নিরাপত্তা শঙ্কায় ভারতে খেলতে যেতে অস্বীকৃতি জানিয়ে বিকল্প ভেন্যুতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার যে অনুরোধ বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) করেছিল, তা খারিজ করে দিয়েছে আইসিসি। তারা নিশ্চিত করেছে, বাংলাদেশের ম্যাচগুলো ভারতের মাটিতেই অনুষ্ঠিত হবে এবং বিশ্বকাপের পূর্বনির্ধারিত সূচিতে কোনো পরিবর্তন আসবে না।
বুধবার ভার্চুয়াল বোর্ড সভা শেষে আনুষ্ঠানিক সংবাদ বিজ্ঞপ্তি দিয়েছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। সেখানে বলা হয়েছে, আসন্ন বিশ্বকাপে অংশ নিতে হলে বাংলাদেশ দলকে ভারত সফর করতেই হবে, ‘আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) আজ নিশ্চিত করেছে যে, ২০২৬ পুরুষ টি-টোয়েন্টি বিশ্বকাপ পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে এবং বাংলাদেশের ম্যাচগুলো ভারতে খেলা হবে।’
বিজ্ঞপ্তিতে যোগ করা হয়েছে, ‘বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) তাদের ম্যাচগুলো শ্রীলঙ্কায় স্থানান্তরের অনুরোধ করার পর করণীয় নির্ধারণে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আইসিসি বোর্ডের একটি সভা অনুষ্ঠিত হয়। সেই সভায় এই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’
আইসিসি জানিয়েছে, ভারতে বাংলাদেশের খেলোয়াড় ও সংশ্লিষ্ট সবার নিরাপত্তা নিয়ে উদ্বেগের কোনো কারণ নেই, ‘সব ধরনের নিরাপত্তা পর্যালোচনা ও স্বতন্ত্র সংস্থার রিপোর্ট বিবেচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই রিপোর্টগুলোতে স্পষ্টভাবে জানানো হয়েছে যে, টুর্নামেন্টে ভারতের কোনো ভেন্যুতেই বাংলাদেশের খেলোয়াড়, সংবাদকর্মী, কর্মকর্তা বা সমর্থকদের জন্য কোনো নিরাপত্তা ঝুঁকি নেই।’


