শাবিপ্রবি প্রতিনিধি:
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ‘শিক্ষাভবন-ডি’-এর লিফট বিকল হয়ে দুই শিক্ষার্থী আটকে পড়ার ঘটনা ঘটেছে। প্রায় এক ঘণ্টা আটকে থাকার পর তীব্র শ্বাসকষ্টে অসুস্থ হয়ে পড়া দুই শিক্ষার্থীকে লিফটের দরজা ভেঙে উদ্ধার করা হয়। পরে তাদের বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে তাদের উদ্ধার করা হয়। আটকে পড়া দুই শিক্ষার্থী হলেন- লোকপ্রশাসন বিভাগের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের নাইম মিয়া ও হিমেল তালুকদার।
প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, বিকেল সাড়ে ৪টার দিকে ‘শিক্ষাভবন-ডি’র চতুর্থ তলা থেকে লিফটে ওঠেন ওই দুই শিক্ষার্থী। লিফট চালু হওয়ার কিছুক্ষণ পরই সেটি হঠাৎ বন্ধ হয়ে যায়। আশপাশে থাকা সহপাঠীরা লিফটের দরজা খোলার চেষ্টা করেও ব্যর্থ হন। পরে বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল বিভাগকে খবর দেওয়া হলে প্রায় এক ঘণ্টা পর লিফটের দরজা ভেঙে তাদের উদ্ধার করা হয়। এ সময় নাইম মিয়ার তীব্র শ্বাসকষ্ট দেখা দেয়।
শিক্ষার্থীদের অভিযোগ, চারতলা বিশিষ্ট এই ভবনের লিফটে দীর্ঘদিন ধরে সমস্যা রয়েছে। গত ১৫ দিনে একাধিকবার লিফট বিকল হওয়ার ঘটনা ঘটেছে। বিষয়টি নিয়ে প্রকৌশল বিভাগে একাধিকবার অভিযোগ জানানো হলেও কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।
আটকে পড়া শিক্ষার্থী হিমেল তালুকদার বলেন, “লিফট থেমে যাওয়ার পর আমরা ভেবেছিলাম এটি আবার চালু হয়ে যাবে, কারণ আগেও এমন হয়েছে। কিন্তু বারবার বাটন চাপার পরও লিফট সরেনি। ভেতরে তীব্র গরমে আমাদের দম বন্ধ হয়ে আসছিল।”
লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক ড. আশরাফ সিদ্দিকী বলেন, “লিফটটি দীর্ঘদিন ধরে সমস্যা করছে। আমি নিজেও একবার আটকে পড়েছিলাম। মেডিকেল সেন্টারে তাদের অক্সিজেন দেওয়া হয়েছে।”
পর্যবেক্ষণের পর ঝুঁকিমুক্ত হলে তাদের বাড়ি যেতে দেওয়া হবে বলে মেডিকেল কর্তৃপক্ষ জানিয়েছে।
লিফটের ত্রুটির বিষয়ে শিক্ষার্থীদের অভিযোগ সম্পর্কে জানতে বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রকৌশলী জয়নাল ইসলাম চৌধুরীর সঙ্গে একাধিকবার ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি


