Home Blog Page 124

কারিগরি শিক্ষার্থীদের সাতরাস্তা মোড় অবরোধ

0

রাজধানীর তেজগাঁওয়ের সাতরাস্তা সড়ক অবরোধ করেছেন ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটসহ সরকারি-বেসরকারি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। চার দফা দাবিতে বুধবার বেলা সোয়া ১১টার দিকে আন্দোলনকারী শিক্ষার্থীরা সাতরাস্তা মোড় অবরোধ করেন।

কারিগরি শিক্ষার্থীদের সড়ক অবরোধের কারণে সাতরাস্তা মোড় দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে সংশ্লিষ্ট সড়কগুলোয় সৃষ্টি হয়েছে তীব্র যানজট। যানজটে ভোগান্তি পোহাচ্ছেন যাত্রীরা।

চার দফা দাবি হলো: প্রকৌশল অধিকার আন্দোলন কর্তৃক ডিপ্লোমা প্রকৌশলীদের প্রকাশ্যে হত্যার হুমকি প্রদানকারীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা; বিএসসি ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীদের অযৌক্তিক তিন দফা দাবির পক্ষে পরিচালিত সব কার্যক্রম রাষ্ট্র কর্তৃক অবিলম্বে বন্ধ করা; কারিগরি ছাত্র আন্দোলন, বাংলাদেশের উত্থাপিত যৌক্তিক ছয় দফা দাবির রূপরেখা ও সুপারিশ অনুযায়ী পূর্ণাঙ্গ বাস্তবায়ন করা এবং ইঞ্জিনিয়ারিং ওয়ান-চ্যানেল এডুকেশন চালু করা।

আন্দোলনকারী শিক্ষার্থী নাফিজ আল রুশদ বলেন, এর আগে ছয় দফা দাবিতে আন্দোলনে নামতে হয়েছিল। সেগুলো সরকার মেনে নিলেও এখনো বাস্তবায়ন করা হয়নি। সেগুলো বাস্তবায়ন করতে হবে। এদিকে বিএসসি ইঞ্জিনিয়াররা অযৌক্তিক তিন দফা দাবি করেছেন। সেগুলোর নিরসন করতে হবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত সড়ক ছাড়া হবে না।

আফগানিস্তানকে হারিয়ে সুপার ফোরের আশা বাঁচিয়ে রাখলো বাংলাদেশ

0

স্পোর্টস ডেস্ক ::

সুপার ফোরে উঠতে হলে আফগানিস্তানকে হারানোর বিকল্প ছিল না বাংলাদেশের। আপাতত প্রথম লক্ষ্যে সফল হয়েছে বাংলাদেশ। আফগানিস্তানকে ৮ রানে হারিয়ে সুপার ফোরের আশা বাঁচিয়ে রাখলো বাংলাদেশ। মোস্তাফিজের করা শেষ ওভারের শেষ বলে নুর আহমেদ নুরুল হাসানের হাতে ক্যাচ দিতেই শেষ ম্যাচ। ১৪৬ রানে অলআউট আফগানিস্তান। এই জয়ে তিন ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে প্রথম পর্ব শেষ করল বাংলাদেশ।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে টস জিতে ব্যাটিং করে ৫ উইকেটে ১৫৪ রান করেছিল বাংলাদেশ। পারভেজ ইমনের জায়গায় একাদশে ফিরে সাবলীল ব্যাটিং করতে না পারলেও তানজিদ তামিমের সঙ্গে ওপেনিং জুটিতে ৬৩ রান যোগ করেন সাইফ হাসান। ২৮ বলে ৩০ রানের ইনিংস খেলে তিনি। নতুন বলে শট খেলতে ব্যর্থ হওয়া এই ব্যাটার দুটি চার ও একটি ছক্কা মারেন। পরেই সাজঘরে ফেরা অধিনায়ক লিটন দাস ১১ বলে ৯ রান করেন।

ঝড়ো ব্যাটিংয়ে রান বাড়িয়ে নেওয়া তানজিদ তামিম তৃতীয় ব্যাটার হিসেবে দলের ১০৪ রানে ফিরে যান। তার ব্যাট থেকে ৩১ বলে ৫২ রান আসে। তিনি চারটি চার ও তিনটি ছক্কা তোলেন। চারে ব্যাট করা তাওহীদ হৃদয় এদিনও প্রত্যাশা মেটাতে পারেননি। তিনি ২০ বলের মুখোমুখি হয়ে ২৬ রান করেন। একটি করে চার ও ছক্কা মারেন। স্লগে শামীম ১১ বলে ১১ রান করেন। জাকের ১৩ বলে ১২ ও সোহান ৬ বলে ১২ রানের হার না মানা ইনিংস খেলেন। রান প্রত্যাশা ১৭০ রানের ওপরে থাকলেও দেড়শ’র পরই আটকে যায় বাংলাদেশ।

লড়াই করার পুঁজি পেলেও শঙ্কার কারণ হয় লিটন দাসদের একজন বোলার কম নিয়ে একাদশ সাজিয়ে পার্ট টাইম স্পিনার সাইফ হাসান ও শামীম পাটোয়ারির অফ স্পিনে ভরসা রাখায়। রশিদ খান ও নুর আহমেদদের বোলিং ওই শঙ্কা আরও প্রকট করে। স্পিনার নাসুম আহমেদ ও রিশাদ আহমেদ এবং পেসার মুস্তাফিজ দুর্দান্ত বোলিং করলেও শঙ্কা সত্যি প্রমাণ করেন সাইফ ও শামীম। 

নাসুম যেখানে ৪ ওভারে মাত্র ১১ রান দিয়ে ২ উইকেট নিয়েছেন এবং রিশাদ ৪ ওভারে ১৮ রান খরচায় ২ উইকেট নিয়েছেন, সেখানে সাইফ ৩ ওভারে দিয়েছেন ৩৯ রান। শামীম ১ ওভারে হজম করেছেন ১৬ রান। তাদের ৪ ওভারে ৫৫ রান খেয়ে হারতে বসা দলকে বাঁচিয়েছেন মুস্তাফিজ। তিনি ৪ ওভারে ২৮ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন। ১৯তম ওভারে ৫ রান দিয়ে জোড়া শিকার করেছেন। তাসকিন তার ৪ ওভারে ৩৪ রান দিয়ে নেন ২ উইকেট।

আফগানিস্তানকে টপকে আপাতত পয়েন্ট তালিকার দুইয়ে উঠল বাংলাদেশ। দুই ম্যাচে দুটি জয় পাওয়া শ্রীলঙ্কার পয়েন্টও ৪। তবে শ্রীলঙ্কা নেট রান রেটের হিসেবে বাংলাদেশের চেয়ে অনেক এগিয়ে আছে। শ্রীলঙ্কার নেট রাট রেট ‍+১.৫৪৬, বাংলাদেশের –০.২৭০।

এই শ্রীলঙ্কার হাতেই অবশ্য বাংলাদেশের সুপার ফোরে ওঠার চাবিকাঠি। বৃহস্পতিবার শ্রীলঙ্কা আফগানিস্তানকে হারালেই সুপার ফোরে যাবে বাংলাদেশ। ম্যাচটি পরিত্যক্ত হলেও বাংলাদেশই উঠবে সুপার ফোরে। তবে আফগানিস্তান জিতে গেলে আফগানরা উঠে যাবে সুপার ফোরে।

যারা জাতীয় পার্টিসহ ১৪ দলকে নিষিদ্ধ চায়, তারা আদালতে অভিযোগ দিতে পারে: সালাহউদ্দিন আহমদ

0

আধুনিক ডেস্ক ::

নির্বাহী আদেশে কোনো রাজনৈতিক দলের কর্মকাণ্ড বা কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ ঘোষণা করা বিএনপি সমর্থন করে না। দলের এই অবস্থান জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, যারা জাতীয় পার্টিসহ ১৪ দলকে নিষিদ্ধ ঘোষণা চাচ্ছে, তাদের বক্তব্য যদি সত্য হয় তাহলে তারা সেই অভিযোগটা আদালতে উত্থাপন করতে পারে। আদালতের মাধ্যমেই এ বিষয়ে ফয়সালা হওয়া উচিত বলে উল্লেখ করেন বিএনপি নেতা সালাহউদ্দিন আহমদ। জামায়াতে ইসলামীসহ বেশ কয়েকটি দল জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়ার পাশাপাশি জাতীয় পার্টি ও ১৪ দলকে নিষিদ্ধ করার দাবিতে কর্মসূচি ঘোষণা করেছে। এই প্রেক্ষাপটে মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) রাজধানীর গুলশানে নিজের বাসায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ প্রসঙ্গে দলের অবস্থান তুলে ধরেন সালাহউদ্দিন আহমদ।

বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেন, ‘কোনো রাজনৈতিক দলের কর্মকাণ্ড বা কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ ঘোষণা করা নির্বাহী আদেশে, সেটা আমরা সমর্থন করি না। আমরা আমাদের বক্তব্য দিয়েছি অনেক আগে যে বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে কোনো রাজনৈতিক দলকে রাজনৈতিক দল হিসেবে নিষিদ্ধ করার যে বিষয়টি সেটা নির্ধারিত হোক। লেট দ্য কোর্ট ডিসাইড (আদালতকে নির্ধারণ করতে দিন)।’

আইনি প্রক্রিয়ায় যদি কোনো দলের বিরুদ্ধে গণহত্যা বা মানবতাবিরোধী অপরাধ প্রমাণিত হয়, তাহলে আদালত সেই দলের ওপর নিষেধাজ্ঞা দিতে পারে বলে উল্লেখ করেন সালাহউদ্দিন আহমদ। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে যদি নির্ধারিত হয়, সেটা নির্বাচন কমিশন মানতে বাধ্য। এ ছাড়া অন্য যেকোনো প্রক্রিয়ায় নির্বাহী আদেশের মধ্য দিয়ে যদি আমরা রাজনৈতিক দলকে নিষিদ্ধ চাই তাহলে সেটা হবে একটা ভয়ংকর চর্চা। কারণ, এখন যাঁরা জাতীয় পার্টিসহ ১৪ দলকে রাজনৈতিক দল হিসেবে নিষিদ্ধ ঘোষণা চাচ্ছেন, তাঁদের বক্তব্য যদি সত্য হয় তাহলে তাঁরা সেই অভিযোগটা আদালতে উত্থাপন করতে পারে, আইন তো আছে, বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে সেটা নিশ্চিত হোক।’

তবে আওয়ামী লীগের বিষয় সম্পূর্ণ আলাদা বলে মন্তব্য করেন বিএনপির এই নেতা। তিনি বলেন, ‘তারা গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের জন্য দায়ী। তারা রাষ্ট্রের গণতান্ত্রিক ব্যবস্থা ধ্বংস করার জন্য দায়ী। সেই ফ্যাসিস্ট সরকারের যারা প্রধানমন্ত্রীসহ অন্যদের বিরুদ্ধে গণহত্যা এবং মানবতাবিরোধী অপরাধের দায়ে মামলা দায়ের হয়েছে, আরও হবে, বিচার চলছে।’

রাজনৈতিক দল হিসেবে বিএনপিই সর্বপ্রথম আওয়ামী লীগের বিচারের দাবি তুলেছিল বলে উল্লেখ করেন সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, ‘গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের জন্য রাজনৈতিক দল হিসেবে তাদের বিচারের আওতায় আনা হোক। আদালত নির্ধারণ করবে তারা এ দেশে রাজনীতি এবং নির্বাচন করতে পারবে কি পারবে না। সেই প্রক্রিয়ায় যদি আরও কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে সেই অভিযোগ থাকে, সেটা আদালতে উত্থাপন করা যেতে পারে।’

আন্তর্জাতিক ও আঞ্চলিক হস্তক্ষেপের ঝুঁকির বিষয়েও সতর্ক করেন সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, বাংলাদেশে যদি রাজনৈতিক স্থিতিশীলতা ও গণতান্ত্রিকভাবে নির্বাচিত রাজনৈতিক সরকার প্রতিষ্ঠিত না হয় তাহলে দেশে একটা সাংবিধানিক শূন্যতা বিরাজ করতে পারে। সেই শূন্যতার মধ্যে জাতীয় ঐক্য বিনষ্ট হবে। ঐক্য বিনষ্ট হলে সেটার সূত্র ধরে কথিত ফ্যাসিবাদ সুযোগ নেবে এবং তাদের হাত ধরে আঞ্চলিক শক্তিগুলো এখানে জড়িত হয়ে যেতে পারে পরস্পরের বিরুদ্ধে এবং একটি বৈশ্বিক শক্তিও সেই সুযোগটা নিতে পারে। স্থিতিশীল রাজনৈতিক সরকার প্রতিষ্ঠা না করতে পারলে এই আশঙ্কাগুলো একদম উড়িয়ে দেওয়া যায় না।

সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতি নিয়ে এক প্রশ্নের জবাবে বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, যারা এই ব্যবস্থার পক্ষে, তারা যেন নির্বাচনী ইশতেহারে তা তুলে ধরে জনগণের ম্যান্ডেট নেয়। জনগণের ইচ্ছা ছাড়া পিআর পদ্ধতি চাপিয়ে দেওয়া যাবে না।

নির্বাচন বিলম্বিত বা বাধাগ্রস্ত করার যেকোনো রাজনৈতিক কৌশল জনগণ প্রত্যাখ্যান করবে বলেও মন্তব্য করেন সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, ‘ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য এ দেশের মানুষ ১৬-১৭ বছর ধরে রক্ত দিয়েছে, শহীদ হয়েছে। সুতরাং এই পথে যারাই বাধা সৃষ্টি করতে চাইবে কৌশলে রাজনৈতিক হীন উদ্দেশ্য চরিতার্থ করার জন্য, দলীয় হীন উদ্দেশ্য চরিতার্থ করার জন্য, সেটা জনগণ প্রত্যাখ্যান করবে বলে আমরা বিশ্বাস করি। এখন শেষবিচারে জনগণই হচ্ছে বিচারক।’

বৃষ্টির কারণে জাতীয় লিগ টি-টোয়েন্টি স্থগিত

0

আধুনিক ডেস্ক ::

অনির্দিষ্টকালের জন্য জাতীয় ক্রিকেট লিগ টি-টোয়েন্টি স্থগিত ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। প্রতিকূল আবহাওয়ার কারণে মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে টুর্নামেন্ট স্থগিতের কথা জানিয়েছে বিসিবি। এবারের এনসিএল টি-টোয়েন্টি শুরু হয় রোববার (১৪ সেপ্টেম্বর), তবে টুর্নামেন্টের শুরু থেকেই বৃষ্টির বাধায় বিপর্যস্ত হয়ে পড়ে আয়োজন। উদ্বোধনী দিনে রাজশাহীতে অনুষ্ঠিত ম্যাচটি বৃষ্টির কারণে হয় মাত্র ৫ ওভার। ৫ ওভারে হওয়া সেই ম্যাচে ঢাকা মেট্রোর কাছে হারে রাজশাহী। একই দিনে বগুড়ার ম্যাচটি হয় পরিত্যক্ত।

আবহাওয়ার পূর্বাভাসে পরবর্তী দুই দিন বৃষ্টির শঙ্কা থাকায় বগুড়ার ম্যাচগুলো রাজশাহীতে স্থানান্তরিত করা হয়, তবে তাতেও লাভ হয়নি। গতকালও রাজশাহীর দুটি ম্যাচ পরিত্যক্ত হয়। এরপর মঙ্গলবারের দুই ম্যাচ বুধবারে নেওয়া হয়েছিল। কিন্তু আবহাওয়ার উন্নতি না হওয়ায় সেই দুটি ম্যাচ নিয়েও শঙ্কা তৈরি হওয়ায় আপাতত টুর্নামেন্টই স্থগিত করা হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি লিখেছে, ‘দেশজুড়ে প্রতিকূল আবহাওয়ার কারণে চলমান এনসিএল টি-টোয়েন্টি ২০২৫-২৬ টুর্নামেন্ট পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে টেকনিক্যাল ও টুর্নামেন্ট কমিটি। যেকোনো নতুন অগ্রগতি হলে আমরা আপনাদের জানিয়ে দেব।’

সিলেট নগর থেকে অবৈধ অটোরিকশা সরাতে ১৫ দিনের আল্টিমেটাম

0

আধুনিক রিপোর্ট ::

সিলেট নগরে অবৈধভাবে চলাচল করা সিএনজিচালিত অটোরিকশাকে ১৫ দিনের সময় বেঁধে দিয়েছেন জেলা প্রশাসক মো. সারওয়ার আলম। এসময়ের মধ্যে এসব অটোরিকশা নগর থেকে না সরালে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সিলেট কেন্দ্রীয় বাস টার্মিনাল পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জেলা প্রশাসক মো. সারওয়ার আলম এ কথা জানান।

তিনি বলেন, সিলেট নগরে সিএনজিচালিত বৈধ অটোরিকশা আছে ১৯ হাজার। তবে অবৈধ অটোরিকশা আছে তারচেয়েও বেশি। এগুলোকে নগরে চলাচলের অনুমতি দেওয়া হয়নি। তিনি এলন, আমরা অবৈধ অটোরিকশা চালকদের ১৫ দিনের সময় দিয়েছি। ২২ সেপ্টেম্বরের মধ্যে যেসব সিএনজি শহরে চলাচলের লাইসেন্স নাই সেগুলো শহরের বাইরে সরিয়ে নিতে হবে। এগুলো বিভিন্ন উপজেলায় চলে যাবে। এই সময়ের মধ্যে না সরালে তাদের বিরুদ্ধে অভিযান চালিয়ে জেল-জরিমানা করা হবে। প্রয়োজনে ডাম্পিং করা হবে।

নগরজুড়ে সিএনজি অটোরিকশার অভেধ পার্কিং প্রসঙ্গে তিনি বলেন, তাদের জন্য পার্কিংয়ের নির্দিস্ট স্থান নির্ধারণ করে দেওয়া হবে। পার্কিংয়ের জন্য কোথায় কোথায় ব্যবস্থা করা যায় তা আমরা খতিয়ে দেখছি। তবে সিএনজি চালকরা অনেক সময় পার্কিংয়ের জন্য নির্ধারিত জায়গা ছেড়ে সড়কে চলে আসে। এতে যানজট সৃষ্টি হয়। এখন আমরা তাদের সতর্ক করছি। তারপরও তারা নিয়ম না মানলে আইনগত ববস্থা নেওয়া হবে।

সিলেট কেন্দ্রীয় বাস টার্মিনালের ভেতরে গাড়ি পার্কিং না করে বাইরে সড়কে পার্কিং করা প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এটি আসলে অভ্যাসগত বিষয়। অভ্যাসের কারণে তারা আইন মানছে না। আমরা তাদের এই কাজটি না করতে বুঝানোর চেষ্টা করছি। কথা না শুনলে পরে ব্যবস্থা নেওয়া হবে।

চোরাচালান ও মাদকের নিরাপদ অভয়ারণ্য জৈন্তাপুর সীমান্ত, ক্ষতিগ্রস্ত অর্থনীতি ও তরুণ সমাজ

0

জৈন্তাপুর প্রতিনিধিঃ

৫ আগষ্টের পর থেকে সিলেটের জৈন্তাপুর উপজেলার সীমান্ত এলাকা চোরাকারবারীদের জন্য পরিণত হয়েছে নিরাপদ অভয়ারণ্যে। উপজেলার অন্তত ২০০টিরও বেশি পয়েন্ট দিয়ে প্রতিদিন নির্বিঘ্নে প্রবেশ করছে ভারতীয় গরু-মহিষসহ চিনি, নিম্নমানের চা-পাতা, কসমেটিকস, শাড়ি, লেহেঙ্গা, টায়ার-টিউব ও নানা ধরনের পণ্য। শুধু তাই নয়, হাত বাড়ালেই মিলছে ইয়াবা, ফেনসিডিল, কসিড্রিল, মদ, গাঁজা, হেরোইনসহ ভয়ঙ্কর মাদকদ্রব্য। এতে একদিকে দেশের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হচ্ছে, অন্যদিকে ধ্বংসের দিকে ধাবিত হচ্ছে তরুণ প্রজন্ম। অথচ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ রয়েছেন প্রায় নীরব ভুমিকায়।

সরেজমিন চিত্র বলছে, নলজুরী খাঁসীনদী, খাঁসী হাওড়, মোকামবাড়ী, আলুবাগান, শ্রীপুর, মিনাটিলা, কাঠালবাড়ী, ডিবিরহাওড়, গৌরীশংকর, করিমটিলা, কমলাবাড়ী, ভিতরগোল, গোয়াবাড়ী, বাইরাখেল, জালিয়াখলা, আফিফানগর, বাঘছড়া ও রাবার বাগানসহ অগণিত সীমান্ত পয়েন্ট দিয়ে চলছে এই অবৈধ বাণিজ্য।
স্থল ও নৌপথ দুদিক দিয়েই প্রতিদিন বিপুল পণ্য বাংলাদেশে প্রবেশ করছে।
ভারতীয় সীমান্তের অনেক জায়গায় কাঁটাতারের বেড়া না থাকায় এই রুটগুলো চোরাকারবারীদের কাছে হয়ে উঠেছে আরও জনপ্রিয়।

জৈন্তাপুরে গবাদিপশুর খামার নেই বললেই চলে। তবুও প্রতিটি হাটবাজার ভারতীয় গরু-মহিষে ঠাসা। সীমান্ত পাড়ি দিয়ে সহজেই এসব পশু স্থানীয় বাজারে ঢুকছে। পরে ইজারাদারদের কাছ থেকে ফি দিয়ে সরকারি রশিদ সংগ্রহের মাধ্যমে দেশের বিভিন্ন হাটে সরবরাহ করা হচ্ছে।

স্থানীয়দের অভিযোগ,চোরাচালানের পুরো খেলা নিয়ন্ত্রণ করছে তথাকথিত সোর্স বা লাইনম্যানরা। বিজিবির নাম ব্যবহার করে তারা কোটি কোটি টাকার পণ্য দেশে ঢোকাচ্ছে। শ্রীপুর, মিনাটিলা, ডিবিরহাওড়, জৈন্তাপুর রাজবাড়ী ও লালাখাল বিওপির আওতায় এসব সোর্সের ছত্রছায়ায় অবাধে চলছে সীমান্ত বাণিজ্য। মাঝে মধ্যে কিছু গরু-মহিষ বা পণ্য সিজার দেখানো হলেও মূল চক্র থাকে ধরাছোঁয়ার বাইরে।

অতীতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ চোরাচালান পণ্য আটক হলেও চক্রের কাউকেই আটক করা যায়নি। বরং এখন তারা আরও বেপরোয়া। সীমান্তের সহজ সড়ক ও নৌ যোগাযোগ ব্যবস্থার কারণে অল্প সময়েই এসব পণ্য দেশের ভেতরে ছড়িয়ে দেওয়া হচ্ছে।

এ বিষয়ে জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল বাশার মোহাম্মদ বদরুজ্জামান বলেন, পুলিশ নিয়মিত টহল পরিচালনা করছে। মাদকসহ চোরাচালান পণ্যও আটক হচ্ছে। তবে সীমান্ত ব্যবস্থাপনা সংশ্লিষ্ট বাহিনীর বিষয়।

রাজনৈতিক পালাবদল হলেও জৈন্তাপুর সীমান্তের চিত্র পাল্টায়নি। বরং নতুন নেতৃত্বে আরও শক্তিশালী হয়েছে চোরাচালান সিন্ডিকেট। স্থানীয়দের মতে, এই সীমান্ত এখন হয়ে উঠেছে এক প্রকার ‘স্বর্ণখনি’। কিন্তু এর খেসারত দিতে হচ্ছে দেশের অর্থনীতিকে এবং ধ্বংসের মুখে পড়ছে তরুণ সমাজ।

ভুয়া জুলাই শহীদ ও জুলাই যোদ্ধা প্রমাণিত হলে আইনানুগ ব্যবস্থা: মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়

0


আধুনিক ডেস্ক ::

ভুয়া প্রমাণিত হলে জুলাই শহীদ ও জুলাই যোদ্ধাদের তালিকা থেকে বাদ দিয়ে গেজেট প্রকাশ এবং তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. এনায়েত হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় জুলাই শহীদ ও জুলাই যোদ্ধাদের গেজেট প্রকাশ এবং ভাতাসহ অন্যান্য কার্যক্রম পরিচালনা করে থাকে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি কিছু গণমাধ্যমে ভুয়া জুলাই শহীদ ও জুলাই যোদ্ধা শিরোনামে সংবাদ প্রকাশ করেছে। সংবাদগুলোর প্রতি মন্ত্রণালয়ের দৃষ্টি আকৃষ্ট হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে জুলাই শহীদ ও জুলাই যোদ্ধাদের এমআইএসভুক্ত যে তালিকা মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে, ইতিমধ্যে তা গেজেট আকারে প্রকাশ করা হয়েছে।

জুলাই শহীদ ও জুলাই যোদ্ধার তালিকায় যেসব ভুয়া জুলাই শহীদ ও জুলাই যোদ্ধার নাম অন্তর্ভুক্ত হয়েছিল, তাদের নাম যাচাই–বাছাই করে তালিকা থেকে বাদ দিয়ে ইতিমধ্যে গেজেট প্রকাশ করা হয়েছে এবং এ প্রক্রিয়া অব্যাহত আছে।

এ ছাড়া গণমাধ্যমে যেসব ভুয়া জুলাই শহীদ ও জুলাই যোদ্ধার নাম প্রকাশিত হয়েছে, জুলাই গণ–অভ্যুত্থান অধিদপ্তর তা আবার যাচাই-বাছাই করছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, কোনো প্রকার ভুয়া প্রমাণিত হলে তালিকা থেকে বাদ দিয়ে গেজেট প্রকাশ এবং তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। জুলাই শহীদ ও জুলাই যোদ্ধাদের সঠিক তালিকা প্রণয়নে মন্ত্রণালয় প্রতিশ্রুতিবদ্ধ।

স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন স্থাপনসহ ১৬ দফা দাবি শাবি ছাত্রী সংগঠনের

0

শাবিপ্রবি প্রতিনিধিঃ

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) নারী শিক্ষার্থীদের কল্যাণ নিশ্চিত করতে স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন স্থাপনসহ ১৬ দফা দাবি উত্থাপন করেছে ইসলামী সাংস্কৃতিক সংগঠন ‘স্বরূপ সাংস্কৃতিক সংগঠন’।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে সংগঠনটির সভানেত্রী আমিনা আক্তার ও সাধারণ সম্পাদক জান্নাতুল সুমাইয়া মাফি স্বাক্ষরিত স্মারকলিপি উপাচার্য অধ্যাপক ড এ এম সরওয়ার উদ্দিন চৌধুরীর হাতে তুলে দেন তারা। এসময় সংগঠনের কয়েকজন নেত্রী উপস্থিত ছিলেন।

দাবিগুলো হলো —
১. প্রতিটি বিল্ডিংয়ে মেয়েদের জন্য নামাজ রুম স্থাপন।
২. প্রতিটি বিভাগে একটি করে কমনরুম ও পানির ফিল্টার স্থাপন।
৩. পর্দাশীল শিক্ষার্থীদের জন্য ক্যাফেটেরিয়ায় আলাদা রুমের ব্যবস্থা।
৪. নারী শিক্ষার্থীদের পরিবহনে দ্বিতীয়তল বাসের নিচতলার সিট বরাদ্দ ও আলাদা ৪টি বাস সংযোজন।
৫. যৌন হয়রানিমুক্ত ক্যাম্পাস নিশ্চিত করতে অভিযোগের দ্রুত তদন্ত ও নিষ্পত্তি।
৬. ক্যাম্পাসজুড়ে নিরাপত্তার জন্য পর্যাপ্ত লাইটিং ও সিসিটিভি ক্যামেরা স্থাপন।
৭. ক্যাম্পাসকে ফ্রি-স্মোকিং জোন ঘোষণা।
৮. হলের রিডিং রুমের ধারণক্ষমতা বৃদ্ধি, গণরুম বিলুপ্তি ও মানসম্মত খাবার নিশ্চিতকরণ।
৯. সাবহল (সামাদ ও আমীর কমপ্লেক্স) এর পানি ও বিদ্যুৎ সমস্যা সমাধান।
১০. পরীক্ষার এডমিট কার্ডে ছবি প্রকাশ বন্ধ করা ও ফিঙ্গারপ্রিন্ট ভেরিফিকেশন চালু।
১১. পোশাকজনিত বৈষম্য রোধে পরীক্ষার খাতায় কোডিং সিস্টেম চালু।
১২. মাতৃত্বকালীন শিক্ষার্থীদের জন্য উপস্থিতি ও পরীক্ষায় বিশেষ সুবিধা প্রদান। ১৩. প্রতিটি ভবনে ব্রেস্ট ফিডিং কর্ণার ও ডে-কেয়ার সেন্টারের ব্যবস্থা।
১৪. মেডিকেল সেন্টারে পর্যাপ্ত চিকিৎসাসেবা, ওষুধ সরবরাহ এবং প্রতিটি ভবনে স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন স্থাপন।
১৫. লাইব্রেরির আধুনিকায়ন ও বই নিয়ে পড়ার ব্যবস্থা নিশ্চিতকরণ।
১৬. বিশ্ববিদ্যালয়ের অনলাইন সেবা দ্রুত ও আধুনিক করা।

সংগঠনটির নেত্রীদের মতে, এসব দাবি বাস্তবায়িত হলে নারী শিক্ষার্থীরা আরও নিরাপদ ও শিক্ষাবান্ধব পরিবেশে পড়াশোনা করতে পারবে। এতে তাদের মেধা ও যোগ্যতার সর্বোচ্চ বিকাশ ঘটবে এবং বিশ্ববিদ্যালয়ের মর্যাদাও বাড়বে।

কোম্পানীগঞ্জ যুবলীগের আহবায়ক কমিটির সদস্য জুয়েল আহমদ গ্রেপ্তার

0

কোম্পানীগঞ্জ প্রতিনিধি:

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য জুয়েল আহমদকে গ্রেপ্তার করেছে কোম্পানীগঞ্জ থানা পুলিশ। মঙ্গলবার বিকাল ২টায় ভোলাগঞ্জ ১০ নম্বর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

জুয়েল আহমদ উপজেলার নোয়াগাঁও গ্রামের মৃত সৈয়দ আলীর ছেলে। এবং কোম্পানীগঞ্জ উপজেলা যুবলীগের আহ্বায়ক কমিটির ৭ নাম্বার সদস্য।

কোম্পানীগঞ্জ থানা পুলিশ জানায়, জুয়েল আহমদের বিরুদ্ধে ২টি ওয়ারেন্ট ছিল। তাকে ওয়ারেন্টের ভিত্তিতে আটক করা হয়। বৈষম্য বিরোধী ছাত্রদের উপর হামলার অভিযোগে তার বিরুদ্ধে থানায় মামলা রয়েছে। এছাড়াও তার বিরুদ্ধে থানায় অন্য কোন মামলা আছে কি না খতিয়ে দেখা হচ্ছে।

জুয়েল আহমেদকে গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেন, কোম্পানীগঞ্জ থানার ওসি (তদন্ত) সুজন চন্দ্র কর্মকার। তিনি জানান, বৈষম্য বিরোধী ছাত্রদের উপর হামলার অভিযোগ এছাড়াও মারামারি ও চেক ডিজঅনার আরও ২টি ওয়ারেন্ট থাকায় জুয়েল আহমদকে গ্রেপ্তার করা হয়েছে।আগামীকাল তাকে কোর্টে প্রেরণ করা হবে।

তাপমাত্রা বৃদ্ধিতে বিশ্বে দ্বিতীয় বাংলাদেশ, স্বাস্থ্য-অর্থনীতিতে ভয়াবহ প্রভাব

0

আধুনিক ডেস্ক ::

জলবায়ু পরিবর্তনের প্রভাবে বাংলাদেশ ক্রমেই পরিণত হচ্ছে এক ‌‘হটস্পটে’। বিশ্বে তাপমাত্রা বৃদ্ধির হারে বাংলাদেশ দ্বিতীয়, যা এখন আর শুধু পরিবেশ নয় বরং স্বাস্থ্য ও অর্থনীতির ওপর ভয়াবহ প্রভাব ফেলছে। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে ‘বাংলাদেশের স্বাস্থ্য ও অর্থনীতিতে তাপের প্রভাব’ শীর্ষক এক গবেষণা প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে এ তথ্য উঠে আসে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। বিশেষ অতিথি ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডা. সৈয়দুর রহমান। অনুষ্ঠানে বিশ্বব্যাংকের সিনিয়র অপারেশনস অফিসার মিস ইফফাত মাহমুদ ও সিনিয়র স্বাস্থ্য বিশেষজ্ঞ ওয়ামেক এ. রাজা মূলপ্রবন্ধ উপস্থাপন করেন।

তারা জানান, ১৯৮০ থেকে ২০২৩ সাল পর্যন্ত দেশের সর্বোচ্চ তাপমাত্রা বেড়েছে ১ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। ‘অনুভূত তাপমাত্রা’ বেড়েছে ৪.৫ ডিগ্রি সেলসিয়াস।

বিশ্ব আবহাওয়া সংস্থার মতে, ২০১৫ থেকে ২০২৩ সাল ছিল বিশ্বের সবচেয়ে গরম ৯টি বছর। সবচেয়ে খারাপ অবস্থা ছিল রাজধানী ঢাকায়। ১৯৮০ থেকে ২০২৩ সময়ে ঢাকার তাপমাত্রা বেড়েছে ১ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস যা জাতীয় গড়ের চেয়ে অনেক বেশি।

অনুষ্ঠানে জানানো হয়, অপরিকল্পিত নগরায়ন, গাছপালা উজাড় ও কংক্রিট-নির্ভর উন্নয়নে তৈরি হয়েছে ভয়াবহ তাপ।

বিশ্ব ব্যাংকের ২০২৪ সালের একটি জরিপে উঠে এসেছে কিছু ভয়াবহ তথ্য। এতে দেখা গেছে, তাপমাত্রা বাড়লেই বাড়ছে শারীরিক ও মানসিক রোগের প্রকোপ। যেমন, দীর্ঘমেয়াদি কাশি। শীতে আক্রান্ত ৩.৩ শতাংশ, গ্রীষ্মে এই রোগ বেড়ে যায় ৬ শতাংশে। ‍‍‌‍৩০ ডিগ্রি সেলসিয়াসের বেশি তাপমাত্রায় ঝুঁকি ২২.৭ শতাংশ বেশি।

এছাড়া গরমের সময় তাপজনিত ক্লান্তিতে কর্মক্ষম মানুষ ও প্রবীণরা বেশি ভোগেন। ৩৫ ডিগ্রি সেলসিয়াসের বেশি তাপমাত্রায় ঝুঁকি ২৬.৫ শতাংশ বেশি। গ্রীষ্মে ডায়েরিয়ায় আক্রান্তের হার ৪.৪ শতাংশ, যা শীতে ১.৮ শতাংশ। সবচেয়ে বেশি আক্রান্ত হন নারী ও ৫ বছরের নিচের শিশু। ‍৩৫ ডিগ্রি সেলসিয়াসের বেশি তাপমাত্রায় ঝুঁকি ৪৭.৭ শতাংশ বেশি থাকে।

বিষণ্নতা গ্রীষ্মে দেখা যায় ২০ শতাংশ, শীতে ১৬.২ শতাংশ। উদ্বেগ বাড়ে গ্রীষ্মে ১০ শতাংশ, শীতে ৮.৩ শতাংশ। ‍‍৩৫ ডিগ্রি সেলসিয়াসের বেশি তাপমাত্রায় বিষণ্নতা ২৩.৮ শতাংশ এবং উদ্বেগ ৩৭.১ শতাংশ বেড়ে যায়।

গবেষণায় দেখা গেছে, তীব্র গরমে শুধু স্বাস্থ্য নয়, অর্থনীতির জন্যও ভয়ঙ্কর ধাক্কা। ২০২৪ সালে ২১ হাজার কোটি টাকার মতো কর্মদিবস নষ্ট হয়েছে যার আর্থিক ক্ষতি ১.৩৩ থেকে ১.৭৮ বিলিয়ন ডলার। এটি জিডিপির ০.৩ থেকে ০.৪ শতাংশ ক্ষতি। ‍‌‍‌‍‍‍‌২০৩০ সালের মধ্যে ক্ষতি বেড়ে হতে পারে জিডিপির ৪.৯ শতাংশ। ৩৭ ডিগ্রি সেলসিয়াসে তাপমাত্রা ছাড়ালেই শ্রমজীবী মানুষের উৎপাদনশীলতা হঠাৎ কমে যায়।

বিশেষজ্ঞরা বলছেন, এখনই উদ্যোগ না নিলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে পাঁচটি গুরুত্বপূর্ণ সুপারিশ। এগুলো হলো-
১. জাতীয় প্রস্তুতি জোরদার করতে হবে। তাপপ্রবাহ মোকাবিলায় নিতে হবে সমন্বিত ও দ্রুত ব্যবস্থা।
২. স্বাস্থ্যখাত প্রস্তুত করতে হবে। হাসপাতাল ও জরুরি সেবায় গরম-সম্পর্কিত বিশেষায়িত ব্যবস্থা প্রয়োজন।
৩. প্রতিরোধমূলক প্রযুক্তি ব্যবহার করতে হবে। গরমে সহনশীল আবাসন, ঠান্ডা রাখার প্রযুক্তি, ছায়াযুক্ত কর্মপরিবেশ তৈরি করতে হবে।
৪. আবহাওয়া তথ্য ব্যবস্থাপনার পদক্ষেপ নিতে হবে। সময়মতো সতর্কতা ও পরিকল্পনার জন্য নির্ভরযোগ্য ও বিস্তারিত আবহাওয়া তথ্য জরুরি।
৫. আন্তর্জাতিক সহযোগিতা ও অর্থায়ন দরকার। জলবায়ু অভিযোজনের জন্য বৈশ্বিক ফান্ড ও প্রযুক্তিগত সহায়তা প্রয়োজন।

শুধু বাংলাদেশ নয়, তাপপ্রবাহ এখন একটি বৈশ্বিক স্বাস্থ্য সংকট। তবে বাংলাদেশের মতো ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য এটি অস্তিত্বের প্রশ্ন। নগর পরিকল্পনা, সবুজায়ন, স্বাস্থ্যসেবা ও নীতিনির্ধারণ- সবক্ষেত্রেই ‘তাপ-সচেতনতা’ আনতে হবে। রাজনৈতিক সদিচ্ছা ও আন্তর্জাতিক সহায়তা থাকলে বাংলাদেশও এই সংকট কাটিয়ে উঠতে পারে।