Home Blog Page 158

ইসরায়েলের হামলায় গাজায় আল-জাজিরার পাঁচ সাংবাদিক নিহত

0

গাজা শহরের আল-শিফা হাসপাতালে ইসরায়েলের বিমান হামলায় সংবাদমাধ্যম আল-জাজিরা পাঁচ সাংবাদিক নিহত হয়েছে। এরা হলেন- সংবাদদাতা আনাস আল-শরিফ ও মোহাম্মেদ কুরেইকেহ, ক্যামেরাম্যান ইব্রাহিম জাহের, মোহাম্মেদ নৌফাল এবং মোয়ামেন আলিয়া। হামলার সময় তারা হাসপাতালের মূল গেইটের কাছে সাংবাদিকদের জন্য তৈরি করা একটি তাঁবুতে অবস্থান করছিলেন বলে আল-জাজিরার খবরে বলা হয়েছে।

আল-জাজিরার বিবৃতিতে বলা হয়েছে পরিকল্পিত হত্যাকাণ্ডটি ছিলো প্রেস ফ্রিডমের ওপর আরেকটি স্পষ্ট ও পূর্বপরিকল্পিত হামলা। হামলার কিছুক্ষণ পরই আইডিএফ হামলার খবর নিশ্চিত করে বলেছে, আনাস আল-শরিফ উত্তর গাজার খবর ব্যাপকভাবে কাভার করেছিলেন বলে আল-জাজিরা জানিয়েছে। নিহত অন্য সাংবাদিকদের বিষয়ে আইডিএফ কোনো মন্তব্য করেনি।

এই হামলায় সব মিলিয়ে মোট সাত জন নিহত হয়েছে আল-জাজিরার খবরে বলা হয়েছে। প্রথমে তারা তাদের চারজন কর্মীর মৃত্যুর কথা বললেও পরে মোট ৫ জন নিহত হয়েছে বলে জানায়।

আল-জাজিরার ব্যবস্থাপনা সম্পাদক মোহাম্মেদ মোয়াওয়াদ বিবিসিকে বলেছেন, আল-শরিফ একজন স্বীকৃত সাংবাদিক ছিলেন, যিনি ছিলেন গাজায় কি ঘটছে তা বিশ্বকে জানানোর ‘একমাত্র কণ্ঠস্বর’। যুদ্ধের পুরোটা সময় জুড়ে ইসরায়েল আন্তর্জাতিক সাংবাদিকদের গাজায় মুক্তভাবে সাংবাদিকতা করার অনুমতি দেয়নি। তারা তাদের তাঁবুতেই হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছিলেন। তারা রণাঙ্গন থেকে কাভার করছিলেন না। বাস্তবতা হলো ইসরায়েলি সরকার গাজার ভেতর থেকে যে কোনো চ্যানেলের সংবাদ পরিবেশন বন্ধ করে দিতে চায়,” তিনি নিউজরুম প্রোগ্রামে বলেছেন। এটা এমন কিছু যা আমি আধুনিক ইতিহাসে এর আগে আর দেখিনি”।

আল-শরিফ (২৮) মৃত্যুর কিছুক্ষণ আগেই সামাজিক মাধ্যম এক্স-এ পোস্ট দিয়েছিলেন। এতে তিনি গাজা শহরের মধ্যে ইসরায়েলের ব্যাপক বোমাবর্ষণের বিষয়ে সতর্ক করেছিলেন। একটি পোস্ট পাবলিশ করা হয়েছে তার মৃত্যুর পরে। ধারণা করা হচ্ছে এটি আগেই লেখা ছিলো এবং তার কোনো বন্ধু পাবলিশ করেছে।

আইডিএফের বিবৃতিতে অভিযোগ করা হয়েছে, আল-শরিফ সাংবাদিকদের ছদ্মবেশ ধারণ করেছিলো এবং তিনি ইসরায়েলি বেসামরিক নাগরিক ও আইডিএফ সৈন্যদের লক্ষ্য করে রকেট হামলার জন্য দায়ী। সন্ত্রাসীদের জন্য প্রশিক্ষণ কোর্সসহ তার সামরিক যোগসূত্রের’ বিষয়ে গোয়েন্দা তথ্য থাকার দাবি করেছে আইডিএফ।

বিবৃতিতে বলা হয়েছে, হামলার আগে বেসামরিক নাগরিকদের ক্ষয়ক্ষতি কমাতে পদক্ষেপ নেয়া হয়েছে। এর মধ্যে ছিলো সুনির্দিষ্ট যুদ্ধাস্ত্র, আকাশ নজরদারি এবং অতিরিক্ত গোয়েন্দা কার্যক্রম।

গত মাসে আল-জাজিরা মিডিয়া নেটওয়ার্ক, জাতিসংঘ ও কমিটি টু প্রটেক্ট জার্নালিস্ট তিনটি আলাদা বিবৃতিতে আল-শরিফের সুরক্ষার আহবান জানিয়েছিলো।

আল-জাজিরা গাজা উপত্যকায় তাদের সংবাদদাতা ও সাংবাদিকদের টার্গেট করে প্রচারণার অভিযোগ করেছিলো আইডিএফের বিরুদ্ধে। তারা আরও বলেছিলো যে মাঠে তাদের সাংবাদিকদের ওপর হামলাকে জাস্টিফাই করার জন্যই এ ধরনের বিপজ্জনক উস্কানি দেয়া হচ্ছে। কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবরে গাজায় সামরিক অভিযান শুরুর পর এ পর্যন্ত ১৮৬ জন সাংবাদিক নিহত হয়েছে।

দেশের মানুষ বিএনপির দিকেই তাকিয়ে আছে: তারেক রহমান

0

আগামী নির্বাচনে দেশের অধিকাংশ মানুষের সমর্থন বিএনপি ও ধানের শীষ পাবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, মানুষ এখন বিশ্বাস করে, একমাত্র বিএনপির পক্ষেই সম্ভব ধীরে ধীরে এই দেশকে গড়ে তোলা। আজ দেশের অধিকাংশ মানুষ বিএনপির দিকে তাকিয়ে আছে। কিন্তু এই চ্যালেঞ্জগুলো যদি মোকাবিলা করতে হয়, তাহলে আমাদের প্রথমে ঐক্যবদ্ধ হতে হবে। আমরা যদি ঐক্যবদ্ধ না থাকি, তাহলে চ্যালেঞ্জগুলো মোকাবিলা করতে পারব না। জনগণের বিশ্বাস ও আস্থা ধরে রাখার দায়িত্ব আমাদের। তাই আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। রোববার (১০ আগস্ট) বিকেলে রাজশাহী মহানগর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে লন্ডন থেকে ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তারেক রহমান। দীর্ঘ ১৬ বছর পর রাজশাহী মহানগর বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হলো। এ উপলক্ষে দলের নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা ছিল তুঙ্গে।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, আগামী নির্বাচনের মাধ্যমে জনগণের অধিকার প্রতিষ্ঠা হবে। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, আগামী নির্বাচনে দেশের অধিকাংশ জনগণের সমর্থন বিএনপি এবং ধানের শীষ পাবে। এর পর দেশ গড়তে অনেক চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে। আমাদের সামনে অনেকগুলো চ্যালেঞ্জ আছে। আগামী নির্বাচনে আমরা সরকার গঠনে সক্ষম হলে, আমাদের দেশকে গড়তে হবে। স্বৈরাচার সরকার তাদের নিজেদের স্বার্থে শিক্ষা, বিচার, আইনশৃঙ্খলা, অর্থনৈতিক ও স্বাস্থ্য ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে। আগামী নির্বাচনে আমরা জনগণের সমর্থন নিয়ে সরকার গঠন করলে, আমাদের এই চ্যালেঞ্জগুলো মোকাবিলা করতে হবে।

তিনি বলেন, দেশ গড়তে আমরাই প্রথম সংস্কার প্রস্তাব তুলে ধরেছি। আড়াই বছর আগে স্বৈরাচার সরকারের আমলেই আমরা দেশের মানুষের সামনে ৩১ দফা উপস্থাপন করেছিলাম। সেই ৩১ দফার মাধ্যমে আমরা বিভিন্ন সংস্কার কর্মসূচি দিয়েছিলাম। অন্তর্বর্তী সরকার সংস্কার কমিশন গঠন করেছে। এখন সংস্কারের জন্য যেসব আলোচনায় আসছে, অধিকাংশ সংস্কার প্রস্তাব বিএনপি আড়াই বছর আগেই জাতির সামনে ঘোষণা করেছিল। আমরা বিশ্বাস করি, এই দেশকে এগিয়ে নিতে হলে কতগুলো ব্যাপারে রাষ্ট্রের সংস্কার করতে হবে।

পদ্মায় সারা বছর পানি থাকে না–উল্লেখ করে তারেক রহমান বলেন, বাংলাদেশ কৃষিপ্রধান দেশ। ফারাক্কার কারণে পদ্মা নদী শুকিয়ে যাচ্ছে। সুজলা-সুফলা এলাকা পদ্মা নদীর পানির অভাবে মরুভূমি হয়ে যাচ্ছে। পানির ন্যায্য হিস্যা পেতে আমরা প্রয়োজনে আন্তর্জাতিক আদালতে যাব, জাতিসংঘে যাব। আমাদের পানির ব্যবস্থা করতে হবে। খালগুলো সংস্কার করতে হবে।

তিনি বলেন, বিগত স্বৈরাচার সরকার দেশের স্বাস্থ্য খাতকে ধ্বংস করে এমনভাবে সাজিয়েছিল, যাতে পার্শ্ববর্তী একটি দেশে গিয়ে মানুষ সেবা নিতে বাধ্য হয়। এই দেশে হাসপাতাল ধ্বংস করে ইচ্ছা করে রোগীদের পার্শ্ববর্তী দেশে পাঠিয়ে দিত। তারা চিকিৎসার নামে বৈদেশিক মুদ্রা পাঠিয়ে দিত। আমাদের এখন নিজস্ব চিকিৎসক ও নার্স গড়ে তুলতে হবে, যাতে দেশের মানুষ এই দেশের হাসপাতালেই উন্নত চিকিৎসাসেবা পায়।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, অন্তর্বর্তী সরকার ঘোষণা করেছে– আগামী রমজানের আগে দেশে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। শুধু ভোট হলেই হবে না, ভোটের মাধ্যমে সরকার গঠন করলেই হবে না। জনগণ বিএনপির নেতাকর্মীদের কাছে জানতে চায়– দেশের ভবিষ্যৎ কী? বিএনপি আগামীতে কী করবে? কারণ, দেশের জনগণ বিএনপির ওপর আস্থা রাখতে চায়।

দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার শপথ করিয়ে তারেক রহমান বলেন, আমরা দেশের মানুষের সামনে সংস্কার প্রস্তাব দিয়েছি। পরবর্তী পদক্ষেপ আমাদের ৩১ দফা বাস্তবায়ন করা।

এর আগে দুপুর সোয়া ২টায় সম্মেলন উদ্বোধন করেন দলটির চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম। এ সময় বিশেষ অতিথি ছিলেন দলটির আরেক উপদেষ্টা রাজশাহীর সাবেক মেয়র ও সাবেক এমপি মিজানুর রহমান মিনু, বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহীন শওকত খালেক, বিএনপির বন ও পরিবেশবিষয়ক সম্পাদক ও রাজশাহীর সাবেক মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল, বিএনপির ত্রাণ ও পুনর্বাসনবিষয়ক সহসম্পাদক শফিকুল হক মিলন। সভাপতিত্ব করেন নগর বিএনপির আহ্বায়ক এরশাদ আলী ঈশা। সম্মেলন অনুষ্ঠান পরিচালনা করেন সদস্য সচিব মামুন-অর-রশিদ মামুন।

ঋতুপর্ণাদের পর সাগরিকারাও এশিয়ান কাপে

0

স্পোর্টস ডেস্ক ::

দক্ষিণ কোরিয়ার কাছে রোববার (১০ আগস্ট) ৬-১ গোলে হারার পর এশিয়ান কাপের মূল পর্বে যাওয়ার অপেক্ষা বাড়ে বাংলাদেশের। তখন সমীকরণ দাঁড়ায়, ‘ই’ গ্রুপে থাকা লেবাননকে চীন হারালেই বাংলাদেশ চলে যাবে মূল পর্বে। শেষ পর্যন্ত চীনের সামনে পাত্তাই পায়নি লেবানন। লেবানন বড় ব্যবধানে হারায় নিশ্চিত হয়ে যায় আট রানার্সআপের পাঁচটিই থাকছে বাংলাদেশের নিচে।

দেশের ফুটবল ইতিহাসে সর্বপ্রথম ১৯৮০ সালে কুয়েতে হওয়া এশিয়ান কাপে খেলেছিল পুরুষদের জাতীয় ফুটবল দল। এরপর ২০০৫ সালে অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপে খেলে বাংলাদেশের মেয়েরা। তারা আরও দুবার ২০১৭ ও ২০১৯ আসরেও খেলার যোগ্যতা অর্জন করে। সেই পথ ধরে গত জুলাইয়ে মিয়ানমারে ইতিহাস গড়ে জাতীয় নারী ফুটবল দল; এশিয়ান বাছাই উতরে প্রথমবার মূল পর্বের টিকিট কাটেন ঋতুপর্ণা-তহুরারা।
রোববার দক্ষিণ কোরিয়ার সঙ্গে ড্র করলেই গ্রুপসেরা হয়ে এশিয়ান কাপে নাম লেখাতে পারত বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী ফুটবল দল। কিন্তু ভিয়েনতিয়েনের নিউ লাওস ন্যাশনাল স্টেডিয়ামে সেই উৎসবটা করতে পারেনি পিটার বাটলারের দল। প্রথমার্ধে তৃষ্ণা রানীর গোলে ১-১’এ সমতা থাকার পর দ্বিতীয়ার্ধে গুনে গুনে পাঁচ গোল হজম করে বাংলাদেশ। তাতেই গ্রুপসেরা হওয়ার আশার গুড়ে বালি পড়ে।
জয় দিয়েই এশিয়ান কাপ বাছাই শুরু করেছিল বাংলাদেশ। প্রথম ম্যাচে তাঁরা স্বাগতিক লাওসকে হারায় ৩-১ গোলে। দ্বিতীয় ম্যাচে পূর্ব তিমুরকে ৮-০ গোলে উড়িয়ে দেয়। কিন্তু আজ দক্ষিণ কোরিয়ার সামনে দাঁড়াতেই পারেনি মেয়েরা।

টুর্নামেন্টে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ চার গোল করেছেন তৃষ্ণা। যার মধ্যে পূর্ব তিমুরের বিপক্ষে হ্যাটট্রিকও পান তিনি। আর তিন গোল আছে মোসাম্মত সাগরিকার। ২০২৪ সাল থেকে দারুণ ছন্দে ছিল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী ফুটবল দল। ১২ ম্যাচ অজেয় থাকার পর রোববার দক্ষিণ কোরিয়ার কাছে হেরেছে মেয়েরা। তার আগে ঘরের মাঠে টানা ৬ জয়ে সাফের শিরোপাও জিতেছে বাংলাদেশ।

এশিয়ার ৩৩টি দল নিয়ে ৬ আগস্ট শুরু হওয়া এই বাছাইপর্ব শেষ হচ্ছে আজ রাতে। যেখানে আট গ্রুপ থেকে সেরা আট দলের মধ্যে এই প্রতিবেদন লেখা পর্যন্ত উত্তর কোরিয়া, ভারত, জাপান, দক্ষিণ কোরিয়া ও চীন সরাসরি জায়গা করে নিয়েছে আগামী বছর থাইল্যান্ডে অনুষ্ঠিত হতে যাওয়া মূল আসরে।

‎আগামী ১ থেকে ১৮ এপ্রিল থাইল্যান্ডে হবে অনূর্ধ্ব-২০ নারী এশিয়ান কাপ। যেখানে স্বাগতিক হিসেবে আগেই জায়গা করে নেয় থাইল্যান্ড। তাদের সঙ্গে বাছাই খেলে যোগ্যতা অর্জন করে অন্য ১১ দল। এই টুর্নামেন্টের সফল দল জাপান। তারা এখন পর্যন্ত ৬ বার এশিয়ান কাপ জিতেছে। বর্তমান চ্যাম্পিয়ন উত্তর কোরিয়া।

এশিয়ান কাপে ভালো করলে মিলবে অনূর্ধ্ব-২০ নারী বিশ্বকাপের টিকিটও। থাইল্যান্ডে অনুষ্ঠেয় ১২ দলের এশিয়ান কাপে সেমিফাইনালে যাওয়া চার দল পাবে বিশ্বকাপ খেলার সুযোগ। একই বছরের সেপ্টেম্বরে পোল্যান্ডে হবে অনূর্ধ্ব-২০ নারী বিশ্বকাপের ১২তম আসর। বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়নও উত্তর কোরিয়া।

সিলেটে ২৪ ঘন্টা পর উদ্ধার হলো বিজিবি সদস্যের মরদেহ

0


আধুনিক রিপোর্ট ::

সিলেটের গোয়াইনঘাটে নিখোঁজের ২৪ ঘণ্টা পর উদ্ধার হয়েছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্য মাসুম বিল্লাহর মরদেহ।

রোববার (১০ আগস্ট) বিকাল সোয়া ৫টার দিকে সদর ইউনিয়নের আহারকান্দি আমবাড়ি এলাকার ইছামতী নদীর তলদেশ থেকে তার নিথর দেহ উদ্ধার করা হয়।

জানা যায়, স্থানীয় ডুবুরি নুর মিয়ার নেতৃত্বে বিজিবি সদস্যের মরদেহটি উদ্ধার হয়।

এর আগে শনিবার (৯ আগস্ট) বিকেল ৫টার দিকে সদর ইউনিয়নের আহারকান্দি আমবাড়ি এলাকায় ভারতীয় চোরাই পণ্যবাহী নৌকা থামাতে গিয়ে বিজিবির নৌকার সঙ্গে ধাক্কা লেগে উভয় নৌকা পানিতে ডুবে গেলে অস্ত্রসহ পানিতে ডুবে নিখোঁজ হন বিজিবি সদস্য মাসুম বিল্লাহ।

বিজিবি জানায়, শনিবার গোয়াইনঘাট উপজেলার সদর ও পশ্চিম জাফলং দিয়ে বয়ে যাওয়া পন্নগ্রাম ও আমবাড়ির মধ্যবর্তী স্থানে নৌকাযোগে দু’জন বিজিবি সদস্য ভারতীয় পণ্যবাহী নৌকা থামাতে গেলে ওই নৌকার সঙ্গে ধাক্কা লেগে উভয় নৌকা পানিতে ডুবে যায়। নৌকায় থাকা অপর বিজিবি সদস্য ও মাঝি কোনোভাবে কিনারে উঠে আসলেও সিপাহি মাসুম বিল্লাহ উঠতে পারেননি। নিখোঁজের পর থেকে রাতভর স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পায়নি।

গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার তোফায়েল আহমেদ জানান, নিখোঁজ বিজিবি সদস্যকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় কেউ আটক না হলেও জব্দ করা নৌকা ও চোরাই সুপারি বিজিবির হেফাজতে রয়েছে।

গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা রতন কুমার অধিকারী জানান, ‘বিজিবি সদস্য যে স্থানে নিখোঁজ হয়েছিলেন তার পাশ থেকেই মরদেহটি উদ্ধার হয়েছে। মরদেহ উদ্ধারের পর পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

দেশে নতুন ভোটার ২৪ লাখ ৩৮ হাজার, মোট ভোটার ১২ কোটি ৬১ লাখ ৭০ হাজার ৯০০

0

আধুনিক ডেস্ক ::

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। নতুন করে ভোটার হয়েছেন ২৪ লাখ ৩৮ হাজার ৬২৬ জন। এতে মোট ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ১২ কোটি ৬১ লাখ ৭০ হাজার ৯০০ জনে। রোববার (১০ আগস্ট) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এক ব্রিফিংয়ে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ এসব তথ্য জানান। তিনি বলেন, সারাদেশের নির্বাচন অফিসগুলোতে একযোগে আজ হালনাগাদ ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে। হালনাগাদ ভোটার তালিকায় নতুন যুক্ত হয়েছে ২৪ লাখ ৩৮ হাজার ৬২৬ জন ভোটার।

সচিব বলেন, আইন অনুযায়ী এ বছরের ২ মার্চ ভোটার তালিকা প্রকাশ করেছিল ইসি। তখন ভোটার ছিল ১২ কোটি ৩৭ লাখ ৩২ হাজার ২৭৪ জন। ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমে বাড়ি বাড়ি গিয়ে ৪৫ লাখ ৭১ হাজার ২১৬ জনকে নতুন করে অন্তর্ভুক্ত করা হয়। তবে মৃত ও কর্তনকৃত ভোটার হিসেবে ২১ লাখ ৩২ হাজার ৫৯০ জনকে বাদ দেওয়া হয়। এই হিসেবে হালনাগাদ ভোটার তালিকায় মোট ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ১২ কোটি ৩৭ লাখ ৩২ হাজার ২৭৪ জনে। ৩১ আগস্ট চূড়ান্ত হালনাগাদ ভোটার তালিকা প্রকাশ করা হবে।

তিনি আরও বলেন, এছাড়া আগামী ৩১ অক্টোবর পর্যন্ত যাদের বয়স ১৮ বছর পূর্ণ হবে, তারাও ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হতে পারবেন। নবীন ভোটারদের এক বছর অপেক্ষা না করানোর জন্য নতুন আইনে এই সুযোগ রাখা হয়েছে।

সচিব জানান, এ বছর আসলে মোট তিনটি ভোটার তালিকা প্রকাশ করবে ইসি। ২ মার্চ প্রকাশের পর ৩১ আগস্ট এবং ৩১ অক্টোবর প্রকাশিত তালিকাগুলো প্রকাশ হবে।

এর আগে রোববার সকালে খসড়া ভোটার তালিকা প্রকাশের পর সারাদেশের নির্বাচন কর্মকর্তারা সেটি নির্দিষ্ট স্থানে সাঁটিয়ে দেন। এতে কারো তথ্যে ভুল থাকলে সংশোধনের সুযোগ মিলবে ১২ দিন। যোগ্য ব্যক্তির নাম অন্তর্ভুক্তি, মৃত্যুজনিত বা অন্তর্ভুক্তি হওয়ার অযোগ্য ব্যক্তির নাম বাদ দেওয়া, ভোটার স্থানান্তর এবং কোনো সংশোধন বা ত্রুটি-বিচ্যুতি দূর করার জন্য ২১ আগস্ট পর্যন্ত আবেদন করা যাবে। এসব আবেদন নিষ্পত্তি হবে ২৪ আগস্টের মধ্যে। এরপর অন্যান্য কাজ শেষে চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে ৩১ আগস্ট।

গোলাপগঞ্জে বন্ধুর হাতে যুবদল কর্মী খুন

0

আধুনিক রিপোর্ট ::

সিলেটের গোলাপগঞ্জে বন্ধুর ছুরিকাঘাতে খুন হয়েছেন এক যুবদল কর্মী। শনিবার রাত ১২ টার দিকে গোলাপগঞ্জ পৌরসভার কদমতলা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম রনি হোসাইন (৩০)। রনি স্থানীয়ভাবে যুবদল কর্মী হিসেবে পরিচিত ছিলেন। ছুরিকাঘাতের পর রনিকে স্বজনেরা রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। স্বজনদের অভিযোগ, হাসপাতালের জরুরি বিভাগের ফটক তালাবদ্ধ ছিল। আধা ঘণ্টার বেশি সময় ডাকাডাকির পর তারা তালা ভাঙার চেষ্টা করেন। তখন একজন এসে ফটক খুলে দেন। পরে চিকিৎসক রনিকে মৃত ঘোষণা করেন।

গোলাপগঞ্জ মডেল থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) জামাল উদ্দিন আহমদ বলেন, শেখ রাজু নামের এক তরুণ এই খুনের সঙ্গে জড়িত বলে প্রাথমিকভাবে জানা গেছে। পুরো বিষয় তদন্ত করে প্রকৃত দোষী ব্যক্তিদের শনাক্তের চেষ্টা চলছে।

গোলাপগঞ্জ থানার ওসি মোহাম্মদ মনিরুজ্জামান মোল্লা জানান, তাদের মধ্যে পূর্ব বিরোধ ছিলো। যার সূত্র ধরেই এক বন্ধু আরেক বন্ধুকে খুন করেছে বলে জানতে পেরেছি।

স্থানীয় সূত্রে জানা গেছে অভিযুক্ত শেখ রাজু ছাত্রদল কর্মী ছিলেন। স্থানীয়দের ধারণা, নারীঘটিত বিষয় নিয়ে এই হত্যাকাণ্ড ঘটেছে। এক নারীকে জড়িয়ে রাজুর বিরুদ্ধে ফেসবুকে একাধিক স্ট্যাটাস দিয়েছিলেন রনি।

এসএসসির খাতা পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ

0

আধুনিক ডেস্ক ::

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার উত্তরপত্র পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ করা হয়েছে। রোববার (১০ আগস্ট) সকাল ১০টার পর থেকে নিজ নিজ বোর্ডের ওয়েবসাইটে ফল দেখা যাচ্ছে। এছাড়া শিক্ষার্থীরা মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে ফলাফল জানতে পারবে।

আন্তঃশিক্ষা বোর্ড জানিয়েছে, ঢাকা বোর্ডে ফল পুনঃনিরীক্ষণের আবেদন করেছে ৯২ হাজার ৮৬৩ জন শিক্ষার্থী। তাদের কেউ এক বিষয়ে, কেউ দুই বা ততধিক বিষয়ে আবেদন করেছে। মোট ২ লাখ ২৩ হাজার ৬৬৪টি খাতা চ্যালেঞ্জ করেছে শিক্ষার্থীরা। অন্যান্য বোর্ড মিলিয়ে এ সংখ্যা আরও বেশি।

ঢাকা বোর্ডের সবচেয়ে বেশি ফল পুনঃনিরীক্ষণের আবেদন পড়েছে গণিত বিষয়ে- ৪২ হাজার ৯৩৬টি। এরপর ইংরেজি প্রথম ও দ্বিতীয় পত্রে ১৯ হাজার ৬৮৮টি করে, পদার্থবিজ্ঞানে ১৬ হাজার ২৩৩টি এবং বাংলা প্রথম ও দ্বিতীয় পত্রে ১৩ হাজার ৫৫৮টি খাতার জন্য আবেদন জমা পড়ে। সবচেয়ে কম আবেদন এসেছে চারু ও কারুকলা বিষয়ে, মাত্র ৬টি।

মোবাইল ফোনের মেসেজ অপশনে SSC লিখে স্পেস দিয়ে ইংরেজিতে বোর্ডের প্রথম তিন অক্ষর লিখতে হবে, স্পেস দিয়ে রোল নম্বর দিতে হবে। এরপর স্পেস দিয়ে পরীক্ষার বছর লিখে 16222 নম্বরে পাঠাতে হবে বার্তা। (উদাহরণ-SSC DHA ROLL YEAR)। ফিরতি মেসেজে ফলাফল জানিয়ে দেওয়া হবে।

ভোটকেন্দ্রের নিরাপত্তায় ৪০ হাজার বডি ক্যামেরা কিনছে সরকার 

0

সাধারণ নির্বাচনের সময় ভোট কেন্দ্রে নিরাপত্তা জোরদার করতে পুলিশের জন্য কমপক্ষে ৪০ হাজার বডিওয়ার ক্যামেরা সংগ্রহের পরিকল্পনা করছে অন্তর্বর্তী সরকার। শনিবার (৯ আগস্ট) ঢাকার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উচ্চ পর্যায়ের বৈঠকে এই পদক্ষেপ নিয়ে আলোচনা হয়। রোববার (১০ আগস্ট) সকালে প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজে এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, ফয়েজ তৈয়্যব আহমদ বলেন, ৪০ হাজার বডি ক্যামেরা সংগ্রহের প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে। এই ডিভাইসগুলো হাজার হাজার ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রে নিরাপত্তা জোরদার করবে। তিনি বলেন, “আমরা অক্টোবরের মধ্যে বডিক্যামগুলো সংগ্রহ করতে চাই যেন পুলিশ বাহিনী এ সকল বডিক্যামের এআই সক্ষমতাসহ মূল বৈশিষ্ট্যগুলির ওপর পর্যাপ্ত প্রশিক্ষণ পেতে পারেন

ক্যামেরা সরবরাহের জন্য জার্মানি, চীন ও থাইল্যান্ডের তিনটি প্রতিষ্ঠানের সঙ্গে এরই মধ্যে যোগাযোগ করা হয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। নির্বাচনে দায়িত্ব পালনের সময় পুলিশ কর্মকর্তা ও কনস্টেবলরা তাদের বুকে এই ক্যামেরাগুলো পরবেন।

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস কর্মকর্তাদের দ্রুত বডিক্যামগুলো কেনার আহ্বান জানিয়ে হাজার হাজার পুলিশ সদস্যের জন্য যথাযথ প্রশিক্ষণের ব্যবস্থা করার নির্দেশ দিয়েছেন। তিনি বলেন, “আমাদের অবশ্যই সমস্ত ভোটকেন্দ্রে সম্পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করতে হবে, খরচ যাই হোক না কেন। আমাদের লক্ষ্য হলো ফেব্রুয়ারির নির্বাচনকে দেশের ইতিহাসে সবচেয়ে অবাধ, সুষ্ঠু এবং শান্তিপূর্ণ করা।”

বৈঠকে প্রধান উপদেষ্টার টেলিযোগাযোগ ও আইসিটি বিষয়ক বিশেষ সহকারী আসন্ন নির্বাচনের জন্য একটি নির্বাচনী অ্যাপ চালুর পরিকল্পনার কথাও জানান। অ্যাপটিতে প্রার্থী সংক্রান্ত বিস্তারিত তথ্য, ভোট কেন্দ্রের হালনাগাদ খবর এবং অভিযোগ জমা দেওয়ার ব্যবস্থা থাকবে। প্রধান উপদেষ্টা অ্যাপটি দ্রুত চালুর এবং দেশের ১০ কোটিরও বেশি ভোটারের জন্য এটিকে ব্যবহার বান্ধব কিনা তা নিশ্চিতের নির্দেশনা দিয়েছেন বলে উল্লেখ করা হয়ে বিবৃতিতে।

সাংবাদিক তুহিন হত্যায় শাবি প্রেসক্লাবের নিন্দা ও উদ্বেগ

0

শাবি প্রতিনিধি ::
গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজ’র সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে নৃশংসভাবে হত্যার ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকদের সংগঠন শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব। শুক্রবার (৮ আগস্ট) অফিস সম্পাদক নুর আলম স্বাক্ষরিত এক যৌথ বিবৃতিতে সংগঠনের সভাপতি জুবায়েদুল হক রবিন ও সাধারণ সম্পাদক নাঈম আহমদ শুভ দোষীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে সুষ্ঠু বিচার নিশ্চিতের দাবি জানান।

বিবৃতিতে বলা হয়, সিসি ক্যামেরার ফুটেজ ও প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার (৭ আগস্ট) রাতে গাজীপুর চান্দনা চৌরাস্তা এলাকায় বাদশা মিয়া নামে এক ব্যক্তি এক নারীর সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। একপর্যায়ে দুর্বৃত্তরা নারীর পক্ষ নিয়ে বাদশা মিয়াকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। ওই দৃশ্য মোবাইলে ধারণ করছিলেন সাংবাদিক তুহিন। ভিডিও মুছতে অস্বীকৃতি জানালে দুর্বৃত্তরা তাকে ধাওয়া করে চান্দনা চৌরাস্তার মসজিদ মার্কেটের সামনে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নেতৃবৃন্দ বলেন, এই হত্যাকাণ্ড কেবল একজন সাংবাদিকের জীবনহানি নয়, বরং গণমাধ্যমের স্বাধীনতা ও সত্য প্রকাশের পথে বড় বাধা। সাংবাদিকদের ওপর ধারাবাহিক হামলা গণতন্ত্রের জন্য হুমকিস্বরূপ। তারা সরকারের প্রতি সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা, হত্যার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

বিএনপি জয়ী হলে তারেক রহমানই হবেন প্রধানমন্ত্রী: মির্জা ফখরুল

0

আধুনিক ডেস্ক ::

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি জয়ী হলে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানই হবেন দেশের প্রধানমন্ত্রী। শনিবার (৯ আগস্ট) দুপুরে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) জাতীয় কাউন্সিলে এমন মন্তব্য করেন মির্জা ফখরুল। অনুষ্ঠানে যুক্তরাজ্যের লন্ডন থেকে ভার্চ্যুয়ালি যুক্ত ছিলেন তারেক রহমান। রাজধানীর কাকরাইলে উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজের মিলনায়তনে বিএনপিপন্থী চিকিৎসকদের সংগঠন ড্যাবের জাতীয় কাউন্সিল আয়োজন করা হয়।

অনুষ্ঠানে মির্জা ফখরুল বলেন, ‘আজকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় শুধু নয়, আমাদের ভবিষ্যৎ নেতা, ভবিষ্যৎ কাণ্ডারি, ভবিষ্যতে আমাদের প্রধানমন্ত্রী এখানে বসে আছেন। তাঁর স্ত্রীও (জুবাইদা রহমান) একজন প্রখ্যাত চিকিৎসক। এখান (ঢাকা) থেকে তিনি গ্র্যাজুয়েশন (স্নাতক) করেছেন…।’

অনুষ্ঠানে বিএনপির মহাসচিব বলেন, ‘ওষুধ নীতি বিশেষ করে, যাঁরা ওষুধ তৈরি করেন, প্রস্তুতকারক, তাঁরা দুদিন আগে আমার কাছে এসেছিলেন। তাঁরা গুরুতর সংকটে আছেন। বর্তমান সরকারপ্রধানের যিনি বিশেষ সহকারী আছেন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের, তিনি এমন কতগুলো ব্যবস্থা বা আইন দিচ্ছেন, যাতে করে (ওষুধ) শিল্প বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়েছে। এই যে বিষয়গুলো, এগুলো কিন্তু আমাদের তুলে ধরতে হবে।’

সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার কথা বলতে গিয়ে মির্জা ফখরুল বলেন, ‘আমার অনেক বয়স হয়ে গেছে। আমরা দেখতে চাই, একটি গণতান্ত্রিক ব্যবস্থা নয়, বাংলাদেশে শুধু মানুষের ভোটের অধিকার নয়, বাংলাদেশের মানুষের স্বাস্থ্যের অধিকার, বেঁচে থাকার অধিকার, অন্নের অধিকার সব কিছু নিশ্চিত করতে হবে।’

কাউন্সিল অধিবেশনে সভাপতিত্ব করেন ড্যাবের কাউন্সিল প্রস্তুতি কমিটির আহ্বায়ক ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ইসমাইল জবিহউল্লাহ। জাতীয় বিশ্ববিদ্যালয়ের সহ–উপাচার্য লুৎফুর রহমানের সঞ্চালনায় অধিবেশনে বক্তব্য দেন কাউন্সিল প্রস্তুতি কমিটির সদস্য ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য বিজন কান্তি সরকার ও সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, ড্যাবের এবারের কাউন্সিলে সভাপতি পদের দুই প্রার্থী এ কে এম আজিজুল হক ও হারুন আল রশীদ।

কাউন্সিল অধিবেশনের পর ড্যাবের নতুন নেতৃত্ব নির্বাচনের জন্য বেলা ১টায় ভোট গ্রহণ শুরু হয়, যা বিকাল ৫টা পর্যন্ত চলবে। এবার ভোটারের সংখ্যা তিন হাজারের বেশি। নির্বাচনে ‘আজিজ-শাকুর’ ও ‘হারুন-শাকিল’ এ দুটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে।

‘আজিজ-শাকুর’ প্যানেলের নেতৃত্ব দিচ্ছেন এ কে এম আজিজুল হক। ২০০৫ থেকে ২০১১ সাল পর্যন্ত ড্যাবের সভাপতি ছিলেন তিনি। এ প্যানেলে মহাসচিব পদে আবদুস শাকুর খান, সিনিয়র সহসভাপতি পদে সাইফ উদ্দিন নিসার আহমেদ, কোষাধ্যক্ষ পদে তৌহিদ উল ইসলাম এবং সিনিয়র যুগ্ম মহাসচিব পদে আবু মো. আহসান ফিরোজ প্রতিদ্বন্দ্বিতা করছেন।

‘হারুন-শাকিল’ প্যানেলের নেতৃত্বে আছেন হারুন আল রশীদ। তিনি ২০১৯ থেকে ২০২৫ সাল পর্যন্ত ড্যাবের নেতৃত্বে ছিলেন। এ প্যানেলের মহাসচিব পদে জহিরুল ইসলাম শাকিল, সিনিয়র সহসভাপতি পদে আবুল কেনান, কোষাধ্যক্ষ পদে মেহেদী হাসান এবং সিনিয়র যুগ্ম মহাসচিব পদে এ কে এম খালেকুজ্জামান প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ দুই প্যানেল ছাড়াও ওবায়দুল কবির সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।