আধুনিক ডেস্ক:
মেডিকেল টেকনোলজিস্টদের ন্যায্য গ্রেড, পদোন্নতি ও কর্মপরিবেশ উন্নয়নের দাবিতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে স্মারকলিপি জমা দিয়েছেন দেশের বিভিন্ন সরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানে কর্মরত মেডিকেল টেকনোলজিস্ট (এমটি) ও টেকনিক্যাল ক্যাডারের পেশাজীবীরা।
বুধবার (২৬ নভেম্বর ) সারাদেশের মেডিকেল টেকনোলজিস্ট ও সংশ্লিষ্ট পেশার প্রতিনিধিরা জেলা প্রশাসকের মাধ্যমে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় বরাবর এই স্মারকলিপি প্রদান করেন।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়—স্বাস্থ্যসেবার বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিটে টেকনোলজিস্টরা দীর্ঘদিন ধরে গুরুত্ব ও বিপুল দায়িত্ব নিয়ে কাজ করলেও তাদের বেতন গ্রেড, পদোন্নতি কাঠামো এবং পদবিন্যাস সংশোধনের বিষয়গুলো উপেক্ষিত রয়েছে। ২০১৪, ২০১৫ ও ২০১৮ সালের বিভিন্ন সরকারি নির্দেশনা অনুযায়ী গ্রেড উন্নয়ন ও পদোন্নতির কাঠামো বাস্তবায়নের কথা থাকলেও সেগুলো আজও কার্যকর হয়নি। ফলে বহু মেডিকেল টেকনোলজিস্ট এখনো ১১ তম গ্রেডে চাকরি করছেন, যা দায়িত্বের তুলনায় বৈষম্যমূলক।
স্মারকলিপিতে বলা হয়—হাসপাতালের ল্যাবরেটরি, রেডিওলজি, ইমেজিং, ব্লাড ব্যাংক, অপারেশন থিয়েটার, ফিজিওথেরাপি, ডেন্টালসহ গুরুত্বপূর্ণ বিভাগে টেকনোলজিস্টদের দায়িত্ব বাড়লেও তাদের পদোন্নতি ও কাঠামোগত উন্নয়ন স্থবির হয়ে আছে। এতে পেশাজীবীদের মধ্যে গভীর হতাশা তৈরি হয়েছে এবং দেশের স্বাস্থ্যসেবার অগ্রগতি বাধাগ্রস্ত হচ্ছে।
টেকনোলজিস্ট নেতারা জানান, ন্যায্য প্রাপ্যতা নিশ্চিত না হলে সারাদেশের হাসপাতাল ও পরীক্ষাগারগুলোতে স্বাস্থ্যসেবা কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। তারা বলেন, “আমরা ঝুঁকিপূর্ণ পরিবেশে সর্বোচ্চ দায়িত্ব নিয়ে কাজ করি। কিন্তু আমাদের পেশাগত উন্নয়ন উপেক্ষিত হওয়ায় অনেকেই হতাশায় ভুগছেন। এখন আমাদের ন্যায্য চাহিদা পূরণ জরুরি হয়ে পড়েছে।”
নেতারা আরও বলেন, স্বাস্থ্যসেবার কারিগরি অংশকে শক্তিশালী করতে হলে মেডিকেল টেকনোলজিস্টদের সঠিক মূল্যায়ন, গ্রেড উন্নয়ন, পদবিন্যাস সংস্কার এবং জনবল সংকট সমাধান করতেই হবে। তারা আশা প্রকাশ করেন—স্মারকলিপি পাওয়ার পর স্বাস্থ্য মন্ত্রণালয় দ্রুত কার্যকর সিদ্ধান্ত নেবে।


