Home Blog Page 170

স্কুলে যুদ্ধবিমান বিধ্বস্ত : নিহত বেড়ে ৩৫

0

আধুনিক ডেস্ক ::


রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ আরও এক শিশুসহ দুজন মারা গেছেন। শনিবার (২৬ জুলাই) সকালে দুই ঘণ্টার ব্যবধানে দুজন মারা যান। তাদের একজন মাইলস্টোনের শিক্ষার্থী, অন্যজন কর্মচারী। দুজনই রাজধানীর জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন ছিলেন।

সকাল ৯টার দিকে বার্ন ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যায় শিক্ষার্থী জারিফ ফারহান। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল সে। তার বয়স ১৩ বছর। জারিফের বাবার নাম হাবিবুর রহমান। মা–বাবার সঙ্গে সে উত্তরায় থাকত। তাদের বাড়ি রাজবাড়ীতে। বেলা পৌনে ১১টার দিকে মারা যান স্কুলের কর্মচারী মাসুমা বেগম (৩৮)। তার গ্রামের বাড়ি ভোলায়। তিনি উত্তরা এলাকায় থাকতেন।

জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক শাওন বিন রহমান বলেন, শিশু জারিফের শরীরের ৪০ শতাংশ পুড়ে গিয়েছিল। মাসুমার পুড়েছিল ৯০ শতাংশ। এ নিয়ে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ১৭ জন মারা গেল। আর এ ঘটনায় মোট মৃত মানুষের সংখ্যা বেড়ে হলো ৩৫।


স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, শুক্রবার (২৬ জুলাই) রাত পর্যন্ত মোট নিহত মানুষের সংখ্যা ছিল ৩৩। এর মধ্যে দুজন ছাড়া অন্যদের পরিচয় নিশ্চিত হওয়া গেছে।

সোমবার (২১ জুলাই ) উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনের ওপর বিমানবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। বিমানটি প্রশিক্ষণের কাজে ব্যবহার করা হচ্ছিল।

না

নতুন বাংলাদেশ ও নতুন সংবিধানের জন্য আমরা রাজপথে নেমেছি : নাহিদ ইসলাম

0

আধুনিক রিপোর্ট ::

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক নাহিদ ইসলাম বলেছেন, বিচার, সংস্কার এবং নতুন বাংলাদেশ ও নতুন সংবিধানের জন্য আমরা রাজপথে নেমেছি। যে নতুন সংবিধানে আপনার আমার অধিকারের কথা থাকবে। সিলেটের মানুষের মর্যাদার কথা থাকবে। সিলেট হবে জাতীয় নাগরিক পার্টির অন্যতম দুর্গ। নতুন বাংলাদেশের অন্যতম দুর্গ। শুক্রবার (২৫ জুলাই) দুপুরে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচির অংশ হিসেবে সিলেট নগরীর চৌহাট্টার কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গনে পথসভায় একথা বলেন তিনি।

এসময় নাহিদ ইসলাম আরও বলেন, ইতিহাস এবং সংস্কৃতির আলোকে সিলেটকে দেখতে হবে। এই সিলেট থেকে ইসলামের বানী সারা বাংলাদেশে প্রচারিত হয়েছিল। যুগ যুগ ধরে এই সিলেট বাংলাদেশের ইতিহাসকে ধারণ করে আছে। সিলেট বাংলাদেশের আত্মপরিচয়। আমরা সিলেটে এসেছি নতুন বাংলাদেশের বার্তা নিয়ে। ব্রিটিশবিরোধী আন্দোলন থেকে স্বাধীনতা সংগ্রাম এবং আমাদের জুলাই গণ-অভ্যুত্থানে সিলেটবাসী লড়াই করেছে বুক চিতিয়ে বাংলাদেশের স্বাধীনতার পক্ষে। বাংলাদেশের মুক্তির লড়াইয়ে সিলেট ছিল অগ্রগামী। এই বাংলাদেশের পূর্বাঞ্চলে সিলেট ছিল অন্যতম কেন্দ্রভূমি।

নাহিদ ইসলাম বলেন, জুলাই গণ-অভ্যুত্থানে আপনারা সাহসিকতার সঙ্গে লড়াই করেছিলেন। শহিদ রুদ্র সেন, শহিদ সাংবাদিক এটিএম তুরাব রক্ত দিয়েছেন। ১৭ জনের অধিক জীবন দিয়েছে এই সিলেট জেলায়। আমরা সেই সকল শহিদের উত্তরসূরি। সেই সকল শহিদের রক্তের শপথ নিয়ে নতুন বাংলাদেশ গড়তে সিলেটে এসেছি। আমরা জানি লন্ডনে বাঙালীদের অধিকাংশই সিলেটি। সিলেটিরা লন্ডনকে জয় করেছে বাংলাদেশকে জয় করেছে। আমরা সকল প্রবাসী ভাই-বোনের ভোটাধিকারের কথা বলছি। আমরা বিশ্বাস করি আমরা চাই সিলেটসহ বাংলাদেশের সকল প্রবাসীরা বাংলাদেশের নীতি নির্ধারণের অংশ হবে। তেল, গ্যাস, পাথরসহ খনিজ সম্পদের অভয়ারণ্য হচ্ছে সিলেট। এই সিলেটকে আধুনিক শিল্পোন্নত শহর হিসেবে গড়ে তুলতে হবে। সিলেটের স্বাস্থ্য শিক্ষা ও কর্মসংস্থানের জন্য জাতীয় নাগরিক পার্টি কাজ করবে।

এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, এনসিপিকে সিলেটে শক্তিশালী করেন। এনসিপি কোনো চাঁদাবাজের দল নয়। এনসিপি কোনো টেন্ডারবাজের দল নয়। এনসিপি উঠে এসেছে সংকট থেকে। সমস্যা সমাধান করেই এনসিপি উঠে এসেছে। ফ্যাসিবাদের ক্ষমতা ছাড়া করে এনসিপি উঠে এসেছে। আওয়ামী লীগের চ্যাপ্টার ক্লোজ করে এনসিপি উঠে এসেছে। আপনারা এনসিপির হাতকে শক্তিশালী করুন। আমরা আপনাদেরকে প্রতিশ্রুতি দিচ্ছি পরবর্তী বাংলাদেশের জনগণের বাংলাদেশ করার জন্য। প্রিয় সিলেটবাসী, আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকবেন, আমাদের সংকট এখনো শেষ হয়ে যায়নি, আমাদের সামনে লড়াই রয়েছে, নতুনকরে আবার দেখতে পাচ্ছি মুজিববাদের পাহারাদার দাঁড়িয়ে যাচ্ছে।

এর আগে দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে সিলেটে ‘জুলাই পদযাত্রা’ করে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। শুক্রবার (২৫ জুলাই) বিকেল সাড়ে ৫টায় সিলেট নগরীর চৌহাট্টা পয়েন্ট থেকে এনসিপির পদযাত্রা শুরু হয়। সিলেট কেন্দ্রীয় শহিদ মিনার থেকে শুরু হওয়া পদযাত্রাটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবার শহিদ মিনারে এসে শেষ হয়। পদযাত্রায় ‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’, ‘দালালি না রাজপথ, রাজপথ রাজপথ’, ‘ক্ষমতা না জনতা, জনতা জনতা’ এমন নানা শ্লোগানে মুখর হয়ে ওঠে সিলেটের রাজপথ।

পদযাত্রা ও পথসভায় অংশ নেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেনসহ দলটির বেশ কয়েকজন কেন্দ্রীয় নেতা নেত্রী। এর আগে সুনামগঞ্জ থেকে সিলেট পৌঁছে জুলাই আন্দোলনে শহিদ রুদ্রের ক্যাম্পাস শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) প্রধান ফটকে ‘শহিদ রুদ্র তোরণ’ এ শ্রদ্ধা জানান গত জুলাই আন্দোলনে নেতৃত্ব দানকারী প্রধান সমন্বয়ক ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

মুজিববাদ মুক্তিযুদ্ধকে কলুষিত করেছে : নাহিদ ইসলাম

0

সুনামগঞ্জ প্রতিনিধি ::

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক নাহিদ ইসলাম বলেছেন, মুজিববাদ বাংলাদেশের মুক্তিযুদ্ধকে কলুষিত করেছে। মানুষের অধিকার হরণ করেছে। এই মুজিববাদীদের প্রতিহত করেছে এ দেশের ছাত্র-জনতা। বাংলাদেশে আর মুজিববাদের ঠিকানা হতে দেব না। শুক্রবার (২৫ জুলাই) দুপুরে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচির অংশ হিসেবে পৌর শহরের আলফাত স্কয়ারে এনসিপির আয়োজিত পথসভায় এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, জাতীয় ঐক্য আমাদের ধরে রাখতে হবে। রাজনৈতিক দলগুলোর প্রতি আহবান জানিয়ে নাহিদ বলেন, আপনারা দেশের স্বার্থে ঐক্যবদ্ধ থাকুন। বিএনপি সহ রাজনৈতিক দলগুলো তাদের অবস্থান থেকে সরে এসেছে এজন্য ধন্যবাদ জানাই।
পথসভায় এনসিপির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ বলেন, আমরা শুনতে পেরেছি, যারা এনসিপিতে যোগ দিতে চায়, যারা এনসিপি করতে চায় স্থানীয়ভাবে তাদের ভয়-ভীতি দেখানো হচ্ছে। তাদেরকে প্রশাসনও সহযোগিতা করে৷ তৃণমূল পর্যায়ে ইউনিয়ন ওয়ার্ড পর্যায়ে দলকে সুসংগঠিত করতে হবে। সাংগঠনিকভাবে দল সুসংগঠিত হলে এনসিপি শক্তিশালী হবে।

তিনি বলেন, যে পা চা-টা প্রশাসন রয়েছে, আমরা তাদের দেখেছি বিভিন্ন সময়ে তাদের নিরপেক্ষ ভূমিকা নিয়ে প্রশ্ন রয়েছে। প্রশাসনের মধ্যে একটা পক্ষ রয়েছে যারা চায় নিরপেক্ষ প্রশাসন গড়ে উঠুক। কিন্তু একটি পক্ষ রয়েছে যারা হচ্ছে সুবিধাভোগী, পা চা-টা, যারা হচ্ছে তেলবাজ, চাটার দল, তাঁরা কখনোই নিরপেক্ষ প্রশাসন চায় না।

এর আগে শহরের কেন্দ্রীয় মসজিদে নামাজ আদায় শেষে পদযাত্রা করে শহরের আলফাত স্কয়ারে আসেন নেতৃবৃন্দ। পথসভায়, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, যুগ্ম আহ্বায়ক অনিক রায়, যুগ্ম আহ্বায়ক এহতেশামুল হক, যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা, মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী, সিনিয়র মুখ্য সংগঠক সাদিয়া ফারজানা দিনা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমীন, যুগ্ম সদস্য সচিব জয়নাল আবেদীন শিশির, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দিন পাটোয়ারীসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

বক্তব্য দেন এনসিপির জেলা সমন্বয়কারী দেওয়ান সাজাউর রাজা চৌধুরী (সুমন)।

জাতিসংঘের মানবাধিকার কার্যালয় স্থাপনের প্রতিবাদে সিলেটে বিক্ষোভ

0

আধুনিক ডেস্ক ::

ঢাকায় জাতিসংঘের মানবাধিকার কমিশনের কার্যালয় স্থাপনের সিদ্ধান্তে সিলেটে বিক্ষোভ করেছেন জমিয়তে উলামায়ে ইসলামের নেতারা। প্রতিবাদ সমাবেশ থেকে গভীর উদ্বেগ ও তীব্র আপত্তি প্রকাশ করেন তারা। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে শুক্রবার বাদ জুমা নতরীর কোট পয়েন্টে জেলা উত্তর দক্ষিণ ও মহানগরের যৌথ উদ্যোগে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রতিবাদ সমাবেশের পাশাপাশি গণমিছিল কর্মিসূচিও পালন করা হয়।

সভায় বক্তারা বলেন, বাংলাদেশের সার্বভৌমত্ববিরোধী যে কোনো চক্রান্তই বরদাশত করা হবে না। মানবতার নামে জাতিসংঘের এই অফিস স্থাপন করে সমকামিতা ও ট্রান্সজেন্ডারকে প্রমোট করার সকল ষড়যন্ত্র দেশের বৃহৎ ইসলামিক দল জমিয়তে উলামায়ে ইসলাম দেশবাসীকে সাথে নিয়ে যেকোনো মূল্যে প্রতিহত করবে ।

মহানগর জমিয়তের সভাপতি মাওলানা মুখলিসুর রহমান রাজাগঞ্জীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল মালিক চৌধুরী, দক্ষিণ জেলা সাধারণ সম্পাদক মাওলানা মুস্তাক আহমদ চৌধুরী, উত্তর জেলা সাধারণ সম্পাদক মাওলানা এবাদুর রহমান কাসিমীর যৌথ পরিচালনায় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সহসভাপতি শায়খুল হাদিস মাওলানা মুফতি মুজিবুর রহমান, উত্তর জেলা জমিয়তের সভাপতি শায়খুল হাদিস মাওলানা আতাউর রহমান কোম্পানীগঞ্জী।

কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা খলিলুর রহমান, সিলেট নির্বাচনী এলাকার প্রার্থী এডভোকেট মোহাম্মদ আলী,মেট্রোপলিটন সভাপতি মাওলানা খয়রুল হোসেন, মহানগর সহ সভাপতি মাওলানা সৈয়দ শামীম আহমেদ, প্রিন্সিপাল মাওলানা মাহমুদুল হাসান, মাওলানা মুজিবুর রহমান কাসেমী, মাওলানা কারী সিরাজুল ইসলাম, দক্ষিণ জেলা সহ সভাপতি মাওলানা নজরুল ইসলাম, মাওলানা শিব্বির আহমেদ , মাওলানা আমিনুদ্দিন, উত্তরের সিনিয়র সহ-সভাপতি, মাওলানা নুর আহমদ কাসেমী, সহ সভাপতি মাওলানা মতাওয়াকিল বিল্লাহ জালাল মহানগর যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা সদরুল আমিন, মাওলানা হাফেজ আহমদ সগীর বিন আমকুনী, সাংগঠনিক সম্পাদক মাওলানা আখতারুজ্জামান, মাওলানা আব্দুল সামাদ, মাওলানা মুফতি জিয়াউর রহমান, মাওলানা নেয়ামত উল্লাহ, মাওলানা কামরুল ইসলাম সিদ্দিকী, মাওলানা মহিবুল্লাহ, রেজাউল হক, মাওলানা হাসান আহমদ, মাওলানা কবির আহমদ, মাওলানা লুৎফুর রহমান, এম বেলাল আহমেদ চৌধুরী, মহানগর যুব জমিয়তের সভাপতি ,মাওলানা আসাদ আহমদ, সাধারণ সম্পাদক হাফিজ দিলদার আহমদ ,দক্ষিণ জেলা যুব জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা মনসুর আহমদ, উত্তর জেলা সাধারণ সম্পাদক মাসুম আল মাহদী, দক্ষিণ জেলা ছাত্র জমিয়ত সাধারণ মাহমুদুল হাসান নোমান, মহানগর ছাত্র জমিয়ত সভাপতি, জামিল আহমদ, সাধারণ সম্পাদক আবু হানিফা সাদি প্রমুখ।

উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় আরও দুই শিশুর মৃত্যু

0

আধুনিক ডেস্ক ::

রাজধানীর উত্তরার দিয়াবাড়ির মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ আরও দুই শিশু মারা গেছে। শুক্রবার (২৫ জুলাই) বেলা একটা পাঁচ মিনিটে রাজধানীর জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মুসাব্বির মাকিন (১৩) নামের এক শিশু ও সকাল ৯টা ৩২ মিনিটে বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় তাসনিম আফরোজ আইমান (১০) নামের আরেক শিশু।

মুসাব্বির মাইলস্টোন স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল। তার বাবার নাম মো. মহসিন। তিনি পেশায় স্যানিটারি ব্যবসায়ী। গ্রামের বাড়ি গাজীপুর। দুই ভাইয়ের মধ্যে মুসাব্বির ছোট ছিল। মুসাব্বিরের শরীরের ৭০ শতাংশ পুড়ে গিয়েছিল।

তাসনিম আফরোজ আইমান (১০) মাইলস্টোন স্কুলের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ছিল। তার শরীরের ৪৫ শতাংশ পুড়ে গিয়েছিল। সে মা–বাবার সঙ্গে উত্তরা ১৭ নম্বর সেক্টরে থাকত। গ্রামের বাড়ি শরীয়তপুরে। বাবার নাম ইসমাইল হোসেন। তিনি পেশায় ব্যবসায়ী।

গত সোমবার বেলা সোয়া একটার দিকে দিয়াবাড়ির মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিমানবাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। এতে হতাহতের ঘটনা ঘটে।

স্বাস্থ্য অধিদপ্তরের শুক্রবারের দুপুর ১২টার হালনাগাদ তথ্য অনুযায়ী, এ ঘটনায় মারা গেছে ৩২ জন। বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছে ৫১ জন।

যদিও আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পক্ষ থেকে মঙ্গলবার দুপুর ১২টা পর্যন্ত ৩১ জনের মৃত্যুর খবর জানানো হয়েছিল। এরপর সেদিন রাতে বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় আরও একজন মারা যান। যে কারণে তখন গণমাধ্যমে নিহত হওয়ার সংখ্যা ৩২ উল্লেখ করা হয়েছিল।

এদিকে বৃহস্পতিবার (২৪ জুলাই) সন্ধ্যা ৬টা ২০ মিনিটের তথ্যের ভিত্তিতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ কর্তৃপক্ষের বিবৃতিতে বলা হয়, বিমান বিধ্বস্তের ঘটনায় ২০ শিক্ষার্থী, ২ জন শিক্ষক ও ২ জন অভিভাবক নিহত হয়েছেন।

জাতিসংঘ অধিবেশনেই ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে ফ্রান্স

0

আধুনিক ডেস্ক ::

ফ্রান্স আগামী সেপ্টেম্বরে আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেবে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ। শিল্পোন্নত সাতটি দেশের জোট জি-সেভেনের প্রথম কোনো দেশ এই স্বীকৃতি দিতে যাচ্ছে ফিলিস্তিনকে।  জি-সেভেন হলো- প্রধান শিল্পোন্নত দেশগুলোর একটি জোট, যার সদস্যদের মধ্যে ফ্রান্সের পাশাপাশি রয়েছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইতালি, জার্মানি, কানাডা ও জাপান।

বৃহস্পতিবার (২৪ জুলাই) সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে (সাবেক টুইটার) একটি পোস্টে মাখোঁ বলেছেন, যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে আনুষ্ঠানিকভাবে বিষয়টি ঘোষণা করা হবে। ‌‘আজকে জরুরি প্রয়োজন হলো গাজায় যুদ্ধের অবসান এবং বেসামরিক জনগণকে উদ্ধার করা। শান্তি সম্ভব। অবিলম্বে যুদ্ধবিরতি, সব জিম্মির মুক্তি এবং গাজার জনগণের জন্য ব্যাপক মানবিক সহায়তা প্রয়োজন আমাদের’ তিনি লিখেছেন। ফিলিস্তিনি কর্মকর্তারা মাখোঁর সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। অন্যদিকে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের হামলার পর এই পদক্ষেপ ‘সন্ত্রাসকে পুরস্কৃত’ করছে।

এক্সে তার বৃহস্পতিবারের পোস্টে মাখোঁ লিখেছেন, ‘মধ্যপ্রাচ্যে ন্যায়সঙ্গত ও স্থায়ী শান্তির জন্য ঐতিহাসিক প্রতিশ্রুতির প্রতি সততার দিক থেকে আমি সিদ্ধান্ত নিয়েছি যে ফ্রান্স ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেবে। আমাদের অবশ্যই হামাসের নিরস্ত্রীকরণের নিশ্চয়তা দিতে হবে এবং গাজাকে সুরক্ষিত ও পুনর্নির্মাণ করতে হবে। অবশেষে আমাদের ফিলিস্তিন রাষ্ট্র গড়ে তুলতে হবে, এর কার্যকারিতা নিশ্চিত করতে হবে এবং নিশ্চিত করতে হবে যে এটি নিরস্ত্রীকরণ গ্রহণ করছে এবং ইসরায়েলকে সম্পূর্ণরূপে স্বীকৃতি দিচ্ছে, এটি মধ্যপ্রাচ্যের সবার নিরাপত্তায় অবদান রাখে। এর কোনো বিকল্প নেই।’

মাখোঁ তার পোস্টে ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের কাছে তার সিদ্ধান্ত নিশ্চিত করে পাঠানো একটি চিঠিও সংযুক্ত করেছেন। বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, ম্যাক্রঁর ঘোষণার প্রতিক্রিয়ায় মাহমুদ আব্বাসের ডেপুটি হুসেইন আল-শেখ বলেছেন, ‘(মাখোঁর) এই অবস্থান আন্তর্জাতিক আইনের প্রতি ফ্রান্সের প্রতিশ্রুতি এবং ফিলিস্তিনি জনগণের আত্মনিয়ন্ত্রণের অধিকার এবং আমাদের স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার প্রতি সমর্থনকে প্রতিফলিত করে।

এদিকে, নেতানিয়াহু ২০২৩ সালে হামাসের হামলার প্রসঙ্গ টেনে এক্সে একটি পোস্টে লিখেছেন, ৭ অক্টোবরের বেপরোয়া হত্যাকাণ্ডের পর তেল আভিভের পাশে একটি ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়া নিয়ে মাখোঁর সিদ্ধান্তের আমরা তীব্র নিন্দা জানাই। এই পরিস্থিতিতে ইসরায়েলকে ধ্বংস করার জন্য একটি লঞ্চ প্যাড হবে ফিলিস্তিনি রাষ্ট্র, এর পাশে শান্তিতে বসবাস করার জায়গা নয়। স্পষ্ট করে বলি, ফিলিস্তিনিরা ইসরায়েলের পাশে একটি রাষ্ট্র চায় না, তারা ইসরায়েলের পরিবর্তে একটি রাষ্ট্র চায়, নেতানিয়াহু বলেন।

হামাস ফ্রান্সের সিদ্ধান্তকে ‘সঠিক দিকের ইতিবাচক পদক্ষেপ’ বলে অভিহিত করেছে এবং বিশ্বের সব দেশকে ‘ফ্রান্সের নেতৃত্ব অনুসরণ করার’ আহ্বান জানিয়েছে।

বর্তমানে, জাতিসংঘের ১৯৩টি সদস্য রাষ্ট্রের মধ্যে ১৪০টিরও বেশি দেশ ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে। স্পেন ও আয়ারল্যান্ডসহ ইউরোপীয় ইউনিয়নভুক্ত কয়েকটি দেশও তাদের মধ্যে রয়েছে। কিন্তু ইসরায়েলের প্রধান সমর্থক, মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যসহ তার মিত্ররা ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেয়নি। বৃহস্পতিবার এক বিবৃতিতে, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্যার কিয়ের স্টারমার বলেছেন যে তিনি শুক্রবার ফরাসি এবং জার্মান নেতাদের সাথে ‘জরুরি আলাপ’ করবেন এবং ‘হত্যা বন্ধে জরুরিভাবে কী করা যায়’ তা নিয়ে আলোচনা করবেন।

সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয় ফ্রান্সের সিদ্ধান্তের প্রশংসা করে বলেছে যে এটি ‘ফিলিস্তিনি জনগণের আত্মনিয়ন্ত্রণের অধিকার এবং একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের ঐকমত্যের বিষয়টিই আবার নিশ্চিত করছে’।

২০২৩ সালে দক্ষিণ ইসরায়েলে হামলার প্রতিক্রিয়ায় ইসরায়েলি সেনাবাহিনী গাজায় একটি অভিযান শুরু করে, যে হামলায় প্রায় ১২০০ জন নিহত এবং ২৫১ জনকে জিম্মি করা হয়েছিল। এদিকে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে, তখন থেকে শুরু করে ইসরায়েলি হামলায় এ পর্যন্ত গাজায় কমপক্ষে ৫৯ হাজার ১০৬ জন নিহত হয়েছে। তখন থেকে গাজার বেশিরভাগ অংশ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।

বৃহস্পতিবারের আগে, জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী সংস্থা (ইউএনআরডব্লিউএ) জানিয়েছে যে গাজা শহরের প্রতি পাঁচজন শিশুর মধ্যে একজন এখন অপুষ্টিতে ভুগছে এবং প্রতিদিন আক্রান্তের সংখ্যা বাড়ছে। ১০০ টিরও বেশি আন্তর্জাতিক সাহায্য সংস্থা এবং মানবাধিকার গোষ্ঠী গাজা উপত্যকায় ব্যাপক দুর্ভিক্ষের বিষয়ে সতর্ক করেছে- সরকারকে পদক্ষেপ নেওয়ার জন্য চাপ দিচ্ছে।

ফিলিস্তিনি ভূখণ্ডে সব ধরনের জিনিস সরবরাহের প্রবেশ নিয়ন্ত্রণকারী ইসরায়েল বারবার বলেছে যে কোনো অবরোধ নেই, অপুষ্টির যে কোনো ঘটনার জন্য হামাসকে দায়ী করছে তারা।ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে ফ্রান্স: এমানুয়েল মাখোঁ

ফ্রান্স আগামী সেপ্টেম্বরে আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেবে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ। শিল্পোন্নত সাতটি দেশের জোট জি-সেভেনের প্রথম কোনো দেশ এই স্বীকৃতি দিতে যাচ্ছে ফিলিস্তিনকে।  জি-সেভেন হলো- প্রধান শিল্পোন্নত দেশগুলোর একটি জোট, যার সদস্যদের মধ্যে ফ্রান্সের পাশাপাশি রয়েছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইতালি, জার্মানি, কানাডা ও জাপান।

বৃহস্পতিবার (২৪ জুলাই) সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে (সাবেক টুইটার) একটি পোস্টে মাখোঁ বলেছেন, যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে আনুষ্ঠানিকভাবে বিষয়টি ঘোষণা করা হবে। ‌‘আজকে জরুরি প্রয়োজন হলো গাজায় যুদ্ধের অবসান এবং বেসামরিক জনগণকে উদ্ধার করা। শান্তি সম্ভব। অবিলম্বে যুদ্ধবিরতি, সব জিম্মির মুক্তি এবং গাজার জনগণের জন্য ব্যাপক মানবিক সহায়তা প্রয়োজন আমাদের’ তিনি লিখেছেন। ফিলিস্তিনি কর্মকর্তারা মাখোঁর সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। অন্যদিকে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের হামলার পর এই পদক্ষেপ ‘সন্ত্রাসকে পুরস্কৃত’ করছে।

এক্সে তার বৃহস্পতিবারের পোস্টে মাখোঁ লিখেছেন, ‘মধ্যপ্রাচ্যে ন্যায়সঙ্গত ও স্থায়ী শান্তির জন্য ঐতিহাসিক প্রতিশ্রুতির প্রতি সততার দিক থেকে আমি সিদ্ধান্ত নিয়েছি যে ফ্রান্স ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেবে। আমাদের অবশ্যই হামাসের নিরস্ত্রীকরণের নিশ্চয়তা দিতে হবে এবং গাজাকে সুরক্ষিত ও পুনর্নির্মাণ করতে হবে। অবশেষে আমাদের ফিলিস্তিন রাষ্ট্র গড়ে তুলতে হবে, এর কার্যকারিতা নিশ্চিত করতে হবে এবং নিশ্চিত করতে হবে যে এটি নিরস্ত্রীকরণ গ্রহণ করছে এবং ইসরায়েলকে সম্পূর্ণরূপে স্বীকৃতি দিচ্ছে, এটি মধ্যপ্রাচ্যের সবার নিরাপত্তায় অবদান রাখে। এর কোনো বিকল্প নেই।’

মাখোঁ তার পোস্টে ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের কাছে তার সিদ্ধান্ত নিশ্চিত করে পাঠানো একটি চিঠিও সংযুক্ত করেছেন। বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, ম্যাক্রঁর ঘোষণার প্রতিক্রিয়ায় মাহমুদ আব্বাসের ডেপুটি হুসেইন আল-শেখ বলেছেন, ‘(মাখোঁর) এই অবস্থান আন্তর্জাতিক আইনের প্রতি ফ্রান্সের প্রতিশ্রুতি এবং ফিলিস্তিনি জনগণের আত্মনিয়ন্ত্রণের অধিকার এবং আমাদের স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার প্রতি সমর্থনকে প্রতিফলিত করে।

এদিকে, নেতানিয়াহু ২০২৩ সালে হামাসের হামলার প্রসঙ্গ টেনে এক্সে একটি পোস্টে লিখেছেন, ৭ অক্টোবরের বেপরোয়া হত্যাকাণ্ডের পর তেল আভিভের পাশে একটি ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়া নিয়ে মাখোঁর সিদ্ধান্তের আমরা তীব্র নিন্দা জানাই। এই পরিস্থিতিতে ইসরায়েলকে ধ্বংস করার জন্য একটি লঞ্চ প্যাড হবে ফিলিস্তিনি রাষ্ট্র, এর পাশে শান্তিতে বসবাস করার জায়গা নয়। স্পষ্ট করে বলি, ফিলিস্তিনিরা ইসরায়েলের পাশে একটি রাষ্ট্র চায় না, তারা ইসরায়েলের পরিবর্তে একটি রাষ্ট্র চায়, নেতানিয়াহু বলেন।

হামাস ফ্রান্সের সিদ্ধান্তকে ‘সঠিক দিকের ইতিবাচক পদক্ষেপ’ বলে অভিহিত করেছে এবং বিশ্বের সব দেশকে ‘ফ্রান্সের নেতৃত্ব অনুসরণ করার’ আহ্বান জানিয়েছে।

বর্তমানে, জাতিসংঘের ১৯৩টি সদস্য রাষ্ট্রের মধ্যে ১৪০টিরও বেশি দেশ ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে। স্পেন ও আয়ারল্যান্ডসহ ইউরোপীয় ইউনিয়নভুক্ত কয়েকটি দেশও তাদের মধ্যে রয়েছে। কিন্তু ইসরায়েলের প্রধান সমর্থক, মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যসহ তার মিত্ররা ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেয়নি। বৃহস্পতিবার এক বিবৃতিতে, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্যার কিয়ের স্টারমার বলেছেন যে তিনি শুক্রবার ফরাসি এবং জার্মান নেতাদের সাথে ‘জরুরি আলাপ’ করবেন এবং ‘হত্যা বন্ধে জরুরিভাবে কী করা যায়’ তা নিয়ে আলোচনা করবেন।

সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয় ফ্রান্সের সিদ্ধান্তের প্রশংসা করে বলেছে যে এটি ‘ফিলিস্তিনি জনগণের আত্মনিয়ন্ত্রণের অধিকার এবং একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের ঐকমত্যের বিষয়টিই আবার নিশ্চিত করছে’।

২০২৩ সালে দক্ষিণ ইসরায়েলে হামলার প্রতিক্রিয়ায় ইসরায়েলি সেনাবাহিনী গাজায় একটি অভিযান শুরু করে, যে হামলায় প্রায় ১২০০ জন নিহত এবং ২৫১ জনকে জিম্মি করা হয়েছিল। এদিকে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে, তখন থেকে শুরু করে ইসরায়েলি হামলায় এ পর্যন্ত গাজায় কমপক্ষে ৫৯ হাজার ১০৬ জন নিহত হয়েছে। তখন থেকে গাজার বেশিরভাগ অংশ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।

বৃহস্পতিবারের আগে, জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী সংস্থা (ইউএনআরডব্লিউএ) জানিয়েছে যে গাজা শহরের প্রতি পাঁচজন শিশুর মধ্যে একজন এখন অপুষ্টিতে ভুগছে এবং প্রতিদিন আক্রান্তের সংখ্যা বাড়ছে। ১০০ টিরও বেশি আন্তর্জাতিক সাহায্য সংস্থা এবং মানবাধিকার গোষ্ঠী গাজা উপত্যকায় ব্যাপক দুর্ভিক্ষের বিষয়ে সতর্ক করেছে- সরকারকে পদক্ষেপ নেওয়ার জন্য চাপ দিচ্ছে।

ফিলিস্তিনি ভূখণ্ডে সব ধরনের জিনিস সরবরাহের প্রবেশ নিয়ন্ত্রণকারী ইসরায়েল বারবার বলেছে যে কোনো অবরোধ নেই, অপুষ্টির যে কোনো ঘটনার জন্য হামাসকে দায়ী করছে তারা।

রেসলিং কিংবদন্তি হাল্ক হোগান আর নেই

0

আধুনিক ডেস্ক ::

পেশাদার রেসলিং দুনিয়ার সবচেয়ে বড় তারকাদের একজন টেরি বোলিয়া, যিনি হাল্ক হোগান নামে বিশ্বজুড়ে পরিচিত, আর নেই। বৃহস্পতিবার (২৪ জুলাই) ৭১ বছর বয়সে শেষ নিশ্বাস ত্যাগ করেন এই কিংবদন্তি। হার্ট অ্যাটাকে মৃত্যু হয়েছে তার।

ফ্লোরিডার ক্লিয়ারওয়াটার শহরের পুলিশ জানিয়েছে, হোগানের বাড়িতে হার্ট অ্যাটাকের খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ছুটে যান। ফায়ার ও রেসকিউ টিম তাঁকে উদ্ধার করে মর্টন প্লান্ট হাসপাতালে নিয়ে যায়। সেখানেই চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।

১৯৮০-এর দশকে রেসলিংয়ের ‘সোনালি যুগে’ হোগান ছিলেন পোস্টারবয়। তাঁর বিখ্যাত সংলাপ ‘সে ইউর প্রেয়ারস অ্যান্ড ইট ইউর ভিটামিনস’ আর বাহুর মাপ নিয়ে দম্ভোক্তি—‘২৪ ইঞ্চি পাইথন’—তাঁকে সাধারণ দর্শকের ঘরে ঘরে পৌঁছে দিয়েছিল।

তবে বিতর্কও পিছু ছাড়েনি হোগানের। ২০১৫ সালে বর্ণবাদী মন্তব্য সংবলিত একটি ভিডিও ফাঁস হলে তাঁর ভাবমূর্তি বড় ধাক্কা খায়। একই সঙ্গে ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘনের ঘটনায় গকার মিডিয়ার বিরুদ্ধে মামলা করে ১১ কোটি ৫০ লাখ ডলার ক্ষতিপূরণ জেতেন হোগান, যা শেষ পর্যন্ত গকারকে দেউলিয়া করে দেয় এবং মিডিয়া আইনে বড় নজির হয়ে থাকে।

বিতর্ক সত্ত্বেও হাল্ক হোগান পেশাদার রেসলিংয়ের ইতিহাসে সবচেয়ে প্রভাবশালী তারকাদের একজন হয়েই থাকবেন। হাল্ক হোগান কেবল একজন কুস্তিগীর ছিলেন না, আশির দশকে তিনি তার ভক্তদের কাছে একজন ‘বাস্তব জীবনের সুপারহিরো’ হয়ে উঠেছিলেন। তার শক্তিশালী শরীর, হলুদ-লাল পোশাক এবং তার বিখ্যাত সেই সংলাপ ছিল তার বিশেষ পরিচয়। হাল্ক হোগান তার অদম্য সাহস এবং দক্ষতার কারণে ‘হাল্কম্যানিয়া’ তৈরি করেছিলেন। প্রথম দিকে, তিনি ভিন্স ম্যাকমাহনের জাতীয় সম্প্রসারণ পরিকল্পনার মুখ হয়ে ওঠেন। রেসলম্যানিয়া ৩-এ আন্দ্রে দ্য জায়ান্টের বিরুদ্ধে তার ম্যাচটি এখনও ঐতিহাসিক বলে বিবেচিত হয়, যেখানে ৯৩,০০০-এরও বেশি মানুষ সরাসরি দেখেছেন।

হাল্ক হোগান একাধিকবার ডব্লিউ ডব্লিউ এফ’র চ্যাম্পিয়ন ছিলেন। প্রথম আটটি রেসলম্যানিয়াসের মধ্যে সাতটিতে তিনিই ছিলেন প্রধান, এবং অনেক ভক্ত-প্রিয় ইভেন্টের কেন্দ্রবিন্দুতে ছিলেন। তার অসাধারণ জনপ্রিয়তা পেশাদার কুস্তিকে কার্নিভাল সার্কিট থেকে আমেরিকান বিনোদনের মূলধারায় নিয়ে আসে।

১৯৯৬ সালে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ রেসলিং (ডব্লিওসিডব্লিও) তে ফিরে এসে হাল্ক হোগান বিশ্বকে চমকে দিয়েছিলেন। এবার হাল্ক হোগান তার পুরনো লাল এবং হলুদ পোশাক ছেড়ে ‘হলিউড হোগান’ রূপে কালো এবং সাদা পোশাকে হাজির হন। তিনি এনডব্লিও (নিউ ওয়ার্ল্ড অর্ডার)-এর তৃতীয় সদস্য হন এবং কুস্তির ইতিহাসে সবচেয়ে বড় ‘হিল টার্ন’ করেন। পেশাদার কুস্তিতে হাল্ক হোগানের প্রভাব ব্যাপক। তিনি দুবার WWE হল অফ ফেমে অন্তর্ভুক্ত হয়েছেন, একবার ২০০৫ সালে একক অংশগ্রহণকারী হিসেবে এবং আবার ২০২০ সালে nWo-এর সদস্য হিসেবে।

এফ-১৬ যুদ্ধবিমান দিয়ে কম্বোডিয়ায় হামলা চালাল থাইল্যান্ড

0

আধুনিক ডেস্ক ::

সীমান্ত নিয়ে দ্বন্দ্বের জেরে সংঘাতে জড়িয়েছে থাইল্যান্ড ও কম্বোডিয়ার সামরিক বাহিনী। সংঘাতে থাইল্যান্ডে অন্তত ১২ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে ব্যাংকক সরকার। বৃহস্পতিবার (২৪ জুলাই) প্রতিবেশী দুই দেশের মধ্যে পাল্টাপাল্টি হামলা শুরু হয়। এই সংঘাতের মধ্যে কম্বোডিয়ায় এফ–১৬ যুদ্ধবিমান দিয়ে বোমাবর্ষণ করেছে থাইল্যান্ড।

কম্বোডিয়া ও থাইল্যান্ডের মধ্যে সীমান্ত দ্বন্দ্ব শত বছরের বেশি পুরোনো। সীমান্তে বিরোধপূর্ণ অঞ্চলটি ‘এমারেল্ড ট্রায়াঙ্গল’ নামে পরিচিত। এই অঞ্চলে ১১ শতকের একটি মন্দির নিয়ে ২০০৮ সালে আনুষ্ঠানিকভাবে কম্বোডিয়া-থাইল্যান্ড শত্রুতা বাড়ে। এরপর বছরের পর বছর ধরে সীমান্ত সংঘাতে দুই দেশে হতাহতের ঘটনা ঘটেছে।

সীমান্তে তা মোয়ান থম নামের একটি মন্দিরের কাছে আজ প্রথম দুই দেশের বাহিনীর মধ্যে গোলাগুলি হয়। সংঘাত শুরুর জন্য একে অপরের ওপর দোষারোপ করছে তারা। থাইল্যান্ডের দাবি, সীমান্তের কাছে তাদের বাহিনীর ওপর কম্বোডিয়া নজরদারি করতে ড্রোন মোতায়েনের জেরে সংঘাত শুরু হয়েছে। আর কম্বোডিয়ার দাবি, চুক্তি লঙ্ঘন করে ওই মন্দিরের দিকে অগ্রসর হয়েছিল থাই বাহিনী।

থাইল্যান্ডের কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, কম্বোডিয়ার হামলায় দেশটির সুরিন, উবন রাতচাথানি ও শ্রিসাকেত প্রদেশে হতাহতের ঘটনা ঘটেছে। থাইল্যান্ডের স্বাস্থ্যমন্ত্রী সমসাক থেপসুথিন বলেছেন, হামলায় নিহত ১২ জনের মধ্যে এক শিশুসহ ১১ জনই বেসামরিক লোকজন। আর একজন সেনাসদস্য রয়েছেন। কম্বোডিয়ার গোলাবর্ষণে ২৪ জন বেসামরিক নাগরিক ও ৭ সেনাসদস্য আহত হয়েছেন।

তবে তাৎক্ষণিকভাবে নিজেদের কোনো হতাহতের তথ্য জানায়নি কম্বোডিয়া সরকার। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, থাইল্যান্ডের যুদ্ধবিমান কম্বোডিয়ার একটি সড়কে দুটি বোমা বর্ষণ করেছে। বোমা হামলার কথা স্বীকার করে থাইল্যান্ডের সেনা কর্মকর্তা রিচা সুকসুওয়ানন রয়টার্সকে বলেছেন, তাঁদের একটি এফ-১৬ যুদ্ধবিমান কম্বোডিয়ার সামরিক লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে।

সংঘাত শুরুর পর সীমান্ত এলাকা থেকে নিজ নিজ দেশের বাসিন্দাদের সরে যেতে বলেছে কম্বোডিয়া ও থাইল্যান্ড। নিরাপদ স্থানে ৪০ হাজার জনকে সরিয়ে নিচ্ছে ব্যাংকক সরকার। এ ছাড়া কম্বোডিয়ার সঙ্গে নিজেদের সীমান্ত বন্ধ করেছে থাইল্যান্ড। আর প্রতিবেশী দেশটির সঙ্গে সম্পর্ক অবনমন করেছে কম্বোডিয়া। কম্বোডিয়ার অভিযোগ, থাইল্যান্ডের সামরিক বাহিনী ‘অত্যধিক শক্তি’ প্রয়োগ করেছে।

দুই দেশের মধ্যে সাম্প্রতিক উত্তেজনার শুরু মে মাসে। সে সময় সংঘাতে কম্বোডিয়ার এক সেনা নিহত হন। বিগত কয়েক সপ্তাহে সীমান্তে সেনা উপস্থিতিও বাড়িয়েছে দুই দেশ। এরই মধ্যে সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে থাইল্যান্ডের এক সেনা আহত হন। এরপর গত বুধবার কম্বোডিয়া থেকে নিজেদের রাষ্ট্রদূতকে ডেকে নেয় থাইল্যান্ড। কম্বোডিয়ার রাষ্ট্রদূতকে বহিষ্কারের হুমকিও দেওয়া হয়। এতে উত্তেজনা বাড়ে।

সংঘাত শুরুর পর থাইল্যান্ডের ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী ফুমথাম ওয়েচায়াচাই বলেছেন, দুই দেশের মধ্যে দ্বন্দ্ব আন্তর্জাতিক আইন মেনে সমাধান করতে হবে। অপরদিকে কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন মানেত বলেছেন, তাঁর দেশও শান্তিপূর্ণ সমাধান চায়। তবে সামরিক ‘আগ্রাসনের’ জবাব সামরিকভাবে দেওয়া ছাড়া কোনো উপায় নেই। এমন পরিস্থিতিতে দুই পক্ষকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। তিনি দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর জোট আসিয়ানের বর্তমান সভাপতি। এই জোটের সদস্য থাইল্যান্ড ও কম্বোডিয়া।

কীর্তির লক্ষ্যে নেমে ধসের লজ্জা টাইগারদের

0

স্পোর্টস ডেস্ক ::

আগেই সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশ। লিটন দাসদের সামনে সুযোগ ছিল পাকিস্তানকে হোয়াইটওয়াশ করার। পাকিস্তান থেকে সঙ্গী করে ফেরা লজ্জা ফিরিয়ে দিয়ে প্রতিশোধের লক্ষ্যে একাদশে পাঁচ পরিবর্তন আনে বাংলাদেশ। টি-২০’র ‘মৌলিক সমন্বয় ভেঙে’ হিতে বিপরীত হয়েছে। টপের পর ভঙ্গুর মিডল অর্ডারের ধসে টি-২০তে নিজেদের সর্বনিম্ন রানে অলআউটের শঙ্কায় পড়ে বাংলাদেশ। সাইফউদ্দিন সেই রাঙানিতে থামালেও ১৬.৪ ওভারে ১০৪ রানে ধসে গেছে স্বাগতিকরা। ৭৪ রানের বড় হারে সিরিজ শেষ করেছে ২-১ ব্যবধানে।

বৃহস্পতিবার (২২ জুলাই) মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে টস জিতে বোলিং নেন অধিনায়ক লিটন দাস। কিন্তু নতুন বলের সুবিধা নিতে পারেনি তার বোলিং লাইন আপ। পাকিস্তানি ওপেনার সাঈম আইয়ূব ও ফখর জামানের জায়গায় একাদশে ঢোকা শাহিবজাদা ফারহান ওপেনিংয়ে ৮২ রান যোগ করেন। সাঈম ১৫ বলে ২১ রান করেন। শাহিবজাদা ৪১ বলে দলের পক্ষে সর্বাধিক ৬৩ রানের ইনিংস খেলেন। তার ব্যাট থেকে ছয়টি চার ও পাঁচটি ছক্কার শট আসে। তিনি ১১.১ ওভারে দলের ৯৩ রানে আউট হন।

ওই ভিত্তির ওপর দাঁড়িয়ে ৭ উইকেট হারিয়ে ১৭৮ রানের পুঁজি পায় পাকিস্তান। দলটির হয়ে চারে ব্যাট করা হাসান নওয়াজ ১৭ বলে ৩৩ রানের ঝকঝকে ইনিংস খেলেন। তার ব্যাট থেকে এক চার ও তিনটি ছক্কা আসে। প্রথম দুই ম্যাচে ব্যর্থ মোহাম্মদ নওয়াজও ব্যাট হাতে রান পেয়েছেন। স্লগে রান বাড়িয়ে নেওয়া এই ব্যাটার ১৬ বলে দুটি করে চার ও ছক্কায় ২৭ রান করেন।

জবাব দিতে নেমে ইনিংসের প্রথম বলেই উইকেট হারায় বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে বিশ্রামে থাকা ওপেনার তানজিদ তামিম উইকেটের পেছনে ক্যাচ দেন। পরের ওভারে সাজঘরে হাঁটা দেন অধিনায়ক লিটন দাস। তিনি ৮ বলে খেলেন ৮ রান। তাওহীদ হৃদয়ের জায়গায় একাদশে ঢুকে চারে ব্যাটিংয়ে নেমে মেহেদী মিরাজ ৮ বলে ১০ রান করে ক্যাচ দেন। ২২ রানে ৩ থেকে ২৫ রানে ৫ উইকেট হয়ে যায় বাংলাদেশ। আগের ম্যাচে ভালো খেলা জাকের আলী ১ ও শেখ মেহেদি শূন্য করেন।

তখনো উইকেটে টিকে ছিলেন ওপেনার নাঈম শেখ। কিন্তু তিনি নিজের বা দলের রান বাড়িয়ে নিতে পারেননি। ধুঁকে ধুঁকে মৃত্যুর অপেক্ষা করার মতো ১৭ বলে ১০ রান করে আউট হন। বাংলাদেশকে সর্বনিম্ন রানে অলআউটের লজ্জা থেকে মুক্তি দেওয়ার লড়াইয়ে নামা নাসুম আহমেদ দলের ৬৫ রানে ফিরে যান ৯ রান করে। শেষ মেষ সর্বনিম্ন টি-২০ রান ৭০ কিংবা একশ’র আগে অলআউটের লজ্জা থেকে মুক্তি দেওয়া সাইফউদ্দিন ৩৪ বলে ৩৫ রানের হার না মানা ইনিংস খেলেন। দুটি করে চার ও ছক্কা মারেন তিনি।

বল হাতে নাসুম আহমেদ ছাড়া বাংলাদেশ দলের কেউ ভালো বোলিং করতে পারেননি। বাঁ-হাতি স্পিনার ৪ ওভারে ২২ রান দিয়ে ২ উইকেট নিয়েছেন। নতুন বলে রান আটকাতে ও উইকেট নিতে ব্যর্থ হওয়া পেসার তাসকিন আহমেদ স্লগে ৩ উইকেট পেলেও ৪ ওভারে দিয়েছেন ৩৮ রান। দ্বিতীয় ম্যাচে দারুণ বোলিং করা শরিফুল এদিন ৪ ওভারে ৩৯ রান দিয়ে নেন ১ উইকেট। স্পিনার শেখ মেহেদি সুবিধা করতে পারেননি। তিনি ৩ ওভারে ৩৬ রান খেয়েছেন। মিরাজ এক ওভারে দিয়েছেন ১৪ রান। সাইফউদ্দিন ৪ ওভারে ২৮ রান দিয়ে ১ উইকেন নেন।

অন্য দিকে পাকিস্তানের পেসার সালমান মির্জা ও ফাহিম আশরাফকে খেলতেই পারেনি বাংলাদেশ। বাঁ-হাতি সালমান ৪ ওভারে ২০ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন। পেস অলরাউন্ডার ফাহিম ২ ওভারে ১৩ রান দিয়ে নেন ২ উইকেট। স্পিনার মোহাম্মদ নওয়াজ ১.৪ ওভারে ৪ রান দিয়ে দুই ব্যাটরকে তুলে নেন। এক উইকেট নিলেও আহমেদ দানিয়াল ৩ ওভারে ১৬ রান দেন।

মুজিববাদের সঙ্গে আবার লড়াই শুরু হয়েছে : নাহিদ ইসলাম

0

আধুনিক ডেস্ক ::

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, আমরা যে নতুন বাংলাদেশ গড়ার লড়াই শুরু করেছিলাম, সেই লড়াই এখনো শেষ হয়নি। যে কাঙ্ক্ষিত বাংলাদেশ চেয়েছিলাম, তা পাইনি। মুজিববাদ ও ফ্যাসিবাদের সঙ্গে আবারও শুরু হয়েছে আমাদের লড়াই। এ লড়াইয়ে সবাইকে আবারও শরিক হতে হবে। বৃহস্পতিবার (২৪ জুলাই) বিকেলে হবিগঞ্জ শহরের এম সাইফুর রহমান পৌর মিলনায়ন প্রাঙ্গণে এনসিপির পথসভায় নাহিদ ইসলাম এ কথাগুলো বলেন। তিনি আরও বলেন, ‘ফ্যাসিবাদের বিরুদ্ধে দেশে যে সংহতি তৈরি হয়েছে রাজনৈতিক দল ও মানুষের মধ্যে, এটি একটি শক্তি। দেশে এখন চাঁদাবাজি, দখলদারত্ব ও দুর্বৃত্তায়নের যে রাজনীতি শুরু হয়েছে, তা আমরা মেনে নেব না। এ রাজনীতি আমাদের ভেঙে দিতে হবে।’

এনসিপির আহ্বায়ক বলেন, ‘আমরা বলেছিলাম বাংলাদেশের প্রত্যেক মানুষের মানবাধিকার থাকবে। কোনো সন্ত্রাসীকেও বিচারবহির্ভূত হত্যা করা হবে না। আমরা মানবাধিকারের পক্ষে থাকব। আমরা কয় দিন আগে দেখেছি বিএনপির কর্মী, যুবদলের এক কর্মীকে কীভাবে হত্যা করেছে। আমরা সেই ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানাই।’

এর আগে বৃহস্পতিবার বিকেল চারটায় এনসিপির কেন্দ্রীয় নেতারা হবিগঞ্জে এসে সার্কিট হাউসে ওঠেন। বিকেল পাঁচটায় তাঁরা পদযাত্রা শুরু করেন। সার্কিট হাউস থেকে পদযাত্রা শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। বিকেল সাড়ে পাঁচটার দিকে হবিগঞ্জের এম সাইফুর রহমান পৌর মিলনায়তন প্রাঙ্গণে পথসভা শুরু হয়।

নাহিদ ইসলাম বলেন, গত বছর ১৪ জুলাই রাত থেকে কোটা সংস্কার আন্দোলন রাজনৈতিক দিকে রূপলাভ করে। শেখ হাসিনার বক্তব্যের প্রতিবাদে বাংলাদেশের ছাত্রসমাজ রাজপথে নেমে এসেছিল। আজকে তাদের সম্মান জানাই। জুলাইয়ের নারীদের সম্মান জানাই।

এনসিপির আহ্বায়ক আরও বলেন, হবিগঞ্জবাসী দীর্ঘদিন নানা অনিয়মের বিরুদ্ধে লড়াই করছে। হবিগঞ্জের মানুষ স্বাস্থ্য ও শিক্ষা থেকে বঞ্চিত। মানুষ এখনো বিনা চিকিৎসায় মারা যাচ্ছে। হবিগঞ্জে একটি ভালো হাসপাতাল নেই। জেলার মানুষের উন্নত স্বাস্থ্যসেবার জন্য এখনো যেতে হয় সিলেট ও ঢাকায়। শিক্ষার জন্য একটা বিশ্ববিদ্যালয় নেই। এ সমস্যাগুলোকে কোনো রাজনৈতিক দল বা নেতা সমস্যা হিসেবে দেখেননি।

পথসভায় এনসিপির সদস্যসচিব আখতার হোসেন বলেন, দেশের নানা স্থানে তাঁদের সমাবেশে হাজার হাজার মানুষ অংশ নিচ্ছেন। দেশের মানুষ তাঁদের প্রতি সংহতি প্রকাশ করছেন, যা তাঁদের নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখাচ্ছে।

এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম পথসভা সঞ্চালনা করেন। সমাবেশে আরও উপস্থিত ছিলেন দলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম, জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা ও নাহিদা সারোয়ার, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী, জ্যেষ্ঠ মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসুদ, হবিগঞ্জ জেলার প্রধান সমন্বয়ক নাহিদ উদ্দিন প্রমুখ। পথসভায় স্বাগত বক্তব্য দেন জেলা এন‌সি‌পির যুগ্ম সমন্বয়ক পলাশ মাহমুদ।