Home Blog Page 168

খাজাঞ্চিবাড়ি স্কুলের সভা-দায়িত্বে অংশ না নিতে প্রশাসনের পাঁচ কর্মকর্তাকে নিষেধাজ্ঞা

0

আধুনিক রিপোর্ট ::

সিলেটের প্রশাসনের পাঁচ কর্মকর্তাকে সিলেট খাজাঞ্চিবাড়ি ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের কোনো সভায় অংশগ্রহণে ও দায়িত্ব পালনে অন্তবর্তীকালীন নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। রোববার (২৭ জুলাই) সিলেটের সিনিয়র সহকারী জজ সদর আদালতের বিচারক এ অস্থায়ী নিষেধাজ্ঞা দেন। এরা হলেন- সিলেটের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব), সিলেট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা, সিলেট মহানগর সার্কেল সহকারী কমিশনার (ভূমি), সহকারী কমিশনার (শিক্ষা শাখা)।

বাদিপক্ষের আইনজীবী সাবেক জিপি অ্যাডভোকেট এএইচ ইরশাদুল হক জানান, আদালতের কারণ দর্শানো নোটিশের বিপরীতে যথাযথ পদক্ষেপ না নেওয়ায় পূর্ণাঙ্গ শুনানি না হওয়া পর্যন্ত তাদের প্রতি আদালত এ নিষেধাজ্ঞা দিয়েছেন।

বাদিপক্ষের আইনজীবী আরও জানান, সিলেট খাজাঞ্চিবাড়ি ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের ট্রাস্টি বোর্ডে প্রশাসনের পাঁচ কর্মকর্তাকে অন্তর্ভুক্ত করায় দায়ের হওয়া মামলার প্রেক্ষিতে গত সিলেটের জেলা প্রশাসক ও খাজাঞ্চিবাড়ি ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের সভাপতি মোহাম্মদ শের মাহবুব মুরাদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব), সিলেট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা, সিলেট মহানগর সার্কেল সহকারী কমিশনার (ভূমি), সহকারী কমিশনারকে (শিক্ষা শাখা) পাঁচ কার্যদিবসের মধ্যে কারণ দর্শানোর নোটিশ জারি করেন সিনিয়র সহকারী জজ সদর আদালতের বিচারক। গত ১৬ জুলাই সিলেট খাজাঞ্চিবাড়ি ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের ট্রাস্টি বোর্ডে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব), সিলেট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা, সিলেট মহানগর সার্কেল সহকারী কমিশনার (ভূমি), সহকারী কমিশনারকে (শিক্ষা শাখা)  অন্তর্ভুক্ত করায়  মামলা দায়ের করেন প্রফেসর আবদুল বাকী চৌধুরীসহ বোর্ডের ৫ সদস্য। মামলার বাদীদের ভাষ্য, লিখিতভাবে আপত্তি জানানোর পরও জেলা প্রশাসক স্কুলের ট্রাস্টি বোর্ডের সদস্য হিসাবে তার দপ্তরের পাঁচ কর্মকর্তাকে নিয়োগ দেন। এ নিয়ে আইনি জটিলতার কারণে তারা আদালতের দ্বারস্থ হন।

শাবিপ্রবিতে ভোক্তা অধিদপ্তরের সেমিনার আগামীকাল

0

শাবিপ্রবি প্রতিনিধি:

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভোক্তা-অধিকার সংরক্ষণের উদ্যোগে শিক্ষার্থীদের সচেতন করতে “ভোক্তা অধিকার: বাস্তবতা, চ্যালেঞ্জসমূহ ও করণীয়” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হবে। এতে সহযোগিতা করবে বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগ।

সোমবার (২৮ জুলাই) বিকেল ৪টায় সামাজিক বিজ্ঞান অনুষদের চতুর্থ তলার কনফারেন্স রুমে এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক।

সংবাদ সম্মেলনে সহকারী পরিচালক বলেন, “বর্তমানে আমাদের দেশে প্রায় সবক্ষেত্রেই দুর্নীতি হচ্ছে। এর সবচেয়ে বড় শিকার হচ্ছেন প্রান্তিক পর্যায়ের ভোক্তারা। ভোক্তারা যদি সচেতন হয়ে ওঠেন, তাহলে ব্যবসায়ীরা চাইলেও দুর্নীতির সাথে তাদের জড়াতে পারবে না। এজন্যই আমরা প্রতিবছর উপজেলা পর্যায়ের বিভিন্ন স্কুল-কলেজে সচেতনতামূলক সেমিনার করে থাকি।”

এরই ধারাবাহিকতায় আগামীকাল মঙ্গলবার (২৯ জুলাই) বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটোরিয়ামে বিকেল ২টায় এই সেমিনার অনুষ্ঠিত হবে।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. এ এম সরওয়ার উদ্দিন চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সাজেদুল করিম এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইসমাইল হোসেন।

সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করবেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক আলীম আখতার খান।
মূল আলোচক হিসেবে উপস্থিত থাকবেন অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. রফিকুল ইসলাম।
আলোচক হিসেবে আরও উপস্থিত থাকবেন অধ্যাপক ড. তাহমিনা ইসলাম।

সেমিনারে সভাপতিত্ব করবেন সমাজকর্ম বিভাগের অধ্যাপক মুহাম্মদ মিজানুর রহমান।

বাংলাদেশে সন্ত্রাসবাদের কোনো স্থান নেই: প্রধান উপদেষ্টা

0

আধুনিক ডেস্ক ::

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস সরকারের সন্ত্রাসবিরোধী দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন এবং ঘোষণা দিয়েছেন বাংলাদেশে কোনো সন্ত্রাসী গোষ্ঠীকে কার্যক্রম চালাতে দেওয়া হবে না। প্রধান উপদেষ্টা বলেন, ‘সন্ত্রাসবিরোধী লড়াই আমাদের শীর্ষ অগ্রাধিকার। সন্ত্রাসবাদের ব্যাপারে আমাদের অবস্থান জিরো টলারেন্স। সর্বশক্তি দিয়ে আমাদের মাটি থেকে সন্ত্রাসীদের উচ্ছেদ করব।’

সোমবার (২৮ জুলাই) বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান জ্যাকবসন প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি এ কথাগুলো বলেন। ৪০ মিনিটব্যাপী ওই বৈঠকে তাঁরা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়াদি নিয়ে আলোচনা করেন, যার মধ্যে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের চলমান শুল্ক আলোচনা অন্তর্ভুক্ত ছিল।

চার্জ দ্য অ্যাফেয়ার্স জ্যাকবসন বাংলাদেশের সংস্কারপ্রচেষ্টা ও গণতান্ত্রিক রূপান্তরের প্রতি তাঁর সরকারের সমর্থন পুনর্ব্যক্ত করেন, যা আগামী বছরের শুরুতে জাতীয় নির্বাচনের মাধ্যমে চূড়ান্ত রূপ পাবে বলে আশা করা হচ্ছে।

প্রধান উপদেষ্টা জাতীয় ঐকমত্য গঠনের লক্ষ্যে কাজ করে যাওয়া কমিশনের অগ্রগতির কথাও তুলে ধরেন, যা রাজনৈতিক দলগুলোর মধ্যে মূল সংস্কারগুলোর বিষয়ে ঐক্য গঠনে সচেষ্ট।

প্রধান উপদেষ্টা আরও বলেন, ‘আমি বিশ্বাস করি, কমিশন খুবই ভালো কাজ করছে। অধ্যাপক আলী রীয়াজের নেতৃত্বে সদস্যরা কঠোর পরিশ্রম করছেন।’

জুলাইযোদ্ধার তালিকায় যুক্ত হলো আর ১৭৬৭ নাম, গেজেট প্রকাশ

0

আধুনিক ডেস্ক ::

জুলাই শহীদ হিসেবে আরও ১০ জন এবং আহত জুলাই যোদ্ধা হিসেবে আরও ১ হাজার ৭৫৭ জনের নামের তালিকা প্রস্তুত করে গেজেট প্রকাশ করেছে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়। সোমবার (২৮ জুলাই) মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের উপসচিব হরিদাস ঠাকুর স্বাক্ষরিত এই গেজেট প্রকাশ হয়।

গণমাধ্যমকে তিনি বলেন, মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী যাচাই-বাছাই করে দ্বিতীয় ধাপে ১০ জন শহীদসহ ১৭৫৭ জন জুলাই যোদ্ধার নামে গেজেট প্রকাশ করা হয়েছে। প্রকাশিত গেজেটে ১০ জন শহীদ ছাড়াও ক—ক্যাটাগরির আহত (অতি গুরুতর) হিসেবে আছেন ১০৯ জন। গুরুতর খ—ক্যাটাগরিতে আহত হিসেবে অন্তর্ভুক্ত হয়েছে ২১০ জনের নাম।

এছাড়া গুরুতর থেকে একটু কম আহত হয়েছেন এমন ১৪৩৮ জনকে গ—ক্যাটাগরিতে অন্তর্ভুক্ত করে গেজেট প্রকাশ করা হয়েছে। এদের মধ্যে ঢাকা বিভাগের ৪০৫ জন, খুলনা বিভাগের ১৬৬ জন, চট্টগ্রাম বিভাগের ২২৬ জন, বরিশাল বিভাগের ১১৬ জন, ময়মনসিংহ বিভাগের ১১১ জন, রংপুর বিভাগের ৯০ জন, রাজশাহী বিভাগের ২৩৬ জন এবং সিলেট বিভাগের ৮৮ জন।

এর আগে, প্রথম ধাপে ১২ হাজার ৮৭৭ জন জুলাই শহীদ ও জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ করে মন্ত্রণালয়। বিধিমালা অনুযায়ী, সরকার প্রত্যেক শহীদ পরিবারকে সঞ্চয়পত্রের আকারে এককালীন ৩০ লাখ টাকা অনুদান দেবে। ২০২৪-২০২৫ অর্থবছরে ৭৭২টি শহীদ পরিবারের প্রত্যেক পরিবারকে (স্বামী বা স্ত্রী, ঔরসজাত বা গর্ভজাত সন্তান/মাতা ও পিতা) উত্তরাধিকার আইন অনুসারে প্রত্যেক পরিবারকে ১০ লাখ টাকার সঞ্চয়পত্র দেওয়া হয়েছে। মোট ৭৭ কোটি ২০ লাখ টাকার সঞ্চয়পত্র হয়েছে। অবশিষ্ট ৭২টি শহীদ পরিবারের মধ্যে পারিবারিক ও ওয়ারিশগত জটিলতা নিরসন করে সঞ্চয়পত্র প্রদানের প্রক্রিয়া চলমান। শহীদ পরিবারের এককালীন অনুদানের অবশিষ্ট ২০ লাখ টাকার সঞ্চয়পত্র ২০২৫-২০২৬ অর্থবছরের জুলাই মাস থেকে দেওয়া হবে। এ ছাড়া বিধিমালা অনুযায়ী প্রত্যেক শহীদ পরিবার মাসিক ২০ হাজার টাকা ভাতা পাবেন।

বিধিমালা অনুযায়ী, শহীদ পরিবারের সদস্য, আহত ব্যক্তির কর্মসংস্থানের জন্য সুযোগ-সুবিধা সৃষ্টি এবং তাদের দক্ষতা ও অভিজ্ঞতা ভিত্তিক উপার্জনমুখী কাজের জন্য প্রশিক্ষণ দিয়ে কর্মসংস্থানের মাধ্যমে পুনর্বাসনের ব্যবস্থা গ্রহণ করা হবে। শহীদ পরিবার এবং আহত জুলাই যোদ্ধাদের ভাতা কার্যক্রম অনলাইনে দেওয়া এবং সমৃদ্ধ তথ্যভান্ডারের জন্য ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (এমআইএস) তৈরির কার্যক্রম চলমান আছে বলে জানা গেছে।

ঐকমত্য কমিশনের বৈঠক থেকে বিএনপির ওয়াক আউট, পরে যোগদান

0

আধুনিক ডেস্ক ::

জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে চার সাংবিধানিক প্রতিষ্ঠানে নিয়োগ পদ্ধতি সংবিধানের অন্তর্ভুক্ত করার আলোচনা থেকে কিছু সময়ের জন্য ওয়াক আউট করে বিএনপি। সোমবার (২৮ জুলাই) দলগুলোর সঙ্গে জাতীয় ঐক্যমত কমিশনের বৈঠকে এ বিষয়ে আলোচনার শুরুতেই বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বৈঠক থেকে বের হয়ে যান। দলটি আগেই বলেছিল এ বিষয়ে আলোচনায় তারা অংশ নেবে না। তবে কিছু সময় পর বিএনপির প্রতিনিধি দল আবার আলোচনায় যোগ দেয়।

প্রস্তাবিত সরকারি কর্মকমিশন (পিএসসি), দুর্নীতি দমন কমিশন (দুদক), মহাহিসাব নিরীক্ষক ও নিরীক্ষক এবং ন্যায়পাল নিয়োগের বিধান সংক্রান্ত জাতীয় ঐকমত্য কমিশনের আলোচনায় বিএনপি অংশ নেবে না বলে আগেই জানিয়েছিল।

সোমবার ফরেন সার্ভিস একাডেমিতে দ্বিতীয় ধাপের সংলাপের ২০ তম দিনের শুরুতে আলোচনার জন্য শুরু হয়। সকাল সাড়ে ১১ টার পরে বিষয়টি আলোচনার জন্য উপস্থাপন করেন কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দীন আহমেদ জানান, তারা আলোচনায় অংশ নেবে না। এ সময় বিএনপির প্রতিনিধি দল ওয়াক আউট করে।

বিএনপি আলোচনা থেকে বের হয়ে যাওয়ার পর সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স বলেন, একটি দল আলোচনা করছে না তাহলে এই বিষয়ে ঐক্যমত্ত কিভাবে হবে, আলোচনা চালানো হবে কিনা তিনি সেই প্রশ্ন রাখেন। জবাবে ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রীয়াজ বলেন, বিএনপি আগেই বলেছিল এই চারটি প্রতিষ্ঠানে নিয়োগের বিষয়ে আলোচনায় বিএনপি থাকবে না। তারা এই প্রতিষ্ঠানগুলো নিয়োগ পদ্ধতি সংবিধানে যুক্ত করার বিরুদ্ধে।

আলী রীয়াজ বলেন, একটা দলের কারণে আলোচ্য সূচি বাদ দিতে পারে না কমিশন। তবে একটা বড় দল না থাকলে আলোচনা কার্যকর হবে না সবাই এটি মনে করলে কমিশন বিষয়টি বিবেচনা করবে। অবশ্য কিছু সময় পর বিএনপি আবার আলোচনায় যোগ দেয়।

এক ব্যক্তি ১০ বছরের বেশি প্রধানমন্ত্রী নয়, একমত সব দল

0

এক ব্যক্তি জীবনে ১০ বছরের বেশি প্রধানমন্ত্রীর পদে থাকতে পারবেন না—এতে একমত হয়েছে রাজনৈতিক দলগুলো। এছাড়া তারা স্বাধীন পুলিশ কমিশন গঠনেও একমত হয়েছে। রোববার (১১ জুলাই) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে চলমান দ্বিতীয় ধাপের সংলাপের ১৯তম দিনে কমিশনের সহ-সভাপতি আলী রীয়াজ এমন তথ্য জানান। তিনি বলেন, জুলাই সনদে প্রধানমন্ত্রীর মেয়াদ ১০ বছর উল্লেখ করব।

পরে কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দীন আহমেদ। তিনি বলেন, আমরা একবার বলেছি, ১০ বছরের বেশি কোনো ব্যক্তি প্রধানমন্ত্রী পদে বহাল থাকবেন না। আমি বলেছিলাম, সংবিধান ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানে নিয়োগের কমিটি থাকলে বিষয়টি মানব না। আমরা এ হাউজের মতামতের ভিত্তিতে নির্বাচন কমিশন নিয়োগ-সংক্রান্ত বিধান সংবিধানে যুক্ত করব। এর বাইরে বিষয়ে আলোচনা হলে আমাদের শর্ত বহাল থাকবে। আশা করি, সেটা বিবেচনা করবেন। এখন ১০ বছরের বিষয়ে আপনারা ঘোষণা দিতে পারেন। বরং এটা আমাদের প্রস্তাব।

এর আগে আলোচনার শুরুতে বাংলাদেশ পুলিশের পেশাদারিত্ব ও জবাবদিহিতা নিশ্চিত করতে ‘স্বাধীন পুলিশ কমিশন’ গঠনের প্রস্তাব রাজনৈতিক দলগুলোর সামনে উপস্থাপন করেছে জাতীয় ঐকমত্য কমিশন।

পরে দলগুলো আলোচনা করে ‘স্বাধীন পুলিশ কমিশন’ গঠনে একমত হয়। তবে আইনি কাঠামো নিয়ে আলোচনা করবে। এ বিষয়ে আলী রীয়াজ বলেন, পুলিশ কমিশনের বিষয়ে আমরা একমত। গঠন প্রক্রিয়া নিয়ে আমরা আলোচনা করব। বাংলাদেশের রাজনৈতিক দলগুলো আলাপ-আলোচনায় একটি স্বাধীন পুলিশ কমিশন গঠনে একমত হয়েছে, যা পুলিশের জবাবদিহিতা, দায়বদ্ধতা ও জনবান্ধবতা নিশ্চিত করবে।

হবিগঞ্জের সাবেক ডিসি-এডিসিসহ ৪ কর্মকর্তাকে কারাদণ্ড, গ্রেপ্তারি পরোয়ানা

0

হবিগঞ্জ প্রতিনিধি ::

১৭ বছর আগে করা আদালত অবমাননার মামলায় হবিগঞ্জের সাবেক জেলা প্রশাসক (ডিসি), অতিরিক্ত জেলা প্রশাসকসহ (এডিসি) চার সরকারি কর্মকর্তাকে এক মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি তাঁদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। রোববার (২৭ জুলাই) বিকেলে হবিগঞ্জের জ্যেষ্ঠ সহকারী জজ তারেক আজিজ এ রায় ঘোষণা করেন।

দণ্ড পাওয়া ব্যক্তিরা হলেন হবিগঞ্জের তৎকালীন ডিসি মো. আতাউর রহমান, এডিসি (রাজস্ব) এ কে এম আমিনুল ইসলাম, বানিয়াচং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুরে আলম সিদ্দিকী এবং হবিগঞ্জ সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সফিউল আলম। তাঁদের মধ্যে আতাউর রহমান ও আমিনুল ইসলাম অবসরে গেছেন। অন্যরা এখনো কর্মরত আছেন।

মামলা সূত্রে জানা গেছে, ২০০৭ সালের ২৫ ফেব্রুয়ারি হবিগঞ্জ শহরের চৌধুরী বাজার এলাকায় একটি জমিতে উচ্ছেদ অভিযান চালায় জেলা প্রশাসন। তখন জমির দখলকার আবদুল হামিদ জমির ওপর আদালতের স্থায়ী নিষেধাজ্ঞা ডিক্রি আছে বলে দাবি করেন। কিন্তু প্রশাসন সেটি না মেনে উচ্ছেদ অভিযান চালায়। এতে সংক্ষুব্ধ হয়ে আবদুল হামিদ অভিযানের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে ২০০৮ সালের ১০ আগস্ট হবিগঞ্জের তৎকালীন ডিসি আতাউর রহমান, এডিসি এ কে এম আমিনুল ইসলাম, বানিয়াচংয়ের ইউএনও নুরে আলম সিদ্দিকী, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সফিউল আলমসহ ১৪ জনের বিরুদ্ধে জ্যেষ্ঠ সহকারী জজ আদালতে একটি মামলা করেন।

ওই মামলায় রোববার বিকেলে রায় হয়। জ্যেষ্ঠ সহকারী জজ তারেক আজিজ অভিযুক্ত ৪ সরকারি কর্মকর্তাকে এক মাসের কারাদণ্ড দেন। তাঁরা অনুপস্থিত থাকায় তাঁদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। আদালতের পেশকার সাইফুল ইসলাম রায়ের বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেন।

বাদীপক্ষের আইনজীবী সুদীপ কান্তি বিশ্বাস বলেন, ১৭ বছর আগে করা মামলার রায়ে আজ আদালত চারজনকে এক মাস করে কারাদণ্ড দিয়েছেন। বাদীকে তাঁর জমি বুঝিয়ে দিতে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি আগামী ২১ দিনের মধ্যে প্রতিবেদন দাখিলের আদেশ দিয়েছেন আদালত।

পাল্টা শুল্ক কমাতে যুক্তরাষ্ট্র থেকে ২৫টি বোয়িং বিমান কিনবে বাংলাদেশ

0

আধুনিক ডেস্ক ::

পাল্টা শুল্ক নিয়ে দর-কষাকষির অংশ হিসেবে যুক্তরাষ্ট্রের উড়োজাহাজ কোম্পানি বোয়িংয়ের কাছ থেকে ২৫টি বিমান কেনার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। এর মধ্যে কিছু বিমান আগামী এক-দুই বছরের মধ্যে পাওয়া যাবে। রোববার সচিবালয়ে সাংবাদিকদের এসব তথ্য জানিয়েছেন বাণিজ্যসচিব মাহবুবুর রহমান।

মাহবুবুর রহমান আরও জানান, পাল্টা শুল্ক নিয়ে নতুন করে আলোচনার জন্য বাংলাদেশের একটি প্রতিনিধিদল আগামীকাল যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা দেবে। যুক্তরাষ্ট্রের সঙ্গে পরশু বৈঠক হবে। তিনি জানান, বিমান কেনা ছাড়াও যুক্তরাষ্ট্র থেকে গম আমদানির একটি চুক্তি সম্পন্ন হয়েছে।

সাংবাদিকদের বাণিজ্যসচিব বলেন, ‘শুল্ক চুক্তির খসড়া পাওয়ার পর কয়েক দফায় আমরা কাজ করেছি। ওয়াশিংটনে দুই দফা সরাসরি এবং অনলাইনে আলোচনা হয়েছে। সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও অংশীজনদের সঙ্গে বৈঠকের পর ২৩ জুলাই আমরা আমাদের চূড়ান্ত অবস্থান যুক্তরাষ্ট্রকে জানিয়েছি। এরপর তাদের কাছে নতুন করে সময় চেয়েছি।’

মাহবুবুর রহমান জানান, যুক্তরাষ্ট্রের কাছে সময় চাওয়ার পরিপ্রেক্ষিতে তাদের বাণিজ্য প্রতিনিধি (ইউএসটিআর) অফিস ২৯ ও ৩০ জুলাই সরাসরি বৈঠকের জন্য সময় দিয়েছে। ওই বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে বাণিজ্য উপদেষ্টা, নিরাপত্তা উপদেষ্টা, বাণিজ্যসচিব উপস্থিত থাকবেন।

বাণিজ্যসচিব বলেন, ‘৩১ জুলাই সেখানে আরেকটি সভা হতে পারে। বাংলাদেশের প্রতিনিধিদল সোমবার (২৮ জুলাই) সন্ধ্যায় রওনা দেবে। যেহেতু তাদের সঙ্গে আলোচনা চলছে, ফলে আগামী ১ আগস্টের যে সময়সীমা আছে, তার মধ্যেই হয়তো শুল্কের বিষয়ে ফলাফল ঘোষিত হয়ে যাবে বলে আমাদের ধারণা।’

বোয়িং বিমান কেনার বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মাহবুবুর রহমান বলেন, ‘বোয়িংয়ের ব্যবসা যুক্তরাষ্ট্র সরকারের নয়, এটি বোয়িং কোম্পানি করে। বাংলাদেশ মোট ২৫টি বোয়িংয়ের ক্রয়াদেশ দিয়েছে। অন্য দেশও এমন ক্রয়াদেশ দিয়েছে। যেমন ভারত ও ভিয়েতনাম ১০০টি করে এবং ইন্দোনেশিয়া ৫০টি বোয়িং বিমান অর্ডার দিয়েছে।’

মাহবুবুর রহমান বলেন, ‘এখন বোয়িং কোম্পানি তাদের সক্ষমতা অনুযায়ী সরবরাহ করবে। অর্ডারের বোয়িং পেতে অনেক সময় লাগবে। যারা আগে অর্ডার দিয়েছে, তাদের আগে দেবে কিংবা প্রতিষ্ঠানটি তাদের ব্যবসার ধরন অনুযায়ী বিমান সরবরাহ করবে। বাংলাদেশের অতিদ্রুত কিছু বোয়িং দরকার। আগামী দু-এক বছরের মধ্যে হয়তো কয়েকটি বিমান পাওয়া যাবে।’

বাংলাদেশ বিমানের বহর বাড়াতে হবে উল্লেখ করে বাণিজ্যসচিব আরও বলেন, ‘এই পরিকল্পনা সরকারের বেশ আগে থেকেই ছিল। আগে ১৪টি বোয়িংয়ের অর্ডার ছিল। পাল্টা শুল্ক ইস্যুতে সেই সংখ্যা বাড়িয়ে ২৫ করা হয়েছে।’

যুক্তরাষ্ট্র থেকে গম আমদানির প্রসঙ্গে মাহবুবুর রহমান বলেন, সরকারি ও বেসরকারি খাতে বছরে প্রায় ৯ মিলিয়ন টন গম আমদানি করা হয়। যুক্তরাষ্ট্র থেকে গম আমদানির একটি চুক্তি সম্পন্ন হয়েছে। এ ছাড়া বেসরকারি পর্যায়ে সয়াবিন ও তুলা আমদানির উদ্যোগ নেওয়া হয়েছে। ব্যবসায়ীরা সয়াবিন আমদানির জন্য যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোর সঙ্গে আলোচনায় বসবেন। তুলা আমদানি নিয়ে আগেই আলোচনা চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে।

বাণিজ্যসচিব বলেন, বিশ্বের সব দেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের সার্বিক বাণিজ্যঘাটতি ১ দশমিক ৩ ট্রিলিয়ন ডলার। তাদের উদ্দেশ্য এই বাণিজ্যঘাটতি কমানো, সে জন্যই পাল্টা শুল্ক আরোপ করেছে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটি ছাড়া সব কমিটির কার্যক্রম স্থগিত

0

আধুনিক ডেস্ক ::
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটি ছাড়া সারা দেশের সব কমিটির কার্যক্রম স্থগিত করা করেছে। রোববার (২৭ জুলাই) সন্ধ্যায় রাজধানীর শাহবাগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক জরুরি সংবাদ সম্মেলনে এ সিদ্ধান্ত জানিয়েছেন সংগঠনটির সভাপতি রিফাত রশিদ।

সংবাদ সম্মেলনে রিফাত রশিদ বলেছেন, ‘সারা দেশে আমরা দেখতে পাচ্ছি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানার ব্যবহার করে নামে–বেনামে অনেক ধরনের অপকর্ম করার চেষ্টা করা হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি, বিভিন্ন রাজনৈতিক শেল্টারে বা তারা বিপথগামী হয়ে চাঁদাবাজি, দুর্নীতিতে জড়িয়েছে, যা আমাদের নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়েছে। তাই আমরা কেন্দ্রীয় কমিটি বাদে সব কমিটির কার্যক্রম স্থগিত ঘোষণা করছি।’

আজকের পর থেকে বৈষম্যবিরোধীর ব্যানার ব্যবহার করে কোনো ধরনের অপকর্ম করা হলে আইনগত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন রিফাত রশিদ।

রাজধানীর গুলশানে একজন সাবেক সংসদ সদস্যের বাসায় চাঁদাবাজি করতে গিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তিন নেতা; গণতান্ত্রিক ছাত্র সংসদের এক নেতাসহ পাঁচজন গ্রেপ্তার হওয়ার পরদিন এই সিদ্ধান্ত জানাল সংগঠনটি।

শনিবার (২৬ জুলাই) রাতে গুলশানে সাবেক সংসদ সদস্য শাম্মী আহমেদের বাসা থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঢাকা মহানগর শাখার আহ্বায়ক ইব্রাহিম হোসেন (মুন্না) এবং সদস্য মো. সাকাদাউন সিয়াম ও সাদমান সাদাব এবং বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় কমিটির সদস্য আবদুর রাজ্জাক বিন সুলাইমান ওরফে রিয়াদসহ পাঁচজনকে গ্রেপ্তার করে পুলিশ। এ ঘটনায় গুলশান থানায় করা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য এই চারজনকে আজ সাত দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের উদ্যোগে কয়েক মাস আগে ছাত্রসংগঠন হিসেবে আত্মপ্রকাশ করে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ। এই সংগঠন হওয়ার আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন গত ফেব্রুয়ারিতে সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ে যে আহ্বায়ক কমিটি ঘোষণা করেছিল, সেই কমিটির যুগ্ম আহ্বায়ক করা হয়েছিল আবদুর রাজ্জাককে।

চাঁদাবাজির মামলায় গুলশান থানার পুলিশের পক্ষ থেকে আজ আদালতে বলা হয়েছে, আসামিরা সমন্বয়ক পরিচয় দিয়ে বিভিন্ন মানুষকে ভয়ভীতি দেখিয়ে চাঁদা আদায় করে থাকেন। ঘটনার বিবরণে পুলিশ বলেছে, ১৭ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক কমিটির নেতা আবদুর রাজ্জাক (রিয়াদ) ও কাজী গৌরব অপু সাবেক সংসদ সদস্য শাম্মী আহমেদের বাসায় গিয়ে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করেন। বলতে থাকেন, টাকা না দিলে গ্রেপ্তার করাবেন। তখন শাম্মী আহমেদের স্বামী তাঁদের ১০ লাখ টাকা চাঁদা দেন। আবার গতকাল আবদুর রাজ্জাকের নেতৃত্বে সাবেক সংসদ সদস্য শাম্মী আহমেদের বাসায় চাঁদাবাজি করতে যান। খবর পেয়ে পুলিশ আবদুর রাজ্জাকসহ পাঁচজনকে গ্রেপ্তার করে।

সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজি: আবদুর রাজ্জাকসহ চারজন সাত দিনের রিমান্ডে

0

আধুনিক ডেস্ক ::

রাজধানীর গুলশান এলাকায় সাবেক সংসদ সদস্য শাম্মী আহমেদের বাসায় চাঁদাবাজির ঘটনায় গ্রেপ্তার আবদুর রাজ্জাকসহ (রিয়াদ) চারজনকে সাত দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দিয়েছেন আদালত। পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত রোববার (২৭ জুলাাই) এ আদেশ দেন। রিমান্ডপ্রাপ্ত অপর তিন আসামি হলেন সাকদাউন সিয়াম, সাদমান সাদাব ও ইব্রাহিম হোসেন।

এর আগে আবদুর রাজ্জাকসহ পাঁচজনকে আদালতে হাজির করে ১০ দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার আবেদন করে পুলিশ। আসামিপক্ষ থেকে রিমান্ডে নেওয়ার আবেদন নাকচ করে জামিনের আবেদন করা হয়। উভয় পক্ষের শুনানি নিয়ে আদালত রাজ্জাকসহ চারজনকে সাত দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দেন। অপরজন প্রাপ্তবয়স্ক না হওয়ায় তাকে টঙ্গীর কিশোর উন্নয়ন কেন্দ্রে পাঠানো হয়েছে।

রোববার গুলশান থানা পুলিশের পক্ষ থেকে আদালতে বলা হয়, আসামিরা সমন্বয়ক পরিচয় দিয়ে বিভিন্ন মানুষকে ভয়ভীতি দেখিয়ে চাঁদা আদায় করে থাকেন। মামলার ঘটনার রহস্য উদ্‌ঘাটনের জন্য আসামিদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা জরুরি।

গুলশান থানা–পুলিশ লিখিতভাবে আদালতকে জানিয়েছে, ১৭ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় আহ্বায়ক কমিটির নেতা আবদুর রাজ্জাক (রিয়াদ) ও কাজী গৌরব অপু সাবেক সংসদ সদস্য শাম্মী আহমেদের বাসায় গিয়ে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করেন। বলতে থাকেন, টাকা না দিলে গ্রেপ্তার করাবেন। তখন শাম্মী আহমেদের স্বামী তাঁদের ১০ লাখ টাকা চাঁদা দেন। আবার গতকাল আবদুর রাজ্জাকের নেতৃত্বে সাবেক সংসদ সদস্য শাম্মী আহমেদের বাসায় চাঁদাবাজি করতে যান। খবর পেয়ে পুলিশ আবদুর রাজ্জাকসহ পাঁচজনকে গ্রেপ্তার করে।