শাবিপ্রবি প্রতিনিধি:
বিশ্ববিদ্যালয় মুক্তবুদ্ধি ও গঠনমূলক চিন্তার বিকাশের ক্ষেত্র হওয়ার কথা থাকলেও এদেশের শিক্ষাব্যবস্থা প্রতিনিয়ত ধর্ষকামী তরুণ তৈরি করছে বলে অভিযোগ করেছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) শাখা ছাত্র ইউনিয়ন।
সোমবার (৩ আগস্ট) মধ্যরাতে শাখা ছাত্রশক্তির যুগ্ম আহ্বায়ক সাজিদ আহমেদ মোল্লার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, “গত ৩০ জুলাই জাতীয় ছাত্রশক্তির শাবিপ্রবি শাখার যুগ্ম আহ্বায়ক সাজিদ আহমেদ মোল্লার কথোপকথনের কিছু স্ক্রিনশট সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ফাঁস হওয়া ওই বার্তাগুলোতে স্পষ্টত তাকে শিশুকামী মানসিকতাসহ ধর্ষকামী আচরণ প্রকাশ করতে দেখা যায়। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনা ও ক্ষোভের সৃষ্টি হলে একটি জাতীয় দৈনিকে দেওয়া সাক্ষাৎকারে সাজিদ ঘটনাটিকে ‘স্বাভাবিক ও মজার ছলে বলা’ বলে স্বীকার করেন।”
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, “সাজিদ মোল্লার প্রকাশ পাওয়া এই রূপ বাংলাদেশের নারী নিপীড়কদের অভিন্ন রূপ—যা নোংরা ইঙ্গিত, অশ্লীল ভাষা ও ধর্ষণের মতো অপরাধের সূতিকাগার। বিশ্ববিদ্যালয় মুক্তবুদ্ধি ও গঠনমূলক চিন্তার বিকাশের ক্ষেত্র হওয়ার কথা থাকলেও এদেশের বর্তমান শিক্ষাব্যবস্থা প্রতিনিয়ত সাজিদ মোল্লার মতো ধর্ষকামী তরুণ তৈরি করছে।”
অভিযোগ তুলে বিজ্ঞপ্তিতে বলা হয়, সাজিদ মোল্লার বিরুদ্ধে গুরুতর অভিযোগ ওঠার পরও তার নিজ সংগঠন ‘জাতীয় ছাত্রশক্তি’ পর্যাপ্ত শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করেনি।
সাজিদ মোল্লাকে অবিলম্বে বিশ্ববিদ্যালয় থেকে স্থায়ী বহিষ্কারের জোরালো দাবি জানায় ছাত্র ইউনিয়ন।


