শাবিপ্রবি প্রতিনিধি:
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) শিক্ষার্থীদের সাথে ‘ওয়েভ ফাউন্ডেশন’ ও জার্মানভিত্তিক উন্নয়ন সংস্থা ‘ডিডব্লিউ একাডেমি’র এক বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১০ জুন) বিশ্ববিদ্যালয়ের রিসার্চ সেন্টারের কনফারেন্স হলে এই সভার আয়োজন করা হয়।
সভায় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের পলিটিক্যাল স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম, অধ্যাপক ড. জায়েদা শারমিন, নৃ-বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. সঞ্জয় কৃষ্ণ বিশ্বাস, ওয়েভ ফাউন্ডেশনের প্রজেক্ট ম্যানেজার জুলিয়েট রোজেটি, রিসার্চ অ্যান্ড ডকুমেন্টেশন স্পেশালিস্ট সাজ্জাদুল করিম এবং কমিউনিকেশন অ্যান্ড স্টেকহোল্ডার এনগেজমেন্ট অফিসার মো. সাইফুর রহমান।
মতবিনিময় সভায় “লাউড অ্যান্ড ক্লিয়ার: এমপাওয়ারিং ইয়ুথ ভয়েসেস ২.০” প্রকল্পের পরিচিতি এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সম্পৃক্তকরণের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
এ সময় পলিটিক্যাল স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম তথ্য যাচাইয়ের গুরুত্ব তুলে ধরে বলেন, তরুণদের মধ্যে ফ্যাক্ট-চেকিং দক্ষতা বৃদ্ধি করতে পারলে ডিজিটাল প্ল্যাটফর্মে গুজব প্রতিরোধে বড় পরিবর্তন আনা সম্ভব।
ওয়েভ ফাউন্ডেশনের প্রজেক্ট ম্যানেজার জুলিয়েট রোজেটি বলেন, “এই প্রকল্প তরুণদের কণ্ঠস্বরকে শক্তিশালী করতে কাজ করছে। আমাদের অন্যতম প্রধান লক্ষ্য হলো গবেষণা ও তথ্যভিত্তিক আলোচনার মাধ্যমে তরুণ প্রজন্মের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা। আপনাদের স্বতঃস্ফূর্ত সহযোগিতায় আগামী দিনের পথচলা আরও ফলপ্রসূ হবে।”
প্রকল্প সংশ্লিষ্টরা জানিয়েছেন, এই কার্যক্রমটি ওয়েভ ফাউন্ডেশন এবং ডিডব্লিউ একাডেমির যৌথ উদ্যোগে পরিচালিত হচ্ছে। ইউরোপিয়ান ইউনিয়ন এবং জার্মান সরকারের যৌথ অর্থায়নে বাস্তবায়িত এই প্রকল্পের মূল লক্ষ্য মিডিয়া ও তথ্য সাক্ষরতা, ডিজিটাল নিরাপত্তা ও গঠনমূলক সংলাপ সম্পর্কে তরুণদের দক্ষতা বৃদ্ধি এবং নীতিনির্ধারণী আলোচনায় তাদেরকে সম্পৃক্ত করা।
‘লাউড অ্যান্ড ক্লিয়ার’ প্রকল্পের মাধ্যমে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, স্থানীয় সিভিল সোসাইটি অর্গানাইজেশন (সিএসও) এবং আঞ্চলিক গণমাধ্যমের মধ্যে সমন্বয় বৃদ্ধি করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় পরবর্তীতে একটি বিশেষ বুট ক্যাম্প অনুষ্ঠিত হবে, যেখানে নির্বাচিত অংশগ্রহণকারীরা নিবিড় প্রশিক্ষণের সুযোগ পাবেন।


