ধর্মপাশা -মধ্যনগর প্রতিনিধি:
সুনামগঞ্জের মধ্যনগর বাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বিপুল পরিমাণ নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ এবং তিনজনকে অর্থদণ্ড প্রদান করা হয়েছে। এর মধ্যে একজনকে এক মাসের কারাদন্ড প্রদান করা হয়।
শনিবার (৬ জুন) বিকেলে মধ্যনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সঞ্জয় ঘোষ-এর নেতৃত্বে মধ্যনগর বাজার এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
অভিযান চলাকালে হেলমেট ও বৈধ ড্রাইভিং লাইসেন্স ছাড়া মোটরসাইকেল চালানোর দায়ে সড়ক পরিবহন আইনে শাকিল মিয়া নামে এক মোটরসাইকেল চালককে ৫০০ টাকা জরিমানা করা হয়। এ ছাড়া প্রয়োজনীয় কাগজপত্র ও বিধিবিধান প্রতিপালনে অনিয়মের অভিযোগে ‘সাকিব ডেন্টাল কেয়ার’-এর মালিক মো. মোখশেদ আলমকে ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। একই অভিযানে ভুয়া দন্ত চিকিৎসক মো. সফিকুল ইসলাম নামে এক ব্যক্তিকে ২ হাজার টাকা অর্থদণ্ড এবং এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
এ সময় সংশ্লিষ্ট ব্যবসায়ী ও স্থানীয়দের পরিবেশ সংরক্ষণ আইন অনুযায়ী পরিবেশের ওপর কারেন্ট জালের ক্ষতিকর প্রভাব সম্পর্কে অবহিত করা হয় এবং ভবিষ্যতে এ ধরনের নিষিদ্ধ জাল ব্যবহার ও বিক্রি থেকে বিরত থাকার জন্য সতর্ক করা হয়।
পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে জব্দকৃত জালগুলো আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।
অভিযান শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সঞ্জয় ঘোষ বলেন, মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন বাস্তবায়নের পাশাপাশি পরিবেশ সংরক্ষণ, সড়ক শৃঙ্খলা নিশ্চিতকরণ এবং বিভিন্ন প্রতিষ্ঠানের আইনগত কার্যক্রম তদারকিতে উপজেলা প্রশাসনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে। জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।


