শাবিপ্রবি প্রতিনিধি:
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভোক্তা-অধিকার সংরক্ষণের উদ্যোগে শিক্ষার্থীদের সচেতন করতে “ভোক্তা অধিকার: বাস্তবতা, চ্যালেঞ্জসমূহ ও করণীয়” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হবে। এতে সহযোগিতা করবে বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগ।
সোমবার (২৮ জুলাই) বিকেল ৪টায় সামাজিক বিজ্ঞান অনুষদের চতুর্থ তলার কনফারেন্স রুমে এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক।
সংবাদ সম্মেলনে সহকারী পরিচালক বলেন, “বর্তমানে আমাদের দেশে প্রায় সবক্ষেত্রেই দুর্নীতি হচ্ছে। এর সবচেয়ে বড় শিকার হচ্ছেন প্রান্তিক পর্যায়ের ভোক্তারা। ভোক্তারা যদি সচেতন হয়ে ওঠেন, তাহলে ব্যবসায়ীরা চাইলেও দুর্নীতির সাথে তাদের জড়াতে পারবে না। এজন্যই আমরা প্রতিবছর উপজেলা পর্যায়ের বিভিন্ন স্কুল-কলেজে সচেতনতামূলক সেমিনার করে থাকি।”
এরই ধারাবাহিকতায় আগামীকাল মঙ্গলবার (২৯ জুলাই) বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটোরিয়ামে বিকেল ২টায় এই সেমিনার অনুষ্ঠিত হবে।
সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. এ এম সরওয়ার উদ্দিন চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সাজেদুল করিম এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইসমাইল হোসেন।
সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করবেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক আলীম আখতার খান।
মূল আলোচক হিসেবে উপস্থিত থাকবেন অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. রফিকুল ইসলাম।
আলোচক হিসেবে আরও উপস্থিত থাকবেন অধ্যাপক ড. তাহমিনা ইসলাম।
সেমিনারে সভাপতিত্ব করবেন সমাজকর্ম বিভাগের অধ্যাপক মুহাম্মদ মিজানুর রহমান।


