শাবিপ্রবি প্রতিনিধি:
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. মো. খায়রুল ইসলামের সাথে ফুলেল শুভেচ্ছা বিনিময় ও এক মতবিনিময় সভা করেছে বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন ‘সাস্টিয়ান ক্লাব’।
সোমবার (২৫ মে) বিকেলে উপাচার্যের কনফারেন্স রুমে এই সৌজন্য সাক্ষাৎ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা এবং শিক্ষার্থীদের সার্বিক উন্নয়ন নিয়ে ফলপ্রসূ আলোচনা করা হয়।
মতবিনিময় সভায় সাস্টিয়ান ক্লাবের নেতৃবৃন্দ নবনিযুক্ত উপাচার্যকে আন্তরিক অভিনন্দন জানান এবং তাঁর যোগ্য নেতৃত্বে শাবিপ্রবি আরও এগিয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন। বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নে সাস্টিয়ান ক্লাব ও প্রাক্তন শিক্ষার্থীদের (অ্যালামনাই) পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন তারা।
নেতৃবৃন্দ জোর দিয়ে বলেন, নিজ বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েটরা যেন যোগ্যতা ও মেধার ভিত্তিতে মূল্যায়িত হয় এবং বিভিন্ন ক্ষেত্রে কাজের সুযোগ পান। এছাড়া বিশ্ববিদ্যালয়ের যেকোনো ইতিবাচক কর্মকাণ্ডে উৎসাহ প্রদান এবং গঠনমূলক সমালোচনার মাধ্যমে প্রশাসনের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন তারা।
সকলের সহযোগিতা কামনা করে উপাচার্য অধ্যাপক ড. মো. খায়রুল ইসলাম তাঁর বক্তব্যে বলেন, “সরকার আমাকে এখানে পাঠিয়েছেন। মাননীয় প্রধানমন্ত্রী ভালো কাজ করছেন, আমিও তাঁর নির্দেশনা অনুসরণ করে কাজ করতে চাই। আমার মূল লক্ষ্য শিক্ষার্থীদের জন্য কাজ করা। শিক্ষার গুণগত মান উন্নয়ন, শিক্ষার্থীদের জন্য উন্নত খাবার ও সুন্দর পরিবেশ নিশ্চিত করতে আমি বদ্ধপরিকর।”
শিক্ষকদের প্রতি আহ্বান জানিয়ে উপাচার্য আরও বলেন, “শিক্ষকদের প্রতি অনুরোধ থাকবে যেন তারা নিয়মিত ক্লাস নেন এবং পরীক্ষা শেষে দ্রুত ফলাফল প্রকাশ নিশ্চিত করেন। সাস্টিয়ান ক্লাব, অ্যালামনাইসহ সবার সম্মিলিত সহযোগিতায় আমরা এই বিশ্ববিদ্যালয়কে আরও অনেক দূর এগিয়ে নিয়ে যাব।”
মতবিনিময় সভায় সাস্টিয়ান ক্লাবের পক্ষে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি মখদ্দুছ আলী, সাধারণ সম্পাদক মখলিছুর রহমান পারভেজসহ ক্লাবের অন্যান্য কার্যনির্বাহী সদস্যবৃন্দ।


