শাবি প্রতিনিধি:
দীর্ঘ ২৭ বছর পর সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচন আগামী ১৭ ডিসেম্বর (বুধবার ) অনুষ্ঠিত হবে।
আজ রবিবার ( ১৬ নভেম্বর ) বিকাল সাড়ে ৪ টায় বিশ্ববিদ্যালয়ের আইআইসিটি ভবনের সম্মেলন কক্ষে আয়োজিত এক সাংবাদ সম্মেলনে শাকসু নির্বাচন ২০২৫-এর প্রধান নির্বাচন কমিশনার প্রফেসর ড.আবুল মুকিত মোহাম্মদ মোকাদ্দেছ আনুষ্ঠানিকভাবে নির্বাচনের তফসিল ঘোষণা করেন।
ঘোষিত তফসিল অনুযায়ী—
২০ নভেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে, ২২ নভেম্বর বিকেল সাড়ে ৩টা পর্যন্ত খসড়া ভোটার তালিকায় আপত্তি গ্রহণ, ২৩ নভেম্বর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ, ২৪ নভেম্বর সকাল ১০টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত মনোনয়নপত্র বিতরণ এবং ২৫ নভেম্বর সকাল ১০টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত মনোনয়নপত্র বিতরণ ও জমাদান।২৬ নভেম্বর বিকেল সাড়ে ৩টা পর্যন্ত মনোনয়নপত্র জমাদানের শেষ তারিখ, ২৭ নভেম্বর মনোনয়নপত্র যাচাই-বাছাই, ২৮ নভেম্বর প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ, ৩০ নভেম্বর বিকেল সাড়ে ৩টা পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ, ১ ডিসেম্বর বিকেল ৪টা পর্যন্ত চলবে প্রার্থিতার বিষয়ে আপিল গ্রহণ ও নিষ্পত্তি, ২ ডিসেম্বর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ এবং ১৭ ডিসেম্বর সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে ভোট গ্রহণ।
শাকসু নির্বাচন ২০২৫ সংক্রান্ত সকল তথ্য ও নির্দেশনা বিশ্ববিদ্যালয়ের নির্দিষ্ট ওয়েব পোর্টালে (https://sucsu.sust.edu.bd/) পাওয়া যাবে।
তফসিল ঘোষণার সময় উপস্থিত ছিলেন অধ্যাপক ড. মো. নজরুল ইসলামসহ সকল নির্বাচন কমিশনার ও হলের রিটার্নিং কর্মকর্তাবৃন্দ।


