Home Blog Page 121

ছাতকের ভূমিকম্পে কাঁপলো সিলেট

0

আধুনিক ডেস্ক ::

সাত দিনের মাথায় সিলেটে আবার ভূমিকম্প অনুভূত হলো। রোববার বেলা সাড়ে ১২টার ভূমিকম্প অনুভূত হয়েছে সিলেট অঞ্চলে। সিলেটের ছাতকেই এ ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪। এর আগে ১৪ সেপ্টেম্বর রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়। এর উৎপত্তিস্থল অবশ্য ছিল ভারতের আসাম রাজ্যে। এর মাত্রা ছিল ৫ দশমিক ৯।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রুবাইয়াত কবীর বলেন, রোববার ৪ মাত্রার ভূমিকম্প হয়েছে বলে আমাদের কাছে রেকর্ড আছে। এটি স্বল্প মাত্রার ভূমিকম্প। কিন্তু আজকের ভূমিকম্পের উৎপত্তিস্থল সিলেটের ছাতক।

রোববার বেলা ১২ টা ১৯ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়। ভূমিকম্পের উৎপত্তিস্থল রাজধানী ঢাকা থেকে ১৮৫ কিলোমিটার উত্তর–পূর্বে বলে আবহাওয়া অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

গত ১৪ সেপ্টেম্বরের ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভারতের আসামের রাজধানী গুয়াহাটি থেকে দূরে আসাম ভ্যালি ও হিমালয়ের মাঝামাঝি। এটি মাঝারি থেকে ভারী মাত্রার ভূমিকম্প।

ভূমিকম্প বিশেষজ্ঞ অধ্যাপক সৈয়দ হুমায়ুন আখতার বলেন, আজ যেখানে ভূমিকম্প উৎপত্তি হয়েছে সেটি ডাউকি ফল্ট (ডাউকি চ্যুতি) অঞ্চলে হয়েছে। বাংলাদেশের ভূমিকম্পের দুটি উৎস আছে। একটি উত্তরের দিকে আছে, আরেকটা হচ্ছে পূর্ব দিকে। উত্তরের দিকটা হলো ডাউকি ফল্ট (ডাউকি চ্যুতি)। এটা বাংলাদেশের জন্য খুব ঝুঁকিপূর্ণ এলাকা। তাই আজ স্বল্প মাত্রার ভূমিকম্প হলেও এটা একটা সতর্ক সংকেত দিচ্ছে।

অধ্যাপক সৈয়দ হুমায়ুন আখতার বলেন, আজ যেখানে ভূমিকম্প উৎপত্তি হয়েছে এখানে ২০২৪ এর ফেব্রুয়ারি মাসে দুই থেকে তিনটি ৪ বা এর চেয়ে কিছু বেশি মাত্রার ভূমিকম্প হয়। এই এলাকাটি ক্রমেই ঝুঁকিপূর্ণ হয়ে যাচ্ছে।

এই ডাউকি ফল্টে ১৭৮৭ সালের ভূমিকম্পে ব্রহ্মপুত্রের গতি পথ পরিবর্তন হয়ে যায়। আবার এর ১১০ বছর পর ১৮৯৭ সালে ‘গ্রেট ইন্ডিয়া আর্থকোয়েক’ নামে পরিচিতি ভূমিকম্পও এখানে হয়। এর ফলে শুধু আসাম ও মেঘালয় নয়, ঢাকা শহরও ক্ষতিগ্রস্ত হয় বলে জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ব বিভাগের সাবেক অধ্যাপক হুমায়ুন আখতার। তিনি বলেন রিখটার স্কেলে তখন ওই ভূমিকম্পের মাত্রা ছিল ৮ দশমিক ২। ভূমিকম্প ঢাকায় পাঁচজন নিহত হয়। সে সময় ঢাকায় থাকা ইংরেজ কর্মকর্তারা এখনকার রমনায় তাঁবু করে থাকতেন ভূমিকম্পের পরের কয়েক মাস। কেউ কেউ বুড়িগঙ্গায় বজরায় থাকতেন বলেও ঐতিহাসিক তথ্য ঘেঁটে দেখা যায়।

বিপৎসীমার নীচে নেমেছে সিলেটের সকল নদ-নদীর পানি

0

আধুনিক রিপোর্ট ::

উজানে ও দেশে বৃষ্টির প্রবণতা কমায় ৬ দিন পর সিলেটে বিপৎসীমার নীচে নেমেছে সিলেটের সকল নদ-নদীর পানি। ফলে আপাতত বন্যার শঙ্কা কটিয়ে উঠেছে সিলেট। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) সর্বশেষ আপডেট অনুযায়ী রোববার (২১ সেপ্টেম্বর) সকাল ৯টায় ফেঞ্চুগঞ্জ স্টেশনে কুশিয়ারা নদীর বিপৎসীমার ৩ সেন্টিমিটার নীচ দিয়ে বইছে। শনিবার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা পর্যন্ত এ স্টেশনে পানি বিপৎসীমার ২ সেন্টিমিটার ওপর দিয়ে বইছিলো।

পাউবো সূত্রে জানা গেছে, টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা ঢলের ফলে সিলেটে নদ-নদীর পানি বাড়তে শুরু করে। ২৪ সেপ্টেম্বর জকিগঞ্জের আমলসিদ স্টেশনে কুশিয়ারা নদীর পানি বিপৎসীমা অতিক্রম করে। একে একে পানি সুরমা নদীর কানাইঘাট স্টেশনে, কুশিয়ারা নদীর শেওলা, শেরপুর ও ফেঞ্চুগঞ্জ স্টেশনেও বিপৎসীমার ওপর দিয়ে বইতে থাকে। বৃষ্টির প্রবণতা কমতে থাকায় পানিও কমতে থাকে।

বিশ্বের শীর্ষ ২% বিজ্ঞানীর তালিকায় সুবিপ্রবির অধ্যাপক ড. হারুন-অর-রশিদ

0

কুহিনূর রহমান নাহিদ, শান্তিগঞ্জ:

বিশ্ববিদ্যালয় জীবনের ব্যস্ততা, গবেষণার পরিশ্রম আর অ্যাকাডেমিক উৎকর্ষের দীর্ঘ সাধনা- এসবের সমন্বয়েই সাফল্যের এক অনন্য স্বীকৃতি অর্জন করেছেন সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (সুবিপ্রবি) গণিত বিভাগের অধ্যাপক ড. হারুন-অর-রশিদ।

সম্প্রতি বিশ্বের নামকরা প্রকাশনা সংস্থা এলসেভিয়ার এবং যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রকাশিত বিশ্বের শীর্ষ ২% বিজ্ঞানীর তালিকায় স্থান পেয়েছেন তিনি। এ স্বীকৃতি শুধু তাঁর ব্যক্তিগত অর্জন নয়, বরং সুবিপ্রবি তথা বাংলাদেশের জন্যও এক গৌরবের বিষয়।

অধ্যাপক ড. হারুন-অর-রশিদ দীর্ঘদিন ধরে গণিত বিষয়ক গবেষণায় নিয়োজিত। বিশেষ করে তিনি সূক্ষ্ম তরঙ্গ সৃষ্টি, তরঙ্গের বিশৃঙ্খলা কমিয়ে তরঙ্গ শক্তিকে যোগাযোগ মাধ্যমে ব্যবহারের উপযোগী করে তোলার বিষয়ে গবেষণা করেছেন। গণিতের জটিল এ খাতের গবেষণা বিশ্বব্যাপী বিজ্ঞান অঙ্গনে নতুন দিগন্ত উন্মোচন করেছে।

তিনি গবেষণার পাশাপাশি শিক্ষার্থীদের অনুপ্রেরণার উৎস হিসেবে কাজ করে যাচ্ছেন। গবেষণার প্রতি তাঁর অঙ্গীকার এবং শিক্ষার প্রতি আন্তরিকতাই তাঁকে এই পর্যায়ে নিয়ে এসেছে।

নিজের অনুভূতি জানাতে গিয়ে তিনি বলেন, “অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে, এলসেভিয়ার এবং স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় কর্তৃক শীর্ষ ২% বিজ্ঞানীর তালিকায় আমি স্থান পেয়েছি। এই স্বীকৃতি আমার গবেষণা এবং অ্যাকাডেমিক উৎকর্ষতার যাত্রা অব্যাহত রাখার জন্য একটি সম্মান এবং প্রেরণার উৎস।”

তিনি আরও জানান, এ অর্জনের পেছনে তাঁর সহকর্মী, শিক্ষার্থী এবং শুভাকাঙ্ক্ষীদের অবদান অনস্বীকার্য। তাই তাঁদের প্রতি তিনি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

বর্তমানে তিনি সুবিপ্রবির গণিত বিভাগে অধ্যাপক হিসেবে কর্মরত আছেন। এর আগে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন। আন্তর্জাতিক মানের এই স্বীকৃতি সুবিপ্রবি তথা বাংলাদেশের উচ্চশিক্ষা অঙ্গনে নতুন মাত্রা যোগ করল।

শ্রীলঙ্কাকে হারিয়ে সুপার ফোর শুরু বাংলাদেশের

0

স্পোর্টস ডেস্ক ::

৬ বলে ৫ রান দরকার। দাসুন শানাকার করা শেষ ওভারের প্রথম বলে ৪ মেরে ব্যবধানটাকে ১ রানে নামিয়ে আনলেন জাকের আলী। সেই ১ রান করতে আরও ৪ বল খেলতে হলো বাংলাদেশকে। দ্বিতীয় বলে বোল্ড জাকের। তৃতীয় বলে রান হয়নি। চতুর্থ বলটি ছিল শর্ট, সেই বলে উইকেটকিপারকে ক্যাচ দিলেন মেহেদী হাসান। অন্য প্রান্তে তখন শামীম হোসেন রাগে কাঁপছিলেন। পরের বলটায় নতুন ব্যাটসম্যান নাসুম আহমেদ শর্ট থার্ডম্যানে পাঠিয়েই ১ রান নিয়ে দলকে জিতিয়ে দিলেন। ১ বল ও ৪ উইকেট হাতে নিয়ে জিতে সুপার ফোর শুরু করল বাংলাদেশ।

শনিবার (২০ সেপ্টেম্বর) ১৬৯ রানের লক্ষ্য ছুঁয়ে জিতল বাংলাদেশ। টি–টোয়েন্টি এর চেয়ে বড় লক্ষ্য ছুঁয়ে বাংলাদেশ জিতেছে মাত্র দুটি ম্যাচ। ২০১৮ সালে নিদাহাস ট্রফিতে এই শ্রীলঙ্কার বিপক্ষেই সর্বোচ্চ ২১৫ রানের লক্ষ্য ছুঁয়ে জিতেছিল বাংলাদেশ। এশিয়া কাপ টি–টোয়েন্টিতে বাংলাদেশ এত রানের লক্ষ্য ছুঁয়ে জেতেনি কখনো। এর আগে বাংলাদেশ সর্বোচ্চ রান তাড়া করে জিতেছে এবারের এশিয়া কাপেই হংকংয়ের দেওয়া ১৪৪ রানের লক্ষ্য ছুঁয়ে।

রান তাড়ায় বাংলাদেশের শুরুটা ভালো হয়নি। ওপেনার তানজিদ ফিরেছিলেন দলকে ১ রানে রেখে ব্যক্তিগত শূন্য রানে। এরপর অধিনায়ক লিটন দাসকে নিয়ে ৫৯ রানের জুটি গড়েন সাইফ হাসান। সাকিব আল হাসানকে পেছনে ফেলে আন্তর্জাতিক টি–টোয়েন্টিতে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি রান করার রেকর্ড গড়ার পর লিটন ফিরে যান। বাংলাদেশের হয়ে আন্তর্জাতিক টি–টোয়েন্টিতে সর্বোচ্চ রান এখন লিটনের। শনিবার তিনি আড়াই হাজার রানের মাইলফলক পেরিয়েছেন। ‍ লিটনের বিদায়ের পর তাওহিদ হৃদয়কে নিয়ে ৫৪ রান যোগ করেন সাইফ হাসান। বাংলাদেশের জার্সিতে টি–টোয়েন্টিতে দ্বিতীয় ফিফটি করা সাইফ ফিরেন ৪৫ বলে ৬১ রান করে। সেখান থেকে শামীম হোসেনকে নিয়ে ২৭ বলে ৪৫ রান যোগ করে শ্রীলঙ্কাকে ম্যাচ থেকে ছিটকে দেন হৃদয়। ১৯তম ওভারে জয়ের ১০ রান আগে ফিরেন ৩৭ বলে ৫৮ রান করা হৃদয়। এরপর শেষের ওভারের ওই নাটক। নাটকীয় এই ম্যাচে সেরার পুরস্কার পেয়েছেন সাইফ হাসান।

এর আগে শ্রীলঙ্কার ব্যাটিংয়ে তাসকিন আহমেদকে শেষ বলে ছক্কা মেরে ইনিংসের ইতি টানেন দাসুন শানাকা। শানাকার ষষ্ঠ ছক্কাটি শ্রীলঙ্কাকে এনে ১৬৮ রানের পুঁজি। ৭ উইকেট হারিয়ে এই রান তুলে শ্রীলঙ্কা। লঙ্কানদের সেরা ব্যাটার দাসুন শানাকা। ৬ ছক্কা ও ৩ চারে ৩৭ বলে অপরাজিত ৬৪ রানের ইনিংস খেলেন তিনি। কুশল মেন্ডিস করেন ৩৪ রান। বাংলাদেশের হয়ে সেরা বোলিং নৈপুণ্য দেখান মুস্তাফিজুর রহমান। ১৯ রানে নেন ৩ উইকেট। শেখ মেহেদী জোড়া শিকার করেন ২৫ রান দিয়ে। বল হাতে উদারতা দেখিয়েছেন শরিফুল ইসলাম, ৪ ওভারে বিলি করেছেন ৪৯ রান।

 ২৪ সেপ্টেম্বর সুপার ফোরে বাংলাদেশের দ্বিতীয় ম্যাচ, প্রতিপক্ষ ভারত।

ছেলেদের জাতীয় ক্রিকেট দলের নির্বাচক হলেন হাসিবুল, মেয়েদের সালমা

0

স্পোর্টস ডেস্ক ::

জাতীয় ক্রিকেট দলের (পুরুষ) নতুন নির্বাচক হয়েছেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার হাসিবুল হোসেন শান্ত। দীর্ঘদিন ধরে তিনি বয়সভিত্তিক দলগুলোর নির্বাচকের দায়িত্বে ছিলেন। এখন জাতীয় দলে প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন ও আবদুর রাজ্জাকের সঙ্গে কাজ করবেন তিনি। এ ছাড়া জাতীয় নারী ক্রিকেট দলের নির্বাচক হিসেবে দায়িত্ব পেয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক সালমা খাতুন। শনিবার বিসিবি কার্যালয়ে সভার পর নতুন দুই নির্বাচক নিয়োগের সিদ্ধান্তের কথা জানান বিসিবি পরিচালক ইফতেখার রহমান।

এ বছরের মার্চে জাতীয় ক্রিকেট দলের নির্বাচকের দায়িত্ব ছেড়ে কোচিংয়ে যোগ দেন হান্নান সরকার। এর পর থেকে গাজী আশরাফ ও রাজ্জাকই নির্বাচকের ভূমিকায় ছিলেন। এখন যোগ হয়েছেন হাসিবুল। ফাস্ট বোলার হিসেবে খেলোয়াড়ি জীবন পার করা হাসিবুল বাংলাদেশ দলের হয়ে ৫ টেস্টে ৬ ও ৩২ ওয়ানডেতে ২৯ উইকেট নিয়েছেন।

১৯৯৭ আইসিসি ট্রফিজয়ী দলের সদস্য ছিলেন মৌলভীবাজারের কুলাউড়ার সন্তান শান্ত। ওই টুর্নামেন্টে বাংলাদেশের হয়ে ১১ উইকেট নেন হাসিবুল। পরে ১৯৯৯ সালে বাংলাদেশের প্রথম বিশ্বকাপ দলের সদস্যও ছিলেন তিনি।

নারী দলের নতুন নির্বাচক সালমা বাংলাদেশের নারী ক্রিকেটের শুরুর দিকের খেলোয়াড়দের একজন। দেশের হয়ে ৪৬টি ওয়ানডে ও ৯৫ টি-টোয়েন্টি খেলেছেন সালমা। ২০১৮ সালে নারী এশিয়া কাপজয়ী দলের অধিনায়কও ছিলেন।

২০২৩ সালের জুলাইয়ে সর্বশেষ ম্যাচ খেলা সালমা এখনো পর্যন্ত আনুষ্ঠানিক অবসরের ঘোষণা দেননি। ৩৪ বছর বয়সী এই ক্রিকেটার এবার জাতীয় দলে কাজ করতে চলেছেন নির্বাচক হিসেবে। নারী দলের নির্বাচক হিসেবে আগে থেকে কাজ করছেন সাজ্জাদ আহমেদ।

সালমার নির্বাচক কমিটিতে অন্তর্ভুক্তি নিয়ে ইফতেখার রহমান সাংবাদিকদের বলেন, ‘প্রথমবারের মতো নারী জাতীয় দলের জন্য নির্বাচক হিসেবে সালমা খাতুনকে যুক্ত করা হয়েছে। আপনারা জানেন, ২০১৪ সালে আইসিসির সেরা বোলার ও অলরাউন্ডার ছিলেন। জাতীয় দলে দীর্ঘদিন অধিনায়কত্ব করেছেন। আমার মনে হয় এটা রেভুলশনারি একটা সিদ্ধান্ত। সালমা থাকায় ভবিষ্যতে নারী দল আরও ভালোভাবে উপকৃত হবে। দেশে প্রথমই হলো এমন।’

গোয়াইনঘাটে স্বামীর দায়ের কোপে স্ত্রী খুন

0

গোয়াইনঘাট প্রতিনিধি ::

সিলেটের গোয়াইনঘাটে স্বামীর দায়ের কোপে খুন হয়েছেন এক গৃহবধূ। শনিবার (২০ সেপ্টেম্বর) বেলা ২টার দিকে উপজেলার বিছানাকান্দি এলাকার বগাইয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রুবেনা বেগম (৩০) গোয়াইনঘাট উপজেলার বিছানাকান্দি এলাকার বগাইয়া গ্রামের আলী আহমদ (৩৫)-এর স্ত্রী । এই ঘটনায় রুবেনার স্বামী আলী আহমদকে আটক করেছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গেছে, পারিবারিক কলহের জেরে আলী আহমদ দা দিয়ে স্ত্রীকে কুপিয়ে হত্যা করেন। পরে তিনি নিজেকেও কুপিয়ে গুরুতর জখম করেন। স্থানীয়রা তাকে আটক করে হাসপাতালে নিয়ে যায়। খবর পেয়ে বিকেল ৩টার দিকে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, স্বামী-স্ত্রীর মধ্যে সবসময় কলহ চলত। হয়তো সেই কারণেই এ হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তিনি আরও জানান, ‘আলী আহমদের কিছুটা মানসিক সমস্যা রয়েছে। বর্তমানে তিনি পুলিশের জিম্মায় হাসপাতালে ভর্তি আছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’

স্বৈরাচার পালিয়েছে, অদৃশ্য শক্তি মাথাচাড়া দিয়ে উঠছে: তারেক রহমান

0

আধুনিক ডেস্ক ::
স্বৈরাচার পালিয়ে গেলেও অদৃশ্য শক্তি ধীরে ধীরে মাথাচাড়া দিয়ে উঠছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। কিশোরগঞ্জ জেলা বিএনপির ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে শনিবার (২০ সেপ্টেম্বর) বিকেলে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে তিনি এ মন্তব্য করেন।

জেলা শহরের পুরোনো স্টেডিয়ামে আয়োজিত সম্মেলনে তারেক রহমান বলেন, ‘আপনাদের অনেকের মনে আছে, স্বৈরাচার পালিয়ে যাবার কয়েক দিন পরে আমি একটি কথা বলেছিলাম যে স্বৈরাচার তো বিদায় হয়ে গেছে, পালিয়ে গেছে, অদৃশ্য শক্তি কিন্তু ধীরে ধীরে মাথাচাড়া দিয়ে উঠছে। আজকে থেকে প্রায় এক বছর আগের কথা কিন্তু ধীরে ধীরে দৃশ্যমান হতে শুরু করেছে।’

বাংলাদেশের মানুষ ১৬ বছর ধরে তাদের অধিকার আদায়ের জন্য লড়াই করছে উল্লেখ করে তারেক রহমান বলেন, মানুষ ও গণতন্ত্রে বিশ্বাসী রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধভাবে অধিকার ফিরে পাওয়ার জন্য সংগ্রাম করেছে। বর্তমানে অন্তর্বর্তী সরকার দেশ পরিচালনা করছে, সরকার সংস্কার প্রস্তাব দিয়েছে। এই প্রস্তাবগুলোর ৯০ শতাংশ প্রস্তাব আড়াই বছর আগেই দেশের মানুষের সামনে বিএনপি উপস্থাপন করেছে। বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দল এ বিষয়ে মতামত উপস্থাপন করেছে। মতমতের কোনো কোনো বিষয়ে হয়তো মতপার্থক্য থাকতে পারে। তবে বাংলাদেশের মানুষের রাজনৈতিক অধিকার, মানুষের নিরাপত্তা ও মানুষের বেঁচে থাকার অধিকারের প্রশ্নে কারও সঙ্গে কোনো দ্বিমত নেই। অর্থাৎ বিএনপি এই কাজগুলো করতে চায়।

নির্বাচন সামনে রেখে যেকোনো মূল্যে নেতা–কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান। সমাবেশে উপস্থিত সবাইকে প্রশ্ন রেখে তিনি বলেন, ‘আপনারা কি কারও ব্যক্তিগত কর্মী, নাকি আপনারা ধানের শীষের কর্মী, বলেন তো আমাকে। আপনারা জাতীয়তাবাদী শক্তির কর্মী, জাতীয়তাবাদী শক্তির পক্ষ থেকে যখন একটি সিদ্ধান্ত হয়ে যাবে আমাদের প্রত্যেকের দায়িত্ব হচ্ছে যেকোনো মূল্যে তা বাস্তবায়ন করা। আজকে যেমন আপনারা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে সম্মেলনকে সফল করলেন, ইনশা আল্লাহ আগামী ফেব্রুয়ারি মাসে ঐক্যবদ্ধভাবে একটি সফল জনরায় আনতে সক্ষম হব।’

নেতা–কর্মীদের দৃষ্টি আকর্ষণ করে তারেক রহমান বলেন, ‘আমি আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ কথা বলতে চাই, যেটা আমি বারবার বলে আসছি, আমাদের প্রত্যেককে অত্যন্ত সচেতন থাকতে হবে। কেউ যেন আমাদের নাম ব্যবহার করে, এই দলের নাম ব্যবহার করে, বিএনপির নাম ব্যবহার করে তাদের ব্যক্তিস্বার্থ হাসিল না করতে পারে। কেউ যাতে আমাদের নাম ব্যবহার করে জনগণকে আমাদের সম্পর্কে বিভ্রান্তি ছড়াতে না পারে। এই ব্যাপারে আপনাদের প্রত্যেককে দায়িত্ব গ্রহণ করতে হবে।’

এত আত্মবিশ্বাসী যে সরকারি দল হবেন, নির্বাচনে আসেন না কেন: সালাহউদ্দিন আহমদ

0

আধুনিক ডেস্ক ::

সরকারি দল হওয়ার বিষয়ে আত্মবিশ্বাসী হলে নির্বাচনে আসতে এত বাহানা কেন—এমন প্রশ্ন তুলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। বিএনপির এই নেতা বলেন, ‘আপনারা যখন এত আত্মবিশ্বাসী যে সরকারি দল হবেন, তাহলে নির্বাচনে আসেন না কেন? নির্বাচনে জনগণ ভোট দিয়ে কারা সরকারে যাবে আর কারা বিরোধী দলে যাবে সেটা ঠিক করবে। আজকে এক বাহানা, কালকে আরেক বাহানা- এসব অজুহাত দেখিয়ে কেন আপনারা নির্বাচনকে বাধাগ্রস্ত করতে চান? শনিবার (২০ সেপ্টেম্বর) রাজধানীর কাকরাইল ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স (আইডিইবি) মিলনায়তনে সামাজিক সংগঠন অর্পণ আলোক সংঘ আয়োজিত ‘তারুণ্যের রাষ্ট্রচিন্তার তৃতীয় সংলাপ’-এ এসব কথা বলেন সালাহউদ্দিন আহমদ। অনুষ্ঠানের পরিকল্পনা, গ্রন্থনা ও উপস্থাপনা করেন বীথিকা বিনতে হোসাইন।

সালাহউদ্দিন বলেন, ‘আজকে শিরোনাম দেখলাম কোথাও— জামায়াতে ইসলামী সরকার গঠন করবে, বিএনপি যাবে বিরোধী দলে। তো ভাইসাব, বিএনপি বিরোধী দলে যাবে নাকি জনগণ ঠিক করবে। যারা জনগণের ভোটে বিশ্বাস করে না, তারাই এসব কথা বলে।’

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে চট্টগ্রাম নগরে আয়োজিত এক সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর চট্টগ্রাম অঞ্চলের পরিচালক মুহাম্মাদ শাহজাহান বলেন, আগামী জাতীয় নির্বাচনে জামায়াতে ইসলামী সরকার গঠনের মতো আসনে বিজয়ী হবে। জামায়াতে ইসলামী সরকারি দল হবে। বিএনপিকে বিরোধী দলে যেতে হবে। এর প্রেক্ষিতে সালাহউদ্দিন আহমদ এ কথা বলেন। বিরোধী দল প্রসঙ্গে বিএনপির এই স্থায়ী কমিটির সদস্য বলেন আরও বলেন,

সরকার সব সময় চায় বিরোধী দল যেন মাঠে না থাকে। অথচ গণতন্ত্রে সরকার ও বিরোধী দল দুটোই জনগণের। বিরোধী দল মানে শত্রু নয়, রাষ্ট্রের অংশ। সালাহউদ্দিন আহমদ বলেন, একই সময়ে কেউ সরকারি দল ও বিরোধী দল হতে পারে না। দরজা হয় খোলা থাকে, নয় বন্ধ থাকে— এক সাথে দুটো হয় না। যারা এখনো ছাত্র প্রতিনিধি হয়ে সরকারে বসে আছেন, প্রতিদিনই তাদের দায়ভার বহন করতে হচ্ছে। জনগণের সঙ্গে দ্বিমুখী আচরণ করে কোনো দল বা সংগঠন টিকে থাকতে পারে না।

সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতি দাবির প্রসঙ্গে বিএনপি’র এই স্থায়ী কমিটির সদস্য বলেন, কেউ কেউ বলছেন, ‘পিআর চাই’। আমরা বলেছি জনগণ ভোটের মাধ্যমে তা দেবে। দাবি-দাওয়াগুলো নির্বাচনী ইশতেহারে উল্লেখ করে নির্বাচনে আসুন। জনগণ সমর্থন দিলে তখনই তা বাস্তবায়ন হবে। এটা-ই গণতন্ত্রের রীতি। একতরফা ঘোষণা দিয়ে জনগণকে বিভ্রান্ত করা যায় না।

জুলাই সনদ বাস্তবায়ন প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ বলেন, এ বিষয়ে সুপ্রিম কোর্টের মতামত নেওয়াই উত্তম। কারণ সংবিধান অনুযায়ী বিচার বিভাগের সিদ্ধান্তই চূড়ান্ত। তিনি বলেন, বিচার বিভাগের রায় মানা না হলে রাষ্ট্রে নৈরাজ্য সৃষ্টি হবে। আদালতের রায়ের বাইরে গিয়ে কোনো রাজনৈতিক সমাধান টেকসই হয় না।

সংলাপে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেন, বাংলাদেশের রাজনীতি এখন মিডিয়া, ব্যবসায়ী, মাফিয়ার হাতে বন্দী হয়ে গেছে। জনগণের প্রকৃত প্রতিনিধিত্ব হারিয়ে গেছে। রাজনৈতিক দলগুলো জনগণের কাছে জবাবদিহি না করে কিছু গোষ্ঠীর কাছে জবাবদিহি করছে। এভাবে চলতে থাকলে গণতন্ত্র কখনোই শক্তিশালী হবে না।

বর্তমান প্রজন্মের ভুল স্বীকার করার সাহস আছে বলে উল্লেখ করে হাসনাত বলেন, ‘আমরা তরুণ প্রজন্ম ভিন্ন। আমরা স্বীকার করি আমাদেরও ভুল থাকতে পারে, কিন্তু ভুল স্বীকার করার সাহস আমাদের আছে। আগের প্রজন্মের অনেক রাজনীতিবিদ ভুল করেও সেটা অস্বীকার করে গেছেন, যার ফল ভুগছে পুরো জাতি। তাই নতুন প্রজন্মই পারে রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তন করতে।’

হাসনাত আরও বলেন, তরুণ প্রজন্মকে আজ রাজনীতির বাইরে ঠেলে দেওয়া হচ্ছে। অথচ তারাই দেশের ভবিষ্যৎ। তরুণেরা যদি রাজনীতিতে সরাসরি সম্পৃক্ত না হয়, তাহলে এই দেশকে এগিয়ে নেওয়া যাবে না। এনসিপি সেই পথ তৈরি করতে চায়, যেখানে তরুণেরা নিজের মতামত স্বাধীনভাবে প্রকাশ করতে পারবে এবং রাষ্ট্র পরিচালনায় সরাসরি ভূমিকা রাখতে পারবে।

সংলাপে বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক আবদুস সালাম, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবিদুল ইসলাম খান, কবি জসীম উদ্দীন হল ছাত্রদলের আহ্বায়ক তানভীর বারী হামিম, বিজয় একাত্তর হল ছাত্রদলের আহ্বায়ক তানভীর আল হাদী মায়েদ প্রমুখ।

বাংলাদেশসহ ৯ দেশের ওপর আরব আমিরাতের ভিসা নিষেধাজ্ঞা

0

আধুনিক ডেস্ক ::

নয়টি দেশের ওপর পর্যটন ও কর্ম ভিসার উপর অস্থায়ী নিষেধাজ্ঞা ঘোষণা করেছে সংযুক্ত আরব আমিরাত (ইউএই)। এই তালিকায় বাংলাদেশও রয়েছে। ২০২৬ সালের জানুয়ারি থেকে কার্যকর হবে এই নির্দেশনা। এছাড়া ব্যবসায়িক উদ্দেশ্যে প্রবেশ করতে ইচ্ছুক এই নয় দেশের নাগরিকরাও নিষেধাজ্ঞার আওতায় থাকবে।

দেশটির অভিবাসন বিজ্ঞপ্তি অনুযায়ী, নিষেধাজ্ঞার আওতায় থাকা দেশগুলো হলো- আফগানিস্তান, লিবিয়া, ইয়েমেন, সোমালিয়া, লেবানন, বাংলাদেশ, ক্যামেরুন, সুদান ও উগান্ডা।

নিরাপত্তা উদ্বেগ, ভূ-রাজনৈতিক সম্পর্ক এবং কোভিড-১৯-এর মতো মহামারিকে নিষেধাজ্ঞার অন্যতম কারণ হিসেবে উল্লেখ করেছে দেশটি। যদিও এ বিষয়ে বিস্তারিত কারণ প্রকাশ করেনি আমিরাত সরকার।

তবে বর্তমানে এর মধ্যে কিছু দেশ ছাড়া সংযুক্ত আরব আমিরাতের পর্যটন ও কর্মক্ষেত্রের ভিসার জন্য আবেদন করতে পারে। ২০২৬ সালের জানুয়ারিতে নিষেধাজ্ঞা কার্যকর হলে এই আবেদনের সুযোগ আর থাকবে না ওই দেশগুলোর নাগরিকদের জন্য, যা পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বলবৎ থাকবে।

পরিচ্ছন্ন ও সাশ্রয়ী জ্বালানি সমাধানের ওপর গুরুত্বারোপ প্রধান উপদেষ্টার

0

আধুনিক ডেস্ক ::

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, বাংলাদেশকে এখনই পরিচ্ছন্ন, নিরাপদ ও সাশ্রয়ী জ্বালানি সমাধানের দিকে অগ্রসর হতে হবে, যাতে দেশ টেকসই অর্থনৈতিক উন্নয়নের নতুন পথে এগিয়ে যেতে পারে। শনিবার (২০ সেপ্টেম্বর) সকালে প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের এক বার্তায় তা জানানো হয়েছে। এর আগে শুক্রবার (১৯ সেপ্টেম্বর) রাতে অ্যানথ্রোপোসিন ইনস্টিটিউটের চেয়ারম্যান কার্ল পেজ ও তার সহকর্মীদের সঙ্গে এক ভার্চুয়াল সম্মেলনে দেওয়া বক্তব্যে তিনি এ কথা বলেন।

অধ্যাপক ইউনূস বলেন, বিশ্বের ঘনবসতিপূর্ণ ও জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর একটি হিসেবে বাংলাদেশ দীর্ঘদিন জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরশীল থাকার সামর্থ্য রাখে না। তিনি বলেন, এখন সময় এসেছে বাংলাদেশকে গুরুত্ব সহকারে বিকল্প পরিচ্ছন্ন জ্বালানি বিবেচনা করার, যার মধ্যে বৃহৎ পরিসরে সৌরবিদ্যুৎ স্থাপন অন্যতম।

গুগলের সহপ্রতিষ্ঠাতা ল্যারি পেজের ভাই কার্ল পেজ পরবর্তী প্রজন্মের পারমাণবিক প্রযুক্তি এবং হাইব্রিড সিস্টেমে অগ্রগতির কথা উল্লেখ করেন, যা নির্ভরযোগ্য, শূন্য-কার্বন বিদ্যুৎ সরবরাহ করতে সক্ষম। তিনি জোর দিয়ে বলেন, বার্জ-ভিত্তিক পারমাণবিক চুল্লিগুলি সাশ্রয়ী, কম রক্ষণাবেক্ষণ প্রয়োজন এবং বাংলাদেশের ক্রমবর্ধমান শিল্প খাতকে কয়েক দশক ধরে বিদ্যুৎ সরবরাহ করতে সক্ষম।

পেজ বলেন, পারমাণবিক শক্তি আজ আর বিশ্বব্যাংকের মতো বড় উন্নয়ন অর্থায়ন সংস্থাগুলোর কাছে নিষিদ্ধ বিষয় নয়। ইন্দোনেশিয়ার মতো দেশ ইতোমধ্যেই তাদের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা পূরণে এ প্রযুক্তি গ্রহণ করছে।

তিনি উল্লেখ করেন, উদ্ভাবনে বাংলাদেশের শক্তিশালী রেকর্ড রয়েছে। তাই দেশটি পরিচ্ছন্ন জ্বালানির রূপান্তরে নেতৃত্ব দিতে পারে। এর সুফল হবে কর্মসংস্থান সৃষ্টি, জ্বালানির দাম স্থিতিশীল রাখা এবং শিল্প খাতের প্রতিযোগিতা বৃদ্ধি।

পেজ আরও বলেন, বাংলাদেশ উদীয়মান প্রযুক্তির জন্য একটি কৌশলগত কেন্দ্র এবং পারমাণবিক উদ্ভাবনে শান্তিপূর্ণ নেতৃত্বের ভূমিকায় অবতীর্ণ হতে পারে।

অধ্যাপক ইউনূস জানান, অন্তর্বর্তী সরকার সম্প্রতি একটি নতুন জাতীয় বিদ্যুৎ নীতি প্রণয়ন করেছে। এতে সৌর জ্বালানির গ্রহণযোগ্যতা বাড়ানোকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। তবে তিনি উল্লেখ করেন, পারমাণবিক বিকল্প নিয়ে যেকোনো সিদ্ধান্ত নেওয়ার আগে কঠোর গবেষণা ও সম্ভাব্যতা যাচাই অপরিহার্য।

তিনি বলেন, আমরা অবশ্যই এসব সুযোগ অনুসন্ধান করব। তবে প্রতিশ্রুতিশীল এসব প্রযুক্তি নিয়ে গভীর গবেষণা দরকার। কোনো সন্দেহ নেই—বাংলাদেশকে জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা দ্রুত হ্রাস করতেই হবে।

সভায় আরও উপস্থিত ছিলেন— বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন এবং সরকারের সিনিয়র সচিব ও এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোরশেদ।