এমসি কলেজ প্রতিনিধি:
সিলেটের মুরারিচাঁদ (এমসি) কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী আব্দুল কাইয়ুম মিনার আর নেই। বুধবার (২৩ সেপ্টেম্বর) সিলেটের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। তাঁর মৃত্যুতে সহপাঠী, শিক্ষক ও পরিচিতজনদের মধ্যে শোকের আবহ তৈরি হয়েছে।
আব্দুল কাইয়ুম মিনার এমসি কলেজের অনার্স ২০১৯-২০ শিক্ষাবর্ষ এবং মাস্টার্স ২০২৩-২৪ শিক্ষাবর্ষের নিয়মিত শিক্ষার্থী ছিলেন। তাঁর বাড়ি সিলেটের ওসমানীনগর উপজেলার কড়ুয়া নতুন বাজার এলাকার পশ্চিম খাইয়াখাই গ্রামে।
মরহুমের জানাজার নামাজ বুধবার বাদ মাগরিব সন্ধ্যা সাড়ে ৬টায় তাঁর নিজ গ্রামে অনুষ্ঠিত হয়।
তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ইসলামের ইতিহাস ছাত্রকল্যাণ পরিষদের সভাপতি আবু নাসের। তিনি জানান, হঠাৎ অসুস্থ হয়ে পড়লে আব্দুল কাইয়ুম মিনারকে হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
আবু নাসের আরও বলেন, কিছুদিন আগেও তাঁরা একসঙ্গে সাদাপাথর ভ্রমণে গিয়েছিলেন। অল্প বয়সে মিনারের এমন চলে যাওয়া মেনে নেওয়া কঠিন। তিনি মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
তরুণ এই শিক্ষার্থীর মৃত্যুতে এমসি কলেজের শিক্ষার্থী ও তাঁর নিজ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। সহপাঠী ও শুভাকাঙ্ক্ষীরা তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
আল্লাহ তাআলা মরহুমকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন। আমিন।


