- শায়েস্তাগঞ্জ প্রতিনিধি ::
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কে সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে ঘটনাস্থলেই দুইজন নিহত হন। মঙ্গলবার (৪ নভেম্বর) দুপুরে উপজেলার কদমতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিক নিহতদের পরিচয় জানা যায়নি। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১০ জন ।
স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা থেকে সিলেটগামী একটি যাত্রীবাহী এনা বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা রয়েল কোচ পরিবহন নামে অপর আরেকটি বাসের মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই দু’জন মারা যান। খবর পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরো একজনের মৃত্যু হয়।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু তাহের দেওয়ান আধুনিক কাগজকে বলেন, দুর্ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম চালায়। নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় মহাসড়কে কিছুক্ষণ যান চলাচল বন্ধ থাকলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।
হবিগঞ্জ সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডাঃ মোমেন উদ্দিন চৌধুরী জানান, আহদের হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। তাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক রয়েছে।


