শাবিপ্রবি প্রতিনিধি:
মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা ও আধুনিক বাংলাদেশের রূপকার, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুরআন খতম ও দু’আ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১০ জুন) এশা’র নামাজ শেষে কেন্দ্রীয় মসজিদে কুরআন খতম ও দু’আ মাহফিল অনুষ্ঠানের আয়োজন করা হয় ।
এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. খায়রুল ইসলাম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সাজেদুল করিম, শাহাদাৎ বার্ষিকী উদযাপন কমিটির সভাপতি অধ্যাপক ড. মো. মাহবুবুর রশিদ অতিরিক্ত রেজিস্ট্রার ও উদযাপন কমিটির সদস্য সচিব কালাম আহমদ চৌধুরীসহ একাডেমিক ও প্রশাসনিক দায়িত্বপ্রাপ্ত শিক্ষক-কর্মকর্তাবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মো. খায়রুল ইসলাম বলেন, “শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন এদেশের ক্রান্তিকালের ত্রাণকর্তা। আজকের এই দিনে আমরা তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি।”
উপাচার্য তাঁর বক্তব্যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তাঁদের কনিষ্ঠ পুত্র মরহুম আরাফাত রহমান কোকোর রুহের মাগফিরাত কামনা করে মহান আল্লাহর দরবারে দোয়া করেন।
এছাড়া তিনি বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।


