Home Blog Page 118

শ্রেণিকক্ষে ঢুকে ‘অকৃতকার্য’ অর্ধশত শিক্ষার্থীকে পেটালেন বাগছাস নেতা

0

আধুনিক ডেস্ক ::

রংপুরে একটি মাধ্যমিক বিদ্যালয়ের অর্ধশত শিক্ষার্থীকে পেটানোর অভিযোগ উঠেছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের (বাগছাস) মহানগর কমিটির আহ্বায়ক ইমতিয়াজ আহম্মদের (ইমতি) বিরুদ্ধে। ভুক্তভোগী শিক্ষার্থী ও অভিভাবকদের অভিযোগ, ইমতিয়াজ আহম্মদ ওই বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির আহ্বায়ক। সম্প্রতি তিনি বিদ্যালয়ে গিয়ে অর্ধবার্ষিক পরীক্ষার ফলাফল শুনে ‘অকৃতকার্য হওয়া’ শিক্ষার্থীদের ওপর ক্ষিপ্ত হন। এরপর একে একে তিনটি শ্রেণিকক্ষে ঢুকে অর্ধশত শিক্ষার্থীকে বেধড়ক পেটান। রংপুর মহানগরের হারাটি উচ্চবিদ্যালয়ে এ ঘটনা ঘটেছে ৪ সেপ্টেম্বর। শিক্ষার্থীদের পিটুনি দেওয়ার বিষয়টি প্রকাশ হওয়ার পর সংক্ষুব্ধ অভিভাবকেরা স্কুলে গিয়ে ক্ষোভ প্রকাশ করেন।

তবে ঘটনার ১৮ দিন পার হলেও কোনো আইনি ব্যবস্থা নেননি প্রধান শিক্ষক। অবশ্য প্রধান শিক্ষক ও অভিযুক্ত ইমতিয়াজ আহম্মেদের দাবি, তারা ঘটনাটি মীমাংসা করেছেন। উপজেলা শিক্ষা কর্মকর্তা বলছেন, বিদ্যালয়ে শিক্ষার্থীকে শারীরিক নির্যাতন করা সম্পূর্ণ নিষিদ্ধ। তাকে বিষয়টি জানানো হয়নি।

স্থানীয় লোকজন ও বিদ্যালয় সূত্র জানায়, গত ফেব্রুয়ারিতে হারাটি উচ্চবিদ্যালয়ের অস্থায়ী (অ্যাডহক) কমিটির আহ্বায়ক হন একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ইমতিয়াজ আহম্মদ। তখন তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রংপুর মহানগর কমিটির আহ্বায়ক ছিলেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটি বিলুপ্ত হলে গত ১৮ জুলাই বাগছাসের রংপুর মহানগর কমিটির আহ্বায়ক হন ইমতিয়াজ।

বিদ্যালয় সূত্র জানায়, হারাটি উচ্চবিদ্যালয়ে ষষ্ঠ থেকে দশম শ্রেণিতে মোট শিক্ষার্থী ২৩০ জন। মারধরের ঘটনায় ভুক্তভোগী অন্তত ১৫ শিক্ষার্থীর সঙ্গে কথা বলেছে প্রথম আলো। তাদের অভিযোগ, ৪ সেপ্টেম্বর বিদ্যালয়ের টিফিন শেষে ক্লাস চলছিল। এমন সময় ইমতিয়াজ আহম্মদ মোটরসাইকেলে করে বিদ্যালয়ে গিয়ে অষ্টম, নবম ও দশম শ্রেণির কক্ষে যান। সেখানে উপস্থিতি ছাত্রছাত্রীদের কাছে অর্ধবার্ষিক পরীক্ষার ফলাফল জানতে চান। যেসব শিক্ষার্থী ‘অকৃতকার্য’ হয়েছে, তাদের একে একে ডেকে বেধড়ক পেটান। তখন শ্রেণিকক্ষে শিক্ষক ছিলেন, তারাও কোনো প্রতিবাদ করেননি।

ভুক্তভোগী শিক্ষার্থী ও অভিভাবকদের দাবি, ওই দিন পঞ্চাশের বেশি শিক্ষার্থীকে পেটানো হয়। এর মধ্যে ১০ থেকে ১৫ শিক্ষার্থী অসুস্থ হয়। জ্বর ও ব্যথা না কমায় শিক্ষার্থী আইরিন আক্তারকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে দুই দিন ভর্তি রাখতে হয় বলে জানান তার মা দুলালী বেগম। আইরিনের চাচা ইয়াকুব আলী বলেন, ‘মাইরে ছাওয়ার (আইরিন) হাত ফুলে গেছে।’

শিক্ষার্থীদের মারধরের বিষয়ে জানতে চাইলে ইমতিয়াজ আহম্মদ বলেন, বিষয়টা এ রকম নয়। আমি স্কুলের সভাপতি হিসেবে ছয় মাস ধরে স্কুলে পরিশ্রম করতেছি, বাচ্চাগুলো যেন ভালো রেজাল্ট করে। ওদের ক্লাসের যেগুলো সমস্যা ছিল, সমাধান করেছি। সে জন্য একটু রাগারাগি করছি, শাসন করছি, এই আরকি। কিন্তু এটা নিয়া ৯৫ শতাংশ শিক্ষার্থীর কোনো কমপ্লেইন (অভিযোগ) নেই।

কিন্তু শাসনের নামে এভাবে শিক্ষার্থীদের শারীরিক নির্যাতন করতে পারেন কি না, তা জানতে চাইলে ইমতিয়াজ আহম্মদের ভাষ্য, ‘আমি নিজেও এই এলাকার বড় ভাই। একটু শাসন করছি। এটা নিয়ে বাড়াবাড়ি হচ্ছিল। এলাকার কিছু ব্যক্তি ঘটনাকে অতিরঞ্জিত করার চেষ্টা করেছিল। তবে এটা মিউচুয়াল (মীমাংসা) হয়েছে।’

শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা গেছে, বিদ্যালয়ে শিক্ষার্থীদের পেটানোর ঘটনাটি নিয়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়। ঘটনার দুই দিন পর সংক্ষুব্ধ অভিভাবক ও এলাকাবাসী বিদ্যালয়ে গিয়ে প্রধান শিক্ষকের কাছে জবাব ও বিচার চান। ভুক্তভোগী একজন শিক্ষার্থীর অভিভাবক রংপুর নগরের পরশুরাম থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।

এ বিষয়ে প্রধান শিক্ষক আতাউর রহমানের দাবি, শিক্ষার্থী ও অভিভাবকের সম্মতিতে তিনি এ বিষয়টি মীমাংসা করে দিয়েছেন। কী ঘটনা ঘটেছিল, তা জানতে চাইলে আতাউর রহমান বলেন, ‘ওটা কিছু না। উনি আইসে, বাচ্চাদের বলে ভালো পড়াশুনা করো। ভালো রেজাল্ট করো। এই আরকি।’ শিক্ষার্থীদের মারধরের বিষয়ে জানতে চাইলে প্রধান শিক্ষক বলেন, ‘ওটা তো পারেন না। বাচ্চা, অভিভাবক নিয়ে মীমাংসা করে দিছি। বাচ্চাও মানি নিছে।’

এ বিষয়ে পরশুরাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইদুল ইসলাম প্রথম আলোকে বলেন, ইমতিয়াজ সভাপতি হিসেবে স্কুলে গিয়ে শাসন করেছিলেন। এ ঘটনায় একজন অভিভাবক অনলাইনে জিডি করেন। বিদ্যালয়ে পুলিশ পাঠানো হয়েছিল।

তবে হারাটির স্থানীয় বাসিন্দা ও মহানগর বিএনপির ৪ নম্বর ওয়ার্ডের যুগ্ম সম্পাদক রফিকুল ইসলামের মতে, এটা কোনোভাবেই ‘শাসন’ নয়, শিক্ষার্থী নির্যাতন; একই সঙ্গে ফৌজদারি অপরাধ। প্রধান শিক্ষকের উচিত ছিল বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে আইনি ব্যবস্থা নেওয়া। কিন্তু তিনি তা না করে ঘটনাটি ধামাচাপা দিয়েছেন।

রংপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবদুল হাই বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের শারীরিক নির্যাতনের কোনো সুযোগ নেই। এটি নিষিদ্ধ। হারাটি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক তাঁকে বিষয়টি জানাননি। তিনি খোঁজ নিয়ে ব্যবস্থা নেবেন।

শাপলা প্রতীক পাচ্ছে না এনসিপি, জানালো ইসি

0

আধুনিক ডেস্ক ::

দলীয় প্রতীক হিসেবে ‘শাপলা’ পাচ্ছে না জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। নির্বাচন কমিশনের (ইসি) তালিকা থেকে তাদের বিকল্প প্রতীক নিতে হবে বলে জানিয়েছেন ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের এ তথ্য জানান ইসি সচিব।

আখতার আহমেদ বলেন, আইন মন্ত্রণালয় থেকে প্রতীকের তালিকা ভেটিং হয়ে এসেছে। সেই তালিকায় শাপলা প্রতীক নেই।

এর আগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী বলেছেন, প্রতীকের বিষয়ে আমরা বলেছি, আমাদের প্রতীক শাপলা, সাদা শাপলা বা লাল শাপলা । আমরা যে তিনটি প্রতীকের কথা বলেছি তা থেকে সরছি না।

তিনি বলেন, এনসিপির নিববন্ধন যে প্রতীকে হবে সেটা অবশ্যেই শাপলা, সাদা শাপলা আথবা লাল শাপলা- এই তিনটির মাধ্যমে হতে হবে। এর ব্যত্যয় করা যাবে না। যদি করা হয় তা হলে আমরা আবার আপনাদের সামনে আসব।

সিলেটে সড়কে পুলিশের ‘অ্যাকশন’ চলছেই

0

আধুনিক রিপোর্ট ::

সিলেট নগরে সড়কে শৃঙ্খলা ফেরাতে অবৈধ যানবাহনের বিরুদ্ধে অভিযান অব্যাহত রেখেছে সিলেট মহানগর পুলিশ (এসএমপি)। মঙ্গলবারও (২৩ সেপ্টেম্বর) সকাল থেকে নগরের বিভিন্ন মোড়ে অভিযান চালানো হচ্ছে।

সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম জানিয়েছেন, মঙ্গলবার বেলা ১২টা পর্যন্ত ৬৬ গাড়ি আটক, ১৮ টি মামলা করা হয়েছে। আটক যানবাহনের মধ্যে রয়েছে ৪৫টি ব্যাটারিচালিত রিকশা, ৪টি সিএনজি অটোরিকশা, ৩টি হিউম্যান হলার (লেগুনা), ১২টি মোটর সাইকেল,২ টি ট্রাক। আর মামলার মধ্যে সিএনজি অটোরিকশার বিরুদ্ধে ১০টি, মোটর সাইকেলের বিরুদ্ধে ৪টি, ট্রাকের বিরুদ্ধে ৩ টি ও মাইক্রেবাসের বিরুদ্ধে একটি।

এর আগে সোমবার সকাল ৮টা থেকে নগরের পাঁচটি পয়েন্টে একযোগে এই অভিযান শুরু হয়। অভিযানের প্রথমদিন শেষে ৮৭টি অবৈধ গাড়ি আটক করা হয়েছে এবং কাগজপত্র না থাকায় ১৭টি মামলা করা হয়।

এর আগে গত সপ্তাহে এসএমপি সড়ক শৃঙ্খলা ফেরাতে পাঁচ দফা নির্দেশনা জারি করে। নির্দেশনায় বলা হয়, নগরীতে ব্যাটারিচালিত রিকশা, রেজিস্ট্রেশনবিহীন ও ভুয়া নাম্বার প্লেটযুক্ত যানবাহন চলাচল করতে পারবে না। অনুমোদিত স্ট্যান্ড ছাড়া অন্য কোথাও অটোরিকশা পার্কিং করা যাবে না। এছাড়া মোটরসাইকেল চালক ও আরোহীকে হেলমেট ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে।

তারও আগে এসএমপি কমিশনার আবদুল কুদ্দুস চৌধুরী জানান, নাগরিকদের ভোগান্তি কমানো এবং সড়ক দুর্ঘটনা প্রতিরোধে এসব নির্দেশনা কঠোরভাবে বাস্তবায়ন করা হবে। কোনোভাবেই নগরীতে অনুমোদনবিহীন, কাগজপত্র ছাড়া বা নিয়ম অমান্যকারী যানবাহন চলাচল করতে পারবে না।

নিউইয়র্কে আখতারকে ডিম ছোড়ার পর সিলেটের যুবলীগ নেতা মিজানুর আটক

0

আধুনিক ডেস্ক ::

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বিমানবন্দরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেনকে লক্ষ্য করে ডিম ছোড়ার ঘটনার পর যুবলীগ কর্মী মিজানুর রহমান চৌধুরীকে আটক করেছে পুলিশ। তার বিরুদ্ধে বিএনপির কর্মীকে ছুরি দিয়ে মারার অভিযোগ রয়েছে। জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সফরসঙ্গী হিসেবে আখতার হোসেন নিউইয়র্কে পৌঁছান।

প্রত্যক্ষদর্শী সুলাইমান হক জানান, বিএনপি সমর্থিত একজন ব্যক্তি পুলিশের কাছে অভিযোগ করেছেন, মিজানুর রহমান তাকে ছুরি দিয়ে মারতে এসেছেন। এরপর নিউইয়র্ক পুলিশ তাকে আটক করে।

বিক্ষোভ শেষে সন্ধ্যার পর আওয়ামী লীগের নেতা কর্মীরা আনন্দ উদযাপন করছিলেন। ২২ সেপ্টেম্বর রাত সাড়ে ৯টার দিকে জ্যাকসন হাইটসের বাংলাদেশ স্ট্রিট থেকে পুলিশ মিজানুরকে আটক করে। বুধবার (২৪ সেপ্টেম্বর) তাকে আদালতে নেওয়া হবে।

আটক করার পর মিজানুর রহমান ‘জয় বাংলা’ বলে স্লোগান দেন। তাঁর সঙ্গে আওয়ামী লীগের নেতা-কর্মীরা স্লোগান দেন। মিজানুর সিলেট জেলা যুবলীগের কার্যনির্বাহী কমিটির সদস্য বলে জানা গেছে।

নিউইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দর চার নম্বর টার্মিনাল থেকে বের হওয়ার সময় স্থানীয় সময় ২২ সেপ্টেম্বর (সোমবার) বিকেল পাঁচটার দিকে আখতার হোসেনকে ডিম যুবলীগ কর্মী মিজানুর ডিম ছোড়েন বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। এ সময় আওয়ামী লীগের নেতা কর্মী ও সমর্থকেরা সেখানে ছিলেন।

আখতার হোসেনের সঙ্গে হাঁটছিলেন সফরসঙ্গী হিসেবে আসা বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা। স্থানীয় আওয়ামী লীগের নেতা কর্মী ও সমর্থকেরা এ সময় তাসনিম জারাকে লক্ষ্য করে কটূক্তি করেন। তাঁরা সেখানে বিক্ষোভ করেন।

প্রধান উপদেষ্টার সফরসঙ্গীরা ম্যানহাটনের গ্র্যান্ড হায়াত হোটেলে আছেন। যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ সেখানে প্রতিবাদ করার অনুমতি নিয়ে রেখেছে। সে অনুযায়ী সন্ধ্যায় তাঁরা সেখানে বিক্ষোভ করেন। রাস্তার দুই পাশে পরস্পরবিরোধী স্লোগান দেয় এনসিপি ও আওয়ামী লীগ। সেখানে এনসিপি নেতা আখতার হোসেন এ ঘটনায় আওয়ামী লীগ নেতা-কর্মী ও সমর্থকদের বিচার দাবি করেন।

রংমহল টাওয়ার ব্যবসায়ী সমিতির প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত

0

আধুনিক ডেস্ক:

রংমহল টাওয়ার ব্যবসায়ী সমিতির উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে সমিতির প্রথম সাধারণ সভা।

সোমবার দুপুরে টাওয়ারের ৭ম তলায় আয়োজিত এ সভায় বিপুল সংখ্যক ব্যবসায়ী ও সমিতির পদাধিকারী সদস্যরা অংশগ্রহণ করেন।

সাধারণ সম্পাদক খালেদ আহমদ ও সহ সাধারণ সম্পাদক মাসুম আল মাহদী পরিচালনায় সভাপতিত্ব করেন সমিতির সভাপতি হাফিজ সুলতান আহমদ খান।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমিতির উপদেষ্টা ও রংমহল টাওয়ারের ব্যবস্থাপনা পরিচালক আগা ফয়েজ উল্লাহ দৌলত। বিশেষ অতিথি ছিলেন সমিতির উপদেষ্টা ও রংমহল টাওয়ারের পরিচালক মঞ্জুর আহমদ চৌধুরী ।

সভায় প্রধান অতিথি ও উপদেষ্টাদের উপস্থিতিতে সমিতির পূর্ণাঙ্গ গঠনতন্ত্র প্রকাশ করা হয়।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক আব্দুল মুক্তাদির ফাহাদ।
এছাড়াও বক্তব্য রাখেন সহ সভাপতি আবদুল গফুর, সমিতির সাবেক সভাপতি বাহার চৌধুরী, সাবেক সদস্য সচিব ইমদাদ উল্লাহ এবং সিনিয়র ব্যবসায়ী রিপন গাজী।

সভায় আরও উপস্থিত ছিলেন অর্থ সম্পাদক কামরুল ইসলাম, দপ্তর সম্পাদক ফয়জুল হাসান, প্রচার সম্পাদক ময়নুল ইসলাম, ক্রীড়া ও সমাজ কল্যাণ সম্পাদক আব্দুল গফুর প্রধান, কার্যকরী সদস্য মোশাররফ হোসাইন, লায়েক আহমদ, কামাল আহমদ প্রমুখ।

বক্তারা প্রথম সাধারণ সভাকে রংমহল টাওয়ার ব্যবসায়ী সমিতির ঐক্য, পারস্পরিক সহযোগিতা ও উন্নয়নযাত্রার এক নতুন অধ্যায় হিসেবে উল্লেখ করেন। সভায় ব্যবসায়ীদের সমস্যা সমাধান, গ্রাহকবান্ধব পরিবেশ সৃষ্টি এবং ভবিষ্যৎ কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।

সভা শেষে দোয়া পরিচালনা করেন মার্কেটের ইমাম হাফিজ মাওলানা ফয়সল আহমদ।

সাংবাদিক আবুল মোহাম্মদ’র মৃত্যুতে কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের শোক

0

কোম্পানিগঞ্জ প্রতিনিধি:

দৈনিক শ্যামল সিলেট পত্রিকার প্রধান বার্তা সম্পাদক এবং সিলেট জেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য মোহাম্মদ আবুল হোসেনের অকাল মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে কোম্পানীগঞ্জ প্রেসক্লাব।

এক শোকবার্তায় ক্লাবের সভাপতি আব্দুল আলীম ও সাধারণ সম্পাদক আব্দুল জলিল মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন। একই সাথে তাঁরা শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা জ্ঞাপন করেন।

শোকবার্তায় ক্লাবের নেতৃবৃন্দ বলেন, আবুল হোসেন (আবুল মোহাম্মদ) ছিলেন সিলেটের সাংবাদিকতার জগতে একজন নিবেদিতপ্রাণ ও অত্যন্ত গুণী ব্যক্তিত্ব। তাঁর মৃত্যুতে সিলেটের সাংবাদিক সমাজে এক অপূরণীয় শূন্যতা সৃষ্টি হয়েছে, যা সহজে পূরণ হওয়ার নয়। সাংবাদিকতায় তাঁর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।

দৈনিক শ্যামল সিলেট পত্রিকার প্রধান বার্তা সম্পাদক এবং সিলেট জেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য মোহাম্মদ আবুল হোসেনের অকাল মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে কোম্পানীগঞ্জ প্রেসক্লাব।

এক শোকবার্তায় ক্লাবের সভাপতি আব্দুল আলীম ও সাধারণ সম্পাদক আব্দুল জলিল মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন। একই সাথে তাঁরা শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা জ্ঞাপন করেন।

শোকবার্তায় ক্লাবের নেতৃবৃন্দ বলেন, আবুল হোসেন (আবুল মোহাম্মদ) ছিলেন সিলেটের সাংবাদিকতার জগতে একজন নিবেদিতপ্রাণ ও অত্যন্ত গুণী ব্যক্তিত্ব। তাঁর মৃত্যুতে সিলেটের সাংবাদিক সমাজে এক অপূরণীয় শূন্যতা সৃষ্টি হয়েছে, যা সহজে পূরণ হওয়ার নয়। সাংবাদিকতায় তাঁর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।

শর্ত সাপেক্ষে শাবিতে পুনরায় ছাত্ররাজনীতি চালু

0

শাবি প্রতিনিধি:

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ৩২০ দিন পর পুনরায় ছাত্ররাজনীতি চালু করা হয়েছে। কিন্তু কার্যক্রম পরিচালনার জন্য জুড়ে দেওয়া হয়েছে কিছু শর্ত। সোমবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার সৈয়দ ছলিম মো. এর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘গত ১৮ আগস্ট প্রক্টরিয়াল কমিটির সাথে সর্বদলীয় ছাত্র সংগঠনের মতবিনিময় সভায় সর্বসম্মত সুপারিশের ভিত্তিতে গত বছরের ৬ নভেম্বর ছাত্ররাজনীতিতে আরোপ করা নিষেধাজ্ঞা স্থগিত করা হয়েছে। ক্যাম্পাসে আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার স্বার্থে পারস্পরিক শ্রদ্ধাবোধ বজায় রেখে শিক্ষার্থীদের কল্যাণমূলক রাজনৈতিক কর্মকাণ্ড বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের অনুমোদনক্রমে পরিচালনা করা যাবে। তবে একাডেমিক ভবন, প্রশাসনিক ভবন ও আবাসিক হলে পূর্বের মতো সভা-সমাবেশ ও মিছিল নিষিদ্ধ থাকবে।’

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, সামনে শাহজালাল বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদের (শাকসু) নির্বাচনে প্যানেল গঠন ও পরিচিতিমূলক অনুষ্ঠানসমূহ সংশ্লিষ্ট হল প্রশাসনের অনুমতি সাপেক্ষে আয়োজন করা যাবে। 

কোম্পানীগঞ্জে অভিযানে ৩ জনের ৩ মাসের কারাদণ্ড, ৮ লাখ টাকা জরিমানা

0

কোম্পানিগঞ্জ প্রতিনিধি:

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ধলাই সেতুর নিচ থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৩ জনকে ৩ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। একই অভিযানে বিভিন্ন সরঞ্জাম ও যানবাহনের মালিকদের কাছ থেকে মোট ৮ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

রবিবার রাত থেকে সোমবার (২২সেপ্টেম্বর) রাত ৮টা পর্যন্ত টাস্কফোর্সের এই যৌথ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রবিন মিয়া। অভিযানে সহযোগিতা করেন কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ রতন শেখ, তদন্ত কর্মকর্তা সুজন চন্দ্র কর্মকারসহ পুলিশ, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং বাংলাদেশ রেলওয়ে বাহিনী (আরএনবি)’র সদস্যরা।

কারাদণ্ডপ্রাপ্তরা হলেন, উপজেলার নয়াগাঙ্গপারের মানিক মিয়ার ছেলে আলকাস মিয়া (২৬), আলেক রব্বানের ছেলে মোক্তার হোসেন (২৬), ইব্রাহিমের পুত্র আব্দুল খালিক (২৮)।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, পূর্বে আটককৃত দুইটি লিস্টার মেশিনের মালিকদের ১ লাখ টাকা, একটি পাথর বোঝাই ট্রাকের মালিককে ১ লাখ টাকা এবং তিনটি স্টিল নৌকার মালিকদের মোট ৬ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

কোম্পানীগঞ্জ থানার ওসি রতন শেখ জানান, দণ্ডপ্রাপ্তদের মঙ্গলবার জেল হাজতে প্রেরণ করা হবে।

এ তথ্য নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিন মিয়া বলেন, লীজ বহির্ভূত এলাকা ও ধলাই সেতুর নিচ থেকে বালু উত্তোলনের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

চিকনাগুল মাইক্রোবাস শ্রমিক উপ-কমিটির ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন

0

জৈন্তাপুর প্রতিনিধি:

সিলেট জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন (রেজি. নং বি-১৪১৮) এর অন্তর্ভুক্ত চিকনাগুল মাইক্রোবাস শ্রমিক উপ-কমিটির ত্রি-বার্ষিক নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে।

সোমবার (২২ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত নির্ধারিত কার্যালয়ে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

ভোটগ্রহণ শেষে বিকাল ৪টার পর প্রধান নির্বাচন কমিশনার ও ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুল মুহিম, সহযোগী নির্বাচন কমিশনার যুগ্ম সাধারণ সম্পাদক আলী আকবর রাজন ও মাহবুব মিয়া মবুর উপস্থিতিতে ব্যালট বাক্স উন্মুক্ত করে গণনা সম্পন্ন করা হয়।

সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করেন দুইজন প্রার্থী তার মধ্যে আলাউদ্দিন আলাই (আনারস প্রতীক) নিয়ে ১৬ ভোট পেয়ে নিকটতম প্রতিদ্বন্দ্বী শাহীন আহমেদ (গোলাপ ফুল প্রতীক) ৩৪ ভোটের কাছে পরাজিত হলে, শাহীন আহমেদ সভাপতি পদে বেসরকারিভাবে নির্বাচিত হন।

এছাড়া কমিটির অন্যান্য পদে নির্বাচিতরা হলেন, সাধারণ সম্পাদক আব্দুল আহাদ, সহ-সভাপতি মুজিব আহমদ, সহ-সম্পাদক আব্দুল কুদ্দুস, সাংগঠনিক সম্পাদক শাহীন আহমদ সাদ্দাম, কোষাধ্যক্ষ মুক্তার হোসেন, সদস্য আনোয়ার হোসেন।

ফলাফল ঘোষণার পর জেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুল মুহিম নবনির্বাচিত নেতৃবৃন্দকে ফুলের মালা পরিয়ে শুভেচ্ছা জানান। এ সময় তিনি শ্রমিকদের কাঁধে কাঁধ মিলিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

মধ্যনগরে বিএনপির নেতা  বহিষ্কার ও ওয়ার্ড কমিটি বাতিলের দাবিতে মানববন্ধন 

0

ধর্মপাশা-মধ্যনগর প্রতিনিধি:

সুনামগঞ্জের মধ্যনগর উপজেলায় ২নং বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়ন বিএনপি’র নবগঠিত ৩নং ওয়ার্ড কমিটি বাতিল ও ইউনিয়ন বিএনপি আহ্বায়ক সুজন মিয়ার বহিষ্কারের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২২ সেপ্টেম্বর ২০২৫) বিকেল ৩টায় ইউনিয়নের ৩নং ওয়ার্ড বিএনপির আয়োজনে এ কর্মসূচি পালিত হয়।

বিক্ষোভে অংশগ্রহণকারীরা অভিযোগ করেন, ইউনিয়ন বিএনপি আহ্বায়ক সুজন মিয়া আওয়ামী লীগ ঘনিষ্ঠ ও ধূসর হিসেবে এলাকায় পরিচিত। তার প্রত্যক্ষ প্রভাবেই সদ্য ঘোষিত ওয়ার্ড কমিটিতে দীর্ঘদিনের ত্যাগী ও পরীক্ষিত বিএনপি নেতাকর্মীদের বাদ দিয়ে প্রতিপক্ষ রাজনৈতিক দলের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিদের পদ দেওয়া হয়েছে। এতে ত্যাগী নেতাকর্মীরা অবমূল্যায়িত হয়েছেন এবং সংগঠনের ভেতরে তীব্র ক্ষোভ সৃষ্টি হয়েছে।

মানববন্ধনে বক্তব্য রাখেন ৩নং ওয়ার্ড বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কাশেম, প্রবীণ নেতা হাসেন মিয়া, সাংগঠনিক সম্পাদক শাজাহান মিয়া, সিনিয়র সহ-সভাপতি ইসলাম উদ্দিনসহ আরও অনেকে। বক্তারা অভিযোগ করেন, টাকার বিনিময়ে আওয়ামী রাজনীতির সাথে জড়িত ব্যক্তিদের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বিভিন্ন পদে অন্তর্ভুক্ত করা হয়েছে। এতে ত্যাগী ও নির্যাতিত নেতা-কর্মীরা বঞ্চিত হয়েছেন।  বিএনপির আজকের এই অবস্থানে পৌঁছাতে মাঠপর্যায়ের অসংখ্য কর্মী মামলা, হামলা ও কারাবরণের মতো ত্যাগ স্বীকার করেছেন। অথচ সেই কর্মীদের বাদ দিয়ে ধূসর বা সুবিধাভোগীদের দিয়ে কমিটি সাজানো হচ্ছে। এটি ত্যাগীদের প্রতি অবিচার এবং দলের আদর্শবিরোধী।

তারা আরও বলেন, আমরা অবিলম্বে ৩নং ওয়ার্ড কমিটি বাতিল চাই। একই সঙ্গে আওয়ামী লীগপন্থী হিসেবে চিহ্নিত ইউনিয়ন আহ্বায়ক সুজন মিয়াকে বহিষ্কার করতে হবে। না হলে বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হবো।

মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল ওয়ার্ডের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে স্থানীয় নেতৃবৃন্দ কেন্দ্রীয় ও জেলা বিএনপি নেতাদের কাছে দাবি জানিয়ে বলেন, দ্রুত সময়ের মধ্যে কমিটি পুনর্গঠন ও সুজন মিয়ার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ না করা হলে বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে।

মানববন্ধনে ৩নং ওয়ার্ড বিএনপির বিভিন্ন গ্রামের দুই শতাধিক স্থানীয় নেতা-কর্মী উপস্থিত ছিলেন।