Home Blog Page 122

দিন-রাত অভিযান : ১ জনের ৩ মাস জেল ২০ টি নৌকা জব্দ ২টি নৌকা ধ্বংস

0

কোম্পানিগঞ্জ প্রতিনিধি:

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ধলাই সেতুর নিচ থেকে ও রোপওয়ে (বাঙ্কার) সংরক্ষিত এলাকায় বালু উত্তোলনের দায়ে ১জন কে ৩ মাসের জেল, ২০টি বারকি নৌকা জব্দ ও ২টি বারকি নৌকা ধ্বংস করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার রাত ৮টা থেকে আজ শুক্রবার রাত ৯টা পর্যন্ত টাস্কফোর্সের অভিযানে নেতৃত্বে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রবিন মিয়া এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদি হাসান হৃদয়। এসময় উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) রতন শেখ (ওসি), তদন্ত সুজন চন্দ্র কর্মকারসহ একদল পুলিশ সদস্য।

কারাদণ্ডপ্রাপ্ত হলেন, উপজেলার ভোলাগঞ্জ রুস্তমপুর গ্রামের জগম্বর আলী’র পুত্র মোহাম্মদ মামুন আহমেদ (২২)। এবং তাকে গত ১৫ আগস্ট কোম্পানীগঞ্জ থানায় খনি ও খনিজ সম্পদ (নিয়ন্ত্রণ ও উন্নয়ন) আইন ১৯৯২ এর ৫ তৎসহ দণ্ডবিধি ৩৭৯/৪৩১ ধারায় মামলা দায়ের করা আসামি হিসেবে দেখানো হয়।

ওসি রতন শেখ জানান, ভোলাগঞ্জ সাদাপাথর চুরি কাণ্ডে জড়িত বারকি নৌকার লাইনম্যান, গভীর রাত্রে ধলাই ব্রিজের পাশ থেকে আটক করা হয়েছে।

এ তথ্য নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তার
রবিন মিয়া জানান, এক জনকে ৩ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, লীজ বহির্ভূত এলাকা ও ধলাই সেতুর নিচ থেকে বালু উত্তোলনের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

কোম্পানীগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান, আটক ১

0

কোম্পানিগঞ্জ প্রতিনিধি:

সিলেটের কোম্পানীগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মদ জব্দ করা হয়েছে। এ ঘটনায় একজনকে আটক করা হলেও আরেকজন পালিয়ে যায়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিভাগীয় কার্যালয় সিলেটের উপ-পরিদর্শক মো. মামুনার রশিদ ও বিভাগীয় স্টাফদের সমন্বয়ে গঠিত রেইডিং পার্টি কোম্পানীগঞ্জ থানাধীন কোম্পানীগঞ্জ গ্রামের একটি বসতঘরে অভিযান চালায়।

অভিযানে ওই গ্রামের মৃত শরিয়ত আলীর ছেলে তুরাপ আলী (৪৫) কে আটক করা হয়। তবে একই গ্রামের গৌখালের পাড় এলাকার আরেকজন ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

অভিযান শেষে উদ্ধারকৃত ৮০০ বোতল ভারতীয় মদ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের হেফাজতে রাখা হয়। পরবর্তীতে আটককৃত তুরাপ আলীকে এজাহার দায়েরের মাধ্যমে সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে কোম্পানীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বিভাগীয় কার্যালয় সিলেটের উপ-পরিদর্শক মো. মামুনার রশিদ বলেন, “অভিযানে বিভিন্ন ব্র্যান্ডের মোট ৮০০ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়েছে, যার বাজারমূল্য আনুমানিক ৭ লাখ ৫৬ হাজার টাকা।”

জুলাই সনদকে আইনি ভিত্তি দিতে হবে: হামিদুর রহমান আজাদ

0

আধুনিক রিপোর্ট ::

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারি সেক্রেটারী জেনারেল সাবেক এমপি ড. এ এইচ এম হামিদুর রহমান আজাদ বলেছেন, বর্তমান সরকারকে জনআকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য জুলাই ঘোষণা সনদের কার্যক্রম সমাপ্ত করতে হবে এবং জুলাই সনদকে আইনি ভিত্তি দিতে হবে। জুলাই সনদ আইনি ভিত্তি না পেলে আগামী ফেব্রুয়ারির নির্বাচন হবে ফ্যাসিবাদ আমলের ভিত্তির নির্বাচন। সংস্কারবিহীন নির্বাচন হলে এটি হবে জুলাই চেতনার পরিপন্থী নির্বাচন। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টায় নগরীর রেজিস্ট্রারি মাঠে জুলাই সনদের আইনীভিত্তি, পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচনসহ ৫ দফা দাবিতে সিলেট মহানগর জামায়াতের বিক্ষোভ সমাবেশের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘এ বছরের ৫ আগস্ট বর্ষপূর্তি উপলক্ষে সরকার জুলাই ঘোষণাপত্র দিয়েছে। সরকার সেই ঘোষণাপত্রে জুলাই স্পিরিট ধারণ করার পরিবর্তে বিশেষ জাতি-গোষ্টির এজেন্ডা বাস্তবায়ন করেছে। সেই ঘোষণাপত্রে শাপলা চত্বরের গণহত্যার কোনো উল্লেখ নেই, পিলখানায় সেনা হত্যার কথা উল্লেখ নেই, শেখ হাসিনার আমলের গুম-খুন ও জুডিসিয়ালের কথা উল্লেখ নেই। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ওয়াদা করেছিল জুলাই সনদ হবে ঐক্যমতের ভিত্তিতে। ৮৪টি বিষয়ে ঐক্যমত হয়েছে কিন্তু কিছু কিছু বিষয়ে দুই-একটি দল হস্তক্ষেপ করেছে। এই সরকারের ভূমিকা আমরা নিরপেক্ষ দেখিনি।

সংস্কার কমিশনের কথা উল্লেখ করে তিনি বলেন, সরকার যেই প্রতিশ্রুতি দেশবাসীকে দিয়েছিল জুলাই চেতনার ভিত্তিতে এবং যে জনআকাঙ্ক্ষা তৈরি হয়েছে সেই আকাঙ্ক্ষা হচ্ছে বাংলাদেশকে আমরা সামনে এগিয়ে নিয়ে যেতে চাই। কিন্তু দুর্ভাগ্য হলেও সত্য, ফ্যাসিবাদের আমলে যা ঘটেছে তা বর্তমান সরকারের শাষনামলেও ঘটছে। কোনো কোনো দল নিজের দলের লোকদের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে। বিভিন্ন বাজার-হাট দখল, চাঁদাবাজি ও সন্ত্রাসীতে লিপ্ত হয়েছে। সেই জায়গা থেকে বর্তমান সরকার তার ব্যর্থতার পরিচয় দিচ্ছে। অন্তর্বর্তীকালীন সরকার সংস্কারের শুরুতে প্রথমে ১১টি কমিশন, পরে ৬টি নিয়ে ঐক্যমত কমিশন করেছেন। দীর্ঘ তিন মাস পর এখনও সংস্কারের জন্য বৈঠকের পর বৈঠক হচ্ছে কিন্তু বিশেষ একটি দলের হস্তক্ষেপে সংস্কার বাধাপ্রাপ্ত হচ্ছে।

আগামী নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, ‘যারা জুলাই চেতনাকে স্বীকার না করে সংস্কারে বাধা প্রদান করতে চায় তারাই প্রকৃতভাবে নির্বাচন বানচাল করতে চায়। দুই একটি দল পিআর পদ্ধতি মানেন না, সংস্কার পদ্ধতিও মানেন না এবং আইনি ভিত্তিও তারা চান না তাহলে ফেব্রুয়ারীর নির্বাচন কিসের ভিত্তিতে করবেন। সেই শেখ হাসিনা আমলের নির্বাচন, দিনের ভোট রাতে দেওয়ার নির্বাচন, ২০১৪ সালের বিনা প্রতিদ্ধন্ধিতার নির্বাচন, ২০২৪ সালের ডামি নির্বাচন। এই নির্বাচন আর হবে না। জুলাই বিপ্লবের মধ্য দিয়ে সেই অপশাসনের কবর রচিত হয়েছে। ফ্যাসিবাদ বাংলাদেশ থেকে উৎখাত হয়েছে। সেই বাংলাদেশে ফ্যাসিবাদ আমলের নির্বাচন আর হবে না। যদি সুষ্ঠু নির্বাচন চান, তাহলে সংস্কারকৃত আইনের ভিত্তিতে নির্বাচন দেন। পুরনো পদ্ধতির নির্বাচন বাতিল করেন। বাংলাদেশেও পিআর পদ্ধতির নির্বাচন করতে হবে।

হামিদুর রহমান আজাদ আরও বলেন, ‘জামায়াতে ইসলামের সরকারের মাধ্যমে আমরা রাষ্ট্রকে নতুন পথ দেখাবো। বাংলাদেশ নতুন রাজনৈতিক ব্যবস্থার মাধ্যমে সামনে এগিয়ে যাবে। এই আন্দোলন সংগ্রামে যারা জীবন দিয়েছেন, আহত হয়েছেন তাদের হত্যাকারীদের বিচার করা হবে। দুর্নীতি ও লুটপাটের মাধ্যমে দেশের অর্থনীতিকে যারা ধ্বংস করে দিয়েছে সেই দুর্নীতিবাজদের বিচার করা হবে। অন্তর্বর্তীকালীন সরকারের মাধ্যমে বাংলাদেশে আমরা ইতিহাসের সেরা নির্বাচন উপহার দেব। দেশের মানুষ উৎসবমূখর পরিবেশে ভোট দান করবে। আগামী ফেব্রুয়ারীতে জাতীয় নির্বাচনে মানুষ উৎসব পালন করবে। আগামী নির্বাচন উপলক্ষে সরকার সংস্কার কার্যক্রম হাতে নিয়েছে, বিচার কার্যক্রমসহ নির্বাচনী টাইমলাইন ঘোষণা করেছে।’

এসময় বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম, মহানগর নায়েবে আমীর ড. নূরুল ইসলাম বাবুল ও সেক্রেটারী মোহাম্মদ শাহজাহান আলীসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

জামায়াত ঘোষিত ৫ দফা দাবিগুলো হলো- জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন করা। আগামী জাতীয় নির্বাচনে উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু করা। অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সকলের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা। ফ্যাসিস্ট সরকারের সকল জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা। স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা।

ভেল্লালাগে ম্যাচ শেষে খবর পেলেন, তার বাবা আর নেই

0

আধুনিক ডেস্ক ::

আফগানিস্তানের বিপক্ষে ম্যাচের পরই বাবার মৃত্যুর খবর পেয়েছেন শ্রীলঙ্কান ক্রিকেটার দুনিত ভেল্লালাগে। হৃদ্‌রোগে মারা গেছেন তার বাবা সুরাঙ্গা ভেল্লালাগে। তাঁর মৃত্যুর খবরটি নিশ্চিত করেছে শ্রীলঙ্কান সংবাদমাধ্যম নিউজওয়ার। ৫৪ বছর বয়সী সুরাঙ্গা নিজেও একজন ক্রিকেটার ছিলেন।

আফগানিস্তানের বিপক্ষে ম্যাচে মহীশ তিকসানাকে বাদ দিয়ে একাদশে নেওয়া হয় ভেল্লালেগেকে। যদিও খুব ভালো পারফর্ম করতে পারেননি তিনি। প্রথম তিন ওভারে ১৭ রান দিলেও শেষ ওভারে সব ওলটপালট হয়ে যায়। ভেল্লালাগের করা ইনিংসের শেষ ওভারে আফগানিস্তানের মোহাম্মদ নবী ৩১ রান তুলে নেন, সব মিলিয়ে সেই ওভারে হয়েছে ৩২ রান।
১৭০ রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে কুশল মেন্ডিসের ৫২ বলে ১০ চারে অপরাজিত ৭৪ রানে ৮ বল হাতে রেখে শ্রীলঙ্কা ম্যাচটি জিতে নিয়েছে ৬ উইকেটে। শ্রীলঙ্কার জয়ে সুপার ফোরে উঠেছে বাংলাদেশও।

বাংলাদেশকে সঙ্গী করে সুপার ফোরে উঠলো শ্রীলঙ্কা

0

স্পোর্টস ডেস্ক ::

আফগানিস্তানকে হারিয়ে বাংলাদেশকে সঙ্গী করে এশিয়া কাপের সুপার ফোরে উঠলো শ্রীলঙ্কা। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) আবুধাবির জায়েদ স্টেডিয়ামে আফগানিস্তানকে ৬ উইকেটে হারিয়ে ‘বি’ গ্রুপে চাম্পিয়ন হয়েছে শ্রীলঙ্কা। শ্রীলঙ্কা জিতেছে প্রথম পর্বের তিনটি ম্যাচই। তিন ম্যাচের দুটিতে জিতে গ্রুপ রানার্সআপ হয়ে শেষ চারে জায়গা করে নিয়েছে বাংলাদেশ।

সুপার ফোরে উঠতে এই ম্যাচটি জিততেই হতো আফগানিস্তানকে। বাঁচামরার সেই ম্যাচে টসে জিতে ব্যাটিং নিয়ে ৮ উইকেটে ১৬৯ রান তোলে আফগানরা। শেষ ওভারে মোহাম্মদ নবীর ঝড়ে ৩২ রান তুলেছিল দলটি। কিন্তু এই রান যথেষ্ট হলো না। শ্রীলঙ্কা রানটা টপকে গেছে ৮ বল হাতে রেখেই।

আবুধাবির জায়েদ স্টেডিয়ামে ম্যাচটি শ্রীলঙ্কার জন্য আরও সহজ হতে পারত। টস জিতে ব্যাট করা আফগানদের পাওয়ার প্লেতে তিনটি ও ৭৯ রানে ৬ উইকেট তুলে নেয় শ্রীলঙ্কা। সেখান থেকে শেষ ওভারে পাঁচ ছক্কা হাঁকান মোহাম্মদ নবী৷ আফগানিস্তান ৮ উইকেটে ১৬৯ রানের বড় সংগ্রহ তুলে ফেলে। নবী ২২ বলে ছয়টি ছক্কা ও তিন চারে ৬০ রানের দুর্দান্ত ইনিংস খেলেন।

রশিদ ও নবী ৩৫ রানের জুটি গড়েন। এর মধ্যে রশিদের ব্যাট থেকে ২৩ বলে ২৪ রান আসে। তার আগে আফগান ব্যাটার ইব্রাহিম জাদরান ২৪ রান করেন। ওপেনার সাদেকুল্লাহ আতাল ১৮ রান যোগ করেন।

জবাব দিতে নেমে শ্রীলঙ্কা ২২ রানে ওপেনার পাথুম নিশাঙ্কা (৬) ও ৪৭ রানে তিনে নামা মিশারাকে (৪) হারায়। তবে অন্য ওপেনার কুশল মেন্ডিস ৫২ বলে ৭৪ রানের হার না মানা ইনিংস খেলে ম্যাচ বের করে নেন। ১০ টি চার মারেন তিনি।

কুশল মেন্ডিসের সঙ্গে ৪৫ রানের জুটি দেন কুশল পেরেরা। তিনি ২০ বলে ২৮ রান করে ফেরেন। চারিথা আশালঙ্কা ১২ বলে ১৭ রান যোগ করেন। ম্যাচ শেষ করে আসা কামিন্দু মেন্ডিস ১৩ বলে ২৬ রানের দারুণ ইনিংস খেলেন। শ্রীলঙ্কার পেসার নুয়ান থুসারা ৪ ওভারে ১৮ রান দিয়ে ৪ উইকেট নেন।

সুপার ফোরে ওঠা বাংলাদেশ গ্রুপ সঙ্গী শ্রীলঙ্কা ও অন্য গ্রুপের দুই দল ভারত ও পাকিস্তানের বিপক্ষে ম্যাচ খেলবে। সেখান থেকে পয়েন্ট টেবিলের সেরা দুই দল ফাইনালে যাবে।

বাংলাদেশে পিআরের প্রয়োজনীয়তা নেই: মির্জা ফখরুল

0

আধুনিক ডেস্ক ::

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি পিআরের পক্ষে নয়। বাংলাদেশে পিআরের প্রয়োজনীয়তা নেই। জুলাই সনদ নিয়ে আলোচনা চলছে। অনেক বিষয়ে বিএনপি একমত হয়েছে। সেগুলো সামনে আনলেই হয়। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সিঙ্গাপুরে চিকিৎসা শেষে দেশে ফিরে বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন বিএনপি মহাসচিব।

তিনি বলেন, একটি বিষয় পরিষ্কার—যেটাই করা হোক জনগণের সমর্থন বড় প্রয়োজন। জনগণের সমর্থনে নির্বাচনের মাধ্যমে যে পার্লামেন্ট আসে, সেই পার্লামেন্ট সংবিধান পরিবর্তন করতে পারে, সংশোধনী আনতে পারে। সেখানেই সেটা সম্ভব।

১৪ দল ও জাতীয় পার্টি নিষিদ্ধের প্রসঙ্গে বিএনপির মহাসচিব বলেন, কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করার পক্ষে বিএনপি নয়।

তিনি বলেন, আলোচনা ছাড়া রাজপথে কর্মসূচি দেওয়া অহেতুক চাপ সৃষ্টি করা, যা গণতন্ত্রের জন্য শুভ নয়। ফখরুল বলেন, এভাবে রাজপথে আসলে সমাধান হয়ে যাবে? আমার প্রশ্ন। বিএনপি সবচেয়ে বড় রাজনৈতিক দল, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। বিএনপি এখন পর্যন্ত ৫ আগস্ট থেকে কোনো ইস্যুতে রাজপথে আসেনি। আলোচনার মধ্য দিয়েই সব সমস্যা সমাধানের করতে চাচ্ছি। আমার বিশ্বাস এগুলো আলোচনার মাধ্যমেই শেষ হবে। বিএনপি মহাসচিব বলেন, বিএনপি সব সময় আলোচনার মধ্য দিয়ে সমাধান হবে বলে বিশ্বাস করে।

জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হিসাবে যুক্তরাষ্ট্র যাবেন, সেখানে আপনাদের ভূমিকা কী হবে-সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ফখরুল বলেন, ‘আমি নিজেও জানি না সেখানে আমাদের ভূমিকা কী হবে। কারণ ড. ইউনূসের সঙ্গে এ বিষয়ে এখনো কথা হয়নি। কথা হলে হয়তো জানতে পারবো। আমার মনে হয় দেশের গণতন্ত্র উত্তরণের বিষয়টিই প্রধান্য পাবে। একই সঙ্গে দেশের উন্নয়ন বিষয়টিও গুরুত্ব পাবে।’

এমসি কলেজে ‘শরৎ কবিতা উৎসব ২০২৫’ উদযাপন

0

আধুনিক ডেস্ক:

গান-কবিতা-নৃত্যে সিলেটের ঐতিহ্যবাহী মুরারিচাঁদ (এমসি) কলেজে ষড়ঋতুর শরৎকে বরণ করে ‘শরৎ কবিতা উৎসব-১৪৩২’ উদযাপন করা হয়েছে। আজ বৃহস্পতিবার কলেজের শহিদ মিনারে মুরারিচাঁদ কবিতা পরিষদ ৪র্থ বারের মতো শরৎকে বরণ করে নেয় নানা আয়োজনের মাধ্যমে। মুরারিচাঁদ কবিতা পরিষদের নাঈমুল ইসলাম গুলজার ও অনুশুয়া বিশারদ অতসী‘র সঞ্চালনায় মইনুল হাসান আবির’র সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর গোলাম আহমদ খান।

এসময় বক্তারা বলেন, আমরা বিভিন্নভাবে কবিতাকে দেখি, সংজ্ঞায়িত করি, উপলব্ধি করি। ভাষা যেমন মানুষের মনের ভাব প্রকাশ করে, কবিতাও তেমনি গদ্যের মতো ভাষা প্রকাশের অন্যতম আরেকটি মাধ্যম। কবিতা চর্চা বা কবিতা লেখা সহজ বিষয় নয় তা মনেপ্রাণে ধারণ করতে পারলে কাব্যিক প্রাণ ফিরে পাবে।

এই অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এমসি কলেজের প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর আবুল আনাম মো. রিয়াজ।

অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের শিক্ষক পরিষদ সম্পাদক প্রফেসর মো. গিয়াস উদ্দিন, বাংলা বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর পান্না বসু, গণিত বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর তপতী চৌধুরী, মুরারিচাঁদ কবিতা পরিষদের দায়িত্বপ্রাপ্ত প্রফেসর সুনীল ইন্দু অধিকারী, ফৌজিয়া আজিজ ও অঘ্রাতা সৌরভ, বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ বিলাল উদ্দিন, বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক শেখ মো. নজরুল ইসলাম ও উদ্ভিদবিজ্ঞান বিভাগের সহকারি অধ্যাপক শাহনাজ বেগম এবং কলেজের বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, সাংবাদিক, রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ ও সাধারণ শিক্ষার্থীবৃন্দ।

আলোচনা পর্ব শেষে মুরারিচাঁদ কবিতা পরিষদ-এর মুখপত্র “ত্রৈমাসিক জাগরণ” এর ২২তম সংখ্যার মোড়ক উন্মোচন করা হয়। সাংস্কৃতিক পর্বে মুরারিচাঁদ কবিতা পরিষদ, থিয়েটার মুরারিচাঁদ ও মোহনা সাংস্কৃতিক সংগঠনের সদস্যদের অংশগ্রহণে কবিতা আবৃত্তি, গান, একক, দ্বৈত কবিতা আবৃত্তি ও দলগত নৃত্য পরিবেশিত হয়।

অমর একুশে বইমেলা এবার ডিসেম্বরে শুরু হবে

0

আধুনিক ডেস্ক ::

আগামী ফেব্রুয়ারি মাসে পবিত্র রমজান পালিত হবে। তার আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা রয়েছে অন্তর্বর্তী সরকারের। এই পরিপ্রেক্ষিতে অমর একুশে বইমেলা এগিয়ে আনা হয়েছে। ভাষার মাস ফেব্রুয়ারির প্রথম দিন থেকে অমর একুশে বইমেলা শুরু হলেও এবার ডিসেম্বরের মধ্যভাগে এই মেলা শুরু হবে। অমর একুশে বইমেলার আয়োজক কর্তৃপক্ষ বাংলা একাডেমি বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে, আগামী ১৭ ডিসেম্বর থেকে ১৭ জানুয়ারি পর্যন্ত অমর একুশে বইমেলা অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার বিকেলে বাংলা একাডেমির শহীদ মুনীর চৌধুরী সভাকক্ষে অমর একুশে বইমেলা ২০২৬-এর তারিখ নির্ধারণসংক্রান্ত সভায় এ সিদ্ধান্ত হয় বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. মফিদুর রহমানের সভাপতিত্বে সভায় বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম, একাডেমির সচিব ও পরিচালকেরা উপস্থিত ছিলেন। এ ছাড়া বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির প্রতিনিধিরা সভায় উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও পবিত্র রমজানের পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এর আগে করোনা মহামারির প্রকোপ শুরু হলে ২০২১ অমর একুশে বইমেলা হয়েছিল মার্চ মাসে। পরের বছর ২০২২ সালে ১৫ ফেব্রুয়ারি থেকে মার্চের মাঝামাঝি পর্যন্ত মাসব্যাপী এ মেলা হয়েছিল।

তার আগে ১৯৮৩ সালে এইচ এম এরশাদের সময় স্বৈরাচারবিরোধী আন্দোলনের কারণে একবার বইমেলা বন্ধ ছিল। এ বছর ডিসেম্বরে বইমেলা হলে একই বছরে দুইবার মেলা অনুষ্ঠিত হতে চলেছে।

সিলেটের রাস্তায় পুলিশের ‘ফুলেল অ্যাকশন’

0

আধুনিক রিপোর্ট ::

ট্রাফিক আইন যারা মানেন না প্রায়ই তাদের বিরুদ্ধে অ্যাকশনে নামে পুলিশ। আর যারা আইন মানেন, তাদের বেলায় কী? তাদেরকে ফুল দিয়ে শুভেচ্ছা জানালো সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)। স্বয়ং এসএমপির বড়কর্তা ফুল হাতে হাজির হলেন রাজপথে। নগরের হুমায়ূন রশীধ চত্বরে ট্রাফিক আইন মেনে গাড়ি-মোটরসাইকেল নিয়ে যারা রাস্তায় চলছিলেন তাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানালেন এসএমপি কমিশনার আবদুল কুদ্দুস টৌধুরী। কারও কারও সাথে সেলফিবন্দিও হয়েছেন তিনি।

সিলেট নগরের সড়কে শৃঙ্খলা ফেরাতে ও যানজট কমাতে মহানগর পুলিশের পক্ষ থেকে ৫টি নির্দেশনা জারি করা হয়েছে। বুধবার সিলেট মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে এ নির্দেশনা জারির পর বৃহস্পতিবার সরেজমিন তদারকিতে নামেন সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার আবদুল কুদ্দুস চৌধুরী। শুধু এসএমপি কমিশনারই নয়, নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে এ কার্যক্রমে অংশগ্রহণ নেন এসএমপির উর্ধ্বতন কর্মকর্তারা। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত কার্যক্রম পরিচালিত হয়।

নগরীর মেন্দিবাগ পয়েন্টে অতিরিক্ত পুলিশ কমিশনার, সোবহানিঘাট পয়েন্টে উপ পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন), নাইওরপুল পয়েন্টে উপ পুলিশ কমিশনার (সিটিএসবি), বন্দরবাজার পয়েন্টে উপ পুলিশ কমিশনার (প্রসিকিউশন), চৌহাট্টা পয়েন্টে উপ পুলিশ কমিশনার (ট্রাফিক), শিবগঞ্জ পয়েন্টে উপ পুলিশ কমিশনার (দক্ষিণ), নয়াসড়ক পয়েন্টে উপ পুলিশ কমিশনার (উত্তর), টিলাগড় পয়েন্টে উপ পুলিশ কমিশনার (পিওএম), লামাবাজার পয়েন্টে অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (সিটিএসবি), সুবিদবাজার পয়েন্টে অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (উত্তর প্রশাসন), মদিনা মার্কেট পয়েন্টে অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (উত্তর অপরাধ), মেজরটিলা পয়েন্টে অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (দক্ষিণ প্রশাসন), রিকাবিবাজার পয়েন্টে অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (দক্ষিণ অপরাধ) আম্বরখানা পয়েন্টে অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (ট্রাফিক ) মুক্তযোদ্ধা চত্বরে সহকারী পুলিশ কমিশনার (দক্ষিণ), জিন্দাবাজার পয়েন্টে সহকারী পুলিশ কমিশনার (উত্তর ) ও হুমায়ুন রশিদ চত্বরে সহকারী পুলিশ কমিশনার (ট্রাফিক) ও স্টাফ অফিসাররা ফুলেল শুভেচ্ছা জানান।

বিএনপি ৭ হাজারের বেশি সদস্যের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিয়েছে: তারেক রহমান

0

নানা অভিযোগে বিএনপির সাত হাজারের বেশি দলীয় সদস্যের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি জানান, দুর্নীতি, চাঁদাবাজি ও অসদাচরণের দায়ে কেউ পদচ্যুত হয়েছেন। আবার অনেকেই বহিষ্কৃত হয়েছেন। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপুর পৌনে ১২টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ কথা জানান তারেক রহমান।

ওই পোস্টে তারেক রহমান লেখেন, ‘শৃঙ্খলা কোনো দুর্বলতা নয়; বরং সেটিই আমাদের শক্তি। নিজেদের সদস্যদের দায়বদ্ধ করার মাধ্যমেই আবারও প্রমাণ হলো যে, বিএনপি সততার ব্যাপারে আন্তরিক এবং আমরা ক্ষমতাসীনদের কাছে যেসব মানদণ্ড দাবি করি, নিজেদেরও ঠিক সেই একই মানদণ্ডে দাঁড় করাই।’

এভাবেই বিএনপি জনগণের, বিশেষ করে তরুণদের আস্থা পুনর্গঠন করতে চায় বলে জানান তারেক রহমান। সময়ের চাহিদা ও চ্যালেঞ্জ মোকাবিলায় বিএনপি সব সময়ই নিজেকে আধুনিকায়ন করেছে বলেন তারেক রহমান।

পোস্টে তারেক রহমান আরও লেখেন, ‘আমরা জনগণের সঙ্গে সরাসরি সংযোগ ও যোগাযোগ আরও শক্তিশালী করছি। শিক্ষা, স্বাস্থ্যসেবা, তরুণদের কর্মসংস্থান, জলবায়ু পরিবর্তন এবং ডিজিটাল উদ্ভাবনের প্রতিশ্রুতিসহ ৩১ দফা কর্মসূচির ভিত্তিতে আমাদের নীতিমালা গড়ে উঠেছে। আমরা চাই অন্তর্ভুক্তিকে অগ্রাধিকার দিয়ে আরও বেশি নারী, তরুণ নেতা ও পেশাজীবীদের অংশগ্রহণ নিশ্চিত করা, যাতে জাতি আরও এগিয়ে যায় এবং রাজনীতি মানুষের সেবায় নিয়োজিত থাকে।’

বাংলাদেশের বর্তমান চ্যালেঞ্জগুলো আলাদা, তাই বিএনপির পদক্ষেপগুলোকে নতুনভাবে চিন্তানির্ভর হতে হবে বলেন তারেক রহমান।

নিজ ঐতিহ্যকে ধারণ করে বিএনপি শৃঙ্খলাবদ্ধ, ভবিষ্যৎমুখী ও আধুনিক বাংলাদেশ বিনির্মাণের পথযাত্রাকে অগ্রাধিকার দিচ্ছে বলেও জানান তারেক রহমান।

আগামী ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচনকে সামনে রেখে দেশের প্রত্যেক ভোটারের আস্থা নিশ্চিত করা বিএনপির লক্ষ্য বলেও জানান তারেক রহমান।