Home Blog Page 188

শাবিতে নবীগঞ্জ স্টুডেন্ট’স এসোসিয়েশন পরিবারের সম্প্রীতির ইফতার মাহফিল

0

শাবিপ্রবি প্রতিনিধিঃ

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলা থেকে আগত শিক্ষার্থীদের সংগঠন নবীগঞ্জ স্টুডেন্ট’স এসোসিয়েশন সাস্ট (এনএসএ) পরিবার এক সম্প্রীতির ইফতার মাহফিল করেছেন। নবীগঞ্জের বর্তমান, সাবেক শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয়ের প্যাডেল চালিত রিকশাওয়ালা মামাদের নিয়ে ইফতার করা হয়।

মঙ্গলবার (১১মার্চ) বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন ডি এর ২০২২ নম্বর কক্ষে এ ইফতারের আয়োজন করেন এনএসএ পরিবারের শিক্ষার্থীরা।

নবীগঞ্জ এসোসিয়েশনের সদস্যরা বলেন, একসাথে ইফতার করা সামাজিক সম্প্রীতির এক অনন্য উদাহরণ। এটি মানুষের মধ্যে সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ সৃষ্টি করে। একসঙ্গে বসে ইফতার করার মাধ্যমে পারস্পরিক শ্রদ্ধা ও সহমর্মিতা বাড়ে। তাই আমরা আমাদের উপজেলা থেকে আগত সকলে মিলে ভাতৃত্ব গড়ে তোলার জন্য ইফতারের আয়োজন করেছি । এই ইফতারের মাধ্যমে আমাদের শিক্ষক, সাবেক ও বর্তমান শিক্ষার্থী একত্রিত হতে পেরেছি। তাছাড়া আমরা সচরাচর ভালো খাবার দিয়ে ইফতার করতে পারলেও আমাদের আশে পাশে অনেক মানুষ আছে যারা সারাদিন রোজা রেখে শুধু পানি কিংবা মুড়ি দিয়ে ইফতার করে। তাই আমরা আমাদের ছোট এসোসিয়েশনের পক্ষ বিশ্ববিদ্যালয়ের প্যাডেল চালিত রিকশাওয়ালা মামাদের ইফতার করানোর সিন্ধান্ত নেই। এর মাধ্যমে তাদের সাথে আমাদের সম্প্রীতি বাড়বে।

ইফতার মাহফিল শেষে নবীগঞ্জ উপজেলা থেকে আগত নবীন শিক্ষার্থীদের ক্রেস্ট দিয়ে বরণ করে নেন এসোসিয়েশনের সদস্যরা।

নবীগঞ্জ স্টুডেন্ট এসোসিয়েশন সাস্ট’র সভাপতি রবিন ভট্টাচার্য , সম্পাদক জীবন

0

শাবি প্রতিনিধিঃ

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত নবীগঞ্জ উপজেলার শিক্ষার্থীদের সংগঠন নবীগঞ্জ স্টুডেন্ট এসোসিয়েশন সাস্ট’র ৮ম কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে পলিটিক্যাল স্টাডিজ বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থী রবিন ভট্টাচার্য ও সম্পাদক একই বিভাগের জীবন দেব মনোনীত হয়েছেন।

মঙ্গলবার ( ১১মার্চ) এসোসিয়েশনের ইফতার মাহফিলে অর্থনীতি বিভাগের অধ্যাপক ড মো মাহবুবুল হাকিম কমিটি ঘোষণা করেন।

কমিটিতে অন্যান্যদের মধ্যে রয়েছেন সহ-সভাপতি হাবিবুর রহমান হাসান, সুস্মিতা ভট্টাচার্য মৌ, যুগ্ম-সাধারণ সম্পাদক তিন্নি রানী নাথ, সাংগঠনিক সম্পাদক রিত্তিক দাশ, কোষাধ্যক্ষ রাজিব দাশ,সহ-কোষাধ্যক্ষ মাঈন উদ্দিন, দপ্তর সম্পাদক দৈপায়ন দাশ জীবন, প্রচার সম্পাদক সজিব দাশ, শিক্ষা বিষয়ক সম্পাদক ফারিহা মাহবুবা, নারী বিষয়ক সম্পাদক নুশরাত জাহান নীলা।

এছাড়াও কার্যনির্বাহী সদস্য হিসেবে আছেন আজিজুর রহমান, সিদ্দিকুর রহমান তারেক, মারজান চৌধুরী নাইম, সুমি দাশ, অমিত হাসান, ফখরুল আমিন, জয়দীপ মজুমদার বর্ণ।

ওসমানীনগরে ইলিয়াসপত্নী লুনার উপর হামলার ঘটনায় আ’লীগ নেতা গ্রেপ্তার

0

ওসমানীনগর প্রতিনিধি:

সিলেটের ওসমানীনগর উপজেলায় নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলীর পত্নী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রাজনৈতিক উপদেষ্টা তাহসিনা রুশদী লুনার গাড়ী ভাংচুর মামলার (মামলা নং-সিআর ৩০২/২৪) আসামি গোয়ালাবাজার ইউপি সদস্য আ’লীগ নেতা বেলাল আহমদকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার দুপুর ১১টার দিকে ওসমানীনগর থানা পুলিশের এসআই আশিস তালুকদারের নেতৃত্বে পুলিশের একটি টিম গোয়ালাবাজার থেকে তাকে গ্রেপ্তার করে এবং ২টার দিকে তাকে সিলেট কোর্টে চালান করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন ওসমানীনগর থানার ওসি মো. মোনায়েম মিয়া ।

প্রসঙ্গত ২০২২ সালের ১৫ নভেম্বর গোয়ালাবাজারে তাহসিনা রুশদীর লুনা বিএনপির বিভাগীয় সমাবেশের প্রচারপত্র বিতরণ করতে আসলে স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ নেতা কর্মীরা তার গাড়ীতে হামলা করে গাড়ী ভাংচুর করে। আওয়ামী লীগ সরকারের পতনের পর এর প্রতিকার চেয়ে আদালতে একটি মামলা দায়ের করলে আদালত মামলাটি নথিভূক্ত করেন।

ভর্তি পরীক্ষায় অসঙ্গতি; জানেন না বলে মন্তব্য ভর্তি কমিটির সভাপতির

0

মাঈন উদ্দিন, শাবিপ্রবি:

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (২০২৪-২৫) স্নাতক ১ম বর্ষ ১ম সেমিস্টারের ভর্তি পরীক্ষার আবেদন থেকে শুরু করে ফলাফল প্রকাশ পর্যন্ত অসঙ্গতি লক্ষ্য করা গিয়েছে । তবে এসব অসংগতি নিয়ে অবগত নয় বলে গণমাধ্যমে মন্তব্য করেন ভর্তি কমিটির সভাপতি অধ্যাপক ড. মো. বদিউজ্জামান ফারুক।

ভর্তি পরীক্ষার ফলাফলের এসব অসংগতির বিষয়ে জানতে চাইলে গণমাধ্যমে তিনি- ‘এ বিষয়ে আমি খুব একটা জড়িত নই। এসব বিষয়ে ভর্তি পরীক্ষার সদস্য সচিব ভালো বলতে পারবে’ বলে মন্তব্য করেন।

গত ৫ জানুয়ারি ভর্তি পরীক্ষার আবেদন শুরু হলেও ৫ থেকে ৮ তারিখ পর্যন্ত বিভিন্ন সমস্যার কারনে শাবিপ্রবির ওয়েবসাইটেই প্রবেশ করতে পারে নি বলে অভিযোগ রয়েছে শিক্ষার্থীদের। তাই নির্দিষ্ট সময়ে ভর্তি আবেদন সম্পন্ন করতে না পাড়ায় পরবর্তীতে আবেদনের মেয়াদ বৃদ্ধি করে শাবিপ্রবি প্রশাসন। ভর্তি আবেদন সম্পন্ন হবার পর এসএসসি, এইচএসসি পরীক্ষার ফলাফলসহ ভুল তথ্য প্রদর্শন হয় শাবিপ্রবির ওয়েবসাইটে। এ নিয়ে শিক্ষার্থীরা উদ্বিগ্ন হয়ে পরেন। এমনকি ফলাফল প্রকাশের দিন ও শাবিপ্রবির ওয়েবসাইটে ভুল তথ্য প্রদর্শনের অভিযোগ পাওয়া যায়। এতে ভর্তি পরীক্ষায় প্রকৃত নম্বর পাওয়া থেকে বঞ্চিত হওয়ার আশঙ্কা করছেন ভর্তিচ্ছু শিক্ষার্থী ও অভিভাবকেরা।

গতকাল রবিবার (৯ মার্চ) ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়। এই ফলাফল প্রস্তুত ও প্রকাশিত ফলেও অসঙ্গতি দেখা গেছে বলে অভিযোগ ভর্তিচ্ছু শিক্ষার্থীদের।

প্রকাশিত ফলাফলে দেখা যায়, একেকজনের ফলাফল কয়েকবার করে প্রকাশিত হয়েছে। এমনকি এক পেজের পিডিএফে ১১ জনের ফলাফলে সমস্যা লক্ষ্য করা গিয়েছে। কারও ভর্তি পরীক্ষার ফলাফল তিনবারও এসেছে। এসব ফলাফলে চরম অসঙ্গতি রয়েছে বলে অভিযোগ শিক্ষার্থীদের। প্রায় দশের অধিক পৃষ্ঠায় এমন অসংগতি লক্ষ্য করা গেছে

ফলাফল প্রস্তুতে অসঙ্গতি প্রসঙ্গে ময়মনসিংহ বোর্ডের মাহবুবা নামের এক ভর্তিচ্ছু জানান, আমি গত ২৮ ফেব্রুয়ারি শাবিপ্রবির ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেছি। কিন্তু আবেদনের পর আমার অ্যাকাডেমিক বিভিন্ন তথ্য ভুলভাবে প্রদর্শিত হয়েছে ভর্তি পরীক্ষার ওয়েবসাইটে।

‘‘আমার মাধ্যমিকের প্রকৃত জিপিএ-৪.৮৯। অথচ ভর্তি পরীক্ষার ওয়েবসাইটে জিপিএ দেখাচ্ছে জিপিএ-৩.৭৫। একইসাথে আমার মাধ্যমিকের বোর্ড ময়মনসিংহ। কিন্তু ভর্তি পরীক্ষার ওয়েবসাইটে দেখাচ্ছে মাদ্রাসা বোর্ড।’’

ফলাফল প্রকাশের দিনও তিনি বলেন, আবেদনের পর থেকে আজ সকাল বেলা পর্যন্ত ওয়েবসাইট চেক করলে এমন ভুল তথ্য প্রদর্শন করেছিল। এমনকি দুপুর দিকে ওয়েবসাইট ডাউন দেখাচ্ছিল। বারবার চেক করার চেষ্টা করলে ওয়েবসাইটে তথ্য প্রদর্শিত না হয়ে প্রোগ্রামিং কোড প্রদর্শন করছিল। আমি আশংকা করছি আমার মূল ফলাফলেও নাম্বার কম আসতে পারে।

হেল্পলাইনে কল দেওয়ার বিষয়ে তিনি বলেন, আমি রেজাল্ট ও বোর্ডের সমস্যা নিয়ে ভর্তি পরীক্ষার আগে ও পরে ওয়েবসাইটের হটলাইনে বেশ কয়েকবার কল দিলেও কর্তৃপক্ষের সাড়া পাইনি।

তিনি আরও বলেন, যদি হটলাইনে সহযোগিতাই নাই পেয়ে থাকি, তাহলে হটলাইন কেন দেওয়া হলো বুঝি না।

এদিকে, ভর্তি পরীক্ষার প্রাপ্ত নাম্বার ৮০ এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক জিপিএর উপর ২০ নাম্বার গণনা করা হবে বলে বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

যদি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পরীক্ষার্থীর জিপিএ ভুল দেখায়, তাহলে নিয়মানুযায়ী জিপিএর উপরও বরাদ্দকৃত ২০ নম্বরের মধ্যে পরীক্ষার্থীরা যথাযথ নাম্বার পাওয়ার থেকে বঞ্চিত হবে বলে অভিযোগ করেন ভর্তিচ্ছু শিক্ষার্থীরা। সে ফলাফল ঠিক হয়েছে কিনা বা হবে কিনা সেটাও আমরা জানতে পারছি না।

এ বিষয়ে ভর্তি কমিটির সদস্য সচিব অধ্যাপক ড. মো. রফিকুল ইসলামকে একাধিক দিন একাধিক বার ফোন দিয়েও পাওয়া যায় নি।

এছাড়াও এ বিষয়ে জানতে ভর্তি কমিটির সভাপতি অধ্যাপক ড. বদিউজ্জামান ফারুককেও একাধিকবার কল দিলে তাকেও ফোনে পাওয়া যায় নি।

গোলাপগঞ্জে জন্ম মৃত্যু নিবন্ধন কার্যক্রম ত্বরান্বিতকরণ সম্পর্কিত কর্মশালা

0

গোলাপগঞ্জে জন্ম মৃত্যু নিবন্ধন কার্যক্রম ত্বরান্বিতকরণ সম্পর্কিত কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুর ২ টায় উপজেলা মডেল মসজিদের ইমাম প্রশিক্ষণ হল রুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

এসময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফয়সাল মাহমুদ ফুয়াদ ও উপজেলা যুব উন্নয়ন অফিসার সালা উদ্দিন ভূইয়ার যৌথ সঞ্চালনায় এবং উপজেলা নির্বাহী অফিসার মিলটন চন্দ্র পালের সভাপতিত্বে মূখ্য আলোচকের বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপ-সচিব) সুবর্ণা সরকার।

কর্মশালায় অংশ নেন ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা, হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর, স্বাস্থ্য পরিদর্শক, ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা, গ্রাম পুলিশসহ বিভিন্ন পদের ব্যক্তিবর্গ।

কর্মশালায় উপজেলার ১১ টি ইউনিয়ন ও পৌরসভার ১২টি টিম পৃথক টিমে বিভক্ত হয়ে তাদের কর্ম পরিকল্পনা উপস্থাপন করেন।

এর আগে সোমবার সকালে উপপরিচালক সুবর্ণা সরকার গোলাপগঞ্জ পৌরসভা পরিদর্শন, হাজী জছির আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অতিরিক্ত শ্রেণী কক্ষের নির্মাণ কাজ পরিদর্শন, হাজী জমির উদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নির্মাণ কাজ ও মৌলভী খাল পরিদর্শন করেন।

পরে ঘোগারকুল সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঘোগারকুল কমিউনিটি ক্লিনিক, আমুড়া ইউনিয়ন পরিষদ ও ইয়াগুল কমিউনিটি ক্লিনিক পরিদর্শন করেন তিনি।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুদর্শন সেন, প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. জুনায়েদ কবীর, পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবুল মনসুর আসজাদ, উপজেলা প্রকৌশলী মাহমুদুল হাসান, সমাজসেবা অফিসার নুরুল হক, শিক্ষা অফিসার দেওয়ান নাজমুল আলম প্রমুখ।

দেশব্যাপী ধর্ষণের প্রতিবাদে মধ্যরাতে উত্তাল শাবি

0

শাবিপ্রবি প্রতিনিধি:
সারাদেশে ধর্ষণের প্রতিবাদে ও ধর্ষকদের ফাঁসির দাবিতে মধ্যরাতে উত্তাল হয়ে উঠেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি)। মাগুরার ৮ বছরের শিশু আসিয়াসহ সারাদেশব্যপী অসংখ্য ধর্ষণ, নারী নিপীড়নের ঘটনার জেরে এ বিক্ষোভ মিছিল করছেন শিক্ষার্থীরা।

রোববার (৯ মার্চ) দিবাগত রাত আড়াইটার দিকে ধর্ষকদের ফাঁসি, তাদের সুষ্ঠু বিচারের দাবিতে শাহপরান হল থেকে স্লোগান দিয়ে মেয়েদের হলের দিকে যান শিক্ষার্থীরা। এরপর আবাসিক ছাত্রীহলের শিক্ষার্থীরা হল থেকে স্লোগান দিতে দিতে বের হয়ে আসেন।

এসময় শিক্ষার্থীরা রশি লাগলে রশি নে ধর্ষকদের ফাঁসি দে, `উই ওয়ান্ট জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস’, ‘আমার সোনার বাংলায়, ধর্ষকদের ঠাই নাই’, ‘তুমি কে আমি কে, আসিয়া আসিয়া’, তোমার বোন আমার বোন, আসিয়া আসিয়া’, ‘ধর্ষকদের মৃত্যুদন্ড কার্যকর করতে হবে’ ‘একটা একটা ধর্ষক ধর, ধরে ধরে জবাই কর ‘ধর্ষকদের কালো হাত, ভেঙে দাও গুড়িয়ে দাও’- ইত্যাদি স্লোগান দিতে থাকেন।

মিছিলটি নিয়ে মেয়েদের আবাসিক হল থেকে গোলচত্বর হয়ে বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে সমাবেশ করেন শিক্ষার্থীরা। তারা ধর্ষকদের শাস্তির দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকেন।

সমাবেশে শিক্ষার্থীরা বলেন, স্বরাষ্ট্র উপদেষ্টা দেশে নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে পারেননি। এমনকি ধর্ষকদের শাস্তিও তিনি কার্যকর করতে পারেননি।

তারা বলেন, আমরা দেখেছি স্বরাষ্ট্র উপদেষ্টা এর আগেও মেয়েদের দোষ দিয়ে বক্তব্য দিয়েছেন। এ অন্তর্বর্তী সরকার আমাদের নিরাপত্তা নিশ্চিত করতে পারে নি। আমরা মেয়ে নয় মানুষ হয়ে বাচতে চাই। আমরাও এদেশের নাগরিক, আমাদের নিরাপত্তা নিশ্চিত করা তাদের দায়িত্ব। আমরা স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে এসবের সুষ্ঠু জবাব চাই। তা না হলে তাকে পদত্যাগ করতে হবে।

সমাবেশে পরবর্তী কর্মসূচি আগামীকাল দুপুর ২টায় বিক্ষোভ মিছিলের ঘোষণা দিয়ে আজকের কর্মসূচি সমাপ্ত করেন শিক্ষার্থীরা।

শাবির ভর্তি পরীক্ষার ফলাফল কবে, যেভাবে জানবেন শিক্ষার্থীরা

0

শাবিপ্রবি প্রতিনিধি:

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরিক্ষা সম্পন্ন হয়েছে ৭ দিন পুর্বে। কখন ফলাফল প্রকাশ করা হবে জানা গেছে।

ভর্তি কমিটির সদস্য সচিব অধ্যাপক ড মো রফিকুল ইসলাম আধুনিক কাগজ পত্রিকাকে বলেন, আমাদের ফলাফল প্রকাশের প্রস্তুতি প্রায় সম্পন্ন। আগামীকাল বিকাল ৫টায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে ভর্তি কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে সিন্ধান্ত মোতাবেক আগামীকাল রাতে কিংবা ১০ তারিখে ফলাফল ঘোষণা করা হবে।

ফলাফল কিভাবে প্রকাশ করা হবে প্রসঙ্গে তিনি বলেন, আমরা এসএমএস, ওয়েবসাইটে কিংবা পিডিএফ এর মাধ্যমে সকলের ফলাফল একত্রে প্রকাশ করতে পারি। এ বিষয়ে আমরা আজ সিন্ধান্ত নিব।

এর আগে গত শুক্রবার (২৮ফেব্রুয়ারি) ১ম বারের মতো ৫ টি বিভাগীয় শহরে শাবিপ্রবির ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ার জন্য ৮৬ হাজার ৩৮০ শিক্ষার্থী আবেদন করেন।

নারী দিবস নিয়ে শাবিপ্রবি শিক্ষার্থীদের ভাবনা

0

মাঈন উদ্দিন, শাবি:

আজ ৮ মার্চ ‘আন্তর্জাতিক নারী দিবস’। ২০২৫ সালের এই দিনে দিবসটির ১১৪ বছর পূর্ণ হচ্ছে। এবার জাতিসংঘ দিবসটির যে প্রতিপাদ্য নির্ধারণ করেছে, ‘অধিকার, সমতা, ক্ষমতায়ন-নারী ও কন্যার উন্নয়ন’।নারী দিবস নিয়ে ভিন্ন ভিন্ন ভাবনা রয়েছে নানা মহলে। তবে এবার জানবো নারীদের নিয়ে বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীদের ভাবনা ও প্রত্যাশার বাণী। আন্তর্জাতিক নারী দিবসে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থীদের ভাবনা তুলে ধরেছেন আধুনিক কাগজের শাবিপ্রবি প্রতিনিধি মাঈন উদ্দিন।

“নারীর প্রতি সহিংসতা বন্ধ হোক”

১৯৭৫ সাল থেকে প্রতিবছর ৮ মার্চ বিশ্বজুড়ে উদ্‌যাপিত হয় আন্তর্জাতিক নারী দিবস। এই দিনটি বিশ্বজুড়ে নারীর অধিকার আদায়ের প্রতীক।
লিঙ্গবৈষম্য দূর করে নারীর প্রতি সম্মান ও সমানাধিকারের বার্তা জানাতেই দিবসটি উদ্‌যাপিত হয়।আন্তর্জাতিক নারী দিবস আগে আন্তর্জাতিক কর্মজীবী নারী দিবস নামে পরিচিত ছিল। বিংশ শতাব্দীর গোড়ার দিকে নারীর অধিকার, বিশেষ করে ভোটাধিকার প্রচারের প্রচেষ্টার মাধ্যমে আন্তর্জাতিক নারী দিবস (IWD) পালিত হয় ।
আন্তর্জাতিক নারী দিবসের ওয়েবসাইট অনুসারে বেগুনি, সবুজ এবং সাদা হল আন্তর্জাতিক নারী দিবসের রঙ।”বেগুনি রঙ দিয়ে ন্যায়বিচার এবং মর্যাদাকে বোঝানো হয়। সবুজ আশার প্রতীক; আর সাদা বিশুদ্ধতার। পৃথিবীর অনেক দেশে আন্তর্জাতিক নারী দিবস আনুষ্ঠানিক ভাবে সরকারি ছুটির দিন হিসেবে পালিত হয়। তাইতো ‘অধিকার, সমতা, ক্ষমতায়ন নারী ও কন্যার উন্নয়ন’ প্রতিপাদ্য নিয়ে বিশ্বজুড়ে আজ উদ্‌যাপিত হচ্ছে দিবসটি। নারী দিবসে আমাদের অঙ্গীকার হোক, নারীর প্রতি সহিংসতা বন্ধ করা, তাদের অধিকার রক্ষা করা এবং একটি সমতাপূর্ণ সমাজ গড়ে তোলা।
_সুষ্মিতা ভট্টাচার্য্য মৌ,
সভাপতি তরুণ কলাম লেখক ফোরাম
শাবিপ্রবি।

“আট বছরের বাচ্চা মেয়েটিও পুরুষত্বের হিংস্রতার শিকার হয়!”
“নারী দিবস নিয়ে কিছু লিখতে গেলেও দম বন্ধ হয়ে আসে!”

নারী, যার সাথে নাড়ির বাঁধন। নারী, যার সাথে মা জড়িত! নাড়ির বাঁধন ছিন্ন করে পৃথিবীতে আসা আট বছরের বাচ্চা মেয়েটি, যে এখনো নারী হয়ে ওঠার অর্থও বোঝে না! সেই শিশুটিও যখন পুরুষত্বের হিংস্রতার শিকার হয়, তখন নারী দিবস নিয়ে কিছু লিখতে গেলেও দম বন্ধ হয়ে আসে! যে নারী আজ তার নাড়ি ছেঁড়া ছোট্ট মেয়েটার লাশ হাতে নিয়ে নিথর দাঁড়িয়ে আছে— সেই নারী কে বিশ্ব নারী দিবসের শুভেচ্ছা! নারী মানে কি শুধুই ত্যাগস্বীকার?
তবে এই একটাই চাওয়া— যেন আর কোনো নারীকে এ ধরনের ত্যাগ স্বীকার করতে না হয়! বিশ্ব নারী দিবসের শুভেচ্ছা।
_রাহাতুল জান্নাত
নৃবিজ্ঞান বিভাগ, শাবিপ্রবি।

“আধুনিকতার নামে নারীদের কলঙ্কিত করছে”

পুরুষতান্ত্রিক সমাজে নারীদের মধ্যে ভয় ও অধিকার হারানোর শঙ্কা থাকে।  কিন্তু এই শঙ্কা কি থেমে আছে —থেমে নেই। চারদিকে নারীদের অবমূল্যায়নই যেন আধুনিকতার নামে নারীদের কলঙ্কিত করছে। চারদিকে নারী- শিশু- ধর্ষণ , হত্যা, নির্যাতন  ও অবলীলায় নারীদের প্রতি কুরুচিপূর্ণ আচরণ যেন নিত্যদিনের ভোগান্তিতে নারীদের পথ রুদ্ধ করছে। “বিশ্বে যা- কিছু মহান সৃষ্টি চির-কল্যাণকর অর্ধেক তার করিয়াছে নারী,  অর্ধেক তার নর।”  কাজী নজরুল ইসলাম তার ‘নারী’ কবিতার সেই নারীদেরকে আমরা মূল্যায়ন করতে পুরোপুরি ব্যর্থ। আমাদের দেশ তথাপি বিশ্বের কোন প্রান্তে যেন এই রকম শিশু ধর্ষণ না হয়, নারী ধর্ষণ না হয়,  নারী-শিশুদের -হত্যা,নির্যাতন না হয়,  সর্বোপরি নারীদের বাঁচার অধিকার নিশ্চিত হয়। নারীরাও যেন বলতে পারে – আমরা অধিকার পেয়েছি- সমাজে নির্ভয়ে চলার অধিকার, বাঁচার অধিকার। নারীদের সেই করুণ আর্তনাদ ও সমাজে শোষিত, ঘৃণ্য চিৎকার না আসাটাই নারীদের  সুস্থ ও সুন্দর ভাবে বাচাঁর অধিকার। 

_মোঃ আসাদুল হক আসাদ 
নৃবিজ্ঞান বিভাগ, শাবিপ্রবি।

“বৈষম্যহীন হউক নারীর পথ”

প্রাকৃতিক রূপবৈচিত্র্যে ভরা আমাদের এই ভূখন্ড। এই ভূখন্ডে সংগ্রাম, ঐতিহ্যে সকল ক্ষেত্রে নারীর ভূমিকা অনস্বীকার্য। মহান মুক্তিযুদ্ধ থেকে ২৪ এর গণঅভ্যুত্থানে আমাদের নারীরা ছিলো সম্মুখ যোদ্ধা। মুক্তির সংগ্রামে তারা ছিলো অগ্রগামী।বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে তারা ছিলো অকুতোভয় যোদ্ধা।সকল অন্যায়,বৈষম্যের বিরুদ্ধে পুরুষের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে লড়ে গেছে অবিরাম। পারিবারিক, সামাজিক, রাজনৈতিক কিংবা অর্থনৈতিক পরিমন্ডলে সবখানেই আগের চেয়ে বহুগুণে বেড়েছে নারীর ভূমিকা।তবে পুরোপুরি সুগম হয়নি নারীর পথ।পুরুষশাষিত একটা নারীকে এখনো দেখছে অবহেলা,অবজ্ঞার চোখে।
মূলত নারী দিবস হচ্ছে জাতি,গোষ্ঠী, সাংস্কৃতিক,রাজনৈতিকসহ সবক্ষেত্রে বৈষম্যহীনভাবে নারীর অর্জনকে মর্যাদা দেওয়ার দিন।
_আশিকুর রহমান আশিক
বাংলা বিভাগ, শাবিপ্রবি।

হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে গাড়িতেই বরের মৃত্যু, নব-বধুকে ঘরে তোলা হল না মুন্না গৌড়!

0

কমলগঞ্জ প্রতিনিধিঃ

বিয়ের ঢাক ঢোল পিটিয়ে বরযাত্রীকে সাথে নিয়ে শ্বশুড় বাড়ি যাওয়ার পথে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে গাড়িতেই মৃত্যু হয় বর মুন্না রাজ গৌড় (২২) এর। ফলে নববধুকে ঘরে তোলা হলো না মুন্না গৌড়ের। বর আর কনের বাড়িতে হই-হুল্লোড় আর অতিথি আপ্যায়নের আনন্দঘন মুহুর্তটিতে নিমিষেই শেষ হয়ে যায়। নেমে আসে শোকের ছায়া।

মর্মান্তিক এ ঘটনাটি ঘটেছে বুধবার (৫ মার্চ) রাত সাড়ে ১০টায় কমলগঞ্জ উপজেলার মাধবপুর চা বাগান এলাকায়। নিহত মুন্না গৌড় জুড়ী উপজেলার ফুলতলা ইউনিয়নের রাজকী চা বাগানের গড় লাইন এলাকার আসুক গড়ের ছেলে।

বরযাত্রী অভিনাশ গৌড় জানান, বুধবার বিকাল ৫টায় জুড়ী উপজেলার ফুলতলা ইউনিয়নের রাজকী চা বাগানের গড় লাইনের পাত্রের বাড়ি থেকে ৭০ জন বরযাত্রী নিয়ে কমলগঞ্জের পাত্রখোলা চা বাগানের নতুন লাইন এলাকার সম্পদ রাজগৌড়ের মেয়ে সুমি রাজগড়কে বিয়ের উদ্দেশ্যে রওয়ানা হয় মুন্না গৌড়। রাত সাড়ে ৯টায় কনের বাড়ি থেকে প্রায় ২ কিলোমিটার অদূরে মাধবপুর চা বাগান পৌছার পর বরের গাড়ীসহ বরযাত্রী বহনকারী গাড়ীগুলো দাঁড় করানো হয়। এ সময় সবাই গাড়ী থেকে নেমে কেনাকাটা করেন। এসময় বর মুন্না সবার সাথে হাসিখুশিভাবে কথাবার্তাও বলেন। প্রায় বিশ মিনিট যাত্রা বিরতির পর যখন সবাই গাড়িতে উঠে বিয়ে বাড়ির উদ্দেশ্যে রওয়ানা করবে তখন বর মুন্না চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে যায়। সাথে সাথে মুন্নাকে স্থানীয় চিকিৎসকদের কাছে নিয়ে যাওয়া হয়। তখন তার জ্ঞান না ফেরায় তাকে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মুন্নাকে উন্নত চিকিৎসার জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরন করেন। মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন।

এদিকে বরযাত্রীদের বহনকারী গাড়ীগুলো মাধবপুর বাজারে বরযাত্রীদের নিয়ে অপেক্ষায় ছিল। পরে রাত সাড়ে ১১টার দিকে মুন্নার মৃত্যুর সংবাদ বরযাত্রীদের কাছে পৌঁছালে রাত পৌঁনে বারোটায় বরযাত্রীবাহী গাড়িগুলো কনের বাড়ি পাত্রখোলা চা বাগানে না গিয়ে পাত্রের বাড়ি রাজকী চা বাগানে ফেরত চলে যায়।

হবু বরের এমন মৃত্যুর সংবাদ পাত্রখোলা চা বাগানে কনের পিত্রালয়ে পৌঁছালে এক হৃদয় বিদারক দৃশ্য অবতারনা তৈরী হয়। বার বার মুর্ছা যাচ্ছিলেন হবু বধুর পিতা-মাতা। পুরো বাড়িতে নেমে আসে শোকের মাতম।

কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার সাজেদুল কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ‘আমাদের এখানে আনার পর ছেলেটির পালস, শ্বাস-প্রশ্বাস সব বন্ধ পাই। তারপরও আমরা তাকে আরো শিউর হওয়ার জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করি।

ওসমানী মেডিকেল কলেজ ও হাসপাতালে শততম কক্লিয়ার ইমপ্লান্ট সার্জারী সম্পন্ন

0

আধুনিক ডেস্ক:
সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ১০০ তম কক্লিয়ার ইমপ্লান্ট সার্জারী সম্পন্ন হয়েছে।

বুধবার (৫মার্চ) মুনতাহা নামের ৩ বছরের জন্মবধির শিশুর কানে ইমপ্লান্ট টি সফল ভাবে প্রতিস্থাপন করেন নাক-কান-গলা ও হেড-নেক সার্জারী বিভাগের বিভাগীয় প্রধান ডা. নূরুল হুদা নাঈম।

সার্জারী টিমে অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডা. মোঃ জহিরুল ইসলাম, ডা. তারিকুল ইসলাম আনন্দ, ডা. টিএম ইমরান আহমদ, ডা. মোঃ এনামুল ইসলাম, ডা. মোঃ ময়নুল ইসলাম, ডা. ওসমান, ডা. অনিক।

এনেস্থেসিওলজিস্ট হিসাবে দায়িত্ব পালন করেন ডা. সায়্যেদা রাহিমা আক্তার রুমী। অডিওলজিস্ট রুবাইয়্যা রহমান। সিনিয়র স্টাফ নার্স সুপ্তা চক্রবর্তী।

উল্লেখ্য গত ২৫মে ২০২২ তারিখে ১ম কক্লিয়ার ইমপ্লান্ট সার্জারী করা হয়েছিল। কক্লিয়ার ইমপ্লান্ট সিওমেকহা প্রকল্প পরিচালক ডা. নূরুল হুদা নাঈম তাঁর অনুভূতি জানাতে গিয়ে প্রথমেই আল্লাহর শুকরিয়া আদায় করেন এবং বলেন একটা জন্মবধির শিশু কথা বলতে পারেনা-এই চিকিৎসার মাধ্যমে সে কথা শুনতে পারবে এবং কথা বলতেও পারবে। এ প্রক্রিয়ার সাথে আমি জড়িত ছিলাম এই অনুভূতি ভাষায় প্রকাশ করার মত নয়। সবচেয়ে ভালো লাগছে বাচ্চার মা সন্তানের মূখে মা ডাক শুনবেন,বাবা শুনবেন বাবা ডাক। যাদের বাচ্চা কথা বলতে পারে না তারাই বেশী অনুভব করতে পারবেন এই কষ্ট। সুতরাং মা-বাবার আনন্দ আমাকে আবেগাপ্লুত করে।
উল্লেখ্য জন্মবধির অথবা মারাত্মক বধীরদের জন্য কানে শোনার এই কক্লিয়ার ইমপ্লান্ট অপারেশন ওসমানীতে চালু রয়েছে।আপনাদের পরিচিতদের মধ্যে ও কেউ এমন জন্মবধীর বয়স ৫ বছরের নিচে হলে যোগাযোগ করতে পারেন।