পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুর, পুনরায় গ্রেপ্তার অভিযান
জৈন্তাপুর প্রতিনিধি:
সিলেটের জৈন্তাপুরে গ্রেফতারের পর পুলিশের হেফাজত থেকে হ্যান্ডকাপসহ উপজেলা আওয়ামী লীগের সহ-দপ্তর সম্পাদক জাকারিয়া মাহমুদকে ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। এ সময় পুলিশের ওপর হামলা ও পুলিশের গাড়ি ভাঙচুর করা হয়। ছিনিয়ে নেওয়া আসামিকে পুনরায় গ্রেফতারে অভিযান চালাচ্ছে পুলিশ।
সোমবার (৯ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার ৫ নম্বর ফতেপুর ইউনিয়নের হরিপুর করিচেরপুল এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা যায়, জৈন্তাপুর মডেল থানা পুলিশের একটি দল হরিপুর এলাকা থেকে জাকারিয়া মাহমুদকে গ্রেফতার করে থানায় নিয়ে যাচ্ছিল। পথে তামাবিল মহাসড়কের কাছাকাছি করিচেরপুল এলাকায় পৌঁছালে একটি ডিআই পিকআপ দিয়ে পুলিশের গাড়ির গতিরোধ করা হয়। এ সময় পিকআপে থাকা কয়েকজন ব্যক্তি পুলিশ সদস্যদের অবরুদ্ধ করে হামলা চালান। একপর্যায়ে তারা পুলিশের হেফাজত থেকে হ্যান্ডকাপসহ জাকারিয়া মাহমুদকে জোরপূর্বক ছিনিয়ে নিয়ে যান।
ছিনিয়ে নেওয়া জাকারিয়া মাহমুদ উপজেলার হরিপুর এলাকার হেমু হাউদপাড়া গ্রামের মৃত মাহমুদ আলীর ছেলে। তিনি জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের সহ-দপ্তর সম্পাদক।
ঘটনার সত্যতা নিশ্চিত করে জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা জানান, গ্রেফতারের পর জাকারিয়া মাহমুদকে থানায় নিয়ে আসার পথে প্রায় দেড় থেকে দুই কিলোমিটার অতিক্রম করার পর একটি নির্দিষ্ট স্থানে ডিআই পিকআপ দিয়ে পুলিশের গাড়ির গতিরোধ করা হয়। পিকআপে থাকা কয়েকজন ব্যক্তি পুলিশকে অবরুদ্ধ করে জোরপূর্বক আসামিকে ছিনিয়ে নিয়ে যান।
ওসি আরও জানান, এ ঘটনায় পুলিশের গাড়ি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে কোনো পুলিশ সদস্য আহত হননি। ছিনিয়ে নেওয়া আসামিকে পুনরায় গ্রেফতারের জন্য পুলিশের অভিযান ও চেষ্টা অব্যাহত রয়েছে।


