শাবি প্রতিনিধি ::
গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজ’র সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে নৃশংসভাবে হত্যার ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকদের সংগঠন শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব। শুক্রবার (৮ আগস্ট) অফিস সম্পাদক নুর আলম স্বাক্ষরিত এক যৌথ বিবৃতিতে সংগঠনের সভাপতি জুবায়েদুল হক রবিন ও সাধারণ সম্পাদক নাঈম আহমদ শুভ দোষীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে সুষ্ঠু বিচার নিশ্চিতের দাবি জানান।
বিবৃতিতে বলা হয়, সিসি ক্যামেরার ফুটেজ ও প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার (৭ আগস্ট) রাতে গাজীপুর চান্দনা চৌরাস্তা এলাকায় বাদশা মিয়া নামে এক ব্যক্তি এক নারীর সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। একপর্যায়ে দুর্বৃত্তরা নারীর পক্ষ নিয়ে বাদশা মিয়াকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। ওই দৃশ্য মোবাইলে ধারণ করছিলেন সাংবাদিক তুহিন। ভিডিও মুছতে অস্বীকৃতি জানালে দুর্বৃত্তরা তাকে ধাওয়া করে চান্দনা চৌরাস্তার মসজিদ মার্কেটের সামনে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নেতৃবৃন্দ বলেন, এই হত্যাকাণ্ড কেবল একজন সাংবাদিকের জীবনহানি নয়, বরং গণমাধ্যমের স্বাধীনতা ও সত্য প্রকাশের পথে বড় বাধা। সাংবাদিকদের ওপর ধারাবাহিক হামলা গণতন্ত্রের জন্য হুমকিস্বরূপ। তারা সরকারের প্রতি সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা, হত্যার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।


