শাবিপ্রবি প্রতিনিধি:
মেজর থ্যালাসেমিয়ায় আক্রান্ত দুই শিশুর চিকিৎসায় পাশে দাঁড়িয়েছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠন ‘কিন’।বিশ্ববিদ্যালয়ের বাস চালক মনসুর আলীর দুই সন্তান আবদুল্লাহ ও হাবিবুল্লাহর চিকিৎসার জন্য সংগঠনের পক্ষ থেকে ১ লক্ষ ১৫ হাজার টাকার চেক হস্তান্তর করা হয়েছে।
বৃহস্পতিবার (১৪ মে) বিকাল ৫টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনের সামনে আনুষ্ঠানিকভাবে এই চেক তুলে দেন কিনের উপদেষ্টা ও পলিটিক্যাল স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. জায়েদা শারমিন চৌধুরী।
জানা যায়, গত বছরের ডিসেম্বর মাসে বিশ্ববিদ্যালয়ের অর্জুনতলায় ১০ দিনব্যাপী এক বিশাল বইমেলার আয়োজন করেছিল ‘কিন’। দেশের খ্যাতনামা বিভিন্ন প্রকাশনীর অংশগ্রহণে বইপ্রেমীদের পদচারণায় মুখর হয়ে উঠেছিল সেই মেলা। সেই উৎসব থেকে অর্জিত লভ্যাংশের পুরো অর্থই থ্যালাসেমিয়ায় আক্রান্ত এই দুই শিশুর চিকিৎসায় ব্যয় করা হচ্ছে।
কিনের তরুণ স্বেচ্ছাসেবকদের প্রশংসা করে অধ্যাপক ড. জায়েদা শারমিন চৌধুরী বলেন, “মানবিক দায়িত্ববোধ থেকে কিন যেভাবে অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করে যাচ্ছে, তা সত্যিই প্রশংসনীয়। সংগঠনের স্বেচ্ছাসেবীরা পড়াশোনার পাশাপাশি আশেপাশের সুবিধাবঞ্চিত ও এতিম বাচ্চাদের পড়াশোনা করাচ্ছে। আমি তাদের জন্য গর্বিত যে, তারা শিক্ষার্থী হয়েও এই অল্প বয়সে এত বড় দায়িত্ব নিচ্ছে।”
তিনি আরও বলেন, “বিশ্ববিদ্যালয়ে পড়তে আসার উদ্দেশ্য শুধু একটা সার্টিফিকেট নিয়ে যাওয়া নয়, বরং মানুষ হিসেবে সমাজের প্রতি আমাদের যে দায়িত্ব রয়েছে তা পালন করা। সহায়তার পরিমাণ খুব বড় না হলেও, আশা করছি এটি চিকিৎসায় সামান্যতম হলেও কাজে আসবে।”
কিনের সভাপতি আরিফুল ইসলাম আরিফ বলেন, “’কিন বই উৎসব’ শুধুমাত্র একটি বইমেলা নয়, এটি মানবতার জন্য একটি সম্মিলিত প্রয়াস। বইপ্রেমীদের অংশগ্রহণ ও সবার সহযোগিতায় আমরা প্রতিবছর অসচ্ছল মানুষের পাশে দাঁড়ানোর সুযোগ পাই। ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে বলে আমরা আশাবাদী।”
