শাবিপ্রবি প্রতিনিধি:
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) প্রথমবারের মতো আন্তর্জাতিক বাংলা ভাষা ও সাহিত্য সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ‘শতবর্ষে মুসলিম সাহিত্য সমাজ ও সিলেটে নজরুল: মুক্তচিন্তা ও দ্রোহের উত্তরাধিকার’ প্রতিপাদ্যে ১৩টি প্যারালাল সেশনের মাধ্যমে দিনব্যাপী এ সম্মেলন সম্পন্ন হয়।
শুক্রবার(২৭ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে সম্মেলনের উদ্বোধন করা হয়। এতে বাংলাদেশ, ভারত ও শ্রীলঙ্কার গবেষকদের মোট ১২৬টি গবেষণাপত্র উপস্থাপন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. খায়রুল ইসলাম।
প্রধান অতিথি বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. খায়রুল ইসলাম বলেন, ‘বাংলা ভাষা ও সাহিত্য আমাদের আত্মপরিচয়, ইতিহাস ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করতে মুক্তচিন্তা, যুক্তিবাদ ও মানবিক মূল্যবোধের চর্চা অত্যন্ত জরুরি। মুসলিম সাহিত্য সমাজ ও কাজী নজরুল ইসলামের সাহিত্যকর্ম আমাদের সেই মুক্তচিন্তা ও প্রতিবাদের চেতনায় অনুপ্রাণিত করে।’ এ ধরনের আন্তর্জাতিক সম্মেলন গবেষক, শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের নতুন সুযোগ সৃষ্টি করবে বলে তিনি আশা প্রকাশ করেন।
সম্মেলনে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. সৈয়দ আজিজুল হক ও ভারতের আসাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. বেলা দাস।
অধ্যাপক ড. বেলা দাস বলেন, ‘সময়ের পরিক্রমায় আমরা উপলব্ধি করেছি, নজরুল কেবল সমকালের কবি নন; তিনি সব সময়ের, সব মানুষের কবি। তাঁর মানবিকতাবোধ, সাম্যচিন্তা, অসাম্প্রদায়িক চেতনা ও শোষণমুক্ত সমাজের স্বপ্ন এখনো পুরোপুরি বাস্তবায়িত হয়নি। যত দিন সমাজে বৈষম্য, অন্যায়, শোষণ ও নিপীড়ন থাকবে, তত দিন নজরুল প্রাসঙ্গিক থাকবেন।’ এই প্রতিবাদী চেতনাকে ব্যক্তিগত ও সামাজিক জীবনের মূলমন্ত্র হিসেবে ধারণ করার আহ্বান জানান তিনি।
আয়োজকরা জানান, ১৯২৬ সালে ঢাকায় মুসলিম সাহিত্য সমাজ প্রতিষ্ঠা এবং একই বছর কাজী নজরুল ইসলামের সিলেট আগমনের শতবর্ষপূর্তিকে কেন্দ্র করে এবারের সম্মেলনের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে।
বাংলা বিভাগের প্রধান ও সম্মেলনের আহ্বায়ক অধ্যাপক ড. মো. রিজাউল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপ-উপাচার্য অধ্যাপক ড. জি এম রবিউল ইসলাম, বাংলা একাডেমির মহাপরিচালক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোহাম্মদ আজম এবং সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দীন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সম্মেলনের সদস্য সচিব অধ্যাপক ড. মো. ফয়জুল হক। এ ছাড়া বক্তব্য দেন অধ্যাপক ড. মেজর মো. আশ্রাফুল করিম। অনুষ্ঠান সঞ্চালনা করেন অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম।


