নাজিম উদ্দিন, লাখাই :
হবিগঞ্জের লাখাই উপজেলার বলভদ্র সেতু থেকে হবিগঞ্জ সদর উপজেলার কোর্ট স্টেশন পর্যন্ত প্রায় ২৬ কিলোমিটার আঞ্চলিক মহাসড়ক চার লেনে উন্নীত করার কাজ শুরু হয়েছে। ৬১৮ কোটি টাকা ব্যয়ে বাস্তবায়নাধীন এ প্রকল্পের নির্মাণকাজ আগামী ১৮ মাসের মধ্যে শেষ করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
রোববার (২৩ নভেম্বর) দুপুরে লাখাই উপজেলার মোড়াকরি ইউনিয়নের বলভদ্র সেতু এলাকায় দোয়া মাহফিলের মধ্য দিয়ে সড়কটির নির্মাণকাজের উদ্বোধন করেন হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ জি কে গউছ।
এ উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) লাখাই উপজেলা শাখা এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে নির্মাণকাজের অবহিতকরণ সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি ড. এম আখতার আহাদ চৌধুরী স্বপন।
প্রধান অতিথির বক্তব্যে হুইপ জি কে গউছ বলেন, ‘যে দল মানুষের কাছে দেওয়া কথা ও কাজের মিল রাখে, সেই দলই বিএনপি। আমরা কথা দিয়েছিলাম, সুযোগ পেলে লাখাই-হবিগঞ্জ আঞ্চলিক মহাসড়কটি প্রশস্ত করা হবে। আজ সেই কাজের সূচনা হয়েছে। কোনো কারণে যেন আমাদের অসহযোগিতার কারণে সড়কের নির্মাণকাজ বন্ধ না হয়, সেদিকে সবাইকে খেয়াল রাখতে হবে। এই কাজের মাধ্যমে মানুষের কাছে দেওয়া প্রতিশ্রুতির ঋণ পরিশোধ করতে চাই।’
তিনি আরও বলেন, ‘বেগম খালেদা জিয়ার ইচ্ছে ছিল এই রাস্তাটি বড় হবে। তিনি বলেছিলেন, আল্লাহ যদি বিএনপিকে ক্ষমতায় আনেন, তাহলে লাখাইয়ের সব সমস্যার সমাধান করা হবে। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় চার লেনের সড়ক নির্মাণকাজ বাস্তবায়িত হচ্ছে। পর্যায়ক্রমে এলাকার প্রতিটি উন্নয়নমূলক কাজ করা হবে।’
আগের আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে হুইপ বলেন, ‘আগের আমলের এমপিরা বাথরুম তৈরি করলেও নাম ফলক লাগাতেন। আমরা ফলকে বিশ্বাসী নই, মানুষের হৃদয়ে ফলক স্থাপন করতে চাই। বিএনপিতে কোনো চাঁদাবাজ ও প্রতারকের স্থান নেই। গত ১৭ বছর আওয়ামী লীগ লুটপাট করেছে এবং মানুষের স্বাধীনতা হরণ করেছে।’
এর আগে গত ২২ নভেম্বর হবিগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আয়োজিত এক সভায় প্রকল্পের বিস্তারিত তুলে ধরা হয়। প্রকল্পের আওতায় সড়ক নির্মাণে ৩৯৬ কোটি টাকা, ভূমি অধিগ্রহণে ২১৯ কোটি ১৪ লাখ টাকা এবং বিদ্যুৎ, গ্যাস ও পানির লাইন স্থানান্তরে ২ কোটি ৮৭ লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে।
সড়কটি চার লেনে উন্নীত হলে লাখাই ও হবিগঞ্জসহ সিলেট বিভাগের বিভিন্ন এলাকার মানুষের যাতায়াত আরও সহজ হবে। পাশাপাশি ব্যবসা-বাণিজ্য ও অর্থনৈতিক কর্মকাণ্ডে নতুন গতি সঞ্চার হবে বলে আশা করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।


