Home Blog Page 119

মধ্যনগরে যুবদল নেতার বিরুদ্ধে জলাশয় দখল, হামলা ও চাঁদাবাজির অভিযোগ

0

মো: ইমাম হোসেন, ধর্মপাশা – মধ্যনগর:

সুনামগঞ্জের মধ্যনগর উপজেলায় যুবদল নেতার বিরুদ্ধে জলাশয় দখল, গ্রামবাসীর উপর হামলা-মামলা ও চাঁদাবাজির অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকাবাসী জেলা যুবদল সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে লিখিত আবেদন জানিয়েছে।

অভিযোগে বলা হয়, মধ্যনগর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রায়হান উদ্দিন সোহেল দীর্ঘদিন ধরে গ্রামের মসজিদ সংলগ্ন কুড়ি বিলের জলাশয় দখল করে রেখেছেন। তিনি দাবি করছেন, জমিটি খাস থেকে কালেকশনে এনেছেন। কিন্তু আসলে গ্রামের রেকর্ডকৃত জমি জোরপূর্বক দখল করে নিয়েছেন। গ্রামবাসী প্রতিবাদ করলে মিথ্যা মামলা দিয়ে হয়রানি, ভয়-ভীতি ও হামলার ঘটনা ঘটাচ্ছেন।

গ্রামবাসীর অভিযোগ, রায়হান উদ্দিন চলার পথে সাধারণ মানুষকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং মামলার ভয় দেখিয়ে টাকা আদায় করেন। সম্প্রতি তার কুকীর্তির ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে বলেও আবেদনপত্রে উল্লেখ করা হয়।

এলাকাবাসীর দাবিতে, গত ৮ সেপ্টেম্বর বংশীকুন্ডা বাজারে শত শত মানুষ মানববন্ধন করে ইউএনও ও ওসি বরাবর স্মারকলিপি প্রদান করেছে। তারা অভিযোগ করেন, রায়হান উদ্দিনের এমন কর্মকাণ্ডের কারণে দলে চরম ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং তৃণমূল কর্মীরা হতাশ হচ্ছে।

অভিযোগপত্রে এলাকাবাসী রায়হান উদ্দিনের বিরুদ্ধে দলীয় তদন্ত ও সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

আবেদনে স্বাক্ষর করেছেন— জুলহাস মিয়া, মোবারক, মিশুক মিয়া, রমিজ আলী, রয়েল মিয়া, হাদীজ্জামাল, শাহিন মিয়া ও আলমগীর।

ভোলাগঞ্জে সাদাপাথর লুট: ৬ দপ্তর ও বেলার কাছে নথি চেয়েছে দুদক

0

আধুনিক ডেস্ক ::

সিলেটের ভোলাগঞ্জে সাদাপাথর লুটপাটের ঘটনায় জড়িত ব্যক্তিদের খোঁজে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ নিয়ে ছয়টি সরকারি দপ্তর ও বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) কার্যালয়ের কাছে নথিপত্র চেয়ে চিঠি পাঠিয়েছে সংস্থাটি। সম্প্রতি দুদকের প্রধান কার্যালয় থেকে পৃথকভাবে এসব চিঠি পাঠানো হয়। দুদকের ঊর্ধ্বতন এক কর্মকর্তা প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন।

যে দপ্তরগুলোর কাছে নথি তলব করা হয়েছে, সেগুলো হলো সিলেটের বিভাগীয় কমিশনার কার্যালয়, জেলা প্রশাসন অফিস, পুলিশ সুপারের কার্যালয়, কোম্পানীগঞ্জ থানা, খনিজ সম্পদ ব্যুরো ও খনিজ সম্পদ ও জ্বালানি মন্ত্রণালয় এবং বেলার সিলেট অফিস।

দুদক সূত্র জানায়, চিঠিগুলোয় যেসব তথ্য জানতে চাওয়া হয়েছে, তার মধ্যে রয়েছে ভোলাগঞ্জ এলাকায় খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরো (বিএমডি) যেসব তদন্ত করেছে, তার সত্যায়িত কপি ও তদন্ত কর্মকর্তাদের বিস্তারিত পরিচয়; কী পরিমাণ পাথর উত্তোলন বা আত্মসাৎ করা হয়েছে এবং কতটা অবশিষ্ট রয়েছে, তার তথ্য; পাথর উত্তোলনের কারণে রাষ্ট্রের আর্থিক ক্ষতির হিসাব; পাথর লুট নিয়ে বিএমডি থেকে দায়ের করা মামলার এজাহারের কপি, মামলার তদন্তকারী কর্মকর্তার নাম ও গ্রেপ্তারকৃতদের তালিকা এবং অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয়েছে ও দায়ী সরকারি–বেসরকারি ব্যক্তিদের নাম।

এর আগে ৩ সেপ্টেম্বর দুদক জানিয়েছিল, ভোলাগঞ্জে সাদাপাথর লুটপাটে রাজনীতিবিদ ও সরকারি কর্মকর্তাসহ অর্ধশতাধিক ব্যক্তির সংশ্লিষ্টতার প্রমাণ মিলেছে। উপপরিচালক রাশেদুল হাসানের নেতৃত্বে একটি দল অনুসন্ধানের দায়িত্ব পেয়েছে।

দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন এক সংবাদ সম্মেলনে বলেছিলেন, অভিযানে প্রাথমিক সত্যতা মেলায় অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে কমিশন। অপরাধের মাত্রা ও সংশ্লিষ্টতার ধরন বিবেচনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

পিছিয়ে গেলো রাকসু নির্বাচন

0

আধুনিক ডেস্ক ::

কমপ্লিট শাটডাউন, ভিসির বাসভবন ঘেরাওয়ের ঘটনায় উত্তেজনা-অস্থিরতার পর পূজার ছুটির কারণে ও ছাত্রদলসহ ৫ প্যানেলের দাবিতে পিছিয়ে গেলো রাকসু নির্বাচন। ২৫ সেপ্টেম্বরের পরিবর্তে আগামী ১৬ অক্টোবর নির্বাচনের নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে। সোমবার রাতে রাকসুর প্রধান নির্বাচন কমিশনার প্রফেসর ড. এফ নজরুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। নির্বাচন কমিশনের জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রাকসু নির্বাচন কমিশনের পূর্ণাঙ্গ সভায় আগামী ২৫ সেপ্টেম্বরে অনুষ্ঠিতব্য রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাকসু, হল সংসদ ও সিনেট-এ ছাত্র প্রতিনিধি নির্বাচনপূর্ব উদ্ভুত পরিস্থিতি সার্বিকভাবে বিস্তারিত পর্যালোচনা করা হয়। এ সভা লক্ষ্য করা যায়, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বিরাজমান পরিস্থিতি কোনো অবস্থাতেই রাকসু নির্বাচন অনুষ্ঠানের অনুকূলে নয়। কারণ, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের ঘোষিত “কমপ্লিট শাটডাউন” কর্মসূচি চলছে। এছাড়া নির্বাচনে দায়িত্ব পালনে প্রয়োজনীয় সংখ্যক শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীর অংশগ্রহণ নিশ্চিত করা যায়নি।

এতে আরও বলা হয়, উপর্যুক্ত বিবেচনায় রাকসু নির্বাচন উৎসবমুখর, অংশগ্রহণমূলক ও সুষ্ঠুভাবে পরিচালনা করার স্বার্থে কমিশন আগামী ২৫ সেপ্টেম্বর ২০২৫ তারিখের পরিবর্তে আগামী ১৬ অক্টোবর (বৃহস্পতিবার) রাকসু নির্বাচন অনুষ্ঠানের সর্বসম্মত সিদ্ধান্ত গ্রহণ করছে।

এ বিষয়ে রাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক এফ নজরুল ইসলাম বলেন, ‘বর্তমান পরিস্থিতিতে রাকসু নির্বাচন আয়োজন সম্ভব নয়। তাই নির্বাচন কমিশন দীর্ঘক্ষণ আলোচনা করে এই সিদ্ধান্ত নিয়েছে।’

এদিকে রাকসু নির্বাচন পেছানোর প্রতিবাদে কোষাধ্যক্ষের কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করছে শাখা ইসলামী ছাত্রশিবির।

বিক্ষোভ সমাবেশে ছাত্রশিবির সভাপতি মোস্তাকুর রহমান জাহিদ বলেন, নির্বাচন কমিশন আস্থার জায়গা হারিয়ে ফেলেছে। বার বার নির্বাচন পেছানোর যে অপরাজনীতি করছে, তা শিক্ষার্থীরা ৩৫ বছর থেকে দেখে দেখে বিরক্ত। আমরা ইসলামী ছাত্রশিবির ২৫ তারিখেই নির্বাচন চাই।’

ছাত্রশিবিরের বিক্ষোভের বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক এফ নজরুল ইসলাম বলেন, ‘তারা (ছাত্রশিবির) মানছে না কিন্তু মানতে হবে। ক্যাম্পাসের এই অবস্থায় এখন কোনোভাবেই নির্বাচন আয়োজন সম্ভব নয়।’

পোষ্য কোটাকে ইস্যু করে উদ্ভূত পরিস্থিতি এবং দুর্গাপূজার ছুটিতে শিক্ষার্থীদের ক্যাম্পাস ছাড়ার কারণে রাকসু নির্বাচন পেছানোর দাবি করেছে ছাত্রদল মনোনীত প্যানেলসহ অন্তত পাঁচটি প্যানেল, ২০ জন স্বতন্ত্র প্রার্থী এবং হল সংসদের প্রার্থীরা। সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের পরিবহন মার্কেটে প্যানেলগুলোর সম্মিলিত সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। তবে ছাত্র শিবির সমর্থিত প্যানেলের জিএস প্রার্থী ফাহিম রেজা বলেছেন, ‘পূজার আগে নির্বাচন হলেই অংশগ্রহণ বেশি হবে। পরে হলে আরও কম হবে। আমরা চাই ২৫ সেপ্টেম্বরই নির্বাচন হোক।’

এদিকে রাকসু নির্বাচনের আগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের ‘কমপ্লিট শাটডাউন’ (অনির্দিষ্টকালের কর্মবিরতি) শুরু হয়েছে। পোষ্য কোটা পুনর্বহালের প্রতিবাদে শিক্ষার্থীদের সঙ্গে শিক্ষক-কর্মকর্তাদের হাতাহাতি ও ধস্তাধস্তির ঘটনার পরিপ্রেক্ষিতে এই কর্মসূচি ডাকা হয়েছে। ফলে ক্যাম্পাস পুরোপুরি ফাঁকা হয়ে পড়েছে, ক্লাস-পরীক্ষা বন্ধ রয়েছে।

সোমবার সকাল ৯টা থেকে কর্মবিরতি শুরু হয়। প্রশাসন ভবনের সামনে ও বুদ্ধিজীবী চত্বরে বসে সময় কাটাচ্ছেন কর্মবিরতিতে অংশগ্রহণকারীরা। প্রশাসন ভবনসহ বিভিন্ন দপ্তরে তালা ঝুলছে। ক্যাম্পাসের বাস চললেও শিক্ষার্থীদের দেখা যায়নি। খাবার দোকানগুলোতে আসন ফাঁকা, বেশিরভাগ দোকান বন্ধ।

রোববার রাতে বিশ্ববিদ্যালয়ের জুবেরী ভবনে সভা শেষে লাগাতার কর্মবিরতির ঘোষণা দেন জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সভাপতি অধ্যাপক আবদুল আলীম। অফিসার সমিতি সংবাদ সম্মেলন করে অনির্দিষ্টকালের জন্য ‘কমপ্লিট শাটডাউনের’ ঘোষণা দিয়েছেন।

৫টি ভ্রাম্যমাণ টয়লেট পরিচালনার প্রশিক্ষণ নিতে চীন যাচ্ছেন তিন কর্মকর্তা

0

আধুনিক ডেস্ক ::

নতুন পাঁচটি ভ্রাম্যমাণ টয়লেট (ভিআইপি) পরিচালনা ও রক্ষণাবেক্ষণ বিষয়ে প্রশিক্ষণ নিতে চীন যাচ্ছেন স্থানীয় সরকার বিভাগের তিন কর্মকর্তা। স্থানীয় সরকার বিভাগের যুগ্ম সচিব মাহবুবা আইরিনের সই করা এক সরকারি আদেশে (জিও) তাদের এ বিদেশ ভ্রমণের অনুমতি দেওয়া হয়।

গত ১৪ সেপ্টেম্বর জারি করা ওই সরকারি আদেশে বলা হয়, স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সহকারী সচিব মো. ফারুক হোসেন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সহকারী প্রোকৌশলী মোহাম্মদ নুরুজ্জামান ও উপসহকারী প্রোকৌশলী মোহাম্মদ জাকির হোসেন এ প্রশিক্ষণের জন্য চীন সফরে যাবেন।

আগামী ২৭ অক্টোবর থেকে ২ নভেম্বর কিংবা ছুটি শুরুর তারিখ থেকে সাত দিনের জন্য তারা বিদেশ ভ্রমণের অনুমতি পেয়েছেন।

সরকারি আদেশে আরও বলা হয়েছে, কর্মকর্তারা পাঁচটি নতুন মোবাইল টয়লেট (ভিআইপি) সরবরাহের বিপরীতে তারা সেগুলো পরিচালন ও রক্ষণাবেক্ষণ বিষয়ে প্রশিক্ষণে অংশ নেবেন। তাদের এ ভ্রমণকে দায়িত্বের অংশ হিসেবে বিবেচনা করা হবে এবং সব ধরনের ব্যয় বহন করবে উৎপাদক প্রতিষ্ঠান শ্যাংডং কিউয়ানবাই ইন্টেলিজেন্ট ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেড।

তবে প্রধান উপদেষ্টার কার্যালয় দীর্ঘদিন ধরে নির্দেশ দিয়ে আসছে যেকোনো ঠিকাদার বা সরবরাহকারী প্রতিষ্ঠানের অর্থায়নে সরকারি কর্মকর্তাদের বিদেশ ভ্রমণ পরিহার করতে হবে। এ ধরনের সফর নিয়ে এরই মধ্যে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছে।

ভোজ্যতেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত

0

আধুনিক ডেস্ক ::
ব্যবসায়ীদের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে সয়াবিন ও পাম তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। তবে কত বাড়ানো হবে, সেই বিষয়ে সিদ্ধান্ত হয়নি। সোমবার (২২ সেপ্টেম্বর) সচিবালয়ে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত ব্যবসায়ীদের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে কোনো মন্তব্য করেননি বাণিজ্য উপদেষ্টা।

বৈঠক শেষে বাণিজ্যসচিব মাহবুবুর রহমান অবশ্য সাংবাদিকদের বলেন, ব্যবসায়ীরা দাম বাড়ানোর যে প্রস্তাব দিয়েছে তা আন্তর্জাতিক বাজারের তুলনায় অনেক বেশি। আমরা পর্যালোচনা করছি। তারপর তাদের সঙ্গে আবার করে ভোজ্যতেলের দাম কত বাড়ানো হবে, সেই সিদ্ধান্ত নেওয়া হবে।’

বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন সয়াবিন ও পাম তেলের দাম লিটারে ১০ টাকা বাড়ানোর প্রস্তাব দিয়েছে। কারণ হিসেবে আন্তর্জাতিক বাজারে প্রতি টন সয়াবিন তেলের দাম ১ হাজার ২০০ ডলার পর্যন্ত হয়েছে। এই তথ্য বাণিজ্য মন্ত্রণালয়কে জানিয়েছে বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন।

গত ১৩ এপ্রিল প্রতি লিটার সয়াবিন তেলের দাম ১৮৯ টাকা এবং পাম তেলের দাম ১৬৯ টাকা নির্ধারণ করা হয়। এদিকে বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন ভোজ্য তেলের দাম যৌক্তিক হারে বৃদ্ধির বিষয়ে কাজ করছে বলে জানা গেছে।

গান ছাড়ছেন তাহসান

0

আধুনিক ডেস্ক ::

বাংলাদেশের জনপ্রিয় সংগীতশিল্পী, গীতিকার ও অভিনেতা তাহসান খান কি গান ছেড়ে দিচ্ছেন? অস্ট্রেলিয়ার মেলবোর্নে অনুষ্ঠিত এক কনসার্টে ভক্ত–শ্রোতারা এমনই ঘোষণা শুনতে পেলেন তার কাছ থেকে। রোববার (২১ সেপ্টেম্বর) গাইতে গাইতে হঠাৎ মাইক্রোফোনে ঘোষণা করলেন, ‘অনেক জায়গায় লেখা হচ্ছে, এটা আমার শেষ কনসার্ট। শেষ কনসার্ট না, শেষ ট্যুর। আস্তে আস্তে সংগীতজীবনের হয়তো ইতি টানব। এটা ন্যাচারাল। সারাজীবন কি এভাবে মঞ্চে দাঁড়িয়ে লাফালাফি করা যায়! মেয়ে বড় হয়ে যাচ্ছে, এখন যদি মঞ্চে দাঁড়িয়ে গাই—“দূরে তুমি দাঁড়িয়ে”—দেখতে কেমন লাগে।’

এই ঘোষণা শুনে উপস্থিত দর্শকেরা হতভম্ব হয়ে পড়েন। হলজুড়ে শোনা যায় একসঙ্গে না–না ধ্বনি। সোমবার (২২ সেপ্টেম্ব) দুপুরে তাহসান একটি গণমাধ্যমকে বলেন, একটা সাধারণ জীবনের আশায় এমন সিদ্ধান্ত নিয়েছি।

পেশাদার সংগীতে ২৫ বছর পার করছেন তাহসান। এই রজতজয়ন্তী উপলক্ষে তিনি বর্তমানে অস্ট্রেলিয়া ট্যুরে রয়েছেন। ব্রিসবেন, অ্যাডিলেড ও সিডনির কনসার্টগুলোতে হাজারো দর্শককে মুগ্ধ করেছেন তিনি। দর্শক–শ্রোতাদের সঙ্গে গলা মিলিয়ে গেয়েছেন তাঁর গাওয়া জনপ্রিয় সব গান। প্রতিটি শহরে দর্শকদের ভিড় প্রমাণ করেছে, তাহসানের জনপ্রিয়তা এখনো অটুট।

বাংলা রক গানে জোয়ার এনেছিল ব্যান্ড ‘ব্ল্যাক’। ১৯৯৮ সালে তিন বন্ধু জন কবির, জাহান ও টনির হাত ধরে যাত্রা শুরু হয় এ ব্যান্ডের। পরে এই ব্যান্ডে যোগ দেন তাহসান ও মিরাজ। ২০০২ সালে বাজারে আসে ব্যান্ডটির প্রথম অ্যালবাম ‘আমার পৃথিবী’। অ্যালবামের গানগুলো ব্যাপক সাড়া ফেলে দেশের তরুণ শ্রোতাদের মধ্যে।

ওসমানী হাসপাতালে আর দালাল ঢুকতে পারবে না : সারওয়ার আলম

0

আধুনিক রিপোর্ট ::

ওসমানী হাসপাতালে দালালদের উৎপাত বেশি, এখানে আর দালাল ঢুকতে পারবে না। এখানে কোনো দালাল থাকবে না। যারা ঢুকতে চেষ্টা করবে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এমন হুঁশিয়ারি সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলম। সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ হুঁশিয়ারি দেন। সোমবার (২২ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে তিনি হাসপাতালটি পরিদর্শন করেন।

তিনি বলেন, দালালের সমস্যা আছে। আছে পরিস্কার পরিচ্ছন্নতারও অভাব। এগুলো আমরা দ্রুত সমাধান করবো। কোনোভাবেই এখানে দালাল চক্র থাকবেনা। কোনো ক্লিনিকের দালালরা রোগী ভাগিয়ে নিতে পারবে না। যদি সেই চেষ্টা করে তাহলে কঠোর আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে। আর পরিস্কার পরিচ্ছন্নতার বিষয়টিও আমরা দেখবো। কয়েকদিন আগে এখানে এসে অতোটা পরিস্কার পরিচ্ছন্ন দেখিনা যা আজ দেখছি। হয়ত আমি আসবো বলে তারা এটি করেছে। আমি মাঝে মাঝে আসবো কাউকে না জানিয়ে, তাহলে প্রকৃত অবস্থা বুঝতে পারবো এবং সে অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবো।

সারওয়ার আলম বলেন বলেন, আমরা হাসপাতালটির বিভিন্ন সমস্যা চিহ্নিত করছি। বিশেষ করে চিকিৎসাসেবা প্রদানে যেসব সমস্যা আছে, সেগুলো খোঁজে বের করে তা সমাধান করা হবে। এ প্রসঙ্গে তিনি বলেন, হাসপাতালে চিকিৎসা সেবা দেওয়ার ক্ষেত্রে চিকিৎসকরা যথেষ্ট আন্তরিক বলে আমার মনে হয়েছে। তবে বুঝতে হবে, লোকবল ও বেডের সংখ্যার প্রায় তিনগুণ রোগীকে প্রতিদিন সেবা দিতে হচ্ছে। সেক্ষেত্রে সমস্যাতো কিছু থাকবেই। তবে সমাধানযোগ্য সমস্যা যেগুলো আছে সেগুলো চিহ্নিত করে আমরা সব পক্ষ মিলে সমাধানের চেষ্টা করবো।

সারওয়ার আলম পার্কিং সমস্যা সমাধানেরও আশ্বাস দেন। আউট সোর্সিংয়ের নিয়োজিত কর্মচারিদের ব্যাপারে তিনি বলেন, তাদের সমস্যাগুলো নিয়োগকৃত ঠিকাদারের মাধ্যমে আমরা সমাধানের উদ্যোগ নিবো। কারণ, ঠিকাদারই লোক নিয়োগ দেয়, আর সরকার ঠিকাদারদের টাকা দেয়।

সিলেটের জেলা প্রশাসক বলেন, হাসপাতালের পরিচালকসহ সংশ্লিষ্ট সব পক্ষের সাথে আমার আলোচনা হয়েছে। আমরা সবাই মিলে চেষ্টা করবো যাতে এই হাসপাতালে আরও উন্নত সেবার পরিবেশ সৃষ্টি করা যায়। তবে রোগীদের সাথে একাধিক লোকজন নিয়ে যাওয়ার ব্যাপারে তিনি বলেন, এটা একটা বড় সমস্যা। এমনটি হলেওতো সেবা দেওয়া কঠিন হবে। এ ব্যাপারে রোগী ও আত্মীয়-স্বজনসহ সিলেটবাসীর সহযোগীতা এবং সচেতনতার প্রত্যাশা ব্যক্ত করেছেন।

সাংবাদিক আবুল মুহাম্মদ আর নেই

0

আধুনিক ডেস্ক ::

দৈনিক শ্যামল সিলেট পত্রিকার বার্তা সম্পাদক ও সিলেট জেলা প্রেসক্লাবের সদস্য মোহাম্মদ আবুল হোসেন (আবুল মোহাম্মদ) ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সোমবার (২২ সেপ্টেম্বর) দুপুরে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৬ বছর। তিনি ৪ ছেলে ও ২ মেয়ে এবং স্ত্রী সহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগগ্রহী রেখে গেছেন।

সিলেটের স্কলার্সহোমে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে উপাধ্যক্ষের পদত্যাগ

0

আধুনিক রিপোর্ট ::
সিলেটের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান স্কলার্সহোমের শাহী ঈদগাহ ক্যাম্পাসের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী আজমান আহমেদ দানিয়ালের (১৯) মৃত্যুর ঘটনায় উত্তাল আন্দোলনের মুখে উপাধ্যক্ষ আশরাফ হোসেন চৌধুরী পদত্যাগ করেছেন। একইসঙ্গে শিক্ষার্থীদের উত্থাপিত পাঁচ দফা দাবি বাস্তবায়নের লিখিত আশ্বাস দিয়েছে কলেজ কর্তৃপক্ষ। সোমবার (২২ সেপ্টেম্বর) এ ঘোষণা আসে।

রোববার (২১ সেপ্টেম্বর) সকাল থেকেই আজমানের সহপাঠী, অভিভাবক এবং সাবেক শিক্ষার্থীরা ক্যাম্পাসে বিক্ষোভ কর্মসূচি পালন করেন। এসময় আন্দোলনের মুখে পড়ে স্কুল কর্তৃপক্ষ শিক্ষার্থীদের দেওয়া দাবি পূরণে আশ্বাস প্রদান করলে সোমবার (২২ সেপ্টেম্বর) সকাল দশটা পর্যন্ত সময়সীমা বেঁধে দিয়ে আন্দোলন কর্মসূচী স্থগিত করা হয়। দিনভর উত্তপ্ত পরিস্থিতির পর রাতেই কলেজ প্রশাসন শিক্ষার্থীদের আন্দোলনের মুখে নতি স্বীকার করে।

কর্তৃপক্ষ ঘোষণা দিয়েছে- শিক্ষার্থী আজমানের মৃত্যুর ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। শ্রেণি শিক্ষক শামিম হোসেন ও সিনিয়র শিক্ষক মিস তাইবাকে অপসারণ করা হবে। শিক্ষার্থীদের উত্থাপিত দাবিগুলো ধাপে ধাপে কার্যকর করা হবে।

প্রতিষ্ঠানটির বিরুদ্ধে অভিযোগ তুলেছেন অনেক অভিভাবকরা জানান, শিক্ষাপ্রতিষ্ঠানে দীর্ঘদিন ধরে চলা অনিয়ম, শিক্ষকদের খারাপ আচরণ, প্রতিষ্ঠানে সুষ্ঠু কাউন্সেলিং ব্যবস্থা নেই, বরং কোনো শিক্ষার্থী নিয়ম ভাঙলে তাৎক্ষণিক ছাড়পত্র দিয়ে বের করে দেওয়া হয়। এ ধরনের নীতির ফলে শিক্ষার্থীরা মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ে। মানসিক চাপ ও দক্ষ শিক্ষকের অভাব আজমানকে আত্মহত্যার মতো চরম সিদ্ধান্তে ঠেলে দেয়।

উল্লেখ্য, গত বুধবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে স্কলার্সহোম’র শাহী ঈদগাহ ক্যাম্পাসের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী আজমান আহমেদ দানিয়াল (১৯)-এর মরদেহ নিজ বাসা থেকে উদ্ধার করে পুলিশ। তিনি আত্মহত্যা করেছেন বলে ধারণা করছে পুলিশ। তবে এ ব্যাপারে অধিকতর তদন্ত চলছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। আজমানের মত্যুর খবরে ছড়িয়ে পরার পর থেকেই স্কলার্সহোম কর্তৃপক্ষের প্রতি ক্ষোভ প্রকাশ করেন তার সহপাঠী ও ওই প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা। এমনকি অনেক সাবেক শিক্ষার্থী ও অভিভাবকরাও স্কলার্সহোমের বিরুদ্ধে শিক্ষার্থী ও তাদের অভিভাকেদের সাথে খারাপ আচরণ, পর্যাপ্ত ও দক্ষ শিক্ষক না থাকা, শিক্ষার্থী খারাপ করলে ছাড়পত্র দিয়ে বের করে দেওয়ার অভিযোগ তুলেন।

সিলেট নগরে যানজট কমাতে অবৈধ যানবাহনের বিরুদ্ধে পুলিশের অ্যাকশন

0

আধুনিক রিপোর্ট ::

সিলেট নগরে সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে এবং যানজট কমাতে সোমবার (২২ সেপ্টেম্বর) সকাল থেকে বিশেষ অভিযান শুরু করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)। সকাল ৮টা থেকে নগরীর পাঁচটি গুরুত্বপূর্ণ স্থানে একযোগে এই অভিযান শুরু হয।

সকাল থেকে নগরীর মেন্দিবাগ, নাইওরপুল, জিতু মিয়ার পয়েন্ট, রিকাবীবাজার এবং পাঠানটুলায় এলাকায় পুলিশ সদস্যরা অবস্থান নিয়ে অবৈধ যানবাহনের বিরুদ্ধে অভিযান শুরু করেন। এসময় সড়কে চলাচলকারী যানবাহনের কাগজপত্র চেক করা হয়। এই অভিযানে নেতৃত্ব দেন এসএমপি কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী।

গণমাধ্যমের সঙ্গে আলাপকালে পুলিশ কমিশনার বলেন, ‘নগরবাসীর ভোগান্তি কমানো, যানজট নিরসন এবং দুর্ঘটনা রোধই এই অভিযানের মূল উদ্দেশ্য। অবৈধ যানবাহন সরাতে আমরা আগে সময় দিয়েছি, মাইকিংও করেছি। এরপরও যারা নির্দেশনা মানছে না, তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।’ 

তিনি আরও জানান, ‘নগরীতে আর কোনো অবৈধ সিএনজি অটোরিকশা বা ব্যাটারিচালিত রিকশা চলতে দেওয়া হবে না। পাশাপাশি নগরীর অনুমোদনহীন সিএনজি স্ট্যান্ডগুলো সরিয়ে সুনির্দিষ্ট পার্কিংয়ের জায়গা নির্ধারণের পরিকল্পনাও রয়েছে পুলিশের। এর আগে সড়কে শৃঙ্খলা রক্ষায় এসএমপি আট দফা নির্দেশনা জারি করে। নির্দেশনাগুলোর মধ্যে ছিল- ব্যাটারিচালিত রিকশা ও ভুয়া নম্বর প্লেটযুক্ত যানবাহন নিষিদ্ধ, অনুমোদিত স্ট্যান্ড ছাড়া পার্কিং না করা, মোটরসাইকেল চালক ও আরোহীর হেলমেট বাধ্যতামূলক করা হয়েছে।

সিলেট মেট্টোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, ‘অভিযান চলমান থাকবে এবং আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’

এর আগে গত সপ্তাহে এসএমপির পক্ষ থেকে সড়ক শৃঙ্খলা ফেরাতে পাঁচ দফা নির্দেশনা জারি করা হয়। নির্দেশনায় বলা হয়, নগরীতে ব্যাটারিচালিত রিকশা, রেজিস্ট্রেশনবিহীন ও ভুয়া নাম্বার প্লেটযুক্ত যানবাহন চলাচল করতে পারবে না। অনুমোদিত স্ট্যান্ড ছাড়া অন্য কোথাও অটোরিকশা পার্কিং করা যাবে না। এছাড়া মোটরসাইকেল চালক ও আরোহীকে হেলমেট ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে।