নাজিম উদ্দিন, লাখাই :
হবিগঞ্জের লাখাইয়ে ২৭ পিস ইয়াবাসহ মো. মোশারফ হোসেন নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। আটক মোশারফ হোসেন লাখাই উপজেলার সিংহগ্রাম এলাকার মৃত সুন্দর আলীর ছেলে। তিনি সিংহগ্রাম ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি হিসেবে পরিচিত।
শনিবার (২১ নভেম্বর) বিকেল ৫টার দিকে উপজেলার বুল্লা বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুল্লা বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চলাকালে মোশারফ হোসেনকে ২৭ পিস ইয়াবাসহ আটক করা হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তারেক হাসান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাঁকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন।
লাখাই থানা অফিসার ইনচার্জ (ওসি) শরীফ আহমেদ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, শনিবার বিকেল ৫টার দিকে মোশারফ হোসেনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁকে তিন মাসের কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।
এদিকে লাখাই উপজেলা বিএনপির সভাপতি ড. এম, আখতার আহাদ চৌধুরী স্বপন জানান, কোনো ব্যক্তির অনৈতিক কর্মকাণ্ডের দায় দল নেবে না। বিএনপিতে মাদক কারবারির কোনো স্থান নেই। অনৈতিক কর্মকাণ্ডের কারণে মোশারফকে এক বছর আগেই মৌখিকভাবে দল থেকে বহিষ্কার করা হয়েছে। বর্তমানে তিনি দলের কোনো কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত নন।
এলাকাবাসীর অভিযোগ, গত ৫ আগস্টের পর থেকে মোশারফ হোসেন এলাকায় ইয়াবা বিক্রিসহ মাদক কারবারে আরও বেপরোয়া হয়ে ওঠেন। প্রশাসনের এ অভিযানে স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরে এসেছে বলে জানিয়েছেন তাঁরা।


