নাজিম উদ্দিন, লাখাই :
হবিগঞ্জের লাখাই উপজেলায় ২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় একটি কলেজ থেকে অংশ নেওয়া কোনো শিক্ষার্থীই পাস করতে পারেনি।
উপজেলার মোড়াকরি হাইস্কুল এন্ড কলেজ থেকে এবার মাত্র দুজন পরীক্ষায় অংশ নিলেও দুজনই অকৃতকার্য হয়েছে। ফলে প্রতিষ্ঠানটির পাসের হার শূন্য শতাংশ।
শনিবার (৩১ অক্টোবর) প্রকাশিত এইচএসসি পরীক্ষার ফলাফল বিশ্লেষণ করে এ তথ্য জানা গেছে।
লাখাই উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, লাখাই মুক্তিযোদ্ধা সরকারি কলেজ থেকে এবার ৩৮২ জন পরীক্ষায় অংশ নিয়ে উত্তীর্ণ হয়েছে ১৪৬ জন। মনতৈল মডেল কলেজ থেকে ২২ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে মাত্র তিনজন। ভবানীপুর হাইস্কুল এন্ড কলেজ থেকে ১১ জন পরীক্ষায় অংশ নিয়ে উত্তীর্ণ হয়েছে দুজন।
অন্যদিকে, মোড়াকরি হাইস্কুল এন্ড কলেজ থেকে অংশ নেওয়া দুজন পরীক্ষার্থীর কেউই উত্তীর্ণ হতে পারেনি।
এ ছাড়া বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে উপজেলার জিরুন্ডা মানপুর তোফালিয়া ফাজিল মাদ্রাসা থেকে ৩৮ জন পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছে ৩৪ জন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, গত বছরও মোড়াকরি হাইস্কুল এন্ড কলেজের এইচএসসি পরীক্ষার ফলাফল হতাশাজনক ছিল। ওই বছর প্রতিষ্ঠানটি থেকে ২০ জন পরীক্ষার্থী অংশ নিয়ে পাস করেছিল মাত্র একজন।
এ বিষয়ে মোড়াকরি হাইস্কুল এন্ড কলেজের অধ্যক্ষ নুরুল ইসলাম বলেন, কলেজ শাখায় ভর্তি হলেও ওই দুই ছাত্রী নিয়মিত ক্লাস করেনি। তাঁদের একজনের বিয়ে হয়ে গেছে, অন্যজনও কলেজে আসত না। কলেজ শাখার ক্লাস হাইস্কুলের শিক্ষকদের দিয়ে পরিচালনা করা হতো বলেও জানান তিনি।


