সুনামগঞ্জের ধর্মপাশায় কাবাডি খেলায় জয়-পরাজয়কে কেন্দ্র করে দুটি বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এতে হাতাহাতির ঘটনায় অন্তত আটজন ছাত্রী আহত হয়েছেন। পাশাপাশি ভাঙচুর করা হয়েছে বিদ্যালয়ের টিনের বাউন্ডারির বেড়া ও প্রধান শিক্ষকের কার্যালয়ের জানালা।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বেলা পৌনে একটা থেকে পৌনে দুইটা পর্যন্ত এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে একজন ছাত্রীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে, বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
প্রত্যক্ষদর্শী ও উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, ৫২তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা উপলক্ষে ওইদিন সকাল ১১টার দিকে ধর্মপাশা বালিকা উচ্চ বিদ্যালয়ের মাঠে মেয়েদের কাবাডি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। খেলায় ধর্মপাশা বালিকা উচ্চ বিদ্যালয়ের মেয়েরা চ্যাম্পিয়ন এবং জনতা মডেল উচ্চ বিদ্যালয়ের মেয়েরা রানার্স আপ হয়। পরে বেলা পৌনে একটার দিকে বিজয়ী বিদ্যালয়ের শিক্ষার্থীরা আনন্দ মিছিল বের করলে জনতা মডেল উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা পাল্টা মিছিল করে। এ সময় দুই পক্ষের মধ্যে হাতাহাতি হয়।
এরপর বেলা ১টা ৪০ মিনিটের দিকে জনতা মডেল উচ্চ বিদ্যালয়ের ইউনিফর্ম পরিহিত ও ইউনিফর্ম ছাড়া প্রায় ৫০-৬০ জন শিক্ষার্থী লাঠি, বাঁশের খুঁটি ও শাবল নিয়ে এসে ধর্মপাশা বালিকা উচ্চ বিদ্যালয়ের উত্তর পাশের টিনের বেড়া ভাঙচুর করে। পরে তারা প্রধান শিক্ষকের কার্যালয়ের পাঁচটি জানালার কাঁচসহ বিদ্যালয়ের প্রবেশ পথের বেড়াও ভাঙচুর করে চলে যায়।
ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এনামুল হক বলেন,ঘটনার বিষয়ে লিখিত অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনি রায় জানান, ঘটনাটি গুরুত্বসহকারে দেখা হচ্ছে।
সিলেটের সীমান্তবর্তী জকিগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ভয়াবহ শিক্ষক সংকটের কারণে শিক্ষার পরিবেশ ভেঙে পড়েছে। ৫ শতাধিক শিক্ষার্থীর বিপরীতে বর্তমানে মাত্র দুইজন শিক্ষক দিয়ে পুরো শিক্ষা কার্যক্রম চালানো হচ্ছে। দীর্ঘদিন ধরে প্রধান শিক্ষক ও গুরুত্বপূর্ণ বিষয়ের শিক্ষক পদ শূন্য থাকায় অভিভাবক ও শিক্ষার্থীদের মধ্যে চরম হতাশা বিরাজ করছে। গত বছরের এসএসসি পরীক্ষায় ফলাফল বিপর্যয় ঘটেছে।
১৯৬৯ সালে প্রতিষ্ঠিত এ বিদ্যালয় একসময় সীমান্ত এলাকার মেয়েদের শিক্ষার আলো ছড়ালেও বর্তমানে তা অনিশ্চয়তার অতলে তলিয়ে যাচ্ছে। সরেজমিনে দেখা গেছে, বিদ্যালয়ের অনুমোদিত ৯টি পদের মধ্যে ৭টি শূন্য। নেই প্রধান শিক্ষকও। গণিত, ইংরেজি, বিজ্ঞানসহ গুরুত্বপূর্ণ বিষয়ের শিক্ষকের অভাবে পাঠদান কার্যত অচল হয়ে পড়েছে। ফলে প্রায়ই দুটি শ্রেণির শিক্ষার্থীদের একই কক্ষে গাদাগাদি করে বসিয়ে ক্লাস নিতে বাধ্য হচ্ছেন শিক্ষকরা। এতে পাঠদানের মান নষ্ট হচ্ছে, মনোযোগ হারাচ্ছে শিক্ষার্থীরা। এ নিয়ে বুধবার জকিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহবুবুর রহমানের কাছে লিখিত অভিযোগ দিয়ে দ্রুত শিক্ষকসংকট নিরসনের দাবি জানিয়েছেন।
অভিযোগ রয়েছে, একের পর এক শিক্ষক বদলি করা হলেও তাদের স্থলাভিষিক্ত কেউ পদায়ন করা হয়নি। বিদ্যালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান শিক্ষক ওমর ফারুক বলেন, “স্থলাভিষিক্ত কাউকে না দিয়ে বারবার শিক্ষক বদলি করায় এখন প্রায় সব পদ শূন্য। এ অবস্থায় শিক্ষা কার্যক্রম চালানো অসম্ভব হয়ে পড়েছে।”
অভিভাবক মুনিম আহমদ বলেন, “৫৪৯ শিক্ষার্থীর জন্য শিক্ষক মাত্র ২ জন। গণিত-বিজ্ঞান পড়ানোর মতো শিক্ষক নেই। সন্তানদের ভবিষ্যৎ নিয়ে আমরা গভীরভাবে শঙ্কিত।”
অভিভাবক ইয়াসিন আহমদ লিটন ক্ষোভ প্রকাশ করে বলেন, “আমরা এখন অসহায়। সন্তানরা স্কুলে গেলেও পড়াশোনা হচ্ছে না। সরকার যদি দ্রুত ব্যবস্থা না নেয়, অনেক শিক্ষার্থী পড়ালেখা ছেড়ে দেবে। মেয়েদের ভবিষ্যৎ অন্ধকারে ডুবে যাবে।”
কেছরী গ্রামের শাহীন আহমদ জানান, “আমার দুই মেয়ে বৃত্তিপ্রাপ্ত ছাত্রী। শিক্ষক না থাকায় তাদের পড়াশোনা অনিশ্চিত হয়ে পড়ছে। ৯টি পদের মধ্যে ৭টি শূন্য বহু বছর ধরে। গণিত, ইংরেজি, বিজ্ঞান ছাড়া কেবল সামাজিক বিজ্ঞান ও ইসলাম শিক্ষা চলছে। এতে শিক্ষার্থীরা ভয়াবহ ক্ষতির মুখে পড়ছে।”
শিক্ষার্থীরাও ক্ষোভ প্রকাশ করেছে। নবম শ্রেণির এক শিক্ষার্থী বলে, “গণিত, বিজ্ঞান পড়ানোর শিক্ষক নেই। পরীক্ষার প্রস্তুতিতে সমস্যা হচ্ছে। শিক্ষক ছাড়া আমরা দিশেহারা।”
এসএসসি পরীক্ষার্থী ইসরাত জাহান লিমা জানায়, “দুইজন শিক্ষক সব বিষয় পড়ানোর চেষ্টা করেন। এতে কোনো বিষয়ই ঠিকভাবে শেখা সম্ভব হয় না। আবার প্রায় সময় দুই শ্রেণি একসাথে ক্লাস করলে পড়ায় মনোযোগ দেওয়া যায় না।”
অভিভাবক মহল অভিযোগ করেছেন, শিক্ষকদের অভাবে স্কুলে নিয়মিত পাঠদান ব্যাহত হওয়ায় শিক্ষার্থীরা কোচিং ও প্রাইভেট টিউশনের ওপর নির্ভরশীল হয়ে পড়ছে। তবে গ্রামের অধিকাংশ পরিবার আর্থিক সংকটের কারণে অতিরিক্ত খরচ বহন করতে পারছে না। এতে শিক্ষার বৈষম্য বাড়ছে এবং দরিদ্র পরিবারের মেয়েরা ঝরে পড়ার ঝুঁকিতে পড়ছে।
স্থানীয় শিক্ষানুরাগীরা বলছেন, একসময় এই বিদ্যালয় সীমান্ত অঞ্চলের মেয়েদের জন্য আশীর্বাদ ছিল। এখান থেকে পাশ করে অনেক ছাত্রী উচ্চশিক্ষা নিয়ে সমাজে প্রতিষ্ঠিত হয়েছেন। অথচ আজ একই বিদ্যালয়ে শিক্ষার পরিবেশ ভেঙে পড়েছে। এক শিক্ষানুরাগী সতর্ক করে বলেন, “যদি দ্রুত শিক্ষক নিয়োগ না হয়, তবে অনেক পরিবার মেয়েদের স্কুলে পাঠানো বন্ধ করে দেবে। এতে বাল্যবিবাহসহ সামাজিক সমস্যা আরও বাড়তে পারে।”
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহবুবুর রহমান জানান, “শিক্ষক সংকটের বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। আশা করছি দ্রুত সমাধান আসবে।”
অন্যদিকে জেলা শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, সংকট নিরসনে মন্ত্রণালয়ে প্রতিবেদন পাঠানো হয়েছে। তবে নিয়োগ কবে হবে সে বিষয়ে কোনো নিশ্চয়তা নেই।
এ বিষয়ে সিলেটের জেলা শিক্ষা কর্মকর্তার সঙ্গে মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কল ধরেননি।
সুনামগঞ্জের নবগঠিত মধ্যনগর উপজেলায় এসিল্যান্ড (সহকারী কমিশনার ভূমি) পদ সৃজন ও পদায়ন না হওয়ায় তীব্র ভোগান্তিতে রয়েছেন সাধারণ মানুষ। ভূমি সংক্রান্ত নানান কাজে প্রতিদিন শত শত মানুষকে এখনো ২০ থেকে ৩০কিলোমিটার দূরে ধর্মপাশা উপজেলা ভূমি অফিসে যেতে হচ্ছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলা হওয়ার আগেই মধ্যনগর সদর ইউনিয়নে একটি ভূমি অফিস চালু ছিল। তবে সেটি শুধু খাজনা আদায়ের কাজ করত। নামজারি, রেকর্ড সংশোধন কিংবা অন্যান্য জটিল কাজের জন্য তখনও লোকজনকে ধর্মপাশা উপজেলা ভূমি অফিসে যেতে হতো।
বর্তমানে মধ্যনগর উপজেলায় চারটি ইউনিয়নের জন্য দুইটি ভূমি অফিস চালু রয়েছে। এর মধ্যে মধ্যনগর সদর ও চামরদানি ইউনিয়নের খাজনা গ্রহণ করা হয় সদর ভূমি অফিসে। আর বংশীকুন্ডা উত্তর ও দক্ষিণ ইউনিয়নের খাজনা সংগ্রহের জন্য মহিষখলা বাজারে নতুন একটি ভূমি অফিস খোলা হয়েছে। এসব অফিসে একজন তহশিলদার দায়িত্ব পালন করছেন।
উপজেলা সদরসহ আশপাশের ইউনিয়নের সাধারণ মানুষের অভিযোগ— নামজারি, রেকর্ড সংশোধন, জমির ওয়ারিশ সনদ কিংবা এনামপত্র সংগ্রহ করতে গেলে পুরো দিন নষ্ট হয়ে যায়। শুধু তাই নয়, যাতায়াত ভাড়া, খাওয়ার খরচ, ফাইল তৈরির অতিরিক্ত ঝামেলাও বহন করতে হয়। এতে বিশেষ করে বয়স্ক মানুষ, নারী ও দরিদ্র কৃষকেরা সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়ছেন।
স্থানীয় কৃষক হাবিবুর রহমান বলেন, সারাদিন কাজকর্ম বাদ দিয়ে ধর্মপাশায় যেতে হয় নামজারি বা অন্য কোনো কাজের জন্য। অনেক সময় আবার কাগজপত্র ঠিক না থাকায় কয়েকবার যেতে হয়। এতে আমাদের সময়, অর্থ আর শ্রম সব নষ্ট হচ্ছে।
প্রশাসনিকভাবে ২০২১ সালে মধ্যনগরকে উপজেলা ঘোষণা করা হয়। এরপর উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা নির্বাচন অফিস, সমবায় অফিস, শিক্ষা অফিসসহ বিভিন্ন দপ্তরের কার্যক্রম চালু হলেও ভূমি প্রশাসনের মূল দায়িত্বপ্রাপ্ত এসিল্যান্ডের (সহকারী কমিশনার ভূমি) পদ এখনো সৃজন হয়নি।
স্থানীয়রা বলছেন, উপজেলার মধ্যে যদি পূর্ণাঙ্গ ভূমি অফিস চালু হয় তবে তাদের সময় ও অর্থ সাশ্রয় হবে। একদিকে সরকারের রাজস্ব আদায় বাড়বে, অন্যদিকে ভূমি সংক্রান্ত জটিলতা ও দালালচক্রের দৌরাত্ম্যও কমবে।
মধ্যনগর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) উজ্জ্বল রায় জানান, এসিল্যান্ড পদ সৃজন ও পূর্ণাঙ্গ ভূমি অফিস চালুর জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষকে বারবার প্রস্তাব পাঠানো হয়েছে। আশা করি শিগগিরই অনুমোদন আসবে।
নবগঠিত উপজেলা হিসেবে মধ্যনগরের মানুষ প্রশাসনিক সেবা পেলেও এসিল্যান্ডের অনুপস্থিতিতে ভূমি সংক্রান্ত পুরোনো দুর্ভোগ বয়ে বেড়াচ্ছেন। স্থানীয়দের দাবি, দ্রুত এসিল্যান্ড পদ সৃষ্টি ও পদায়নের মাধ্যমে স্থায়ী ভূমি অফিস স্থাপন করলে এ ভোগান্তি দূর হবে।
দীর্ঘ ২৮ বছর পর শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) নির্বাচন নিয়ে শিক্ষার্থীদের মধ্যে বিরাজ করছে উৎসবের আমেজ। তবে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে এখনো পর্যন্ত নির্বাচনের রোডম্যাপ ঘোষণা কিংবা নির্বাচন কমিশন গঠন না করায় শিক্ষার্থীদের মাঝে তৈরি হয়েছে অনিশ্চয়তা ও ক্ষোভ। এ নিয়ে আজ সকাল ১১টায় প্রশাসনিক ভবন ১ এর সামনে ১ ঘন্টা অবস্থান কর্মসূচির পর ছাত্র প্রতিনিধিরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে আলোচনায় বসেন। এসময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড এ এম সরওয়ার উদ্দিন চৌধুরী শিগগিরই নির্বাচন কমিশন গঠনের আশ্বাস দেন।
জানা যায়, আলোচনায় শিক্ষার্থীরা আজকের মধ্যেই নির্বাচন কমিশন গঠন ও রোডম্যাপ ঘোষণার দাবি জানান। তবে দীর্ঘ আলোচনা শেষে তারা তিন দিনের মধ্যে নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি জানিয়ে উপাচার্য কার্যালয় থেকে বেরিয়ে আসেন।
আলোচনায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ. এম. সরওয়ার উদ্দিন চৌধুরী শিক্ষার্থীদের আশ্বস্ত করেন এবং অতিদ্রুত নির্বাচন কমিশন গঠন ও নির্বাচন আয়োজনের নিশ্চয়তা দেন।
এসময় উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সাজেদুল করিম বলেন, “আমাদের সংবিধান প্রবিধি এখনো সিন্ডিকেট অনুমোদন পায়নি। যেখানে প্রবিধি অনুমোদন হয়নি, সেখানে কাউকে নির্বাচন কমিশনার করলে কোন নীতিমালা অনুযায়ী কাজ করবে? এজন্য আজ সিন্ডিকেট বৈঠক আছে। বৈঠকে প্রবিধি অনুমোদন পেলেই অতিদ্রুত নির্বাচন কমিশন গঠন করা হবে।”
বৈঠকে উপস্থিত ও সম্ভাব্য ভিপি প্রার্থী দেলোয়ার হোসেন শিশির বলেন, “আমরা চাই দুইদিনের মধ্যে নির্বাচন কমিশন গঠন করা হোক। নভেম্বরে দ্বিতীয় সপ্তাহে নির্বাচন আয়োজন করতে হলে পূজার ছুটির আগে কমিশন গঠন করা প্রয়োজন, তা না হলে জাতীয় নির্বাচন চলে আসলে শাকসু নির্বাচন বিলম্বিত বা না হওয়ার সম্ভাবনা থেকে যায়।”
সুনামগঞ্জ জেলার ধর্মপাশা সার্কেলে নতুন সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে যোগদান করেছেন মো. এস এম ফজলে রাব্বী রাজিব। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন।
নবাগত কর্মকর্তাকে ফুলেল শুভেচ্ছার মাধ্যমে বরণ করে নেন জেলা পুলিশ সুপার তোফায়েল আহাম্মেদ। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) তাপস রঞ্জন ঘোষ।
এএসপি রাজিবের পুলিশ জীবনের যাত্রা শুরু হয় ৪০তম বিসিএসের মাধ্যমে। ২০২২ সালে বাংলাদেশ পুলিশে যোগ দিয়ে তিনি ফরিদপুর জেলায় শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার হিসেবে মাঠপর্যায়ের অভিজ্ঞতা অর্জন করেন।
এলাকাবাসীর নতুন সার্কেল অফিসারের কাছে দাবি মাদক কারবারী, জুয়া, মব সন্ত্রাসী, চোরা কারবারি সহ দূরনিতী বাজদের বিরুদ্ধে কটোর ব্যবস্থা নিয়ে এলাকার শান্তি ফিরিয়ে আনবে এই প্রত্যাশা করে।
ধর্মপাশার নবনিযোক্ত সার্কেল অফিসার এস এম ফজলে রাব্বী রাজিব বলেন, আমি চেষ্টা করব ধর্মপাশা থেকে মাদক, জুয়া চোরা কারবারিদের নির্মূল করার। সকলের সহযোগিতা নিয়ে আইন শৃঙ্খলা সাভাবিক রাখার। এইজন্য সকলের সহযোগিতা চাই, পুলিশ জনগনের সেবক, সততা নিয়ে সেবা দিতে চাই।
নির্বাচন কমিশন নিরপেক্ষভাবে কাজ করতে চায় জানিয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, ‘একটি দলকে শাপলা প্রতীক কেন দেওয়া হবে না, তার ব্যাখ্যা দেবে না নির্বাচন কমিশন (ইসি)। এটা কমিশনের সিদ্ধান্ত। আর ইসি কারও কথায় চলে না। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের অগ্রগতি নিয়ে নিজ দপ্তরে তিনি এসব কথা বলেন।
সিইসি বলেন, ‘সব দল নির্বাচনের আগে সমঝোতায় আসবে আশা প্রকাশ করে। রাজনীতিবিদরা কেউ নিয়ম ভাঙার নিয়তে মাঠে নেমেছেন এমন পরিস্থিতি নেই। কমিশন সর্বশক্তি দিয়ে ভোটের পরিবেশ নিশ্চিত করবে। নতুন রাজনৈতিক দলকে নিবন্ধন দিতে গত মাসেই চেয়েছিল ইসি, তবে কোনো অস্বচ্ছতা রেখে দলগুলোকে নিবন্ধন দিতে চায় না সংস্থাটি। তাই যাদের বিরুদ্ধে নতুন করে আপত্তি আসছে তাদের ব্যাপারে পুনরায় খোঁজ নেওয়া হচ্ছে।’
তিনি আরও বলেন, ‘প্রবাসী ভোটারদের ভোট নিতে সফল হবে ইসি। রমজানের আগে নির্বাচন হওয়ার জন্য যা যা করা দরকার তার সর্বোচ্চ প্রস্তুতি নিচ্ছে কমিশন। ঐতিহাসিক নির্বাচন করতে চায় কমিশন।’
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে হামলার অভিযোগে আওয়ামী লীগের নেতা–কর্মী ও সমর্থকদের বিরুদ্ধে মামলা করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন। নিউইয়র্কের স্থানীয় সময় অনুযায়ী বুধবার রাত ১টায় (বাংলাদেশ সময় বৃহস্পতিবার বেলা ১১টা) জন এফ কেনেডি বিমানবন্দরের পাশে পোর্ট অথরিটি পুলিশ ডিপার্টমেন্ট থানায় আখতার হোসেন মামলা করেছেন। বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক ভিডিও বার্তায় এনসিপির এই নেতা এ তথ্য জানান।
ভিডিও বার্তায় আখতার হোসেন বলেন, ‘এয়ারপোর্টে হামলার পরে আজ সন্ধ্যাবেলা আওয়ামী সন্ত্রাসীরা আবার হোটেলের লবিতে এসেছিল হামলা করার উদ্দেশ্যে। সে সময় যুক্তরাষ্ট্রে অবস্থানরত এনসিপির সদস্যরা এবং আমার শুভাকাঙ্ক্ষীরা তাদের প্রতিহত করেন এবং পুলিশের সঙ্গে যোগাযোগ করেন। পরবর্তী সময়ে পুলিশ ইনভেস্টিগেশন অফিসার এসে মামলা করার জন্য আমাদের পরামর্শ দেন। তারই পরিপ্রেক্ষিতে আমি এয়ারপোর্টের খুব কাছের যে থানা রয়েছে, সেখানে গিয়েছি। যারা সেই দিন আমাদের ওপর হামলা করেছিল, হত্যাচেষ্টা করেছিল এবং থ্রেট দিয়েছিল, তাদের ব্যাপারে আমরা এখানে মামলা দায়ের করেছি।’
ওই মামলায় আখতার দুজনের নাম উল্লেখ করেছেন। পাশাপাশি ১৫ থেকে ২০ জনকে অজ্ঞাতনামা আসামি করেছেন। মামলার অভিযোগে আখতার হোসেন বলেছেন, জেএফকে বিমানবন্দরে হামলার পরও এয়ারপোর্টের লবিতে এবং অন্যান্য জায়গায় নানাভাবে হেনস্তা করার চেষ্টা করেছে হামলাকারীরা।
ভিডিও বার্তায় আখতার আরও বলেন, ‘একই সঙ্গে ইউএস পুলিশকে আমরা এই বিষয়টা অবহিত করেছি যে যাঁরা ওই ঘটনাগুলো যুক্তরাষ্ট্রে ঘটাচ্ছেন, তাঁরা বাংলাদেশে নিষিদ্ধ এমন একটি সংগঠনের সঙ্গে জড়িত, যাঁরা গত বছর বাংলাদেশে গণহত্যা চালিয়েছেন। মানবতাবিরোধী অপরাধ চালিয়েছেন। ইউএন-এর (জাতিসংঘ) যে রিপোর্ট সে ব্যাপারে আমরা তাদের অবহিত করেছি, আমরা মনে করি যে আওয়ামী সন্ত্রাসীরা তারা দেশে হোক দেশের বাইরে, যেখানেই হোক আমরা তাদের ব্যাপারে আইনগতভাবে যে প্রতিকারের ব্যবস্থা, সেটা আমরা গ্রহণ করব এবং আমরা এ কথা বিশ্বাস করি যে আওয়ামী সন্ত্রাসীরা তারাঁ যত ধরনের অপরাধ করেছেন, সে অপরাধগুলোকে আইনগতভাবেই নিষ্পত্তি করা সম্ভব এবং আওয়ামী লীগ তার সন্ত্রাস নিয়ে বাংলাদেশে আর ফিরে আসার সুযোগ পাবে না।’
বিমানবন্দরের ৪ নম্বর টার্মিনাল থেকে বের হওয়ার সময় স্থানীয় সময় ২২ সেপ্টেম্বর (সোমবার) বিকেল পাঁচটার দিকে আখতার হোসেনকে ডিম ছোড়েন আওয়ামী লীগের নেতা–কর্মী ও সমর্থকেরা। জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সফরসঙ্গী হিসেবে আখতার হোসেন সেখানে যান। প্রত্যক্ষদর্শীরা বলেছেন, স্থানীয় আওয়ামী লীগ নেতা মিজানুর রহমানকে ডিম ছুড়তে দেখা গেছে। এ ঘটনার পর বিএনপির এক কর্মীকে ছুরিকাঘাত করার অভিযোগে মিজানুরকে আটক করা হয়। পরে তিনি ছাড়াও পান।
আখতার হোসেনের সঙ্গে হাঁটছিলেন সফরসঙ্গী হিসেবে আসা বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা। স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মী ও সমর্থকেরা এ সময় তাসনিম জারাকে লক্ষ্য করে কটূক্তি করেন। তাঁরা সেখানে বিক্ষোভ করেন।
প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সফরসঙ্গীরা ম্যানহাটনের গ্র্যান্ড হায়াত হোটেলে আছেন। যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ সেখানে প্রতিবাদ করার অনুমতি নিয়ে ২২ সেপ্টেম্বর সন্ধ্যায় বিক্ষোভ করেন।
রাস্তার দুই পাশে পরস্পরবিরোধী স্লোগান দেয় এনসিপি ও আওয়ামী লীগ। সেখানে এনসিপি নেতা আখতার হোসেন এ ঘটনায় আওয়ামী লীগ নেতা-কর্মী ও সমর্থকদের বিচার দাবি করেন।
সিলেটে অবৈধ যানবাহনের বিরুদ্ধে পুলিশের চলমান অভিযানে চরম ক্ষুব্ধ হয়ে রাস্তায় নেমেছেন ব্যাটারিচালিত রিকশা চালকরা। পারমিটের দাবিতে জেলা প্রশাসকের (ডিসি) কার্যালয় ঘেরাও করেন তারা। ‘সিলেট ব্যাটারী চালিত রিকশা মালিক শ্রমিক ঐক্য পরিষদ’ ব্যানারে বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে নগরীর গুরুত্বপূর্ণ সড়কে মিছিলের পর তারা ডিসি অফিস ঘেরাও করেন। এসময় তারা শ্লোগান দিতে থাকেন। এসময় স্থানীয় সরকার বিভাগের উপ সচিব সুবর্ণা সরকার তাদের আশ্বাস প্রদান করেন।
চৌহাট্টা আলিয়া মাদ্রাসা মাঠে সকাল থেকেই জড়ো হতে থাকেন শত শত রিকশা চালক। পরে দুপুর ১২টার দিকে তারা মিছিল নিয়ে চৌহাট্টা পয়েন্টে এসে পৌঁছান এবং সেখানে বাঁশ ফেলে রাস্তা অবরোধের চেষ্টা করেন।
মিছিল শেষে তারা জেলা প্রশাসকের কার্যালয়ের দিকে রওনা হন। পথে পথে তারা ‘পারমিট চাই’, ‘রিকশা চালাতে দাও’, ‘গরিবের পেটে লাথি মারো না’—এমন নানা স্লোগানে উত্তাল করে তোলেন নগরীর রাজপথ। মিছিল শেষে চালকরা বন্দরবাজার পয়েন্টে অবস্থান নিয়ে সমবেত হন এবং সেখান থেকেও একই দাবিতে বিভিন্ন শ্লোগান দেন।
এর আগে, গত তিনদিন ধরে সিলেট নগরীতে অবৈধ যানবাহনের বিরুদ্ধে চালানো বিশেষ অভিযানে শতাধিক যানবাহন আটক ও মামলা করা হয়েছে। বুধবার অভিযানের তৃতীয় দিনে ৬৯টি যানবাহন আটক করা হয়, যার মধ্যে ব্যাটারিচালিত রিকশার সংখ্যাই ছিল সবচেয়ে বেশি—মোট ৪৪টি।
এছাড়াও ৩১টি যানবাহনের বিরুদ্ধে প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় মামলা দায়ের করা হয়েছে। আটক করা যানবাহনের মধ্যে সিএনজি অটোরিকশা, মোটরসাইকেল, পিকআপ, ট্রাক ও ব্যক্তিগত গাড়িও ছিল।
অভিযানের অংশ হিসেবে নগরীর শামীমাবাদ এলাকায় পরিচালিত এক বিশেষ অভিযানে ১১টি গ্যারেজের অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে ১৪৫ ফুট বৈদ্যুতিক তার, ১৮০টি চার্জিং পয়েন্ট ও ১০টি অবৈধ মিটার জব্দ করা হয়েছে।
তবে রিকশা চালকদের দাবি, তারা পরিবার-পরিজন নিয়ে বাঁচতে চান। পারমিট না দিয়ে রিকশা আটক ও মামলা দিয়ে তাদের পথে বসিয়ে দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন তারা।
আধুনিক ডেস্ক :: দুর্নীতির মামলায় পলাতক আসামি আলোচিত ব্যবসায়ীগোষ্ঠী এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম ও তার দুই ভাইসহ ৩ জনকে গ্রেপ্তারে ইন্টারপোলের রেড নোটিশ জারির আদেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ সাব্বির ফয়েজ এ আদেশ দেন। অপর দুজন হলেন—এস আলম গ্রুপের ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম ও পরিচালক মোহাম্মদ আব্দুল্লাহ হাসান। দুদকের পক্ষে সংস্থাটির উপ-পরিচালক তাহাসিন মুনাবিল হক পলাতক এই আসামিদের গ্রেপ্তারে নোটিশ জারির আবেদন করেন। শুনানি শেষে আদালত তা মঞ্জুর করে আদেশ দেন।
দুদকের আবেদনে বলা হয়, এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম ও অন্য আসামিরা পরস্পর যোগসাজশ করে অপরাধমূলক অসদাচরণ ও বিশ্বাস ভঙ্গ করে একটি ভুয়া প্রতিষ্ঠান এএম ট্রেডিংয়ের নামে ঋণ প্রস্তাব ও তা অনুমোদনের ব্যবস্থা করে ১০৪ কোটি ২০ লাখ ৭৭ হাজার ৭০৮ টাকা আত্মসাৎ করেন। সেই টাকা দুর্নীতির মাধ্যমে স্থানান্তর/রূপান্তর করে ৩৪০ কোটি টাকা এস আলম সুপার ওয়েল লিমিটেড এর সরিয়ে নিয়েছেন।
তাদের বিরুদ্ধে দণ্ডবিধির একাধিক ধারা, দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭ ও মানি লন্ডারিং প্রতিরোধ আইন ২০১২ এর আওতায় অপরাধের প্রমাণ পাওয়া যায়। আবেদনে আরো বলা হয়েছে, আসামিরা বাংলাদেশ থেকে পলাতক রয়েছেন। তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে ইন্টারপোলে রেড নোটিশ জারি করার জন্য আদালতের নির্দেশনা চাওয়া হয়।
উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হলো এলিগ্যান্ট শপিং মল ব্যবসায়ী সমিতির আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫। বুধবার (২৪ সেপ্টেম্বর) রাত ১০টায় শুরু হয় টুর্নামেন্ট। চারটি দলের অংশগ্রহণে আয়োজিত টুর্নামেন্টে টানটান উত্তেজনা ও জমজমাট খেলা প্রদর্শন করেন ক্রিকেটাররা। শিরোপার লড়াইয়ে সেরা হয়ে ট্রফি ঘরে তোলে এলিগ্যান্ট থান্ডার্স, এবং রানার্সআপ হয় এলিগ্যান্ট স্ট্রাইকার্স। অংশগ্রহণকারী অন্য দুটি দল হচ্ছে এলিগ্যান্ট টাইগার্স ও ফাইটার্স ।
প্রথম ম্যাচে মাঠে নামে এলিগ্যান্ট থান্ডার্স ও এলিগ্যান্ট টাইগার্স। ওপেনার জালালের ঝড়ো হাফসেঞ্চুরির সুবাদে থান্ডার্স নির্ধারিত ৬ ওভারে তোলে ৭৭ রান। জবাবে মাত্র ৪৩ রানে গুটিয়ে যায় টাইগার্স। মেহেদি হাসান নেন ৩ উইকেট। দুর্দান্ত ইনিংস খেলে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন জালাল।
দ্বিতীয় ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা করে এলিগ্যান্ট ফাইটার্স ও এলিগ্যান্ট স্ট্রাইকার্স। ব্যাট হাতে আলো ছড়ান জুবায়ের। তার ৩৭ রানের ঝলমলে ইনিংসে স্ট্রাইকার্স সংগ্রহ করে ৬২ রান। জবাবে ফাইটার্স থেমে যায় ৪৩ রানে। বল হাতে ৩ উইকেট নেন মহসিন। ব্যাটিং নৈপুণ্যের জন্য জুবায়ের ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন।
জমজমাট ফাইনালে মুখোমুখি হয় এলিগ্যান্ট থান্ডার্স ও এলিগ্যান্ট স্ট্রাইকার্স। টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে স্ট্রাইকার্স সংগ্রহ করে ৫৬ রান। দলের হয়ে সর্বোচ্চ ২৯ রান করেন সুমন। জবাবে একাই ম্যাচের মোড় ঘুরিয়ে দেন থান্ডার্সের লিজন। ব্যাট হাতে ৩৮ রানে অপরাজিত থাকার পাশাপাশি বল হাতে শিকার করেন ৩ উইকেট। তার অলরাউন্ড নৈপুণ্যে দল পায় শিরোপার আনন্দ। তাই ম্যান অব দ্য ম্যাচের পাশাপাশি ম্যান অব দ্য টুর্নামেন্টের ট্রফিও উঠে যায় লিজনের হাতে।
ফাইনাল শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে চ্যাম্পিয়ন থান্ডার্স ও রানার্সআপ স্ট্রাইকার্সের হাতে ট্রফি তুলে দেওয়া হয়। পাশাপাশি ম্যান অব দ্য ম্যাচ ও ম্যান অব দ্য টুর্নামেন্ট বিজয়ীদেরও সম্মাননা জানানো হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এলিগ্যান্ট শপিং মল ব্যবসায়ী সমিতির সভাপতি মো. তৈয়বুর রহমান নানু। তিনি বলেন— এলিগ্যান্ট শপিং মল ব্যবসায়ী সমিতি শুধু ব্যবসায়িক কর্মকাণ্ডেই সীমাবদ্ধ নয়, আমরা ক্রীড়া ও সাংস্কৃতিক কার্যক্রমেও সক্রিয়। এই ধরনের টুর্নামেন্ট ব্যবসায়ীদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক তৈরি করে, তরুণদের খেলাধুলায় উৎসাহিত করে এবং সুস্থ বিনোদনের ব্যবস্থা করে। আগামীতে আরও বড় পরিসরে এ আয়োজন করার পরিকল্পনা রয়েছে।
এ সময় সমিতির নেতৃবৃন্দ ছাড়াও বিপুলসংখ্যক দর্শক উপস্থিত থেকে খেলোয়াড়দের উচ্ছ্বাসভরা সমর্থন যুগিয়েছেন, যা পুরো আয়োজনে পরিণত হয় এক প্রাণবন্ত ক্রীড়া উৎসবে।
ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক শফিক হোসেন অংশগ্রহণকারীদের ধন্যবাদ জানিয়ে বলেন, এই টুর্নামেন্ট ব্যবসায়ীদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে তুলেছে এবং তরুণদের খেলাধুলায় অনুপ্রাণিত করেছে। ভবিষ্যতেও এ আয়োজন অব্যাহত থাকবে।