেরাও জানেন না কিভাবে পানি আটকাতে হয়।
প্রতিবেদনেই আটকে আছে সরকারি রাস্তা উদ্ধারের উদ্যোগ!
জকিগঞ্জ প্রতিনিধি
সিলেটের জকিগঞ্জে চার বছরেও সরকারি রাস্তা উদ্ধার হয়নি দখলদারদের কবল থেকে। প্রতিবেদনেই থমকে আছে উদ্ধার কাজ। এ নিয়ে সাধারণ মানুষের মনে ক্ষোভের শেষ নেই।
জানা গেছে, উপজেলার সুলতানপুর ইউনিয়নের ইলবাজ গ্রামে চলাচলের সরকারি রাস্তা ওই গ্রামের হোসাইন আহমদ, জয়নাল আবেদীন, শিহাব উদ্দিন, নেজাম উদ্দিন, ছাাদিকুর রহমান, আব্দুল বাতিন ও আব্দুস ছালাম নিজেদের বসতবাড়ীর সাথে সামিল করে বন্ধ করে দিয়েছেন। এ নিয়ে ইলাবাজ গ্রামের লোকমান আহমদ ২০২১ সালে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে প্রতিকার চেয়ে আবেদন করেন। তাতে উল্লেখ করেন হোসাইন আহমদ গংরা রাস্তা থেকে সরকারি রাস্তা থেকে প্রায় ৬ লাখ টাকার বিভিন্ন প্রজাতির গাছ কেটে নিয়ে রাস্তাটি নিজেদের বাড়ির জায়গার সাথে সামিল করে ফেলেছেন। ওই অভিযোগের পরও কোন প্রতিকার না পেয়ে পরবর্তীতে ইউপি চেয়ারম্যান ও সিলেটের জেলা প্রশাসক বরাবরে আবেদন করেন স্থানীয়রা। তারপর জকিগঞ্জের তৎকালীন সহকারি কমিশনার (ভূমি) বিষয়টি সরেজমিন তদন্ত করে প্রতিবেদন দেওয়ার জন্য স্থানীয় ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা রতীশ দাসকে নির্দেশ দেন। এরপর ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা তদন্ত করে প্রতিবেদন দেন এবং তাতে উল্লেখ করেন, জায়গার রেকর্ডপত্রে সরকারি রাস্তা রয়েছে। কিন্তু হোসাইন আহমদের পক্ষ রাস্তার গাছ কেটে রাস্তার জায়গা দখল করে নিয়েছেন। তদন্তে সত্যতা পাওয়া গেছে। ওই প্রতিবেদনের পর স্থানীয়রা রাস্তা উদ্ধারের জন্য বারবার উপজেলা ভূমি অফিসে যোগাযোগ করেন। তখন একইভাবে আবারও সরেজমিন প্রতিবেদন চাওয়া হয় কিন্তু রাস্তা উদ্ধারে কোন পদক্ষেপ নেওয়া হয়নি।
ইলাবাজ গ্রামের বাসিন্দা আজিজুর রহমান, শাহীন আহমদ, জয়নাল আবেদীনসহ স্থানীয়রা অভিযোগ করে জানান, রাস্তা উদ্ধারে পরপর চার বার শুধুমাত্র প্রতিবেদন চাওয়া হয়েছে। স্থানীয় ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা রতীশ দাস তার প্রতিবেদনে একই কথা সবসময়ই উল্লেখ করেছেন। তবুও রাস্তা উদ্ধারের কোন উদ্যোগ নেই সংশ্লিষ্টদের।
এ নিয়ে জানতে চাইলে জকিগঞ্জের সহকারী কমিশনার (ভূমি) অর্নব দত্ত বলেন, শিগগিরই সরেজমিনে গিয়ে রাস্তা উদ্ধারের প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
যুক্তরাজ্যে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন রুশনারা আলী
ব্রিটিশ প্রধানমন্ত্রী কেয়ার স্টারমারের নতুন সরকারে দায়িত্ব পেয়েছেন আরেক বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ এমপি রুশনারা আলী। তিনি আবাসন, কমিউনিটি ও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সংসদীয় আন্ডার সেক্রেটারি হিসেবে নিয়োগ হয়েছেন। রুশনারা আলীর জন্ম সিলেটের বিশ্বনাথে।
যুক্তরাজ্যের সরকারি ওয়েবসাইটে প্রকাশিত মন্ত্রীদের নামের তালিকায় মঙ্গলবার রুশনারার নাম দেখা গেছে। দ্বিতীয় বাংলাদেশি বংশোদ্ভূত হিসেবে যুক্তরাজ্যের নবনির্বাচিত লেবার পার্টির সরকারে অন্তর্ভুক্ত হলেন রুশনারা আলী।
এর আগে মঙ্গলবার নতুন সরকারে ‘সিটি মিনিস্টার’ হিসেবে দায়িত্ব পেয়েছেন টিউলিপ সিদ্দিক। তিনি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট মেয়ে শেখ রেহানার মেয়ে।
গত ৪ জুলাই যুক্তরাজ্যে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে টানা পঞ্চমবারের মতো জিতেন রুশনারা আলী। এই আসনে ২০১০ সাল থেকে টানা চারবার এমপি নির্বাচিত হন তিনি। ২০১০ থেকে আন্তর্জাতিক উন্নয়নবিষয়ক ছায়ামন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন রুশনারা আলী। এরপর তিনি ২০১৩ সালের অক্টোবরে ছায়া শিক্ষা প্রতিমন্ত্রী নিযুক্ত হন।
রুশনারা আলীর জন্ম সিলেটের বিশ্বনাথে। তার বয়স যখন সাত বছর, তখন যুক্তরাজ্যে পাড়ি জমায় তার পরিবার। তিনি অক্সফোর্ডের সেন্ট জনস কলেজ থেকে দর্শন, রাজনীতি ও অর্থনীতিতে স্নাতক সম্পন্ন করেছেন।
চিনিকান্ডে জড়িত এস.এ পরিবহনও !
স্টাফ রিপোর্ট:
এবার চিনিকান্ডে ধরা পড়লো এসএ পরিবহন। দীর্ঘদিন ধরে চোরাই পণ্য আদান প্রদান করলেও তাদের এ অপকর্ম ছিল ধরাছোঁয়ার বাইরে। ছাত্রলীগ কর্মীদের দুরদর্শীতায় ধরা পড়ে বিশাল চালান। ভারতীয় তিনটি মোটরসাইকেল ও চিনি পুলিশের কাছে দেয় ছাত্রলীগ।
রোববার (৭জুলাই) রাত সাড়ে ১০ টার দিকে সিলেট নগরীর নাইওরপুল এস এ পরিবহন থেকে তিনটি মোটরসাইকেল ও ভারতীয় ৫০ বস্তা চিনি আটক করে ছাত্রলীগ।
পরে পুলিশ এসে একটি জিক্সার এস এফ, একটি ইয়ামাহ ১৫ ও একটি কেটিএম ২ ও চিনি জব্দ করে পুলিশ।
সিলেট জেলা ছাত্রলীগ নেতা বিশাল কুমার দাস ও জেলা ছাত্রলীগ নেতা ও মহানগর ছাত্রলীগের ২ নং ওয়ার্ডের সভাপতি পিয়াং সোমের নেতৃত্বে ছাত্রলীগ নেতাকর্মীরা এগুলো আটক করে পুলিশের কাছে খবর দেয়।
খবর পেয়ে সোবানীঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ শামীম আহমদসহ একদল পুলিশ এসে এস এ পরিবহন থেকে তিনটি মোটরসাইকেল ও ভারতীয় ৫০ বস্তা চিনি জব্দ করেছে।
জানা যায়, দীর্ঘ দিন যাবৎ এস এ পরিবহন বিভিন্ন চোরাই পন্য ও ভারতীয় বিভিন্ন জিনিস দেশের বিভিন্ন জায়গায় পাঠায়। তাদের দাবি এই মোটরসাইকেল গুলো তাদের কাস্টমার দিয়েছে। অভিযোগ রয়েছে তারা কুরিয়ারের মাধ্যমে ভারতীয় পণ্য আদান-প্রদান করে থাকেন।
এস এ পরিবহনের ম্যানেজার শাহ আলম বলেন, অনেকে অনেক কিছু দিতে পারে। আমরা কাগজ দিয়ে মাল বুকিং নেই। সত্য মিথ্যা যাচাই তো আমরা করতে পারি না। আমাদেরকে বলছে সেল রিসিট আছে। আমরা বুকিং নিয়েছি।
সোবানীঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ শামিম আহমদ বলেন, আমরা খবর পেয়ে এসএ পরিবহনে এসে চোরাই তিনটি মোটরসাইকেল ও চিনি জব্দ করেছি। জব্দ করা মালামাল আমরা থানায় নিয়ে এসেছি।
ভোক্তাদের উৎসাহিত করতে কাজ করছে করিম উল্লাহ মার্কেট ব্যবসায়ী সমিতি : চেম্বার সভাপতি তাহমিন
আধুনিক ডেস্ক:
সিলেটের ঐতিহ্যবাহী মোবাইল ইলেকট্রনিক পণ্যের বিপণিকেন্দ্র করিম উল্লাহ মার্কেট ব্যবসায়ী কল্যাণ সমিতির ঈদ উৎসব ২০২৪ এ দি সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি তাহমিন আহমদ প্রধান অতিথির বক্তব্যে বলেন, ভোক্তাদের উৎসাহিত করতে কাজ করে যাচ্ছে করিম উল্লাহ মার্কেট ব্যবসায়ী কল্যাণ সমিতি। দীর্ঘ ১৪ বছর যাবত তারা র্যাফেল ড্র করে আসছে যা সিলেটের অন্যান্য ব্যবসায়ীদের জন্য প্রেরণার।
তিনি আরও বলেন, করিম উল্লাহ মার্কেট দীর্ঘদিন ধরে সম্মানের সাথে তাদের ব্যবসাবাণিজ্য করে আসছে৷ ক্রেতাদের সাথে উক্ত প্রতিষ্ঠানের ব্যবসায়ীদের রয়েছে সুসম্পর্ক।
আজ (৬ জুলাই, শনিবার) দুপুর ২.০০ ঘটিকায় করিম উল্লাহ মার্কেটের ৬ষ্ঠ তলায় করিম উল্লাহ মার্কেট ব্যবসায়ী কল্যাণ সমিতির ‘ঈদ উৎসব ২০২৪’ র্যাফেল ড্র অনুষ্ঠান সম্পন্ন হয়। এতে ঈদ উৎসব ২০২৪ এর সদস্য সচিব মকসুদুর রহমান চৌধুরীর সঞ্চালনায় সভাপতিত্ব করেন করিম উল্লাহ মার্কেট ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি আব্দুল অদুদ পাভেল।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দি সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি তাহমিন আহমদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিসিক কাউন্সিলর জনাব আজাদুর রহমান আজাদ, সিসিক কাউন্সিলর ফজলে রাব্বি চৌধুরী মাছুম, করিম উল্লাহ মার্কেট সত্ত্বাধিকারী জনাব ছানা উল্লাহ ফাহিম, কুদরত উল্লাহ ফায়ের, আতা উল্লাহ সাকের।
এছাড়াও করিম উল্লাহ মার্কেট ব্যবসায়ী কল্যাণ সমিতির সাবেক সভাপতি কাওছার আহমদ, আব্দুল কাইয়ুম, সহসভাপতি জাকারিয়া আহমদ, সাধারণ সম্পাদক মোশাররফ চৌধুরী মিশু, অর্থ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন খাঁন, প্রচার সম্পাদক মুরাদুজজামান মুরাদ, সহপ্রচার সালাম আহমদ, সাহিত্য প্রকাশনা সম্পাদক জায়েদ আহমেদ, ক্রীড়া সম্পাদক তালহা আহমদ, করিম উল্লাহ মার্কেট ব্যবস্থাপক মোঃ জামাল মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যে, মোটরসাইকেলসহ ৫০টিরও বেশি পুরষ্কার রয়েছে র্যাফেল ড্র তে।

