শান্তিগঞ্জ প্রতিনিধি:
প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে শান্তিগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচিত ‘শান্তিগঞ্জ মডেল’ মেধা যাচাই পরীক্ষা উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। শনিবার সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত শান্তিগঞ্জ উপজেলার ১১টি কেন্দ্রে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় ২ হাজার ৫৭ জন শিক্ষার্থীর মধ্যে উপস্থিত ছিল ২ হাজার ১০ জন। উপস্থিতির হার ৯৭ দশমিক ৭২ শতাংশ।
উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয় সূত্রে জানা গেছে, বীরগাঁও ইমদাদুল হক উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ২৪৬ জন পরীক্ষার্থীর মধ্যে ২৩৯ জন, আবদুল মজিদ কলেজ কেন্দ্রে ২২৬ জনের মধ্যে ২২৪ জন, নোয়াখালী সপ্তগ্রাম উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ১৬৭ জনের মধ্যে ১৬৭ জন, জেবিবি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৬৬ জনের মধ্যে ৬৩ জন, পাগলা সরকারি মডেল হাইস্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ২১২ জনের মধ্যে ২০৪ জন, আমরিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসা কেন্দ্রে ১৪২ জনের মধ্যে ১৩৯ জন, পূর্ব পাগলা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ২৩২ জনের মধ্যে ২২৫ জন, গণিনগর ষোলোগ্রাম উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ১৭৩ জনের মধ্যে ১৬৮ জন, আবদুর রশিদ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ১৫৩ জনের মধ্যে ১৪৯ জন, সুরমা উচ্চ বিদ্যালয় ও কলেজ কেন্দ্রে ২২০ জনের মধ্যে ২১৪ জন এবং সাতগাঁও জীবদারা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ২২০ জনের মধ্যে ২১৮ জন পরীক্ষার্থী উপস্থিত ছিল।
সূত্র জানায়, পরীক্ষার ফলাফলের ভিত্তিতে সর্বোচ্চ নম্বরপ্রাপ্ত শিক্ষার্থীদের সেরা শিক্ষার্থী হিসেবে নির্বাচিত করা হবে। পাশাপাশি শিক্ষার্থীদের ফলাফলের ভিত্তিতে সেরা বিদ্যালয় ও বিষয়ভিত্তিক সেরা শিক্ষক নির্বাচন করবে উপজেলা শিক্ষা বিভাগ ও প্রশাসন। পরীক্ষার্থীদের উপস্থিতির হারও বিদ্যালয়ের সামগ্রিক মূল্যায়নে বিবেচনায় নেওয়া হবে। এ ছাড়া একটি ইউনিয়নের বিদ্যালয়গুলোর সামগ্রিক ফলাফলের ভিত্তিতে সেরা ইউনিয়ন নির্বাচিত করা হবে। সেরা ইউনিয়নের চেয়ারম্যানকেও পুরস্কৃত করা হবে।
পরীক্ষা নিয়ে উচ্ছ্বাস ও আশাবাদ প্রকাশ করেছেন অভিভাবকেরা। অভিভাবক জলাল উদ্দিন, চান্দ মিয়া ও আয়শা আক্তার বলেন, বার্ষিক পরীক্ষার আগে এ ধরনের মেধা যাচাই পরীক্ষা শিক্ষার্থীদের প্রস্তুতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তাঁরা মনে করেন। সিলেবাস অনুযায়ী ছেলে-মেয়েরা প্রস্তুতি নিয়েছে। এ পরীক্ষার কারণে বিদ্যালয়ে শিক্ষার্থীদের উপস্থিতি বেড়েছে, পড়াশোনায় গতি এসেছে এবং শিক্ষকেরাও আগের চেয়ে বেশি তৎপর হয়েছেন।
সকাল ১১টা থেকে বিকাল ২টা পর্যন্ত উপজেলার বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিল্লোল চাকমা। পাগলা সরকারি মডেল হাইস্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র পরিদর্শন শেষে তিনি বলেন, এ পরীক্ষা শিক্ষার্থীদের মধ্যে ইতিবাচক প্রতিযোগিতা তৈরি করছে।
শিক্ষার্থীরা ব্যাপক উৎসাহ নিয়ে প্রস্তুতি নিয়েছে এবং পরীক্ষায় অংশগ্রহণ করেছে। উপস্থিতির হারও সন্তোষজনক। আগামীতে এ পরীক্ষা চালু থাকবে। এ পরীক্ষার মাধ্যমে শুধু শিক্ষার্থীদের নয়, শিক্ষক, বিদ্যালয় ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদেরও মূল্যায়ন করা হবে।


