শাবিপ্রবি প্রতিনিধি:
“বিশ্বকাপের ডাকে, শাবিপ্রবি একসাথে” এই স্লোগানকে সামনে রেখে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত হতে যাচ্ছে বিশ্বকাপ র্যালি। স্পোর্টস সাস্টের উদ্যোগে আগামীকাল (১৪ জুন) দুপুর ১টায় এই কর্মসূচির আয়োজন করা হয়েছে।
শনিবার(১৩ জুন) সন্ধ্যায় সংগঠন থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
র্যালিটি ক্যাম্পাসের কিলোরোডসহ গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করবে। এর মূল আকর্ষণ হিসেবে থাকবে ১৩টি সুসজ্জিত রিকশার বহর, যার মধ্যে ১২টি রিকশা ভিন্ন ১২টি গ্রুপকে এবং ১টি রিকশা স্পোর্টস সাস্ট, বাংলাদেশ ও শাবিপ্রবিকে রিপ্রেজেন্ট করবে। র্যালিতে একটি প্রতিকৃতি বিশ্বকাপ ট্রফি প্রদর্শনীর পাশাপাশি থাকবে স্মোগ, বাঁশি, স্পিকার এবং গালে পছন্দের দেশের ফ্ল্যাগ আঁকার সুযোগ। এছাড়া র্যালি চলাকালীন ঝটপট কুইজ প্রতিযোগিতার মাধ্যমে তাৎক্ষণিক পুরস্কার দেওয়া হবে।
পাশাপাশি ফুটবলপ্রেমীদের জন্য থাকছে ‘স্পোর্টস সাস্ট প্রেডিকশন চ্যালেঞ্জ ২০২৬’ নামের একটি লাইভ ম্যাচ প্রেডিকশন প্ল্যাটফর্ম।এতে সম্পূর্ণ ফ্রিতে জিমেইল দিয়ে সাইন ইন করে শিক্ষার্থীরা প্রতিটি ম্যাচের সম্ভাব্য ফলাফল অনুমান করতে পারবেন। টুর্নামেন্ট শেষে সর্বোচ্চ সঠিক অনুমানকারী ফুটবল ভক্তদের জন্য থাকবে আকর্ষণীয় মেগা পুরস্কার।
স্পোর্টস সাস্টের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের সকল ফুটবলপ্রেমী শিক্ষার্থীকে রবিবারের র্যালিতে উপস্থিত থাকার আহ্বান জানানো হয়েছে।


