শাবিপ্রবি প্রতিনিধি:
‘রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) ক্যাম্পাসের ছয় জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।
বুধবার (১৮ নভেম্বর) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয় প্রশাসন ও সিলেট জেলা মৎস্য অফিসের যৌথ উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।
পোনা অবমুক্তকরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. খায়রুল ইসলাম, জেলা মৎস কর্মকর্তা সীমা রাণী বিশ্বাস।
অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. মো. খায়রুল ইসলাম বলেন, ‘শাবিপ্রবি ক্যাম্পাসের প্রাকৃতিক সৌন্দর্য ও পরিবেশগত ভারসাম্য রক্ষায় জলাশয়গুলোর ভূমিকা রয়েছে। ক্যাম্পাসের জীববৈচিত্র্য সমৃদ্ধ করতে আমাদের এই উদ্যোগ। আশা করি, শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট সবার সচেতনতায় এই জলাশয়গুলো আরও প্রাণবন্ত হয়ে উঠবে।’
এ সময় আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. জি এম রবিউল ইসলাম, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার কালাম আহমদ চৌধুরী, বিজয় ২৪ হলের প্রভোস্ট আ. ফ. জাকারিয়া । এ ছাড়া জেলা মৎস্য অফিসের কর্মকর্তা এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্তরের শিক্ষক-কর্মকর্তারা কর্মসূচিতে অংশ নেন।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ক্যাম্পাসের ছয়টি জলাশয়ে মোট ১০০ কেজি মাছের পোনা ছাড়া হয়েছে। এর মধ্যে আইআইসিটি লেকে ৪০ কেজি, মসজিদের পুকুর-১ ও ২-এ ১৬ কেজি করে মোট ৩২ কেজি, রুদ্র সেন লেকে ১৫ কেজি, বিজয়-২৪ হল পুকুরে ১০ কেজি এবং কোয়ার্টার মসজিদ পুকুরে ৩ কেজি পোনা অবমুক্ত করা হয়।।


